Home Blog Page 2750

শান্তিরক্ষা মিশনে অংশ নিতে ১৩৪ জন নৌসদস্যের ঢাকা ত্যাগ

0

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন দক্ষিণ সুদানে বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট-৬ এ যোগদানের উদ্দেশ্যে ৬৭ জন নৌসদস্যের ২য় গ্রুপ আজ শুক্রবার সকালে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। এর আগে, গত ২৫ জুলাই ১ম গ্রুপের ৬৭ জন নৌসদস্য ফোর্স মেরিন ইউনিট-৬ এ যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

দক্ষিণ সুদানে নৌবাহিনীর একটি মেরিন ইউনিট, ইউনাইটেড নেশন্স মিশন ইন দক্ষিণ সুদান (আনমিস) এ ফোর্স মেরিন ইউনিট হিসেবে মোতায়েন রয়েছে। উক্ত কন্টিনজেন্টটি জাতিসংঘের নিত্য প্রয়োজনীয় জ্বালানী, খাদ্য সামগ্রী, ঔষধ-পত্র ও মানবিক সাহায্য বহনকারী বার্জসমূহের নিরাপদ চলাচলের নিশ্চয়তা বিধান, নৌপথের জলদস্যুতা পর্যবেক্ষণ/নিয়ন্ত্রণ ও সকল গোয়েন্দা তথ্য সংগ্রহ করে ফোর্স সদর দপ্তরকে অবহিতকরণ, অগ্নিনির্বাপনে স্থানীয় জনপদকে সহায়তা, আহত সামরিক ও অসামরিক ব্যক্তিদের উদ্ধার ও ডুবুরী সহায়তা করে থাকে।
এছাড়া স্থানীয় জনগণকে জরুরি চিকিৎসা প্রদানসহ মিশনে নিয়োজিত সেনা ও অসামরিক সদস্যদের প্রয়োজনীয় রসদ সামগ্রী দূর্গম স্থানে পরিবহণ করাসহ জাতিসংঘের নির্দেশক্রমে যেকোন কার্যক্রমে সহায়তা করে থাকে কন্টিনজেন্টটি। উল্লেখ্য যে, বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট ) কন্টিনজেন্টটি এ দীর্ঘ ৯৩৮ কিঃ মিঃ নদীপথে এখন পর্যন্ত সর্বমোট ৪১টি অভিযান অত্যন্ত সফলভাবে সম্পন্ন করেছে।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে গত দুই দশকেরও বেশী সময় ধরে বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে অত্যন্ত সফলতার সাথে অংশগ্রহণ ও দায়িত্ব পালন করে আসছে। দক্ষিন সুদান ছাড়াও লেবানন ও ভূ-মধ্যসাগরীয় এলাকায় জাতিসংঘের একমাত্র মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ নিয়োজিত রয়েছে।

‘যারা এতিম, তারা একা নও, তোমাদের পাশে আছি’

0

‘তোমরা যারা এতিম, তারা একা নও। যতদিন বেঁচে আছি ততদিন তোমাদের পাশে আমি আছি। তোমাদের ব্যথা আমরা বুঝি। আমিও একদিন ঘুম থেকে উঠে শুনি আমার বাবা-মা-ভাইসহ কেউ নেই।’

আজ শুক্রবার (১৪ আগস্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শহীদদের স্মরণে ৫০ হাজারবার কোরআন খতম উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিভিন্ন এতিম খানা ও সরকারি শিশু পল্লী থেকে শিশুরা মোনাজাতে অংশ নেয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এতিমদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরো বলেন, তোমাদের জন্য অর্থ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে । তোমরা প্রতিটি শিশু যেন নিজের পায়ে দাঁড়াতে পারো এজন্য তোমাদের ভোকেশনাল ট্রেনিং দেয়া হচ্ছে। বাবা-মা কারো চিরকাল থাকে না। তোমরা মানুষের মতো মানুষ হলে বাবা-মা যেখানেই থাকুক, তারা তোমাদের জন্য দোয়া করবেন। তোমরা মানুষ হতে পারলে তোমরাও একদিন এতিমদের পাশে দাঁড়াতে পারবে।

