Home Blog Page 2740

গণপরিবহনে বাড়তি ভাড়া ৩১ আগস্ট পর্যন্ত

0

গণপরিবহনের ভাড়া কমানো ও স্বাভাবিক চলাচলের জন্য মন্ত্রিপরিষদের নির্দেশনা চাইবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা বাড়তি বাসভাড়া প্রত্যাহার করে স্বাভাবিকভাবে গণপরিবহন চালাতে চাচ্ছেন। তাঁদের এই দাবি সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবে বিআরটিএ। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত জানাবে বিআরটিএ। আপাতত গণপরিবহনের বিদ্যমান ভাড়া আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

রাজধানীর বিআরটিএ কার্যালয়ে গতকাল বুধবার বিকেলে গণপরিবহনের মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক গত ৩১ মে থেকে গণপরিবহন চালুর সুযোগ দিয়েছে সরকার। তখন ৬০ শতাংশ বাড়তি ভাড়ায় অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ দেওয়া হয়। কিন্তু গত ঈদুল আজহার পর থেকে গণপরিবহনে অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করা হচ্ছে, সঙ্গে বাড়তি ভাড়াও নেওয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বাড়তি ভাড়া কমানোর দাবি তুলেছে অনেকে।

বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার গত রাতে কালের কণ্ঠকে বলেন, ‘মালিক সমিতির দাবিগুলো সরকারের উচ্চ পর্যায়ে জানাব। সেখান থেকে যে নির্দেশনা আসবে সেটাই পরে জানিয়ে দেব। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৩১ আগস্ট পর্যন্ত নিয়ন্ত্রিত চলাচলের নির্দেশনা আছে। ওই দিন পর্যন্ত বিদ্যমান ভাড়াই বহাল থাকবে।’

বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় গণপরিবহনের স্বাভাবিক চলাচলের সিদ্ধান্তের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। উচ্চ পর্যায় থেকে এমন সিদ্ধান্ত এলেও বাসগুলোতে গাদাগাদি করে যাতে মানুষ না নেওয়া হয় সেই বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে। অর্থাৎপ্রতি সিটে মাস্ক পরিহিত অবস্থায় যাত্রী নেওয়া যাবে, কিন্তু দাঁড় করিয়ে যাত্রী পরিবহন করা যাবে না। গতকালের বৈঠকে সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, মহাসচিব খন্দকার এনায়েত উল্লা, বাস-ট্রাক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ এবং ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান উপস্থিত ছিলেন।

করোনা পরিস্থিতি আর বিবেচনায় নেবে না ইসি

0

নির্বাচন অনুষ্ঠান নিয়ে করোনা পরিস্থিতি আর বিবেচনায় নিতে চাচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)। ইসি আগামী রবিবার অথবা সোমবার জাতীয় সংসদের ঢাকা-১৮ ও পাবনা-৪ আসনের উপনির্বাচনের তফসিল নির্ধারণ করতে যাচ্ছে। ঢাকা-১৮ আসনের ক্ষেত্রে নির্বাচন কমিশন বাড়তি সময় নিচ্ছে না। এদিন সময় হাতে থাকার পরেও শূন্য থাকা অন্য তিন সংসদীয় আসনের নির্বাচন দ্রুত অনুষ্ঠানেরও সিদ্ধান্ত আসতে পারে।

ক্ষমতাসীন দলও সব শূন্য আসনের জন্য আগ্রহী প্রার্থীদের কাছে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে দিয়েছে।

আর সাংবিধানিক বাধ্যবাধকতা না থাকলেও অক্টোবর থেকে ইসি শুরু করতে যাচ্ছে স্থানীয় সরকারের ৩০০টির বেশি নির্বাচন।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে গত ২১ মার্চ দেশে সব ধরনের নির্বাচন স্থগিত করা হয়। ওই দিন নির্বাচন কমিশন জানায়, ভাইরাসটির প্রকোপ থাকা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। নির্বাচন কমিশনের এই স্থগিতাদেশের কারণে সব প্রস্তুতি নিয়েও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন স্থগিত হয়ে যায়। এই নির্বাচন হওয়ার কথা ছিল গত ২৯ মার্চ। একই দিনে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচন অনুষ্ঠানেরও তারিখ নির্ধারিত ছিল। কিন্তু এই দুটি নির্বাচনও স্থগিত করা হয়। তবে এই সিদ্ধান্ত নেওয়ার দিন ব্যাপক সমালোচনার মুখেও কমিশন ঢাকা-১০, বাগেরহাট-৪ ও গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করে।

বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচন অনুষ্ঠানে সাধারণভাবে সংবিধান নির্ধারিত ৯০ দিনের সময়সীমা গত এপ্রিলেই শেষ হয়ে যায়। এই অবস্থায় নির্বাচন কমিশন সংবিধানের ১২৩-এর ৪ অনুচ্ছেদ অনুসারে দৈবদুর্বিপাকের কারণে এই দুই নির্বাচন অনুষ্ঠানের জন্য আরো ৯০ দিন সময় নেয় এবং সময় বাড়ানোর আর কোনো উপায় না থাকায় গত ১৪ জুলাই এই দুই আসনের নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন করে।

বর্তমানে জাতীয় সংসদের পাঁচটি আসন শূন্য রয়েছে। গত ২ এপ্রিল সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসন শূন্য হয়। গত ৬ মে আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য হয় ঢাকা-৫ (ডেমরা-দনিয়া-মাতুয়াইল) আসন। ১৩ জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য হয় সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসন। সর্বশেষ গত ১০ জুলাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হয় ঢাকা-১৮ (উত্তরা) আসন।

ঢাকা-৫ ও পাবনা-৪ আসনের উপনির্বাচনের সাধারণ সময়সীমা এরই মধ্যে পার হয়ে গেছে। এই দুই আসনের নির্বাচনের জন্য বর্তমানে কমিশনের হাতে আছে দৈবদুর্বিপাকের বর্ধিত ৯০ দিন; যা যথাক্রমে আগামী ১ নভেম্বর এবং ২৮ সেপ্টেম্বর শেষ হবে। আর ঢাকা-১৮ আসনের নির্বাচনের জন্য কমিশনের হাতে সাধারণ সময় আছে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত। এ অবস্থায় নির্বাচন কমিশন ঢাকা-৫ আসন বাদ রেখেই আগামী রবিবার ঢাকা-১৮ ও পাবনা-৪ আসনের উপনির্বাচনের তফসিল নির্ধারণ করতে যাচ্ছে।

কিন্তু ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জাতীয় সংসদের শূন্য পাঁচটি আসনেরই মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনও কি দ্রুত এসব নির্বাচন অনুষ্ঠানের কথা ভাবছে, এই প্রশ্নে নির্বাচন কমিশন রফিকুল ইসলাম গতকাল বুধবার বলেন, আগামী রবিবার কমিশনের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসির সিনিয়র সচিব মো. আলমগীর গতকাল বলেন, গত সপ্তাহে ইসির সর্বশেষ সভায় সিদ্ধান্ত হয়, আগামী অক্টোবর মাস থেকে স্থানীয় সরকারের নির্বাচন শুরু করা হবে আর নভেম্বর থেকে জাতীয় সংসদের শূন্য আসনগুলোর নির্বাচন সম্পন্ন করা হবে। এসব নির্বাচনের জন্য আর সময় ক্ষেপণ করা হবে না। তার আগেই সম্পন্ন করা হবে ঢাকা-১৮ ও পাবনা-৪ আসনের নির্বাচন। আর চট্টগ্রাম সিটির নির্বাচন এমন সময় করা হবে যাতে এই সিটির প্রশাসকের মেয়াদ শেষ হওয়ার পরপরই নির্বাচিত নতুন মেয়র দায়িত্ব নিতে পারেন।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, চট্টগ্রাম সিটি ছাড়াও করোনার কারণে স্থানীয় সরকারের স্থগিত ১১৫টি নির্বাচন এবং অপসারণ, পদত্যাগ, মৃত্যু ও মেয়াদ শেষ হওয়ার কারণে নির্বাচন উপযোগী ১৮৭টি জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন আসছে অক্টোবর থেকেই শুরু হবে। এ ক্ষেত্রে করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচন বিলম্বিত করা হবে না। যথাসাধ্য স্বাস্থ্যবিধি মেনেই নির্বাচন অনুষ্ঠান হবে।

