Home Blog Page 2722

রাজধানীতে নব্য জেএমবির সদস্য গ্রেপ্তার

0

রাজধানীতে নব্য জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ।

রাজধানীর সবুজবাগ এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিক তার বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।

আজ শুক্রবার সকালে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, আটক ব্যক্তি আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে অর্থ লেনদেন করতো বলে প্রাথমিকভাবে তথ্য আছে।

পরে এ বিষয়ে বিস্তারিত জানাবে পুলিশ।

পদত্যাগ করছেন শিনজো অ্যাবে

0

স্বাস্থ্যগত সমস্যার কারণে পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। শুক্রবার দিন শেষে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছেন তিনি।

গত সপ্তাহ দুয়েকের মধ্যে অন্তত দুবার হাসপাতালে যেতে দেখা গেছে তাকে। সম্প্রতি তার স্বাস্থ্যের অবনতি ঘটছে বলে ধারণা করা হচ্ছে। গুরতর অসুস্থ হয়ে গত ১৭ আগস্ট সকালে রাজধানী টোকিওর একটি হাসপাতালে ভর্তি হন শিনজো আবে।তখন থেকে জাপানের রাজনৈতিক অঙ্গনে শিনজো অ্যাবের পদত্যাগ নিয়ে গুঞ্জন শুরু হয়।

চিকিৎসা সংক্রান্ত কারণে দ্বিতীয়বারের মতো ক্ষমতা থেকে সরে দাঁড়াচ্ছেন শিনজো অ্যাবে। এর আগে অন্ত্রে প্রদাহের সমস্যা নিয়ে ২০০৭ সালেও তিনি ক্ষমতা ছেড়েছিলেন।

পার্লামেন্টের নিম্নকক্ষে ব্যাপক বিজয় নিয়ে ২০১২ সালে তিনি আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাট পার্টির প্রধান হিসেবে আগামী বছরের সেপ্টেম্বরে তার মেয়াদ শেষ হবে। দেশটিতে শিনজো অ্যাবের চেয়ে এতে বেশি সময় আর কোনো প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতে পারেননি।

সূত্র:বিবিসি

“জো বাইডেন মার্কিনিদের স্বপ্নকে ধ্বংস করবে”

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন গ্রহণ করেছেন। রিপাবলিকান কনভেনশনের প্রথম দিনই আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছিল। বৃহস্পতিবার কনভেনশনের শেষ বক্তৃতায় ট্রাম্প সেই মনোনয়ন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন। সেই সাথে প্রতিদ্বন্দ্বি প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে এক হাত দেখে নিয়েছেন ট্রাম্প।

হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, বাইডেন জিতলে যুক্তরাষ্ট্র গৌরব হারাবে। দেশে অরাজকতা তৈরি হবে। অর্থনীতি বিপর্যস্ত হবে। বাইডেন এবং তার সহকারীদের মতো শত্রু যুক্তরাষ্ট্র কখনও দেখেনি বলে দাবি করেছেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। যদি তিনি ক্ষমতায় ফেরেন, তাহলে যুক্তরাষ্ট্রকে এক ঐতিহাসিক স্তরে পৌঁছে দেবেন তিনি। মার্কিন অর্থনীতি সর্বোচ্চ স্তরে পৌঁছাবে। করোনাভাইরাসের ভ্যাকসিনও এ বছরের শেষে বা তার আগেই বাজারে চলে আসবে বলে জানিয়েছেন ট্রাম্প। এর আগে একাধিকবার বর্ণবাদবিরোধী আন্দোলন নিয়ে কটাক্ষ করলেও ভাষণে ট্রাম্প বলেছেন, অ্যাফ্রো-আমেরিকানদের যাতে কোনও অসুবিধা না হয়, সে দিকে লক্ষ্য রাখবেন তিনি।

