Home Blog Page 2739

দ্বিতীয় দফায় জেলেদের জন্য ১১ হাজার টন চাল বরাদ্দ

0

দেশের মৎস্য সম্পদ বাড়াতে সাগরে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের দ্বিতীয় দফায় বিতরণের জন্য আরও ১১ হাজার ৯০৩ দশমিক ৫৮ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

উপকূলীয় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী ও ভোলা জেলায় এ চাল বরাদ্দ দেয়া হয়েছে বলে জানা গেছে।

১২টি জেলায় প্রতি জেলে পরিবারকে ৩০ কেজি করে বিতরণের জন্য জেলা প্রশাসকদের অনুকূলে এই চাল বরাদ্দ দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় ৬৫ দিন (২০ মে থেকে ২৩ জুলাই) মৎস্য আহরণ নিষিদ্ধকালীন উপকূলীয় ১২টি জেলার ৫১টি উপজেলা এবং চট্টগ্রাম মহানগরীসহ সমুদ্রে মৎস্য আহরণে বিরত থাকা ৩ লাখ ৯৬ হাজার ৭৮৬টি জেলে পরিবারকে বিতরণের জন্য দ্বিতীয় কিস্তিতে পরিবার প্রতি ৩০ কেজি হারে মোট ১১ হাজার ৯০৩ দশমিক ৫৮ টন ভিজিএফ চাল বরাদ্দ দেয়া হলো।

পাসপোর্টের স্বাভাবিক কার্যক্রম শুরু

0

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর পাসপোর্টের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।

এবার স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর।

গতকাল বুধবার অধিদফতরের পরিচালক (পাসপোর্ট, ভিসা ও পরিদর্শন) মো. সাঈদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার বিষয়টি বলা হয়।

সেই আদেশে বলা হয়, করোনা ভাইরাসের বিস্তার রোধে এবং পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সীমিত পরিসরে এমআরপি এবং ই-পাসপোর্টের এবোলমেন্ট (নতুন ও রি-ইস্যু) কার্যক্রম পরিচালিত হবে।

এ বিষয়ে আগের জারি করা সব আদেশ বাতিল করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

করোনাভাইরাসের ঝুঁকিতে গত ২২ মার্চ থেকে ই-পাসপোর্ট ও মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) বায়োমেট্রিক কার্যক্রম স্থগিত ছিল। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও জরুরি আবেদনকারী ছাড়া নতুন পাসপোর্ট ইস্যু বন্ধ রাখা হয়।

করোনায় বন্ধ ১৮ জোড়া ট্রেন চালু হচ্ছে

0

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ২৭ আগস্ট থেকে আরও ১৮ জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ আগস্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী ট্রেন চলাচল স্বাভাবিক করতে আগামী ২৭ আগস্ট থেকে আরও ১৮ জোড়া ট্রেন চলাচল শুরু করবে। ফলে দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর এসব ট্রেন আবারও চালু হচ্ছে।

এবারের ১৮ জোড়া ট্রেন হলো— পাহাড়িকা, উদয়ন, এগার সিন্ধুর প্রভাতী, যমুনা এক্সপ্রেস, এগার সিন্ধুর গোধুলি, সোনার বাংলা, চট্টলা, করতোয়া, বরেন্দ্র, সিল্ক সিটি, সাগর দাড়ি, দোলন চাপা, ঢালার চর, ঢাকা/চট্টগ্রাম মেইল, দেওয়ানগঞ্জ কমিউটার, বলাকা কমিউটার, বগুড়া কমিউটার, রকেট কমিউটার ও চিলাহাটি এক্সপ্রেস।

এর আগে গত ১৬ আগস্ট আরও ১৩ জোড়া ট্রেন চলাচল শুরু হয়। গত ২৪ মার্চ দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। দুই মাস পর ৩১ মে থেকে শর্ত সাপেক্ষে অল্প কয়েকটি ট্রেন চালু করা হয়। তারপর থেকে রেল যোগাযোগ স্বাভাবিক রাখতে ধীরে ধীরে সব যাত্রীবাহী ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।

