Home Blog Page 2734

করোনায় রোহিঙ্গা সংকট আরো জটিল হয়েছে : জাতিসংঘ

0

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারির কারণে রোহিঙ্গা সংকট আরো জটিল হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। সংস্থাটি মিয়ানমারে ও মিয়ানমারের বাইরে অবস্থানরত ‘বাস্তুচ্যুত’ ও ‘রাষ্ট্রহীন’ রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য বিশ্বকে আবারও সহায়তা এবং এই সংকট সমাধানের আহ্বান জানিয়েছে। মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা ঢলের বার্ষিকীর আগ মুহূর্তে গতকাল শুক্রবার এক বিবৃতিতে ইউএনএইচসিআর এ আহ্বান জানায়।

ইউএনএইচসিআর জানায়, ২০১৭ সালের আগস্ট মাসে রোহিঙ্গারা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছিল। এর তিন বছর পর আজও বিভিন্ন চ্যালেঞ্জ আছে ও নতুন অনেক চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। বিশ্বব্যাপী কভিড-১৯ মহামারি পরিস্থিতিকে করেছে আরো জটিল। রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয় বাংলাদেশি জনগণকে সাহায্যের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত পরিবর্তিত পরিস্থিতির নতুন চাহিদাগুলো মেটানো এবং এই সংকট সমাধানের লক্ষ্যে আরো বেশি কাজ চালিয়ে যাওয়া।

বিবৃতিতে বলা হয়েছে, ‘রোহিঙ্গাদের হিসাবে তাদের প্রায় তিন-চতুর্থাংশ আজ মিয়ানমারের বাইরে আছে। ইউএনএইচসিআর ও বাংলাদেশ সরকারের যৌথ নিবন্ধন অনুযায়ী কক্সবাজারে অবস্থান করছে প্রায় আট লাখ ৬০ হাজার রোহিঙ্গা।’

বাংলাদেশের প্রশংসা করে বিবৃতিতে বলা হয়েছে, ‘আশ্রিত রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছে। বাংলাদেশ তাদের সুরক্ষা নিশ্চিত করেছে, জীবন রক্ষাকারী মানবিক সাহায্যের ব্যবস্থা করেছে। আজ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিবন্ধিত প্রতি ১০ জন রোহিঙ্গার মধ্যে ৯ জন বাস করে বাংলাদেশে। এই মহানুভবতার প্রতিদান হিসেবে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় বাংলাদেশি জনগণের জন্য নিরন্তর সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়া প্রয়োজন।’

ইউএনএইচসিআর জানায়, রোহিঙ্গা সংকটের পরিপূর্ণ সমাধান আছে মিয়ানমারে। রাখাইন রাজ্যবিষয়ক পরামর্শক কমিশনের সব সুপারিশ পরিপূর্ণভাবে বাস্তবায়নের মাধ্যমেই এটি সম্ভব; আর মিয়ানমার সরকারও সেটি করতে প্রতিজ্ঞাবদ্ধ।

ইউএনএইচসিআর আরো জানায়, রোহিঙ্গাদের নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরিতে প্রয়োজন সর্বস্তরের অংশগ্রহণ, মিয়ানমারের কর্তৃপক্ষ ও রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে নতুন করে কার্যকরী আলোচনা শুরু করা এবং এর পাশাপাশি দুই পক্ষের মধ্যে আস্থা তৈরির উদ্যোগ নেওয়া। এসবের জন্য প্রয়োজন মিয়ানমারে রোহিঙ্গাদের চলাফেরার ওপর বিধি-নিষেধ প্রত্যাহার, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের নিজ গ্রামে ফেরার সুব্যবস্থা এবং রোহিঙ্গাদের নাগরিকত্ব পাওয়ার বিষয়ে একটি সুস্পষ্ট রূপরেখা তৈরি করা।

