Home Blog Page 2724

ক্রাইস্টচার্চ মসজিদে গুলি: ৫১ জনের সেই খুনির যাবজ্জীবন

0

২০১৯ সালের মার্চে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে গুলি চালিয়ে ৫১ জনকে হত্যা করেছিলেন শ্বেতাঙ্গ এক যুবক। এ ঘটনায় আজ বৃহস্পতিবার তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার ২৯ বছর বয়সী ব্রেন্টন হ্যারিসন টরেন্ট’কে সর্বোচ্চ সময় যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। নিউজিল্যান্ডে এই প্রথম কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো।

বিচারক ক্যামেরন মেন্ডার বলেন, যে ধরনের অপরাধ করেছেন টরেন্ট, যাবজ্জীবন কারাদণ্ড তার উপযুক্ত শাস্তি নয়। তার পদক্ষেপ ছিল অমানবিক। তিন বছরের শিশুও তার হাত থেকে রক্ষা পায়নি।

জানা গেছে, রায়ের ব্যাপারে ওই যুবক কোনো ধরনের আপিল করতে পারবেন না এবং প্যারোলে মুক্তি পাবেন না কখনো।

২০১৯ সালে ওই বন্দুকধারী ক্রাইস্টচার্চের আল নূর এবং লিনউড মসজিদে হামলা চালানোর পর মারণাস্ত্র সেমি অ্যাটোমেটিক রাইফেল নিষিদ্ধ করে দেয় নিউজিল্যান্ড। হামলার দৃশ্য ফেসবুকে লাইভ করার পর সারাবিশ্ব শিউরে উঠেছিল বর্বরতা দেখে।

গত মার্চেই ৫১ জনের এই হত্যাকারীকে দোষী সাব্যস্ত করা হয়। হত্যা ছাড়াও আরো ৪০ জনতে হত্যাচেষ্টার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

সূত্র : ওয়াশিংটন পোস্ট

সেপ্টেম্বরেও পশ্চিমবঙ্গে নির্দিষ্ট দিনে চলবে পূর্ণ লকডাউন

0

পূর্ণ লকডাউন থেকে যদিও পশ্চিমবঙ্গের অনেক মানুষ মুক্তির স্বপ্ন দেখেছিলেন, তবে সেপ্টেম্বরের ২০ তারিখ পর্যন্ত সেই সম্ভাবনা নেই বলে জানিয়ে দিলেন প্রদেশটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগস্ট মাসে যেভাবে নির্দিষ্ট দিনে পূর্ণ লকডাউন হয়েছে, তেমনই চলবে সেপ্টেম্বরেও। সেপ্টেম্বরের ৭, ১১ ও ১২ তারিখ বাংলায় পূর্ণ লকডাউনে থাকবে পশ্চিমবঙ্গ। বাকি লকডাউনের দিন রাজ্য সরকার পরে ঘোষণা করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

গণপরিবহন ব্যবস্থা আরো ব্যাপকভাবে চালু হলে যে তার আপত্তি নেই মমতা তা-ও জানিয়ে দিলেন। তিনি বলেন, নিয়ম মেনে যদি মেট্রো রেল ও লোকাল ট্রেন চলে তাহলে রাজ্যের কোনো সমস্যা নেই। সামাজিক দূরত্ব মেনে মেট্রো রেল এবং লোকাল ট্রেন চলতে পারে ১ সেপ্টেম্বর থেকে। তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার বা রেল যদি রাজ্যের সঙ্গে একবার কথা বলে নেয় তাহলে ভালো হয়।

গত দু’দিন ধরেই শোনা যাচ্ছে, সেপ্টেম্বরের শুরু থেকেই দেশের বিভিন্ন শহরে মেট্রো পরিষেবা চালু হতে পারে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও মেট্রো চালু করার দাবি জানিয়েছেন। এদিন সে ব্যাপারেই রাজ্যের বক্তব্য জানিয়েছেন মমতা। তবে এখনই রাজ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলছে না বলে জানিয়ে দিয়েছেন তিনি। প্রদেশটির মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

জুলাই মাসের শেষেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার জানিয়েছিল, সংক্রমণের শৃঙ্খল ভাঙতে রাজ্য সরকার সপ্তাহে দু’দিন পূর্ণ লকডাউনের পথে হাঁটবে। তাই তিনটি তারিখ ঘোষণা করল রাজ্য সরকার। এই মাসে আরও দু’দিন লকডাউন রয়েছে রাজ্যে। আগামী কাল ২৭ অগস্ট ও ৩১ অগস্ট লকডাউন হবে বাংলায়।