যুগ্ম সচিব পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে বোকা বানাল প্রতারক

0

জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয়ে ব্যাংক কর্মকর্তার কাছ থেকে নয় লক্ষাধিক টাকা হতিয়ে নিয়েছেন আবুল কালাম আজাদ (৫৫) নামে এক প্রতারক।

গতকাল বুধবার আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডি জানায়, গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পল্টন থেকে হাইকোটগামী রাস্তা থেকে মোটরসাইকেলযোগে পালানোর সময় আবুল কালাম আজাদকে সিআইডির ইকোনমিক শাখার একটি দল গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদের প্রকৃত বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানে বলে জানিয়েছে সিআইডি।

আবুল কালাম আজাদ নিজেকে ‘জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব’ পরিচয় দিয়ে, রাজউকের আওতাধীন ঝিলমিল প্রকল্পে প্লট পাইয়ে দেবার মিথ্যা আশ্বাস দিয়ে মামলার বাদী একটি বেসরকারি ব্যাংকের বাসাবো শাখার সাবেক ম্যানেজার নুর মোহাম্মদ হাওলাদারের কাছে থেকে বিভিন্ন দফায় সর্বমোট নয় লাখ ৮০ হাজার টাকা প্রতারণা করে গ্রহণ করা কথা স্বীকার করেছেন সিআইডির কাছে।

ট্রেনে জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের শর্ত শিথিল

0

জাতীয় পরিচয়পত্র নিয়ে ট্রেন ভ্রমণের বাধ্যতামূলক সিদ্ধান্ত শিথিল করেছে রেলপথ মন্ত্রণালয়। একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে পরিবারের সর্বোচ্চ চার সদস্যের টিকিট কেনা ও ভ্রমণ করা যাবে বলেও জানানো হয়েছে এতে।

আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘গত ১৩ আগস্ট ২০২০ তারিখ বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বিভিন্ন পত্রিকায় প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে রেলওয়েতে ভ্রমণকারী সম্মানিত যাত্রীসাধারণের ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্রসহ ভ্রমণের কথা বলা হয়। কিন্তু বর্তমানে যাত্রীগণের যাতায়াতের সুবিধার্থে বাধ্যতামূলক জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করার বিষয়টি এতদ্বারা শিথিল করা হলো এবং এক আইডি কার্ডে পরিবারের সর্বোচ্চ চার জন সদস্যের টিকেট ক্রয় ও ট্রেন ভ্রমণ করা যাবে।’

সাবরিনা-আরিফুলসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি দুপুরে

0

করোনার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে প্রতারণার মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি দুপুরে অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালত আসামিদের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সময় নির্ধারণ করেছেন।

এ মামলায় অন্য আসামিরা হলেন, আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।

এর আগে অভিযোগ গঠন শুনানির জন্য তাদের সবাইকে আদালতে হাজির করা হয়।

গত ১৩ আগস্ট মামলার নথি পাননি বলে আদালতে পাঁচ আসামি সময়ের আবেদন করেন। পরে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আজকে শুনানির দিন ধার্য করেন।

গত ৬ আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াদ ১৩ আগস্ট অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেন। এরপর তিনি মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালতে বদলি করেন।

এদিকে গত ৫ আগস্ট করোনার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে প্রতারণার মামলায় সাবরিনা ও আরিফুলসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত সংস্থা।

সেখানে সাবরিনা ও আরিফকে মূল হোতা বলে উল্লেখ করা হয়েছে। বাকিরা প্রতারণা ও জালিয়াতি করতে তাদের সহযোগিতা করেছে।

এদিকে, গত ২৩ জুন সাবরিনার স্বামী আরিফ চৌধুরীসহ ৬ জনকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। গত ২৪ জুন আরিফ চৌধুরী ও সহযোগী সাঈদ চৌধুরীর দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে গত ১৫ জুলাই আরিফুলের ফের চারদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

