Home Blog Page 2713

দেশে করোনায় আরো ৩৫ মৃত্যু, শনাক্ত ১৯৫০

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১৯৫০ জন। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল মোট ৪৩১৬ জন কোভিড জনে। এ পর্যন্ত দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ১৪ হাজার ৯৪৬ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২৯০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ২ লাখ ৮১৭৭ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ২০৯টি। এর মধ্যে ১৯৫০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ৯৭ শতাংশ। করোনায় গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে ২১ জন পুরুষ ও ১৪ জন নারী। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ১০ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথমবারের মতো চলতি বছরের ৮ মার্চ কভিড-১৯ রোগী শনাক্ত হন এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

তাইওয়ানে নিখোঁজের ৩ দিন পর স্কুল ছাত্রী জীবিত উদ্ধার

0

নিখোঁজের তিনদিন পর যৌন অপরাধী সহ ১৪ বছর বয়সী কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার চৌদ্দ বছর বয়সী ওই শিক্ষার্থী তাইওয়ানের কাওসিংহে নিজের বাড়ি থেকে বের হয়ে ট্রেনে করে সিনচু যায়। এরপর অপরিচিত এক ব্যক্তির গাড়িতে ওঠার পর পরিবার এবং বন্ধুদের সাথে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ঘটনার পর নিখোঁজ ওই কিশোরীর মা পুলিশকে জানান। পুলিশ লক্ষ্য করে যে তার জিপিএসের স্থান গুলো নিয়মিত পরিবর্তিত হচ্ছে। আর এজন্যই তার অবস্থান ঠিক ভাবে নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। জনপ্রিয় অনলাইন বার্তা বোর্ড পিটিটির একজন ব্যবহারকারী তথ্য তুলনা এবং বিশ্লেষণের মাধ্যমে জানতে পারেন যে মেয়েটির সাথে দেখা হওয়া ব্যক্তিটির ইমেল এবং ফোন নম্বর ৩১ বছর বয়সের একজনের সাথে মেলে ‍ যিনি মাদকদ্রব্য চোরাকারবারের দায়ে দোষী ছিলেন এবং ২০১৮ সালে মেয়েদের উপর যৌন নির্যাতনের জন্য তাকে অভিযুক্ত করা হয়।

ট্র্যাকিং এর পর সোমবার সন্ধ্যায় পুলিশ লু ওয়াং এর বন্ধুদের জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর মঙ্গলবার সকাল আটটার দিকে পুলিশ সিংচু কাউন্টির ঝুডং টাউনশিপের ঝোংসিং রোডে তাদের খুঁজে পায়। পুলিশ গাড়িটি শনাক্ত করে যাতে করে ওই কিশোরীকে শিংচুর রেল স্টেশনে প্রবেশ করানো হয়েছিল।

মঙ্গলবার সকাল সাড়ে ৮ টা নাগাদ, অবশেষে ক্লুগুলির ট্রেইল অফিসারদেরকে পূর্ব সিংচু কাউন্টির অ্যাপার্টমেন্টে নিয়ে যায়, যেখানে নিখোঁজ কিশোরী ও লু ছিল। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকেই পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে।

সি আর দত্তের প্রতি শেষ শ্রদ্ধা

0

মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত (চিত্ত রঞ্জন দত্ত) বীর-উত্তম-এর প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়েছে।

সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে নেওয়া হয় সি আর দত্তের মরদেহ। সেখানে উপস্থিত রয়েছেন বীর উত্তম সি আর দত্তের তিন মেয়ে, ছেলে, মেয়ের জামাতা ও নাতি-নাতনিরা। এ সময় তাঁর মরদেহের প্রতি ফুল দিয়ে শেষ শ্রদ্ধা ও ভালোবাসা জানায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সেনাবাহিনীর একটি দল সামরিক কায়দায় গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানান। তাঁকে দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মাননা।

