Home Blog Page 2730

গাজায় হামলা চালিয়ে ইসরায়েল বলল- লাদেন বেলুনের জবাব

0

ইসরায়েল সেনাবাহিনী আজ সোমবার সকালে এক বিবৃতিতে জানিয়েছে, হামাসের স্থাপনা লক্ষ করে যুদ্ধবিমান ও ট্যাঙ্ক দিয়ে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে হামলা চালানো হয়েছে।

ওই বিবৃতিতে দাবি করা হয়, গাজা উপত্যকা থেকে বিস্ফোরক ভর্তি লাদেন বেলুন ইসরায়েলের দিকে উড়িয়ে দেওয়ার জবাবে আজকের হামলা চালানো হয়েছে।

ওইসব বেলুনের ফলে বিস্ফোরণ ঘটে ইসরায়েলি অঞ্চল ক্ষতিগ্রস্থ হচ্ছিল বলেও দাবি করা হয়। এর আগেও এ ধরনের বেলুন পাঠানোর অভিযোগ তুলে হামলা চালিয়েছে ইসরায়েল।

সূত্র : হারেজ, টাইমস অব ইসরায়েল

জমজমাট ফাইনাল হবে

0

আর কয়েক ঘণ্টা পর বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। ইউরোপর সেরার লড়াইয়ে নামতে প্রস্তুত বায়ার্ন মিউনিখ ও পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের পাঁচ শিরোপা জয় ও সব মিলিয়ে ১০ বার ফাইনালে খেলার অভিজ্ঞতা আছে বায়ার্নের। কিন্তু অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও নিজেদের শিরোপার বড় দাবিদার হিসেবে প্রমাণ করেছে পিএসজি। প্যারিসের ক্লাবটির কোচ টমাস টুখেল জমজমাট ফাইনালের প্রতিশ্রুতি দিয়েছেন।

পিএসজি তাদের প্রতিপক্ষকে সমীহ করছে জানিয়ে কোচ টমাস টুখেল বলেছেন, ‘আমরা সব প্রতিপক্ষকে শ্রদ্ধা করি। আক্রমণাত্মক হোক বা রক্ষণাত্মক প্রতিপক্ষের বিষয়ে দলকে তথ্য দেওয়াটা গুরুত্বপূর্ণ। বায়ার্ন কঠিন প্রতিপক্ষ, কেননা তারা শেষ ২০ ম্যাচ জিতেছে, অনেক নিবেদন নিয়ে খেলে এবং দ্বৈরথে তারা খুবই শক্তিশালী। কিন্তু এটা ফাইনাল। নিজেকে উজার করে খেলা এবং আত্মবিশ্বাস ধরে রাখা হবে ম্যাচের নির্ণায়ক। দুটি শক্তিশালী দলের মধ্যে এটা জমজমাট একটা ফাইনাল হবে।’

এই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলছে নেইমারের দল পিএসজি। এই শিরোপা জয়ের জন্যই নেইমারকে বার্সা থেকে রেকর্ড ট্রান্সফার ফিতে এনেছিল প্যারিসের দলটি। আজকের ম্যাচের আগে প্রতিপক্ষের চেয়ে নিজের দলকে নিয়ে বেশি ভাবছেন পিএসজির জার্মান কোচ, ‘আমরা এখানে আসার যোগ্য। বায়ার্নের বিপক্ষে দারুণ একটা ম্যাচ হবে এবং আমরা প্রস্তুত। আমাদের কেইলর নাভাস, নেইমার ও আনহেল দি মারিয়ারও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অভিজ্ঞতা আছে। এটা দারুণ একটা চ্যালেঞ্জ হবে। আমরা আত্মবিশ্বাসী।’

আইসিসির ‘হল অব ফেম’ এ আব্বাস-ক্যালিস-লিসা

0

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হল অব ফেমের অর্ন্তভূক্ত হলেন পাকিস্তানের জহির আব্বাস, দক্ষিণ আফ্রিকার জক ক্যালিস এবং অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার লিসা স্টালেকার। পাকিস্তানের জাতীয় দল ও কাউন্টি ক্লাব গ্লচেষ্টাশায়ারের হয়ে ১৯৭০-৮০ দশকে রানের ফুলঝুড়ি ফুটিয়েছেন জহির। সে সময় তাকে অস্ট্রেলিয়ার ডন ব্রাডম্যানের সাথে তুলনা করে এশিয়ার ব্রাডম্যান হিসেবে ডাকা হতো। টেস্টে সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবেও বিবেচনা করা হতো।

