Home Blog Page 2738

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা সিএমএইচে ভর্তি

0

বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের মা মিসেস মালেকা খাতুনকে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপের একটি ডফিন হেলিকপ্টারযোগে ভোলা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য দুপুর ২টা ১৪ মিনিটে ঢাকার তেজগাঁওস্থ পুরাতন বিমানবন্দরে আনা হয়েছে।

পরে তাঁকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। তাঁর বয়স আনুমানিক ৯৬ বছর। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মঙ্গলবার এই বীরমাতাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে তাঁর স্বজনরা জানান। তিনি কিডনি সমস্যা, শ্বাসকষ্ট ও রক্তশূন্যতাজনিত রোগে ভুগছেন।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাইয়ের ছেলে সেলিম আহমেদ লিটন জানান, সোমবার রাত থেকে দাদি অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার সকালে তাঁকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর ভোলার দৌলতখান উপজেলার হাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম হাবিবুর রহমান।

প্রয়াত হাবিলদার হাবিবুর রহমান ও মালেকা বেগমের দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ছিলেন সবার বড়।

এক দিনে সুস্থ ৩২৫৩

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্য থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৫৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৯৯১ জন।

আজ বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো দুই হাজার ৮৬৮ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন দুই লাখ ৮৭ হাজার ৯৫৯ জন। এ ছাড়া আক্রান্তদের মধ্যে আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল তিন হাজার ৮২২ জনে। যারা মারা গেছেন তাদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ৭ জন নারী।

মৃত্যু ৪১, শনাক্ত ২৮৬৮

0

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৮৬৮ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৮৭ হাজার ৯৫৯ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৮২২ জনে।

আজ বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৫৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৯৯১ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৮ দশমিক ৬৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫৮ দশমিক ১৪ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার শূন্য দশমিক ৫৫ শতাংশ বেশি।

জনগণের সঙ্গে দুর্ব্যবহার দুর্নীতির শামিল : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

0

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের জনগণের সঙ্গে দুর্ব্যবহার দুর্নীতির শামিল।

আজ বৃহস্পতিবার মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত মেহেরপুর জেলার সরকারি আইন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে ‘ভার্চুয়াল কনফারেন্স’-এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মানুষ সরকারের কাছে দ্রুত ও কার্যকর সেবা প্রত্যাশা করে। কিন্তু অনেক সময় প্রত্যাশিত সেবা না পেয়ে সাধারণ জনগণকে অনিয়ম ও দুর্ব্যবহারের শিকার হতে হয়। কিন্তু মনে রাখতে হবে, দুর্ব্যবহারও দুর্নীতির শামিল। তাই জনগণকে হাসিমুখে যথাযথ সেবা প্রদান করতে হবে।

তিনি আরো বলেন, ব্যক্তিগত সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে দেশের সেবায়, মানুষের সেবায় কাজ করে যেতে হবে, যাতে দেশের সব স্তরের মানুষ যথাযথ আইনগত সহায়তা পায়। একটি কার্যকর ও সময়োপযোগী আইনি সহায়তার ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আইন কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজের সব ধরনের মানুষের জন্য আইনগত সহায়তা প্রদানের মানসিকতা ধারণ করতে হবে।

তিনি আইন কর্মকর্তাদের উদ্দেশে আরো বলেন, আপনাদের কর্মকাণ্ডেই সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে। বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে প্রতিটি মানুষকে যথাযথ আইনগত সেবা প্রদানের ব্যবস্থা করা। তাই সরকারের এই উদ্দেশ্য বাস্তবায়নে দ্রুততা ও দক্ষতার সঙ্গে আইন কর্মকর্তাদের কাজ করতে হবে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে দেশ সফলভাবে এগিয়ে চলেছে। বর্তমান সরকারের অন্যতম উদ্দেশ্য দেশে সুশাসন নিশ্চিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা। এ লক্ষ্য অর্জনে আইন কর্মকর্তাদের সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলী, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য্যসহ জেলার বিভিন্ন স্তরের আইন কর্মকর্তারা বক্তব্য দেন।

বৈমানিকদের ঝুঁকি ভাতা বাড়ানোর সুপারিশ

0

বেসামরিক প্রশাসনের সাথে মিল রেখে বৈমানিকদের ঝুঁকি ভাতা বাড়ানোর সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে এজন্য সশস্ত্র, বিমান ও নৌ বাহিনী প্রস্তাবের আলোকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া। বৈঠকে কমিটির সদস্য মো. ফারুক খান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মো. মোতাহার হোসেন, নাজমুল হাসান, মো. নাসির উদ্দিন, মো. মহিববুর রহমান ও নাহিদ ইজাহার খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় ২০১৯-২০২০ অর্থবছরে সমাপ্তকৃত চারটি উন্নয়ন প্রকল্পের কাজ নিয়ে সন্তোষ প্রকাশ এবং ২০২০-২১ অর্থবছরে চলমান ২৩টি উন্নয়ন প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে সমাপ্ত করার সুপারিশ করা হয়।

