Home Blog Page 2715

অক্সফোর্ডের ভ্যাকসিন পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছি : স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রাশিয়া বাংলাদেশের ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা জানতে চেয়েছে। বাংলাদেশের কয়েকটি কম্পানির ভ্যাকসিন উৎপাদন সক্ষমতা আছে। রাশিয়ার ভ্যাকসিনের ব্যাপারে তাদের কাছে চিঠি পাঠানো হচ্ছে।

আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সক্ষমতার প্রশ্নটি নিয়ে এরই মধ্যে বাংলাদেশকে চিঠি দিয়েছে রাশিয়া। এ নিয়ে ঢাকায় দেশটির রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশের সরকারের কথাবার্তাও হয়েছে।

জাহিদ মালেক বলেন, অক্সফোর্ডের গবেষকদের ভ্যাকসিন বাংলাদেশে পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছি। ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চুক্তি হয়েছে। সরকারিভাবেও আনার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরো জানান, চীন ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো দেশ বা প্রতিষ্ঠান বাংলাদেশে ভ্যাকসিনের ট্রায়ালের আবেদন করেনি। এ ছাড়া কভিড পরীক্ষার জন্য দুইটি পিসিআর মেশিনসহ অ্যান্টিজেন টেস্টে বাংলাদেশকে কিট দেবে দক্ষিণ কোরিয়া বলেও জানান তিনি।

আসন ফাঁকা রেখেই ট্রেন চলবে, ভাড়া বাড়ছে না : রেলমন্ত্রী

0

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, করোনার সময় অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চলাচলের যে ব্যবস্থা হয়েছে তা অব্যাহত রাখা হয়েছে। সেজন্য ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। করোনাভাইরাস মহামারীর মধ্যেই মঙ্গলবার থেকে সব আসন পূর্ণ করে বাস চালানোর সিদ্ধান্ত হলেও ট্রেনে এখনই সেরকম কোনো সিদ্ধান্ত আসছে না।

আজ সোমবার রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের ৫০টি ব্রডগেজ ও ৭৫টি মিটারগেজ লাগেজ ভ্যান ক্রয়ের চুক্তিপত্র সই অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, সব ট্রেন আমরা পর্যায়ক্রমে চালানোর সিদ্ধান্ত নিয়েছি। করোনাভাইরাস সংক্রমণ এখন উপরের দিকে যাবে না নিচের দিকে নামবে তা এখনও আমার নিশ্চিত নই। বাস আসন পূর্ণ করে আগের ভাড়ায় চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমরা তেমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি।

তিনি বলেন, এখন পর্যন্ত আমরা রেলের ভাড়া বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নিইনি, তবে এ বিষয়ে গবেষণা চলছে ভবিষ্যতের জন্য। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চালাতে। তিনি পণ্য পরিবহন করে রেলের আয় বাড়াতে বলেছেন।

মন্ত্রী বলেন, কৃষকের পণ্য সারাদেশে পৌঁছে দিতে লাগেজ ভ্যান ক্রয় করছে রেলওয়ে। লাগেজ ভ্যানের মাধ্যমে কম খরচে গ্রাম থেকে ঢাকায় পণ্য নিয়ে আসতে পারবে কৃষক। ফলে কৃষকরা লাভবান হবে। পাশাপাশি রাজধানীবাসীও ফ্রেশ পণ্য পাবে। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ ভ্যান এসে পৌঁছাবে।

রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর থেকে ১৯ জোড়া ট্রেন চালু হলে মোট ৬৭ জোড়া ট্রেন চলাচল শুরু হবে।

মৃত্যু ৩৩, শনাক্ত ২১৭৪

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৩৩ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ২৮১ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ১৭৪ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল তিন লাখ ১২ হাজার ৯৯৬ জনে।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৮৯০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ চার হাজার ৮৮৭ জনে।