জেকেজি’র ডা. সাবরিনাসহ ৮ জনের বিরুদ্ধে চার্জ শুনানি আজ

0

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে চার্জ শুনানি আজ (বৃহস্পতিবার)।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারীর আদালতে চার্জ শুনানি হবে।

মামলার অপর আসামিরা হলেন, ডা. সাবরিনার স্বামী জেকেজির সিইও আরিফুল হক চৌধুরী, তার সহযোগী সাঈদ চৌধুরী, জালিয়াত চক্রের হোতা হুমায়ুন কবির ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী, নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রতিষ্ঠানটির ট্রেড লাইন্সেসের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা, বিপ্লব দাস ও মামুনুর রশীদ। আটজনই এখন কারাগারে রয়েছেন।

গত ১৩ আগস্ট্ মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু মামলার ডকুমেন্টের সার্টিফাইড কপি না পাওয়ায় আসামিপক্ষের আইনজীবীরা চার্জ শুনানি পেছানোর আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে ২০ আগস্ট দিন ধার্য করেন।

গত ৫ আগস্ট এ মামলায় ঢাকা সিএমএম আদালতে ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

অভিযোগ উঠেছে, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনা শনাক্তের জন‌্য নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই জেকেজি হেলথকেয়ার ২৭ হাজার মানুষকে রিপোর্ট দেয়। এর বেশিরভাগই ভুয়া বলে ধরা পড়ে। এ অভিযোগে প্রতিষ্ঠানটিতে গত ২৩ জুন অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।

বিশ্ব একদিনে সাড়ে ৬ হাজার মৃত্যু, শনাক্ত আড়াই লাখ

0

করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আবারও সাড়ে ৬ হাজারের কাছাকাছি মৃত্যু দেখলো বিশ্ব। ২ লাখ ৫৮ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে একদিনে।

কোভিড নাইনটিনে মোট প্রাণহানি ৭ লাখ ৯০ হাজার ছুঁইছুই। এ পর্যন্ত মোট আক্রান্ত ২ কোটি ২৫ লাখ ৫৬ হাজারের কাছাকাছি।

আবারও দিনের সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ১২শ’ ৯ জনের মৃত্যুতে দেশটির মোট প্রাণহানি ১ লাখ ৭৬ হাজার ছাড়িয়েছে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৪২ হাজার ৭শ’র বেশি। ব্রাজিলে একদিনে ভাইরাসে প্রাণ গেছে ১১শ’ ৭০ জনের।

প্রাণহানির তালিকায় এরপরই ভারত। ৯৮০ জনের মৃত্যুর পর দেশটির মোট প্রাণহানি ৫৪ হাজার। দৈনিক সংক্রমণের শীর্ষে দেশটি। ২৪ ঘণ্টায় দেশটিতে ৬৯ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। মেক্সিকোয় ভাইরাসের শিকার হয়ে মৃত্যু হয়েছে ৭৫১ জনের।

বৈরি আবহাওয়া: পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

0

বৈরি আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে লঞ্চ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক (নৌ-ট্রাফিক) ফরিদুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল থেকেই প্রবল বাতাস ও বৃষ্টি হচ্ছে। এ কারণে নদীতে ঢেউয়ের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজীরহাট নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলেই পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে বলে জানান তিনি।

এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল। ফলে যাত্রীরা ফেরিতে নদী পারাপার হচ্ছে বলে জানা গেছে।