পরে সি আর দত্তের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, বাংলাদেশ হিন্দু পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ শাখা, বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ হিন্দু মহাজোট, লালবাগ পূজা থানা কমিটি।

ঢাকেশ্বরী মন্দির থেকে বেলা ১২টায় মরদেহ নিয়ে যাওয়া হবে রাজারবাগ বরদেশ্বরী শ্মশানে। সেখানে শেষকৃত্যানুষ্ঠানের আগে গান স্যালুটের মাধ্যমে সামরিক সম্মাননা জ্ঞাপন করা হবে সি আর দত্তের প্রতি।

গতকাল সোমবার সকালে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর মরদেহ দেশে এসে পৌঁছায়। মরদেহ বিমানবন্দরে পৌঁছার পর এই বীর সেনানির কফিন জাতীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়। এর পর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে রাখা হয়।

পূর্বঘোষণা অনুসারে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় সিএমএইচ হিমাগার থেকে সি আর দত্তের মরদেহ বনানী ডিওএইচএসের ২ নম্বর সড়কের ৪৯ নম্বর বাসভবনে নেওয়া হয়। পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকেশ্বরী মন্দির চত্বরে নিয়ে যাওয়া হয় মরদেহ।

ঢাকায় আশুরার মিছিলে ছুরিকাঘাতে দুজন নিহত,আহত আরো ২

0

পুরান ঢাকার বকশীবাজার ও ওয়ারীতে তাজিয়া মিছিলে ছুরিকাঘাত করে দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পৃথক ঘটনায় আহত আরো দুজন চিকিৎসাধীন। গত রবিবার সংঘটিত এসব ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশের ধারণা, গত রবিবার পবিত্র আশুরা উপলক্ষে সড়কে বের হওয়া পৃথক তাজিয়া মিছিল থেকে এসব হামলার ঘটনা ঘটে। ওই মিছিলে লুকিয়ে থাকা স্থানীয় উঠতি বয়সী সন্ত্রাসীরা কৌশলে এসব হামলা চালিয়েছে। তবে কেন এই হামলা তা নিয়ে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব বিজয় তালুকদার গতকাল সোমবার কালের কণ্ঠকে বলেন, গত রবিবার সকাল থেকে বিকেলের মধ্যে তিনটি এ ধরনের ঘটনা ঘটে। এসব ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

জানা গেছে, রবিবার দুপুর ১টার দিকে বকশীবাজারে তিন রাস্তার মোড় এলাকায় দিনে-দুপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নয়ন (২০) নামে এক তরুণের মৃত্যু হয়। নিহতের বন্ধু সোহানের সঙ্গে কথা বলে জানা যায়, বংশাল রূপালী ব্যাংকের গলিতে মোটরসাইকেল মেরামতের একটি দোকানে কাজ করত নয়ন। সেখান থেকে মোটরসাইকেলের মালামাল কিনতে সে বিডিআর সেকশন এলাকায় যাওয়ার জন্য বকশীবাজার মোড়ে এসে একটি রিকশা ডাক দেয়। ওই সময় রাস্তা দিয়ে অন্তত ২০ জনের একটি দল তাজিয়া মিছিল নিয়ে যাচ্ছিল। সে দলের একজন মিছিল থেকে এসে ছুরিকাঘাত করলে নয়ন গুরুতর আহত হয়। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকবাজার জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন কালের কণ্ঠকে বলেন, নয়নকে হত্যার ঘটনার কিছু ক্লু পাওয়া গেছে। এতে জড়িত এক তরুণকে ধরার চেষ্টা চলছে।

এদিকে রবিবার একই ধরনের আরেকটি ঘটনা ঘটে ওয়ারীতে। সেখানে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় দুই ভাই মুন্না (১৭) ও শাহিন (১৮)। তাদের দুজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে মুন্নাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় শাহীন হাসপাতালে চিকিৎসাধীন।