রাজনৈতিক দল নিবন্ধন আইনের খসড়া অনুমোদন

0

নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দল নিবন্ধন আইনের খসড়া অনুমোদন দিয়েছে। আগারগাঁও নির্বাচন ভবনে আজ বুধবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশন আইনের সার্বিক দিক পর্যালোচনা করে কিছু সংযোজন-বিয়োজনের নির্দেশনাসহ এটি অনুমোদন দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা আগামী সপ্তাহের মধ্যেই সংযোজন-বিয়োজন সম্পন্ন করে কমিশনারদের কাছে উপস্থাপন করব। তারা এটি দেখার পর পরবর্তী পদক্ষেপের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।’

তিনি বলেন, বর্তমানে সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু নিবন্ধনের বিষয়টি আরপিওতে থাকলে তা কেবল সংসদ নির্বাচনের জন্য প্রযোজ্য হয়। এ ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের জন্য আলাদা আইনের প্রয়োজন পড়বে। আরপিও থেকে নিবন্ধনের চ্যাপ্টারটি বের করে একটি স্বতন্ত্র আইন করা হলে এ ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।

মো. আলমগীর বলেন, রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টি ৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) ছিল না। এটি ২০০৮ সালে আরপিওতে যুক্ত হয়েছে। তখন আলাদা আইনের কথা উঠেছিল। কিন্তু সময়ের অভাবে তড়িঘড়ি করে এটিকে আরপিওতে যুক্ত করা হয়। তবে বর্তমান কমিশন রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টি আলাদা করে আইন করার প্রয়োজন বলে মনে করছে। তারা মনে করছে, আইনের এই অংশটি আরপিও থেকে বের করে স্বতন্ত্র করা উচিত। তাছাড়া সরকারের একটি সিদ্ধান্ত আছে, সব আইন বাংলায় প্রণয়ন করার। যার কারণে এটি বাংলায় করা হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা ১৭টি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনসহ ৪১ জন প্রতিনিধির মতামত নিয়েছি। এটি পুঙ্খানুপুঙ্খভাবে কমিশন সভায় তুলে ধরা হয়েছে। মতগুলোর মধ্যে যেটি গ্রাহ্য সেটা কমিশন গ্রহণ করেছে। যেটি অগ্রাহ্য সেটি কমিশন গ্রহণ করেনি।’

মিরপুরে অবৈধ ৮ ওয়াশিং কারখানা বন্ধ করল পরিবেশ অধিদপ্তর

0

রাজধানীর মিরপুরে পরিবেশগত ছাড়পত্রবিহীন এবং ইটিপিবিহীন অবৈধ আটটি বস্ত্র ওয়াশিং কারখানায় অভিযান পরিচালনা করে সেগুলো বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

আজ বুধাবার পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট শাখা এই অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে মিরপুর-১ এলাকায় এবং ইস্টার্ন হাউজিং এলাকায় বিভিন্ন ধরনের ওয়াশিং কারখানা ইটিপি নির্মাণ না করে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছিল।

ওয়াশিং কারখানাগুলোকে একাধিকবার নোটিশ করা হলেও তারা পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করেনি এবং পরিবেশগত ছাড়পত্র গ্রহণ করেনি। এর ফলে এসব ওয়াশিং কারখানার হতে সৃষ্ট তরল বর্জ্য ড্রেনের মাধ্যমে অপরিশোধিত অবস্থায় তুরাগ নদীতে নির্গত হয়ে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসাবে ঘোষিত তুরাগ নদকে ব্যাপকভাবে দূষিত করছিল।

উল্লেখ্য যে মহামান্য হাইকোর্ট বিভাগ রীট পিটিশন নং ১৩৯৮৯/২০১৬ এর আদেশে তুরাগ নদকে জীবন্ত সত্তা/আইনি সত্তা হিসাবে ঘোষণা করে সংশ্লিষ্ট অধিদপ্তরকে এ নদী দূষণ ও দখলমুক্ত রাখার নির্দেশ দিয়েছেন। এ প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর নদী দূষণ ও দখলের বিরুদ্ধে চলমান অভিযান জোরদার করেছে।

