Home Blog Page 2725

নির্বাচনের আগে টিকা চান ট্রাম্প, তাড়াহুড়ো করতে নারাজ অ্যাস্ট্রাজেনেকা

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান, এ বছর তার দেশে প্রেসিডেন্ট নির্বাচনের আগেই যেন করোনাভাইরাসের টিকা বাজারে চলে আসে। কারণ, বিশেষজ্ঞরা মনে করছেন- দ্রুত টিকা নিয়ে আসতে পারলে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প পুনরায় নির্বাচিত হওয়ার পথ প্রশস্ত হবে।

তবে, ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা সাফ জানিয়ে দিয়েছে, তাড়াহুড়ো করে টিকা বাজারে নিয়ে আসাটা তাদের মুখ্য উদ্দেশ্য নয়। বিশেষ করে নির্বাচনের আগে টিকা বাজারে নিয়ে আসার ব্যাপারে ভাবছেই না প্রতিষ্ঠানটি।

এদিকে হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ট্রাম্প চান অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের তৈরি টিকা দ্রুত অনুমোদন দিতে।

বিশেষজ্ঞরা মনে করেন, টিকা চলে এলে করোনা সঙ্কট কমে যাবে। আর এটি নভেম্বরের আগে বাজারে চলে এলে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে পুনরায় ক্ষমতায় আরোহণের সুযোগ সৃষ্টি হতে পারে। কারণ, তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন এরই মধ্যে বলেছেন, মার্কিনিদের সুরক্ষা দিতে ব্যর্থ ট্রাম্প।

এদিকে অ্যাস্ট্রাজেনেকা বলছে, যুক্তরাষ্ট্রে জরুরি ব্যবহারের ব্যাপারে আমাদের টিকা অনুমোদন পাওয়ার বিষয়ে কোনো আলোচনা শুরু হয়নি। টিকা দ্রুত বাজারে নিয়ে আসার ব্যাপারে কোনো আলোচনাও হয়নি। কেউ যদি দ্রুত টিকা আসবে বলে মনগড়া তথ্য ছড়ায়, তবে তা ফটকা ছাড়া আর কিছুই নয়। সব প্রক্রিয়া শেষ হলেই এটি বাজারে আসবে।

এর আগে অবশ্য এই টিকা মানবদেহে প্রয়োগ করে দেখা গেছে, মানুষের শরীরে টিকাটি নিরাপদ এবং কাজে দিচ্ছে। এমনকি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দিচ্ছে। তবে প্রক্রিয়া শেষ হতে এ বছরের শেষ পর্যন্ত সময় লেগে যেতে পারে।

এখন পর্যন্ত কেবল রাশিয়া একটি টিকার অনুমোদন দিয়েছে। সঠিকভাবে পরীক্ষামূলক প্রয়োগ না করেই তারা টিকা অনুমোদন দিয়েছে। তা নিয়ে বিশেষজ্ঞরা বেশ সমালোচনাও করেছেন।

অ্যাস্ট্রাজেনেকার একজন মুখপাত্র বলেন, জরুরি ব্যবহারের ব্যাপারে মার্কিন প্রশাসনের সঙ্গে কোনো চুক্তি হয়নি অ্যাস্ট্রাজেনেকার। আর এ ধরনের সম্ভাবনা নিয়ে তথ্য ছড়ানোটা এক ধরনের ফটকা।

সূত্র : ডেইলি মেইল

বঙ্গবন্ধু কর্নারের বই কেনায় অনিয়ম, তদন্তে সংসদীয় উপ-কমিটি

0

মুজিববর্ষ উপলক্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ তৈরির জন্য বঙ্গবন্ধু বিষয়ক বই কেনায় বড় ধরণের অনিয়ম হয়েছে। এক্ষেত্রে বইয়ের গ্রন্থস্বত্ব ও মেধাস্বত্ব চুরির মাধ্যমে ২০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে। এই অভিযোগ তদন্তে সংসদীয় উপ-কমিটি গঠন করা হয়েছে।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৮ম বৈঠকে এই উপ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে কমিটির সদস্যরা ছাড়াও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থতি ছিলেন।

কমিটি সূত্র জানায়, সংসদ-সদস্য মো. নজরুল ইসলাম বাবুকে আহ্বায়ক করে গঠিত ৪ সদস্যের উপ-কমিটির সদস্যরা হলেন- আলী আজম, বেগম শিরীন আখতার ও মো. মোশারফ হোসেন। উপ-কমিটিকে যথাসম্ভব দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৈঠক শেষে কমিটির সভাপতি সভাপতি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, গণমাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু কর্নার’ তৈরির জন্য বই কেনায় অনিয়মের ঘটনা কমিটি জানতে পেরেছে। বিষয়টি নিয়ে কমিটির বৈঠকে আলোচনা শেষে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। উপ-কমিটির প্রতিবেদন পাওয়ার পর কমিটি প্রয়োজনীয় সুপারিশ করবে।

