Home Blog Page 2732

আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রির শেষ দিন চলছে

0

জাতীয় সংসদের পাঁচটি আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমার শেষ দিন আজ। গত ছয় দিনে মোট ১৩০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

আজ রবিবার শেষ দিনে আরও কিছু মনোনয়পত্র বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম (সিরাজগঞ্জ-১), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন (ঢাকা-১৮), সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলু (পাবনা-৪), শ্রমিক নেতা ইসরাফিল আলম (নওগাঁ-৬) ও হাবিবুর রহমান মোল্লার (ঢাকা-৫) মৃত্যুতে আসনগুলো শূন্য হয়।

গতকাল শনিবার রাত পর্যন্ত ছয় দিনে ঢাকা-১৮ আসনে ৪৯ জন প্রার্থী দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন। এছাড়া নওগাঁ-৬ আসনে ৩২ জন, পাবনা-৪ আসনে ২৮ জন, ঢাকা-৫ আসনে ১৮ জন এবং সিরাজগঞ্জ-১ আসনে ৩ জন দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন।

আর্থিক সংকটে অসহায় দিন কাটছে সালমানের নায়িকার

0

সালমান খানের হাত ধরে খুব ধুমধাম করে বীর ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন জারিন খান। এরপর হাতে গোনা কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। সালমান খানই তাঁকে চলচ্চিত্রজগতে আবিষ্কার করেছিলেন। জারিনের মধ্যে নাকি ক্যাটরিনার ছায়া খুঁজে পেয়েছিলেন সালমান। তবে বলিউডে জারিনের ইমেজ আবেদনময়ী হিসেবে।

নিজের ইমেজ ছেড়ে বের হতে চাইছিলেন তিনি। এ প্রসঙ্গে জারিন বলেন, ‘আমাকে সব সময় আবেদনময়ী আর গ্ল্যামারাস চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়। আমি সেই সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। আমি নিজের এক অন্য ইমেজ গড়তে চাই। অভিনয়শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাই।’

লকডাউনের কারণে দীর্ঘদিন গৃহবন্দী জারিন। তাই কাজের জগৎ থেকে বাইরে তিনি। আর্থিক সংকটের মুখোমুখি হতে চলেছেন সালমানের এই নায়িকা। এ প্রসঙ্গে জারিন বলেন, ‘আমার বাড়িতে একমাত্র আমিই আয় করি। চার মাস ধরে কোনো কাজ নেই। তাই ভীষণ অসুবিধার মধ্যে পড়েছি। আমার বাবা-দাদারা এত টাকা সঞ্চয় করেননি যে আমরা বসে বসে খাব। তাই বাধ্য হয়ে আমায় কাজে নামতে হয়েছে। এবার আমার জমানো পুঁজি শেষের পথে। তাই আমাকে তাড়াতাড়ি কাজের ফিরতে হবে।’

জারিন খান অভিনীত ছবি হাম ভি আকেলে, তুম ভি আকেলের প্রসঙ্গ উঠে আসে। জারিন বলেন, ‘আমার এই ছবির জন্য বেশ কিছু পুরস্কার পেয়েছি। কিন্তু ওটিটি প্ল্যাটফর্মগুলো একে ছোট ছবি ভেবে রিলিজ করতে চাইছে না। ওটিটি প্ল্যাটফর্মগুলো বড় বড় তারকার ছবি রিলিজ করার ব্যাপারে বেশি উৎসাহ দেখায়।’

জারিন খানকে শিগগিরই একটি ওয়েব সিরিজে দেখা যাবে। তিনি বলেন, ‘আমার কাছে এর আগেও অনেক ওয়েব সিরিজের প্রস্তাব এসেছে। কিন্তু আমি মনের মতো চরিত্রের অপেক্ষায় ছিলাম। আমি অন্য ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরতে চাইছিলাম।’

ডায়ানার জীবন নিয়ে গাল গ্যাদত

0

প্রথম বিশ্বযুদ্ধের পরের সময়টায় কেমন ছিল প্রিন্সেস ডায়ানার জীবন, তাঁর খানিক ইঙ্গিত পাওয়া যাবে ’ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ ছবিতে। ছবির ভেতরের সেই কাহিনি একরকম মুখ ফসকেই বলে ফেলেছেন অভিনেত্রী ও প্রযোজক গাল গ্যাদত।