নিবন্ধন করতে হবে রেডিও-আইপি টিভিকেও

0

দৈনিক পত্রিকা, টেলিভিশন এবং রেডিওর অনলাইন ভার্সনের পাশাপাশি আইপি টিভির জন্য নিবন্ধন বাধ্যতামূলক করে ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা, ২০১৭’ (সংশোধিত, ২০২০) এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়াল মন্ত্রিসভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, টেলিভিশন এবং বেতার নিউজ পোর্টাল হিসাবে চালাচ্ছে। এটার অনুমতি নিতে হতো না। এখন নিতে হবে। আইপি টিভি, ইন্টারনেট রেডিও সম্প্রচারের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা ছিল না- সেজন্য এগুলো ঢোকানো হয়েছে। তবে পত্রিকাগুলো যদি এক্সাটলি হার্ডকপি যা ছাপছে, সেটাই যদি অনলাইনে দিয়ে দেয় তাহলে কোনো অনুমতি লাগবে না। কিন্তু যদি কেউ ভেরিয়েশেন করে তখন তাকে অনুমতি নিতে হবে। কারণ, অনেকেই এক্সাটলি তা দিচ্ছে না। অনলাইন ভার্সনে ভেরিয়েশন থাকলে লাইসেন্স নিতে হবে।

তিনি বলেন, রেডিও-টেলিভিশন তো অনলাইন করার জন্য না, তারা যে মাধ্যমে চালাবে সেই মাধ্যমে…, তারপরে যদি অনলাইন করতে হয় তাহলে রেডিও-টেলিভিশন দুটোকেই অনুমতি নিতে হবে।

খালেদার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে মুক্তির মেয়াদ নিয়ে সিদ্ধান্ত

0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্যের অবস্থা ও তাঁর মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদনে কী লেখা আছে তা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ সোমবার (৩০ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনলাইনে কেবিনেট বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা কথা বলেন মন্ত্রী।

দুর্নীতির দুই মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে গত ২৫ মার্চ সাময়িক মুক্তি দেওয়ার সময় আইন মন্ত্রণালয়ের সুপারিশ বিবেচনায় নিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাঁকে ছয় মাসের জন্য মুক্তি দেওয়া হয়। আগামী ২৫ সেপ্টেম্বর এই মেয়াদ শেষ হবে। এর আগেই পরিবারের পক্ষ থেকে ভাই শামীম এস্কান্দার গত মঙ্গলবার মুক্তির মেয়াদ বৃদ্ধির আবেদন করেন।

বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া জামিনে নেই। কোনো আদালত থেকে জামিন দেওয়া হয়নি। গত মার্চ মাসে তাঁর পরিবার থেকে স্বারাষ্ট্রমন্ত্রীর কাছে একটি দরখাস্ত করা হয়েছিল যে খালেদা জিয়ার চিকিৎসার জন্য কোনো নির্বাহী আদেশে তাঁকে যেন জেলখানা থেকে মুক্তি দেওয়া হয়।

আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী মানবিক দিক চিন্তা করে আমাদের দিক নির্দেশনা দিয়ে ছিলেন ফৌজদারি কার্যবিধির ৪০১১ ধারায় তার (খালেদা) দণ্ডাদেশ স্থগিত করে তাকে ছয় মাসের মুক্তি দেওয়া জন্য। গত মার্চ মাসের ২৫ তারিখ সেই আদেশে তিনি মুক্তি পেয়েছেন।

আইনমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছেন তিনি একটি দরখাস্ত পেয়েছেন৷ আগামী সেপ্টেম্বরের ২৪ তারিখ ছয় মাস শেষ হয়ে যাবে। তারা সেটার এক্সটেনশন চেয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সেই দরখাস্তের কপি আমার কাছে পাঠিয়েছেন। তবে সেটা এখনও আমার কাছে এসে পৌঁছায়নি। পৌঁছালে আমরা বিবেচনা করব। আমরা তাঁর স্বাস্থ্যের অবস্থা ও দরখাস্তে কী লেখা আছে সেসব বিবেচনা করে সিদ্ধান্ত নেব।’

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দুই বছরের বেশি সময় কারাগারে ছিলেন খালেদা জিয়া। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার ছয় মাসের জন্য খালেদা জিয়ার সাজা স্থগিত করে গত ২৫ মার্চ শর্ত সাপেক্ষে তাঁকে মুক্তি দেয়।

