Home Blog Page 2719

প্লেনে চড়তে ভয় পেত সুশান্ত,ওঠার পর ওষুধ খেত : রিয়া

0

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন রিয়া। ১৪ জুন সুশান্তের মৃত্যুর পর থেকে নেটিজেনরা কাঠগড়ায় দাঁড় করিয়েছিল রিয়াকে। সুশান্তের শেষকৃত্যের রিয়ার অনুপস্থিতি ঘিরে প্রশ্ন উঠেছিল। সেই সব প্রশ্ন সঠিক প্রমাণ করে ২৫ জুলাই রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া, অভিনেতার টাকা আত্মসাত্ করবার অভিযোগ আনা হয়।

তবে ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাত্কারে নিজের বিরুদ্ধে উঠা সব অভিযোগ অস্বীকার করেছেন রিয়া। সুশান্ত মৃত্যু মামলার মূল অভিযুক্ত বলেন, ২০১৯ সালে তাঁর প্যারিস ট্রিপটি প্ল্যান করা হয়েছিল একটি কম্পানির পক্ষ থেকে, একটি ফ্যাশন শ্যুটের জন্য প্যারিস যাওয়ার কথা ছিল রিয়ার। তবে সুশান্ত নাকি জোর করে সেইসময় প্রেমিকার সঙ্গে সময় কাটাতে চেয়েছিলেন। নিজের এই দাবির সমর্থনে সব প্রমাণ তাঁর কাছে রয়েছে বলেও উল্লেখ করেন রিয়া।

রিয়া বলেন, ‘সুশান্ত ভেবেছিল এটা একটা দারুন আইডিয়া হবে, আমরা ইউরোপে একটা ভালো সময় কাটাতে পারব। সেইজন্য ও আমার টিকিট বাতিল করেছিল – আমার কাছে সেই টিকিটও রয়েছে, যদি আমাকে প্রমাণ দেখাতে হয়.. এরপর ও নিজে আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট বুক করে এবং ট্রিপের বাকি খরচ, যেমন হোটেলের খরচ সবকিছু ও দিয়েছিল। ও চেয়েছিল দিতে, এবং সেটা নিয়ে আমারও কোনও সমস্যা হয়নি। তবে হ্যাঁ, আমি চিন্তায় ছিলাম যে বড্ড বেশি টাকা ও খরচ করছে। আমার মনে হয়েছিল বড্ড বিলাসবহুল হয়ে যাচ্ছে ব্যাপারটা’।

এরপর রিয়া যোগ করেন, ‘কিন্তু শেষমেষ এটা ওর ব্যাপার, ও রাজার হালেই বাঁচতে ভালোবাসত’। তিনি বলেন, কোনওভাবেই সুশান্তের পয়সা নষ্ট করা কিংবা সুশান্তের নাম ব্যবহার করে জনপ্রিয় হওয়ার কোনও মানসিকতা তাঁর ছিল না। রিয়া আরও বলেন সুশান্ত ওর ছয়জন পুরুষ বন্ধুর সঙ্গে থাইল্যান্ড গিয়েছিল প্রাইভেট জেটে এবং ৭০ লক্ষ টাকা খরচ করে। ‘এটাই ওর লাইফস্টাইল ছিল, এটা ওর সিদ্ধান্ত’।

সুশান্তের মানসিকভাবে অবসাদগ্রস্ত হওয়া নিয়েও মুখ খোলেন রিয়া। রিয়ার পক্ষ থেকে এবং মুম্বাই পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে ক্লিনিক্যাল ডিপ্রেশনের শিকার ছিলেন সুশান্ত। যদিও সুশান্তের মানসিক অবসাদের ব্যাপারে কিংবা সুশান্তের চিকিত্সার ব্যাপারে পরিবারের কাছে কোনও তথ্য ছিল না। বরং তাঁদের তরফে অভিযোগ আনা হয়, রিয়া তাঁকে ড্রাগ দিয়েছেন, সুশান্তের অজান্তে।