বিশ্বযুদ্ধের প্রায় ৬৬ বছর পরের কাহিনি নিয়ে পেটি জেনকিনস যে ছবি বানিয়েছেন, সেখানে দেখা যাবে ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাদতকে। ২০০৪ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা থেকে মডেল ও পরে টেলিভিশনে অভিনয় শুরু করেছিলেন এই তারকা। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের চতুর্থ ছবি দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন। ২০১৭ সালে ওয়ান্ডার ওম্যান ছবিতে নারী সুপারহিরো হিসেবে তাঁকে পেয়ে হলিউডপ্রেমীদের আহ্লাদের শেষ ছিল না। এরপর শুরু হয় ওয়ান্ডার ওম্যান ১৯৮৪ ছবিটির জন্য অপেক্ষা।

গ্যাদত ট্রিপল নাইন ছবিতে অভিনয় করেছিলেন অস্কারজয়ী তারকা কেট উইন্সলেটের সঙ্গে। সেখানে তাঁকে দেখা যায় একজন মোহময়ী রুশ মাফিয়া হিসেবে। চরিত্রের খাতিরে প্রথমবার তাঁকে অমন আবেদনময়ী নারীর চরিত্রে দেখা যায়। তবে তাঁর স্বপ্ন ছিল গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সির মতো কোনো ছবির সুপারহিরো হবেন। তাঁর সেই স্বপ্ন পূরণ হয়ে যায় সুপারহিরো হওয়ার সুযোগের মধ্য দিয়ে। গ্যাদতকে নিয়ে ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ নির্মাতা জ্যাক স্নাইডার মন্তব্য করেছিলেন, ‘“ওয়ান্ডার ওম্যান”-এর সব গুণ আছে গ্যাদতের ভেতর। একই সঙ্গে রূপবতী, শক্তিশালী, নম্র ও আকর্ষণীয়। আবার প্রয়োজনে ভয়ংকর হয়ে উঠতেও পারেন।’ এই গুণগুলোর সঙ্গে ওয়ান্ডার ওম্যান-এ যুক্ত হয়েছে গল্পকারের ক্যারিশমা। বাস্তব জীবনেও গ্যাদত এক ওয়ান্ডার ওম্যান।

পুলিশকে লাথি মেরে আবার ঘুষ সেধেছিলেন ম্যাগুয়ার

0

সেই অল্প সময়টুকুরও বেশ কিছুটা ভাগ বসিয়ে দিয়েছে গ্রিসের পুলিশ। গত বৃহস্পতিবার মধ্যরাতে মাইকোনোসের এক বারের বাইরে গ্রিক পুলিশের সঙ্গে মারামারি করেছেন হ্যারি ম্যাগুয়ার। ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ককে সে ঘটনায় হাজতে নিয়ে গেছে পুলিশ। এর মাঝে খবর এল ২৭ বছর বয়সী ইংলিশ ডিফেন্ডার ও তাঁর সঙ্গীরা নাকি মামলা থেকে বাঁচতে ঘুষও সেধেছিলেন পুলিশকে।

গত বৃহস্পতিবার মাইকোনোস টাউনের মাতোজিয়ান্নিয়া অঞ্চলে প্রথমে কিছু ভক্তের সঙ্গে তর্কাতর্কি হয়েছিল ম্যাগুয়ারের। সে ঘটনা সামলাতে আসা পুলিশের সঙ্গেও ঝামেলা পাকিয়েছেন। মারামারি করে পরে হাজতে রাত কাটিয়েছেন। একদিন পেরিয়ে গেলেও এখনো হাজতবাস শেষ হয়নি তাঁর। সেদিনের ঘটনা ব্যাখ্যা করে জানিয়েছেন পুলিশের মুখপাত্র পেত্রোস ভ্যাসসিলাকিস, ‘যখন ঝগড়া থামল, তখন দুই পক্ষের মধ্যে এক পক্ষ (ফুটবলারের পক্ষ) পুলিশ অফিসারদের গালাগালি দিতে শুরু করল। সেখানে বেশ কয়েকজন পুলিশের লোক ছিল। একপর্যায়ে ওদের একজন পুলিশের দিকে তেড়ে আসে এবং মারামারি শুরু হয়। ওদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছ কিন্তু তার আগে বাকিরা (ফুটবলারও) আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন। তারা পুলিশের অন্তত দুজনকে ঘুষি মেরেছেন এবং মাটিতে পড়ে থাকা পুলিশদের লাথি মেরেছেন।’

