Home Blog Page 2749

ভেনেজুয়েলাগামী ইরানের জ্বালানিবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

0

করোনার তাণ্ডবের মধ্যেই ইরানের সঙ্গে ফের সংঘাতের পথে হাঁটল যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা অমান্য করে জ্বালানি পাঠানোর জেরে প্রথমবারের মতো ইরানের চারটি জ্বালানিবাহী জাহাজ জব্দ করল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বৃহস্পতিবার ওয়ালস্ট্রিট জার্নালের খবরে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এমন তথ্য জানানো হয়। এ ঘটনায় নতুন করে সংঘাতের সূত্রপাত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মার্কিন নিষেধাজ্ঞা ভেঙে ইরান ওই জাহাজগুলো ভেনেজুয়েলার উদ্দেশে পাঠিয়েছিল।

রয়টার্সের খবরে জানানো হয়, মার্কিন কৌঁসুলিরা গত মাসে ইরানের চারটি ট্যাংকার জব্দ করতে মামলা করেন। ইরানের ওই ট্যাংকারগুলোয় গ্যাসোলিন নিয়ে ভেনেজুয়েলায় যাওয়ার চেষ্টা করেছিল।

এই মামলার পেছনে মূল লক্ষ্য ছিল ইরানে তেল বিক্রি থেকে রাজস্বের প্রবাহ বন্ধ করে দেশটির ওপর অর্থনৈতিক চার বৃদ্ধি করা। পাশাপাশি আরেক শত্রু ভেনেজুয়েলাকে শিক্ষা দেওয়া। ইরানের পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন। তবে তেহরান দাবি, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়ালস্ট্রিট জার্নালের খবরে জানানো হয়, সম্প্রতি লুনা, পান্ডি, বারিং ও বেলা নামে ওই চার জাহাজ সাগরপথে জব্দ করা হয়েছে। সেগুলো হিউস্টনের পথে রয়েছে। একজন কর্মকর্তা বলেন, সামরিক বাহিনীকে কাজে না লাগিয়েই জাহাজগুলো জব্দ করা হয়েছে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

করোনার সংক্রমণের কারণে ইরানের অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়েছে। অর্থনৈতিক বিভিন্ন নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতির চাকা প্রায় অচল। ইরানের ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেওয়া অস্ত্রবিষয়ক নিষেধাজ্ঞার মেয়াদ রয়েছে চলতি বছরের অক্টোবর পর্যন্ত। ট্রাম্প প্রশাসন এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর চেষ্টা চালাচ্ছে।

সূত্র : ওয়ালস্ট্রিট জার্নাল।

৪০ থেকে ৮০ হাজার, দুই মাসের শিশুটি বিক্রি হয়েছে তিনবার!

0

দুই মাসের কন্যা শিশুটিকে বিক্রি করা হয়েছে তিনবার। শেষ পর্যন্ত দিল্লি পুলিশ এবং নারী কমিশনের তৎপরতায় উদ্ধার করা গেল শিশুটিকে। দিল্লি পুলিশের জালে আটকা পড়ল শিশু বিক্রি চক্রের চার সদস্য।

বুধবার রাতে দিল্লির নারী কমিশন খবর পায় উত্তর দিল্লির কোনো এক এলাকায় একটি আড়াই মাসের শিশু কন্যাকে বিক্রি করা হয়েছে। নারী কমিশনের কর্মকর্তারা সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশকে। শুরু হয় তল্লাশি অভিযান।

এক দিকে যখন অভিযান চলছে, অন্য দিকে তখন হাতে হাতে ঘুরছে শিশুটি। পুলিশ জানিয়েছে, প্রথমে শিশুটির বাবা এক নারীর কাছে তাকে ৪০ হাজার টাকায় বিক্রি করে দেয়। এরপর সেই নারী এক ব্যক্তির কাছে ৮০ হাজার টাকায় বিক্রি করে দেয় শিশুটিকে। সেই ব্যক্তি ফের তাকে আরো চড়া দামে বিক্রি করে বলে জানা গেছে।