এশিয়ার মধ্যে একমাত্র ব্যাটসম্যান জহির, প্রথম শ্রেণীর ক্রিকেটে যার ১শর বেশি সেঞ্চুরি রয়েছে। তিনি আইসিসির হল অব ফেমে জায়গা পাওয়া ষষ্ঠ পাকিস্তানি ক্রিকেটার। এর আগে পাকিস্তানের হয়ে এই সম্মাননা পেয়েছেন হানিফ মোহাম্মদ, জাভেদ মিঁয়াদাদ, ইমরান খান, ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস। এক প্রতিক্রিয়ায় জহির বলেন, ‘২০২০ সালের আইসিসি হল অব ফেমে জায়গা পেয়ে নিজেকে গর্বিত মনে করছি।’

ক্রিকেটের ইতিহাসে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে অন্তত ১০হাজার রান ও ২৫০ উইকেট নেয়া একমাত্র খেলোয়াড় ৪৪ বছর বয়সী জ্যাক ক্যালিস। ২০০৫ সালে আইসিসির বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন। এই কিংবদন্তি অল-রাউন্ডার দক্ষিণ আফ্রিকা সর্বোচ্চ রান সংগ্রাহক ও বিশ্বে আছেন তৃতীয় স্থানে। হল অব ফেমের অর্ন্তভূক্ত হয়ে ক্যালিস বলেন, ‘খেলা শুরুর সময় এমন কিছু আমি কখনো আশা করিনি। আমি যেখানেই খেলেছি সেখানেই আমি শুধু জিততে চেয়েছি।’

নারী ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে ১০০০ রান ও ১০০ উইকেট অর্জন করা প্রথম ক্রিকেটার ভারতীয় বংশোদ্ভূত লিসা। তিনি ২০০৫ ও ২০১৩ ওয়ানডে এবং ২০১০ ও ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন। ২০০৯ সালের ২ জানুয়ারি থেকে যাত্রা শুরু হয় আইসিসি হল অব ফেমের। গত বছর এই সম্মান পেয়েছিলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার, প্রোটিয়া পেসার অ্যালান ডোনাল্ড ও অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার ক্যাথরিন ফিৎজপ্যাট্রিক।

আজ রাতে নেইমারকে শান্ত থাকার পরামর্শ রোনালদোর

0

আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এবং বায়ার্ন মিউনিখ। এই ম্যাচে সবার নজর থাকবে ব্রাজিল সুপারস্টার নেইমারের ওপর। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে দুর্দান্ত খেললেও গোল পাননি নেইমার। এ নিয়ে সমর্থকেরা চিন্তায় পড়লেও ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো কিন্তু মোটেও ভাবছেন না। বরং তিনি গোল পাওয়ার জন্য নেইমারকে কিছু পরামর্শ দিয়েছেন।

ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন পূরণে ২০১৭ সালে ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে নেইমারকে দলে টানে পিএসজি। সেই স্বপ্ন পূরণে এখন একধাপ বাকি। ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই সাবেক ফুটবলার মনে করছেন, নেইমার শেষ মুহূর্তে শান্ত থাকতে পারছে না বলেই গোল পাচ্ছে না। ২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন লিগ জিতেছিলেন নেইমার। চলতি মৌসুমে পিএসজি জিতেছেন লিগ ওয়ান, ফরাসি কাপ ও ফরাসি লিগ কাপ। এই মুহূর্তে তিনি দারুণ ছন্দে আছেন।

রোনালদো বলেন, ‘মৌসুমটি সফলভাবে শেষ করতে তাকে চ্যাম্পিয়ন্স লিগ জিততে হবে। গত কয়েকটি ম্যাচে সে খুব ভালো খেলেছে, বিশেষ করে পর্তুগালে চ্যাম্পিয়ন্স লিগের শেষ পর্বে। সে গোলের অনেক সুযোগ তৈরি করেছে। তবে ফিনিশিংয়ের সময় সে মাথা ঠাণ্ডা রাখতে পারেনি। ভাগ্যকে পাশে পেলে এবং সঠিক সময়ে শান্ত থাকতে পারলে ফাইনালে সে গোল করতে পারবে। গোল কীভাবে করতে হবে সেটা কিন্তু সে ভোলেনি। আমি মনে করি সে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল পাবে।’

কথা বলছেন সুশান্তের ‘প্রেমিকা’, হাত জড়িয়ে ধরে আছেন মহেশ!

