Home Blog Page 2718

যুক্তরাষ্ট্রে রপ্তানি পণ্যের সীমাবদ্ধ তালিকা বাড়াল চীন

0

যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চীন তার সীমাবদ্ধ রপ্তানি পণ্যের তালিকায় ড্রোন এবং লেজার প্রযুক্তি অন্তর্ভুক্ত করেছে। এ নিয়ে দুই ডজন প্রযুক্তি পণ্য সীমাবদ্ধ রপ্তানির তালিকায় রাখল চীন।

গত শুক্রবারই চীন জানায়, মহাকাশযন্ত্রের উপকরণ থেকে শুরু করে থ্রিডি প্রিন্টিং, এনক্রিপশন এবং বড় আকারের উচ্চ-গতিযুক্ত ওয়াইন্ড টানেলের নকশা সীমাবদ্ধ রপ্তানির তালিকায় যুক্ত করা হয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, জাতীয় অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রযুক্তি পণ্য রপ্তানি নিয়ন্ত্রণ, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি এবং অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে চিন্তা করা হচ্ছে।

গ্রেটার চায়নার প্রধান অর্থনীতিবিদ আইরিস পেং বলেছেন, এই নতুন বিধিনিষেধগুলো প্রমাণ করে- চীন এমন কিছু উচ্চ প্রযুক্তি পণ্যের পেটেন্ট নিয়ে রেখেছে, যেগুলো অন্য অর্থনীতির উৎপাদন ব্যাহত করতে পারে।

গত শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, অন্তত ২৩টি পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানির সীমাবদ্ধ তালিকায় রাখা হয়েছে।

সূত্র : এএনআই

জার্মানিতে করোনা বিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার কয়েকশ

0

জার্মানিতে করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে তিন শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে বার্লিন পুলিশ। জানা গেছে, ৩৮ হাজারের বেশি মানুষ করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধের বিরুদ্ধে রাস্তায় নেমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিল।

তার মধ্যে একটি র‌্যালি থেকেই দু’শ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, ডানপন্থীদের প্ররোচণায় এ ধরনের বিক্ষোভ হয়েছে। আর বিক্ষোভের সময় পাথর ও বোতল নিক্ষেপ করার অভিযোগে ধরপাকড় চালানো হয়েছে।

বার্লিন ছাড়াও দেশটির অন্যান্য শহরেও বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, ভাইরাসটি সম্পূর্ণ গুজব। লন্ডনের ত্রাফালগার স্কয়ারে হাজার হাজার মানুষ জমায়েত হয়ে করোনা বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

ফ্রান্সের রাজধানী প্যারিস, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা এবং সুইজারল্যান্ডের রাজধানী জুরিখেও এ ধরনের বিক্ষোভ হয়েছে।

বার্লিন পুলিশ বলছে, বিক্ষোভকারীরা পাথর ও বোতল নিক্ষেপ করতে থাকলে আমাদের বিকল্প কিছু করার ছিল না। তারা শর্ত মেনে বিক্ষোভ করেনি। আর তারা মাইক ব্যবহার করে জটলা পাকিয়ে পরিস্থিতি ঘোলাটে করার পাঁয়তারা করছিল।

প্রসঙ্গত, জার্মানিতে এখন পর্যন্ত দুই লাখ ৪২ হাজার আটশ ২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এবং মারা গেছে নয় হাজার তিনশ ৬৩ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে দুই লাখ ১৭ হাজার চারশ ৮৪ জন। বর্তমানে আক্রান্ত অবস্থায় আছে ১৫ হাজার নয়শ ৭৮ জন।

সূত্র : বিবিসি

দেশের পথে সিআর দত্তের মরদেহ

0

বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্তের (সি আর দত্ত) মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছাবে সোমবার সকালে।