তদন্তে নেতৃত্ব দেন উত্তর দিল্লির ডেপুটি কমিশনার মণিকা ভরদ্বাজ। নারী কমিশনকে সঙ্গে নিয়ে প্রথমেই তাঁরা পৌঁছে যান শিশুটির বাবার কাছে। তাঁকে জেরা করেই একের পর এক অপরাধীর খোঁজ মেলে।

মণিকা জানিয়েছেন, শিশুটির বাবা জেরায় প্রথমে স্বীকার করে নেন যে তিনি তাঁর আড়াই মাসের শিশু কন্যাকে বিক্রি করেছেন। তাঁর দাবি, তাঁর আরো দুই কন্যা সন্তান আছে। এক জন প্রতিবন্ধী। তাদের দেখভালের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তৃতীয় সন্তানকে মানুষ করার মতো অর্থ তাঁর কাছে ছিল না। বাকি দুই সন্তানকে যাতে মানুষ করতে পারেন সে জন্যই তৃতীয় সন্তানকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও নারী কমিশনের একটি সূত্র বলছে, কন্যা সন্তান বলেই বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন ওই ব্যক্তি।

শিশুটির বাবাকে জেরা করে পুলিশ মঞ্জু, সঞ্জয় মিত্তাল এবং মনীশার সন্ধান পায়। এদের হাতে হাতেই ঘুরছিল শিশুটি। বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে এদের সকলকেই গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় শিশুটিও। তাকে তার মায়ের কাছে রাখা হয়েছে। শিশুটির মা ঠিকা কাজ করেন।

দিল্লি নারী কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল জানিয়েছেন, ‘শিশুটিকে বড় করার জন্য সবরকম ব্যবস্থা করবে নারী কমিশন। তাঁর মাকেও সাহায্য করা হবে। প্রয়োজনে শিশুটিকে কোনো হোমে পাঠানোর ব্যবস্থা করা হবে। দিল্লিতে এমন ঘটনা যাতে আর না ঘটে, তা নিশ্চিত করতে হবে।’

সূত্র : ডয়েচে ভেলে।

ভারতীয়দের নেপাল ভ্রমণে ‘আইডি কার্ড’ প্রদর্শন করতে হবে

0

ভারতের বন্ধু দেশ নেপাল। এতদিন পর্যন্ত সবাই এমনটাই জানত। তবে সাম্প্রতিক সীমান্ত বিরোধ ও নেপালের নতুন মানচিত্র প্রণয়নে এখন দুই দেশের সম্পর্কের সংজ্ঞা বদলেছে। আর তাই নেপাল ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর আগের মতো নেই। নেপাল ভ্রমণে এতদিন পর্যন্ত ভারতীয় নাগরিকদের কোনো বিধিনিষেধ ছিল না। পাসপোর্ট-ভিসা ছাড়াই ভারতীয়রা নেপালে ভ্রমণ করতে পারত। তবে অলি সরকারের নতুন আইনের ফলে এখন থেকে ভারতীয়দের নেপাল ভ্রমণে আইডি কার্ড প্রদর্শন করতে হবে।

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রাম বাহাদুর থাপা জানিয়েছেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে তাদের প্রশাসন এখন সতর্ক। আর তাই ভারত থেকে কারা তাদের দেশে আসছেন তার রেকর্ড রাখতে চান তারা। করোনা মহামারির এই সময়ে অন্য দেশ থেকে কাউকে ঢুকতে দিলে ঝুঁকি থেকে যায়। তবুও ভারতীয়দের নেপাল ভ্রমণে বিধিনিষেধ রাখছে না তাঁরা। তবে নেপালে প্রবেশ করার আগে ভারতীয়দের বাধ্যতামূলকভাবে আইডি কার্ড দেখাতে হবে।’

এর আগে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তাঁর দেশে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ার জন্য ভারতের ঘাড়ে দোষ চাপিয়েছিলেন। আর এবার ভারতীয়দের জন্য নেপাল প্রবেশে চাপানো হল শর্ত। বোঝাই যাচ্ছে, দুই বন্ধু রষ্ট্রের সম্পর্কের তিক্ততা বাড়ছে। দীর্ঘদিনের বন্ধুত্বপরায়ণ প্রতিবেশী নেপালের এমন আচারণে ভারতজুড়ে একাধারে বিস্ময় ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