এর ধারাবাহিকতায় আজ মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মডার্ন ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং লিমিটেড, মেঘনা ওয়াশিং প্লান্ট ( ইউনিট-১), মেঘনা ওয়াশিং প্লান্ট (ইউনিট-২), লালন ওয়াশিং প্লান্ট, পারসোনা ওয়াশিং প্লান্ট, ভাই ভাই ওয়াশিং প্লান্ট এবং নামবিহীন আরো দুটি কারখানসহ মোট ৮টি ওয়াশিং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মাধ্যমে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়।

এ সময় এম এম এক্সেসরিজ নামক রপ্তানিমুখী প্যাকেজিং সামগ্রী উৎপাদনকারী একটি পরিবেশগত ছাড়পত্রবিহীন কারখানাকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। এছাড়া বন্ধু ডিজাইন ফ্যাশন নামক অপর একটি কারখানায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ রাখার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা ও ২৫০ কেজি অবৈধ পলিথিন জব্দ করার আদেশ দেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

অবৈধ কারখানাগুলো বন্ধ করলে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন। অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর পরিচালক রুবিনা ফেরদৌসী জানান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দূষণকারী শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

এ অভিযানে তাঁকে সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর সহকারী পরিচালক মো. সামসুজ্জামান সরকার, পরিবেশ অধিদপ্তর ঢাকা মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল আশ্রাব ও সহকারী পরিচালক মুক্তাদির হাসান।

তাছাড়া এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুননেছা আক্তার উপস্থিত ছিলেন। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় ডিএমপির রিজার্ভ পুলিশ ফোর্স এবং অবৈধ কারখানাসমূহে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড মিরপুরের টীম সহযোগিতা করেন।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন মো. সেলিম রেজা

0

মো. সেলিম রেজা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। তিনি আজ বুধবার ডিএনসিসির গুলশানস্থ নগরভবনে মেয়র মো. আতিকুল ইসলামের কাছে যোগদানপত্র পেশ করেন।

মো. সেলিম রেজা দশম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। বর্তমানে তিনি বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব। ইতিপূর্বে তিনি ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, ডিএনসিসির বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই চলতি মাসের ৩১ তারিখে চাকরি হতে অবসর নেবেন।

প্লাজমা থেরাপির গবেষণার বিশ্ব স্বীকৃতি পেল বিএসএমএমইউ

0

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় কনভালেসেন্ট প্লাজমা থেরাপি কতটা কার্যকর ও নিরাপদ তা নির্ণয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চলমান গবেষণাটির আন্তর্জাতিকভাবে স্বীকৃতি মিলেছে। বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এ বিশ্ববিদ্যালয়ের এ গবেষণার মুখপাত্রের বক্তব্য উল্লেখ করার মধ্য দিয়ে এটির বৈশ্বিকভাবে স্বীকৃতি পেল।

আজ বুধবার বিএসএমএমইউ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘নেচার’র পক্ষ থেকে বিএসএমএমইউর কনভালাসেন্ট প্লাজমা থেরাপি বিষয়ে চলমান গবেষণার প্রধান গবেষক ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এবং মুখপাত্র ডা. ফজলে রাব্বি চৌধুরীর সঙ্গে ইন্টারভিউর জন্য যোগাযোগ করা হয়।

কনভালেসেন্ট প্লাজমা থেরাপির চলমান গবেষণাসমূহের মধ্যে বিশ্বের মাত্র দুটি গবেষণা দলের কাছ থেকে সাময়িকীটি ইন্টারভিউয়ের মাধ্যমে মতামত গ্রহণ করে, যার মধ্যে বিএসএমএমইউর নেতৃত্বে দেশের পাঁচটি প্রতিষ্ঠানের ১১ সদস্যবিশিষ্ট গবেষক দলের পরিচালনাধীন গবেষণাটি অন্যতম।

‘নেচার’ নিউজের পক্ষ থেকে সিনিয়র রিপোর্টার হেইডি লেডফোড অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এবং ডা. ফজলে রাব্বি চৌধুরীর সাক্ষাৎকার নেন। পরবর্তীতে ‘নেচার’ নিউজে গবেষক দলের মুখপাত্র ডা. ফজলে রাব্বি চৌধুরীর বরাতে চলমান গবেষণার বিভিন্ন পর্যবেক্ষণ বর্ণনা করা হয়।

‘বেগম জিয়া হঠাৎ করে ১৯৯৫ সালে ১৫ আগস্ট জন্মগ্রহণ করেছেন’