কমিটি সূত্র জানায়, বৈঠকে ‘বঙ্গবন্ধু কর্নার’ তৈরির জন্য বই কেনায় অনিয়মের বিষয়ে মন্ত্রণালয়ের দেওয়া বক্তব্য সন্তোষজনক না হওয়ায় সংসদীয় উপ-কমিটি গঠন করা হয়। এরআগে ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ এবং বঙ্গবন্ধুর জেলজীবন নিয়ে বই ‘৩০৫৩ দিন’ কেনার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা হয়। আলোচনায় ‘জার্নি মাল্টিমিডিয়া লিমিটেড’ ও ‘স্বাধীকা পাবলিশার্স’ নামে দুটি প্রকাশনা সংস্থা ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই অনিয়মের সঙ্গে জড়িত থাকার বিষয়টি উঠে আসে।

সংশ্লিষ্টরা জানান, ওই দুটি প্রতিষ্ঠানের নামে বই দু’টির গ্রন্থস্বত্ব ও মেধাস্বত্ব চুরি করে নাজমুল হোসেন নামে এক ব্যক্তি প্রকল্পের মোট ২৮ কোটি ৭৮ লাখ ১২ হাজার ২০০ টাকার মধ্যে ২০ কোটি ৭০ লাখ ৮৬ হাজার ৪০০ টাকাই পাচ্ছেন। যিনি একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত রয়েছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এদিকে বৈঠকে করোনা মহামারীকালীন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ হতে যে সেবা বা পদক্ষেপ গ্রহণ করেছেন সে বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। বিষয়টি নিয়ে আলোচনা শেষে করোনাকালে বিদ্যালয়ের শিক্ষকদেরকে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পড়াশুনার খোঁজখবর নেওয়ার এবং পড়াশোনা যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে আরো সচেষ্ট থাকার জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

সাবরিনার দুই এনআইডি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি

0

জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী মিথ্যা তথ্য দিয়ে নিজের নামে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েছেন, যার দুটিই সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। দুটিতে তার স্বামীর নাম দু’রকম। একটি এনআইডির চেয়ে অন্যটিতে বয়স পাঁচ বছর কম দেখানো হয়েছে। এসব তথ্য নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন তদন্তকারীরা।

এই কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর। নির্বাচন ভবনে আজ বুধবার (২৬ আগস্ট) তিনি সাংবাদিকদের একথা বলেন।

দ্বৈত ভোটার হওয়ার বিষয়টি সম্পর্কে এর আগে দুর্নীতি দমন কমিশন ইসির কাছে ব্যাখ্যা চায়। এ নিয়ে ইসি সচিব বলেন, দুদকের চিঠি আমরা পেয়েছি। জাতীয় পরিচয়পত্র বিষয়টি দেখে কমিশনের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ। আমরা সেই বিভাগকে চিঠির বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে বলেছি। আজকের মধ্যে তারা প্রতিবেদন দেবে। তারপর আমরা বিস্তারিত জানাতে পারব। এর আগে বিষয়টি সম্পর্কে কিছু বলতে পারছি না।

তিনি বলেন, দ্বৈত ভোটারের বিষয়টি যদি প্রমাণিত হয়, এর সঙ্গে কমিশনের কোনো কর্মকর্তা-কর্মচারীর যদি সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

এর আগে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গত ৫ আগস্ট জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান চিকিৎসক সাবরিনা আরিফ চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)।

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়াল

0

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আরো ২ হাজার ৫১৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ২ হাজার ১৪৭ জন। এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৫৪ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৮২ জনে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতদের মধ্যে পুরুষ ৩৯ জন ও নারী ১৫ জন। এদের মধ্যে হাসপাতালে ৪৯ জন ও বাড়িতে পাঁচজন মারা যান। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪২৭ জন এবং মোট সুস্থ ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন।

করোনায় আরো ৫৪ জনের মৃত্যু

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৪ হাজার ৮২ জন কভিড রোগী মারা গেলেন। এদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে।

আজ বুধবার দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে এ সময়ে ২ হাজার ৫১৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ২ হাজার ১৪৭ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪২৭ জন এবং মোট সুস্থ ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন।

সাবরিনার দুই এনআইডি: জন্ম তারিখসহ অনেক তথ্যেই গড়মিল

0

জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী মিথ্যা তথ্য দিয়ে নিজের নামে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েছেন, যার দুটিই সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। দুটিতে তাঁর স্বামীর নাম দু’রকম। একটি এনআইডির চেয়ে অন্যটিতে বয়স পাঁচ বছর কম দেখানো হয়েছে। এসব তথ্য নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন তদন্তকারীরা।

