Home Blog Page 2721

কাশ্মীরে ভারতীয় সেনাসদস্যসহ ৭ জঙ্গি নিহত

0

ভারতের জম্মু-কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গেল ২৪ ঘণ্টায় ৭ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। এ সময় একজন ভারতীয় সেনাসদস্যেরও মৃত্যু হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, শুক্রবার গভীর রাতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় কমপক্ষে ৩ জঙ্গি নিহত হয়েছে। জাদুরা এলাকায় দুই পক্ষের প্রবল গুলির লড়াই হয়। সেই সংঘর্ষেই ৩ জঙ্গি মারা পড়ে।
ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, নিহতরা লস্কর ই তৈয়বার সঙ্গে সম্পৃক্ত।
এদিকে শুক্রবার সোপিয়ান জেলায় আরেকটি অপারেশনে ৪ জঙ্গি নিহত হয়েছে বলে জানানো হয়। ভারতীয় জনতা পার্টির সঙ্গে সম্পৃক্ত স্থানীয় এক পঞ্চায়েত নেতাকে অপহরণ করার সময় অপারেশন চালালে নিহত হয় তারা।
কিলোরা এলাকায় এ ঘটনায় একজন আত্মসর্ম্পণও করেছেন। এ সময় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

যুক্তরাষ্ট্রে হারিকেন লরার তাণ্ডবে নিহত বেড়ে ১৪

0

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ও টেক্সাসে হারিকেন লরার তাণ্ডবে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। অঙ্গরাজ্য দুটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
ঘণ্টায় দেড়শ মাইল বেগের ঝড়ো হাওয়া নিয়ে বৃহস্পতিবার লুইজিয়ানার ছোট শহর ক্যামেরনের ওপর দিয়ে ৪ মাত্রার এ ঘূর্ণিঝড়টি স্থলে উঠে আসে। দক্ষিণাঞ্চলীয় কয়েকটি অঙ্গরাজ্যে তাণ্ডব চালানো লরার কারণে প্রায় ৯ লাখ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। একটি শিল্প প্ল্যান্টের রাসায়নিকেও আগুন লাগে।
পরে শক্তি হারিয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হলেও লরার কারণে এখনো যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে তুমুল বৃষ্টি হচ্ছে।
ঝড়ে এখন পর্যন্ত যে ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, তাদের মধ্যে ১০ জনই লুইজিয়ানার। টেক্সাসে মৃত্যু হয়েছে ৪ জনের।
বিপর্যয় মোকাবেলায় কেন্দ্রীয় সরকারের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হারিকেনের তাণ্ডবে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে শনিবার অঙ্গরাজ্য দুটিতে যাচ্ছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস

করোনায় মৃত্যুর অর্ধেকই ঢাকা বিভাগের

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৭ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে আরো ২ হাজার ২১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৩৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ লাখ ৯৬ হাজার ৮৩৬।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার জানানো হয়েছে, এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে মারা গেলেন ৪ হাজার ১৭৪ জন। যার মধ্যে ২ হাজার ১৯ জনের মৃত্যু হয়েছে কেবল ঢাকা বিভাগেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার তুলনায় শনাক্তের হার আজ সর্বনিম্ন। ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলে পরীক্ষা হিসেবে শনাক্তের হার ১৬ দশমিক ০৯ শতাংশ। আজ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৬ হাজার ৭৯৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ লাখ ৯৬ হাজার ৮৩৬।

এদিকে শুক্রবার পর্যন্ত হালনাগাদ যে তথ্য আইইডিসিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়ে তাতে দেখা যায়, ঢাকা মহানগরে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৭৭ হাজার ৯১৫ জন। মহানগরের বাইরে ঢাকা জেলার অন্যান্য অংশ এই সংখ্যা ৪ হাজার ৫১৫ জন। আর ঢাকা জেলাসহ বিভাগের ১৩ জেলা মিলিয়ে এ পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ২১ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছে আইইডিসিআর যা দেশে মোট শনাক্ত রোগীর প্রায় ৩৯ শতাংশ।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৫ অগাস্ট সেই সংখ্যা চার হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ১৫তম স্থানে। তার মৃতের সংখ্যায় বাংলাদেশ রয়েছে ২৯তম অবস্থানে।