ইউএনএইচসিআর তার বিবৃতিতে বলেছে, ‘শুধু মিয়ানমারের বাইরে অবস্থানরত রোহিঙ্গাদের সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করাই নয়, আমাদের সম্মিলিত প্রচেষ্টার আরেকটি লক্ষ্য হওয়া উচিত রোহিঙ্গাদের আশানুযায়ী তাদের ভবিষ্যৎ গড়ে তোলা। সে জন্য শুধু মিয়ানমারে স্থায়ী সমাধানের জন্য নয়, আশ্রয় প্রদানকারী দেশের বাইরে তাদের শিক্ষা ও কাজের সুযোগ সৃষ্টি এবং সর্বোচ্চ ঝুঁকিতে থাকা শরণার্থীদের তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের ব্যবস্থার জন্য আরো কাজ করতে হবে।’

ইউএনএইচসিআর জানায়, ‘বাংলাদেশ ও পৃথিবীর অন্যান্য দেশে আশ্রিত রোহিঙ্গাদের মানসিক শক্তি ও প্রত্যয় তিন বছর ধরে কাজ করছে মানবিক কর্মকাণ্ডের মূল চালিকাশক্তি হিসেবে। এই মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় বাংলাদেশি জনগণের প্রতিও বাড়িয়ে দেওয়া হয়েছে সহযোগিতার হাত। রোহিঙ্গা শরণার্থীদের সাহস ও মনোবলকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আমরা কাজ করে যাব যেন পৃথিবী তাদের ভুলে না যায়।’

হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে সৌদি আরব

0

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের প্রদেশ নাজরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিস্ফোরক বোঝাই ড্রোনও নিক্ষেপ করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। তবে লক্ষ্যে আঘাত হানার আগেই সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংস করেছে বলে দাবি দেশটির।

শুক্রবার (২১ আগস্ট) সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইয়েমেন সীমান্ত সংলগ্ন সৌদি আরবের দক্ষিণের নাজরান প্রদেশে বিস্ফোরক বোঝাই ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথিরা।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকির বরাত দিয়ে দেশটির সরকারি টেলিভিশনের খবরে বলা হয়েছে, নাজরান শহরের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রে গুলি চালিয়ে ভূপাতিত করা হয়েছে।

২০১৪ সালে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি রাজধানী সানা-সহ দেশটির অধিকাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। সেই সময় দেশটির প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি হুথি বিদ্রোহীদের হামলা থেকে বাঁচতে পালিয়ে সৌদি আরবে আশ্রয় নেন।

পরের বছরের মাঝের দিকে ইয়েমেনের পলাতক এই প্রেসিডেন্টকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। সৌদি নেতৃত্বাধীন জোটের এই হামলা শুরুর পর থেকে দশ হাজারের বেশি ইয়েমেনির প্রাণহানি ও লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

সূত্র : রয়টার্স।

ইস্তাম্বুলের আরেকটি চার্চ মসজিদে রূপান্তরের নির্দেশ এরদোয়ানের

0

দীর্ঘ ৮৬ বছর পর ঐতিহাসিক আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদে রূপান্তরের পর এবার ইস্তাম্বুলে অর্থোডক্স খ্রিস্টানদের একটি চার্চকে মসজিদে রূপান্তরের নির্দেশ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। চার্চটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে।

ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরের ঠিক এক মাস পর কারিয়ে মিউজিয়াম নামে পরিচিত চার্চটি মসজিদে রূপান্তর করার সিদ্ধান্তটি এলো। শুক্রবার (২১ আগস্ট) এ ব্যাপারে তুরস্ক সরকারি একটি গেজেট জারি করেছে।

হাজার বছরের পুরনো পুরাকীর্তির দিক থেকে এই জাদুঘর ভবনটির অবস্থান আয়া সোফিয়ার পরেই। এটি ইউরোপঘেঁষা ইস্তাম্বুলের ‘গোল্ডেন হর্ন’ এলাকার প্রাচীনতম নিদর্শন।