0

বঙ্গবন্ধুর খুনীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়াতে জিয়ার মতো বেগম জিয়াও অপরাধী বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ বুধবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘৪৫তম শাহাদত বার্ষিকী’ উপলক্ষে প্রগতিশীল ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (ভাসানী) ওই আলোচনা সভা আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রধান কুশীলব খন্দকার মোশতাক আর তার প্রধান সহযোগী হচ্ছে জিয়াউর রহমান। তাই আজকে দাবি উঠেছে, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে, কুশীলবদের তো বিচার হয় নাই। জিয়াউর রহমানসহ যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পটভূমি রচনা করেছেন, তাদের মুখোশ উন্মোচন করা দরকার আর কুশীলবদের মধ্যে যারা এখনো বেঁচে আছে, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো দরকার। ইতিহাসের স্বার্থেই তা প্রয়োজন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বেগম জিয়া ১৯৯৬ সালের ফেব্রুয়ারি পাতানো নির্বাচন করার পর বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী কর্নেল রশীদকে বিরোধী দলীয় নেতা বানিয়ে তার গাড়িতে বাংলাদেশের পতাকা লাগিয়ে দিয়েছিলেন, মন্ত্রীর মর্যাদা দিয়েছিলেন। এতো বছর পরে বলা নাই কওয়া নাই বেগম খালেদা জিয়া হঠাৎ করে ১৯৯৫ সালে ১৫ আগস্ট জন্মগ্রহণ করলেন, তারপর থেকে কেক কাটা শুরু করলেন। এগুলো ফৌজদারি অপরাধ। এই অপরাধে বেগম খালেদা জিয়াও অপরাধী।

কমিশন করে যেমন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কুশীলব জিয়াউর রহমানের মুখোশ উন্মোচন প্রয়োজন এবং হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া, হত্যাকাণ্ডকে উপহাস করা ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করার অপরাধে বেগম খালেদা জিয়ারও বিচার হওয়া প্রয়োজন। এটি সময়ের দাবি।

ন্যাপ-ভাসানী দলকে শোক দিবসের অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রগতিশীলদের মধ্যে যখনই অনৈক্য তৈরি হয়, তখনই প্রতিক্রিয়াশীলরা সুযোগ করে নেয়। ১৯৭৫ সালে এভাবেই প্রতিক্রিয়াশীলরা সুযোগ করে নিয়েছিল। পরবর্তীতে বিভিন্ন সময়ে প্রগতিশীলদের অনৈকের সুযোগ নিয়ে প্রতিক্রিয়াশীলরা ক্ষমতা দখল করেছে, ছোবল মেরেছে।

তিনি বলেন, আজকে আস্ফাালনকারী প্রতিক্রিয়াশীলদের দমন করার সমস্ত স্বাধীনতার স্বপক্ষের শক্তি প্রগতিশীলদের ঐক্য প্রয়োজন। স্বাধীনতার প্রশ্নে, অসামপ্রদায়িকতার প্রশ্নে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে, যে মূলমন্ত্রের ভিত্তিতে আমাদের পূর্বসূরিরা দেশ রচনা করে গেছেন, স্বাধীনতার সেই মূলভিত্তিগুলোকে সংরক্ষণ করার স্বার্থে আমাদের মধ্যে অবশ্যই ঐক্য প্রয়োজন।

অবৈধ ক্ষমতা দখলকারীদের মুখে নীতি কথা মানায় না : সেতুমন্ত্রী

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর মোশতাক-জিয়া চক্র অবৈধ ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে জাতির বিবেককে কারারুদ্ধ করে রেখেছিলেন। যারা অবৈধভাবে ক্ষমতা দখলকরে নিজেদের স্বার্থে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করেছে তাদের মুখে নীতির কথা মানায় না।

আজ বুধবার বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় একথা বলেন।

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পররাষ্ট্র নীতির সমালোচনার প্রসঙ্গ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল সাহেবকে বলতে চাই, পৃথিবীর একটি দেশের নাম বলুন, যে দেশ বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দিয়ে মানবিকতার অন্যান দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রায় ১১ লাখ রোহিঙ্গা নার-নারীকে আশ্রয় দিয়ে, বাসস্থান দিয়ে, খাদ্য দিয়ে শেখ হাসিনা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন। সারাবিশ্ব যখন শেখ হাসিনার মানবদরদী ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ তখন তো আপনারা (বিএনপি) ধন্যবাদ দিতে ব্যর্থ হয়েছেন।

