Home Blog Page 2748

আজ জাতির শোকের দিন

0

আজ ১৫ই আগস্ট, জাতির শোকের দিন। এই দিনটি বাঙালি জাতির ইতিহাসে কলঙ্কেরও। যে মহান পুরুষ বাঙালি জাতিকে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিলেন, ১৯৭৫ সালের এই দিন ভোরে তাঁকেই সপরিবারে হত্যা করেন একদল বিপথগামী সেনা সদস্য। সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে তাঁরা শুধু বাঙালি জাতিকেই কলঙ্কিত করেননি, বাধাগ্রস্ত করেছিলেন ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্নকেও।

সেদিন রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বর বাড়িতে ঘাতকরা বঙ্গবন্ধুকে ছাড়াও তাঁর সহধর্মিণী শেখ ফজিলাতুন নেছা মুজিব, একমাত্র ভাই শেখ আবু নাসের, জ্যেষ্ঠ ছেলে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মেজ ছেলে বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামালকে হত্যা করেন।

এ ছাড়া বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, তাঁর ছোট মেয়ে বেবী সেরনিয়াবাত, ছোট ছেলে আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত আব্দুল্লাহ বাবু, ভাইয়ের ছেলে শহীদ সেরনিয়াবাত, আব্দুল নঈম খান রিন্টু, বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা অফিসার কর্নেল জামিল উদ্দিন আহমেদসহ আরো বেশ কয়েকজনকে সেদিন হত্যা করেন ঘাতকরা। তবে সেই সময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা।
দায়মুক্তি অধ্যাদেশের মাধ্যমে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচারের সম্মুখীন হওয়া থেকে রেহাই দেওয়া হয়েছিল।

দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিচারের উদ্যোগ নেয়। বিচারিক কাজ শেষে ২০১০ সালে আদালতের রায় অনুসারে পাঁচ আসামির ফাঁসি কার্যকর করা হয়। চলতি বছরের এপ্রিলে কার্যকর হয়েছে আরো এক খুনির ফাঁসি। তবে দণ্ডপ্রাপ্ত পাঁচ খুনি এখনো পলাতক রয়েছেন।

দিবসটি আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দল ও সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ বাণী দিয়েছেন।

বাসস জানিয়েছে, বাণীতে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি।’ প্রধানমন্ত্রী স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্রবিরোধী চক্রের যেকোনো অপতত্পরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এ দেশকে পাকিস্তানি ধারায় ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের সেই চেষ্টা সফল হয়নি। বাংলাদেশের অগ্রগতিকে তাঁরা সাময়িক বাধাগ্রস্ত করতে পারলেও পরে আবারও ঘুরে দাঁড়িয়েছে। এখন বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এ বছর বাঙালি জাতি কৃতজ্ঞচিত্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ পালন করছে।

আওয়ামী লীগের কর্মসূচি : শোক দিবস সামনে রেখে করোনা মহামারির মধ্যেও এ মাসের শুরু থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে। আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে সংগঠনের সব স্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। সকাল ৮টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবে আওয়ামী লীগ। এ ছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগ, সহযোগী সংগঠনসহ মহানগরীর প্রতিটি শাখার নেতাকর্মীরা যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

সকাল পৌনে ৯টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন, মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল। সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ওই কর্মসূচিতে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল, গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকবেন।

বাদ জোহর কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল। মন্দির, প্যাগোডা, গির্জা, উপাসনালয়ে বিশেষ প্রার্থনা কর্মসূচি পালন করা হবে। দুপুরে অসচ্ছল, এতিম ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য বিতরণ। বাদ আসর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল। আগামীকাল রবিবার বিকেল ৪টায় জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস আজ

0

আজ শনিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী।

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে পালন করে থাকে দিনটি। তবে এবার বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হবে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপদগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল।

পৃথিবীর এই জঘন্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ ও মেয়ে বেবি, সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দু’কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।

জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে মহান আল্লাহর দরবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন।

দেশে করোনা মহামারি পরিস্থিতিতেও জাতীয় শোক দিবসকে সামনে রেখে এ মাসের প্রথম দিন থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করছে।

স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি অনুযায়ী আজ ১৫ আগস্ট শনিবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

আজ সকাল সাড়ে ৬টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত অনুষ্ঠিত হবে।

আজ সকাল সাড়ে ৭টায় ঢাকার বনানীস্থ কবরস্থানে ১৫ আগস্ট শাহাদতবরণকারী জাতির পিতার পরিবারের সদস্যবৃন্দ ও অন্যান্য শহীদদের কবরে পুষ্পস্তবক ও ফুলের পাপড়ি অর্পণ এবং ফাতেহা পাঠ ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১০টায় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ, পুষ্পস্তবকক অর্পণ এবং মোনাজাত অনুষ্ঠিত হবে।

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিস্থলে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিশেষ দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে। সরকারি ছুটির দিনে কর্মসূচি পালনে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে সারা দেশের মসজিদসমূহে বাদ যোহর বিশেষে মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। এছাড়াও জাতীয় দৈনিক ও সাময়িকীগুলো ক্রোড়পত্র প্রকাশ করবে। পোস্টার মুদ্রণ ও বিতরণ এবং বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান/গ্রোথ সেন্টারসহ গুরুত্বপূর্ণ স্থানে জাতীয় শোক দিবসের পোস্টার স্থাপন ও এলইডি বোর্ডের মাধ্যমে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