সুশান্তের বাবার আইনজীবী বিকাশ সিং জানিয়েছেন, পরিবার প্রথমে ভেবেছিল প্রেসক্রাইব করা ওষুধের ওভারডোজের কারণে সুশান্ত অসুস্থ হয়। তবে রিয়ার মাদক যোগ সংক্রান্ত খবর সামনে আসবার পর গোটা ঘটনা পাল্টে গেছে। রিয়াকে নিষিদ্ধ ড্রাগেরও ব্যবহার করত সে সম্পর্কে পরিবারের কোনও ধারণাই ছিল না। কারণ তাঁরা এই ড্রাগ সংক্রান্ত বিষয়ের সঙ্গে একেবারেই পরিচিত নয়। নিষিদ্ধ ড্রাগের ব্যবহার করলে রিয়ার উপর ‘খুন’ এর অভিযোগ আরোপ করা হবে সেকথাও জানান বিকাশ সিং।

রিয়া দাবি করেন ২০১৯ এর সেপ্টেম্বরে যখন ইউরোপ ট্রিপের জন্য তাঁরা পারি দিচ্ছিলেন, সেই সময় সুশান্ত প্লেনের উঠবার পর কিছু মেডিসিন নিয়েছিল। রিয়া বলেন, সুশান্ত আমায় জানায় উড়বার সময় ও ক্লস্ট্রোফোবিক। মোডাফিনিল (Modafinil) নামের একটা ওষুধও ওকে প্রেসক্রিবশন ছাড়াই খেতে দেখেছিলাম। তার মানে ওটা ও আগে থেকেই খেত’। এরপর প্যারিসে গিয়ে নাকি তিনদিন হোটেলের রুম থেকেই বের হয়নি সুশান্ত। যা নিয়ে চিন্তায় ছিলেন তিনি, বলে জানান রিয়া চক্রবর্তী।

গত সপ্তাহে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সুশান্ত মামলার তদন্তে সবুজ সংকেত পাওয়ার পর দ্রুত গতিতে এই মামলার তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে সিবিআই। সুশান্ত সিং রাজপুত মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে ইতিমধ্যেই প্রমাণ খোঁজার চেষ্টা চালাচ্ছে তিনটি কেন্দ্রীয় সংস্থা-সিবিআই, ইডি এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। অভিযুক্ত নায়িকার বিরুদ্ধে ড্রাগ পাচার এবং ড্রাগের ব্যবসা করবার অভিযোগেও উঠেছে। হিন্দুস্তান টাইমস

সুশান্তের বিমান চালানোর ভিডিও শেয়ার করে অঙ্কিতার প্রশ্ন!

0

সুশান্ত সিং রাজপুত মারা গেছেন।ল তার রহস্যময় ম্ররত্যু নিয়ে ভারতে এখন তোলপাড় চলছে। নানা জন নানান কথা বলছেও। চলছে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। রিয়া বলছেন সুশান্ত মানসিক অবসাদে ভুগছিলেন, অংকিতা বলছেন সুশান্ত কখনোই মানসিক অবসাদে ভোগার মতো ছেলে নয়।

দুজনের ক্তহা দুই রকমের। অঙ্কিতা সুশান্তের সঙ্গে ছয় বছর ছিলেন। অঙ্কিতা তার বর্তমান প্রেমিকা ছিলেন। সম্প্রতি একটি ভারতীয় সংবামাধ্যমের সাক্ষাতকারে হাজির হয়ে একের পর এক দাবি করেছেন রিয়া চক্রবর্তী। কখনও সুশান্ত ২০১৩ সাল থেকে মনোবিদের ওষুধ খান বলে দাবি করেন রিয়া আবার কখনও বলতে শুরু করেন, মাকে ছেড়ে থাকতে পারছিলেন না সুশান্ত। সেই কারণেই শেষ পর্যন্ত আত্মহত্যা করেছেন।