৭৮ কিমি লম্বা কৈলাশ মানসরোবর রোড নিয়ে দুই দেশের মধ্যে ঝামেলার সূত্রপাত হয়েছিল। সেই রাস্তায় একটি ব্রিজ নির্মাণ করেছে ভারত। ওই রাস্তার শেষে নির্মিত ব্রিজ ধারচুলা, লিপুলেখের যোগাযোগ ব্যবস্থা রক্ষা করবে। মে মাসে সেই ব্রিজ উদ্বোধনে গিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তারপর থেকেই নেপালের সঙ্গে সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়েছে।

নেপালের দাবি, লিপুলেখসহ ওই এলাকার তিনটি ভূখণ্ড আদতে তাদের। যদিও তার কোনও প্রমাণ তাঁদের কাছে নেই। এর পরই ওই ভূখণ্ড অন্তর্ভুক্ত করে নতুন মানচিত্র প্রকাশ করেছিল নেপাল।

সূত্র : টাইমসনাউ নিউজ।

হংকংয়ের স্বায়ত্তশাসন আইনে ট্রাম্পের স্বাক্ষর, বিশেষ বাণিজ্য সুবিধা বাতিল

0

হংকংয়ের ওপর চাপানো চীনের নতুন জাতীয় নিরাপত্তা আইনের প্রতিক্রিয়ায় গত ১৫ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হংকংয়ের বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা বন্ধের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। একই সঙ্গে হংকংয়ের অধিকার লঙ্ঘনকারী চীনা ও হংকংয়ের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপে একটি আইনেও সই করেছেন ট্রাম্প। ট্রাম্প বলেন, হংকংয়ের সঙ্গে এখন চীনের মতোই ব্যবহার করা হবে। চীন থেকে আর আলাদা মনে করবেন না তিনি।

ট্রাম্প হোয়াইট হাউসে রোজ গার্ডেনে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘তাঁর কার্যনির্বাহী আদেশ হংকংয়ের জন্য অগ্রাধিকারমূলক সুযোগের অবসান ঘটাবে।তিনি বলেন, কোনো বিশেষ সুযোগ-সুবিধা, বিশেষ অর্থনৈতিক চিকিৎসা এবং সংবেদনশীল প্রযুক্তির কোনো রপ্তানি হবে না।’

‘হংকং অটোনমি অ্যাক্ট’ নামের আরেকটি বিলেও স্বাক্ষর করার কথা জানিয়েছেন ট্রাম্প। জুলাইয়ের প্রথমদিকে মার্কিন কংগ্রেসে এ বিলটি সর্বসম্মতিতে পাস হয়েছিল। এই আইনের বলে হংকংয়ের স্বাধীনতা খর্ব করায় ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। গত মে মাসে ট্রাম্প ঘোষণা করেছিলেন, তাঁর প্রশাসন এই অঞ্চলের বিশেষ মর্যাদা ফিরিয়ে দেওয়া শুরু করবে।’

ট্রাম্পের সর্বশেষ পদক্ষেপটি হংকংয়ের স্বায়ত্তশাসন ও বাণিজ্য শুল্ক দ্বার উন্মুক্ত করতে পারে। গত দুই বছর ধরে ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে যে বাণিজ্য যুদ্ধ ছড়িয়ে পড়েছে সেটা এই আইন অনুমোদনে আরো বাড়বে। মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে চীনা রপ্তানি বাণিজ্যের উপর চাপ বাড়বে।