এছাড়াও জাতীয় শোক দিবসের তাৎপর্য উল্লেখ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মাধ্যমে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সকল মোবাইল গ্রাহককে ক্ষুদে বার্তা প্রেরণ করবে।

বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংস্থা জাতীয় শোক দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে স্ব স্ব কর্মসূচি প্রণয়ন করেছে। জেলা ও উপজেলা পর্যায়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে জাতীয় শোক দিবস পালনের জন্য সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনর্মিত রাখা হবে এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

জাতীয় শোক দিবসে আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে- সূর্য উদয়ের সাথে সাথে বঙ্গবন্ধু ভবন এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে সংগঠনের সকল স্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। সকাল ৯টায় ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। সকাল ১০টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন, মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল। একই সময় টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়াও বাদ জোহর দেশের সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল ও সুবিধা মতো সময়ে মন্দির, প্যাগোডা, গির্জা, উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অুষ্ঠিত হবে। দুপুরে অস্বচ্ছল, এতিম ও দুঃস্থ মানুষদের মাঝে খাদ্য বিতরণ করা হবে।

বস্তুত ১৫ আগস্ট ১৯৭৫ থেকেই বাংলাদেশে এক বিপরীত ধারার যাত্রা শুরু হয়। গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সামরিক শাসনের অনাচারের ইতিহাস রচিত হতে থাকে।

সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষ্প। বঙ্গবন্ধুকে হত্যার পর নোবেল জয়ী পশ্চিম জার্মানীর নেতা উইলি ব্রানডিট বলেন, মুজিবকে হত্যার পর বাঙালিদের আর বিশ্বাস করা যায় না। যে বাঙালি শেখ মুজিবকে হত্যা করতে পারে তারা যে কোন জঘন্য কাজ করতে পারে।

ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও বিশিষ্ট সাহিত্যিক নীরদ সি চৌধুরী বাঙালিদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবে বর্ণনা করে বলেন, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবকে হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতি বিশ্বের মানুষের কাছে নিজেদের আত্মঘাতী চরিত্রই তুলে ধরেছে।

দ্য টাইমস অব লন্ডন এর ১৯৭৫ সালের ১৬ আগস্ট সংখ্যায় উল্লেখ করা হয়, ‘সবকিছু সত্ত্বেও বঙ্গবন্ধুকে সবসময় স্মরণ করা হবে। কারণ, তাঁকে ছাড়া বাংলাদেশের বাস্তব কোন অস্তিত্ব নেই। একই দিন লন্ডন থেকে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় বলা হয়েছে, ‘বাংলাদেশের লাখ লাখ লোক শেখ মুজিবের জঘন্য হত্যাকান্ডকে অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী, জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে দেশবাসীকে সাথে নিয়ে পালন করার জন্য আওয়ামী লীগ, সহযোগী, ভ্রাতৃপ্রতিম, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ দলের সকল স্তরের নেতা-কর্মী, সমর্থকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

বঙ্গবন্ধুকে হত্যার পর ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর স্বঘোষিত প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক আহমেদ বিচারের হাত থেকে খুনীদের রক্ষা করতে ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করেন।

পরবর্তীতে জিয়াউর রহমান ১৯৭৯ সালে ইনডেমনিটি অর্ডিন্যান্সকে আইন হিসেবে অনুমোদন করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সুদীর্ঘ একুশ বছর পর ক্ষমতায় আসলে ১৯৯৬ সালের ১৪ আগস্ট বঙ্গবন্ধু হত্যা মামলার তিন প্রধান আসামী লে. কর্নেল সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও সাবেক প্রতিমন্ত্রী তাহের উদ্দিন ঠাকুরকে গ্রেফতার করা হয়।

একই বছরের ২ অক্টোবর বঙ্গবন্ধুর একান্ত সহকারি (পিএ) এ এফ এম মোহিতুল ইসলাম ১৯৭৫ সালের ১৫ আগস্ট সংঘটিত নারকীয় হত্যাকান্ডের ঘটনায় থানায় একটি এফআইআর করেন।

১৯৯৬ সালের ১৪ নভেম্বর খুনীদের বিচারের হাতে ন্যস্ত করতে পার্লামেন্টে ইনডেমনিটি আইন বাতিল করা হয়। ১৯৯৭ সালের ১৫ জানুয়ারি সিআইডি এই মামলায় ২০ জনকে অভিযুক্ত করে মুখ্য মহানগর হাকিমের আদালতে চার্জশীট দাখিল করে এবং একই বছরের ১২ মার্চ ছয় আসামীর উপস্থিতিতে আদালতে বিচার শুরু হয়।

১৯৯৭ সালের ১৯ জুন পর্যন্ত বিচারক বিব্রত হওয়াসহ স্বাধীনতা-বিরোধী চক্রের নানা বাধার কারণে আটবার বিচার কার্যক্রম স্থগিত হয়ে যায়। এভাবে দীর্ঘ প্রক্রিয়া শেষে ১৯৯৮ সালের ৮ নভেম্বর মামলার রায়ে বিচারক কাজী গোলাম রসুল ১৫ জন সাবেক সেনা কর্মকর্তাকে মৃত্যুদ- প্রদান করেন। অন্যদিকে ২০০০ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট বেঞ্চ ২৪ দিনের শুনানি শেষে বিভক্ত রায় প্রদান করে। বিচারক এম রুহুল আমিন অভিযুক্ত ১৫ আসামীর মধ্যে ১০ জনের মৃত্যুদ-াদেশ বজায় রাখেন। কিন্তু অপর বিচারক এ বি এম খায়রুল হক অভিযুক্ত ১৫ জনকেই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- প্রদান করেন।