আমিরাতের উদ্দেশে উড়ল প্রথম ইসরায়েলি ফ্লাইট

0

সম্পর্ক স্বাভাবিকের চুক্তি করার পর প্রথমবারের মতো ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল শুরু হয়েছে। প্রথম ফ্লাইটটি আজ সোমবার ইসরায়েলের স্থানীয় সময় সকাল ১১টা ১৩ মিনিটে তেলআবিব থেকে আকাশে উড়েছে। ইসরায়েলের ‘এল আল’ বিমান সংস্থার ফ্লাইটটি আবুধাবিতে পৌঁছাবে স্থানীয় সময় বিকেল ৩টা ৪৩ মিনিটে।

ঐতিহাসিক এই প্রথম ফ্লাইটে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার। এ ছাড়া আছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিইর বেন শাবাত ও মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়ান৷ তাঁরা আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ওয়াশিংটনে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের জন্য একটি দিন ঠিক করবেন৷

বিমানে আরোহণের আগে জেরেড কুশনার বলেন, ‘শান্তির মাধ্যমে কী কী সম্ভব হবে তা দেখানোই হবে এই ঐতিহাসিক বিমানযাত্রার লক্ষ্য। আরববিশ্ব ও মুসলমানদের ইসরায়েল থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করা বিমানটি পর্যবেক্ষণ করা উচিত।’

ঐতিহাসিক এই ফ্লাইটের নম্বর দেওয়া হয়েছে এল আল ৯৭১৷ এল আল ইসরায়েলের জাতীয় বিমান সংস্থা৷ আর ৯৭১ আরব আমিরাতের আন্তর্জাতিক ডায়াল কোড৷ ফিরতি ফ্লাইটের নম্বর এল আল ৯৭২৷ ৯৭২ ইসরায়েলের আন্তর্জাতিক ডায়াল কোড৷ মঙ্গলবার সকালে ফিরতি ফ্লাইটটি রওনা হওয়ার কথা৷

ইসরায়েলি বিমান সংস্থা সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে আমিরাতে ফ্লাইট পরিচালনা করছে বলে জানা গেছে।

সূত্র : জেরুজালেম পোস্ট।

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা চলছেই

0

গত ৩০ জুলাই কান্দাহারে পাকিস্তানি বাহিনীর আর্টিলারি হামলায় ১৫ জন আফগান বেসামরিক নাগরিক নিহত ও ৮০ জন আহত হওয়ার ঘটনায় সীমান্তে উভয় দেশের মধ্যে উত্তেজনা চলছে। এ ঘটনার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে আফগানিস্তান।

৩১ জুলাই কান্দাহার গভর্নরের মুখপাত্র বাহির আহমাদি বলেছিলেন যে, স্পিন বোলদাক সীমান্তে পাকিস্তানি বাহিনীর হামলায় ১৫ জন নিহত হয়েছে এবং ৮০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

হামলার পর, আফগান সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল ইয়াসিন জিয়া আর্টিলারি ২০৫, সেলেব ২০১২ এবং থান্ডার ২০৩-সহ সমস্ত সেনাবাহিনীকে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের জন্য প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছিলেন এবং ডুরান্ড লাইনে অবস্থানরত আফগান সেনাদের অস্ত্র সজ্জিত করার নির্দেশনা দিয়েছিলেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, এমনিতে দুই দেশের মধ্যে চমন-স্পিন বোলদাক সীমান্ত বন্ধই থাকে। কিন্তু ঈদুল আজহা উপলক্ষে ৩০ জুলাই এই সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বন্ধ সীমান্তের দুই পাশের পাকিস্তানি ও আফগানরা সীমান্ত পার হয়ে এই উৎসবে পরিবারবর্গের সঙ্গে যোগ দেওয়ার জন্য অপেক্ষায় ছিলেন। সেই সময় দু’পক্ষের বাহিনীর মধ্যে তুচ্ছ কারণে সংঘর্ষ বেঁধে যায়। এরপর পাকিস্তানের পক্ষ থেকে আফগানিস্তানের মাটিতে গোলাবর্ষণ করা হয় বলে অভিযোগ।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এদিনই এর কড়া বিবৃতি দিয়েছিল। বলেছিল, পাক সেনাবাহিনী আফগান ভূখণ্ডে রকেট হামলা চালানো বন্ধ না করলে আফগান সেনাবাহিনীও তার প্রতিশোধ নেবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সামরিক বাহিনীর পক্ষ থেকে এখনো এই সংঘর্ষ নিয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি সাংবাদিকদের জানিয়েছেন, বিষয়টি নিয়ে আফগান কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা করা হচ্ছে। তাতে সুদৃঢ় ও সদর্থক সমাধান বের হবে বলে আশা করছেন তারা।