প্রধানমন্ত্রী বলেন, আমি এবং আমার ছোট বোন শেখ রেহানা সব সময় তোমাদের মতো এতিম এবং অসহায়দের কথা ভাবি। এজন্য তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা কিভাবে দেয়া যায় আমরা সে চিন্তা করি। তাদের জন্য অনেক সুযোগ-সুবিধা বাস্তবায়ন করেছি। আমাদের জীবনে তোমরাই সবচেয়ে আপনজন। এজন্য আমাদের পরিবারে যে কারো জন্মদিনে আমরা বাইরে বড় করে কোনো অনুষ্ঠান না করে তোমাদের মত এতিমদের কাছে আমরা মিষ্টি ও খাবার পাঠাই।

প্রধানমন্ত্রী আরও বলেন, বড়লোকেরা তো সব সময় ভালো ভালো খাবার খায়। যে কারণে জন্মদিনে অন্য কাউকে দাওয়াত না করে আমরা তোমাদের মতো শিশুদের দাওয়াত করি। তোমাদের জীবন সুন্দর হোক, সফল হোক। মন দিয়ে পড়াশোনা করবে। সততা, নিষ্ঠা ও একাগ্রতা নিয়ে তোমরা কাজ করবে। নিজেরা বড় হতে পারলে তোমরা একদিন এই রাষ্ট্রের উপকার করতে পারবে।

হিজড়া ও বিভিন্ন অনগ্রসর জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, হিজড়া এবং বিভিন্ন অনগ্রসর জাতিকেও আমরা সহযোগিতা করছি। যারা হিজড়া তারাও তো কোনো না কোনো মায়ের সন্তান। কেন তাদের দূরে ঠেলে দেওয়া হয়, কেন তাদের রাস্তায় নামিয়ে দেওয়া হয়। তারাও পরিবারের সন্তান, তারাও পরিবারেই বড় হবে।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বিচার পাওয়ার সুযোগ ছিল না। আজকে একটা হত্যাকাণ্ড নিয়ে সবাই মামলা করতে পারেন। বিচার চাইতে পারেন। আমরা বিচারটা চাইতে পর্যন্ত পারিনি। আইন করে একটা হত্যাকাণ্ডের বিচার বন্ধ করা হলো। প্রতিটি হত্যায় জড়িত খুনিরা যেন পার না পায় আমি সেই পরিবর্তন আনতে চাই।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সব শোক ভুলে আছি। মানুষের জন্য কিছু করে যেতে চাই যেন বঙ্গবন্ধুর আত্মা শান্তি পায়।

আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষায় বসতে পারবেন ৩৫৯০ শিক্ষার্থী

0

আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য ৩৫৯০ জন শিক্ষার্থীর বাংলাদেশ বার কাউন্সিলের দ্বিতীয়বারের পরীক্ষায় বসতে সৃষ্ট অনিশ্চয়তা কেটেছে।

আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষায় বসতে পারবেন ২০১৭ সালের ২১ জুলাই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ৩৫৯০ জন শিক্ষার্থী। এ বিষয়ে বার কাউন্সিল আইন সংশোধন করে গতকাল বৃহস্পতিবার গেজেট জারি করেছে আইন মন্ত্রণালয়।

গত ২৬ জুলাই বার কাউন্সিল থেকে জারি করা এক নোটিশে বলা হয়, ‘যারা একবার লিখিত পরীক্ষা দিয়ে অনুত্তীর্ণ হয়েছেন তারা দ্বিতীয়বার লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না’- নোটিশের এই অংশটুকু জুড়ে দেওয়ায় ২০১৭ সালের ২১ জুলাই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ৩৫৯০ জন শিক্ষার্থী এবারের লিখিত পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। অথচ এরআগে ওইসব শিক্ষার্থীর ক্ষেত্রে গতবছর ১৫ সেপ্টেম্বর বার কাউন্সিলের জারি করা (স্বারক নম্বর-বাবাকা/প্রশাসন/২০৬০) নোটিশে বলা হয়েছিল, এসব শিক্ষার্থীদের এমসিকিউ পরীক্ষায় অংশ নেওয়ার প্রয়োজন নেই। তারা সরাসরি লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।