কিন্তু এসব দাবিকে নাকচ করে দিয়েছেন রিয়া। ক্রিকেটার মনোজ তিওয়ারিও রিয়ার বক্তব্যকে মিথ্যা প্রমাণ করেছেন। ২০১৯ সালে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ইউরোপ ভ্রমণে গিয়েছিলেন রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই সৌভিক চক্রবর্তী। ইউরোপ ভ্রমণের প্রথম পর্যায়ে তাঁরা যখন সুইতজারল্যান্ডে ছিলেন, সেই সময় খুব খুশি ছিলেন সুশান্ত। অভিনেতার মেজাজ বিগড়ে যায় প্যারিসে গিয়ে। ইতালির গথিক হোটেলে গিয়ে সুশান্ত নাকি পরপর ৩ দিন ধরে হোটেলের ঘর থেকেই বের হননি। এমনই দাবি করেন রিয়া চক্রবর্তী।

ফলে প্যারিস থেকেই মেজাজ বিগড়ে যেতে শুরু করে সুশান্তের। ভারতীয় সংবাদমাধ্যমের সামনে রিয়া যখন এমন দাবি করেন তখন হইচই শুরু হয়ে যায়। রিয়ার ওই দাবির পর এবার পালটা দাবি করলেন ক্রিকেটার মনোজ তিওয়ারি।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন মনোজ। যেখানে দেখা যায়, প্যারিসের ডিজনিল্যান্ডে ঘুরে বেড়াচ্ছেন সুশান্ত। ফুরফুরে মেজাজেই ডিজনিল্যান্ডে ঘুরে বেড়াতে দেখা যায় অভিনেতাকে। মনোজ তিওয়ারির ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

যাই হোক সুশান্ত সব সময় উড়তে চাইতেন। কখনো মানসিক অবসাদে থাকার মতো কোনো বিষয় তৈরি হয়নি। সুশান্ত মেধাবী ছেলে। এসবই অঙ্কিতার বক্তব্য। সুশান্তের বিমান চালানোর একটি ভিডিও প্রকাশ করে অঙ্কিতা লিখেছেন, এটাকেই আবদ্ধভীতি বলে? তুমি সবসময় উড়তে চাইতে, এবং তুমি এটা করেছে। তোমাকে নিয়ে আমি গর্বিত।

চীনে রেস্তোরাঁ ধসে ১৭ জনের মর্মান্তিক মৃত্যু, আশঙ্কাজনক ৭

0

চীনের উত্তরাঞ্চলের শিনজি প্রদেশে রেস্তোরাঁ ধসে কমপক্ষে ১৭ জন প্রাণ হারিয়েছেন। ধ্বংসস্তুপ থেকে এরই মধ্যে ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তুপের নিচে আরো অনেকে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের।

চীনের সরকারি প্রচারমাধ্যম ‘সিজিটিএন’ জানিয়েছেন, শনিবার দুপুরে জিয়াংফেন কাউন্টির একটা দোতলা বিশিষ্ট রেস্তোরাঁর একাংশ হঠাৎ ধসে পড়ে। আচমকা ধস নামায় রেস্তোরাঁয় উপস্থিত গ্রাহক ও কর্মীরা কেউ কিছু বুঝে ওঠার আগেই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে যান। বিকট শব্দে আশেপাশের এলাকা কেঁপে ওঠে।

স্থানীয় বাসিন্দারা অনেকেই ভূমিকম্প হয়েছে আশঙ্কা করে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। রাস্তায় হুড়োহুড়ি বেঁধে যায়। চোখের সামনে চেনা পরিচিত রেস্তোরাঁ ধসে পড়তে দেখে অনেকেই কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। পরে সম্বি‍ৎ ফিরে পেয়ে উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে উদ্ধারকর্মীরাও ঘটনাস্থলে ছুটে আসেন।