এইচএসসি পরীক্ষা বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি : মন্ত্রণালয়

0

২০২০ সালের এইচএসসি পরীক্ষা বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যখন পরিস্থিতি অনুকূলে আসবে তখন পরীক্ষার আয়োজন করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেহেতু করোনাভাইরাস একেবারে নির্মুল হচ্ছে না, তাই কিভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পাবলিক পরীক্ষার আয়োজন করা যায়, সে বিষয়ে প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গতকাল বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দপ্তর, সংস্থার প্রধানদের অংশগ্রহণে করোনাকালীন ও করোনা পরবর্তী শিক্ষাব্যবস্থা নিয়ে এক অনলাইন সভায় সভায় সংশ্লিষ্টদের এ নির্দেশনা দিয়েছেন।

সেইসঙ্গে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরবর্তী ক্লাসে উত্তীর্ণের বিষয়ে বিকল্প মূল্যায়ন পদ্ধতি কি হতে পারে সে বিষয়েও একটি প্রস্তাবনা তৈরির নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

শিক্ষা প্রতিষ্ঠান না খুলতে যে সব যুক্তি বিশেষজ্ঞদের

0

দেশে করোনা মহামারী শুরুর সময় থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। বাংলাদেশ সরকার করোনাভাইরাস মহামারির পরিস্থিতি বিবেচনা করে ইতোমধ্যেই কওমি মাদ্রাসা ছাড়া সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩রা অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। পাশাপাশি চলতি বছরের অষ্টম শ্রেণীর সমাপনী ও সমমান পরীক্ষা- জেএসসি, জেডিসি এবং প্রাথমিক সমাপনী পরীক্ষা- পিইসিও স্থগিত করেছে।উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা হবে কি না, তা এখনো অনিশ্চিত।

কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি বলছে, তাদের সাম্প্রতিক একটি অনলাইন সভায় এসব বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা হয়েছে এবং ওই সভায় যোগ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেয়ার বিষয়ে ওই কমিটির মতামত চেয়েছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। সেখানে তারা মতামত তুলে ধরেছেন যে বাংলাদেশে এখনো স্কুল খুলে দেয়ার মতো অবস্থা আসেনি। এ সিদ্ধান্তে স্বস্তি এসেছে অভিভাবকদের অনেকের মধ্যেই।

ঢাকার বেইলি রোডের ইশরাত জাহান শাহানার স্কুল পড়ুয়া সন্তান আছে, সে কারণে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত কেমন হয় তা নিয়ে বেশ উদ্বেগেই ছিলেন। তিনি বলেন, ‘স্কুল বন্ধ রাখা এবং পরীক্ষা বাতিল করা সংক্রান্ত বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে কর্তৃপক্ষ।’ আরেকজন অভিভাবক ফেরদৌসি রেজা চৌধুরী বলছেন, ‘এ মূহুর্তে এমন পরিস্থিতিতে স্কুল খোলাটা অনেক টেনশনের বিষয় হতো।’

ঢাকায় আইইডিসিআরের উপদেষ্টা ডা: মুশতাক হোসেন মনে করেন, অভিভাবকদের উদ্বেগ যথার্থ কারণ শিক্ষা প্রতিষ্ঠান খুললে সেটা সংক্রমণের নতুন কেন্দ্র তৈরির আশঙ্কা তৈরি করত। তিনি বলেন, ‘করোনা বাংলাদেশে এখনো গণসংক্রমণ পর্যায় চলছে। অন্তত ২০,০০০ করে নমুনা পরীক্ষা করে পরপর তিন সপ্তাহ সংক্রমণের হার পাঁচ শতাংশের নীচে থাকলে পরীক্ষামূলক ভাবে প্রথমে বিশ্ববিদ্যালয়, এরপর কলেজ এবং সবশেষে স্কুল খোলার চিন্তা করতে হবে।’