ফ্লোরিডার স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টায় তাঁর কফিন নিয়ে ‘এমিরেটস স্কাই কার্গো’ দুবাইয়ের পথে রওনা হয়েছে। সেখান থেকে সংযোগকারী ফ্লাইটে তাঁর দেশের পথে রওনা হওয়ার কথা রয়েছে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিআর দত্তের কনিষ্ঠ জামাতা প্রদীপ দাসগুপ্ত।

ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ আগস্ট রাতে মারা যান সি আর দত্ত। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

সি আর দত্তের কফিন ঢাকায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় অভিবাদন জানানো হবে।

এদিকে সি আর দত্তের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। সাবেক সেনা বাহিনী প্রধান, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহকে আহ্বায়ক ও বিশিষ্ট সাংবাদিক বুদ্ধিজীবী শাহরিয়ার কবীরকে সদস্য সচিব করে ১০০১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সি আর দত্তের মরদেহ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে দেশে আনা হবে। দেশে এনে তাঁকে সর্বোচ্চ সামরিক সম্মাননা ও যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্যানুষ্ঠানের যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

‘১৫ আগস্ট হত্যাকাণ্ড যেন কারবালার ঘটনারই পুনরাবৃত্তি

0

‘কারবালায় যেভাবে নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছিল, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি হয়েছিল। সেদিন নারী ও শিশুরাও রক্ষা পায়নি।’

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রবিবার (৩০ আগস্ট) আলোচনাসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, হিজরি ৬১ সালের ১০ মহররম মহানবী হযরত মুহম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (র.) ও তাঁর পরিবারবর্গ কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় তাঁদের এ আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরের আলো ফোটার আগেই বাঙালি জাতিকে মুক্তির আলো দেখানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল চক্রান্তকারী কিছু বিপথগামী সেনাসদস্য। ঘাতকরা সেদিন নারী ও শিশুদেরও রেহাই দেয়নি, যা ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় হিসেবে পরিচিতি পেয়েছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশে কারবালার মতো আরও একটি ঘটনা ঘটে। জিয়াউর রহমানের প্রশ্রয়ে এতে সাহস পেয়েছিল ঘাতকরা। কারবালার হত্যাকাণ্ডে নারী ও শিশুদের হত্যা করা হয়নি। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট নারী ও শিশুরাও রক্ষা পায়নি।

বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে একটি সদ্য স্বাধীন রাষ্ট্র তার সম্ভাবনা হারিয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন অর্থনৈতিক উন্নয়নের পথে যাত্রা শুরু করেছিল, তখনই ১৫ আগস্টের ঘটনা ঘটানো হয়। তিনি আদর্শভিত্তিক সংগঠন গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

দেশে স্বাস্থ্যসেবার ৭৭৮৫ জন করোনা আক্রান্ত

0

রাজধানীসহ সারা দেশে চিকিৎসক, নার্স এবং সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ করোনা আক্রান্ত হয়েছে মোট সাত হাজার ৭৮৫ জন।

আক্রান্তদের দুই হাজার ৬৮৮ জন চিকিৎসক, এক হাজার ৯৩১ জন নার্স এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীর সংখ্যা তিন হাজার ১৬৬ জন।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডা. ইহতেশামুলহক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানী ঢাকায় ভাইরাসটিতে আক্রান্ত চিকিৎসক ও নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।

বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে গতকাল ২৯ আগস্ট পর্যন্ত ঢাকায় ৮০৮ জন চিকিৎসক, ৭৭৬ জন নার্স এবং ৪৪০ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। আর করোনা সংক্রমণ কিংবা করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন ৮১ জন চিকিৎসক।

নীরবে পালিত হচ্ছে আশুরা, তাজিয়া মিছিল হোসেনি দালান প্রাঙ্গণেই

0

করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট পরিস্থিতিতে এবার ধর্মপ্রাণ মুসলমানরা কিছুটা নীরবেই পালন করছে পবিত্র আশুরা। নিষেধাজ্ঞার কারণে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের হচ্ছে না।