ধসের সময়ে রেস্তোরাঁর অন্য অংশে থাকা কর্মীরা জানিয়েছেন, অন্তত ৫০ জনের বেশি মানুষ ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন। যুদ্ধকালীন ভিত্তিতে উদ্ধারকার্য চালানো হয়েছে। সাত শতাধিক উদ্ধারকর্মী এই কাজে হাত লাগিয়েছেন। তবে কীভাবে রেস্তোরাঁটি ধসে পড়ল, এখনো পর্যন্ত তার কারণ জানা যায়নি।

সূত্র : দ্য স্টার।

করতারপুরে সেতু নির্মাণের জন্য ভারতীয় প্রান্ত পরিদর্শনে পাকিস্তানি দল

0

দেরা বাবা নানক-করতারপুর করিডোর প্রকল্পের অধিনে একটি সেতু নির্মাণের জন্য পাকিস্তানের প্রতিনিধিরা ভারতীয় এলাকায় একটি যৌথ সমীক্ষা করেছেন। পাকিস্তান প্রান্তের অংশটি নির্মাণের জন্য বৃহস্পতিবার সমীক্ষা দলটি পরিদর্শনে যায়।

ন্যাশনাল হাইওয়েস অথরিটি অব ইন্ডিয়াকে দেওয়া এক চিঠিতে বলা হয়, বিওয়াই কমান্ড বিএসএফকে অবহিত করা হয়েছে যে পাকিস্তান ভারতের পাশে ব্রিজের সঙ্গে সংযোগ দিতে পাকিস্তানের পাশে একটি সেতু নির্মাণ করতে চায়। এই প্রকল্পের সমীক্ষা চালানোর জন্য সাত প্রকৌশলীর একটি সমীক্ষা দল ভারতের পাশের সেতুটি পরিদর্শন করবে। চিঠিতে আরো বলা হয়েছে, পরিদর্শনের জন্য অনুমতি চাওয়া ও মঞ্জুর করা হয়েছিল।

চার দশমিক সাত কিলোমিটার লম্বা করতারপুর ভারতের পাঞ্জাব শহরের শিখদের তীর্থস্থান ‘দেরা বাবা নানক’র সঙ্গে পাকিস্তানের নারওয়াল জেলায় ‘গুরুদুয়ারা দরবার সাহিব’কে যুক্ত করেছে। গত বছর এটি উদ্বোধন করা হয়েছিল। করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর করতারপুর করিডোর বন্ধ করে দেয় ভারত সরকার।

সূত্র: ইয়াহু নিউজ।

তামাকজাত পণ্যে নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নিল ভুটান

0

হিমালয়ের কোলে ছবির মতো সুন্দর দেশ ভুটান। চারদিক সাজানো গোছানো। দেশটিতে সিগারেট-সহ সব তামাকজাত দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ। তবে করোনার দোহাই দিয়ে তামাকজাত পণ্যের ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নিয়েছে দেশটি।

১৭২৯ সালে প্রথম তামাক নিয়ন্ত্রণ আইন চালু হয়েছিল ভুটানে। ২০১০ সাল থেকে সেদেশে তামাকজাত পণ্যের উৎপাদন ও বণ্টন পুরোপুরি বন্ধ ছিল। তবে ভারত থেকে নিয়ন্ত্রিত পরিমাণে তামাকজাত পণ্য আমদানি করে ভুটান। দেশের বাজারে তা কিনতে হলে চড়া হারে করও দিতে হয়।