0

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তা নিয়ে অনেক জলঘোলা হয়েছে। অনেক টালবাহানার পর এবার অভিনেতার মৃত্যু রহস্যের তদন্তে নেমেছে সিবিআই। ভারতের সুপ্রিম কোর্ট সিবিআইয়ের এই তদন্ত প্রক্রিয়ায় সায় দিয়েছেন। প্রতিদিনই যেন নতুন নতুন নানা তথ্য সামনে আসছে। তবে সুশান্তের মৃত্যুর পর যাঁকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তিনি হলেন রিয়া চক্রবর্তী। একসময় সুশান্ত সিং রাজপুতের সঙ্গে লিভ টুগেদারও করতেন ওই অভিনেত্রী।

সম্প্রতি মহেশ ভাট ও রিয়া চক্রবর্তীর একটি পুরনো ভিডিও সোশ্যাল মাধ্যমে ঘোরাফেরা করছে এবং যা নিয়ে প্রচুর কথাও হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি আসলে রিয়া চক্রবর্তী অভিনীত ছবি ‘জালেবি’র প্রচারের সময়। ভিডিওতে রিয়ার সঙ্গে যেমন রয়েছেন মহেশ ভাট তেমনই দেখা যাচ্ছে এজাজ খানকেও। তবে মহেশ ভাটকে দেখা গেছে অন্য ভঙ্গিতে। তিনি রিয়ার হাত জড়িয়ে ধরে আছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, প্রেমের সম্পর্ক নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রিয়া চক্রবর্তী। ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা যায়, এক-দু’বছর পরে এমনও সময় আসে যখন একজন আরেকজনকে মেরে ফেলতে চান, বদলে দিতে চান। এটাই হয় এবং এটাই ঘটে। তবে এখন আমি মনে করি যে এটা একদম আলাদা, প্রেমের প্রতি আমার দৃষ্টিভঙ্গি এখন পুরোপুরি বদলে গেছে। এ বিষয়ে আমার প্রচুর আবেগ রয়েছে, খুব গভীর, এটা বাস্তব। এর অর্থ এটাও হতে পারে যে আমি সারা জীবন হয়তো অবিবাহিতই থাকবো।

রিয়া চক্রবর্তী এবং মহেশ ভাটের এই ভিডিওটি ইনবলিউড নামের একটি ইনস্টাগ্রাম গ্রুপে শেয়ার করা হয়েছে। তারপর থেকে এই ভিডিওটি 8 লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। সুশান্তের অনুরাগীরা এই ভিডিওটি দেখে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন।

‘তালা ভাঙার পর সুশান্তের ঘরের ভেতরে ঢুকতে দেয়নি’, চাবিওয়ালার দাবি

0

সুশান্তের মৃত্যুকে ঘিরে রহস্য ক্রমশই দানা পাকাচ্ছে। ইতোমধ্যেই এই মৃত্যর তদন্তভার সুপ্রিম কোর্টের নির্দেশে নিজেদের হাতে তুলে নিয়েছে সিবিআই। সিবিআইয়ের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এটা কি নিছকই আত্মহত্যা নাকি এর মধ্যে রয়েছে কোনও গভীর ষড়যন্ত্র? আর এই প্রশ্নের উত্তরের তার জড়িয়ে রয়েছে ১৪ জুন বান্দ্রার কার্টার রোডের মাউন্ট ব্লাঙ্ক অ্যাপার্টমেন্টে কী ঘটেছিল সেই ঘটনার উপর।