এর আগে রিপাবলিকান দলের সম্মেলনের তৃতীয় দিনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় কার্যকালের মনোনয়ন গ্রহণ করে ভাষণ দিয়েছেন মাইক পেন্স। পুলিশের নিষ্ঠুর আচরণ ও বর্ণবাদের অভিযোগে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ বিক্ষোভ সত্ত্বেও পেন্স কড়া হাতে আইনশৃঙ্খলা রক্ষার পক্ষে কথা বলেন। তিনি দেশের সব মানুষের জন্য রাজপথে আইনশৃঙ্খলা রক্ষার প্রতিশ্রুতি দেন। পেন্স বলেন, ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন ক্ষমতায় এলে দেশ রসাতলে যাবে এবং বিপ্লবী সমাজতন্ত্রী হিসেবে তিনি যুক্তরাষ্ট্রকে সমাজতন্ত্র ও পতনের দিকে ঠেলে দেবেন। আমরা সেটা হতে দেব না।

সূত্র:বিবিসি

হিজাব পরার অনুমতি পেলো জার্মান শিক্ষিকারা

0

বার্লিনের স্কুলে মুসলিম শিক্ষিকারা হিজাব পরতে পারবে বলে রায় দিয়েছে জার্মানির আদালত। জার্মানির এক নারীর আবেদনের ভিত্তিতে কয়েক বছর ধরে একটি মামলা চলছিল। বৃহস্পতিবার তার ফলাফল এসেছে।

নিরপেক্ষতার আইন রয়েছে জার্মানিতে। যার অর্থ, স্কুলে বা কোনও সরকারি প্রতিষ্ঠানে ধর্মীয় চিহ্ন ব্যবহারকারী কোনও পোশাক পরা যাবে না। সে কারণেই স্কুলে হিজাব বা স্কার্ফ পরে যেতে পারতেন না মুসলিম শিক্ষিকারা। বার্লিনে বসবাসকারী এক মুসলিম নারী এই নিয়মের বিরুদ্ধে বার্লিন আদালতে একটি মামলা করেন। দীর্ঘদিন সেই শুনানি চলার পরে ২০১৮ সালে বার্লিনের নিম্ন আদালত ওই নারীর পক্ষে রায় দেন। বলা হয়, হিজাব পরে স্কুলে যেতে পারবেন মুসলিম নারীরা। একই সঙ্গে ওই নারীকে পাঁচ হাজার ১৫৯ ইউরো ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সরকারপক্ষের উকিল এরপর উচ্চ আদলাতে এই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। বৃহস্পতিবার উচ্চ আদালত তার রায় জানিয়েছে।

হিজাব পরে কোনও মুসলিম নারী যদি স্কুলে যান এবং তাতে যদি শান্তি ভঙ্গ না হয়, তা হলে এতে কোনও অন্যায় নেই। হিজাব পরা এক ধরনের অধিকার। তা থেকে কাউকে বঞ্চিত করা যায় না। ফলে মুসলিম শিক্ষিকারা চাইলে স্কুলে হিজাব পরে যেতে পারেন। নিম্ন আদালতের রায়ের সঙ্গে কোনও অংশেই দ্বিমত পোষণ করেনি উচ্চ আদালত।

বার্লিনে বসবাসকারী মুসলিম নারীরা বলছে এটা তাদের বড় বিজয়। স্কুলে হিজাব পরা নিয়ে কিছু দিন আগে জার্মানির আরও কয়েকটি রাজ্যে গোলযোগ দেখা গিয়েছিল। বেশ কিছু রাজ্য স্কুলে হিজাব, বোরখা পরা নিষিদ্ধ ঘোষণা করেছিল। তখনও ধর্মীয় অধিকার এবং স্বাধীনতার প্রশ্ন উঠেছিল। বার্লিনের আদালতের রায় এ বার দেশের অন্য আদালতগুলিকেও প্রভাবিত করবে বলে অনেকে মনে করছেন। তবে জার্মান বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, জার্মানির নিউট্রালিটি বা নিরপেক্ষতার আইন খুব শক্তিশালী। বার্লিন আদালতের রায় এবং নিরপেক্ষতার আইনের মধ্যে কী ভাবে সামঞ্জস্য রক্ষা করা হবে, তা নিয়ে অনেকেই চিন্তিত।