বার কাউন্সিলের এই স্ববিরোধী নোটিশের কারণে ২০১৭ সালের ২১ জুলাই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ৩৫৯০ জন শিক্ষার্থী এবারের লিখিত পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এ অবস্থায় ওইসব শিক্ষার্থীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির হাইকোর্টে রিট আবেদন করেন। যা এখন বিচারাধীন।

বঙ্গবন্ধুর পাঁচ খুনিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: আইনমন্ত্রী

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় আইন মন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, বঙ্গবন্ধুর পাঁচজন পলাতক খুনিকে দেশে ফিরিয়ে এনে রায় সম্পূর্ণভাবে কার্যকর না করা পর্যন্ত তাদেরকে খুঁজে বের করা ও আনার প্রচেষ্টা চলবে। যখন তাদেরকে আনা হবে তখনই এই প্রচেষ্টার পরিসমাপ্তি ঘটবে।

আইনমন্ত্রী বলেন, ‘সাংবাদিক ভাইয়েরা জিজ্ঞাসা করেছেন, বঙ্গবন্ধুর যে খুনিদের রায় এখনও কার্যকর করা যায়নি এবং যারা পলাতক আছেন তাদের ব্যাপারে আমরা কী কী পদক্ষেপ নিয়েছি। সেই ক্ষেত্রে আমি বলতে পারি- কানাডায় নূর চৌধুরী পলাতক আছেন। কানাডীয় সরকারের একটি আইন আছে, যেটা হচ্ছে যে দেশে মৃত্যুদণ্ড আছে সেখানে মৃত্যুদণ্ড হতে পারে এ রকম কোনো আসামিকে তারা ফেরত পাঠায় না। সেই আবেদনের কারণে সে সেখানে বসবাসরত আছেন।’

তিনি বলেন, ‘সে (নূর চৌধুরী) কানাডীয় সরকারের কাছে কী লিখেছেন এবং কী কারণে তাকে সেখানে থাকার অনুমোদন দেয়া হয়েছে, সেগুলো জানার জন্য আমরা কানাডীয় সরকারের কাছে সেই কাগজপত্রগুলো চেয়েছিলাম। কানাডীয় সরকার জবাব দিয়েছে যে, তাদের প্রাইভেসি অ্যাক্টে এ কাগজগুলো দেয়া যায় না। তখন আমরা সেখানে আইনজীবী নিয়োগ করে আদালতে আবেদন করেছিলাম। আদালত বলেছেন এই কাগজগুলো দেয়া যাবে। তার পরিপ্রেক্ষিতে আমরা এখন অগ্রসর হচ্ছি।’

রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘সেই ব্যাপারে এখন যে পরিস্থিতি হয়েছে, সেটা পর্যবেক্ষণ করছি। এবং এর অগ্রগতির ব্যাপারে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।’

আনিসুল হক বলেন, ‘আর বাকি তিনজনের ব্যাপারে তাদের অবস্থান সম্বন্ধে জানি না। কিন্তু আমাদের অনুসন্ধান চলছে। আমরা মনে করি, আমাদের এই প্রচেষ্টায় সাফল্য লাভ করব।’

তিনি বলেন, ‘এখানে আমি একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আমরা এই পাঁচজন পলাতক খুনিকে দেশে ফিরিয়ে এনে এই রায় সম্পূর্ণভাবে কার্যকর না করতে পারব, ততক্ষণ পর্যন্ত তাদেরকে খুঁজে বের করা ও আনার প্রচেষ্টা চলবে। যখন তাদেরকে আনা হবে তখনই এই প্রচেষ্টার পরিসমাপ্তি ঘটবে।’

বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি: ত্রাণ প্রতিমন্ত্রী

0

ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি। তার ডাকেই এদেশের মানুষ মুক্তিযুদ্ধ ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করে। কিন্তু ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে এ দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল। কিন্তু সব ষড়যন্ত্র উপেক্ষা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে এক অনলাইন আলোচনা সভায় যুক্ত হয়ে ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এসব কথা বলেন। ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত এই আলোচনা সভায় বিভিন্ন উপজেলা ও থানার কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এদিকে ত্রাণ প্রতিমন্ত্রী তার নির্বাচনি এলাকা সাভার-আশুলিয়া এলাকায় জাতীয় শোক দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছেন। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। বিভিন্ন মসজিদে বঙ্গবনন্ধু ও তার স্বজনদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠান এবং বিভিন্ন এলাকায় কাঙালি ভোজসহ নানা কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী

0

বাংলাদেশে পরবর্তী হাইকমিশনার হিসেবে বিক্রম দোরাইস্বামীকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তিনি বর্তমান হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের স্থলাভিষিক্ত হচ্ছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এদিকে, হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) পদে যোগ দেওয়ার কথা রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) বিজয় ঠাকুর আগামী সেপ্টেম্বর মাসে চাকরি থেকে অবসর নেবেন।

অন্যদিকে, বিক্রম দোরাইস্বামী বর্তমানে ভারতের পররাষ্ট্র মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দক্ষিণ কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও মিয়ানমার (বিএম) বিভাগের যুগ্ম সচিব ছিলেন।

মানসিক রোগী ছিলেন না সুশান্ত

0

সুশান্ত সিং রাজপুত মানসিক অবসাদে ভুগছিলেন না। তিনি মানসিকভাবে সুস্থ ছিলেন। সুশান্ত সিং রাজপুতের বন্ধু পঙ্কজ দুবের কথা থেকে আরও কিছুটা স্পষ্ট ধারনা প্রকাশ্যে আসছে সুশান্তের মানসিক স্বাস্থ্য সম্পর্কে। সম্প্রতি এক সংবাদমাধ্যমের হাতে এসে পৌঁছায় সুশান্তের ডায়রি। যেখানে পিডি নামে এক ব্যক্তির উল্লেখ দেখা যায়। পিডি অর্থাত পঙ্কজ দুবে।

লেখক পঙ্কজ দুবের কথায়,মানসিক দিক সুস্থ একজন মানুষ ছিলেন সুশান্ত। প্রত্যেকটি কাজে যাঁর উদ্যম চোখে পড়ত। স্থানীয় জিনিসের সঙ্গে আন্তর্জাতিকমানের দ্রব্যের মেলবন্ধন ঘটানোই সুশান্তের লক্ষ ছিল। সেই অনুযায়ী, ‘গ্লোকাল’ নামে নতুন কিছু তৈরি করতে চাইছিলেন সুশান্ত। যা নিয়ে তাঁদের মধ্যে বহুবার আলোচনা হয়েছে বলেও জানা যায় পঙ্কজ দুবের কথা থেকে।

সুশান্ত এমন একজন মানুষ ছিলেন যিনি নিজের স্বপ্নকে কীভাবে পূর্ণ করতে হয়, তা নিয়ে সব সময় ভাবনাচিন্তা করতেন। তাই সুশান্তের মানসিক অবসাদ বলে কিছু ছিল বলে তাঁর চোখে পড়েনি বলেও দাবি করেন পঙ্কজ দুবে।

যদিও তিনি কোনও মানসিক রোগের চিকিতসক নন যে সবকিছু বুঝতে পারবেন। তবে সুশান্ত যে মানসিক দিক থেকে একদম সুস্থ প্রকৃতির মানুষ ছিলেন, তা বুঝতে তাঁর কোনও অসুবিধা হয়নি বলেও স্পষ্ট জানান পঙ্কজ দুবে।