পরবর্তীতে ২০০১ সালের অক্টোবরের সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে বিচার কাজ বন্ধ থাকে। দীর্ঘ ছয় বছর পর ২০০৭ সালের ২৩ আগস্ট রাষ্ট্রপক্ষের মুখ্য আইনজীবী বর্তমান সরকারের আইনমন্ত্রী আনিসুল হক সুুপ্রিম কোর্টে সংক্ষিপ্ত বিবৃতি প্রদান করেন এবং ২৩ সেপ্টেম্বর আপিল বিভাগের তিন সদস্যের একটি বেঞ্চ ২৭ দিনের শুনানি শেষে ৫ আসামীকে নিয়মিত আপিল করার অনুমতিদানের লিভ টু আপিল মঞ্জুর করেন।

২০০৯ সালের ১২ নভেম্বর- ২৯ দিনের শুনানির পর চূড়ান্ত আপিল শুনানি শেষ হয় এবং আদালত ১৯ নভেম্বর রায়ের তারিখ নির্ধারণ করেন। ওইদিন (১৯ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখে মৃত্যুদ-প্রাপ্ত ৫ আসামীর দায়ের করা আপিল আবেদন খারিজ করা হয়। ২০১০ সালের ২৭ জানুয়ারি আপিলের রায়ের বিরুদ্ধে আসামীদের রিভিউ খারিজ হয়ে গেলে ২৮ জানুয়ারি ৫ আসামীর ফাঁসির রায় কার্যকর করে জাতিকে দায়মুক্ত করা হয়।

২০১০ সালের পর, ভারতে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আরো একজন খুনি আবদুল মাজেদ এবছর দেশে ফিরে আসার পর গত ১২ এপ্রিল, ২০২০ তার ফাঁসি কার্যকর করা হয়।

বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার ৪৫ বছর, নৃশংস ওই হত্যাকান্ডের মামলার ২৫ বছর এবং উচ্চ আদালতের রায়ে ৫ আসামির ফাঁসি কার্যকরের প্রায় দশ বছর পর গ্রেফতার হন খুনি মাজেদ।

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন : রাষ্ট্রপতি

0

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠাই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন। তাই আমাদের দায়িত্ব হবে জ্ঞানগরিমায় সমৃদ্ধ হয়ে বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করা।

আগামীকাল জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।

আবদুল হামিদ বলেন, ‘বঙ্গবন্ধু রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে সারাজীবন সংগ্রাম করে গেছেন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠাই ছিল তাঁর স্বপ্ন। তাই আমাদের দায়িত্ব হবে জ্ঞানগরিমায় সমৃদ্ধ হয়ে বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করা। তাহলেই আমরা চিরঞ্জীব এই মহান নেতার প্রতি যথাযথ সম্মানপ্রদর্শন করতে পারবো।’

তিনি বলেন, ‘এবছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে। ২০২১ সালে আমাদের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে। এ দুটি জাতীয় অনুষ্ঠান বাঙ্গালি জাতির ইতিহাসে অনন্য মাইলফলক। আমি মনে করি এ দুটি অনুষ্ঠান যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্ম বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির উন্নয়নে নিজেদের নিয়োজিত করতে পারবে।’

রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি মধ্য-আয়ের এবং ২০৪১ সালে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘রূপকল্প-২০২১’, ‘রূপকল্প-২০৪১’ ও ‘ডেল্টাপ্ল্যান ২১০০’ ঘোষণা করেছেন। এসব কর্মসূচি বাস্তবায়নে আমি দলমতনির্বিশেষে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাই। আসুন, জাতীয় শোক দিবসে আমরা জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে রূপান্তর করি এবং তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়তে আত্মনিয়োগ করি।’

তিনি বলেন, ‘বাংলাদেশসহ গোটাবিশ্ব আজ করোনা মহামারির বিরুদ্ধে যুদ্ধ করছে। করোনার প্রভাবে সারাবিশ্ব আজ স্থবির হয়ে পড়েছে। জীবনযাত্রা, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য, আন্তঃদেশীয় যাতায়াতসহ অর্থনীতি এক মারাত্মক হুমকির মুখে পড়েছে।’

আবদুল হামিদ বলেন, ‘বাংলাদেশ সরকার করোনাপরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি দেশবাসীকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। ‘ভয় নয়, সতর্কতা’ এ মূলমন্ত্রকে ধারণ করে জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সতর্কতা অবলম্বন করতে হবে।’

আজ শনিবার জাতীয় শোক দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী।

বাঙালি জাতির ইতিহাসে ১৫ আগস্ট এক কলঙ্কজনক অধ্যায় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘১৯৭৫ সালের এদিনে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে ঘাতকচক্রের হাতে ধানমন্ডির নিজ বাসভবনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদাতবরণ করেন। একই সাথে শহিদ হন বঙ্গবন্ধুর সহধর্মিনী শেখ ফজিলাতুন নেছা মুজিব, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেলসহ অনেক নিকট আত্মীয়। এমন ঘটনা কেবল দেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসেও বিরল। আমি শোকাহত চিত্তে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং পরম করুণাময় আল্লাহর দরবারে সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করছি।’

