Home Blog Page 2751

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের মুখোশ উন্মোচনে কমিশন গঠন প্রয়োজন’

0

বঙ্গবন্ধুহত্যার নেপথ্য কুশীলবদের মুখোশ উন্মোচনে কমিশন গঠন প্রয়োজন বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে আয়োজিত তিনদিনব্যাপী সভার সূচনা দিনের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমরা অনেকদিন ধরে বলে আসছিলাম বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে শুধুমাত্র যারা সামনে থেকে অংশগ্রহণ করেছে, তাদের মাধ্যমেই যে এই হত্যাকাণ্ডে সংগঠিত হয়েছে তা নয়। সদ্যস্বাধীন একটি দেশকে হত্যার ষড়যন্ত্রের অংশ হিসেবে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সেই দেশি-বিদেশিচক্রের ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যার পটভূমি রচনা করা হয়েছে।’

‘এই হত্যাকাণ্ডের পেছনে বিরাট একটি ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রের অনেক নট-নটী ছিল, সুতরাং এই হত্যাকাণ্ডের কুশীলবদের মুখোশ উন্মোচন হওয়া প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘যদি সেটি আমরা আজকে না করি, তাহলে আজ থেকে শতবর্ষ পরে যে ইতিহাস লেখা হবে, সেখানে কুশীলবদের নাম থাকবে না, কারা এই ষড়যন্ত্র করেছিল। তাদের সম্পর্কে ভবিষ্যৎ বাংলাদেশের প্রজন্ম জানতে পারবে না, পৃথিবীর ইতিহাস সেটি জানতে পারবে না।’

ড. হাছান বলেন, ‘তাই শত শত বছর পরের ইতিহাসে যাতে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের কুশীলবদের নাম লিপিবদ্ধ থাকে, ইতিহাসকে সত্য জানাতে হয়, সেজন্য এবং ইতিহাসের সত্য উদ্ঘাটনের স্বার্থে এবং ভবিষ্যতের জন্য ঠিক ইতিহাস লিপিবদ্ধ করার প্রয়োজনে আমি মনে করি। আপনারা মনে করেন, দেশের মানুষ মনে করে হত্যাকাণ্ডের কুশীলবদের মুখোশ উন্মোচনের স্বার্থে একটি কমিশন করা এবং যারা জীবিত আছে, তাদেরকেও বিচারের আওতায় আনা। এটি না হলে ইতিহাসের কাঠগড়ায় হয়তো আমাদেরকে দাঁড় করানো হতে পারে, সেজন্যই এটি করা প্রয়োজন বলে আমি মনে করি।’

তথ্যমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র একটি দেশ রচনা করে গেছেন তা নয়। বঙ্গবন্ধুকে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বলি, কারণ বাঙালির হাজার হাজার বছর ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই বাঙালিরা স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে, স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাঙালিদের জন্য একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। বঙ্গবন্ধু এই জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছেন। এইজন্যই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধু শুধু এই স্বাধীন রাষ্ট্র রচনা করে গেছেন তা নয়, বঙ্গবন্ধু সাড়ে তিন বছরের মাথায় একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে ধ্বংসস্তুপের মধ্যে থেকে মাথা উঁচু করে দাঁড় করিয়ে সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছিলেন, তখনই তাকে হত্যা করা হয়।’

বঙ্গবন্ধুকে যে বছর হত্যা করা হয়, সে বছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৭.৪ শতাংশ এবং তখন বাংলাদেশ খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ হয়ে ছিল, অনেক পরিসংখ্যান মতে সে বছর ১০ হাজার মেট্রিক টন অতিরিক্ত খাদ্য উৎপাদন হয়েছিল, বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

তিনি বলেন, সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশ যাতে ভবিষ্যতে মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেজন্য বঙ্গবন্ধু অনেক আইন করেছিলেন এবং সেসব আইনের ভিত্তিতেই আমরা পরবর্তীতে সমুদ্রসীমা, স্থলসীমা, তেল-গ্যাস ক্ষেত্রে নিজেদের অধিকারসহ অনেক কিছু অর্জন করেছি।

সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-কর্ম ও আত্মত্যাগের ওপর আলোকপাত করেন এবং তার হত্যাকারীদের মধ্যে যারা পলাতক রয়েছেন তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা ও হত্যার নেপথ্য কুশীলবদের চিহ্নিত করে বিচারের দাবি জানান।

ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিতে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, বিএফইউজে’র মহাসচিব শাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে আব্দুল জলিল ভূঁইয়া, ওমর ফারুক, কাজী রফিক, আজিজুল ইসলাম ভূ্ইঁয়া, রফিকুল ইসলাম রতন, সোহেল হায়দার চৌধুরী, মানিক লাল ঘোষ প্রমুখ সভায় বক্তৃতা করেন।