এ ছাড়া রবিবার সকালে লালবাগ কেল্লার মোড় এলাকায় বাপ্পী (২০) নামে এক তরুণকে সমবয়সী একজন ছুরিকাঘাত করে। আহত বাপ্পী হাসপাতালে চিকিৎসাধীন। লালবাগ থানার ওসি কে এম আশরাফ বলেন, এ ঘটনায় কয়েক তরুণকে আটক করা হয়েছে। আশা করা যায় দ্রুতই ঘটনার রহস্য জানা যাবে।

ভ্যাকসিন নিয়ে বাড়ছে সরকারের তৎপরতা

0

করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে সরকারের তৎপরতা দিন দিন বাড়ছে। দেশে ভ্যাকসিন আমদানির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভ্যাকসিন নিয়ে কোনো ধরনের রাজনীতিতে জড়াবে না বাংলাদেশ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক গতকাল সোমবার সচিবালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘চীনা কম্পানি সিনোভ্যাককে এরই মধ্যে দেশে শেষ ধাপের ট্রায়ালের অনুমোদন দেওয়া হয়েছে। ভারতের সেরাম কম্পানি কর্তৃক উৎপাদিত অক্সফোর্ডের ভ্যাকসিন আনার বিষয়েও আলোচনা চলছে। একই সঙ্গে রাশিয়া সরকারের কাছেও ভ্যাকসিন আমদানির ব্যাপারে আমরা চিঠি দিয়েছি। এ ব্যাপারে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সরকারের ফলপ্রসূ আলোচনাও হয়েছে। করোনা মোকাবেলায় যে ভ্যাকসিন আগে আসবে, সরকার সেটিকে প্রাধান্য দেবে।’

মন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে খুব দ্রুত আট লাখ কভিড কিট ও দুটি টেস্টিং ল্যাব দেবে বলে জানিয়েছে।

এদিকে করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে বাংলাদেশ কোনো ধরনের রাজনীতিতে জড়াবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। চীন ও ভারত থেকে বাংলাদেশে ভ্যাকসিন আনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী গতকাল সাংবাদিকদের বলেন, দুই ক্ষেত্রেই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।

মন্ত্রী বলেন, ‘চীনের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের আইসিডিডিআর,বির ভ্যাকসিন পরীক্ষার জন্য একটি চুক্তি হয়েছে। তবে এ নিয়ে কোনো ধরনের রাজনীতিতে জড়ানো ঠিক হবে না।’

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সব পথই খোলা রাখা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশে যেভাবে পরীক্ষা চালানো হয়েছে, তা অনুসরণ করেই পরিকল্পনা নেওয়া হয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধে চীন তার উদ্ভাবিত সম্ভাব্য ভ্যাকসিন ট্রায়ালের প্রস্তাব বেশ আগেই দিয়েছে বাংলাদেশকে। গত মাসের শেষ দিকে বাংলাদেশ এ বিষয়ে সবুজ সংকতে দেয়। আবার বিশ্বে সবচেয়ে আলোচিত অক্সফোর্ডের ভ্যাকসিন পেতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছে দেশের ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এ ছাড়া ভারতও তার নিজস্ব উদ্যোগে ভ্যাকসিন উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই ভ্যাকসিন চূড়ান্ত হলে তা যেন বাংলাদেশ পায়, সে বিষয়েও আলোচনা হয়েছে গত মাসে ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার বাংলাদেশ সফরে।