ইস্তাম্বুলে খোরা এলাকায় এটি বাইজেন্টাইনরা চার্চ হিসেবে প্রতিষ্ঠা করেছিল। চতুর্দশ শতকের অসাধারণ সব দেয়ালচিত্র দিয়ে ভবনটির ভেতরের দেয়াল সুসজ্জিত।

পরবর্তী সময়ে অটোমানরা ১৪৫৩ সালে কনস্টানটিনোপোল তথা বর্তমান ইস্তাম্বুল দখল করে নিলে গির্জাটি মসজিদে পরিণত করা হয়, নাম হয় কারিয়ে মসজিদ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কামাল আতাতুর্কের নেতৃত্বে তুরস্ক ধর্মনিরপেক্ষতার পথে হাঁটলে কারিয়ে মসজিদটিকে জাদুঘরে পরিণত করা হয়।

আমেরিকার একদল শিল্প ইতিহাসবিদের সহায়তায় ভবনটির চার্চ আমলে তৈরি মোজাইকের কারুকাজগুলো উদ্ধার করা হয়। সংস্কারকাজ শেষে ১৯৫৮ সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এর আগে গত মাসে আদালতের রায়ে ইস্তাম্বুল শহরের খ্যাতনামা আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদে রূপান্তর করা হয়। ১৫০০ বছরের পুরনো স্থাপনা ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত আয়া সোফিয়া একসময় খ্রিস্টান ক্যাথেড্রাল ছিল। ওই ঘটনার এক মাসের মধ্যে আয়া সোফিয়ার মতোই ঐহিত্যপূর্ণ ইস্তাম্বুল শহরের জনপ্রিয় কারিয়ে মিউজিয়ামকেও মসজিদে পরিণত করা হচ্ছে।

সূত্র : আলজাজিরা।

করোনা নেই, মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিল বেইজিং

0

করোনা পরিস্থিতি সামলে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে চীন। কয়েক দিন আগেই করোনাকে তোয়াক্কা না করেই উহানে পুল পার্টিতে মেতেছিল হাজার হাজার মানুষ। এবার রাজধানী শহর বেজিংয়েও করোনা নিষেধাজ্ঞা শিথিল করল সে দেশের প্রশাসন। এত দিন বাইরে বেরোলে মাস্ক পরার যে বাধ্য়বাধকতা ছিল, সেই নির্দেশিকা তুলে নিয়েছে চীনের স্বাস্থ্য় কর্তৃপক্ষ। গত ১৩ দিনে বেইজিংয়ে নতুন করে আর সংক্রমণ ছড়ায়নি। সে কারণেই বাইরে মাস্ক পরার বাধ্যবাধকতা শিথিল করা হলো।

তবে কর্তৃপক্ষ বিধি-নিষেধ শিথিল করলেও মানুষের মন থেকে করোনা আতঙ্ক কাটছে না। সে কারণে শুক্রবারও বেইজিংয়ের রাস্তায় মাস্ক পরেই বেরোল বিপুলসংখ্যক মানুষ।

কেউ কেউ বলল, মাস্ক পরাটা নিরাপদ। আবার কারো মতে, মাস্ক পরার জন্য় পারিপার্শ্বিক চাপটাও একটা ফ্য়াক্টর। মাস্ক পরেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। সংবাদ সংস্থা রয়টার্সকে বেইজিংয়ের ২৪ বছর বয়সী এক তরুণী বললেন, ‘আমার মনে হয়, যেকোনো সময় মাস্কটা খুলতে পারি। কিন্তু অন্য়রা সেটা ভালোভাবে নেবেন কি না দেখতে চাই। কারণ আমার মনে হয়, লোকেরা ভয় পাবে যদি আমি মাস্ক না পরি।’