চলতি বছরের শুরুর দিক থেকেই ভারতে এক-দুই করে বাড়তে শুরু করে করোনা আক্রান্তের সংখ্যা। তখনই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ভারতের সঙ্গে সীমান্ত সিল করে দেয় ভুটান। এর ফলে অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে যায়। তামাকজাত পণ্যের আমদানিও বন্ধ করে দেয় থিম্পু। কিন্তু পাহাড়ি সীমান্তে চোরাচালান পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। করোনা ও লকডাউনের মধ্যেই সীমান্ত পেরিয়ে ভারত থেকে ভুটানে ঢুকছে সিগারেট-সহ বিভিন্ন তামাকজাত পণ্য। শুধু তামাকজাত পণ্যই নয়, সিগারেটের পাশাপাশি ভারত থেকে করোনাও ঢুকছে বলে মনে করে ভুটান।

১২ অগস্ট ভুটানের ফুন্টশিলিংয়ে এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। ওই ব্যক্তি ভারত থেকে আমদানি করা পণ্য ওঠানো নামানোর কাজ করতেন। এরপরই তামাক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা নিয়ে ভাবনাচিন্তা শুরু করে ভুটান প্রশাসন।

সরকারি কর্মকর্তাদের যুক্তি, করোনা পরিস্থিতিতে ভারত থেকে আমদানির পরিমাণ যত কমানো যাবে, আন্তঃসীমান্ত সংক্রমণের আশঙ্কাও তত কমবে। এই ভাবনা থেকেই তামাকজাত পণ্যের উপর নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে প্রত্যাহার করেছে থিম্পু প্রশাসন।

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত ভুটানেই সিগারেট-সহ বিভিন্ন তামাকজাত পণ্যের উৎপাদন হবে। সেসব কেনার জন্য অতিরিক্ত শুল্কও দিতে হবে না। করোনা পরিস্থিতির উন্নতি হলে এবং ভারতের সঙ্গে সীমান্ত বাণিজ্য শুরু হলে, ফের তামাকজাত পণ্যে নিষেধাজ্ঞা জারি করবে ভুটান।

সূত্র : ইন্ডিয়া টাইমস।

পাকা বাড়ি নির্মাণে সরকারি সহায়তা পেলেন কাশ্মীরের ১২ হাজার মানুষ

0

ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর উন্নয়নের জোয়ার লেগেছে কাশ্মীর উপত্যকায়। এবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার প্রায় ১২ হাজার মানুষ বাড়ি নির্মাণে ভারত সরকারের আর্থিক সহায়তা পেয়েছেন। এখন নিজেদের পাকা বাড়িতে বাস করার স্বপ্ন দেখতে পারছেন তাঁরা। প্রধানমন্ত্রীর আবাস যোজনা (পিএমএওয়াই) প্রকল্পের আওতায় এরই মধ্যে তারা প্রত্যেকে ৫০ হাজার রুপির প্রথম কিস্তি হাতে পেয়েছেন।

একজন কর্মকর্তা বলেছেন, এ প্রকল্প থেকে উপকৃত হবে, এমন শতভাগ লোকের কাছে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তারা।

পল্লী উন্নয়ন বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ডেভেলপমেন্ট সুশিল কুমার খাজুরিয়া বলেন, ‘আমরা শতভাগ কভারেজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। জেলার ১২ হাজার জনকে প্রথম কিস্তি দেওয়া হয়েছে।’

খাজুরিয়া বলেন, ‘পিএমএওয়াই প্রকল্পটি জম্মু ও কাশ্মীর প্রশাসনের সাহায্যে এ অঞ্চলের জনগণকে নিজস্ব বাড়ি তৈরি করতে সহায়তা করছে। দরিদ্রদের জন্য এটি বড় একটি স্বস্তি যেহেতু তারা পাকা বাড়িতে নিরাপদে থাকতে পারবে।’

পঞ্চায়েত কর্মকর্তা আবদুল খব্বির বলেন, ‘কেন্দ্রের দেওয়া আদেশগুলো এখানে উন্নয়ন ত্বরান্বিত করেছে। বর্তমানে ১৫টি বাড়ি নির্মাণ করা হচ্ছে। আমরা আশা করছি, আগামী দু’ বছরের মধ্যে সব কাঁচা ঘর পাকা করতে পারবো।’ প্রথম কিস্তির পর লোকেরা এসবিএমের অধীনে আরও ১২ হাজার টাকা পাবেন বলে জানান তিনি।

