Home Blog Page 2728

৭৫-এ জিয়া জড়িত নাহলে কেন খুনিদেরকে পুরস্কৃত করেছে?

0

বিএনপি নেতা মির্জা ফখরুলের উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জিয়াউর রহমান জড়িত এই কথাও বিএনপির অস্বীকার করতে পারবে না। কারণ জিয়াউর রহমান জড়িত নাহলে বঙ্গবন্ধুর খুনিদেরকে কেন বিদেশে যেতে সাহায্য করেছে।

সোমবার সন্ধ্যায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়।

একুশে গ্রেনেড হামলার সঙ্গে আওয়ামী লীগের নেতারা জড়িত বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে জাহাঙ্গীর কবির নানক আরো বলেন, খালেদা জিয়ার সুরেই বিএনপি নেতারা কথা বলছে। ৭৫-এ বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে মোস্তাক জড়িত এই কথা আমরা অস্বীকার করি না। তবে সেদিনের ঘটনায় জিয়াউর রহমান জড়িত এই কথাও বিএনপির অস্বীকার করতে পারবে না। করণ জিয়াউর রহমান জড়িত যদি নাই থাকত, তাহলে কেন সে বঙ্গবন্ধুর খুনিদের কে বিদেশে যেতে সাহায্য করেছে? কেন খুনিদেরকে দূতাবাসে চাকরি দিয়েছেন?

খুনিরা মারা যাওয়ার পরে খুনিদেরকে পারিবারিক আর্থিক সহযোগিতা কেন করেছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এসব প্রশ্নের উত্তরও চান আওয়ামী লীগের এই নেতা। বিএনপি নেত্রী খালেদা জিয়াও একই কাজ করেছেন জানিয়ে নানক বলেন, খালেদা জিয়াও বিনাভোটে খুনিদেরকে সংসদে এনেছেন। কেন এনেছেন?

তিনি বলেন, বঙ্গবন্ধু যখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিল বিশ্ব তখন দুই ভাগে বিভক্ত। এক ভাগে শোষক, অপর ভাগে শোষিতরা। সে শোষিত মানুষের নেতা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর সেই কারণেই বঙ্গবন্ধু সেসময় বলেছিল বিশ্ব যখন দুই ভাগে বিভক্ত আমি তখন শোষিতের পক্ষে। ’৭১ মুক্তিযুদ্ধ থেকে সেই লড়াই শুরু হয়েছে। যা দেখে মার্কিন যুক্তরাষ্ট্র নৌবহর পাঠিয়ে আমার দেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চেয়েছিল। কিন্তু তারা তা পারেনি। সেই থেকে আমার দেশে রাজনৈতিক সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হয়।

সেই পরাজয় পাকিস্তান এবং মার্কিনরা সহ্য করতে পারে নাই বলেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে উল্লেখ করে নানক আরো বলেন, সেদিন কেন আওয়ামী লীগের একটি নেতা ও ছিল না একটি প্রতিবাদে ডাক দেবে। তাদেরকে প্রতিরোধ করবে? কেন সেদিন একটি নেতাও পাওয়া গেল না? কারণ সেদিন ছিল নেতৃত্বে ভেতরে ভীরুতা এবং কাপুরুষতা।

সেদিন এই ছাত্রলীগই রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে জানিয়ে তিনি বলেন, ৭৫ এই বঙ্গবন্ধু ও তার সপরিবারে হত্যার প্রতিবাদী এই ছাত্রলীগই রাজপথে শত বাধা পেরিয়ে আন্দোলন সংগ্রাম করেছে। লক্ষ লক্ষ মানুষ বঙ্গবন্ধুর জন্য চোখের পানি ঝরিয়েছে, দোয়া করেছে, একটি প্রতিবাদের ডাক চেয়েছে তবে সেটা তারা পায়নি।