হাত-পায়ের সঙ্গে মুখও চলছিল ম্যাগুয়ারদের। অন্তত গ্রিক পুলিশের দাবি তাই, ‘আমি বলতে পারব না তারা আমাদের কী বলছিল। কর্তৃপক্ষ ও পুলিশ নিয়ে সব ইংরেজিতে গালি দিচ্ছিলেন। ফুটবলারসহ তিনজনকে হাজতে রাখা হয়েছে।’ এরই মধ্যে গোলডটকম দাবি করেছে, স্থানীয় পুলিশ নাকি তাদের জানিয়েছে, গ্রেপ্তারের পর যেন মামলা করা না হয়, সেটা নিশ্চিত করতে টাকা সেধেছিলেন একজন। কিন্তু ওতে লাভ হয়নি কোনো।

এর মাঝে ইংলিশ ট্যাবলয়েড সান এক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছে। ম্যাগুয়ার নিজেকে নির্দোষ দাবি করলেও প্রত্যক্ষদর্শীর ভাষ্য ভিন্ন। নাম প্রকাশ না করা সেই প্রত্যক্ষদর্শী সানকে বলেছেন, ‘বুধবার রাতেই কয়েকজন হ্যারিকে খোঁচা দিচ্ছিলেন। তবে সেটা শুধু হালকা খোঁচার মধ্যে সীমাবদ্ধ ছিল। বৃহস্পতিবারে ব্যাপারটা একটু মাত্র ছাড়ায়। তারা ইউনাইটেডকে গালি দিচ্ছিল। তারা হ্যারিকে খেপানোর চেষ্টা করছিল। সঙ্গে থাকা নারীদের সঙ্গেও ঝামেলা পাকানোর চেষ্টা করছিল। হ্যারি খেপে যায়। তারা আবারও ইউনাইটেডকে গালি দেয় এবং হ্যারির এক সঙ্গীর সঙ্গে মারামারি শুরু করে। যখন মাটিতে পড়ে গেল ওরা, তখন হ্যারি পেছন থেকে লাথি মারা শুরু করেন। মেয়েরা চিৎকার শুরু করে। পাশ থেকে দুই পুলিশ অফিসার এসে থামানোর চেষ্টা করায় হ্যারি খেপে যান। তিনি বলতে শুরু করেন, “ ভাগ এখান থেকে। তোমাদের মাথা ঘামানোর দরকার নেই।” পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে চাইলে পুলিশদের মারা শুরু করেন। পুলিশকে উল্টো সাহায্য চাইতে হয় তখন। আরও দুই তিনজন পুলিশ আসে কিন্তু হ্যারি এত শক্তিশালী আর এতটাই খেপে উঠেছিল যে তাঁকে থামানো যাচ্ছিল না। চিৎকার করছিলেন অনেক। বহু কষ্টে তাঁকে থামিয়েছে তারা, অন্তত এক পুলিশ আহত হয়েছে। পাঁচজনের বেশি পুলিশ লেগেছে তাঁকে থামাতে।’

ম্যাগুয়ারের এ কাণ্ডের পরও ইউনাইটেড তাঁর পাশেই আছে। ক্লাব অধিনায়কের যেন শাস্তি না হয়, সে চেষ্টা চালাচ্ছে তারা। ম্যাগুয়ারের বড় কোনো শাস্তি হওয়ার সম্ভাবনা দেখছে না সংবাদমাধ্যমগুলোও। এরই মাঝে সাইরোসের এক আদালত থেকে জামিন পেয়েছেন ম্যাগুয়ার। আদালতের চোখে মনে হয়েছে, ঘটনাটি গুরুতর কিছু নয়। ফলে হাজত থেকে মুক্তি মিলেছে তার। আদালত ও মামলা সংক্রান্ত বাকি আনুষ্ঠানিকতা তাঁর আইনজীবীরাই এখন সামাল দিতে পারবেন।