সম্প্রতি চীন বিতর্কিত হংকং নিরাপত্তা আইন পাস করায় এমন পদক্ষেপ নিয়েছেন তিনি। ১৫০ বছর ঔপনিবেশিক শাসনে থাকার পর চুক্তির মেয়াদ শেষে ১৯৯৭ সালের ১ জুলাই হংকং-কে চীনের কাছে ফেরত দেয় যুক্তরাজ্য। তখন থেকে অঞ্চলটি ‘এক দেশ, দুই নীতি’র আওতায় স্বায়ত্তশাসনের মর্যাদা ভোগ করে আসছে। বিশেষ প্রশাসনিক অঞ্চল হিসেবে বিবেচিত হংকংকে ২০৪৭ সাল পর্যন্ত স্বায়ত্তশাসনের নিশ্চয়তা দিয়েছে চীন। তবে গত বছর অঞ্চলটিতে ব্যাপক বিক্ষোভের মুখে সেখানে বিতর্কিত ‘হংকং নিরাপত্তা আইন’ প্রণয়নের উদ্যোগ নেয় বেইজিং। ৩০ জুন সর্বসম্মতভাবে এ সংক্রান্ত বিলে পার্লামেন্টে অনুমোদনের পর সেদিনই এতে স্বাক্ষর করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। অঞ্চলটির অনেক মানুষ আশঙ্কা করছে, বেইজিংয়ের দ্বারা আরোপিত নতুন নিরাপত্তা আইন হংকংয়ের বিশেষ মর্যাদার অবসান ঘটাবে।

সূত্র : টাইমসনাউ নিউজ।

করোনায় আরো ৩৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৬৬

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিন হাজার ৫৯১ জনে। এ ছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো দুই হাজার ৭৬৬ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন দুই লাখ ৭১ হাজার ৮৮১ জন।

আজ শুক্রবার বিকেলে করোনার হালনাগাদ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত এক দিনে ১২ হাজার ৮৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭৬৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭১ হাজার ৮৮১ জন। এ ছাড়া আক্রান্তদের মধ্যে আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল তিন হাজার ৫৯১ জন। এদের মধ্যে ২৮ জন পুরুষ এবং ছয়জন মহিলা।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরো এক হাজার ৭৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন এক লাখ ৫৬ হাজার ৬২৩ জন।

খাদ্য সংকট মোকাবেলায় সরকারের সক্ষমতা ও প্রস্তুতি রয়েছে : কৃষিমন্ত্রী

0

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, এমপি বলেছেন, যে কোন পরিস্থিতিতে দেশে খাদ্য সংকট মোকাবেলায় সরকারের সক্ষমতা ও প্রস্তুতি রয়েছে। করোনার দুর্যোগ চলছে, সম্প্রতি ঘূর্ণিঝড় আম্পানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বন্যার দুর্যোগও চলছে। তারপরও আশা করা যায়, যে পরিমাণ খাদ্যশস্য মজুদ রয়েছে, বাংলাদেশে খাদ্যের কোন সমস্যা হবে না। আমরা অর্থনৈতিক, কৃষি উৎপাদনসহ সার্বিকভাবে এমন সক্ষমতা অর্জন করেছি যে, বাংলাদেশ খাদ্য সংকটে পড়ার কোন কারণ নেই। যেকোন দুর্যোগে খাদ্য সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সরকারের সব প্রস্তুতি রয়েছে।

মন্ত্রী শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত সাংবাদিকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত করোনাকালীন সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, স্বাধীনতার পর দেশে প্রায় ৭ কোটি মানুষ ছিল আর এখন ১৬ কোটির উপরে। স্বাধীনতার পর মাথাপিছু জমি ছিল ২৮ শতাংশ, যা কমতে কমতে এখন হয়েছে ১০ শতাংশ। তারপরও বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এবছর ইন্দোনেশিয়াকে টপকে চাল উৎপাদনে তৃতীয় স্থানে উঠে এসেছে। এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে কৃষিবান্ধব এ সরকারের প্রচেষ্ঠায়। অথচ স্বাধীনতার পরে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি হিসাবে আখ্যায়িত করা হয়েছিল। বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, বুদ্ধিজীবী বলেছিল বাংলাদেশ স্বাধীন-সার্বভৌম দেশ হিসাবে টিকে থাকবে না, আর টিকে থাকলেও সব সময় বিদেশি সাহায্যনির্ভর হয়ে থাকবে। বিদেশিদের সকল অনুমান মিথ্যা প্রমাণ করে প্রধানমন্ত্রী দেখিয়েছেন, বাংলাদেশ কোন দেশের উপর সাহায্যনির্ভর দেশ নয়। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বিদেশি সাহায্য কমতে কমতে এ বছরের বাজেটে মাত্র ২ ভাগে এসে দাঁড়িয়েছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সাংবাদিক ও মিডিয়াবান্ধব। যে কারণে করোনার এই দু:সময়েও অসচ্ছল সাংবাদিকদের সহযোগিতায় সরকার এগিয়ে এসেছে, পাঁশে দাঁড়িয়েছে।
সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, এদেশের প্রায় প্রতিটি প্রগতিশীল আন্দোলন-সংগ্রামে আপনারা সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন, সামনের কাতারে ছিলেন।

তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি এখনও সক্রিয় রয়েছে। তারা ক্রমাগত মিথ্যাচার করছে। ’৭৫ এর আগেও এরা মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করেছিল। সেজন্য আমি আন্তরিক আহবান জানাই, আপনারা সত্য-সঠিক তথ্য তুলে ধরে জাতিকে ঐক্যবদ্ধ রাখবেন। যারা মিথ্যা, অসত্য তথ্য ও সংবাদ প্রচার করে জাতিকে বিভ্রান্ত করতে চায় তাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবেন।

ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ, ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, স্বদেশ প্রতিদিনের সম্পাদক রফিকুল ইসলাম রতন প্রমুখ সভায় বক্তৃতা করেন।

‘বঙ্গবন্ধু দুর্নীতিবাজ-লুটপাটকারী-চাটার দলের বিরুদ্ধে সোচ্চার ছিলেন’

0

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি এবং সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেছেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড জাতির ইতিহাসের সবচেয়ে শোকাবহ ঘটনা। খুনিরা সেদিন শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি। খুনিরা বাংলাদেশের আত্মাকে হত্যা করে ৭১’র মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নেয়। বাংলাদেশকে পাকিস্তানপন্থার দিকে ঠেলে দেয়।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দীর্ঘ ঐক্যবদ্ধ আন্দোলন এবং ঐক্যবদ্ধ নির্বাচনের ধারায় বঙ্গবন্ধু যখন স্বমহিমায় বাংলাদেশের রাষ্ট্র ও সমাজ জীবনে পুনরায় ফিরে আসছেন ঠিক তখন ৭৫’র মতোই মুজিব কোট পরে খুনি মুশতাক চক্র যেভাবে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল এখন ঠিক সেভাবেই মুজিব কোট পরেই দুর্নীতিবাজ-লুটেরা-ঘরকাঁটা ইঁদুর-উইপোকারা বঙ্গবন্ধুকে দ্বিতীয়বার হত্যা করতে উদ্যত হয়েছে।

ইনু বলেন, বঙ্গবন্ধু দুর্নীতিবাজ-লুটপাটকারী-চাটার দল-চোরের খনির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, বঙ্গবন্ধুকে দ্বিতীয়বার হত্যার অপরাজনীতি প্রতিহত করতে হলে দুর্নীতিবাজ-লুটেরাদের সিন্ডিকেট এবং রাজাকার-জঙ্গি ও তাদের রাজনৈতিক সঙ্গীদের পাকিস্তানপন্থার হত্যা-খুনের রাজনীতি চিরতরে ধ্বংস করে দিতে হবে।

আলোচনা সভায় আরো বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য শিরীন আখতার, মীর হোসাইন আখতার, নুরুল আখতার, নাদের চৌধুরী, নইমুল আহসান জুয়েল, রোকনুজ্জামান রোকন প্রমুখ।

আলোচনা সভার আগে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মাল্যদান করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে বঙ্গবন্ধুকে স্মরণ করেন নেতারা।

‘১৫ আগস্ট জন্মদিন ঘোষণা অর্থ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডকে সমর্থন করা’

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ১৫ আগস্ট খালেদা জিয়া জন্মগ্রহণ করেছেন ঘোষণাটি ছিল মিথ্যা বানোয়াট স্বীকার করে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার দিনে জন্মদিন ঘোষণা করা আর এই হত্যাকাণ্ডকে সমর্থন করা একই কথা। হত্যাকারীদের উৎসাহিত করা।

আজ শুক্রবার (১৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড: ষড়যন্ত্র দেশে-বিদেশে’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ১৯৯৫ সালের ১৫ আগস্ট হঠাৎ খালেদা জিয়া জন্মগ্রহণ করলেন। পরবর্তীকালে আমরা পত্রিকার পাতায় জানলাম। উনি এর আগেও অবশ্য ৩-৪ বার জন্মগ্রহণ করেছেন।