বর্তমান ছাত্রলীগের নেতাদের উদ্দেশ্যে হুশিয়ারি দিয়ে সাবেক এ ছাত্রনেতা বলেন, ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রলীগের অপপ্রচার অবশ্যই বন্ধ করতে। এগুলি নিঃসন্দেহে সংগঠনের জন্য খারাপ দিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব কে অনুসরণ করে ছাত্রলীগকে আরো বেশি শৃংখলাবদ্ধ হয়ে চলার আহ্বান করেন তিনি।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর আরেক সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যসহ মহানগর উত্তরের সাবেক ছাত্রলীগের নেতারা।

বঙ্গবন্ধুর আমলের আইন সংশোধনেও সাল বদল হবে না

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত যেসব আইন প্রণয়ন করা হয়েছে, সেসব আইনে পরবর্তী সময়ে যত সংশোধনীই আসুক, মূল আইনের সাল পরিবর্তন করা যাবে না।

গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা এ বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

‘এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত’ উল্লেখ করে মন্ত্রিপরিষদসচিব বলেন, ‘মন্ত্রিসভা মনে করে যে ভবিষ্যতে যারা গবেষণা বা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা নিয়ে কাজ করবে, তারা আইনগুলো দেখলেই বুঝতে পারবে শুরুর সময় রাষ্ট্রের কাঠামোটা কিভাবে গড়ে উঠেছে। রাষ্ট্রের ব্যবস্থাপনা কেমন ছিল, তা বোঝার জন্য আইনের সঙ্গে সংশ্লিষ্ট বছরগুলো থাকা দরকার। আইনের সঙ্গে থাকা বছরগুলো হারিয়ে গেলে সেটা বোঝা যাবে না।’

এইচএসসি, অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা জেএসসি-জেডিসি এবং পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা পিইসির বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, তা মন্ত্রিপরিষদসচিবের কাছে জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ‘এইচএসসি ও অন্যান্য পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় আলোচনা করেছে। তারা দেখবে, দেখে কুইকলি একটা সিদ্ধান্ত নেবে। তবে স্কুল, কলেজ এখনো খোলার মতো সময় এসেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। পরীক্ষার বিষয়ে তারা (মন্ত্রণালয়) খুব স্ট্রংলি চিন্তাভাবনা করছে, কিভাবে কী করা যায়।’

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, কওমি মাদরাসার পরীক্ষাগুলো নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। গতকালের বৈঠকে ‘বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশন অর্ডার (সংশোধন)-১৯৭৩’-এর চূড়ান্ত অনুমোদন, ‘ব্যাংকার বহি সাক্ষ্য আইন-২০২০’ এবং ‘জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নীতি-২০২০’-এর নীতিগত অনুমোদন দেওয়া হয়।

‘সকল গণতান্ত্রিক আন্দোলনে আইভি রহমানের অবদান রয়েছে’ :

এদিকে বাসস জানায়, দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের অবদানের কথা স্মরণ করে তাঁর ১৬তম শাহাদাতবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আইভি রহমান দেশের প্রতিটি আন্দোলন ও সংগ্রামে সম্মুখ সারির যোদ্ধা ছিলেন।’

মন্ত্রিসভার বৈঠকে শেখ হাসিনা বলেন, ‘আমি আজকের এই দিনে আওয়ামী লীগের ওই ২২ নেতাকর্মী বিশেষত আইভি রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তাঁদের স্মরণ করছি, যাঁরা ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত হয়েছেন।’

তিনি বলেন, ‘আইভি রহমান আওয়ামী লীগের প্রতিটি সভা-সমাবেশে সাধারণ কর্মীদের সঙ্গেই বসতেন। তাঁর মতো এমন একজন চমৎকার নিরহংকারী মানুষের মৃত্যুকে মেনে নেওয়া খুবই কষ্টের।’