আবদুল হামিদ বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা মহান স্বাধীনতার রূপকার। ১৯৪৮ সালে ভাষার দাবিতে গঠিত সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতৃত্বসহ ১৯৫২ এর মহান ভাষা আন্দোলন ’৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন ’৫৮ এর সামরিক শাসনবিরোধী আন্দোলন, ’৬২ শিক্ষা কমিশনবিরোধী আন্দোলন, ’৬৬ এর ৬-দফা, ’৬৯ এর গণঅভ্যুত্থান ’৭০ এর নির্বাচনসহ বাঙালির মুক্তি ও অধিকার আদায়ে পরিচালিত প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। এজন্য তাঁকে বারবার কারাবরণ করতে হয়।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বাঙালির অধিকারের প্রশ্নে ছিলেন আপোষহীন। ফাঁসির মঞ্চেও তিনি বাংলা ও বাঙালির জয়গান গেয়েছেন। দীর্ঘ চড়াই-উতরাই পেরিয়ে এই মহান নেতা ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে রেসকোর্স ময়দানে লাখো জনতার উদ্দেশে বজ্রকণ্ঠে ঘোষণা করেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’, যা ছিল মূলত স্বাধীনতার ডাক। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দেন এবং তাঁরই নেতৃত্বে দীর্ঘ নয়মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বিজয় অর্জন করি।’

রাষ্ট্রপতি বলেন, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ আজ অভিন্ন সত্তায় পরিণত হয়েছে। ঘাতকচক্র জাতির পিতাকে হত্যা করলেও তাঁর নীতি ও আদর্শকে মুছে ফেলতে পারেনি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাতির পিতার নাম এ দেশের লাখো-কোটি বাঙালির অন্তরে চির অমলিন, অক্ষয় হয়ে থাকবে।’

শোক দিবস উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

0

জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকাসহ রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নগরীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

দিবসটি উপলক্ষে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ধানমণ্ডি ৩২ নম্বর এলাকাকেন্দ্রিক ডিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শনিবার ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হবে। এ উপলক্ষে ডিএমপি নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

আগামীকাল ধানমণ্ডি ৩২ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে আসা প্রত্যেক ব্যক্তিকে হ্যান্ড মেটাল ডিটেকটর দিয়ে তল্লাশি করে আর্চওয়ের ভেতর দিয়ে প্রবেশ করতে হবে। একইভাবে বনানী কবরস্থানেও আর্চওয়ে, চেকপোস্ট থাকবে এবং সবাইকে তল্লাশির পর প্রবেশ করতে দেওয়া হবে। আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তল্লাশি, ব্লক রেইড, চেকপোস্টের কার্যক্রম অব্যাহত আছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সেইসঙ্গে স্বেচ্ছাসেবক দলও থাকবে।

অতিথিদের গমনাগমনের ক্ষেত্রে ভিভিআইপি, ভিআইপি, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ মানিক মিয়া এভিনিউ (ধানমণ্ডি ২৭ নম্বর ক্রসিং), মিরপুর রোড (মেট্রো শপিংমল মোড়), ধানমণ্ডি ৩২ নম্বরের পশ্চিম প্রান্ত দিয়ে প্রবেশ এবং একই পথে প্রস্থান করবেন।

বিভিন্ন দল, প্রতিষ্ঠান এবং সর্বসাধারণের একমুখী গমনাগমনের নিমিত্তে রাসেল স্কয়ার থেকে ধানমণ্ডি ৩২ নম্বরের পূর্ব প্রান্ত দিয়ে প্রবেশ করে পশ্চিম প্রান্ত দিয়ে বের হবেন।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বর ও বনানী কবরস্থান এলাকায় আগতদের গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান রাখা হয়েছে। মিরপুর রোড ও ধানমণ্ডি ৩২-এর চতুর্দিকে মোটরসাইকেল পার্কিং নিষেধ।

ধানমণ্ডি ৩২ ও বনানী কবরস্থানকেন্দ্রিক অনুষ্ঠানস্থল ও তার আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। ভেন্যুকেন্দ্রিক অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক সিসিটিভি মনিটর করা হবে। পুষ্পস্তবক অর্পণ করতে আসা জনসাধারণকে বিভিন্ন দিকনির্দেশনা দিতে ধানমণ্ডি ৩২ নম্বরকেন্দ্রিক মাইকিং ব্যবস্থা থাকবে। আগত জনসাধারণের জন্য থাকবে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা।

ধানমণ্ডি ৩২ ও বনানী কবরস্থানকেন্দ্রিক নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সেইসঙ্গে ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল ইউনিট দিয়ে সুইপিং করা হবে। ধানমণ্ডি লেকে মোতায়েন থাকবে নৌ পুলিশের টহল। ১৫ আগস্টের অনুষ্ঠানকে ঘিরে ধানমণ্ডি ৩২ কেন্দ্রিক নিরাপত্তায় মোতায়েন থাকবে ফায়ার টেন্ডার ও অ্যাম্বুলেন্স। প্রাথমিক চিকিৎসার জন্য দুই ভেন্যুতেই থাকবে মেডিকেল টিম।

