Home Blog Page 2741

ভাঙনের মুখে থাকা নদীর পাড়ের শিক্ষাপ্রতিষ্ঠান সরিয়ে নিন

0

ভাঙনের হুমকির মুখে থাকা নদীর পাড়ে নির্মিত শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নদীর চরিত্র বুঝতে হবে। জেনেশুনে অবকাঠামো নির্মাণ করতে হবে। সব জায়গায় সবকিছু নির্মাণ করা যাবে না। ভাঙনের হুমকির মুখে থাকা নদীর পাড়ে নির্মিত স্কুল-কলেজ-মাদ্রাসা অবিলম্বে সরিয়ে নিন।

আজ মঙ্গলবার অনুষ্ঠিত একনেক সভায় অনির্ধারিত আলোচনাকালে সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

শেরেবাংলা নগরে অবস্থিত এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত একনেক বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গণভবন এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা শেরেবাংলা নগরের এনইসি মিলনায়তন থেকে একনেক বৈঠকে অংশ নেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন, আমরা যে নদীর পাড়ে ঘরবাড়ি বানাই, তখন কি আমরা চিন্তা করি কোথায় বানাচ্ছি? বানিয়ে চলে গেলেন, নদী ভেঙে নিয়ে গেলো। এটা ঠিক না। নদীর চরিত্র বুঝতে হবে। জেনেশুনে অবকাঠামো নির্মাণ করতে হবে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, সব জায়গায় সবকিছু নির্মাণ করা যাবে না।

পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী বলেছেন, মুন্সিগঞ্জে টিনের বাড়ি দোতলা দেখা যায়। সুন্দর সুন্দর একতলা, দোতলা। কারণ তারা পদ্মার পাড়ে বাস করতো। পদ্মা ভাঙার সময় আসলে তারা উঠিয়ে আরেক জায়গায় বসিয়ে দিতে পারবে। প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন, আপনারা মডেল ডেভেলপ করেন। স্কুল, মসজিদ, মাদ্রাসা, কলেজ যেগুলো হুমকির সম্মুখীন, সেগুলো আমরা যেন তাড়াতাড়ি সরিয়ে নিতে পারি। যাতে করে গোটা বিল্ডিং না খেয়ে ফেলে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে।

১৫ ও ২১ আগস্টের পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে সতর্ক থাকতে হবে

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৫ ও ২১ আগস্টের পুনরাবৃত্তি যাতে আর না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, দেশে-বিদেশে এখনো ষড়যন্ত্র চলছে। তাই ১৫ ও ২১ আগস্টের পুনরাবৃত্তি যাতে আর না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্রকারীরা তলে তলে প্রস্তুতি নিচ্ছে।

ওবায়দুল কাদের আজ মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউস্থ আওযামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ওবায়দুল কাদের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন।

বিএনপি জামাতের প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের রাজনীতিতে হত্যা, সন্ত্রাস, ষড়যন্ত্র আর সাম্প্রদায়িকতার বিস্তার তাদের হাত ধরেই। এখনও তারা সেই অপচেষ্টা অব্যাহত রেখেছে। খুনিরা তাদের ষড়যন্ত্রের জাল এখনো ছড়িয়ে রেখেছে। দেশে-বিদেশে এখনো ষড়যন্ত্র চলছে। তলে তলে প্রস্তুতি নিচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর যৌবনের উত্তাপ দিয়ে গড়া স্বাধীন বাংলাদেশের রাজধানীর মাটিতে তার সমাধির জন্য দু’গজ জমিও জুটলো না। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার এতই বদনসিব যে, তার মরদেহ সমাধি করা হলো রাজধানী থেকে অনেক দূরের অজপাড়াগাঁ টুঙ্গিপাড়ায়। বাংলাদেশের মাটি কি হজম করতে পারে বঙ্গবন্ধু মুজিবের রক্ত? বাংলাদেশের মানচিত্রে সমান যার অস্তিত্ব, চরিত্র হননের কোন ছোরা দিয়ে তাকে কী নিধন করা হয়ে গেছে? অবমূল্যায়নের কোন নরুন দিয়ে ছেদন কী করা গেছে স্বাধীনতার এই বটবৃক্ষকে? না, শত ষড়যন্ত্র আর হাজার চেষ্টার পরও মুজিব মরেনি। বঙ্গবন্ধু বেঁচে আছেন কোটি কোটি মানুষের হৃদয়ে। একদা নিথর স্তব্ধ অন্ধকার টুঙ্গিপাড়ায় এখন লাখো জনতার ঢল।