ডাক বিভাগের মহাপরিচালকের বরখাস্ত চেয়ে আইনি নোটিশ

0

ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে চাকরি থেকে বরখাস্ত চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে করোনা পজিটিভ হওয়ার পরও কেন তিনি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে গেলেন তার তদন্ত চাওয়া হয়েছে। একইসঙ্গে তাকে বিচারের আওতায় আনতে বলা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে সেগুলো চিহ্নিত করে সংস্কারে পদক্ষেপ নিতে বলা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক এবং আইইডিসিআর-এর পরিচালককে ইমেইল যোগে এই নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাওছার শনিবার এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকেট, ডাটা কার্ড উন্মোচন-এর উদ্বোধনী কাজে গত ১৪ আগস্ট গণভবনে যান সুধাংশু শেখর ভদ্র। সেখানে তিনি প্রধানমন্ত্রীর অনেক কাছাকাছি অবস্থান করেন। কিন্তু সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৬ ধারা অনুযায়ী তার কর্মকাণ্ড একটি অপরাধ। উক্ত আইন অনুযায়ী তিনি করোনা পজিটিভের তথ্য গোপন করেছেন, যা শাস্তিযোগ্য অপরাধ।

নোটিশে বলা হয়, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী, ১২ আগস্ট আইইডিসিআর করোনা পরীক্ষার জন্য সুধাংশু শেখর ভদ্রের নমুনা সংগ্রহ করেছে এবং ১৩ আগস্ট সন্ধ্যায় উক্ত রিপোর্ট তাকে প্রদান করা হয়েছে। যে রিপোর্ট অনুযায়ী তার করোনা পজিটিভ ছিল। কিন্তু উক্ত রিপোর্টের তথ্য গোপন করে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর খুব কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছেন। যা শুধুই বেআইনি নয়, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা এবং স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি বহন করে।

নোটিশে বলা হয়, আগস্ট মাস একটি শোকের মাস। এই মাসে বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন বর্বরতম হত্যাকাণ্ড ঘটেছে। বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার জন্য বারবার স্বাধীনতাবিরোধী চক্র এই আগস্ট মাসকে বেছে নিয়েছে। এমন একটি পরিস্থিতিতে একজন করোনা আক্রান্ত ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার উদ্দেশ্য সম্পর্কে দেশবাসীর মধ্যে বিভিন্ন ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। কেন এবং কোন উদ্দেশ্যে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলেন? একইসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকরী সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। এ কারণেই বিষয়টির তদন্ত হওয়া প্রয়োজন।

করোনা-পরবর্তী সময়ে পর্যটনকেন্দ্রে ভিড় বাড়বে : প্রতিমন্ত্রী

0

বিদেশি পর্যটক বাড়াতে পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল ও ভুটানের নাগরিকদের বাংলাদেশে আসার ভিসা প্রক্রিয়া সহজ করতে হবে। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। শনিবার নাটোর জেলার সঙ্গে আয়োজিত অনলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। করোনা-পরবর্তী সময়ে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে দেশি-বিদেশি পর্যটকদের ভিড় বাড়বে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

নাটোর জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর ১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, পরিচালক আবু তাহের মুহাম্মদ জাবের প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশে ঘুরতে আসা পর্যটকদের একটি উল্লেখযোগ্য অংশ পার্শ্ববর্তী দেশগুলোর জনগণ। তারা আমাদের ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা পর্যটনে আসেন। পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল ও ভুটানের নাগরিকদের জন্য পর্যটক ভিসা সহজীকরণের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে সংশ্লিষ্ট দেশগুলো থেকে পর্যটকের আগমন বাড়বে।

মাহবুব আলী বলেন, কভিড-১৯-এর কারণে বর্তমানে মানুষ দীর্ঘদিন যাবৎ ঘরে অবস্থান করছে। কভিড-১৯-পরবর্তী সময়ে দেশের পর্যটন গন্তব্যগুলোতে পর্যটকের ভিড় বাড়বে। সেই সময়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। পর্যটকরা যেন সব পর্যটন গন্তব্যে সঠিক ও উপযুক্ত পরিবেশ পায়, স্থানীয় প্রশাসনকে তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, পর্যটন সম্পর্কে জনসচেতনতা তৈরি না হলে পর্যটনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি ব্যাহত হবে। পর্যটনের সঙ্গে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার ক্ষেত্রে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে এ ব্যাপারে গুরুত্বের সঙ্গে কাজ করার জন্য অনুরোধ করছি। পর্যটন সম্পর্কে জনসচেতনতা তৈরি করার জন্য পাঠ্যপুস্তকে পর্যটনবিষয়ক রচনা অন্তর্ভুক্ত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কেও অনুরোধ করা হবে।