নিরাপত্তার স্বার্থে আজ থেকে আগামীকাল পর্যন্ত ধানমণ্ডি ৩২ ও বনানী কবরস্থানসংলগ্ন এলাকায় অবস্থিত হোটেল, গেস্টহাউস বন্ধ থাকবে এবং মেসগুলোতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট, গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার বিষয়ে অনলাইন অথবা সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো অপপ্রচার কঠোরভাবে নজরদারি করাসহ আইনের আওতায় আনা হবে।

জাতীয় শোক দিবসের কর্মসূচিতে করোনাকালীন সংক্রমণ রুখতে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মো. ওয়ালিদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানানো হয়।

বঙ্গবন্ধুর আদর্শ আগামী প্রজন্মকে উৎসাহ যোগাবে : ইউনেসকো মহাপরিচালক

0

ইউনেসকো মহাপরিচালক অদ্রি আজুলে বলেছেন , এটা নিশ্চিত বঙ্গবন্ধুর আদর্শ আগামী প্রজন্মের জন্য বিপুল উৎসাহ যোগাবে এবং বিশ্বকে নতুনভাবে সাজানোর কাজে সহায়তা করবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা- ইউনেসকো এর মহাপরিচালক শুক্রবার এক বাণীতে এ কথা বলেন।

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন ‘বঙ্গবন্ধুর মৃত্যুর সাড়ে চার দশক পর আজও তাঁর দেশের জনগণের অধিকার ও মুক্তির প্রশ্নে বিশ্ব তাঁর অসামান্য অবদান, সংগ্রাম ও আত্মত্যাগ স্মরণ করে। ’

ইউনেসকো মহাপরিচালক বলেন, আমাদের সংস্থা অন্তর্ভূক্তিমূলক, ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক সমাজের আকাক্সক্ষার কথা বলে- যে আকাক্সক্ষা বঙ্গবন্ধু ব্যক্ত করেছিলেন ১৯৭১ সালের ৭ মার্চে তাঁর ঐতিহাসিক ভাষণে যা এখন ইউনেসকো মেমোরি অব ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভূক্ত।

এ বছর ইউনেসকো সারা বিশ্বের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন করছে জানিয়ে তিনি বলেন, একটি ন্যায্যতর বিশ্বে সকল বৈচিত্রের নৃগোষ্ঠী, সংস্কৃতি, ভাষা ও ধর্মের জনগণের সম্মান প্রতিষ্ঠায় তাঁর স্বপ্ন পূরণে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার এটা এক অনন্য সুযোগ।

অদ্রি আজুলে বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কল্যাণকর ভবিষ্যতের জন্য রাষ্ট্রসমূহের ঐক্যবদ্ধ শক্তিতে দৃঢ়ভাবে বিশ্বাস করতেন। তাঁর এই বিশ্বাস তিনি ১৯৭৪ সালে জাতিসংঘে পুনর্ব্যক্ত করে বলেছিলেন, “জনগণের শক্তিতে অদম্য আত্মবিশ্বাস নিয়ে যেকোন অসাধ্য সাধন ও দুরূহ বাধা অতিক্রম করা সম্ভব।”

বিদ্যমান সঙ্কট ও চ্যালেঞ্জ মোকাবেলায় তাঁর এই বিশ্বাসে অংশীদার হয়ে আমাদের কাজ করে যাওয়া প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘কোভিড-১৯ মহামারী ও এর প্রভাব যখন সমাজের ভিত্তি এবং কয়েক দশকে ইউনেসকোর অর্জনসমূহ ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে তখন আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে আমরা দ্বিগুন কর্মপ্রচেষ্টা অব্যাহত রেখেছি।’

শোক দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম অবমুক্ত

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মারক ডাকটিকিট,উদ্বোধনী খাম এবং একটি ডেটা কার্ড অবমুক্ত করেছেন।

প্রধানমন্ত্রী আজ শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে তার সরকারি বাসভবন গণভবনে একটি অনুষ্ঠানে ১৮ টি স্ট্যাম্প (প্রতিটি পাঁচ টাকা) সম্বলিত একটি ৯০ টাকা মূল্যমানের স্ট্যাম্প শিটলেট, ১০ টাকা ও ১০০ টাকা মূল্যের দুটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যের একটি ডেটা কার্ড উন্মোচন করেন। এ উপলক্ষ্যে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক বঙ্গবন্ধুর ছাত্রত্ব পুনর্বহাল স্মরণে একটি ১০ টাকার ডাকটিকিট, ১০ টাকা মূল্যের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যের একটি ডেটা কার্ডও অবমুক্ত করেছেন। তিনি এই উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করেন।

চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে অংশ নেওয়ার জন্য বঙ্গবন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের ৬১ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সিদ্ধান্তে ২০১০ সালের ১৪ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছাত্রাবস্থা পুনর্বহাল করে।

ছাত্রত্ব পুনর্বহাল করার সিদ্ধান্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৯৪৯ সালে বঙ্গবন্ধুকে বহিষ্কার করার বিষয়টিকে ‘অগণতান্ত্রিক ও অন্যায্য’ বলে অভিহিত করে।