তিনি বলেন, ইতিহাসের নানা চড়াই-উৎরাই পেরিয়ে ১৯৮১ সালে মুজিববিহীন বাংলায় ফিরে আসেন মুজিব কন্যা। শেখ হাসিনা ধীরে ধীরে হয়ে ওঠেন আমাদের আস্থার ঠিকানা, আশার নিউক্লিয়াস, উন্নয়ন ও অগ্রযাত্রার পুরোধা। ১৫ আগস্ট হত্যাকাণ্ডের বিচার হয়েছে জাতির কলঙ্কমোচন হয়েছে। যারা লুকিয়ে আছেন তাদেরও ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে। ইতোমধ্যে জোরদার করা হয়েছে কূটনৈতিক তৎপরতা।

শেখ হাসিনার তুলনা কেবল তিনি নিজেই মন্তব্য করে কাদের বলেন, শেখ হাসিনা যেমনি অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন, তেমনি যে কোনো হত্যাকান্ডের বিচার করার ক্ষেত্রে তিনি অপরাধীর দলীয় পরিচয় খোঁজেননি। অপরাধীকে অপরাধী হিসেবেই দেখেছেন।

মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, মহিলা আওয়ামী লীগের সম্পাদক মাহমুদা বেগম ক্রিক প্রমুখ।

জীবনমান উন্নয়নে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে

0

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও সমৃদ্ধ জাতি গঠনে সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে।

আজ ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) আয়োজিত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ‘ডিপার্টমেন্টাল ফাউন্ডেশন ট্রেনিং কোর্স’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ‘ভার্চুয়াল কনফারেন্স’ এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের মানুষের এখন খাদ্য নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। কিন্তু পর্যাপ্ত খাবারের পাশাপাশি খাবারের মান ও নিরাপত্তা নিয়ে আমাদেরকে আরো সচেতন হতে হবে। দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও জীবনমানের উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশকে আরো এগিয়ে নিতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ‘বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’ এর ভূমিকা অপরিসীম। এক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনাম ও সফলতার সাথে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রমকে দেশের বিভিন্ন পর্যায়ে আরও বিস্তৃত করতে হবে যাতে সবার জন্য গুণগত মানের খাদ্য নিশ্চিত করা সম্ভব হয়। এজন্য আরো সুদক্ষ ও উদ্যমী কর্মীবাহিনী গড়ে তুলতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, এদেশের উন্নয়নে সবাইকে দেশপ্রেমিক হতে হবে এবং দেশের জন্য কাজ করার মনোভাব নিয়ে চলতে হবে। আমাদের সকলকে জাতির পিতার আদর্শ অনুসরণ করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু সারাজীবন বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে নিরন্তর চেষ্টা করে গেছেন। তিনি নিজেকে মৃত্যুঝুঁকির মধ্যে রেখে দেশের মানুষের জন্য কাজ করেছেন। আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করতে পারি তাহলে স্বপ্নের সোনার বাংলা গড়ার সম্ভব।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বর্তমান প্রতিকূল পরিস্থিতির মাঝেও অত্যন্ত সফলভাবে দেশকে পরিচালনা করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার আন্তরিক প্রচেষ্টা ও দূরদর্শী নেতৃত্বের কারণেই আমরা সব বাঁধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছি। এসময় তিনি দেশকে আরো এগিয়ে নিতে ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক ডঃ এম. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আব্দুল কাইউম সরকার বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