আজ থেকে গণপরিবহনে আগের ভাড়া

0

আজ মঙ্গলবার ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনে শর্তসাপেক্ষে করোনা পূর্বকালীন ভাড়া কার্যকর হচ্ছে। গত ২৯ আগস্ট বিআরটিএর ঢাকা জোন কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভায় এ তথ্য জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আগের ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়ে বিআরটিএ গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। তাতে সাবেক ভাড়ায় ফিরে যাওয়ায় কিছু শর্তের কথা উল্লেখ করা হয়েছে। শর্তগুলো হলো আসনসংখ্যার অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না, গণপরিবহনে যাত্রী, চালক, সুপারভাইজার, কন্ডাক্টর, হেলপার এবং টিকিট বিক্রয়ে নিয়োজিতদের মাস্ক পরিধান করতে হবে, তাঁদের হাত ধোয়ার জন্য সাবান, পানি ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। যাত্রার শুরু এবং শেষে বাস-মিনিবাস পরিষ্কার-পরিচ্ছন্নসহ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। এ ছাড়া যাত্রীর হাতব্যাগ ও মালপত্র জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করতে হবে। আর স্বাস্থ্যবিধিসংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় বিষয়ও মেনে চলতে হবে।

গত ১৯ আগস্ট বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বিআরটিএ কর্তৃপক্ষের বৈঠকে করোনাকালীন আগের ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত হয়। ওই বৈঠকের সুপারিশ পাঠানো হয় মন্ত্রিপরিষদে। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে গত ২৬ মার্চ থেকে গণপরিবহন বন্ধ করা হয়। পরে সব বাসে অর্ধেক যাত্রী বহনসহ স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী বহন করতে বাস মালিকপক্ষ ৮০ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানায়। সরকার ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে ৩১ মে একটি প্রজ্ঞাপন জারি করে। ১ জুন থেকে শর্তসাপেক্ষে গণপরিবহন চালু করা হয়। তবে শর্ত মানা হচ্ছে না বলে বিভিন্ন মহল থেকে বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি ওঠে। মালিকপক্ষের ‘যত আসন তত যাত্রী’ দাবির পরিপ্রেক্ষিতে সরকার শর্তসাপেক্ষে করোনা পূর্বকালীন ভাড়া কার্যকর করার সিদ্ধান্ত নেয়। আজ থেকে গণপরিবহনে সাবেক ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত কার্যকর হবে।

গণপরিবহনে শর্ত মানার বিষয়ে কোনো তদারকি থাকছে কি না জানতে চাইলে বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) খন্দকার অলিউর রহমা বলেন, ‘এরই মধ্যে আমরা সব জেলায় আমাদের কর্মকর্তাদের সংবাদ পৌঁছে দিয়েছি। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়ে বৈঠক চলছে। পরিস্থিতি তদারকি করতে আমরা মাঠে থাকব। আমাদের চেয়ারম্যানও মাঠে থাকবেন।’

বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডের মোটরগাড়ি উৎপাদনে কাজ চলছে : শিল্পমন্ত্রী

0

বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডের মোটরগাড়ি উৎপাদন করতে শিল্প মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। জাপানের মিটশুবিশি কর্পোরেশনের কারিগরি সহায়তায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ মোটরগাড়ি উৎপাদন করবে। এ লক্ষ্যে খুব শিগগির অটোমোবাইল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট পলিসি ২০২০ চূড়ান্ত করা হবে। এ নীতির আলোকে অটোমোবাইল শিল্পখাতে জাপানের কারিগরি সহায়তা প্রদানের সুযোগ উন্মুক্ত হবে।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতোর সাথে আয়োজিত বৈঠকে শিল্পমন্ত্রী এ কথা জানান। শিল্প মন্ত্রণালয়ে আজ এ বৈঠক অনুষ্ঠিত হয়। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগসহ শিল্প মন্ত্রণালয় এবং জাপান দূতাবাসের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের শিল্পখাতে জাপানি বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশে নিজস্ব ব্র্যান্ডের মোটরগাড়ি উৎপাদন, জাতীয় শিল্পনীতি ২০২১ প্রণয়ন ও শিল্প ডাটাবেজ তৈরিতে জাপানের কারিগরি সহায়তা, মোটরসাইকেল শিল্পের আধুনিকায়ন, বাংলাদেশে অটোমোবাইল ও হালকা প্রকৌশল শিল্প সংশ্লিষ্ট ভেন্ডর ইন্ডাস্ট্রির উন্নয়ন, মোটরসাইকেলের সার্টিফিকেশনের জন্য অটোমোবাইল টেস্টিং অ্যান্ড রিসার্স ইন্সটিটিউট স্থাপন এবং শিল্প বিশ্ববিদ্যালয় স্থাপনে কারিগরি সহযোগিতাসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় আলোচনায় স্থান পায়।