তিনি বলেন, জীবিকার চাকা সচল রাখতে সরকার গার্মেন্টস ফ্যাক্টরি খুলে দেওয়ার যখন সিদ্ধান্ত নিয়েছিল তখন বিএনপি দেশকে ভয়াবহ বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছিল। বিশেষজ্ঞরা সংক্রমণ অতিমাত্রায় বেড়ে যাওয়ার আশঙ্কা প্রাকাশ করেছিল। কিন্তু আল্লাহর বিশেষ রহমত ও শেখ হাসিনার দূরদর্শী ও সময়োচিত সিদ্ধান্তের ফলে আজ এতদিন পরেও বিশেষজ্ঞদের অবাক করে দিয়ে আশঙ্কা অনুযায়ী গার্মেন্টস ফ্যাক্টরিতে সংক্রমণ ছড়ায়নি। ঈদে গণপরিবহন চলুর সময়ও বিএনপির অভিযোগের তীর ছুড়েছিল।

সেতুমন্ত্রী বলেন, ক্রমাগত লোকসান ঠেকাতে পাটকল বন্ধে সরকার যে যে সিদ্ধান্ত নিয়েছে এবং শ্রমিকদের সব পাওনা মিটিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা বাস্তব সম্মত। পাটকল বন্ধের ফলে বেকার শ্রমিকদের পূর্নবাসন করার আশ্বাস দিয়েছে সরকার। শ্রমজীবী মানুষের অকৃত্রিম বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা।

শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ ও সংগঠনের সাধারণ সম্পাদক আজম খসরুসহ অনেকে।

সাগরের অধিকার নিয়ে তুরস্ক আপোস করবে না : এরদোগান

0

কৃষ্ণ সাগর, এজিয়ান ও ভূমধ্যসাগরে তুরস্ক তার অধিকার ফিরে পাওয়ার জন্য যা কিছু করা প্রয়োজন তা করতে বদ্ধপরিকর বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ভূমধ্যসাগরের জলসীমার নিয়ন্ত্রণ নিয়ে গ্রীসের সঙ্গে তীব্র উত্তেজনা চলছে তুরস্কের।

সেলজুক তুর্কিদের বায়জান্টাইন সম্রাজ্যের বিরুদ্ধে মালাজগার্ট বিজয়ের ১১ শত বর্ষপূর্তি উপলক্ষে এক সম্মেলনে তিনি আঙ্কারার প্রতিপক্ষকে কোন ভুল পদক্ষেপ না নিতে হুঁশিয়ারি দেন।

এরদোগান জানান, যে কোন ভুল তাদের ধ্বংস ডেকে আনবে। আমরা আমাদের কোন বিষয় নিয়ে আপস করব না, আমাদের যা প্রয়োজন তা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমরা অন্য কারোর ভূখন্ড, সার্বভৌমত্ব বা ইচ্ছাতে নজর দিচ্ছি না তবে যা আমাদের তাতে ছাড় দেব না।

এরদোগান গ্রিসকে এমন সব ভুল এড়িয়ে চলার আহ্বান জানান যা তাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাবে।

সূত্র : রয়টার্স।

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট গাইয়ুম করোনায় আক্রান্ত

0

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে এক টুইট বার্তায় নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন দেশটির সাবেক এই প্রেসিডেন্ট। পর্যটন নির্ভর মালদ্বীপে গত মাসে সীমান্ত খুলে দেয়া হয়। এরপর থেকে দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করে।

টুইটে মামুন আব্দুল গাইয়ুম বলেছেন, ‘পরীক্ষায় আমার কভিড-১৯ পজিটিভ এসেছে। সর্বশক্তিমান আল্লাহ আমার ও অন্যান্য অসুস্থদের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য লাভে সহায় হোন।’

এশিয়ায় সবচেয়ে দীর্ঘসময় ধরে ক্ষমতায় থাকাদের অন্যতম একজন ৮১ বছর বয়সী মামুন আব্দুল গাইয়ুম। প্রায় ৩০ বছর মালদ্বীপের ক্ষমতায় ছিলেন তিনি।

পরিবারের একটি সূত্র বলছে, সোমবার রাতে জ্বর আসার পর সাবেক এই প্রেসিডেন্ট চিকিৎসকদের পরামর্শে মঙ্গলবার সকালে কভিড-১৯ পরীক্ষা করান। সেখানে রিপোর্ট পজিটিভ আসে।

তবে সাবেক এই প্রেসিডেন্টের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছে ওই সূত্র। রাজধানী মালেতে নবনির্মিত ধারুমাভান্থা হাসপাতালে তাকে ভর্তি করা হতে পারে বলে জানা গেছে।

সূত্র : রয়টার্স।