জাতীয় সংসদে জাতির পিতার ছবি টাঙানোর নির্দেশ

0

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আইন মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ নির্দেশ দিয়েছেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সুবীর নন্দী দাস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশনা চেয়ে গত ১২ আগস্ট রিট দায়ের করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়েছে, সংবিধানে ৪ক অনুচ্ছেদ অনুসারে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সব সরকারি আধা-সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে।

রিট আবেদনে আরও বলা হয়, যেহেতু জাতীয় সংসদ স্পিকারের কার্যালয় এবং একটি সরকারি অফিস তাই সংসদে অধিবেশন হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ সাংবিধানিক দায়িত্ব। ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে তাদের নিজ-নিজ জাতির পিতা কিংবা জাতীয় বীরদের প্রতিকৃতি অথবা ভাস্কর্য আইন সভায় রয়েছে।

আবেদনে আইন মন্ত্রণালযের সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে (রেসপনডেন্ট) বিবাদি করা হয়।

শ্রিংলার সফর ঝটিকা নয়, নিয়মিত : পররাষ্ট্রসচিব

0

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার ঢাকা সফর কোনো ঝটিকা সফর নয়, এটা নিয়মিত বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।

মাসুদ বিন মোমেন বলেন, আমাদের দুই দেশের সম্পর্ক নিয়ে উভয় পক্ষের মধ্যে অনেক ইন্টার‌্যাকশন হয়। তবে এ বছর করোনাভাইরাসের কারণে সে হিসেবে কমই হয়েছে। সব সময় আলোচনায় সম্পর্ক উন্নয়নের বিষয়টি থাকে। তবে এবার কভিড-১৯ নিয়ে সহযোগিতার বিষয়টি থাকছে।

তিনি বলেন, তাদের দেশে এখন করোনার ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে। ভ্যাকসিন নিয়ে আমরা কে কোন পর্যায়ে আছি, সেটা নিয়ে আলোচনা হবে।

মাসুদ বিন মোমেন বলেন, গত ছয় মাসে বেশ কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে। বিশেষ করে ট্রান্সশিপমেন্ট ও রেলওয়ের সহযোগিতা ত্বরান্বিত হয়েছে।

মোমেন আরো বলেন, বাংলাদেশ-ভারত দুই দেশের সম্পর্ক অনেক গভীর। এ সম্পর্কের যত্ন নেওয়া লাগে, যাতে ভুল বোঝাবুঝি না হয়। এ ছাড়া সম্প্রতি ভারতের মিডিয়ায় কিছু কাল্পনিক নিউজ হয়েছে, সেগুলো নিয়ে কথা হবে, যাতে সম্পর্কে কোনো গ্যাপ না থাকে।

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা মঙ্গলবার দুই দিনের সফরে ঢাকা এসেছেন।

একদিনে সুস্থ ৩২৩৪

0

গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও তিন হাজার ২৩৪ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১ লাখ ৬২ হাজার ৮২৫ জন হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে করোনা আক্রান্ত হয়ে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিন হাজার ৭৪০ জন। এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ২০০ জন। এনিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৮২ হাজার ৩৪৪ জন হল।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ, তা আড়াই লাখ পেরিয়ে যায় গত ৭ অগাস্ট। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

মৃত্যু ৪৬, শনাক্ত ৩২০০

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিন হাজার ৭৪০ জন। এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ২০০ জন। এনিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৮২ হাজার ৩৪৪ জন হল।

আজ মঙ্গলবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও তিন হাজার ২৩৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১ লাখ ৬২ হাজার ৮২৫ জন হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ, তা আড়াই লাখ পেরিয়ে যায় গত ৭ অগাস্ট। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

অনুমতি ছাড়া হাসপাতালে অভিযান নয়: সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট

0

হাসপাতালে অভিযান পরিচালনা থেকে বিরত থাকা সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবরে পাঠানো চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