অন্যদিকে, গত ১২ জুলাই দুপুরে সাবরিনাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয় সাবরিনাকে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে তেজগাঁও থানায় করা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। গত ১৩ জুলাই তাকে তিনদিনের রিমান্ডে নেয়া হয়। পরে ১৭ জুলাই আরও দুদিনের রিমান্ডে নেয় ডিবি। দুই দফা রিমান্ড শেষে ২০ জুলাই তাকে কারাগারে পাঠান আদালত। এছাড়া গ্রেপ্তার হওয়ার পর সাবরিনাকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।

জেকেজি হেলথ কেয়ার থেকে ২৭ হাজার রোগীকে করোনা টেস্টের রিপোর্ট দেওয়া হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৫৪০ জনের করোনার নমুনা আইইডিসিআরের মাধ্যমে সঠিক পরীক্ষা করানো হয়েছিল। বাকি ১৫ হাজার ৪৬০ জনের ভুয়া রিপোর্ট তৈরি করা হয়, যা জব্দ করা ল্যাপটপে পাওয়া গেছে।

স্নাতক-স্নাতকোত্তর ছাড়া ফাজিল-কামিল মাদ্রাসার সভাপতি নয় : হাইকোর্ট

0

স্নাতক ডিগ্রি ছাড়া ফাজিল ও স্নাতকোত্তর ছাড়া কোনো ব্যক্তি কামিল মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি হতে পারবেন না বলে অভিমত এসেছে উচ্চ আদালত থেকে। বগুড়ার এক মাদ্রাসার গভর্নিং বডির সভাপতির মনোনয়নের বৈধতা নিয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে দেওয়া রায়ে এ অভিমত দিয়েছেন হাইকোর্ট।

গত ২১ জানুয়ারি দেওয়া ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি গতকাল ১৯ আগস্ট হাতে পেয়েছেন বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী মো. হুমায়ন কবির।

রায়ে আদালত অভিমত দিয়েছেন, মাদ্রাসার সঙ্গে সঙ্গতি রেখে সভাপতি হওয়ার জন্য ফাজিল মাদ্রাসার ক্ষেত্রে স্নাতক ও কামিল মাদ্রাসায় মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে।

এ বিষয়ে গণমাধ্যমকে হুমায়ন কবির জানান, এখন প্রতিষ্ঠান প্রধান প্রথমে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে যোগ্যতা অনুযায়ী তিনজন ব্যক্তির নাম পাঠাবেন। তিনজনের মধ্যে থেকে ভিসি একজনকে সভাপতি পদে মনোনীত করবেন।

২১ আগস্ট মামলার ডেথ রেফারেন্সের প্রস্তুতি

0

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা (ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল) হাইকোর্টে শুনানির জন্য প্রস্তুত করার উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট শাখা। মামলা শুনানির জন্য প্রস্তুত হলেই নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি একটি বেঞ্চ নির্ধারণ করে দেবেন। কারণ কোন মামলা কোন বেঞ্চে শুনানি হবে তা নির্ধারণ করা প্রধান বিচারপতির প্রশাসনিক এখতিয়ার।

জানা গেছে, প্রধান বিচারপতি বেঞ্চ নির্ধারণ করার পর রাষ্ট্রপক্ষ শুনানির দিন নির্ধারণের জন্য সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের নজরে আনবে।

এ বিষয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এখন প্রধান বিচারপতি একটি বেঞ্চ গঠন করে দেবেন। এর পরই শুনানির উদ্যোগ নেওয়া হবে।

জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যাবজ্জীবন সাজা যাতে হাইকোর্টে বহাল থাকে সেই চেষ্টাই করবে রাষ্ট্রপক্ষ।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ‘সংশ্লিষ্ট শাখা মামলাটি শুনানির জন্য প্রস্তুত করছে। প্রস্তুত হলেই শুধু মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের কাছে উপস্থাপন করা হবে।’