বেলারুশে হস্তক্ষেপের জন্য প্রস্তুত রুশ বাহিনী

0

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, প্রয়োজনে বেলারুশে হস্তক্ষেপ করার জন্য পুলিশ রিজার্ভ ফোর্স গঠন করা হয়েছে। তবে পরিস্থিতি এখনো সে রকম পর্যায়ে যায়নি।

রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে কথা বলার সময় পুতিন বলেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো আমাকে পুলিশ রিজার্ভে রাখতে বলেছেন এবং আমি তা রেখেছি। বেলারুশকে সাহায্যের জন্য প্রস্তুত আমাদের বাহিনী।

তিনি আরো বলেন, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যাওয়া পর্যন্ত তা করবো না বলেও আমরা একমত হয়েছি।

এদিকে গত ৯ আগস্ট বেলারুশে বিতর্কিত এক নির্বাচনে লুকাশেঙ্কাে ক্ষমতায় থাকার জেরে ব্যাপক বিক্ষোভ চলছে। বিক্ষোভের সংবাদ প্রকাশের জেরে অন্তত ১৩ জন সাংবাদিক সেখানে আটক হয়েছেন।

যদিও বেলারুশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের পরিচয় যাচাইয়ের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে বিবিসির সংবাদদাতা বলেছেন, এটা পরিষ্কার যে, বিক্ষোভের খবর প্রকাশ ও সম্প্রচারে বিঘ্ন ঘটানোর জন্যই এ কাজ করা হয়েছে।

সূত্র : বিবিসি

সংকট ও দুর্যোগে শেখ হাসিনার বিকল্প তিনি নিজেই : সেতুমন্ত্রী

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংকট ও দুর্যোগে দূরদর্শিতার সাথে ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প তিনি নিজেই।

আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) শাখা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। ওবায়দুল কাদের সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

ক্ষমতার দাপট না দেখানোর জন্য দলীয় কর্মীদেরকে সতর্ক করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, চিরকাল কেউ ক্ষমতায় থাকে না। ক্ষমতায় থেকে যে যেখানে আছেন ক্ষমতার দাপট দেখাবেন না। যারা দল করেন তারা মনে রাখবেন যে, দলে যদি ঐক্যকে গুরুত্ব না দেন, নিজেদের মধ্যে কলহ- কোন্দল থাকে তাহলে দুঃসময়ে প্রতিপক্ষ কোন্দলের ওপর আঘাত হানবে।

ওবায়দুল কাদের বলেন, হত্যা হত্যাকে ডেকে আনে। জিয়াউর রহমান যদি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না থাকতেন, বঙ্গবন্ধু হত্যার বিচার করতেন তাহলে আরেকটি খুনী চক্র জিয়াউর রহমানকে হত্যা করতে পারতো না বলে আমার বিশ্বাস। যে বুলেট শেখ হাসিনা ও শেখ রেহানাকে এতিম করেছে, সেই বুলেট খালেদা জিয়াকে বিধবা করেছে।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিভিন্ন হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে যিনি পুরস্কৃত করেছেন এবং হত্যার বিচার করা হবে না বলে ইনডেমনিটি আইন সংবিধানের পঞ্চম সংশোধনিতে অন্তর্ভূক্ত করেছিলেন তাকে বলা হয় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তারপর আবার ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টা। যারা বিচার বহির্ভূত হত্যার কথা বলে তারা যেন নিজেদের চেহারা আয়নায় দেখে নেয়।