কংগ্রেসের নেতৃত্বে থাকলেন সোনিয়াই

0

নানা জল্পনার পর ৭৩ বছর বয়সী কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধীর ওপরই আপাতত ভারতের জাতীয় কংগ্রেসের অন্তবর্তীকালীন সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়েছে। দলীয় নেতৃ্ত্ব নিয়ে জ্যেষ্ঠ নেতাদের মধ্যে অসন্তোষের জেরে সোমবার বেলা ১১টার দিকে কংগ্রেস পার্টির ওয়ার্কিং কমিটি অনলাইনে এক ভার্চুয়াল বৈঠকে বসে। শুরু থেকেই নানা পক্ষের বক্তব্য নিয়ে বৈঠকে উত্তেজনা বিরাজ করছিল। তবে কংগ্রেসের নেতৃত্বে থাকলেন সোনিয়াই।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শতাব্দী প্রাচীন এই দলটির নেতৃত্ব বদল এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটি ঢেলে সাজানোর প্রয়োজন দাবি করে ২৩ জন কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীকে চিঠি পাঠান। যার মধ্যে আবার রয়েছেন বর্তমান সাংসদ, সাবেক কেন্দ্রীয় মন্ত্রীদের একাংশ। এসময় বৈঠক থেকেই দলের অন্তবর্তীকালীন সভাপতির দায়িত্ব থেকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করার জন্য কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যদের অনুরোধ জানান সোনিয়া। নিজের পদ ছাড়ার আগ্রহ প্রকাশ করে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি (এআইসিসি) সাধারণ সম্পাদক কে. সি. বেণুগোপালের কাছে একটি নোটও জমা দেন সোনিয়া। কিন্তু সোনিয়াকেই সভাপতি থাকার অনুরোধ জানান মনমোহন সিং।

বৈঠকে সোনিয়া ছাড়াও ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, সাবেক কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এ.কে.অ্যান্টনি, কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিক, আনন্দ শর্মা, গুলাম নবি আজাদ, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংসহ ওয়ার্কিং কমিটির সদস্যরা। বৈঠকে সকলেই পূর্ণ সময়ের জন্য ‘দক্ষ ও গ্রহণযোগ্য’ সভাপতির দাবি জানান। পরে সোমবার সন্ধ্যায় ওয়ার্কিং কমিটির বৈঠকেই সর্বসম্মতভাবে স্থির হয় যে দলের অন্তবর্তীকালীন সভাপতি হিসাবে আগামী ছয় মাস সোনিয়া গান্ধীই কার্যভার চালাবেন এবং এই সময়ের মধ্যেই দলের নতুন সভাপতিকেও নির্বাচিত করা হবে।

বৈঠক শেষে কংগ্রেস নেতা কে. এইচ. মুনিয়াপ্পা জানান, ওয়ার্কিং কমিটিতেই সহমত পোষণ করা হয়েছে যে ম্যাডাম সোনিয়া গান্ধীই দলের নেতৃত্ব প্রদান করবেন এবং শিগগির নির্বাচনও হবে।

ফের ছড়িয়ে পড়েছে কিমের মৃত্যুর খবর

0

গতরাত পর্যন্ত জল্পনা ছিল শারীরিক অসুস্থতা নিয়ে। দক্ষিণ কোরিয়ার কূটনীতিকদের একাংশের দাবি ছিল, অসুস্থ অবস্থায় কোমায় রয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। পরিবর্তে কাজের দায়িত্ব সামলাচ্ছেন তাঁর বোন কিম ইয়ো জং। এবার আরো এক ধাপ এগিয়ে কোরিয়ার কিমের মৃত্যু হয়েছে বলে দাবি করলেন আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞ ও সাংবাদিক রয় ক্যালি। উত্তর কোরিয়ার ভ্রমণ করা এই সাংবাদিকের মতে, কিম জং উন মারা গেছেন। ভারতীয় গণমাধ্যম এই সময়, হিন্দুস্থান টাইমস ও মিররের প্রতিবেদনে কিমের মৃত্যুর এই সংবাদটি প্রকাশিত হয়েছে।