কোভিড-১৯ টেস্ট নিয়ে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে তিনি বিচারাধীন রয়েছেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এসব তথ্য নিয়ে তদন্ত করতে গিয়ে বিভ্রান্তিতে পড়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে তথ্য চেয়েছে। ইসি এখন বিষয়টি নিয়ে তদন্ত করছে।

ডা. সাবরিনা ২০১৬ সালের ভোটার তালিকা হালনাগাদের সময় দ্বিতীয়বার ভোটার হন। একটিতে ভোটার হন সাবরীনা শারমিন হোসেন নাম দিয়ে। জন্ম তারিখ ১৯৭৮ সালের ২ ডিসেম্বর। অন্যটিতে ১৯৮৩ সালের ২ ডিসেম্বর। দুটি আইডিতে বয়সের ফারাক পাঁচ বছর।

মিথ্যা তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র করা হলে ৬ মাস কারাদণ্ড, অনধিক দুই হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান আছে আইনে।

ডা. সাবরিনা একটিতে স্বামীর নাম হিসেবে ব্যবহার করেছেন আর. এইচ. হক। আর দ্বিতীয়টিতে স্বামীর নাম লেখা হয়েছে আরিফুল চৌধুরী। একটিতে বাবার নাম সৈয়দ মুশাররফ হোসেন ও মায়ের নাম কিশোয়ার জেসমীন অপরটিতে মা-বাবার নাম পরিবর্তন করে সৈয়দ মুশাররফ হসেন ও জেসমিন হুসেন দিয়েছেন।

এর আগে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গত ৫ আগস্ট জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান চিকিৎসক সাবরিনা আরিফ চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)।

‘বঙ্গবন্ধুর নিজস্ব চিন্তার ফসল ছিল ৬ দফা’

0

‘পাকিস্তানের সব বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে ডাকা এক জাতীয় সম্মেলনে পূর্ব বাংলার জনগণের পক্ষে ৬ দফা দাবি উত্থাপন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারও পরামর্শ নয়, ছয় দফা ছিল বঙ্গবন্ধুর নিজস্ব চিন্তার ফসল।’

আজ বুধবার (২৬ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, মেধা থাকা সত্ত্বেও পাকিস্তান আমলে বাঙালিদের পিছিয়ে রাখা হয়েছিল। আর দেশের স্বাধীনতা অর্জনের পেছনে ছয় দফার ভূমিকা অনেক। তিনি বলেন, পাকিস্তানি শাসন-শোষণ-বঞ্চনা থেকে মুক্তির লক্ষ্যে স্বৈরাচার আইয়ুব সরকারের বিরুদ্ধে ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সব বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে ডাকা এক জাতীয় সম্মেলনে পূর্ব বাংলার জনগণের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি উত্থাপন করেন। পরে ১১ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরে ৬ দফার পক্ষে দেশব্যাপী প্রচারাভিযান শুরু করেন এবং বাংলার আনাচে-কানাচে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে জনগণের সামনে ৬ দফার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

শেখ হাসিনা বলেন, বাংলার সর্বস্তরের জনগণ ৬ দফায় স্বতঃস্ফূর্ত সমর্থন জানায়। ৬ দফা দাবি আদায়ে ১৯৬৬ সালের ৭ জুন ঢাকাসহ সারা বাংলায় আওয়ামী লীগের ডাকে হরতাল পালিত হয়। হরতাল চলাকালে ঢাকা, নারায়ণগঞ্জ ও টঙ্গীতে সৈন্যদের গুলিতে মনু মিয়া, সফিক ও শামসুল হকসহ বেশ কয়েকজন নিহত হন। গ্রেপ্তার হন অনেকে। স্বাধিকারের এই আন্দোলন ও আত্মত্যাগের পথ বেয়েই শুরু হয়েছিল বাঙালির চূড়ান্ত স্বাধীনতা সংগ্রাম।

রিজেন্টের সাহেদ ফের ৬ দিনের রিমান্ডে

0

পল্লবী থানার প্রতারণা ও চেক জালিয়াতি মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে ছয় দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর হাকিম মো. মাসুদ উর রহমানের আদালত এই আদেশ দেন।

এর আগে তাকে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন খারিজ করে এ রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব।

গভীর রাতে পাচারকারীর বাড়িতে পৌঁছলেন বাংলাদেশি তরুণী, উদ্ধার করল বিএসএফ

0

পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত থেকে পাচার হতে যাওয়া এক বাংলাদেশি তরুণীকে উদ্ধার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। তাকে মুম্বাইয়ে পাচার করা হচ্ছিল বলে নিশ্চিত করেছে বিএসএফ।