দেশে বিদ্যমান করোনাভাইরাস পরিস্থিতি তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, যে হারে সংক্রমণের আশঙ্কা বিশেষজ্ঞরা করেছিলেন, সেই হারে সংক্রমণ হয়নি। তারপরও স্বাস্থ্য বিধি মেনে চলতে শৈথিল্য না দেখিয়ে আরো সতর্ক হতে হবে। স্বাস্থ্য খাতে জনবল বাড়ানো হয়েছে, জনবল আরো দরকার। আমাদের করোনা সুরক্ষা সামগ্রী আরো দরকার। কিছু কিছু বেসরকারি মেডিক্যাল হাসপতালে শিক্ষা ও সেবার মান নিয়ে প্রশ্ন রয়েছে। সেবার ব্রত নিয়ে সকলকে কাজ করতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শাখার স্বাচিপ-এর আহ্বায়ক অধ্যাপক ডা. আবু নাসার রিজভির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, স্বাচিপের কেন্দ্রীয় সভাপতি ডা. ইকবাল আর্সলান, সাধারণ সম্পাদক ডা. এম এ আজিজ প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশে জাপান সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে

0

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের সাথে জাপান ইন্টান্যাশনাল কো-অপারেশন এজেন্সি-জাইকার বাংলাদেশে নিযুক্ত প্রধান প্রতিনিধি হায়াকাওয়া ইউহো সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের মন্ত্রীর নিজ কক্ষে এসে হায়াকাওয়া ইউহো এবং অন্যান্য সদস্যরা সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে, হায়াকাওয়া ইউহো জাইকার সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগের অধীন বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

এ সময় মো. তাজুল ইসলাম বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করার পরপরই জাপানের সাথে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন। জাতির পিতা শহীদ হওয়ার পর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর গতিশীল নেতৃত্বে সেই সম্পর্ককে নতুন এক উচ্চতায় নিয়ে গেছেন।

বর্তমানে দেশে মাথাপিছু আয় দুই হাজার ডলার ছাড়িয়েছে জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে দেশকে ক্ষুধা-দারিদ্রমুক্ত এবং উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার যে লক্ষ্যমাত্রা ঠিক করেছেন তা এ সময়ের আগেই বাস্তবায়িত হবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশে অবকাঠামোর উন্নয়ন ও নতুন অবকাঠামো নির্মাণ, পরযটনসহ সরকারি-বেসরকারি সকল ক্ষেত্রে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। তাই জাপান সরকার এবং জাপানের বেসরকারি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান তিনি।

বাংলাদেশ-জাপান দীর্ঘদিনের বন্ধন আগামীতে আরো সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মো. তাজুল ইসলাম।

বাংলাদেশে জাপান সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে এবং দেশের সার্বিক পরিবেশ ইতিবাচক থাকায় বিনিয়োগে তার সরকার আগ্রহী বলেও মন্ত্রীকে জানান জাইকা প্রতিনিধি।

সভায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী উপস্থিত ছিলেন।

অভিযানে তিতাসের ছয় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

0

বাসাবাড়িতে অবৈধভাবে সংযোগ দেওয়া প্রায় ছয় হাজার পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল বুধবার মেট্রো ঢাকা বিপণন বিভাগ-৫ এর আওতাধীন ওয়েস্ট ধানমন্ডি এবং মেট্রো হাউজিং, বছিলা, মোহাম্মদপুর এলাকায় র‍্যাব ও পুলিশ সহযোগিতায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ অভিযান যৌথভাবে পরিচালনা করা হয়।