ওই সাংবাদিক জানিয়েছেন, তার বিশ্বাস কোমাতেই মারা গেছেন কিম জং উন। তিনি বলেন, আমি সত্যি বিশ্বাস করি তিনি মারা গেছেন। কিন্তু বিষয়টি নিয়ে আপনি তার দেশের সঙ্গে কথা বলতে পারবেন না। তাঁর দাবি, দেশের শীর্ষ নেতৃত্বে দ্রুত ঘটতে থাকা পরিবর্তনের কারণেই ‘সুপ্রিম নেতা’ কিমের স্বাস্থ্য সম্পর্কে দেশের নাগরিকদের জানানো হয়নি।

রয় ক্যালির দাবি সমর্থনে এখনো কোনো বিবৃতি পিয়ংইয়ং বা দক্ষিণ কোরিয়ার পক্ষে দেওয়া হয়নি। তবে রয়ের সঙ্গে যদিও একমত নন পররাষ্ট্র বিশেষজ্ঞ রুথ অ্যান মন্টি। তাঁর মতে, ‘গুরুতর অসুস্থ’ হলেও প্রয়াত হননি কিম জং উন। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত সিওলের গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী, গুরুতর অসুস্থ কিম জং উন। কিন্তু তিনি মারা যাননি।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্টের সহযোগী ও কূটনীতিক চ্যাং সং মিন দাবি করেন, ‘আমার কাছে খবর কিম জং উন কোমায় রয়েছেন।’ এরপরই জোর চাঞ্চল্য দেখা দেয়। উত্তর কোরিয়ার এই শাসকের শারীরিক অবস্থা নিয়ে লেখালেখি শুরু হয়ে যায়। তবে কোমায় থাকলেও কিমের ‘জীবিন শেষ হয়নি’ বলে জানিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার কূটনীতিক।

এর আগেও কিমের মত্যুর খবর ছড়িয়ে পড়েছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে। কিন্তু তিনি সংবাদমাধ্যমের সামনে হাজির হন। আর আবারও ছড়িয়ে পড়লো কিমের মৃত্যুর সংবাদ।

সূত্র: এই সময়, হিন্দুস্থান টাইমস, মিরর।

যে কারণে সাংবাদিকের ‍মুখে ঘুষি মারতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট

0

এক প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠেছে। সেই দুর্নীতিতে প্রেসিডেন্ট পত্নী মিশেল বলসোনারোর নাম জড়িয়েছে। সাংবাদ সম্মেলনে এনিয়ে কথা বলতেই প্রশ্নকর্তা সাংবাদিককে মুখে ঘুষি মারার হুমকি দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

প্রতি রবিবার নিয়ম করে ব্রাসিলিয়ার গির্জা মেট্রোপলিটন ক্যাথিড্রালে আসেন প্রেসিডেন্ট জাইর বলসোনারো। গতকাল রবিবারও সেই নিয়মের কোনো নড়চড় হয়নি। সেখানেই সাংবাদিকের একটি দল প্রেসিডেন্টের সঙ্গে বার্তালাপে এগিয়ে আসে। নানা কথার ফাঁকে মিশেল বলসোনারোর দুর্নীতি যোগ নিয়ে প্রশ্ন ওঠতেই মেজাজ হারান প্রেসিডেন্ট। তখনই রেগে গিয়ে বোলসোনারো বলেন, তোমার মুখে ঘুষি মারতে ইচ্ছে করছে।

জানা যায়, ওই সাংবাদিক হচ্ছেন দেশটির ‘ও গ্লোবো’ নামের একটি পত্রিকার প্রতিবেদক। স্ত্রীর বিরুদ্ধ দুর্নীতির অভিযোগ নিয়ে বলসোনারোর কাছে প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন ওই প্রতিবেদক।