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপারবুক সরকারি ছাপাখানায় (বিজি প্রেস) তৈরির পর গত ১৬ আগস্ট হাইকোর্টে পাঠানো হয়। দুটি মামলায় প্রায় ২২ হাজার পৃষ্ঠার পেপারবুক হাতে পাওয়ার পর মামলাটি (ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল) হাইকোর্টে শুনানির জন্য প্রস্তুত করার কাজ শুরু করে দিয়েছে সংশ্লিষ্ট শাখা।

জানা গেছে, পেপারবুক তৈরির সময় কোনো নথি বা তথ্য বাদ পড়েছে কি না তা যাচাই-বাছাই করা হচ্ছে। এ ছাড়া নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি পলাতক আছে কি না, সব আসামি আপিল করেছে কি না, কোনো আসামির পক্ষে সরকারি খরচে আইনজীবী (স্ট্রেট ডিফেন্স) নিয়োগের প্রয়োজন আছে কি না তা খতিয়ে দেখা শুরু হয়েছে। কারণ আদালতে শুনানির জন্য নথি পাঠানোর আগেই এই কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই কাজগুলোই করা শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দলটির ২৪ জন নেতাকর্মী নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় পৃথক দুটি অভিযোগপত্র দাখিল হয়। একটি হত্যা এবং অন্যটি বিস্ফোরক দ্রব্য আইনে। এরপর বিচার শেষে ২০১৮ সালের ১০ অক্টোবর রায় দেন ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক প্রধান মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দুটি মামলায় তাঁদের অভিন্ন সাজা দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সাজা অনুমোদনের জন্য ২০১৮ সালের ২৭ নভেম্বর হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হয়। এরপর কারাবন্দি আসামিরা ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন। এ অবস্থায় সুপ্রিম কোর্ট প্রশাসন পেপারবুক প্রস্তুত করতে বিজি প্রেসে পাঠায়।

হত্যা মামলায় ১৯ জনকে ফাঁসির দণ্ড, ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। আর বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ১৯ জনকে ফাঁসি এবং ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই ৩৮ জনকে বিস্ফোরক দ্রব্য আইনের অন্য ধারায় ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দুই মামলায় আলাদাভাবে সাজা দেওয়া হলেও তা একযোগে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়। সাজাপ্রাপ্ত ৪৯ আসামির মধ্যে ১৮ জন পলাতক। যার মধ্যে দুজন ফাঁসির ও ১২ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রয়েছে।

ঢাকা-১৮ উপনির্বাচনে প্রার্থী আওয়ামী লীগ নেতা শাহজাহান আলী মন্ডল

0

ঢাকা-১৮ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব শাহজাহান আলী মন্ডল। তিনি ঢাকা উত্তরের বিমানবন্দর থানা আওয়ামী লীগের বর্তমান সভাপতি। পাশাপাশি নিজ জেলা জামালপুরে আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন ক্লিন ইমেজের নেতা হিসেবে রাজনৈতিক মহলে তার পরিচিতি রয়েছে। একইসঙ্গে একজন নিষ্ঠাবান ব্যবসায়ী হিসেবে তিনি ব্যবসায়ী মহলে সমাদৃত।

ইতোমধ্যেই ঢাকা-১৮ সহ পাঁচ সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। গত রবিবাবার আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে ঢাকা-১৮ আসনে ক্ষমতাসীন দলের প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শাহজাহান আলী মন্ডল। আগামী শুক্রবার মনোনয়ন ফরম জমা দেবেন তিনি।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ছিলেন ঢাকা-১৮ আসনের সাংসদ। গত ৯ জুলাই থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেলে আসনটি শূন্য হয়।

জামালপুরের ইসলামপুরের নদীভাঙ্গন কবলিত প্রত্যন্ত দ্বীপচরে তার জন্ম। অবিচলভাবে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন তিনি।