পবিত্র আশুরা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন রাজধানী ঢাকাসহ দেশব্যাপী নানা কর্মসূচি নিয়েছে। প্রশাসনের অনুমতি না থাকায় এবার ইমামবাড়ার হোসেনি দালান প্রাঙ্গণে তাজিয়া মিছিল হলেও তা বাইরে বের হবে না। এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে মাতম-মর্সিয়ার আয়োজন করা হয়েছে ইমামবাড়ায়।

আশুরার দিন আজ রবিবার (৩০ আগস্ট) পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের হোসেনী দালান চত্বরেই তাজিয়া মিছিল হবে। সকাল ১০টায় শুরু হবে এই মিছিল। একইসঙ্গে আশুরার অন্যান্য কার্যক্রমও অন্য সময়ের মতো হবে বলে জানিয়েছেন হোসেনী দালান ইমামবাড়ার ব্যবস্থাপনা কর্মকর্তারা।

পবিত্র আশুরা উপলক্ষে আজ সারা দেশে সরকারি ছুটি। এ উপলক্ষে বিভিন্ন দৈনিক পত্রিকা বিশেষ নিবন্ধ প্রকাশ করবে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি রেডিও এবং স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আশুরার তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পবিত্র আশুরার দিনে রাজধানীতে সব ধরনের তাজিয়া, শোক ও পাইক মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও বন্দরনগরে তাজিয়া মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পবিত্র আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া, শোক ও পাইক মিছিল নিষিদ্ধ। তবে ধর্মপ্রাণ নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে ইমামবাড়ায় ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে। অনুষ্ঠানস্থলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি ও লাঠি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

হিজরি ৬১ সনের (৬৮০ খ্রিস্টাব্দ) ১০ মহররম ইরাকের কুফা নগরের অদূরে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে সঙ্গী-সাথিসহ নির্মমভাবে শহীদ হন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হুসাইন (রা.)। অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ইমাম হুসাইন (রা.)-এর আত্মত্যাগের এই ঘটনা ইসলামের ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে।

এমপিও শিক্ষকদের বেতন হবে মোবাইল ব্যাংকিংয়ে

0

এমপিওভুক্ত প্রায় পাঁচ লাখ শিক্ষকের বেতন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। বেতন পাওয়ার বিষয়টি সার্বিকভাবে দ্রুত, সহজ ও ব্যাংক থেকে টাকা তোলার ঝামেলা এড়াতেই এমন পরিকল্পনা। এতে সরকারের ব্যয় হবে ২০০ কোটি টাকা। আর সুবিধাটি পেতে এমপিওভুক্ত শিক্ষকদের মোবাইল ব্যাংকিংয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্টের তালিকা যাচাই-বাছাই করে সরাসরি ওই মোবাইল অ্যাকাউন্টে টাকা পাঠাবে অর্থ মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের টাকা পাওয়ার বিষয়টি আরো দ্রুত ও সহজ করার পরিকল্পনা হচ্ছে। সে লক্ষ্যে বেতন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানোর বিষয়টি নিয়ে কাজ চলছে। এটা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। অর্থ মন্ত্রণালয় ও আমরা এ নিয়ে কাজ করছি।’

অর্থ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমরা এরই মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন ভাতা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়ার উদ্যোগ নিয়েছি। এবার এমপিওভুক্ত শিক্ষকদের বেতন দেওয়ার বিষয় নিয়ে কাজ চলছে।’

সূত্র মতে, গত অক্টোবরে নতুন করে দুই হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। এ নিয়ে সর্বমোট প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার। এসব প্রতিষ্ঠানে শিক্ষকের সংখ্যা প্রায় চার লাখ ৯৬ হাজার। তাঁরা সরকার থেকে মূল বেতনের সঙ্গে বাড়িভাড়া ও চিকিৎসা ব্যয় মিলিয়ে এক হাজার ৫০০ টাকা পান।