পত্রিকাটি এক বিবৃতিতে জানায়, আমাদের প্রতিবেদক সেখানে পেশাগত দায়িত্ব পালন করছিলেন আর তার বিরুদ্ধে আগ্রাসী মনোভাব দেখালেন প্রেসিডেন্ট। এ ঘটনা নিয়ে বলসোনারোর পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: স্কাই নিউজ।

‘বেলুচিস্তানে জাতিগত নির্মূলকরণ বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ করা উচিত’

0

পাকিস্তানি বংশোদ্ভূত কানাডীয় লেখক তারেক ফাতাহ সম্প্রতি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি বলেছেন, বেলুচিস্তানের মূল অধিবাসীদের ওপর যে হত্যা ও নির্মূলকরণে অভিযান চালানো হচ্ছে, তা বন্ধ না করলে তারা তাদের আত্মপরিচয় হারিয়ে ফেলবে। বেলুচিস্তানে জাতিগত নির্মূলকরণ প্রক্রিয়া বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ করা উচিত।

তারেক ফাতাহ বলেছেন, এই অমানবিক কাজগুলো অবিলম্বে বন্ধ না করা হলে আদিবাসী সম্প্রদায়গুলো তাদের পরিচয় হারাবে। এসব কাজ পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত হচ্ছে। তারা হলো শিল্প মাফিয়া, যারা সব কিছু নিয়ন্ত্রণ করে।

কানাডীয় এই লেখকের মতে, জনগণকে রক্ষা করতে হলে বালুচ রাজনৈতিক দল ও গেরিলা গ্রুপগুলোর একাট্টা হয়ে তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে ‘বেলুচিস্তান ঘোষণা’ দিতে হবে; যে ঘোষণায় বলা হবে- দুশমন আর এখন পাকিস্তান সেনাবাহিনী নয়, চীনও।

বেলুচিস্তানের অবস্থা ও সে অঞ্চলে চীনা প্রভাবের বর্ণনা দিয়ে তারেক ফাতাহ বলেন, বেলুচিস্তানে এক দশক আগে যেভাবে হত্যাযজ্ঞ চলত, এখনো সে রকমই চলছে। ১৯৪৮, ১৯৫৬, ১৯৬৩, ১৯৭২ ও ২০০৫ সালে বেলুচ লিবারেশন আর্মি-বিএলএ যেভাবে স্বাধীনতার জন্য লড়েছে, ২০২০ সালেও সেভাবেই লড়ছে। ব্যতিক্রম শুধু একটাই- বেলুচরা এখন অনেক বেশি শক্তিধর দুশমনের মোকাবেলা করছে। এ দুশমন হলো কমিউনিস্ট চায়না।

তিনি বলেন, তথাকথিত চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের অধীনে শুধু দখলের সনাতন সরঞ্জামই যুক্ত করা হচ্ছে না, বেলুচিস্তানের প্রাকৃতিক সম্পদের সংগঠিত উপায়ে লুণ্ঠনও হচ্ছে। বালুচ লিবারেশন আর্মির (বিএলএ) পাকিস্তানের শহর-নগরে চীনের স্বার্থ রক্ষাকারী স্থাপনার ওপর আক্রমণ অব্যাহত রয়েছে।

সূত্র : সিঙ্গাপুর পোস্ট।

নির্বাচনের আগ মুহূর্তে পদত্যাগ করলেন ট্রম্পের বিশ্বস্ত উপদেষ্টা

0

দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগী কেলিয়ান কনওয়ে। চলতি মাসের শেষের দিকে ইস্তফা দেবেন তিনি। সন্তানদের সময় দিতে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তিনি। কনওয়ের স্বামী ও ট্রাম্পের কট্টর সমালোচক জর্জও রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন।

কেলিয়ান কনওয়ে একজন রিপাবলিকান কৌশলপ্রণেতা ও প্রভাবশালী রাজনীতিবিদ। হোয়াইট হাউসে চার বছর দায়িত্ব পালন করেছেন তিনি। যুক্তরাষ্ট্রে সফলভাবে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা পরিচালনাকারী প্রথম নারীও তিনি। ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের জয়ের পিছনেও রয়েছে তার ভূমিকা।