শিল্পমন্ত্রী জাপানের সাথে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও শিল্পায়নে জাপানের উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিআইসি’র সার কারখানাগুলোতে জাপান দীর্ঘদিন ধরে প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে। ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা নির্মাণেও জাপানের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তিনি রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোর আধুনিকায়ন, কৃষিভিত্তিক শিল্প কারখানা স্থাপন, কৃষিপণ্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশল শিল্পের উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ভেন্ডার উন্নয়নে বিনিয়োগে এগিয়ে আসতে জাপানের রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন।

জাপানের রাষ্ট্রদূত বলেন, করোনা মহামারি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহিত দূরদর্শী পদক্ষেপের ফলে বাংলাদেশে বিনিয়োগের ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। জাপানের মিটশুবিসি কর্পোরেশনসহ অন্যান্য অটোমোবাইল শিল্প উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী।

তিনি বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডের মোটরগাড়ি উৎপাদনে জাপান কারিগরি সহযোগিতা দেবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বাংলাদেশে মোটর সাইকেল শিল্পের বিকাশে মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি যৌক্তিক পরিমাণে নির্ধারণ করা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন। রাষ্ট্রায়ত্ত চিনিকলের আধুনিকায়ন এবং চিনি শিল্পে পণ্য বৈচিত্রকরণে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বলে তিনি জানান।

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে স্থাপিত জাপান ইকোনোমিক জোন গুণগতমানের দিক থেকে এশিয়ায় সর্বশীর্ষে রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে দ্বিপাক্ষিক সংলাপ জোরদার করতে হবে। এর মাধ্যমে বিনিয়োগের জন্য উদীয়মান খাতগুলো চিহ্নিত করতে যৌথভাবে কাজ করতে হবে।

তিনি জাপানের বিনিয়োগ বাড়াতে কর প্রণোদনা, পর্যাপ্ত ভূমি বরাদ্দসহ অন্যান্য সুযোগ বাড়ানোর ওপর গু্রুত্ব দেন। অটোমোবাইল শিল্পসহ অন্যান্য শিল্পখাতের জন্য শিল্প মন্ত্রণালয়ের সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি মন্তব্য করেন। মোটরসাইকেলের সার্টিফিকেশনের জন্য অটোমোবাইল টেস্টিং অ্যান্ড রিসার্স ইন্সটিটিউট স্থাপনে জাপান প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে এ সময় তিনি উল্লেখ করেন।

চট্টগ্রাম বন্দর ছয় ধাপ এগিয়ে এবার ৫৮তম

0

বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় ৫৮তম অবস্থানে উঠে এসেছে চট্টগ্রাম বন্দর। দেশের প্রধান সমুদ্রবন্দরটি ২০১০-১৯ পর্যন্ত ১০ বছরে ৩০ ধাপ এগিয়েছে। এক বছরের ব্যবধানে ছয় ধাপ এগিয়েছে চট্টগ্রাম বন্দর।

লন্ডনভিত্তিক শিপিং বিষয়ক প্রাচীন সংবাদমাধ্যম লয়েডস লিস্ট প্রতিবছর এ তালিকা প্রকাশ করে। যাতে ২০১৮ সালে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৬৪তম। সর্বশেষ প্রকাশিত হলো ২০১৯ সালের তালিকা।

২০১০-২০১৯ সাল পর্যন্ত যথাক্রমে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৮৮, ৮৯, ৯০, ৮৬, ৮৭, ৭৬, ৭১, ৭০, ৬৪ ও ৫৮।