জাতীয় কারিগরি পরামর্শক কমিটি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্কুল না খোলার বিষয়ে তারা যেসব যুক্তি দিয়েছেন সেগুলো বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। এতে বলা হয়েছে, ওই সভাতেই স্কুল না খোলার পক্ষে যুক্তি দেখিয়ে কমিটি সদস্যরা বলেন, কিছু দেশ কোভিড-১৯ পরিস্থিতি উন্নতির পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছিল।

এর মধ্যে অনেক দেশেই কোভিড-১৯ সংক্রমণ পুনরায় বৃদ্ধি পেতে শুরু করে যার মধ্যে অন্যতম প্রধান কারণ হলো শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারী- অভিভাবকদের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাওয়া।

ফলে এসব দেশ শিক্ষা প্রতিষ্ঠান আবার বন্ধ করার সিদ্ধান্ত নেয়।’ কমিটি বলছে, পরিসংখ্যান অনুযায়ী শিশুদের করোনায় আক্রান্ত হবার হার একেবারে কম নয়। আইইডিসিআর-এর বয়স ভিত্তিক তথ্য বিভাজনে দেখা যায় আক্রান্তদের মধ্যে শতকরা ৭-৮ ভাগ স্কুলগামী বয়সের। এছাড়াও আইইডিসিআর ও আইসিডিডিআরবি-এর যৌথভাবে পরিচালিত জরিপে দেখা যায় শতকরা ৪-৫ ভাগ শিশু সংক্রমিত হয়েছে’।

এখনি স্কুল না খোলার পক্ষে যেসব যুক্তি:
বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় শিক্ষার্থী সংখ্যা বেশি হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক মেলামেশা থেকে বিরত রাখা যাবেনা।
পরিবহন ব্যবহার বৃদ্ধির কারণে কোভিড-১৯ সংক্রমণের হার বাড়বে। শিক্ষা প্রতিষ্ঠান খুললে শিশুদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অভিভাবকরাও সংক্রমণের ঝুঁকিতে থাকবেন। বাংলাদেশসহ বিভিন্ন দেশে শিশুদের মাল্টিসিস্টেম ইনফ্লেমেশন সিনড্রোম বা এমআইএস নামক জটিলতার খবর পাওয়া যাচ্ছে যা আশঙ্কাজনক ও শিশুমৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান না খোলার পেছনে যুক্তি :

মৃদু সংক্রমণের কারণেও দেহের বিভিন্ন অঙ্গ দীর্ঘস্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যা শিশুদের জন্যও প্রযোজ্য। উচ্চ মাধ্যমিক পরীক্ষা একটি মাসব্যাপী দীর্ঘ কার্যক্রম যা দেশের বিশাল জনগোষ্ঠীকে জড়িত করে। ফলে কোভিড-১৯ সংক্রমণের হার অনেক বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। এসব বিষয় বিবেচনা করে কমিটি তার পরামর্শ দেয় যে, ‘এখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি নেই’। এই অবস্থায় জাতীয় কারিগরি পরামর্শক কমিটি এখন শিক্ষা প্রতিষ্ঠান না খোলার বিষয়ে মতামত প্রদান করে এবং পরবর্তীতে পরিস্থিতি পর্যালোচনার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া যেতে পারে।

১৭ই মার্চ থেকে বন্ধ ক্লাস-পরীক্ষা
এর আগে বাংলাদেশে মার্চ মাসের আট তারিখে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হবার পর ১৬ই মার্চ সরকার ঘোষণা করে যে ১৭ই মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত স্কুল, কলেজসহ সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে। চলতি বছরের ১লা এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাও তখন স্থগিত করা হয়। পরে সরকার যখন প্রথম দফা সাধারণ ছুটি ঘোষণা করে, তখন সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির মেয়াদ ৯ই এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