এদিকে প্রথম কিস্তি পেয়ে মোহাম্মদ রাজাক বলেন, ‘জম্মু ও কাশ্মীর প্রশাসন পাকা বাড়ি তৈরির জন্য অর্থ দিয়ে আমাদের সহায়তা করেছে।’

সূত্র : এএনআই।

কিডনি কাজ করছে, তবে এখনো গভীর কোমায় প্রণব মুখার্জি

0

শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির। তবে এখনো গভীর কোমায় আচ্ছন্ন প্রবীণ এই কংগ্রেস নেতা। ২০ দিন চলছে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি দেখা না গেলেও কিডনির কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বলা হয়েছে, ভেন্টিলেটর সাপোর্ট এখনই সরানো যাচ্ছে না। তবে শরীরের রক্ত সঞ্চালন স্থিতিশীল আছে।

দিল্লির সেনা হাসপাতালের পক্ষ থেকে আজ শনিবার এসব তথ্য জানানো হয়েছে। আরো জানানো হয়েছে, প্রণব মুখার্জির রেনাল প্যারামিটারের উন্নতি হয়েছে। তবে এখনো ফুসফুসের চিকিৎসা চলছে। বর্তমানে তিনি ভেন্টিলেটর সাপোর্টে কোমাচ্ছন্ন হয়ে আছেন। তবে হার্টে রক্তচলাচল সংক্রান্ত বিষয় স্থিতিশীল।

২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা প্রণব গত ১০ আগস্ট সকালে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নিজেই প্রকাশ করেন। টুইট বার্তায় জানান, অন্য চিকিৎসা নিতে হাসপাতালে গেলে তাঁর করোনা পরীক্ষা করা হয়। এতে শরীরে এ ভাইরাস শনাক্ত হয়। পরে রাতে জানা যায়, মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে তাঁর।

সূত্র : ইন্ডিয়া টাইমস।

‘বাংলার দুঃখী মানুষের জন্য বঙ্গবন্ধুর ভালোবাসা ছিল অকৃত্রিম’

0

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৈশোর-তরুণ বয়স থেকে বাংলার কৃষকের দৈন্যদশা স্বচক্ষে দেখেছেন, যা বঙ্গবন্ধুর হৃদয়ে গভীরভাবে রেখাপাত করে। তাই আমরা দেখি বঙ্গবন্ধুর সারা রাজনৈতিক জীবনজুড়ে কৃষক ও কৃষির উন্নয়ন ও কল্যাণ ভাবনা নিবিড়ভাবে কাজ করেছে। বাংলার দুঃখী মানুষ-কৃষক শ্রমিকের জন্য বঙ্গবন্ধুর ভালোবাসা ছিল অকৃত্রিম।

আজ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি আয়োজিত ‘বঙ্গবন্ধুর দর্শন ও বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং শিল্প মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রাক্তন মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, কৃষি দেশের সার্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের জিডিপিতে কৃষির অবদান কমে আসলেও কৃষির গুরুত্ব কমে নাই। কৃষির উন্নয়নই দেশের অন্যান্য উন্নয়নকে ত্বরান্বিত করে থাকে। এজন্য কৃষিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

কৃষিমন্ত্রী বলেন, এখনও দেশের ৬০-৭০ ভাগ মানুষ গ্রামে বাস করে। এসব মানুষের এখনও জীবিকার মূল উৎস কৃষি। কৃষিতে আমাদের অর্জন অনেক। এজন্য কৃষিবিদরা গর্ব অহংকার করতে পারে। তবে যারা মাঠে কাজ করে রোদে, বৃষ্টিতে পুড়ে তাদের রক্ত, ঘামকে সোনালি ফসলে রুপান্তর করে, সেই কৃষক সমাজের অবদান অনেক বেশি। তারা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি স্থাপন করেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আর্থসামাজিক উন্নয়নের একটা ভিত্তি হয়েছে এবং একটা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার পথে আমরা এগিয়ে যাচ্ছি।