শাহজাহান আলী মন্ডল আওয়ামী লীগের প্রতিটি গৌরবময় আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। ঘাতকের স্লিন্টার এখনো শরীরে বয়ে বেড়াচ্ছেন।
১৯৮২-৮৫ সালে রাজনৈতিক মামলায় তিনি গ্রেফতার হোন এবং কারাবরণ করেন। ২০১৪ সালে বিএনপি জামাতের নৈরাজ্যের বিপরীতে পুলিশিং কমিটির সাথে একসঙ্গে কাজ করেন। এ ছাড়া সব বিমানবন্দর এলাকায় নিরাপত্তার স্বার্থে দলীয় নেতাকর্মীসহ সকল কার্যক্রম পরিচালনায় অংশ রয়েছে তার।

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে তিনি বলেন, আমার উদ্দেশ্য দীর্ঘ জীবনের রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অভিজ্ঞতার আলোকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করা। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা বির্নিমানে যথাসম্ভব অবদান রাখা। দল আমাকে ঢাকা-১৮ আসনে মনোনয়ন দিলে এখনকার আপামার জনগণের সমর্থন নিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাবির্ক জীবন-মান উন্নয়নে তথা সমাজ, দেশ ও বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে কাজ করে যাবো।

এবার সাত কোটি ২০ লাখ বই বিনামূল্যে বিতরণ

0

প্রাথমিকের শিক্ষার্থীদের (তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি) মাঝে বাংলা ও ইংরেজি ভার্সনের বই বিনা মূল্যে বিতরণ করবে সরকার। এ জন্য সাত কোটি ২০ লাখ ৯ হাজার ৩৭৩টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ১৩২ কোটি ৪১ লাখ ৫১ হাজার ৭৪৬ টাকা ব্যয়ে এসব বই সরবরাহের কাজ পেয়েছে দেশীয় ৯৮টি প্রতিষ্ঠান। কমিটি এটিসহ ৫৬৫ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে তিনটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে গতকাল বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় ক্রয় প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। সভা শেষে অর্থমন্ত্রী অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক সাংবাদিকদের কাছে তুলে ধরেন। এ সময় তিনি জানান, সব ঠিক থাকলে বরাবরের মতো আগামী বছরও বই উৎসব করা হবে।

সভা শেষে অর্থমন্ত্রী বলেন, ‘প্রতি বছর আমরা উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করে থাকি। এ বছরও আমরা সেটি করব ইনশাআল্লাহ। এ জন্য সাত কোটি ২০ লাখ ৯ হাজার ৩৭৩টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, বই সরবরাহের জন্য দরপত্র আহ্বান করলে এক হাজার ২২টি প্রতিষ্ঠান অংশ নেয়। যাচাই-বাছাই করে তাদের মধ্য থেকে ৯৮টি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়। অভিজ্ঞতাসম্পন্ন ও কম দাম উল্লেখ করা প্রতিষ্ঠানই কাজ পেয়েছে। সঠিকভাবে যাতে কাজ সম্পন্ন হয় সে জন্য সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে ১০ শতাংশ সিকিউরিটি মানি নেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, ক্রয় কমিটি জি-টু-জি ভিত্তিতে ৭৫ হাজার টন মেরিন অয়েল আমদানির একটি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে। এর জন্য ব্যয় হবে ২১৬ কোটি ৭০ লাখ টাকা। এ ছাড়া জুলাই-ডিসেম্বর সময়ের জন্য আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে আরো ৭৫ হাজার টন মেরিন ফুয়েল আমদানির প্রস্তাব করা হয়েছিল। তবে বর্তমানে জ্বালানি তেলের দাম কম হওয়ায় জি-টু-জি ভিত্তিতে তা আমদানি করলে সুবিধা হবে। তাই ৭৫ হাজার টন মেরিন ফুয়েলও জি-টু-জি ভিত্তিতে আমদানির জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে ২২২ কোটি টাকা।