হোয়াইট হাউসে সিনিয়র কা্উন্সিলর হিসেবে দায়িত্ব পালনের সময় কনওয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক উপদেষ্টার কাজ করেছেন। প্রশাসনে বেশ প্রভাবশালী ভূমিকা ছিল তার। কনওয়ের স্বামী রিপাবলিকান পলিটিক্যাল অ্যাকশন কমিটি দ্য লিংকন প্রজেক্ট-এর সহ-প্রতিষ্ঠাতা। ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের প্রার্থিতা ঠেকিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছিল ওই কমিটি।

৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এর ঠিক আগ মুহূর্তে পদত্যাগের প্রসঙ্গে রবিবার কনওয়ে জানান, পুরোপুরিভাবে নিজের ইচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, সময় হলেই ভবিষ্যত পরিকল্পনার কথা জানাবেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘গত চার বছর আমার জন্য কতটা আশির্বাদপুষ্ট ছিল তা বলার অপেক্ষা রাখে না। জর্জ ও আমার মধ্যে প্রচুর মতানৈক্য রয়েছে। তবে যা কিছুই হোক না কেন, সন্তানদের প্রশ্নে আমরা অবিভক্ত।’

কনওয়ে আরও বলেন, ‘আমাদের চার সন্তান কিশোর বয়সী এবং জমজ। তারা মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষ শুরু করতে যাচ্ছে। অন্তত কয়েক মাস বাড়ি থেকে তাদেরকে এ শিক্ষা কার্যক্রম চালাতে হবে। দেশের লাখ লাখ মা-বাবাই জানেন যে বাচ্চারা যখন বাড়ি থেকে ক্লাস করছে তখন তাদের প্রতি বাড়তি মনযোগ দিতে হয়, দেখে রাখতে হয়; যা এ মুহূর্তে আমি করতে পারছি না।’

মেয়ে ক্লাইডিয়া মায়ের প্রতি অভিমান করে টুইটারে একটি পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় কনওয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। টুইটে ক্লাইডিয়া অভিযোগ করেছিল-তার মায়ের চাকরির কারণে তার জীবন ধ্বংস হয়ে গেছে। পোস্টটি পরে ভাইরাল হয়ে যায়।

সূত্র:বিবিসি

করোনা আক্রান্ত এমপি দবিরুলকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর

0

করোনাভাইরাসে আক্রান্ত ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. দবিরুল ইসলামকে আজ সোমবার জরুরি ভিত্তিতে ঠাকুরগাঁও হতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টার যোগে ঢাকায় স্থানান্তর করা হয়।

আইএসপিআর জানায়, ইন এইড টু সিভিল পাওয়ার- এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ বিমান বাহিনী করোনাভাইরাস প্রতিরোধে জরুরি বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সেবা পেশাদারিত্বের সাথে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় বিমান বাহিনী প্রধান এর প্রয়োজনীয় দিক নির্দেশনায় ওই মেডিক্যাল ইভাকোয়েশন মিশন পরিচালনা করা হয়। আলহাজ্ব মো. দবিরুল ইসলাম, এমপিকে ঢাকায় আনার পর তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়।

