Home Blog Page 2727

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল পাসের সুপারিশ

0

জাতীয় সংসদে উত্থাপিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল-২০২০’ পাসের সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটির বৈঠকে বিলটি পরীক্ষা-নিরীক্ষা শেষে পাসের সুপারিশ করে সংসদে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতির অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন কমিটির সদস্য মো. আব্দুল কুদ্দুস। বৈঠকে কমিটির সদস্য শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এ কে এম শাহাজাহান কামাল, ফজলে হোসেন বাদশা, মো. আবদুস সোবহান মিয়া ও এম এ মতিন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, দেশে উচ্চ শিক্ষা সম্প্রসারণ ও উচ্চতর গবেষণাসহ উচ্চ শিক্ষার ক্ষেত্রে আনুসাঙ্গিক অন্যান্য সুবিধা নিশ্চিত করতে জাতির পিতা বঙ্গবন্ধুর নামে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে গত ২৯ জুন সংসদে বিল উত্থাপন করেন শিক্ষামন্ত্রী। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে এ বিশ্ববিদ্যালয়টি স্থাপনে প্রণীত খসড়া আইনের অনুমোদন দেওয়া হয়। বিলে কিশোরগঞ্জ সদর উপজেলার বউলাই ইউনিয়নে এই বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা উল্লেখ করা হয়েছে।

সূত্র আরো জানায়, বৈঠকে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কারিগরী শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২০ ও ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০২০’ নামে আরো দু’টি বিল নিয়ে আলোচনা হয়। বিল দু’টিতে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও বিয়োজন সাপেক্ষে জাতীয় সংসদে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যবৃন্দ, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।

সিরাজুল ইসলাম মেডিক্যালে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট, জরিমানা ৩০ লাখ

0

রাজধানীর মালিবাগে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট, সার্জিক্যাল সামগ্রীসহ নানা অনিয়ম পেয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ অপরাধে তাদের ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় এ অভিযান শুরু হয়। শেষ হয় বিকেলে।

অভিযান শেষে সারোয়ার আলম জানান, হাসপাতালের মাইক্রো বায়োলজিক্যাল ল্যাবে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়া যায়। হাসপাতালের রোগীদের জন্য ব্যবহৃত নানা সার্জিক্যাল সামগ্রীর মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে বলে আমরা দেখেছি। ল্যাবের ভেতরের অবস্থাও করুণ।

তিনি বলেন, হাসপাতালের মাইক্রো বায়োলজিক্যাল ল্যাব ও করোনা ইউনিট একই ফ্লোরে অবস্থিত। একটা হাসপাতালের এক ফ্লোরে কখনোই এ দুই ইউনিট রাখতে পারে না। এসব অনিয়মের কারণে তাদের ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন। তারা হাসপাতালটিকে অনিয়মগুলো সংশোধনের কিছু পরামর্শ দিয়েছে। এগুলো ঠিক করতে তাদের সাত দিনের সময় দেওয়া হয়েছে বলে জানান তিনি।

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনীতিক প্রচেষ্টা অব্যাহত : কাদের

0

রোহিঙ্গা সংকট সমাধানে সরকার কূটনীতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার কুমিল্লা জোন, বিআরটিএ এবং বিআরটিসি’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে সরকার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। রোহিঙ্গা সংকটে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদারতার পরিচয় দিয়েছেন তা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একদিকে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে কূটনৈতিক তৎপরতা জোরদার করার পাশাপাশি ভাসানচরে পূনর্বাসনের প্রস্তুতিও চলছে। এ সংকটে আমাদের পরিবেশ, প্রতিবেশ, পর্যটন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ কমে গেলে ১১ লাখ অতিরিক্ত মানুষের বোঝা বাংলাদেশে কিভাবে বইবে? এ বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছি বলেও উল্লেখ করেন তিনি।

একনেকে ২ হাজার ৫৭০ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ উদ্যোগ প্রচার ও সম্প্রসারণসহ ৫ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫৭০ কোটি ১৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ৪৮৫ কোটি ১৩ লাখ টাকা, বৈদেশিক সহায়তা থেকে ১ হাজার ২ কোটি ৪২ লাখ এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে ৮২ কোটি ৬০ লাখ টাকা ব্যয় করা হবে।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