কৃষি উন্নয়নে বঙ্গবন্ধুর অবদানের কথা উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে কৃষিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বঙ্গবন্ধু। এ ছাড়া ১৯৭০ সালে নির্বাচনের আগে বঙ্গবন্ধু জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, সেখানে বঙ্গবন্ধু বলেছিলেন কৃষির প্রতি যে অবহেলা করা হয়েছিল এটা অমার্জনীয়। কৃষি উন্নয়নের জন্য আমাদের বিপ্লব করতে হবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সনের ২৬শে মার্চ বাংলাদেশের প্রথম স্বাধীনতা দিবসে ব্ঙ্গবন্ধু বলেন “আমাদের চাষি হলো সবচেয়ে দুঃখী ও নির্যাতিত এবং তাদের অবস্থার উন্নতির জন্য আমাদের উদ্যোগের বিরাট অংশ অবশ্যই তাদের পিছনে নিয়োজিত করতে হবে”।

কৃষিমন্ত্রী বলেন, ষাটের দশকে দক্ষিণ পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার অনেক দেশে আধুনিক চাষাবাদের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য “সবুজ বিপ্লব” শুরু হলেও তার ছোঁয়া পাকিস্তানি শাসকগোষ্ঠি বাংলাদেশের মাটিতে লাগতে দেয়নি। স্বাধীন বাংলাদেশে সরকার গঠনের পরপরই বঙ্গবন্ধু উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সবুজ বিপ্লবের ডাক দেন। কৃষি উপকরণ, কৃষি গবেষণা, নতুন জাত ও আধুনিক কৃষিতে গুরুত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু স্পষ্ট বলেছিলেন, বাংলাদেশের উন্নয়ন করতে হলে কৃষিতে গুরুত্ব দিতে হবে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সরকার গঠন করে কৃষিতে গুরুত্ব দিয়েছেন। যার ফলে কৃষির সকল সেক্টরে আমাদের অনেক উন্নতি হয়েছে।

সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, এই পৃথিবীতে অনেক নেতা আসবে, অনেক নেতা এসেছে কিন্তু ব্ঙ্গবন্ধুর মতো মানবদরদী মহান নেতা আসবেন না। সমুদ্রের গভীরতা মাপা যাবে, আপনারা আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের গভীরতা মাপতে পারবেন, কিন্তু বাঙালি জাতির প্রতি ব্ঙ্গবন্ধুর ভালবাসার গভীরতা আপনার মাপতে পারবেন না। ব্ঙ্গবন্ধু সবসময় বাংলার মানুষ ও মাটির প্রতি বিশ্বাসী ছিলেন। বঙ্গবন্ধু বলেছিলেন আমার বাংলার মাটি যদি থাকে, মানুষ যদি থাকে, একদিন এই বিধ্বস্ত বাংলাকেই আমি সুজলা, সফলা, শস্য- শ্যামল বাংলায় রূপান্তরিত করব।

বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে এই ভার্চুয়াল সভায় আলোচক হিসাবে অংশগ্রহণ করেন প্রখ্যাত ইতিহাসবিদ ও লেখক অধ্যাপক মুনতাসীর মামুন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এম. এ. সাত্তার মন্ডল, বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির মহাসচিব অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুল হক কাজল, সাবেক সচিব মো. আনোয়ারুল ইসলাম সিকদার প্রমুখ।