সংসদ ভবন চত্বরে বৃক্ষ রোপন করেছেন মন্ত্রী-এমপিরা

0

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ-২০২০) উপলক্ষে উপলক্ষে জাতীয় সংসদ ভবন চত্বরে বৃক্ষের চারা রোপন করেছেন মন্ত্রী-এমপিরা। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা বৃক্ষ রোপন করেন বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৃক্ষ রোপনে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, পরিবশে বন ও জলবায়ু উপমন্ত্রী হাবিবুন নাহার, বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, নির্বাচিত সংসদ সদস্য বগুড়া-৩ আসনের মো. নূরুল ইসলাম তালুকদার, খুলনা-৪ আসনের আব্দুস সালাম মূর্শেদী, পটুয়াখালী-২ আসনের আ. স. ম. ফিরোজ, বরিশাল-৬ আসনের নাসরিন জাহান রতনা, ময়মনসিংহ- ৮ আসনের মো. ফখরুল ইমাম, কিশোরগঞ্জ-১ আসনের সৈয়দা জাকিয়া নুর, কিশোরগঞ্জ-৩ আসনের মো. মুজিবুল হক, ঢাকা-৬ আসনের কাজী ফিরোজ রশীদ, ঢাকা- ১০ আসনের মো. শফিউল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া- ৩ আসনের র অ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, কুমিল্লা-২ আসনের সেলিমা আহমাদ ও নোয়াখালী-৬ আসনের আয়েশা ফেরদাউস এবং সংরক্ষিত মহিলা আসনের সদস্য শামসুন নাহার, রুমানা আলী, পারভীন হক সিকদার, সালমা ইসলাম, নাজমা আকতার ও রওশন আরা মান্নান।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, সমুদ্রের উচ্চতা যদি এক মিটার বাড়ে তাহলে পৃথিবীর প্রায় এক চতুর্থাংশ দেশ পানির নিচে চলে যাবে। ওই ঝুঁকি থেকে রক্ষায় বেশি করে গাছ লাগানো জরুরি। বঙ্গবন্ধুর আরাধ্য সাধনা ছিল বাংলাদেশকে সত্যিকার অর্থে সবুজ শ্যামলে চিরন্তন রূপ দেওয়ার। বঙ্গবন্ধু সেটা সমাপ্ত করে যেতে পারেননি। তার সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের পরিবেশকে স্বাস্থ্য সম্মত এবং সবুজায়ন করার জন্য যে এক অসাধারণ কর্মসূচি গ্রহণ করেছেন তারই অংশ হিসেবে আমরা বৃক্ষ রোপণ করছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মুজিববর্ষে এক কোটি গাছ লাগাবো। এসডিজি অনুযায়ি আমাদের ২৫ ভাগ জমিতে গাছ লাগানোর কর্মসূচী রয়েছে। ২০৩০ সালের আগেই এই লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশাকরছি। তিনি বলেন, গাছ হচ্ছে জীবন। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং কার্ডনডাই অক্সাইড খেয়ে ফেলে। আমরা পৃথিবীর মধ্যে একটি অনুকরণীয় দেশ। কারণ আমাদের রয়েছে বিরাট সুন্দরবন। আমরা যদি সুন্দরবনকে মূল্যায়ন করতে পারতাম তাহলে ক্লাইমেট ফান্ড থেকে কয়েকশত বিলিয়ন ডলার আয় হতো। সে লক্ষ্যেই কাজ চলছে বলে তিনি জানান।

উল্লেখ্য, মুজিববর্ষ- ২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচির অংশ হিসেবে সংসদ ভবন চত্বরে গত ২৬ জুলাই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পর্যায়ক্রমে সকল সংসদ-সদস্যবৃন্দ সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

১৫ আর ২১ আগস্টের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা : তথ্যমন্ত্রী

0

১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড এবং ২০০৪ সালের ২১ আগস্টের হত্যাকাণ্ড দু’টি একই সূত্রে গাঁথা উল্লেখ করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশি-বিদেশি অপশক্তি ও একাত্তরের পরাজিত শক্তি যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং যারা বঙ্গবন্ধুকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছিল তারাই ষড়যন্ত্রের মাধ্যমে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। একইভাবে ২০০৪ সালেও যারা জননেত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছিল তারাই তাকে চিরতরে সরিয়ে দেয়ার লক্ষ্যে এবং আওয়ামী লীগকে নেতৃত্ব শূণ্য করার উদ্দেশ্যে গ্রেনেড হামলা পরিচালনা করেছিল।