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকা ডুবে নিহত ৪৫

0

লিবিয়া থেকে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় চলতি বছরের সবচেয়ে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে পাঁচ শিশুসহ অন্তত ৪৫ অভিবাসী এবং শরণার্থী প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বুধবার এসব তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী ইউএনএইচসিআর জানিয়েছে, ৮০ জনেরও বেশি যাত্রী নিয়ে যাওয়ার সময় ছোট ওই নৌযানটির ইঞ্জিন বিস্ফোরিত হলে তা ডুবে যায়। এতে অন্তত ৪৫ জন প্রাণ হারান। স্থানীয় জেলে ও মৎস্যজীবীরা ৩৭ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এখনো বেশ কয়েকজন নিখোঁজ।

ভয়াবহ ও প্রাণঘাতী ওই দুর্ঘটনার পর বুধবার যৌথ বিবৃতিতে জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) এমন তথ্য দিয়ে উদ্ধার অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছে। সংস্থা দুটি বলছে ব্যাপক উদ্ধার অভিযান ছাড়া ভূমধ্যসাগরে আরও অনেকের প্রাণহানি ঘটবে।

ওই যৌথ বিবৃতিতে জাতিসংঘের অঙ্গ সংস্থা দুটি জানিয়েছে সোমবারের ভয়াবহ ওই নৌকাডুবির যারা প্রাণ হারিয়েছেন তাদের বেশিরভাগই আফ্রিকার দেশে সেনেগাল, মালি, শাদ ও ঘানার বাসিন্দা।

লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার সময় চলতি বছর ভূমধ্যসাগরে তিন শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ২০১৪ সালে আইওএম হিসাব রাখার শুরুর পর গত কয়েক বছরে এই সংখ্যা ২০ হাজারের বেশি। তবে এই তথ্যের চেয়ে প্রকৃত মৃত্যুর সংখ্যাটা আরও অনেক বেশি বলেই জানাচ্ছে বিবিসি।

২০১১ সালে সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর অভিবাসীদের জন্য একটি প্রধান ট্রানজিট পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে লিবিয়া।

দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার চান শ্রিংলা

0

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

আজ বুধবার (১৯ আগস্ট) সকালে বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিল্প গ্রুপ বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন শ্রিংলা। এ সময় দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় করতে অধিকহারে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পক্ষে মত দেন তিনি।

সাক্ষাৎকালে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান, সাফওয়ান সোবহান ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম উপস্থিত ছিলেন।

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের উন্নয়নে ভারত পরীক্ষিত বন্ধু। দুই দেশের ব্যবসায়ীদের মাঝে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে এ সম্পর্ক আগামীতে আরো বাড়বে।

এডিস মশা নিয়ন্ত্রণে ৯ম দিনের অভিযান চালাচ্ছে ডিএনসিসি

0

এডিস মশা নিয়ন্ত্রণে তৃতীয় পর্যায়ে ৯ম দিনের মতো অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)।

নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে আজ বুধবার (১৯ আগস্ট) ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে একযোগে পরিচালিত হচ্ছে এই অভিযান।

এর আগে গত ৮ আগস্ট থেকে শুরু হয় অভিযানের তৃতীয় পর্যায়। গতকাল মঙ্গলবার পর্যন্ত মোট এক লাখ পাঁচ হাজার ১৫১টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে মোট ৫৬৩টিতে এডিসের লার্ভা এবং ৬১ হাজার ৮১৩টিতে এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়।

এ পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে মোট আট লাখ ৪৮ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।

গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) তৃতীয় পর্যায়ের চিরুনি অভিযানের অষ্টম দিনে ১৩ হাজার ২৮০টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে মোট ৭০টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ৭ হাজার ৭৯০টি স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ সময়ে ১২টি মামলায় মোট এক লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়।

গত ১৬ থেকে ২০ মে পরিচালিত চিরুনি অভিযানে ৯ হাজার ৪৬৩টি স্থাপনা পরিদর্শন করে ১৮৭টিতে এডিসের লার্ভা পাওয়া যায়।এডিসের লার্ভা পাওয়ায় এ সময় চার লাখ ৫৮ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে ৬ থেকে ১৪ জুন অনুষ্ঠিত চিরুনি অভিযানে ডিএনসিসির এক লাখ ৩৪ হাজার ১৩৫ টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে এক হাজার ৬০১টি বাড়িতে এডিসের লার্ভা পাওয়া যায়।