এ ছাড়া প্রধানমন্ত্রী গণহত্যা দিবস ২০২০ (২৫ মার্চ) এবং জাতীয় স্বাধীনতা দিবস ২০২০ (২৬ মার্চ) উপলক্ষে যথাক্রমে দুটি পৃথক ১০ টাকা মূল্যের ডাক টিকিট, ১০ টাকা মূল্যের দুটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যের দুটি ডেটা কার্ড অবমুক্ত করেছেন। এ উপলক্ষ্যে একটি বিশেষ সিলমোহরও ব্যবহৃত হয়।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডা. আহমদ কায়কাউস, পিএমও সচিব তোফাজ্জল হোসেন মিয়া, প্রেস সচিব ইহসানুল করিম ও বাংলাদেশ ডাকঘরের মহাপরিচালক শুধাংশু শেখর ভদ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বঙ্গবন্ধুর রাজনৈতিক ও পারিবারিক ছবি সম্বলিত ১০০ স্মারক ডাকটিকিটের একটি বিশেষ অ্যালবাম প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এ ছাড়া, মন্ত্রী এ সময় প্রধানমন্ত্রীর কাছে ২০ টাকার স্মরণিকা শিট, ১০ টাকার উদ্বাধনী খাম, এবং ৫ টাকার ডেটা কার্ড তুলে দেন যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে ৮ আগস্ট অবমুক্ত করা হয়েছিল।

স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং ডেটা কার্ড আগামীকাল থেকে ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে এবং পরে দেশের অন্যান্য জিপিও এবং প্রধান পোস্ট অফিসগুলি থেকে সংগ্রহ করা যাবে।

মুগ্ধতা ছড়াচ্ছেন স্মৃতি ফামি

0

নব্বইয়ের দশকের অন্যতম মডেল ও অভিনেত্রী স্মৃতি ফামি।যার দেখে মুগ্ধ হয়েছিল বহু তরুণ-তরুণী। অনেকটা সময় পেরিয়ে গেলেও অভিনয়ে এখনও মুগ্ধতা ছড়াচ্ছেন এক সময়ের নন্দিত মডেল ও অভিনেত্রী। তবে এখন আর আগের মতো টিভি পর্দায় নিয়মিত পাওয়া যায় না তাকে। বিশেষ দিবস উপলক্ষে মাঝেমধ্যে দেখা মেলে। স্বামী, সংসার, সন্তান সামলে সময় করতে পারলে ক্যামেরার সামনে দাঁড়ানোর চেষ্টা করেন স্মৃতি ফামি।

ঈদের আনন্দ এরইমধ্যে শেষ হয়ে গেলেও এখনও মনের মধ্যে সেই আমেজ রয়ে গেছে এই অভিনেত্রীর। এর কারণ এবার ঈদে প্রচারিত হয়েছে তার অভিনীত একটি নাটক নাম ‘অন্তঃঋণ’।এবারের ঈদুল আজহাতেও দর্শকদের মন মাতিয়েছে চমৎকার কিছু নাটক-টেলিফিল্ম। এগুলোর মধ্যে অন্যতম আবু হায়াত মাহমুদের ‘অন্তঃঋণ’ নাটকটি।ঈদের তৃতীয় দিন আরটিভিতে প্রচারিত হওয়ার পর। নাটকটি অনলাইন প্লাটফর্ম বায়স্কোপে মুক্তি পায়। আর মুক্তির পরপরই সর্বমহলে বেশ প্রশংসিত। এতে ফামির অভিনয়ে মুগ্ধ দর্শকমহল। মুঠোফোনে, ক্ষুদে বার্তাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন নতুন স্মৃতি ফামি।

নাটকের গল্পের বর্ণনায় দেখা যাবে,এক মধ্যবিত্ত পরিবার জন্ম এক নারীর তার যখন জীবনকে নতুন করে উপভোগ করার সময় ঠিক তখন বাবা-মা মারা গেছেন।এরপর শুরু হয় ছোট দুই ভাই-বোনকে জীবন সংগ্রাম।যে পুরুষতান্ত্রিক সমাজে চলার পথে পদে পদে বাধার সম্মুখীন হন।কিন্তু জীবন যুদ্ধ থেকে যায়নি এগিয়েছেন নিজের সততা-মনোবল শক্তিকে পুঁজি করে। অভিনয়শিল্পীদের অভিনয় তো বটেই কিন্তু এ নাটকের গল্পই মানুষের মূল্যবোধ জাগিয়ে তোলার মূল শক্তি। একই অভিনেত্রী নাটকটিও ছিল মনুষ্যত্ব তৈরি করার অন্যতম মাধ্যম এ নাটকটিতে খুঁজে পাওয়া গেছে, পরিচয় নয়- মানুষকে মূল্যায়ন করতে হয় তার গুণ দিয়ে।

এবার ঈদে প্রচারিত ‘অন্তঃঋণ’ নাটকে অভিনয়ের প্রশংসায় বেশ উচ্ছ্বসিত স্মৃতি ফামি বলেন, এককথায় বলতে গেলে দারুণ সাড়া পাচ্ছি। সহকর্মী থেকে শুরু করে অনেক অচেনা, অজানা মানুষজনেরও শুভেচ্ছা পাচ্ছি। সবার কাছে কাজটি ভালো লেগেছে, এটাই আমার বড় পাওয়া। আমি দীর্ঘদিন ধরে অভিনয়ের বাহিরে ছিলাম। এখনও দর্শকরা আমাকে মনে রেখেছেন এবং আমার কাজ দেখেন; ভালো ভালো মন্তব্য করেন, প্রশংসা করেন; এটাই তো অনেক। একজন অভিনয়শিল্পী হিসেবে এটা আমি বেশ উপভোগ করি।

কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, কাজের অভিজ্ঞতাও বেশ ভালো।বেশ গুছিয়ে কাজ কাজটি করেছিলাম আমার।
শুটিংয়ে ফিরেছেন কবে আবার এমন প্রশ্নের উত্তর স্মৃতি ফামি বলেন,ভালো গল্প এবং ভালো নির্মাতা পেলেই শিগগিরই নতুন কাজে দেখা যাবে।এর বাহিরে বেশ কিছু নতুন কাজের কথা চলছে ভারতের কলকাতার সিনেমা নিয়ে এবং বাংলাদেশ কয়েকটি নাটক এবং বিজ্ঞাপন বিষয়ে সবকিছু ঠিকঠাক হলে সবাই জানাবো।

কণ্ঠশিল্পী প্রীতম আহমেদ-এর মূল ভাবনায় ‘অন্তঃঋণ’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন তির্থক আহসান রুবেল। শাহারিয়ার শাকিলের প্রযোজনায় নাটকটিতে স্মৃতি ফামি ছাড়াও আরও অভিনয় করছেন মুকিত জাকারিয়া, টুটুল চৌধুরী,নিথর মাহবুব, শেখ মাহাবুবর রহমান, মানষী প্রকৃতি,রিগ্যান সোহাগ রত্ন,অনমিকা যুথী সুভেচ্ছা রহমান প্রমুখ।

উল্লেখ্য,চলতি বছরের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজার পরিচালনায় একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেও বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি।এতে তার সহশিল্পী ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান।

সঞ্জয়ের ক্যান্সার চতুর্থ স্তরে, রিচার সঙ্গে ছবি ভাইরাল

0

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত। বর্তমানে সঞ্জয়ের ক্যানসার স্টেজ ফোর-এ রয়ছে বলে লীলাবতী হাসপাতাল সূত্রে জানা গেছে। ক্যানসারের চিকিতসার জন্য অভিনেতা শিগগিরই যুক্তরাষ্ট্রে উড়ে যাবেন বলে খবর।

সঞ্জয় দত্তের ক্যানসারের খবরে যখন তারকা মহল বাকরুদ্ধ, সেই সময় ভাইরাল হতে শুরু করেছে অভিনেতার সঙ্গে তাঁর প্রথম স্ত্রী রিচা শর্মার একটি ছবি। যেখানে একটি অনুষ্ঠানে সঞ্জয় দত্তের সঙ্গে হাজির হতে দেখা যায় রিচাকে।

যুক্তরাষ্ট্র বেড়ে ওঠা রিচা দেশে ফিরেছিলেন বলিউডে নিজে ক্যারিয়ার তৈরির জন্য। ১৯৮৫-তে নিউ ইয়র্কে সঞ্জয় দত্তের সঙ্গে দেখা হয় রিচা শর্মার। ১৯৮৭ সালে সঞ্জয় দত্তের সঙ্গে গাঁটছড়া বাঁধেন রিচা। অভিনেতার সঙ্গে ২ বছর সংসার করার পর রিচার মস্তিষ্কের টিউমার ধরা পড়ে। এরপর যুক্তরাষ্ট্রে ফিরে যান রিচা চিকিতসার জন্য।

বেশ কয়েক বছর চিকিতসার পর তিনি টিউমার মুক্ত হয়েছেন বলে দেশে ফিরে আসেন। তার মধ্যেই ১৯৯৩ সালে রিচার সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন সঞ্জয়। যার ফলে মন ভেঙে য়ায় রিচার। এরপর ১৯৯৬ সালে মৃত্যু হয় রিচার।

স্ত্রীর মৃত্যুর পর সঞ্জয় বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেললেও, তাঁর মেয়ে ত্রিশলা দত্ত রয়ে যায় যুক্তরাষ্ট্রে তার দাদা-দাদির কাছেই। রিচা শর্মার পর রিয়া পিল্লাইয়ের সঙ্গেও দ্বিতীয় বিয়ে টেকেনি সঞ্জয় দত্তের। রিয়া পিল্লাইয়ের সঙ্গে বিচ্ছেদের পর মান্যতাকে বিয়ে করেন সঞ্জয় দত্ত।

১৫ ও ২১ আগস্টের কুশীলবরা এখনও সক্রিয় : সেতুমন্ত্রী

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৫ আগস্ট ইতিহাসের নিষ্ঠুরতা রাজনৈতিক হত্যাকাণ্ড। জগতে আর কোনো হত্যাকাণ্ডে নিষ্পাপ শিশুকে হত্যা করা হয়নি, ‘অবলা নারী’কে হত্যা করা হয়নি, টার্গেট করা হয়নি অন্তঃসত্ত্বা নারীকে। ১৫ ও ২১ আগস্টের কুশীলবরা এখনও সক্রিয়। এখনও তাদের ষড়যন্ত্রের নীলনকশা চলছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শুক্রবার বিকেল ৫টায় নগর ভবন প্রাঙ্গণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত দোয়া-মাহফিল ও আলোচনা সভায় অনলাইনে সংযুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, সেই সময় বিদেশে ছিলেন বলেই প্রাণে বেঁচে যান আমাদের আশার বাতিঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা। সেদিন তারা বেঁচে গিয়েছিলেন বলেই আজকে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। হয়েছে যুদ্ধাপরাধের বিচার। কলঙ্কমুক্ত হয়েছে দেশ।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম হত্যাযজ্ঞ এবং পরবর্তীতে ২১ আগস্টের গ্রেনেড হামলা একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। ১৫ আগস্টের প্রধান টার্গেট ছিল আমাদের ভৌগলিক মুক্তির স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একুশে আগস্টে প্রধান টার্গেট ছিল আমাদের অর্থনৈতিক মুক্তির স্থপতি শেখ হাসিনা। দু’টি ঘটনার কুশীলবরা এখনও সক্রিয়।

ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী তাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দীন আহমদ, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ আরো অনেকে।

অস্ত্র নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘে ফের ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত

0

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে জোরালো তৎপরতা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে রাশিয়া, চীন ও অন্যান্য দেশের বিরোধিতার ফলে বিষয়টি ঘিরে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে৷ আগামী ১৮ই অক্টোবর ইরানের অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে৷

বৃহস্পতিবারই ট্রাম্প প্রশাসনের উদ্যোগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই প্রশ্নে ভোটাভুটি শুরু হয়েছে৷ করোনা সংকটের কারণে পরিষদের বৈঠকে প্রতিনিধিরা সশরীরে উপস্থিত থাকতে না পারায় ভোটাভুটির জন্য ২৪ ঘণ্টা ধার্য করা হয়েছে৷ এই সময়ের মধ্যে ১৫টি সদস্য দেশকে এই প্রশ্নে অবস্থান নিতে হবে৷ নিউইয়র্ক সময়ে শুক্রবার সন্ধ্যায় ভোটাভুটির ফল জানা যাবে বলে ধরে নেওয়া হচ্ছে৷

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ও চীন আগেই এই প্রস্তাব বানচাল করতে ভেটো প্রয়োগ করার হুমকি দিয়েছে৷ অন্য কিছু সদস্যও প্রস্তাবের বিরোধিতা অথবা ভোটদানে বিরত থাকতে পারে৷ কমপক্ষে ৯টি দেশ প্রস্তাবের পক্ষে সায় না দিলে ভেটো প্রয়োগেরও প্রয়োজন পড়বে না৷ ফলে বিষয়টিকে ঘিরে সংঘাতের আশঙ্কা বাড়ছে৷ তবে ট্রাম্প প্রশাসন ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির কাছে ইরানকে অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞা চালু রাখার প্রস্তাব চেয়েছে৷ বিকল্প কোনো প্রস্তাব পছন্দ হলে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞার মেয়াদের দাবি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন৷ সে ক্ষেত্রে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিফল হলে ইউরোপীয় তিন শক্তির উদ্যোগে সীমিত সময়ের জন্য নিষেধাজ্ঞার প্রস্তাব পেশ করা হতে পারে৷

ইরানের সঙ্গে পরমাণু চুক্তির প্রেক্ষাপটে জাতিসংঘের নিষেধাজ্ঞা বাড়তি গুরুত্ব পাচ্ছে৷ ২০১৫ সালে ভিয়েনায় এই চুক্তি স্বাক্ষরের সময় ইরানের আচরণের উপর নির্ভর করে অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞা তুলে নেবার উদ্যোগ শুরু হয়েছিল৷ নিরাপত্তা পরিষদ এই চুক্তির প্রতি সমর্থন জানিয়ে নিষেধাজ্ঞার মেয়াদ ২০২০ সালের অক্টোবর মাস পর্যন্ত সীমিত করতে একটি প্রস্তাব পাশ করেছিল৷ কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ২০১৮ সালে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেবার পর থেকে নানা ক্ষেত্রে জটিলতা বাড়ছে৷

বাকি স্বাক্ষরকারী দেশগুলো পরমাণু চুক্তি মেনে চলতে চাইলেও ওয়াশিংটন থেকে ক্রমাগত বাধার মুখে জটিলতা বাড়ছে৷ যেমন ট্রাম্প প্রশাসন বৃহস্পতিবারের প্রস্তাবে ইরানকে অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞার মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ডাক দিয়েছে৷ সন্ত্রাসবাদের মদদ দেওয়া দেশ হিসেবে ইরানকে অস্ত্র বিক্রির পক্ষে কোনো যুক্তি নেই বলে ওয়াশিংটন মনে করে৷ পরমাণু চুক্তির সঙ্গে বিষয়টির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্রাফট৷

নিরাপত্তা পরিষদ এই প্রস্তাব অনুমোদন না করলে ট্রাম্প প্রশাসন পরমাণু চুক্তির আওতায় ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া চালু করার হুমকি দিয়েছে৷ সেই প্রক্রিয়া অনুযায়ী ইরান চুক্তির গুরুত্বপূর্ণ শর্ত না মানলে জাতিসংঘের সব নিষেধাজ্ঞা আবার চালু করার বিধান রাখা হয়েছে৷ ওয়াশিংটন সত্যি এমন উদ্যোগ নিলে গোটা পরমাণু চুক্তির ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে৷ তবে সমালোচকদের মতে, যুক্তরাষ্ট্রের এই চুক্তি থেকে সরে আসার পর সে দেশের ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া চালু করার অধিকারই আর নেই৷ ফলে এই মুহূর্তে ইরান ছাড়াও রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি চুক্তির বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে পারে৷

ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অস্ত্র বিক্রির ক্ষেত্রে তাঁর দেশের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিলে তার পরিণাম সম্পর্কে সতর্ক করে দিয়েছেন৷ তবে ইরান সে ক্ষেত্রে ঠিক কোন পদক্ষেপ নেবে, সে বিষয়ে তিনি কিছু জানাননি৷

সূত্র : ডয়েচে ভেলে।