আজ সোমবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের রায় কার্যকর করার দাবিতে’ আওয়ামী হকার্স লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

বক্তব্যের শুরুতেই তথ্যমন্ত্রী ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ জাতির পিতা, তার পরিবারের সদস্যদের এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতি ও শহীদ আইভি রহমানের ষোড়শ মৃত্যুবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান ও তাদের আত্মার শান্তি কামনা করেন।

এর আগে সকালে আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বনানী কবরস্থানে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদ আইভি রহমানের সমাধিতে পুষ্পিত শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইতিহাসের দিকে লক্ষ্য করে বলেন, আপনারা লক্ষ্য করে দেখুন ১৯৭৫ সালের ১৫ আগস্ট শুধু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। এমনকি ১০ বছরের শিশু শেখ রাসেল, শেখ ফজলুল হক মণি, শেখ আবু নাছের এবং আব্দুর রব সেরনিয়াবাত যিনি বঙ্গবন্ধুর ভগ্নিপতি ও মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন তাকেও হত্যা করা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগকে নেতৃত্ব শূণ্য করা, দেশকে আবার পরাধীনতার দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যেই বঙ্গবন্ধুকে সেদিন হত্যা করা হয়েছিল। এবং এই হত্যাকান্ডের মুল কুশীলব ছিল খন্দকার মোশতাক এবং জিয়াউর রহমান।’

‘আর ২১ আগস্টের হত্যাকান্ডের মুল কুশীলব, মুল পরিকল্পনাকারী এবং পরিচালনাকারী জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান, অর্থাৎ দুই হত্যাকাণ্ডেই একই পরিবার যুক্ত এবং আজকে এই কথাগুলো দিবালোকের মতো সত্য এবং স্পষ্ট’ বলেন ড. হাছান।

তিনি বলেন, ২১ আগস্টের হত্যাকাণ্ডের জন্য তারেক রহমানের বিচার হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। কিন্তু বেগম খালেদা জিয়া তো তখন প্রধানমন্ত্রী ছিলেন। বেগম জিয়ার জ্ঞাতসারে, অনুমোদনে তারেক রহমানের পরিচালনায় ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল। এজন্য আজকে যখন দাবি উঠেছে, বেগম খালেদা জিয়াকেও হুকুমের আসামি হিসেবে বিচারের আওতায় আনা প্রয়োজন, তখন বিএনপির নেতারা আবোল-তাবোল বলা শুরু করেছে। তাদের একটি বক্তব্য হচ্ছে যে, বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য না কি ২১ আগস্ট আওয়ামী লীগের মিটিংয়ে গ্রেনেড হামলা পরিচালনা করা হয়েছিল! এই কথা শুনে পাগলও হাসে।

তাই আজকে জনগণের দাবি হচ্ছে শুধু তারেক রহমানের বিচার হলে হবে না, বেগম খালেদা জিয়াকেও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামী করতে হবে উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, জিয়াউর রহমান যেমন হত্যার পথ বেছে নিয়েছিলেন, বঙ্গবন্ধু হত্যার অন্যতম কুশীলব ছিলেন সেই পথ থেকে বেগম খালেদা জিয়াও ফিরে আসতে পারে নাই। বেগম খালেদা জিয়াও তার ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য এবং তার ক্ষমতাকে ভবিষ্যতে চিরস্থায়ী করার লক্ষ্যেই ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে তার পুত্রের মাধ্যমে গ্রেনেড হামলা পরিচালনা করেছিলেন। এটিই হচ্ছে বাস্তবতা।

বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জাকারিয়া হানিফের সভাপতিত্বে কমিটির যুগ্ম আহ্বায়ক মো: জাহেদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল ও ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মান্নাফী, বিশেষ বক্তা হিসেবে আওয়ামী হকার্স লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য মো: শাহিন আহমেদ ও বক্তা হিসেবে মানিক লাল ঘোষ প্রমুখ সভায় বক্তব্য রাখেন।