বেইজিং স্বাস্থ্য কর্তৃপক্ষ এ নিয়ে দ্বিতীয়বার মাস্ক পরার নির্দেশিকা প্রত্য়াহার করল। এর আগে, এপ্রিলের শেষের দিকে বেজিংয়ের মিউনিসিপ্য়াল সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল জানিয়েছিল, বাইরে মাস্ক ছাড়াই বেরোতে পারবে বাসিন্দারা। যদিও পরে জুন মাসে ফের সংক্রমণের জেরে আবারও মাস্ক পরার নির্দেশিকা জারি করা হয়।

সাফল্যের সঙ্গে করোনা নিয়ন্ত্রণের পর গত পাঁচ দিনে চীনের মূল ভূখণ্ডের কোথাও নতুনভাবে সংক্রমণের ঘটনা ঘটেনি। বিশেষজ্ঞরা বলছেন, করোনা নিয়ন্ত্রণে দেশের সাফল্যের মূল চাবিকাঠি হলো, বাসিন্দাদের মাস্ক পরানো, বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিন এবং গণপরীক্ষা করা।

প্রসংগত, গত বছরের ডিসেম্বরে চীনেই প্রথম ছড়ায় করোনাভাইরাসের সংক্রমণ। হুবেই প্রদেশের উহান শহরের একটি সামুদ্রিক বাজার থেকেই প্রথম করোনা ছড়ায় বলে মনে করা হয়। পরবর্তী সময়ে এটি বিশ্বের প্রায় সব প্রান্তে ছড়িয়ে পড়লেও চীনের পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে।

সূত্র : রয়টার্স।

আরো একধাপ কমল স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর

0

প্রতি ভরি স্বর্ণে প্রায় দেড় হাজার টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিশ্ববাজারে দরপতন হওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম আরো একধাপ কমল। আজ শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি এ সিদ্ধান্ত নেয়। আজ বেলা ২টা থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে প্রতিভরি সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ২৫৮ টাকা। শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স সমিতির প্রেস বিজ্ঞপ্তি ও তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, শুক্রবার দুপুর থেকেই সারাদেশে কার্যকর করা হয়েছে নতুন দাম। এর আগে চলতি মাসের ১৩ তারিখে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৩ হাজার ৫০০ টাকা কমিয়ে করা হয় ৭৩ হাজার ৭১৬ টাকা।

খাত সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশের বাজারে কী দামে স্বর্ণ বিক্রি হবে তা নির্ধারণ করে বাজুস। বিশ্ববাজারে দাম বাড়া-কমার ওপর নির্ভর করে এর দাম নির্ধারণ করা হয়। সাধারণত বিশ্ববাজারের সাতদিনের দামের গড় ভিত্তিতে কী পরিমাণ দাম বাড়বে না কমবে সে সিদ্ধান্ত নেয়া হয়।

ডিজিটাল বাংলাদেশ গড়ায় পুত্র জয়কে মা প্রধানমন্ত্রীর ধন্যবাদ

0

ডিজিটাল বাংলাদেশ গড়ার নায়ক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়। দেশ ডিজিটালাইজের পথে অগ্রসর হওয়ায় করোনার এই সময়ে রাষ্ট্রের অধিকাংশ কার্যক্রম পরিচালিত হচ্ছে প্রযুক্তির মাধ্যমে। একই সঙ্গে প্রযুক্তিকে ব্যবহার করে দলও পরিচালনা করছে সরকার।

রাষ্ট্রীয় ও দলীয় কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা করতে পারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ছেলে ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ফোনে ধন্যবাদ জানিয়েছেন। ২১ আগস্ট গ্রেনেট হামলায় নিহতের স্মরণে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনাসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী। আলোচনাসভায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সজীব ওয়াজেদ জয়ের প্রশংসা করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আজকে খুব দুঃখ যে আমি আপনাদের মাঝে আসতে পারলাম না এই জায়গায়। কিন্তু আজকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। আজকে ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই এটা সম্ভব হয়েছে। সে জন্য আমি জয়কে ফোন করেছিলাম। তাকে ধন্যবাদও দিয়েছি যে, তুমি যদি ডিজিটাল পদ্ধতি না করে দিতে, তাহলে আজকে এভাবে আমরা আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করতে পারতাম না। সব কিছু স্থবির হয়ে থাকত।