জানা গেছে, একেবারে স্পিন বোলডার আবাসিক এলাকায়ই হামলা চালায় পাকিস্তানি সেনারা। এতে প্রথমে ৯ জন নিহত এবং বিপুলসংখ্যক আহত হয়েছেন বলে জানা যায়। পরে ২৪ ঘণ্টার তথ্যে ১৫ জন নিহত এবং আরো ৮০ জন আহত হয়েছেন বলে জানানো হয়। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।

এদিকে হামলায় আহত কয়েক ডজন আফগানকে কান্দাহার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজন শিশু এবং আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই হামলায় এক পরিবারের সাতজন সদস্য নিহত হয়েছেন এবং পরিবারের এক শিশু আহত হয়েছেন। তারা কান্দাহার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আক্রমণটি এমনভাবে শুরু হয়েছিল যে এটি সাধারণ মানুষের বিরুদ্ধে ছিল।

এর আগে কভিড-১৯ মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকা সীমান্তের দুই দিকে দুই দেশেরই সাধারণ মানুষ জড়ো হয়েছিল। অনেকক্ষণ অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে একসময় আফগান পক্ষের জনতা ক্ষিপ্ত হয়ে পাকিস্তানি কার্যালয়ে বিক্ষোভ দেখাতে গিয়েছিল। সেই সময়ই একদফা ঝামেলা হয়েছিল দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে। এর পরই আচমকা পাকিস্তানের দিক থেকে ছু়টে আসে ঝাঁকে ঝাঁকে গোলা। এর রেশ কাটেনি এখনো। তীব্র উত্তেজনা রয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও আফগানিস্তান যুক্তরাষ্ট্রের মিত্রশক্তি হলেও দুই দেশের মধ্যে মোটেই বনিবনা নেই। দীর্ঘ কয়েক দশক ধরেই আফগানিস্তান অভিযোগ করে আসছে, পাকিস্তান সরকার ও সামরিক বাহিনী গোপনে তালেবান জঙ্গিদের সমর্থন করে। তবে পাকিস্তান বারবারই তা অস্বীকার করেছে। এবং উল্টো আফগানিস্তানের বিরুদ্ধে পাক সরকারবিরোধী জঙ্গিদের সমর্থন দেওয়ার অভিযোগ করেছে ইসলামাবাদ।

সূত্র : আল-আরাবিয়া পোস্ট।

শারীরিক অবস্থার অবনতি প্রণব মুখোপাধ্যায়ের

0

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা আরও সংকটজনক পরিস্থিতি ধারণ করেছে। তার ফুসফুসের সংক্রমণ জটিল আকার নিয়েছে বলে সোমবার দিল্লির সেনা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। এখনও গভীর কোমায় আচ্ছন্ন রয়েছেন তিনি।

আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হসপিটালের সোমবার সকালে প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘রবিবার থেকেই প্রণব মুখোপাধ্যায়ের শারীকিক অবস্থা খারাপ হয়। ফুসফুসে সংক্রমণের জেরে তিনি সেপটিক শকে রয়েছেন। বিশেষজ্ঞ দল ২৪ ঘণ্টা তার স্বাস্থ্যের ওপরে নজর রেখেছে। এখনও তিনি গভীর কোমায় আচ্ছন্ন এবং ভেন্টিলেটর সাপোর্টেই আছেন।

গত ১০ অগাস্ট ব্রেন সার্জারি হয় প্রণব মুখোপাধ্যায়ের। তারপর থেকেই গভীর কোমায় আচ্ছন্ন তিনি। ১০ তারিখেই সেনা হাসপাতালে ভর্তি হন তিনি। মস্তিষ্কের একটা ক্লট সরাতে তার ব্রেন সার্জারি করা হয়। সেদিনই সার্জারির আগে তার করোনা পরীক্ষার ফলও পজিটিভ আসে। নিজেই ট্যুইট করে সেই কথা জানিয়েছিলেন তিনি। গত কয়েদিনে তার সংস্পর্শে যারা এসেছেন, সবাইকে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন তিনি।