এমপিওভুক্ত এসব শিক্ষকের বেতন ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। অর্থ মন্ত্রণালয় চেকের মাধ্যমে বিভিন্ন ব্যাংকে বেতনের টাকা ছাড় করে। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের কাছে অভিযোগ রয়েছে, ব্যাংকগুলো টাকা ছাড়করণে গড়িমসি করে। এ জন্য শিক্ষকদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর পরিকল্পনা হচ্ছে। এতে শিক্ষকরা তাৎক্ষণিক বেতনের টাকা পেয়ে যাবেন। এ ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের মোবাইল ব্যাংকিংয়ে অ্যাকাউন্ট খোলার জন্য নির্দেশনা দিতে পারে। সবার অ্যাকাউন্ট খোলা হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষকদের একটি তালিকা অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে। অর্থ মন্ত্রণালয় তালিকায় থাকা নাম, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার, নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারের সঙ্গে মিলিয়ে দেখবে। সব মিলে গেলে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

সূত্র মতে, চলতি ২০২০-২১ অর্থবছরে প্রশিক্ষণ, অন খরচসহ এমপিওভুক্ত খাতে বরাদ্দ আছে প্রায় ১৫ হাজার কোটি টাকা। শুধু এমপিওভুক্তিতে বরাদ্দ প্রায় ১১ হাজার ৫০০ কোটি টাকা। এর পুরোটাই পাঠানো হবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। এ জন্য ১০০ টাকা পাঠাতে সরকারের খরচ হবে ৭০-৮০ পয়সা। সে হিসাবে সব মিলিয়ে সরকারের খরচ পড়বে প্রায় ২০০ কোটি টাকা। সরকারের ব্যয় ব্যবস্থাপনায় সংগতি আনতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন ভাতা ও এমপিওভুক্ত শিক্ষকদের বেতন দেওয়ার ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং চ্যানেলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ধীরে ধীরে সরকারের অন্যান্য কর্মসূচির টাকাও এই চ্যানেলের মাধ্যমে পাঠানো হতে পারে।

জিমির ৬০০ উইকেটের রেকর্ড কেউ ছুঁতে পারবে না : সাঙ্গাকারা

0

একজন পেসার হিসেবে ৬০০ উইকেট নেওয়া চাট্টিখানি কথা নয়। পেসারদের বড় শত্রু হলো ইনজুরি। এই ইনজুরির কারণেই অনেক পেসারের ক্যারিয়ার শেষ হয়ে গেছে। কিন্তু জেমস অ্যান্ডারসন ৩৮ বছর বয়সে কি অবলীলায় গতির ঝড় তুলে যাচ্ছেন! সদ্য শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে বিশ্বের প্রথম পেসার হিসেবে ছুঁয়েছেন ৬০০ উইকেটের মাইলফলক। লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা মনে করেন, আর কোনো পেসার অ্যান্ডারসনের এই রেকর্ড ভাঙতে পারবে না।

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রেসিডেন্ট সাঙ্গাকারা শনিবার ক্লাবের সদস্যদের পাঠানো একটি ইমেইলে অ্যান্ডারসনের প্রশংসা করেছেন, ‘জিমি দারুণ মানসম্পন্ন ও দৃঢ় মানসিকতার একজন ফাস্ট বোলার। তার অর্জন অসাধারণ, কেবল ৬০০ উইকেট নেওয়ার জন্য নয়। তার পরিশ্রম, দলের প্রতি দায়িত্ববোধ ও উন্নতি করার প্রচেষ্টা প্রশংনীয়। বর্তমান ও ভবিষ্যৎ পেসারদের সামনে সে একটা রেকর্ড দাঁড় করিয়েছে। সম্ভবত, এটিই হয়তো একমাত্র রেকর্ড যা জিমিরই থাকবে।’