ওই সময় পর্যন্ত সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টারের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রনালয়। এরপর দফায় দফায় সাধারণ ছুটির মেয়াদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির মেয়াদ বাড়ানো হয় এবং সবশেষ এ ছুটি ৩১শে অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘আমার ঘরে আমার স্কুল’ শিরোনামে সংসদ টেলিভিশনে ক্লাস চলছে।

বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মারা গেছেন ৪০৮২ জন। আর এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন মোট ৩ লাখ ২,১৪৭ জন।

দেশের চিকিৎসা সেবা এখন আন্তর্জাতিক মানের : সেতুমন্ত্রী

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে আসছে। প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্ব ও নিরলস পর্যবেক্ষণের কারণে সরকার শুরু থেকেই করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।

ওবায়দুল কাদের আজ শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির উদ্যোগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন। ওবায়দুল কাদের সংসদ ভবন এলাকাস্থ তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, এ ভাইরাসের অতীত ইতিহাস না থাকায় চিকিৎসা সেবার ক্ষেত্রে সম্পূর্ণ একটি নতুন অভিজ্ঞতা হিসেবে দেখা দিয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও সরকারের ঐকান্তিক প্রচেষ্টার ফলে অল্প সময়ে জনসচেতনতা তৈরির পাশাপাশি চিকিৎসা সেবা প্রদানে আমাদের এখন সক্ষমতা তৈরি হয়েছে, যা দিন দিন বাড়ছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, জনগণের চাহিদা অনুযায়ী সুযোগ সম্প্রসারণের পাশাপাশি পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারি খাতে ও চিকিৎসা সেবার সুযোগ দিন দিন বাড়ছে। দেশে এখন আন্তর্জাতিক মানের চিকিৎসা হচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে আমাদের বিদেশমুখীতা কমিয়ে আনতে হবে। বিশেষায়িত হাসপাতালগুলোকে সেন্টার অব এক্সিলেন্সে রূপান্তরিত করতে হবে।

চিকিৎসা ব্যবস্থাকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা চিকিৎসকদের গ্রামমুখী হওয়ার যে নির্দেশনা দিয়েছেন তা যথাযথভাবে পালন করলে গ্রামীণ স্বাস্থ্য সেবার মান আরো উন্নীত হবে। শুধু রাজধানী কেন্দ্রিক নয়, চিকিৎসা ব্যবস্থাকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই কাজ করছে সরকার। এ খাতে ব্যবস্থাপনা দক্ষতা বাড়াতে এবং অনিয়ম দূর করতে সম্প্রতি বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, এ সকল কার্যক্রম এগিয়ে নিতে চিকিৎসা সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। চিকিৎসা ব্যবস্থা একটি টিম ওয়ার্ক। চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা সরঞ্জামসহ প্রতিটি ক্ষেত্রে গড়ে তুলতে হবে শক্তিশালী টিম ওয়ার্ক।

করোনার পরীক্ষা বাড়ানো ও দ্রুত রিপোর্ট দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করনো টেস্ট আরো বাড়াতে হবে। রিপোর্ট দেওয়ার বিষয়টি যাতে বিলম্ব না না ঘটে, টেস্টের পর পরই যাতে রিপোর্ট পাওয়া যায় সে বিষয়টি নিশ্চিত করবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের উদ্দেশ্যে তিনি বলেন, যারা প্রবাসে চাকরি করেন, তারা যেন কর্মস্থলে ফিরে যাওয়ার উদ্দেশ্যে টেস্ট করাতে গিয়ে সময়মত রিপোর্টের অভাবে বিদেশ যেতে ব্যর্থ না হন বা তাদের ফেরত আসতে না হয়, এটা দেখবেন।

ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময়ে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির উদ্যোগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খোরশেদ আলমের নিকট আওয়ামী লীগের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।

‘৭৫’র পর বঙ্গবন্ধুর নাম সংবাদপত্রে ছাপাতে দেননি জিয়া’

0

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ৭৫’র পর বঙ্গবন্ধুর নাম সংবাদপত্রে ছাপাতে বাধা দিয়েছিল জিয়া সরকার।

আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ডিআরইউ আয়োজিত ‘বঙ্গবন্ধু ও গণমাধ্যম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে গণমাধ্যমের ভালো সম্পর্ক ছিল। সাংবাদিকরা বঙ্গবন্ধুর চিন্তা ভাবনাকে আগলে রেখেছিলেন। এখনো আগলে রাখতে হবে। বঙ্গবন্ধু শুধু একজন ব্যক্তি নন, বঙ্গবন্ধু একটি আদর্শ, বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান। সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। বঙ্গবন্ধুকে সার্বজনীন করতে চাই। সকল বিতর্কের উর্ধ্বে উঠে বঙ্গবন্ধুকে ধরে রাখতে হবে। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো অগ্রগতি হতে পারে না। ইতিহাসকে বাদ দিয়ে কখনো পথ চলা যায় না।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ সৃষ্টি করেছিলেন বলেই স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ এ জায়গায় পৌঁছেছে। এদেশে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে। রাজাকার আলবদরদের স্বপ্ন বাস্তবায়িত হবে না। পৃথিবীর ইতিহাসে বঙ্গবন্ধুই একমাত্র নেতা যিনি দুটি দেশের স্বাধীনতা সংগ্রামে সামনের সারিতে ছিলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু একমাত্র নেতা যিনি রাজনৈতিক দল সৃষ্টি করে দলকে মানুষের কাছে নিয়ে গেছেন। জনগণের আস্থা অর্জনের জন্য দ্বারে দ্বারে গেছেন। জনগণের বিশ্বাস স্থাপন করেছেন এবং তাঁর প্লাটফর্মে ঐক্যবদ্ধ করেছেন। স্বাধীনতা সংগ্রাম থেকে স্বাধীনতার ডাক দিয়েছেন। সে দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, আমরা জয়যুক্ত হয়েছি।

ডিআরইউ’র সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও দি ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, ডিআরইউ’র সাবেক সভাপতি ও বাংলাদেশ জার্নাল এর সম্পাদক শাহজাহান সরদার, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, ডিআরইউ’র সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সময়ের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক শাহনেওয়াজ দুলাল, ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুক্কুর আলী শুভ, ডিআরইউ’র অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ এবং ডিআরইউ’র সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক হাবীবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী।

বঙ্গবন্ধুই দেশের জ্বালানি নিরাপত্তার উদ্যোগ নিয়েছিলেন : হানিফ

0

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশের সীমিত সম্পদ দিয়েই রাষ্ট্রের জ্বালানি নিরাপত্তার উদ্যোগ গ্রহণ করেছিলেন।

তিনি আজ শুক্রবার দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে আয়োজিত ‘বঙ্গবন্ধু, জ্বালানি নিরাপত্তা ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ তার বাসা থেকে ওয়েবিনারের ভার্চুয়াল আলোচনা সভায় যোগদান করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর।

আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র মাহবুব উল আলম হানিফ বলেন, বঙ্গবন্ধু স্বাধীন-সার্বভৌম ও উন্নত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ছিলেন। তিনি নিজে স্বপ্ন দেখতেন এবং জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন।

তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পৃথিবীতে অনেক রাজনৈতিক নেতা ছিলেন যারা অনেক সময় স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু সে স্বপ্ন বাস্তবায়ন করতে পারেননি। বঙ্গবন্ধু আমাদের যে স্বপ্ন দেখিয়েছেন, তা বাস্তবায়নও করেছেন।

হানিফ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কত দূরদর্শী সম্পন্ন রাজনৈতিক নেতা ছিলেন তা উঠে এসেছে তাঁর কর্মকাণ্ডের মাধ্যমে। স্বাধীন রাষ্ট্রে সীমিত সম্পদের মধ্যেই তিনি দেশের জ্বালানি নিরাপত্তার উদ্যোগ গ্রহণ করেছিলেন।