সংবাদমাধ্যমকে দেওয়া একাধিক সাক্ষাত্কারে সুশান্তের ফ্ল্যাট মেইট এবং রাঁধুনি নীরজ আগেই জানিয়েছে ১৪ জুনের সকালে শেষবার নীরজের সঙ্গেই কথা হয়েছিল সুশান্তের। জুসের গ্লাস হাতে নিয়ে বেডরুমের ভিতরে যান অভিনেতা। কলা খেতে চাইলেও সেটা সঙ্গে নেননি। এরপর দুপুরে কী রান্না হবে তা জানতে একাধিকবার সুশান্তের ঘরের দরজা ধাক্কা দেওয়া হয়েছিল। কিন্তু ভিতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। নীরজ, সুশান্তের অপর রাঁধুনি দীপেশ সিদ্ধার্থকে বিষয়টি জানায়। বেডরুমের অপর চাবিও খুঁজে পাওয়া যাচ্ছিল না। কোনওরকম রাস্তা খুঁজে না পেয়ে, সুশান্তের বোন মীতু সিংকে ফোনে খবর দেয় তাঁরা। এবং বন্ধ দরজা খোলবার জন্য ফোন করে এক চাবিওয়ালাকে ডেকে পাঠান সিদ্ধার্থ পিঠানি।

চাবি খোলবার জন্য যাঁকে খবর দেওয়া হয়েছিল সেই মোহম্মদ রাফি শেখ অবশেষে মুখ খুলেছেন সংবাদমাধ্যমে। রিপাবলিক টিভিকে তিনি জানান, ১৪ই জুন তাঁর কাছে একটা ফোন আসে এবং তাঁকে সুশান্তের ফ্ল্যাটের ঠিকানা দিয়ে ডেকে পাঠানো হয় । তাঁকে জানানো হয় যিনি বন্ধ দরজার ওপাশে আছেন তিনি অনেকক্ষণ দরজা খুলছেন না । তাঁকে ফোন করা হলেই তিনি তাঁর জবাব দিচ্ছেন না।

দরজায় ডিজিটাল লক জানার পর তিনি হোয়াটসঅ্যাপে ছবি চেয়ে পাঠান। এবং প্রথমে অন্য একটি ঘরের তালার ছবি পাঠান পিঠানি, তিনি বলেন বন্ধ দরজার তালার ছবি পাঠাতে। সেখানে গিয়ে তিনি ঘুণাক্ষরেও কোনওরকম চাঞ্চল্য বা অস্বস্তি টের পাননি। বলেন ‘সকলেই ভীষণ স্বাভাবিক ছিল’। ভিতরে কোনও বৃদ্ধ ব্যক্তি রয়েছে বলেই অনুমান ছিল তাঁর। কোনও বলিউড তারকার বাড়ি এটি, তা জানা ছিল না বান্দ্রা এলাকার ওই চাবিওয়ালার।

তিনি সিদ্ধার্থকে জানান কম্পিউটারাউজ এই ডিজিটাল লকের চাবি বানাতে একঘণ্টা সময়ও লাগতে পারে তবে তালা ভাঙার কাজ ১৫-২০ মিনিটে হয়ে যাবে। তালা ভেঙে ফেলবার অনুমতি পেয়ে কাজ শুরু করলেও, মাঝে মধ্যেই তাঁর কাজ থামিয়ে দরজায় কান পেতে ভিতরে কোনও আওয়াজ আসছে কিনা শোনবার চেষ্টা করছিল পিঠানি ও অনান্যরা। মিনিট পনেরোর ভিতর তালা ভেঙে ফেলেন চাবিওয়ালা। কিন্তু দরজার হ্যান্ডেল নীচে নামিয়ে তাঁকে সেটি খুলতে দেননি সিদ্ধার্থ পিঠানি। টাকাপয়সা মিটিয়ে, একরকম সঙ্গে সঙ্গেই বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাঁকে । আর তাঁর বয়ান থেকেই তৈরি হয়েছে নতুন রহস্য ।

চাবিওয়ালা জানিয়েছেন তাঁর তখন জানা ছিল না তিনি যার শোবার ঘরের দরজা ভাঙছেন তিনি আর কেউ নন , প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত । তবে বিকালবেলা সংবাদমাধ্যমে খবর দেখে তাঁর কাছে বিষয়টি পরিষ্কার হয়। তিনি আফসোসের সুরে বলেছেন ‘আমি যদি জানতাম ভিতরে সুশান্ত সিং রাজপুত রয়েছেন কখনই পুলিশ না এলে ওই তালা ভাঙতাম না’।