জঙ্গিবাদী পাকিস্তানপন্থার রাজনীতি বাংলাদেশের জন্য স্থায়ী বিপদ: ইনু

0

জাসদের দলীয় সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, ধর্মভিত্তিক সাম্প্রদায়িক জঙ্গিবাদী পাকিস্তানপন্থার রাজনীতি বাংলাদেশের জন্য একটি স্থায়ী বিপদ। ধর্মভিত্তিক সাম্প্রদায়িক জঙ্গিবাদী পাকিস্তানপন্থার রাজনীতির বিরুদ্ধে সার্বক্ষণিক লড়াই জারি রাখার পাশাপাশি দুর্নীতি-লুটপাট-বৈষম্যের বিরুদ্ধে সুশাসন ও সমাজতন্ত্রের সংগ্রাম এগিয়ে নিতে হবে। ধর্মভিত্তিক সাম্প্রদায়িক জঙ্গিবাদী পাকিস্তানপন্থার রাজনীতিকে পরাজিত করে রাজনৈতিক শান্তি অর্জন এবং দুর্নীতি-লুটপাট-বৈষম্যে ক্ষতবিক্ষত-বিপর্যস্থ জনগণের কান্না ও দীর্ঘশ্বাস দূর করে সামাজিক শান্তি ও প্রগতি অর্জনই এখন দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির মূল কর্তব্য।

করোনায় সদ্যপ্রয়াত মুক্তিযোদ্ধা কমান্ডার ও জাসদ নেতা অ্যাড. হাবিবুর রহমান শওকতের শোকসভায় এসব মন্তব্য করেন তিনি। আজ শনিবার সকাল ১১টায় রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শোক সভার আয়োজন করা হয়। হাবিবুর রহমান জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সেক্টর কমান্ডার ফোরামের আইনবিষয়ক সম্পাদক, মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। গত ৩ আগস্ট বৈশ্বিক মহামারি করোনার ছোবলে হাবিবুর রহমান শওকত চির বিদায় নেন।

জাসদের দলীয় সভাপতি হাসানুল হক ইনু এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এ শোক সভায় বক্তব্য রাখেন, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, নুরুল আখতার, সফি উদ্দিন মোল্লা, প্রয়াত অ্যাড. হাবিবুর রহমান শওকতের কন্যা স্থপতি তানজিনা রহমান ছুটি, দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, নইমুল আহসান জুয়েল, মো. মোহসীন, জাতীয় যুব জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, জাতীয় আইনজীবী পরিষদের নেতা
অ্যাড. মো. সেলিম, জাতীয় নারী জোট নেত্রী নিলঞ্জনা রিফাত সুরভী।

সভাপতির বক্তব্যে হাসানুল হক ইনু এমপি অ্যাড. হাবিবুর রহমান শওকতকে একজন বিশ্বস্থ, বলিষ্ঠ সহযোদ্ধা ও মহান দেশপ্রেমিক হিসাবে আখ্যায়িত করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‌’অ্যাড. হাবিবুর রহমান শওকত মুক্তিযুদ্ধকে ১৯৭১ এর ৯ মাসের যুদ্ধের মধ্যে আটকে না রেখে জীবনের শেষ দিন পর্যন্ত জীবনের সর্বক্ষেত্র ব্যাপ্ত করে ধারণ ও লালন করেছেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে সামান্যতম ছাড় ও আপসে বিশ্বাস করতেন না।’

আলোচনা সভায় জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী প্রয়াত নেতা অ্যাড. হাবিবুর রহমান শওকতের সংক্ষিপ্ত জীবনালেখ্য পাঠ করেন। শোক সভার পূর্বে অ্যাড. হাবিবুর রহমান শওকতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

‘বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতায় ভীষণভাবে বিশ্বাস করে’

0

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতায় ভীষণভাবে বিশ্বাস করে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শনিবার এ মন্তব্য করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।

অনুষ্ঠানে সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, কোষাধ্যক্ষ ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সভা শেষে সমিতির ভবন উন্নয়নে সরকারের বরাদ্দকৃত ১৭ কোটি ৪৭ লাখ টাকার কাজের উদ্বোধন করা হয়।

অ্যডভোকেট শ ম রেজাউল করিম বলেন, বিচার বিভাগ স্বাধীন এবং শক্তিশালী নাহলে দেশের গণতন্ত্র এবং সুশাসন অর্থবহ হবে না। বিচার বিভাগকে কার্যকরভাবে স্বাধীন এবং শক্তিশালী করার ভেতর থেকেই কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হয়। আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে গণতন্ত্র থাকে না, গণতন্ত্র না থাকলে মানবাধিকার থাকে না, মানবাধিকার না থাকলে সভ্যতা থাকে না এবং সভ্যতা না থাকলে কিন্তু আমাদের যা কিছু অর্জন সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমাদেরকে সেই জায়গাটিকে ধারণ করতে হবে।