অ্যান্ডারসনের আগে মাত্র তিনজন বোলার ৬ শতাধিক উইকেট পেয়েছেন। তারা সবাই স্পিনার। মুত্তিয়া মুরালিধরন (৮০০), শেন ওয়ার্ন (৭০৮) এবং অনিল কুম্বলে (৬১৯)। ৫০০ উইকেটের মাইলফলক পার করেছেন এমন বোলার আছেন মাত্র দুজন- গ্লেন ম্যাকগ্রা (৫৬৩) এবং স্টুয়ার্ট ব্রড (৫১৪)। সুতরাং সাঙ্গাকারার ভবিষ্যদ্বাণী একেবারে ফেলনা নয়। অ্যান্ডারসন অবশ্য এখানেই থেমে থাকতে চান না। তার লক্ষ্য ৭০০ উইকেট শিকার। ৩৮ বছর বয়সী অ্যান্ডারসন কিভাবে এই লক্ষ্যে পৌঁছান সেটাই দেখার।

নতুন অতিথি আসছে; কেক কেটে কোহলিদের উদযাপন

0

মা হতে যাচ্ছেন বলিউড তারকা তথা ভারত অধিনায়ক বিরাট কোহলির সহধর্মীনী আনুশকা শর্মা। বৃহস্পতিবার সকালে আনুশকা শর্মার বেবি বাম্পের ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেন কোহলি। পরে আনুশকা নিজেও সেই ছবি পোস্ট করে জানান, আগামী জানুয়ারিতে বড় হতে চলেছে তাদের দুজনের পরিবার। এমন সুসংবাদে উদযাপন হবে না তা কি হয়?

দুই জন থেকে তিন জন হতে যাওয়ার এই খুশির খবর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সতীর্থদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন বিরাট কোহলি। বৃহস্পতিবার রাতে দুবাইয়ের টিম হোটেলে কাটা হয়েছিল কেক। কোহলি সেই কেক আনুশকাকে খাইয়ে দেন। সেখানে ব্যাঙ্গালুরুর সতীর্থরাও উপস্থিত ছিলেন। সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবি এখকন সাড়া ফেলেছে। সবাই আরও একবার অভিনন্দিত করছেন এই তারকা দম্পতিকে।

২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে পরিচয় হয়েছিল কোহলি-আনুশকার। ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে বিশাল আয়োজনে তারা বিয়ে করে ফেলেন। এরপর থেকে এই জুটি ভক্তদের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে। তাদের প্রেমময় এই সংসার অনেকের কাছেই উদাহরণযোগ্য। কোহলি-আনুশকা এখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। আগামী ১৯ সেপ্টেম্বর সেখানে শুরু হবে আইপিএলের এবারের আসর। যদিও ধোনির চেন্নাই সুপার কিংসের ১৩ জন করোনায় আক্রান্ত।

ব্ল্যাক প্যান্থার তারকা বোসম্যান হার মানলেন ক্যান্সারের কাছে

0

‘ব্ল্যাক প্যান্থার’খ্যাত মার্কিন অভিনেতা চ্যাডউইক বোসম্যান মাত্র ৪৩ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন। গত চার বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন তিনি।

গতকাল শুক্রবার বোসম্যান যখন নিজের বাড়িতে মারা যান, ওই সময় স্ত্রী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিল। চ্যাডউইক বোসম্যানের টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়, সত্যিকারের যোদ্ধা চ্যাডউইক আপনাদের জন্য অনেক সিনেমা রেখে গেছেন, যেগুলোর জন্য তাকে ভালোবাসা যায়। জীবনে তাকে বহুবার অপরাশেন টেবিলে শুতে হয়েছে এবং কেমোথেরাপি নিতে হয়েছে।

সাউথ ক্যারোলিনায় জন্ম নেওয়া বোসম্যান হাওয়ার্ড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেন। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে নানা শ্রেণি-পেশার মানুষ শোক ও সমবেদনা জানাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস তার মৃত্যুত শোক প্রকাশ করেছেন। বোসম্যানের পরিবারের প্রতি কমলা হ্যারিস সমবেদনা জানিয়েছেন। সেই সঙ্গে বোসম্যানের সঙ্গে তোলা একটি ছবি শেয়ারও করেছেন।

সূত্র : এনপিআর