এদিকে সম্প্রতি রিয়া চক্রবর্তী দাবি করেন, ২০১৯ সালের অক্টোবর মাসে তাঁরা যখন ইতালিতে বেড়াতে যান, সেই সময় প্রথম সুশান্তের মানসিক অসুস্থতা তাঁর চোখে পড়ে। ফ্লোরেন্সের যে হেরিটেজ হোটেলে তাঁরা ছিলেন, সেখানে পুরনো দিনের আঁকা ছবি দেখে নাকি সুশান্ত মন্ত্র উচ্চারণ করতে শুরু করেন।

এমনকী, ওই ছবির চরিত্রগুলিকে সুশান্ত নিজের চোখে স্পষ্ট দেখতে পাচ্ছেন বলেও রিয়া এবং তাঁর ভাইকে সুশান্ত জানিয়েছিলেন বলে দাবি করেন অভিনেত্রী।

‘ভাই বিচার না পেলে কোনওদিন আমি শান্তি পাবো না’

0

সুশান্ত মামলায় সিবিআই তদন্তের দাবিতে উত্তাল সোশ্যাল মিডিয়া। এই মামলার তদন্ত সিবিআই -এর হাতে তুলেও দিয়েছে কেন্দ্র সরকার। তবে এই মামলায় যতক্ষণ না সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে, ততক্ষণ পুরোদমে তদন্ত শুরু করতে পারছে না সিবিআই। এদিকে সুপ্রিম কোর্ট এখনও এই মামলার রায় দেয়নি। এই পরিস্থিতিতে কিছুটা হলেও মনমরা দেখাল সুশান্তের বড়বোন শ্বেতা সিং কীর্তিকে। বিশেষ ভিডিও বার্তায় শ্বেতা বললেন, যতক্ষণ না এই সুশান্ত বিচার পাচ্ছে আমরা শান্তিতে বাঁচতে পারব না।

একটি ভিডিও বার্তায় শ্বেতা বলেন, আমি সুশান্তের বোন শ্বেতা সিং কীর্তি। সকলের কাছে হাতজোড় করে অনুরোধ করছি, সকলে একত্রিত হয়ে সিবিআই তদন্তের জন্য আবেদন করুন। আমাদের সত্যিটা জানার অধিকার রয়েছে। সুশান্তে বিচার হওয়া দরকার। না হলে আমরা শান্তিতে জীবনযাপন করতে পারবো না। আমি সমস্ত হৃদয় দিয়ে আপনাদর কাছে প্রার্থনা করছি, সকলে মিলে সিবিআই তদন্তের দাবি জানান।

তাঁর এই ভিডিও বার্তা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকেও ট্যাগ করেছেন শ্বেতা।

ভিডিও বার্তা ছাড়াও আরও একটি পোস্টও করেন সুশান্তের ছোট বোন। শ্বেতা সিং কীর্তিকে এভাবে ভেঙে পড়তে দেখে তাঁকে আশ্বস্ত করেছেন অঙ্কিতা লোখান্ডে। তিনি লিখেছেন, সত্য অবশ্যই প্রকাশ্যে আসবে। আমরা অবশ্যই বিচার পাব।

প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর এই মামলায় প্রথম থেকেই সুশান্তের পরিবারের পাশে দাঁড়িয়েছেন অঙ্কিতা লোখান্ডে। তিনিও প্রাক্তন প্রেমিককে বিচার দিতে সুশান্তের পরিবারের সঙ্গে একযোগে লড়াই চালিয়ে যাচ্ছেন। শ্বেতা ও অঙ্কিতা দুজনকেই একে অপরের সোশ্যাল মিডিয়া পোস্টে কমেন্ট করতেও দেখা গেছে। জিনিউজ

১৮ দিনের লড়াই শেষে করোনা মুক্ত রবি চৌধুরী

0

অবশেষে করোনা জয় করেছেন সঙ্গীতশিল্পী রবি চৌধুরী। ‘আঠারো দিন মৃত্যুর সাথে লড়াই করেছি। খুব কাছে থেকে দেখেছি মৃত্যুকে। প্রায় সময় মনে হয়েছে মনে এটাই বুঝি আমার শেষ নি:শ্বাস।’

করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়ার পর বাসায় ফিরে কথাগুলো বলছিলেন সংগীতশিল্পী রবি চৌধুরী। করোনায় আক্রান্ত হওয়ার পর নিউমোনিয়ার কারণে মারাত্বক শ্বাসকষ্টের সমস্যায় ভুগেছেন তিনি। সে সময় প্রায় মনেই হয়েছে এই বুঝি পৃথিবীকে বিদায় জানাতে হবে তার। রবি চৌধুরী বলছিলেন এমনটাই।

প্রায় তিন সপ্তাহ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থেকে রবি চৌধুরী অবশেষে প্লাজমা থেরাপি নিয়ে সুস্থ হয়ে উঠেন। দুই দফায় প্লাজমা থেরাপি দেয়া হয় তাকে। করোনায় আক্রান্তকালীন অবস্থার বিবরণ জানিয়ে রবি চৌধুরী বলেন, ‘করোনায় আক্রান্ত হলে শারীরিক কষ্টের পাশাপাশি কি পরিমাণ যে মানষিক যন্ত্রণায় থাকতে হয় তা ভাষায় প্রকাশ করতে পারবোনা। দোয় করি এ ভাইরাস থেকে যেনো আল্লাহ সবাইকে হেফাজত করেন।

এই দুঃসময়ে যারা পাশে থেকেছেন, নিয়মিত খোঁজ খবর নিয়েছেন তাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এ শিল্পী ।

রবি চৌধুরী বলেন, করোনার প্রথম থেকে’ই সরকারের নির্দেশনা অনুসরণ করে মানুষকে সচেতন করেছি। নিজের লেখা ও সুরে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গানও করেছি। শেষতক নিজেই কোভিট ৯৯ আক্রান্ত হলাম । করোনাতে আবার উপলব্ধি হলো পৃথিবীর মায়া সকলকেই ছাড়তে হবে। এটাই চিরন্তন নিয়তি।

আগামী দিনগুলোতে সবার ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চান রবি চৌধুরী। বললেন, জীবনে চাওয়ার চেয়ে পাওয়া বেশি হয়ে গেছে। এজন্য উপর ওয়ালার কাছে কোটি শোকরিয়া। আমি সবসময় ভালো কিছু করতে চাই। জীবনে অসংখ্য বন্ধু যুগিয়েছি। শত্রু বলতে নেই আমার। যারা মানুষের ভালো চায়, আল্লাহ তাকে পথ চলতে সাহায্য করে। হয়তো এবার নতুন জীবন দিয়ে তিনি আমাকে মানুষের পাশে দাঁড়ানো সুযোগ করে দিলেন।

‘কোনো গোষ্ঠীর স্বার্থে যেন শোক দিবসের পরিবেশ বিনষ্ট না হয়’

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ সিদ্ধির জন্য যেন জাতীয় শোক দিবসের পরিবেশ বিনষ্ট না হয় এবং চিরায়ত ঐতিহ্য আওয়ামী লীগের মূল্যবোধ যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে।

আজ বৃহস্পতিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৫ আগস্ট জাতীয় দিবসের কর্মসূচি ঘোষণাকালে তিনি এ আহ্বান জানান।

সেতুমন্ত্রী বলেন, সাবাইকে নিজ অবস্থান থেকে দেশবাসীকে সাথে নিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর আদর্শে দেশ গড়ার মহান ব্রতে অঙ্গীকারাবদ্ধ হয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করতে হবে।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর পটভূমিতে দাঁড়িয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি স্বাস্থ্যবিধি মেনে এবং ভাবগাম্ভীর্যের সাথে পালনের জন্য দেশবাসীকে আহ্বান জানান ওবায়দুল কাদের।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ ও আ.ফ.ম বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম ও এসএম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ও উপ-দফতর সম্পাদক সায়েম খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।