চট্টগ্রাম বন্দর দিয়ে মোট পণ্য পরিবহনের ২৭ ভাগ কনটেইনারে হয়ে থাকে। যা দেশের মোট কনটেইনারবাহী পণ্যের ৯৮ শতাংশ। বাকি পণ্য বাল্ক, ব্রেক বাল্ক ও ট্যাংকার জাহাজে আমদানি হয়। এসব খোলা পণ্যের বেশিরভাগই সিমেন্ট, ইস্পাত, সিরামিক, চিনি, ডাল, গম ইত্যাদি খাদ্য, কয়লা, ভোজ্য ও জ্বালানি তেল।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্টরা বলছেন, আধুনিক বন্দর ব্যবস্থাপনা, স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদি উদ্যোগ, নতুন নতুন হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট সংগ্রহের পাশাপাশি সরকার, নৌপরিবহন মন্ত্রণালয় ও বন্দর ব্যবহারকারীদের সহযোগিতায় একের পর এক সাফল্য স্বীকৃতি পাচ্ছে।

বিশ্বের সেরা কনটেইনার পোর্টের স্বীকৃতি মিলেছে চীনের সাংহাইয়ের। এ তালিকায় চীনের আছে আরও ২২টি বন্দর। দ্বিতীয় স্থানে আছে সিঙ্গাপুর। ১০০তম হয়েছে তাইওয়ানের তাইপে বন্দর।

প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক

0

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশে বুধবার (০২ সেপ্টেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এদিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।

আজ সোমবার (৩১ আগস্ট) রাতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর পক্ষ থেকে সংবাদমাধ্যমকে এ বিষয়টি জানানো হয়।

নেইমারের সঙ্গে সম্পর্কছেদ করল নাইকি

0

চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন আবারও ভেঙে গেছে নেইমারের। প্রথমবারের মতো ফাইনালে উঠে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। এরপর তাঁর পাশ থেকে সরে গেল বিশ্ববিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি। ২০১১ সালে নাইকির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছিলেন নেইমার। জানা গেছে, নতুন চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছতে না পারার কারণেই দুই পক্ষ আলাদা হয়ে যাচ্ছে।

নেইমারের সঙ্গে নাইকির এই চুক্তি ২০২২ সাল পর্যন্ত ছিল। চুক্তির অঙ্ক ছিল ১০ কোটি ৫০ লাখ ডলারের। এই চুক্তির মেয়াদ বৃদ্ধির জন্য গত কয়েক মাস ধরেই নেইমারের সঙ্গে নাইকির প্রতিনিধিরা আলোচনা চালিয়ে যাচ্ছিল। নেইমারের তরফ থেকে টাকার অঙ্ক বাড়ানোর আহ্বান জানানো হলেও নাইকি তাতে সাড়া দেয়নি। এ ব্যাপারে নাইকির মুখপাত্র জস বেনেডেক বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘নেইমার এখন থেকে আর নাইকির ক্রীড়া ব্যক্তিত্ব নন।’

নাইকি সরে যাওয়ার পর থেকে শোনা যাচ্ছে, আরেক বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘পুমা’র সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন নেইমার। এ ব্যাপারে নাকি আলোচনাও শুরু হয়েছে। তবে পুমা কর্তৃপক্ষ এ ব্যাপার এখনই মুখ খুলতে রাজি হয়নি। বার্সেলোনায় থাকতে বিশ্বজোড়া তারকাখ্যাতি পেয়েছিলেন নেইমার। সে কারণেই রেকর্ড ট্রান্সফার ফিতে তাঁকে দলে টেনেছিল পিএসজি। কিন্তু ফরাসি ক্লাবটিতে যাওয়ার পর নানা কারণেই নেইমার নিজের ব্র্যান্ডকে ক্ষতিগ্রস্ত করেছেন।