তিনি বলেন, একটি কমিশন গঠন করে বেশ কিছুদিন ধরে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের দাবি বিভিন্ন মহল থেকে করা হচ্ছে। গতকাল ঢাকা সাংবাদিক ইউনিয়ন দাবি জানিয়েছেন ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছেন তাদের মুখোশ উন্মোচন করা এবং যারা বেঁচে আছেন তাদের বিচারের আওতায় আনার। আমি মনে করি এই যে দাবি কয়েক বছর ধরে করা হচ্ছিল সেটি নতুন মাত্রা যুক্ত হয়েছে সাংবাদিক সমাজের মাধ্যমে।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে সেমিনারে মূল আলোচক ছিলেন ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসন, অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সস্পাদক ফরিদা ইয়াসমিন, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, আবদুল জলিল ভুইয়া, ওমর ফারুক প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

জাতির পিতার রক্ত যেন বৃথা না যায় : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ একটা শোক সইতে পারে না। আর আমরা কী সহ্য করে আছি। শুধু একটা চিন্তা করে যে, এই দেশটা আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন করে দিয়ে গেছেন। তিনি দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন। আমার যতটুকু সাধ্য সেইটুকু করে দিয়ে যাব, যেন তাঁর আত্মাটা শান্তি পায় এবং এই রক্ত যেন বৃথা না যায়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শহীদদের স্মরণে আজ শুক্রবার (১৪ আগস্ট) ৫০ হাজারবার কোরআন খতম উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তাঁকে (বঙ্গবন্ধু) যারা হত্যা করেছে, তারা ঘৃণ্য। তাদের বিচার করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই শক্তি দিয়েছেন আমাদের। ইনডেমনিটি আইন বাতিল করে দিয়ে তাদেরকে বিচার করতে পেরেছি। এতে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি।

শেখ হাসিনা বলেন, কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণকে, যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং আমার দল বাংলাদেশ আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠনকে, যারা সব সময় আমার পাশে থেকে আমাকে শক্তি জুগিয়েছে, একটা পরিবারের মতো আমি পেয়েছি।

তিনি বলেন, ১৫ আগস্ট আমাদের জাতীয় শোক দিবস। জাতি হারিয়েছে তার নেতাকে, আর আমরা হারিয়েছি, আমার ছোট বোনটি এবং আমি, সেই সঙ্গে আমাদের পরিবারের অন্যান্য সদস্য, আমরা আপনজনদের হারিয়েছি হঠাৎ একদিন।

তিনি বলেন, ৮১ সালে আমি দেশে ফিরে আসি। স্বাভাবিকভাবে আমার চেষ্টাই ছিল যে, বাংলাদেশের মানুষের জন্য আমার বাবা সারা জীবন সংগ্রাম করে গেছেন, জেল-জুলুম-অত্যাচার সয়েছেন- এ দেশের সেই মানুষের জন্য কিছু করে যাব, সেটাই ছিল আমার একমাত্র লক্ষ্য।

প্রধানমন্ত্রী বলেন, আমরা বাবা-মায়ের লাশও দেখতে পাইনি। কবরও জিয়ারত করতে পারিনি। দেশে আসতেও পারিনি। এভাবে আমাদের বাইরে পড়ে থাকতে হয়েছিল। এতিম হয়ে সর্বস্ব হারিয়ে বিদেশের মাটিতে রিফিউজি হয়ে থাকার কী কষ্ট, এটা যারা আমাদের মতো ছিল তারা জানে।

সরকারপ্রধান বলেন, আজ একটা হত্যাকাণ্ড হলে সবাই বিচার চাইতে পারে, মামলা করতে পারে। আমরা ১৫ আগস্ট যারা আপনজন হারিয়েছিলাম, আমাদের কারো মামলা করবার বা বিচার চাইবার অধিকার ছিল না। সেই অধিকার আদায়ের পথও বন্ধ করে দেওয়া হয়েছিল।