এডিসের লার্ভা পাওয়ায় সেসময় মোবাইল কোর্টের মাধ্যমে ২১ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। সর্বশেষ ৪ থেকে ১৪ জুলাই পরিচালিত চিরুনি অভিযানে ১ লাখ ৩০ হাজার ৯৭৮টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ৮৯৮টিতে এডিসের লার্ভা পাওয়া যায়। এডিসের লার্ভা পাওয়ায় সেসময় মোবাইল কোর্টের মাধ্যমে ২১ লাখ ৬৮ হাজার ৭১০ টাকা জরিমানা করা হয়।

চলতি বছর চিরুনি অভিযানের মাধ্যমে এ পর্যন্ত দুই লাখ ৭৪ হাজার ৫৭৬টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ২ হাজার ৬৮৬টিতে এডিসের লার্ভা পাওয়া যায়। এডিসের লার্ভা পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে এ পর্যন্ত ৪৮ লাখ ১২ হাজার ৫১০ টাকা জরিমানা করা হয়।

ভিওআইপি সরঞ্জামসহ আটক ১ রাজধানীতে

0

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ নুরুল আমিন ওরফে শাহীন (৪৩) নামেরএকজনকে আটক করেছে র‍্যাব।

গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে র‌্যাব-৩ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক বিষয়টি নিশ্চিত করেন।

এএসপি ফারজানার ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে মোহাম্মদপুর থানার এনএস রোড, ব্লক-বি এলাকার একটি বাড়ির সপ্তম তলায় অভিযান চালায় র‌্যাব-৩ এর একটি দল। সেখান থেকে অবৈধ ভিওআইপি ব্যবসার মূলহোতা শাহীনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম ৬৪টি অ্যান্টেনা, ৫১২ পোর্ট বিশিষ্ট সিমবক্স একটি, ২৫৬ পোর্ট বিশিষ্ট সিমবক্স একটি, রাউটার, মডেম, পেনড্রাইভ, সিম বেইসড পাওয়ার স্টিপ ও বিভিন্ন মোবাইল কম্পানির বিপুল পরিমাণ সিমকার্ড জব্দ করা হয়।

ফারজানা হক বলে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ঢাকার বিভিন্ন জায়গায় বিনা অনুমতিতে অবৈধভাবে ভিওআইপি সরঞ্জামাদির ব্যবসা পরিচালনা করছিলেন আসামি। এর মাধ্যমে সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে আসছিলেন তিনি। এ ব্যবসার মাধ্যমে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এএসপি।

সাহেদকে তৃতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ চলছে দুদকে

0

ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় দুদকে তৃতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ চলছে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের৷

আজ বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার পর পর রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয় সাহেদকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে দুদক উপপরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল।

দুদকের পরিচালক, জনসংযোগ প্রণব কুমার ভট্টাচার্য বলেন, সাত দিন রিমান্ডের প্রথম দিন গত সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় সাহেদ করিমকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক। জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় তাঁকে রমনা থানার হাজতখানায় রাখা হয়। কিন্তু রাতে অসুস্থ বোধ করলে গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে এবং স্বাস্থ্য পরীক্ষা করিয়ে দুপুর ২টার দিকে সাহেদকে আবার দুদকে নেওয়া হয়। তবে ওইদিন আর তাঁকে দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।

ফারমার্স ব্যাংকের গুলশান করপোরেট শাখার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে গত ২৭ জুলাই এই মামলা দায়ের করেন। এতে সাহেদ ছাড়াও পদ্মা ব্যাংকের সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক ওরফে বাবুল চিশতী, তাঁর ছেলে রাশেদুল হক চিশতি এবং রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম খলিলকে আসামি করা হয়েছে।

দুদকের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত ১০ আগস্ট সাহেদকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হলে বিচারক কে এম ইমরুল কায়েশ সাত দিন রিমান্ড মঞ্জুর করেন।