তিনি আরও একটি চাঞ্চল্যকর তথ্য দেন-যে সেদিন সুশান্তের ফ্ল্যাটে ঢুকতে কোনওরকম এন্ট্রি করতে হয়নি তাঁকে, কারণ গার্ড নিজের জায়গায় উপস্থিত ছিল না! এবং তিনি যোগ করেন ওই তালা ভিতর থেকে যেমন বন্ধ করা সম্ভব তেমনই বাইরে থেকে চাবির মাধ্যমে অবশ্যই লক করা সম্ভব।

শিগগির সিবিআইয়ের জেরার মুখে পড়তে হবে এই চাবিওয়ালাকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিদ্ধার্থ পিঠানি ও বাকিদের বয়ানের সঙ্গে তাঁর বয়ান মিলিয়ে দেখবার চেষ্টা করবেন তদন্তকারীরা।

ব্যাটম্যান চরিত্রে ফিরছেন বেন অ্যাফ্লেক

0

ফের ব্যাটম্যান চরিত্রে ফিরতে যাচ্ছেন বেন আফ্লেক । ২০২২ সালে মুক্তি পাবে পরিচালক অ্যান্ডি মুশিয়েটি পরিচালিত সুপারহিরো জঁর ছবি ‘ দ্য ফ্ল্যাশ ‘। ছবির মূল গল্প ফ্ল্যাশকে ঘিরে আবর্তিত হলেও ছবিটিতে ব্যাটম্যানের চরিত্রে বেন অ্যাফ্লেকের একটি বিশেষ ভূমিকা থাকবে বলেই জানিয়েছেন পরিচালক। ছবিতে ফ্ল্যাশের চরিত্র ফুটিয়ে তুলবেন ইজরা মিলার।

এছাড়া অভিনেতা মাইকেল কিটোনকেও একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে। সব মিলিয়ে ডিসি কমিক্স ভক্তদের জন্য খুশির হাওয়া বয়ে এনেছে এই খবর ।

২০১৭ সালে জাস্টিস লিগের পরে আর ব্যাটম্যান চরিত্রে ফিরবেন না বলেই জানিয়েছিলেন বেন অ্যাফ্লেক। তারকার এই সিদ্ধান্ত স্বাভাবিক ভাবেই হতাশ করেছিল ভক্তদের। ভ্যানিটি ফেয়ারে সবার আগে বেন অ্যাফ্লেকের ফিরে আসবার সংবাদ প্রকাশ করে। তারপর ডিসি ফ্যানডম ইভেন্টে পরিচালক অ্যান্ডি মুশিয়েটি জানান বেনের মধ্যে যে স্বকীয়তা , পৌরুষ , প্রতিভা ,শক্ত চোয়াল , চাহনি , অভিনয় দক্ষতা , আমরা আগে দেখেছি-তারপর ওকে ছাড়া আর কাউকেই আমরা ব্যাটম্যান হিসেবে ভাবতে পারছিনা ‘।

তবে এই ছবিতে মাইকেল কিটোনেরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ব্যাটম্যান হিসেবে , এমনটাই জানান পরিচালক । এমনকি ছবির একটি গুরুত্বপূর্ণ অংশে উভয় ব্যাটম্যানের কথোপকথন, অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে অনেক অজানা রহস্য উন্মোচিত হবে দর্শকের দরবারে বলে উত্তেজনাকে উস্কে দিয়েছেন এন্ডি । তবে সব কিছু চাপিয়ে আবার ব্রুস ওয়েনকে পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন ফ্যানেরা ।

অপর দিকে রবার্ট প্যাটিনসন অভিনীত আরেকটি ব্যাটম্যান ছবির শুটিং আবার শুরু হতে চলেছে বলে জানা গেছে ডিসি কমিক্স সূত্রে।

দুই আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

0

জাতীয় সংসদের ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই দুই আসনে ১৭ অক্টোবর ভোট গ্রহণ হবে। কমিশন বৈঠক শেষে ইসি সচিব মো. আলমগীর নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে রবিবার (২৩ আগস্ট) এ তথ্য জানান।

ইসি সচিব মো. আলমগীর বলেন, এ দুই আসনের ভোটের তারিখ দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু ভোটের তফসিল এখনও নির্ধারণ হয়নি। তফসিল আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। তিনি জানান, স্থগিত থাকা স্থানীয় সরকারের নির্বাচনগুলো অক্টোবরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।