১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটে শিশু রাসেল নিহত হওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ছোট ভাইটি- আমি এখনো এই প্রশ্নের উত্তর পাই না। তার মাত্র ১০ বছর বয়স। তার জীবনের স্বপ্ন ছিল, সে একদিন সেনাবাহিনীতেই যোগদান করবে। ভাগ্যের কী নির্মম পরিহাস, তাকে সেই সেনাবাহিনীর সদস্যরাই নির্মমভাবে গুলি করে হত্যা করল। তার অপরাধ কী? আমি জানি না।

সমাজসেবা অধিদপ্তর প্রান্তে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।

গণভবন প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিনহা হত্যা : কারাগার থেকে র‍্যাবের রিমান্ডে ৭ আসামি

0

চাঞ্চল্যকর মেজর (অব.) সিনহা হত্যা মামলায় পুলিশের চার সদস্য ও একই ঘটনায় পুলিশের দায়ের করা হত্যা মামলায় আটক তিন সাক্ষীকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছে র‍্যাব।

আজ শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টায় কক্সবাজার জেলা কারাগার থেকে র‍্যাবের একটি দল তাদেরকে নিয়ে যায়। কারা তত্ত্বাবধায়ক মোকাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সিনহা হত্যা মামলার এই সাত আসামি হলেন কনস্টেবল সাফানুল করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল মো. আব্দুল্লাহ আল মামুন ও সহকারী উপপরিদর্শক লিটন মিয়া। আর পুলিশের মামলায় তিন সাক্ষী হলেন মো. আয়াছ, নুরুল আমিন ও নাজিম উদ্দিন।

র‍্যাব সূত্রে জানা গেছে, সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলায় প্রথম রিমান্ড শুনানিতে ‘আত্মসমর্পণ’ করা টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ, এসআই লিয়াকত ও এএসআই নন্দ দুলালের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। সেইসঙ্গে অন্য চার আসামিকে দুই দিন করে জেলগেইটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়। র‍্যাবের তদন্তকারী কর্মকর্তা তাদেরকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের পর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গত ১০ আগস্ট আরো ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ১২ আগস্ট তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অপরদিকে সিনহা হত্যা মামলায় পুলিশের দায়ের করা তিন সাক্ষী মো. আয়াছ, নুরুল আমিন ও নাজিম উদ্দিনকে পরে সিনহার বোনের দায়ের করা হত্যা মামলার আসামি দেখায় র‍্যাব। গত ১১ আগস্ট তাদের গ্রেপ্তার করে র‍্যাব। ওইদিনই তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে ১২ আগস্ট শুনানিতে তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড আবেদনের দুই দিন পর জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিল র‍্যাব। তবে আগে রিমান্ড মঞ্জুর হওয়া ওসি প্রদীপসহ তিনজনকে এখনো রিমান্ডে নেওয়া হয়নি। তারা বর্তমানে কক্সবাজার জেলা কারাগারে।

নুরুল আমিন কমিউনিটি পুলিশিংয়ের কেউ নন
র‍্যাবের হাতে গ্রেপ্তার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মারিশবনিয়া গ্রামের বাসিন্দা এবং মুদি দোকানি নুরুল আমিন (২২) কমিউনিটি পুলিশিংয়ের কেউ নন- গত ৩১ জুলাই রাতে পাহাড় থেকে মেজর সিনহা নামার সময় তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে ডাকাত বলে মোবাইলে তথ্য দিয়েছিলেন মুদি দোকানি নুরুল আমিন।

টেকনাফ থানায় উপ পরিদর্শক নন্দ দুলাল রক্ষিতের দায়ের করা মেজর সিনহা হত্যা মামলায় মুদি দোকানি নুরুল আমিনসহ স্থানীয় তিন সাক্ষী রয়েছেন। পরে র‍্যাব তাদেরকে গ্রেপ্তার করে।

টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম সভাপতি নুরুল হুদা ও আবুল কালাম আজাদ জানিয়েছেন, র‍্যাবের হাতে গ্রেপ্তার নুরুল আমিন স্থানীয় কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে বিভিন্ন গণমাধ্যমে প্রচার পেয়েছে। বাস্তবে নুরুল আমিন কমিউনিটি পুলিশিংয়ের কেউ নন।