বিএসএফ এর এক বিবৃতিতে বলা হয়, আগস্টের ২৫ তারিখে বিএসএফ এর গোয়েন্দা বিভাগ খবর পায় যে একজন বাংলাদেশি নারী দালালদের পাল্লায় পড়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সীমান্তবর্তী গানগুলিয়া গ্রামে অবস্থান করছেন। ওই তরুণীর বয়স ২৭ বছরের মতো হবে। বিএসএফ এর হেফাজতে নিয়ে তাকে মুস্তাফাপুরের ব্যুরো অব প্রিজনসে রাখা হয়েছে।

বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী জানান, তার স্বামীর স্বাস্থ্যগত সমস্যা রয়েছে এবং তিনি অসুস্থ থাকেন। তাদের অর্থনৈতিক অবস্থা শোচনীয়। সম্প্রতি বাংলাদেশের মাদারিপুরের একটি গ্রামের ডালিম নামের এক মানব পাচারকারীর সাথে তার পরিচয় হয়। সেই পাচারকারী তাকে মুম্বাইয়ে কোনো বাড়িতে গৃহপরিচারিকা অথবা হোটেলে কোনো চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। আগস্টের ২৩ তারিখে ডালিমের সহায়তায় তিনি বাসযোগে যশোর পৌঁছান। ডালিম তাকে ভারতের বাহারুর মন্ডল নামের আরেক মানব পাচারকারীর মোবাইল দিয়ে দেন। বাহারুলের বাড়ি গাঙ্গুলিয়া গ্রামে।

নারী জানান, ২৪ আগস্ট রাতে বাহারুল মন্ডলের সহায়তায় ডালিম তাকে সীমান্ত পার হওয়ার ব্যবস্থা করে দেন। কোন জায়গা দিয়ে সীমান্ত পার হয়েছেন তা তিনি জানেন না। পরে গাঙ্গুলিয়া গ্রামে পৌঁছানোর পর বাহারুল মন্ডল তার থাকার ব্যবস্থা করেন। ওই রাতে দীর্ঘ পথ একা হেঁটে গাঙ্গুলিয়া পৌঁছান তিনি। বাহারুলের বাড়িতে পৌঁছানোর পর তিনি বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার টাকা প্রদান করেন। এ টাকা সীমান্ত পার হওয়া এবং মুম্বাইয়ে কাজ পাইয়ে দেয়ার খরচ হিসেবে দেয়া হয়।

বিএসএফ জানায়, এই পাচারের ঘটনায় পাচারকারীদের খুঁজে বের করতে অনুসন্ধার শুরু করেছে বাগদাহ থানা।

সূত্র: এএনআই

ফ্রিল্যান্সার পেশার স্বীকৃতির তাগিদ প্রধানমন্ত্রীর

0

ফ্রিল্যান্সারদের সামাজিক ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি কিভাবে দেওয়া যায়, তার উপায় বের করতে বলেছেন তিনি।

গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। গণভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

গ্রাফিকস, ওয়েব ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট, স্মার্টফোন অ্যাপ, ওয়েব ডেভেলপমেন্ট করে যাঁরা নিজেদের মুক্ত পেশাজীবী হিসেবে গড়ে তুলেছেন, তাঁদের জন্য সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী। ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, ফ্রিল্যান্সারদের পেশাকে স্বীকৃতি দেওয়া হবে।

একনেক বৈঠকে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন স্টোর স্থাপন প্রকল্পের অনুমোদন দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, যাঁরা ফ্রিল্যান্সিং করেন তাঁরা কেরানি বা অন্য সরকারি চাকরিজীবীদের তুলনায় অনেক বেশি টাকা আয় করেন। কিন্তু বিয়ের ক্ষেত্রে তাঁদের পছন্দ করা হয় না। অভিভাবকরা মেয়েদের ফ্রিল্যান্সারদের সঙ্গে বিয়ে দিতে আগ্রহী নন। বরং ওই কেরানিরাই বেশি অগ্রাধিকার পান। এ জন্য ফ্রিল্যান্সারদের সামাজিক বা রাষ্ট্রীয় কী ধরনের স্বীকৃতি দেওয়া যায়, সেটি ভাবতে হবে। প্রয়োজনে কোনো সনদ দেওয়া যায় কি না, সেটি ভাবতে হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, ফ্রিল্যান্সারদের পেশা হিসেবে স্বীকৃতি দিতে কী করা যায় তার উপায় বের করতে বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলককে দায়িত্ব দিয়েছেন।