বার্ধক্যজনিত কারণে ৬ মে সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা মৃত্যুবরণ করলে ঢাকা-৫ আসনটি শূন্য হয়। এ আসনে ভোট করার শেষ সময় ১ নভেম্বর। আর ২৭ জুলাই নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় আসনটি ওই দিন শূন্য হয়। সে অনুযায়ী, ৯০ দিনের হিসেবে ২৪ অক্টোবরের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে।

ধৈর্য ও আন্তরিকতার সাথে জনগণকে সেবা প্রদান করতে হবে

0

দেশের জনগণকে ধৈর্য ও আন্তরিকতার সাথে সেবা প্রদান করতে উপজেলা নির্বাহী অফিসারদের প্রতি আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি আয়োজিত ৩২ তম ইউএনও ফিটলিস্টভূক্ত কর্মকর্তাদের অরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে ‘ভার্চুয়াল কনফারেন্স’ এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জনগণ বিভিন্ন প্রয়োজনে সরকারি অফিসগুলোতে যায়। এ সময় তারা তাদের কাছে দ্রুত ও আন্তরিক সেবা প্রত্যাশা করে। সেবা প্রত্যাশী জনগণ যেন কোন ধরনের হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাদেরকে হাসিমুখে সেবা প্রদানের মনোভাব থাকতে হবে।

তিনি আরো বলেন, মাঠ প্রশাসনে কর্মরতদের ওপর আমাদের কঠোর নজরদারি রয়েছে। তারা যদি কোন ধরনের অনিয়ম করে তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। তাই মাঠ প্রশাসনে কর্মরত সকলকে সতর্ক থেকে নিষ্ঠার সাথে জনগণকে সেবা প্রদান করে ‘জনবান্ধব জনপ্রশাসন’ গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে সরকার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দক্ষতা, কর্মনিষ্ঠা ও দেশপ্রেমের সাথে কাজ করতে হবে।

বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর বদরুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) ডঃ মুহাম্মদ হুমায়ুন কবীর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিসিএস প্রশাসন একাডেমি মেম্বার ডিরেক্টিং স্টাফ মোঃ মাহবুব উল আলম শুভেচ্ছা বক্তব্য রাখেন।

পোল্ট্রি শিল্পের বিকাশে সব সহযোগিতা দেওয়া হবে

0

পোল্ট্রি শিল্পের বিকাশে প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। রবিবার (২৩ আগস্ট) রাজধানীর সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়সভায় মন্ত্রী এ বিষয়ে আশ্বস্ত করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ্ হাবিবুল হক, সহসভাপতি মেজর (অব.) আনিসুর রহমান, মহাসচিব ডা. মনজুর মোরশেদ খানসহ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের উদ্দেশে এ সময় মন্ত্রী বলেন, আপনাদের সব ধরনের সহযোগিতা করতে আমরা সব সময় প্রস্তুত। এখন প্রতিযোগিতামূলক বাজার। প্রতিযোগিতামূলক বাজারে আপনারা এগিয়ে গেলে একসময় বিদেশি প্রতিষ্ঠান এখান থেকে চলে যেতে পারে। দেশের মানুষকে আকৃষ্ট করার জন্য পোল্ট্রি থেকে তৈরীকৃত খাবারে বৈচিত্র্য আনতে হবে। গবেষণার মাধ্যমে মাংসের বহুজাতিক ব্যবহার বাড়াতে হবে।

তিনি বলেন, পোল্ট্রি আমাদের দেশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটা অর্থনৈতিক ক্ষেত্রে, অর্থনীতির গতিকে সচল করার ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে এবং মাংসের চাহিদা মেটানোর ক্ষেত্রে। অনেক শিক্ষিত তরুণ এ খাতে কাজ করতে আগ্রহী হচ্ছে। পোল্ট্রিকে একটি শিল্পে পরিপূর্ণভাবে রূপান্তর এবং আরো মর্যাদাপূর্ণ খাতে পরিণত করার জন্য আমরা অবশ্যই কাজ করব। আমরা চাই পোল্ট্রি শিল্পের বিকাশ হোক। আর এই বিকশিত শিল্পকে শুধু দেশেই নয়, দেশের বাইরেও ছড়িয়ে দিতে হবে।