রিটে ৪ আগস্ট পাঠানো ওই চিঠি কেন অসাংবিধানিক ও বাতিল করা হবে না এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। এছাড়া রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চিঠির কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। এতে বিবাদী করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই সচিব, স্বরাষ্ট্র সচিব ও আইন সচিবকে।

সুপ্রিম কোর্টের আইনজীবী রফিকুল ইসলামের পক্ষে আইনজীবী ইয়াদিয়া জামান রিটটি দায়ের করেন। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) এটি আদালতে দাখিল করা হতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সচিব বরাবর পাঠানো স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, করোনা মহামারির প্রাদুর্ভাবের পর দেশের সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা নানা বিষয়ে অভিযান করছেন। একটি হাসপাতালে একাধিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করাতে হাসপাতালগুলোর স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ কারণে স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে এক ধরনের চাপা অসন্তোষ বিরাজ করছে।

ইতোমধ্যে স্বাস্থ্য সেবা বিভাগ থেকে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর সার্বিক কার্যক্রম পরিবীক্ষণ করার জন্য একটি টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে, যেখানে জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব পর্যায়ের কর্মকর্তাও সদস্য হিসেবে আছেন। ভবিষ্যতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো অপারেশন পরিচালনার প্রয়োজনীয়তা দেখা দিলে স্বাস্থ্যসেবা বিভাগের সঙ্গে পরামর্শক্রমে তা করা যাবে।

এ অবস্থায় যে কোনো সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে এ রূপ অভিযান পরিচালনা থেকে বিরত থাকা এবং জরুরি অভিযান পরিচালনার প্রয়োজনীয়তা অনুভূত হলে স্বাস্থ্যসেবা বিভাগ এবং প্রযোজ্য ক্ষেত্রে চিকিৎসা শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সঙ্গে সমন্বয়পূর্বক পরিচালনা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য ও পরিবারকল্যণ মন্ত্রীর আলোচনা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বিদেশিদের কর ফাঁকি রোধে ডাটা বেইস হচ্ছে

0

বিদেশি নাগরিকদের কর ফাঁকি রোধে ডাটা বেইস তৈরি করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ব্যক্তিগত গাড়ির বিশেষ ধরনের নাম্বার প্লেট বিক্রির মাধ্যমেও রাজস্ব সংগ্রহের পরিকল্পনা রয়েছে বলে জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

গতকাল সোমবার ২০২০-২১ অর্থবছরের রাজস্ব আদায়ের কর্মপরিকল্পনা নিয়ে ভার্চুয়াল সভায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। সভায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, রাজস্ব আহরণের গতিকে স্বাভাবিক রাখার জন্য বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজস্ব ব্যবস্থাপনাকে অটোমেশনের আওতায় আনা হবে। করের আওতা সম্প্রসারণ, করদাতাদের রিটার্ন দাখিল বৃদ্ধির জন্য চলতি অর্থবছরে রিটার্ন ফরম সহজ করে এক পাতার রিটার্ন ফরম তৈরি করা হয়েছে। প্রতিটি উপজেলায় আয়কর অফিস স্থাপন করা হবে। পাশাপাশি একবারের বেশি কোনো ব্যক্তিকে টিন (করদাতা শনাক্তকরণ নম্বর) নম্বর দেওয়া হবে না।

অর্থমন্ত্রী বলেন, এ বছর বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে করদাতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে এবং মুজিববর্ষের উপহার হিসেবে ব্যক্তি-শ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা বৃদ্ধি করে তিন লাখ টাকা করা হয়েছে। পাশাপাশি করহার হ্রাস করা হয়েছে।

তিনি বলেন, রাজস্ব জোগান নিশ্চিত করার লক্ষ্যে ব্যক্তিগত গাড়ির অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বাড়ানো হয়েছে। ভুয়া টিআইএন ও কর ফাঁকি রোধে বিআরটিএকে ই-টিআইএন যাচাইয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