টাকার অংকে সবচেয়ে বড় প্রকল্প ডিপিডিসি’র আওতাধীন এলাকায় উপকেন্দ্র নির্মাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ ব্যবস্থায় ক্যাপাসিটর ব্যাংক স্থাপন এবং স্মার্ট গ্রিড ব্যবস্থার প্রবর্তন প্রকল্প। ডিপিডিসির অধীনের এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৫৪ কোটি ৪ লাখ টাকা। এর মধ্যে সরকার দেবে ৩৬৯ কোটি ২ লাখ, সংস্থার নিজস্ব অর্থায়ন ৮২ কোটি ৬০ লাখ আর বৈদেশিক উৎস হতে প্রকল্পটিতে ব্যয় করা হবে ১ হাজার ২ কোটি ৪২ লাখ টাকা। প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে জুলাই ২০২০ থেকে জুন ২০২৩ সাল পর্যন্ত।

বাংলাদেশ হাইটেক কর্তৃপক্ষের অধীনে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (১১টি) প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৭৯৮ কোটি ৯১ লাখ টাকা। ৫ বছর মেয়াদী এই প্রকল্পের পুরো টাকাই দেবে সরকার।

মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৬৩ কোটি ১৭ লাখ টাকা। সরকারি অর্থায়নে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

সংশোধিত প্রকল্পের মধ্যে কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও ভ্রূণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন (তৃতীয় পর্যায়) প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২০৬ কোটি ৩০ লাখ টাকা। সরকারি অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে ২ বছর।

তথ্য মন্ত্রণালয়ের গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ (প্রথম সংশোধিত) প্রকল্প প্রকল্প ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৭ কোটি ৭৩ লাখ টাকা। এই প্রকল্পটির মেয়াদ বাড়ানো হয়েছে এক বছর।

‘গণপরিবহনে আগের ভাড়ায় ফেরার চিন্তাভাবনা করছে সরকার’

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনস্বার্থে এবং বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে শর্তসাপেক্ষে গণপরিবহনের পুরনো ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়টি সরকার চিন্তাভাবনা করছে। গণপরিবহনের বিষয়ে সম্প্রতি পরিবহন মালিক-শ্রমিকসহ স্টেকহোল্ডারদের নিয়ে বিআরটিএ সভা করেছে। সে সভার সুপারিশ সরকারের বিবেচনার জন্য পেশ করা হয়েছে।

আজ মঙ্গলবার কুমিল্লা জোন, বিআরটিএ এবং বিআরটিসি’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পরিবহনে মাস্ক পরিধান শতভাগ বাধ্যতামূলকসহ দাঁড়িয়ে যাত্রী নেওয়া যাবে না। যাত্রীদের সিটে বসে ভ্রমণ করতে হবে। মালিক-শ্রমিকদের সাথে আলোচনার পর আমি এ বিষয়ে প্রধানমন্ত্রী এবং কেবিনেট সচিবের সাথে কথা বলেছি। শিগগিরই এ বিষয়ে সরকারি সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

ওবায়দুল কাদের বলেন, দেশে করোনা সংক্রমণ একটি নির্দিষ্ট পর্যায়ে রয়েছে। প্রতিদিনের সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা একটি ট্রেন্ড ধরে চলছে। বাড়ছেও না, আবার কমছেও না। বিশ্বের বিভিন্ন দেশের সাথে তুলনা করলে বাংলাদেশ তুলনামূলক অবস্থান ভালো হলেও আত্মতুষ্টির সুযোগ নেই। এরই মাঝে রাজধানী ঢাকায় সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় বাইরে বের হলে মনে হয় দেশে করোনাই নেই।

তিনি বলেন, অধিকাংশ মানুষ মাস্ক পরিধান করছে না। এ ধরনের অবহেলা ভয়ঙ্কর ঝুঁকি বাড়াতে পারে। অনেক দেশে ইতোমধ্যে দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে। তাই আমাদের স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করে বাইরে বেরুতে হবে। খুব শিগগিরই চলে যাবে এমন না ভেবে ঝুঁকি এড়িয়ে চলতে হবে বলে জানান তিনি।

মৃত্যু ৪৫, শনাক্ত ২৫৪৫

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৪ হাজার ১৫৩টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৫৪৫ জনের শরীরে। এনিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯৯ হাজার ৬২৮ জন।

আজ মঙ্গলবার দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে নতুন করে ৩ হাজার ৮৮১ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৭৫৬ জন।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর মঙ্গলবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৮ জনে।

স্কুল খোলা ও পরীক্ষার বিষয়ে গণশিক্ষা প্রতিমন্ত্রী যা বললেন

0

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে প্রাথমিক শিক্ষা সমাপনীর পরীক্ষা গ্রহণ না করার বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন। অতএব আমরা পিইসি পরীক্ষাটা নিচ্ছি না। যদি স্কুল খোলা যায় এ বছর আমাদের স্কুলে বার্ষিক পরীক্ষাগুলো নেবো।

আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সি আর দত্তের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

0

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদানের জন্য দেশ ও জাতি সি আর দত্তকে চিরদিন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সি আর দত্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

চলে গেলেন সেক্টর কমান্ডার সি আর দত্ত

0

মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টর কমান্ডার ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) আর নেই।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

সি আর দত্তের ভাগ্নে ও হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯২৭ সালের ১ জানুয়ারি আসামের শিলংয়ে জন্মগ্রহণ করেন চিত্ত রঞ্জন দত্ত। তাঁর পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে। তাঁর বাবার নাম উপেন্দ্র চন্দ্র দত্ত এবং মায়ের নাম লাবণ্য প্রভা দত্ত।

শিলংয়ের লাবান গভর্নমেন্ট হাইস্কুলে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন। পরে তাঁর বাবা চাকরি থেকে অবসর নিয়ে হবিগঞ্জে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। হবিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল থেকে ১৯৪৪ সালে তিনি মাধ্যমিক পাস করেন। পরে কলকাতার আশুতোষ কলেজে বিজ্ঞান শাখায় ভর্তি হয়ে ছাত্রাবাসে থাকা শুরু করেন তিনি। এরপর খুলনার দৌলতপুর কলেজের বিজ্ঞান শাখায় ভর্তি হন। পরে এই কলেজ থেকেই বিএসসি পাস করেন।

১৯৫১ সালে চিত্ত রঞ্জন পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। কিছুদিন পর সেকেন্ড লেফটেনেন্ট পদে কমিশন পান তিনি। ১৯৬৫ সালে সৈনিক জীবনে প্রথম যুদ্ধে লড়েন। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে পাকিস্তানের হয়ে আসালংয়ে একটি কম্পানির কমান্ডার হিসেবে যুদ্ধ করেন। ওই যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য পাকিস্তান সরকার তাঁকে পুরস্কৃত করে।

বাংলাদেশ রাইফেলসের প্রথম ডিরেক্টর জেনারেল ছিলেন সি আর দত্ত। ১৯৭৪ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত তিনি হেড কোয়ার্টার চিফ অব লজিস্টিক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্ব নেন। ১৯৭৯ সালে বিআরটিসি’র চেয়ারম্যান হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেন। এর পর ১৯৮২ সালে তিনি পুনরায় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান নিযুক্ত হন। ১৯৮৪ সালে তিনি অবসর গ্রহণ করেন।

মুক্তিযুদ্ধ চলাকালে সিলেট জেলার পূর্বাঞ্চল খোয়াই শায়েস্তাগঞ্জ রেললাইন বাদে পূর্ব ও উত্তরদিকে সিলেট ডাউকি সড়ক পর্যন্ত এলাকা নিয়ে গঠিত হয় ৪ নম্বর সেক্টর। এই সেক্টরে কমান্ডারের দায়িত্বে ছিলেন সি আর দত্ত।

দায়িত্ব নিয়েই প্রথমে সিলেটের রশিদপুরে ক্যাম্প তৈরি করেন সি আর দত্ত। বিস্তীর্ণ এলাকাজুড়ে চা বাগান থাকার সুবাদে আড়াল থেকে শত্রুদের ঘায়েল করেন দ্রুত সময়ে। পরে তিনি রশিদপুর ছেড়ে মৌলভীবাজার ক্যাম্প স্থাপন করেন। তাঁর অসামান্য অবদানের জন্য তাঁকে বীরউত্তম উপাধিতে ভূষিত করা হয়। ঢাকার কাঁটাবন থেকে কারওয়ান বাজার সিগন্যাল পর্যন্ত সড়কটি ‘বীরউত্তম সি আর দত্ত’ সড়ক নামে নামকরণ করা হয়।

বাড়ল ফ্লাইট স্থগিতের সময়

0

তিন আন্তর্জাতিক গন্তব্য ছাড়া অন্য রুটে ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বিমানের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, চলমান করোনা পরিস্থিতির কারণে কুয়েত, কলকাতা ও দিল্লি ছাড়া অন্য সব আন্তর্জাতিক গন্তব্যে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত থাকবে ফ্লাইট। পরিস্থিতি উন্নতি সাপেক্ষে ফ্লাইট সংক্রান্ত সিদ্ধান্ত যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

করোনা সংক্রমণের বিস্তার রোধে গত ২৪ মার্চ সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরপর বিভিন্ন রুটে কয়েক দফা ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়ে সর্বশেষ ৩১ আগস্ট পর্যন্ত করা হয়। আজ মঙ্গলবার আরেক দফা সময় বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হলো ফ্লাইট।