সার্জারির পর থেকেই কোমায় চলে যান প্রাক্তন রাষ্ট্রপতি। ফুসফুসে সংক্রমণ এবং রেনাল ডিসফাংশানের সমস্যা দেখা দেয় তার। এর পর থেকেই প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে দুশ্চিন্তা বাড়তে থাকে দেশবাসীর মনে। জানানো হয়, ফুসফুসে সংক্রমণের কারণেই প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়। রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে গোটা দেশ তার আরোগ্য কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠান। বীরভূম জেলায় তার দেশের বাড়িতে প্রাক্তন রাষ্ট্রপতির আরোগ্য কামনা করে পুজোপাঠ হয়।

২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতি পদে ছিলেন প্রণব মুখোপাধ্যায়। গত বছর অগাস্ট মাসে তার সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারত রত্নে ভূষিত করা হয়।

প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমণের ঝুঁকি বাড়ছে!

0

প্রাণীর মাধ্যমে মানুষের সংক্রমিত রোগের ঝুঁকি দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস ভ্যাকসিন বিকাশের শীর্ষস্থানীয় অধ্যাপক। ভ্যাকসিনোলজির অধ্যাপক সারা গিলবার্ট ইনডিপেনডেন্টকে জানিয়েছেন, ক্রমবর্ধমান জনসংখ্যার ঘনত্ব, ভ্রমণ এবং বনাঞ্চল বর্ধনের ফলে জীব জন্তু থেকে রোগ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে গেছে, ।

করোনার উৎপত্তি ঠিক কোথা থেকে আসল তা এখনো প্রমাণ করতে পারেনি গবেষকরা, তবে বেশিরভাগের ধারণা এটি বাদুড় থেকে অন্য প্রাণীর মাধ্যমে মানুষের শরীরে পৌঁছেছিল। এছাড়া বিজ্ঞানীদের ধারণা ইবোলাও প্রাণীর শরীর থেকে মানুষের শরীরে আসছে।

চলতি বছরের জুনে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছিলেন যে চীনে সোয়াইন ফ্লুর একটি নতুন মাত্রা ধারণ করেছে যা মহামারী হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেসের প্রকাশিত একটি গবেষণাপত্রে গবেষকরা লিখেছিলেন শূকর থেকে এই মহামারী হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে প্রতি বছর জীব জন্তু থেকে সংক্রমিত রোগের কারণে লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে। বছরে সংক্রমিত রোগের শতকরা ৬০ ভাগ জীব জন্তু থেকে হচ্ছে।

অধ্যাপক গিলবার্ট বলেছিলেন, পৃথিবী আরও বিশ্বায়িত হওয়ার সাথে সাথে প্রাণী থেকে সংক্রমিত রোগের ঝুঁকি আরও বাড়তে থাকবে। অধ্যাপক গিলবার্ট, যার কাজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সর্বজনীন ফ্লু ভ্যাকসিনের গবেষণা করা বলেছিলেন যে ২০১৭ -২০১৮ সালের মত অন্য একটি ফ্লু মহামারী আকারে দেখা দেবে।

গিলবার্ট বলেন,প্রতি শতাব্দীতে মহামারী দেখা গিয়েছিল এবং সেখানে প্রচুর আলাদা ফ্লু ভাইরাস রয়েছে আর এই কারণে আমরা কখনও ফ্লু নির্মূল করতে পারি না। তিনি বলেন, আমরা পক্সকে নির্মুল করেছি,সেই সাথে আমরা পোলিও নির্মুলের অনেক কাছাকাছি চলে এসেছি, আফ্রিকাতে এখন কোন পোলিও নেই। হমের মত যে রোগ ছিলো তাও নির্মুল হচ্ছে যদিও এর সাথে প্রাণীর কোন সম্পর্ক নেই।

তবে ফ্লু প্রচুর পরিমাণে পাখির মধ্যে রয়েছে এবং এ থেকে সংক্রামক রোগের সম্ভাবনা এখনো প্রবল।

এক রুপি জরিমানার রায়, অনাদায়ে তিন মাসের জেল

0

আদালত অবমাননা করার কারণে ভারতের আইনজীবী প্রশান্ত ভূষণকে এক রুপি জরিমানা করল সে দেশের সুপ্রিম কোর্ট। চলতি বছরের ১৫ সেপ্টেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে সেই অর্থ জমা দিতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে এক রুপি জমা দিতে না পারলে ওই আইনজীবীকে তিন মাস কারাগারে থাকতে হবে এবং ওকালতির ওপর তিন বছরের নিষেধাজ্ঞা জারি করা হবে।