বসুন্ধরা কিংসে আসছেন আরও এক ব্রাজিলিয়ান

0

আক্রমণভাগের শক্তি বাড়াতে রবসন দি সিলভা রবিনহোকে আনার পর আরো এক ব্রাজিলিয়ানকে দলে ভিড়িয়েছে বাংলাদেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস। তিনি জোনাথন দি সিলভেইরা ফার্নান্দেজ। ২৫ বছর বয়সী ফার্নান্দেজ বোতাফোগোর খেলোয়াড় হলেও ২০১৮ সাল থেকে ধারে খেলছেন। সর্বশেষ খেলেছেন সাও বেন্তাতে।

৫ ফুট ১০ ইঞ্চি লম্বা এই মিডফিল্ডার বসুন্ধরা কিংস কর্তৃপক্ষের মাধ্যমে ক্লাবটির সমর্থকদের উদ্দেশে বার্তা পাঠিয়েছেন, ‘হ্যালো বাংলাদেশ, আমি বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি করেছি। শিগগিরই কিংসের হয়ে খেলব। ক্লাবের সভাপতিসহ সবাইকে ধন্যবাদ। আমি বিশ্বাস করি, আমরা সবাই এই নতুন পথচলা উপভোগ করব। শিগগির দেখা হবে।’

মূলত এএফসি কাপ সামনে রেখে নতুন খেলোয়াড়দের দলে টানছে বসুন্ধরা কিংস। ফার্নান্দেজকে নিয়ে বসুন্ধরা কিংসের তিনজন বিদেশি হলো। আর্জেন্টিনার বার্কোসের পর দুই ব্রাজিলিয়ানে তাদের আক্রমণভাগ এখন আরো শক্তিশালী। সম্প্রতি ড্যানিয়েল কলিনদ্রেস সোলেরার মতো তারকা ফুটবলারকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ছেড়ে দেয় বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা এখন ইরান বা অস্ট্রেলিয়ার কয়েকজন খেলোয়াড় দলে টানতে চাইছে।

২০২৩ বিশ্বকাপ ফাইনাল আমার ক্যারিয়ারের শেষ দিন : ফিঞ্চ

0

ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার নকশা করে ফেলেছেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ বিশ্বকাপের ফাইনাল খেলেই জাতীয় দলকে বিদায় বলার ইচ্ছা প্রকাশ করেছেন। করোনার কারণে গত মার্চ থেকে ক্রিকেট বন্ধ ছিল। অবশেষে গত ৮ জুলাই ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দিয়ে আবারো মাঠে ক্রিকেট ফিরে। আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে ফিরছে অস্ট্রেলিয়া।

৩৩ বছর বয়সী ফিঞ্চ অস্ট্রেলিয়ার একটি রেডিওকে বলেছেন, ‘ভারতে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল হবে আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দিন। এটাই আমার লক্ষ্য এবং আমার সিদ্ধান্তে আমি অনড়। করোনার বিরতির কিছুদিন আগ থেকেই ক্যারিয়ার নিয়ে ভাবনা শুরু করি। বিরতির সময়ে বিষয়টা নিশ্চিত করে ফেলি। বিশ্বকাপের সময় আমার বয়স ৩৬ বছর হয়ে যাবে। এর মাঝে অবশ্য আমার ফর্ম, ইনজুরির বিষয়ও থাকছে। এর আগে যদি ফিটনেস নিয়ে কোন সমস্যা হয়, তবে পরিকল্পনায় পরিবর্তন আসতেও পারে।’