ছাতক পৌর মেয়রকে দেওয়া দুদকের নোটিশ তিন মাসের জন্য স্থগিত

0

ছাতক পৌরসভার মেয়র মো. আবুল কালাম চৌধুরীকে দেওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। পৌর মেয়রের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. সাজ্জাদ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্পদের তথ্য চেয়ে সিলেট বিভাগীয় কার্যালয় থেকে গত ২৩ ফেব্রুয়ারি ছাতক পৌর মেয়রকে নোটিশ দেওয়া হয়। এই নোটিশ চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন তিনি।

সাবরিনা-আরিফুলসহ আট জনের বিচার শুরু

0

করোনার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে প্রতারণার মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আর এর মধ্যে দিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে দিয়ে এই আদেশ দেন।

‘স্বাধীনতাবিরোধীরা দেশের উন্নয়নকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত’

0

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার সারা জীবনের লড়াই সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশে বসবাস এবং সকল সুযোগ সুবিধা ভোগ করা সত্ত্বেও স্বাধীনতাবিরোধীরা দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে ষয়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে থেকে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক অনলাইনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার মাত্র সাড়ে তিন বছরের মধ্যেই বঙ্গবন্ধু যে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছিলেন। তা অব্যাহত থাকলে অনেক আগেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ সোনার বাংলায় রূপান্তরিত হতো।

জেনারেল জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সাথে সরাসরি যুক্ত থেকে খুনিদের উৎসাহিত করেছেন জানিয়ে মোঃ তাজুল ইসলাম বলেন, জিয়াউর রহমান জাতির পিতার খুনিদের দেশের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে পুরস্কৃত করেছেন। লাল-সবুজের পতাকা কে কলুষিত করেছেন এবং পাকিস্তান প্রেমীদের দেশে আসার সুযোগ করে ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য উল্লেখ করে তিনি বলেন বঙ্গবন্ধুর ডাকে সাঁড়া দিয়ে বাঙালিরা যেমন জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন। ঠিক তেমনিভাবে শেখ হাসিনার ডাকে সাঁড়া দিয়ে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করবে।

বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। বাংলাদেশের কথা বলতে গিয়ে অনিবার্যভাবে এসে যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম; যিনি দেশের ও জনগণের স্বার্থের জন্য নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছিলেন। কিশোর বয়স থেকেই প্রতিবাদী ছিলেন। সর্বদা সত্য ও ন্যায়ের কথা বলেছেন।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে সভায় গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ রেজাউল আহসান সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের ১৩ কিশোরকে ঢাকায় আনা হচ্ছে

0

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে সহিংস ঘটনার প্রেক্ষিতে হামলার শিকার একগ্রুপ কিশোরকে ঢাকায় আনা হচ্ছে। ১৩ জনের ওই গ্রুপকে ঢাকার উপকণ্ঠে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রের বালক শাখায় রাখা হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী বৃহস্পতিবার কালের কণ্ঠকে এ তথ্য জানান।

তিনি বলেন, যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বিবাদমান কিশোরদের দুই গ্রুপের মধ্যে ১৩ জনের (হামলার শিকার) একটি গ্রুপকে নিয়ে বৃহস্পতিবার সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় দায়িত্বপ্রাপ্তরা। বিকালের তাদের ঢাকায় পৌঁছানোর কথা। নিরাপত্তার স্বার্থে ও উন্নত চিকিৎসার জন্য তাদেরকে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) রাখা হবে। শনিবার তাদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করে বিস্তারিত জানানো হবে।

সচিব বলেন, যশোরে সহিংসতার ঘটনায় সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে গঠিত কমিটি কাজ করছে। তাদের সুপারিশ দেখে সারাদেশে শিশু উন্নয়ন কেন্দ্রগুলো ঢেলে সাজানো হবে।

সূত্র মতে, গত গত ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোর বন্দিদের অমানুষিক মারপিট করা হলে তিন কিশোর নিহত ও অন্তত ১৫ জন আহত হয়। এঘটনায় প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) যুগ্ম সচিব সৈয়দ নুরুল বাসিরকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। এরইমধ্যে সমাজসেবা অধিদপ্তরের গঠিত এ তদন্ত কমিটি রিপোর্ট প্রস্তুত করেছে।

এদিকে যশোরের ওই ঘটনায় কেন্দ্রের তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক) আব্দুল্লা আল মাসুদ, সহকারী তত্ত্বাবধায়ক (প্রবেশন অফিসার) মাসুম বিল্লাহ, ফিজিক্যাল ইন্সট্রাক্টর একেএম শাহানুর আলম, সাইকো সোস্যাল কাউন্সিলর মো. মুশফিকুর রহমান, কারিগরি প্রশিক্ষক (ওয়েল্ডিং) ওমর ফারুককে আটক করে পুলিশ। তাদেরকে রিমান্ডেও নেয়া হয়। এর আগে সহিংসতার ঘটনায় এ পাঁচজন সহ আরও কয়েকজন কর্মকর্তার নামে নিহত এক কিশোরের বাবা যশোর কোতয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।