অভিযানের মধ্যে ওয়েস্ট ধানমন্ডি অংশে অবৈধ বিতরণ লাইনটির উত্সমুখ কর্তন করে ৪০০ ফুট লাইন অপসারণ করে প্রায় ১.৫ কি.মি. এলাকায় অবৈধ লাইনের গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে এবং মেট্রো হাউজিং অংশে অবৈধ বিতরণ লাইনটির উত্সমুখ কর্তন করে ১০০ ফুট লাইন অপসারণ করে প্রায় ১.০ কিলোমিটার এলাকার অবৈধ লাইনের গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। এর মাধ্যমে প্রায় ছয় হাজার অবৈধ বার্ণারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এ বিষয়ে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মো. আল মামুন কালের কণ্ঠকে বলেন, আমরা এখন খুব জোরালো ভূমিকা নিয়েছি। সরকারের পক্ষ থেকে খুব চাপ আচ্ছে। আমরা অবৈধ সংযোগগুলোকে উচ্ছেদ করতে চাচ্ছি। আমাদের অভিযান চলবে এবং সারা রাজধানীতে আমাদের ছয়টি জোন থেকে ৬ জন করে ৩৬টি টিম করে দিয়েছি। ঢাকার বাহিরেও আলাদা টিম করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে আরো জোরালোভাবে আমাদের অভিযান চলবে। তবে যে এলাকায় অভিযান করা হবে সেখানে ২-৩ দিন আগেই মাইকিং করে সতর্ক করে দেওয়া হবে।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ৩৮ সেবা মিলবে এখন অনলাইনে

0

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ৩৮ সেবা এখন অনলাইনেই মিলবে। ফলে সেবাগ্রহণকারীদের ভোগান্তি অনেকাংশে হ্রাস পাবে। ‘মাইগভ’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে এ সেবা গ্রহণ করা যাবে। সহযোগিতায় রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

আজ বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ডিজিটাইজেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, ২০০৮ সালে ক্ষমতায় আসার পরে যখন ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়, তখন সেটি নিয়ে অনেকেই এটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী শেষ হাসিনা ও তার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে সারা দেশ আজ ডিজিটাল হয়েছে। যারই অংশ হিসেবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সব কাজ এখন অনলাইনে করা যাবে।

তিনি বলেন, এমআইএস কর্মসূচির আওতায় ইতোমধ্যেই এক লাখ ৬০ হাজার মুক্তিযোদ্ধ ঘরে বসেই তাদের ভাতা পাচ্ছেন। আগামী মাসের মধ্যে একটি শতভাগে উত্তীর্ণ করা হবে।

জুনাইদ আহমেদ পলক বলেন, একসময় মুক্তিযোদ্ধাদের সন্তানরা নিজের বাবার পরিচয় দিতে পারতেন না। পরিচয় দিলে চাকরি হতো না। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দিয়েছেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এটুআইয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. আবদুল মান্নান, পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী প্রমুখ।

চিরকাল কেউ ক্ষমতায় থাকে না : সেতুমন্ত্রী

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে কখন কী ঘটে বলা যায় না। এ জন্য তিনি দলীয় নেতা-কর্মীদের ক্ষমতার দাপট না দেখানোর জন্য সতর্ক করে দিয়েছেন।

আজ বৃহস্পতিবার স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন তিনি।

ওবায়দুল কাদের বলেন, যারা দল করেন তারা মনে রাখবেন দলে যদি ঐক্যকে গুরুত্ব না দেন, নিজেদের মধ্যে কলহ-কোন্দল থাকে তাহলে দুঃসময়ে প্রতিপক্ষ কোন্দলের ওপর আঘাত হানবে। এ দেশে কখন কী ঘটে বলা যায় না। চিরজীবন আমরা ক্ষমতায় থাকবো এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাবেন না, আমরাও ভাবি না। চিরকাল কেউ ক্ষমতায় থাকে না। চোখের পলকে বাংলাদেশে ১৫ আগস্ট ঘটে গেছে। হঠাৎ করে ২১ আগস্ট। ক্ষমতায় থেকে যে যেখানে আছেন ক্ষমতার দাপট দেখাবেন না।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিভিন্ন হত্যাকাণ্ডের কথা তুলে বলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা বিচার বহির্ভূত হত্যার কথা বলেন তারা যেন নিজেদের চেহারা আয়নায় দেখে নেন।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বিএসএমএমইউ শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. আবু নাসার রিজবীর সভাপতিত্বে বক্তব্য আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া এবং স্বাচিপের কেন্দ্রীয় সভাপতি ডা. ইকবাল আর্সলান ও সাধারণ সম্পাদক ডা. এমএ আজিজ।