করোনাভাইরাসের কারণে দীর্ঘ দিনের বিরতি ক্রিকেটারদের উপকারই হয়েছে বলে মনে করেন অজি অধিনায়ক, ‘এই বিরতি অনেক মানুষের জন্য ছিল ভীষণ কঠিন। অ্যাথলেটদের জন্যও কঠিন ছিল। তবে যারা বিরতিহীন ভ্রমণ করে এবং বছরে ১০-১১ মাস খেলে তাদের জন্য এটা ছিল মানসিকভাবে সতেজ হওয়ার সুযোগ। এটার প্রয়োজন ছিল, যে সুযোগ আগে হয়নি আমাদের। আশা করি, বিরতির পর নিজেদের রূপে ফিরতে পারব।’

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে ইতোমধ্যে দেশ ছেড়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ফিঞ্চ, ‘দীর্ঘদিন পর ক্রিকেট খেলতে নামব। তর সইছে না। বুঝতে পারছি না কি হবে। তবে ভালো করার জন্য আমরা সকলেই মুখিয়ে আছি। তবে সকলকে সাবধানে থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সকলকে।’

মুস্তাফিজ ইস্যুতে ধোনিকে অসম্মান বোকা লোকের কাজ : হাবিবুল বাশার

0

মাঠ ও মাঠের বাইরে অসম্ভব ঠাণ্ডা মাথার ক্রিকেটার ছিলেন মহেন্দ্র সিং ধোনি। উপাধি পেয়েছিলেন ‘ক্যাপ্টেন কুল’। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখার অসাধারণ ক্ষমতা ছিল সদ্য অবসরে যাওয়া সাবেক ভারত অধিনায়কের। তার উজ্জ্বল ক্যারিয়ারে একটু কালির ছিটে হলো ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসে মুস্তাফিজুর রহমানকে ধাক্কা মারা। সে জন্য ধোনিকে শাস্তিও পেতে হয়েছে। তবে এই সামান্য ঘটনার জন্য ধোনিকে অসম্মান করার কোনো কারণ দেখছেন না বর্তমান জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার।

২০১৫ বিশ্বকাপ থেকে ভারত-বাংলাদেশের ক্রিকেট লড়াইটা বিপুল উত্তেজনা ছড়ায়। তবে বিষয়টাকে নোংরামির পর্যায়ে নিয়ে গেছে দুই দেশের কিছু সমর্থক। ভারতে যেমন অশ্লীল সব ভিডিও বানানো হয়েছে, তেমনি বাংলাদেশেও তৈরি হয়েছে মুস্তাফিজুরের কাটারে মাথা অর্ধেক ন্যাড়া হওয়ার ছবি কিংবা তাসকিনের হাতে ধোনির কাটা মুন্ডুর ছবি। দুই দেশের বেশির ভাগ সমর্থক খেলার নির্মল আনন্দটাকে এভাবে নোংরামির পর্যায়ে নিতে চান না। হাবিবুল বাশারও সেই দলে।

কলকাতার একটা শীর্ষ দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘সত্যি বলতে এটা নিয়ে আমরাও লজ্জিত। ধোনির সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের কিন্তু দারুণ সম্পর্ক। সে মানুষ হিসেবেও দারুণ। ধোনি কিন্তু এমন নয় যে মাঠে স্লেজ করবে, উল্টাপাল্টা মন্তব্য করবে। সে কখনো অন্য দলের সম্পর্কে খারাপ কথাও বলে না। মাঠে বা মাঠের বাইরে কখনো দেখিনি কাউকে অসম্মান করেছে। কখনো বিপক্ষ নিয়ে শ্রদ্ধার অভাব দেখা যায়নি।’