মন্তব্য

সাহস ও প্রজ্ঞা বিশ্বনেতায় রূপান্তর করেছে বঙ্গবন্ধুকে : পলক

0

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ভোগ নয়, বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ছিল ত্যাগের। বঙ্গবন্ধু রাজনীতিতে নীতি-আদর্শকে সর্বোচ্চ স্থান দিতেন। তিনি নেই, রয়েছে তাঁর আদর্শ। সাহস ও প্রজ্ঞা তাঁকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে এবং বিশ্বনেতায় রূপান্তর করেছে।

আজ শনিবার ঢাকার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোওয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শামসুল আলম। প্রধান আলোচক ছিলেন মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক, অজয় দাশগুপ্ত। পরে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধী চক্র মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল। দীর্ঘ ২১ বছর তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে ও বুঝতে না দিয়ে বিকৃত করে উপস্থাপন করেছে। আইন করে বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করে খুনীদের দূতাবাসে চাকরি দিয়ে পুনর্বাসন করেছিল।

পলক বলেন, বিজয়ের আনন্দ ক্ষণস্থায়ী, কিন্তু পরাজয়ের গ্লানি দীর্ঘস্থায়ী। একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তান ও পাকিস্তানের দোসর এবং বাংলাদেশের অভ্যন্তরীণ কিছু বেঈমান, রাজাকার-আলবদর সেই রাতে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য সাড়ে তিন বছর বঙ্গবন্ধুর বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে অপপ্রচার চালিয়েছে। চূড়ান্তভাবে তারা ১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে। এমনকি তারা সেই রাতে নিষ্পাপ শিশু শেখ রাসেলকেও হত্যা করেছে। তাঁদের ভয় ছিল বঙ্গবন্ধুর রক্তের উত্তরসূরি কেউ যদি বেঁচে থাকে তাহলে তারা বাংলাদেশকে তাদের মতো করে সেই পাকিস্তানের ভাবধারায় ফিরে যেতে পারবে না।

বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গঠনে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছিলেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন সংবিধানে সকল জনগণের পাঁচটি মৌলিক অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রের প্রতি দায়িত্ব দিয়েছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জ্ববীত হয়ে আইসিটি বিভাগ কভিড-১৯ প্রাদুর্ভাবের শুরুতেই নাগরিকদের জন্য করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো প্রয়োজনীয় পরামর্শ, করোনা সম্পর্কিত সকল সেবার হালনাগাদ তথ্যের জন্য করোনা পোর্টাল ও কন্টাক্ট ট্র্যাসিং অ্যাপ চালু করাসহ বহু কার্যক্রম বাস্তবায়ন করেছে।

তিনি বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে প্রযুক্তিনির্ভর তথা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহ্বান জানান।

৬০০ নার্স নিয়োগ দেবে বিএসএমএমইউ

0

৬০০ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। যেসব প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে (১৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে), তারা আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধা পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন করতে হবে অনলাইনে (www.bsmmu.edu.bd) ১৫ সেপ্টেম্বর ২০২০ দুপুর ২.৩০টার মধ্যে। আবেদন ফি (৫০০ টাকা) জমা দেওয়া যাবে পূবালী ব্যাংকের যেকোনো অনলাইন শাখায়। ফি জমা দেওয়ার একদিন পর অনলাইনে সিনিয়র স্টাফ নার্স পদে চাকরির আবেদন করা যাবে।

সিনিয়র স্টাফ নার্স পদে আবেদন করতে হলে প্রার্থীর মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে।

অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষরের ছবি, টাকা জমা দেওয়ার ব্যাংক রসিদের কপি এবং মুক্তিযোদ্ধা পোষ্য কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র আপলোড করতে হবে।

গত (২৪ আগস্ট) বিএসএমএমইউ ৬০০ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেওয়া জন্য পুনবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর আগেও (২৫ জানুয়ারি ২০২০) একবার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। আগের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করতে হবে না।

নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে এই লিংকে www.bsmmu.edu.bd/public/uploads/files/01b56b0aa3ececb7cca0ddb6570b0e34.pdf