আব্দুস সবুর বলেন, বঙ্গবন্ধু জ্বালানি নিরাপত্তায় প্রথম আত্মনির্ভরশীল হওয়ার পথ দেখিয়েছিলেন। দেশের অর্থনৈতিক ভিতকে মজবুত করতে ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ১৯৭৫ সালের ৯ আগস্ট বহুজাতিক কোম্পানী শেল ওয়েলের কাছ থেকে দেশের ৫টি গ্যাসক্ষেত্র কিনে রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত করেছিলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ঘোষিত রূপকল্প-২০২১ ও ২০৪১ অর্জনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বঙ্গবন্ধু কন্যা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সবুর আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দক্ষিণ এশিয়ায় নয়, গোটা উন্নয়নশীল বিশ্বের একমাত্র সরকার প্রধান, যিনি জ্বালানী নিরাপত্তা বিষয়কে জাতীয় নিরাপত্তার সমার্থক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

ওয়েবিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর ইঞ্জিনিয়ার্স, অষ্ট্রেলিয়ার প্রধান উপদেষ্টা প্রকৌশলী খন্দকার এ সালেক।

এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ অঞ্জন, বড়পুকুরিয়া কয়লা খনি সংস্থা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান খান, বাংলাদেশ গ্যাস ফিল্ড সংস্থা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. তৌফিকুর রহমান তপু, তিতাস গ্যাস, ঢাকার মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) ইঞ্জিনিয়ার মো. আব্দুল ওয়াহাব তালুকদার প্রমুখ।

কোনোভাবেই দলে অনুপ্রবেশকারীদের আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবে না

0

কোনোভাবেই দলে অনুপ্রবেশকারীদের আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণের জন্য অনুপ্রবেশকারীরাই দায়ী।

আজ শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির উদ্যোগে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, আমি একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, অনুপ্রবেশকারীরাই দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। দুঃসময়ের পরীক্ষিত নেতাকর্মীরা কখনো দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ করে না। সাম্প্রতিককালে দেখা গেছে, দলের ভাবমূর্তি ক্ষুণ্নের জন্য অনুপ্রবেশকারীরাই দায়ী।

তিনি বলেন, তবে একথা সত্য যে, এখনো কোথাও কোথাও স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন রয়েছে। গ্রামাঞ্চলে এখনো স্বাস্থ্যসেবা কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসকদের গ্রামমুখী হওয়ার যে নির্দেশনা দিয়েছেন তা যথাযথভাবে পালন করলে গ্রামীণ স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।

সরকারের এসব কার্যক্রম এগিয়ে নিতে চিকিৎসা সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

মা হয়েছেন কেটি পেরি

0

মা হয়েছেন হলিউডের জনপ্রিয় গায়িকা কেটি পেরি । আজ বৃহষ্পতিবার ২৭ আগস্ট পৃথিবীতে এসেছে তার প্রথম সন্তান। কন্যার নাম রাখা হয়েছে ডেইজি ডোভ ব্লুম।

শিশুটি জন্ম নেওয়ার পর ইউনিসেফ তাদের এক বিবৃতিতে জানায়, ‘ডেইজি ডোভ ব্লুমকে পৃথিবীতে স্বাগতম। আমদের শুভেচ্ছাদূত ক্যাট পেরি এবং অরল্যান্ডো ব্লুম দম্পতির নতুন আনন্দের কথা জানাতে পেরে আমরা সম্মানিত বোধ করছি।’

তারা আরও জানিয়েছে, মা এবং মেয়ে দুজনেই বেশ সুস্থ আছেন। কেটি এবং ব্লুমের একসঙ্গে থাকা নিয়ে প্রথম গুঞ্জন আসে ২০১৬ সালে। একটি পার্টির পর তাদের একসঙ্গে থাকা নিয়ে গুঞ্জনটি আরও বাড়তে থাকে। ২০১৯ সালে এসে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নেন তারা।

আর মা হওয়ার খবরটি কেটি পেরি নিজেই সবাইকে জানান চলতি বছরের এপ্রিলে।