অর্থমন্ত্রী বলেন, আয়কর বিভাগের ৬৫ শতাংশ রাজস্বই আদায় হয় উৎস কর থেকে। বিদেশি নাগরিকদের কর ফাঁকি রোধে ডাটা বেইস তৈরির কাজ চলছে। ব্যক্তিগত গাড়ির বিশেষ ধরনের নাম্বার প্লেট বিক্রির মাধ্যমেও রাজস্ব সংগ্রহের পরিকল্পনা রয়েছে বলে অর্থমন্ত্রী জানান।

‘ডেথ ভ্যালি’তে পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

0

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ‘ডেথ ভ্যালি’তে পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রবিবার ডেথ ভ্যালির ন্যাশনাল পার্কে ১৩০ ডিগ্রি ফারেনহাইট (৫৪ দশমিক ৪ ডিগ্রি সেন্টিগ্রেড) তাপমাত্রা রেকর্ড করা হয়। এই তাপমাত্রার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস।

দেশটির পশ্চিম উপকূল জুড়ে তাপপ্রবাহ চলতে থাকায় এই সপ্তাহে তাপমাত্রা আরো বাড়তে পারে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

রবিবারের ৫৪.৪ ডিগ্রি সেলসিয়াসের আগে রেকর্ড করা সবচেয়ে নির্ভরযোগ্য সর্বোচ্চ তাপমাত্রাটিও ছিলো যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের। ২০১৩ সালে স্থানটির তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। তবে প্রায় এক শতাব্দী আগে ওই স্থানের তাপমাত্রা ৫৬.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর কথা জানা যায়। তবে বেশ কিছু আবহাওয়া বিশেষজ্ঞ মনে করেন ওই তাপমাত্রা পরিমাপে ভুল ছিল। সেই বছরের গ্রীষ্মের আরও কিছু তাপমাত্রার রেকর্ড দেখিয়ে ওই দাবি করে থাকেন তারা।

আবহাওয়া ইতিহাসবিদ ক্রিস্টোফার ব্রাট ২০১৬ সালে এক বিশ্লেষণে দেখান যে, ১৯১৩ সালে ওই অঞ্চলের আরও কিছু তাপমাত্রার রেকর্ড ডেথ ভ্যালিতে ৫৬.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পক্ষে মতামত দিচ্ছে না। এছাড়া ১৯৩১ সালে তিউনিসিয়াতেও ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের কথা জানা গেলেও ব্রাট মনে করেন উপনিবেশিক যুগে আফ্রিকায় রেকর্ড করা আরও বেশি কিছু তাপমাত্রার নির্ভরযোগ্যতা নিয়ে মারাত্মক সন্দেহ থেকে গেছে।

তবে গত রবিবার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের ফারনেস ক্রিকের তাপমাত্রা ৫৪.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া কর্তৃপক্ষ। তীব্র তাপপ্রবাহের কারণে গত শনিবারই বিকল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বিদ্যুৎ কেন্দ্র। ফলে টানা দুই দিন ধরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে ওই অঞ্চল।

ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে কর্মরত ব্রান্ডি স্টুয়ার্ট বলেছেন, ‘মারাত্মক গরম, যেন মুখ পুড়ে যায়।’ মাঝে বিরতি দিয়ে গত পাঁচ বছর ধরে পার্কে কাজের পাশাপাশি বসবাসও করে থাকেন স্টুয়ার্ট। বাইরে থাকা কষ্টদায়ক হয়ে যাওয়ায় আগস্ট মাসের বেশিরভাগ সময়ই তাকে কাটাতে হয় ঘরের ভেতর। তিনি বলেন, ‘বাইরে হাঁটলে মনে হবে যেন মুখে হেয়ারড্রায়ার (চুল শুকানোর যন্ত্র) দিয়ে কেউ তাপ দিচ্ছে। গরম টের পাবেন, মনে হবে যেন চুলার মধ্য দিয়ে হাঁটছেন আর চারপাশে তাপ ছড়ানো।’

সূত্র: বিবিসি।