প্রসঙ্গত, গত ২৭ জুন ভারতের সুপ্রিম কোর্টের বিরুদ্ধে একটি টুইট করেন প্রশান্ত ভূষণ। সেই টুইটে তিনি লেখেন, সরকারিভাবে জরুরি অবস্থা না থাকা সত্ত্বেও গত ছয় বছরে কিভাবে ভারতের গণতন্ত্র ধ্বংস করা হয়েছে, তা দেখার সময় সেই ধ্বংসে ইতিহাসবিদরা সুপ্রিম কোর্টের ভূমিকা বিশেষভাবে চিহ্নিত করে রাখবেন এবং আরো বিশেষ করে ভারতের শেষ চারজন প্রধান বিচারপতির ভূমিকা (চিহ্নিত করবেন)।

তার দু’দিন পর ভারতের প্রধান বিচারপতিকে নিয়ে টুইট করেন বিখ্যাত এই আইনজীবী ও সমাজকর্মী। তিনি বলেন, মাস্ক বা হেলমেট না পরেই নাগপুরের রাজভবনের এক বিজেপি নেতার ৫০ লাখ টাকার মোটরসাইকেল চালিয়েছেন ভারতের প্রধান বিচারপতি। সেই সময়, যখন তিনি সুপ্রিম কোর্টকে লকডাউন মোডে রেখে নাগরিকদের বিচার পাওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছেন।

এ ঘটনার পর পার হয়ে যায় দুই সপ্তাহ। পরে ভূষণের সেই টুইটকে কেন্দ্র করে আদালত অবমাননার প্রক্রিয়া শুরুর ব্যাপারে সুপ্রিম কোর্টে আবেদন জানান মেহেক মাহেশ্বরী নামে একজন আইনজীবী।

যদিও পিটিশন দাখিলের আগে নিয়ম মোতাবেক অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপালের সম্মতি নেননি মাহেশ্বরী। মাহেশ্বরীর আবেদনের ভিত্তিতে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে ২২ জুলাই আইনজীবী ভূষণকে নোটিশ পাঠায় ভারতের সুপ্রিম কোর্ট।

গত ৫ আগস্ট সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি হয় এবং ১৪ আগস্ট প্রশান্ত ভূষণকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করা হয়।

তবে তাকে কী শাস্তি দেওয়া হবে, সেই সিদ্ধান্তের জন্য ২০ আগস্ট আবারো শুনানির দিন ঠিক করা হয়। ওই দিন শুনানির সময় ভূষণ জানান, নিজের অবস্থানে অনড় রয়েছেন।

লিখিত এক বিবৃতি পড়ে ভূষণ দাবি করেন, তার ব্যাপারে কোনো প্রমাণ ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেদিন তাকে সাজা না শুনিয়ে নিজের অবস্থান নিয়ে ভাবনাচিন্তা করে ক্ষমা চাওয়ার জন্য দু’দিন সময় বেঁধে দেয় আদালত।

তারপরেও নিজের অবস্থানে অনড় থাকেন ভূষণ। সুপ্রিম কোর্টে তিনি সাফ জানান, ভালো উদ্দেশ্যেই তিনি টুইট করেছিলেন। আদালত বা প্রধান বিচারপতিকে কালিমালিপ্ত করা তার উদ্দেশ্য ছিল না। তিনি শুধু গঠনমূলক সমালোচনা করেছিলেন। সেদিনও ক্ষমা চাননি তিনি।

অন্যদিকে প্রশান্ত ভূষণকে শাস্তি না দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানান অ্যাটর্নি জেনারেল। তিনি দাবি করেন, সতর্ক করে ছেড়ে দেওয়া হোক প্রখ্যাত আইনজীবীকে। যদিও বেঞ্চ জানায়, ক্ষমা চাইতে অস্বীকার করেছেন ভূষণ এবং নিজের অবস্থানেও অনড় রয়েছেন তিনি। পরে তাকে এ সাজা শোনানো হয়।

সূত্র : হিন্দুস্তান টাইমস