`স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ এমনিতেই কমে যাবে’

0

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার সংক্রমণ এমনিতেই কমে যাবে। সংক্রমণ কমাতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে, শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, অসুস্থ হলে করোনার টেস্ট করাতে হবে। ভ্যাকসিনের অপেক্ষায় না থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চললে এমনিতেই করোনার সংক্রমণ কমে যাবে।

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) আয়োজিত রাস্তা প্রশস্তকরণ এবং মেরামত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় মন্ত্রী ১০ কোটি টাকা ব্যয়ে মানিকগঞ্জ-বাংলাদেশ হাট-তিল্লী-ছনকা-নাগরপুর ২২ কিলোমিটার রাস্তা প্রশস্তকরণ এবং মেরামত কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ভারত, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহু দেশেই করোনা সংক্রমণ অনেক বেশি। সে তুলনায় বাংলাদেশে জনসংখ্যা অনুপাতে করোনা সংক্রমণ বিশ্বের যেকোনো দেশের চেয়ে অনেক কম। করোনা সংক্রমণ কমিয়ে রাখা সম্ভব হয়েছে স্বাস্থ্যসেবা ভালো থাকার কারণে।

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত গ্রেনেড হামলা করে দেশকে একটি মৌলবাদী অকার্যকর রাষ্ট্র বানাতে চেয়েছিল। তারা দেশের উন্নয়ন চায়নি। শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশের অনেক উন্নয়ন করেছেন।

দু’বছরের মধ্যে করোনা মহামারি শেষ হবে- হু মহাপরিচারকের আশা

0

দুই বছরের মধ্যে করোনাভাইরাস মহামারির শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস।

জেনেভায় শুক্রবার তিনি বলেন, ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু দুই বছরের মধ্যে শেষ হয়ে গিয়েছিল।

কিন্তু বর্তমান বিশ্বের উন্নত প্রযুক্তি এই ভাইরাসটিকে তার চেয়েও কম সময়ে আটকে দিতে পারবে বলে তিনি আশা করছেন। বলেন, অবশ্যই উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ভাইরাসের ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু একই সময়ে এটা দমন করার মতো প্রযুক্তি ও জ্ঞান আমাদের আছে।

এ ব্যাপারে জাতীয় সংহতি এবং বৈশ্বিক একতার ওপর তিনি গুরুত্ব দেন।

১৯১৮ সালের ভয়াবহ ফ্লুতে বিশ্বে অন্তত পাঁচ কোটি মানুষের মৃত্যু হয়েছিল। করোনাভাইরাসের কারণে এ পর্যন্ত বিশ্বে প্রায় আটলাখ মানুষের মৃত্যু হয়েছে এবং দুই কোটি ২৯ লাখ মানুষ আক্রান্ত হয়েছে।

করোনাভাইরাস মহামারির সময় পাসোর্নাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) নিয়ে যেসব দুর্নীতির ঘটনা ঘটছে, এ সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে একে ‘অপরাধ’ বলে তিনি বর্ণনা করেছেন।

তিনি বলেন, যেকোনো ধরনের দুর্নীতিই অগ্রহণযোগ্য। তবে পিপিই নিয়ে দুর্নীতি…আমার মতে এটা আসলে একটা হত্যাকাণ্ড। কারণ স্বাস্থ্য কর্মীরা যদি পিপিই ছাড়া কাজ করে, আমরা তাদের জীবনের ঝুঁকি নিচ্ছি। সেই সঙ্গে যাদের তারা সেবা দিচ্ছেন, তাদের জীবনকেও ঝুঁকিতে ফেলে।

দক্ষিণ কোরিয়ায় পিপিই নিয়ে দুর্নীতির অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনার তৈরি হলেও, বিশ্বের অনেক দেশেই এরকম অভিযোগ উঠেছে। বাংলাদেশেও করোনাভাইরাস মহামারির শুরুতে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ নিয়ে অভিযোগ করেছেন স্বাস্থ্যকর্মীরা।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন মোট ২ লাখ ৯০ হাজার ৩৬০ জন। তাদের মধ্যে ৩৮৬১ জনের মৃত্যু হয়েছে। আর এখন পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন।

সূত্র: বিবিসি বাংলা