এর পরেই কিছু সমর্থকের নোংরামি নিয়ে সাংবাদিককে উদ্দেশ্য করে হাবিবুল বলেন, ‘এই যে কাণ্ডগুলোর কথা আপনি বললেন, সেগুলো কিছু বোকা লোকের কাজ। যারা ক্রিকেট কখনো দেখেনি, বোঝেও না। তাদের নিয়ে আলোচনা করে লাভ নেই। বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে ধোনির প্রতি বরং শ্রদ্ধা আছে। এটা যারা ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত, তারা সবাই জানে।’

ধোনির অবসর নিয়ে হাবিবুল বলেন, ‘দেখুন, অবসরের সঠিক সময় বলে কিছু নেই। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। সঠিক সময়ে অবসর নিয়ে বাহবা পেলাম, এমন ভাবনার কোনো মানে হয় না। আগেকার আমলে শুধু দেশের হয়ে খেলা ছিল। এখন দেশের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে খেলার ব্যাপারও থাকে। জাতীয় দল থেকে অবসর নিলে খেলার ইচ্ছা বা চ্যালেঞ্জের দিকটা অনেক কমে যায়। তখন খেলা চালিয়ে যাওয়া খুবই কঠিন। আমার মনে হয়েছে যে ধোনি খেলা চালিয়ে যেতে চেয়েছিল, তাই আগে অবসর নেয়নি। আমি বরং পজিটিভ দিকে দেখব যে, এই বয়সে এসেও সে চ্যালেঞ্জ নেওয়ার সাহস দেখিয়েছিল।’

সূত্র : আনন্দবাজার।

সুশান্তের মৃত্যু রহস্য উদঘাটন করতে ‘ডেথ সিন’ তৈরি করবে সিবিআই

0

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় আজ শুক্রবার থেকেই তদন্ত শুরু করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
এরপরই প্রয়াত অভিনেতার ব্যান্দ্রার ফ্ল্যাটে হাজির হয়ে খোঁজ শুরু করবেন সিবিআই কর্মকর্তারা। পাশাপাশি গত ১৪ জুন কীভাবে ফ্ল্যাটের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত, সেই ঘটনা নতুন করে চিত্রনাট্যের আকারে তৈরি করা হবে।

গত ১৪ জুন মুম্বাইয়ের ব্যান্দ্রার ফ্ল্যাটে সুশান্তের খাটের সঙ্গে সিলিং ফ্যানের দূরত্ব, যে জামা দিয়ে গলায় ফাঁস দেন সুশান্ত, সে সব দিয়ে ঘটনার দৃশ্য তৈরি করা হবে। এ সবকিছুই করবেন সিবিআই কর্মকর্তারা।

তদন্তকারীদের একটি দল যখন ব্যান্দ্রার ফ্ল্যাটে বিভিন্ন জিনিস নীরিক্ষণ করে দেখবে, ঠিক তখনই আরেকটি দল মুম্বাইয়ের কুপার হাসপাতালে যাবে। কুপার হাসপাতালের যে ৫ জন চিকিৎসক সুশান্তের ময়নাতদন্ত করেন, দলটি তাঁদের সঙ্গেও কথা বলবে। কুপার হাসপাতালের সুশান্তের মরদেহ কেন নেওয়া হয়েছিল এই নিয়েও প্রশ্ন উঠেছিল। অনেকেই এই হাসপাতালে সুশান্তের মরদেহ নিয়ে যাওয়া এবং ময়না তদন্ত করানো- এসবকে পরিকল্পনার অংশ বলে মনে করে প্রশ্ন তোলেন।

এছাড়াও সুশান্তের রাধুনি নীরজকেও জিজ্ঞাসাবাদ করা হবে কেননা নীরজই নাকি সুশান্তের দরজা বন্ধ পেয়ে অন্যদের খবর দেন।

জানা গেছে, ২০ আগস্ট বিকেলে মুম্বাইতে হাজির হয়েছেন সিবিআইয়ের দাপুটে কর্মকর্তা নুপূর প্রসাদ। তাঁর নেতৃত্বেই সুশান্তের মৃত্যু রহস্য ভেদ করতে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।