এক রাস্তা তিনবার কাটতে দেওয়া হবে না : তাপস

0

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ডিএসসিসির উন্নয়ন কার্যক্রমের সাথে অন্যান্য সংস্থার কার্যক্রমের পুনরাবৃত্তি এড়াতে ১ অক্টোবরের মধ্যে ঢাকা কেন্দ্রিক সকল উন্নয়ন প্রকল্প সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করতে হবে।

এই সময়ের মধ্যে কোনো সংস্থা সমন্বয়ে না এলে সেই সংস্থাকে তাদের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য পরবর্তী অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে তিনি জানান।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আয়োজিত আধুনিক ও জনকল্যাণমূলক মহানগরী বিনির্মাণে বিভিন্ন সীমাবদ্ধতা চিহ্নিত করে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভায় বক্তৃতাকালে সিটি মেয়র এসব কথা বলেন।

সমন্বয়ের পর সেবা সংস্থাগুলো নিজেদের প্রকল্প বাস্তবায়ন করতে পারবে জানিয়ে তাপস বলেন, অবশ্যই আপনারা আপনাদের প্রকল্প বাস্তবায়ন করতে পারবেন। কিন্তু এক জায়গায় তিনবার রাস্তা কাটতে পারবেন না। সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে এক জায়গা একবারই কাটতে পারবেন। কিন্তু পয়লা অক্টোবরের মধ্যে সমন্বয়ে না এসে আপনাদের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করার জন্য পরবর্তীতে আপনারা কোনো তদবির করবেন না। আমি কোনো তদবির শুনবো না। আপনাদের প্রকল্পের ফান্ডিং বিশ্বব্যাংকের হোক, এডিবির হোক, জিওবির হোক বা অন্য কোনো সংস্থার হোক, সমন্বয় ছাড়া সে প্রকল্প বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

তিনি বলেন, ড্রেনেজ ওয়াটার মাস্টারপ্ল্যান তো হয়েছে, ২০১৬ সালে সেই প্লান করার পর তা বাস্তবায়নের কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে? ট্রান্সপোর্ট স্ট্র্যাটেজিক প্লান তো হয়েছে কিন্তু সেটা বাস্তবায়নে বিআরটিএ কি উদ্যোগ গ্রহণ করেছে? অথবা যে কোঅর্ডিনেশন অথরিটি করা হয়েছে তারা কি উদ্যোগ গ্রহণ করেছে?

এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো তাজুল ইসলাম এমপির প্রতি পপুলেশন প্ল্যানিং করার আহ্বান জানিয়ে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, শুধু ঢাকা নয়, ঢাকার পার্শ্ববর্তী গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ শহরেও পর্যাপ্ত নাগরিক সুবিধা সম্বলিত নগরায়ন সৃষ্টি করা গেলে ঢাকার উপর চাপ কমবে।

ডিএসসিসি মেয়র বলেন, ঢাকা হলো রাজধানী। ঢাকাকে আপনারা বস্তি বানাবেন না, ঢাকাকে রাজধানী (ক্যাপিটাল) বানান। আমরা রাজধানীর সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করবো কিন্তু থাকার জন্য ঢাকাকেন্দ্রিক চিন্তা পরিহার করতে হবে। লো-কাস্ট আবাসন ব্যবস্থা গড়ে তোলে তাদেরকে নদীর ওপারে থাকার ব্যবস্থা করতে হবে। তারা ঢাকায় আসবে কাজকর্ম করে আবার ঢাকা থেকে চলে যাবে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, দেশটা একটা ছাতার মতো। এখানে সিটি করপোরেশন আছে, পৌরসভা আছে, রাজউক আছে, পূর্ত মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় আছে। করপোরেশন বলছে খাল এবং ড্রেনেজ ব্যবস্থা তাদের কাছে হস্তান্তর করতে। আমাকে এমনভাবে দিতে হবে যাতে করে সিটি করপোরেশন কাজ করতে পারে। সিটি করপোরেশনের কোথায় কোথায় সাপোর্ট প্রয়োজন, সক্ষমতা কোথায় বাড়াতে হবে? তা দেখতে হবে। সারা পৃথিবীতে করপোরেশন অবশ্য এই কাজ করছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।

সভায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সভাপতি প্রকৌশলী মো. আব্দুস সবুর, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের সভাপতি জালাল আহমেদ, ভলিউম জিরো লিমিটেডের স্থপতি মোহাম্মদ ফয়জুল্লাহ, স্থপতি ইকবাল হাবিব, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির প্রধান নিবার্হী অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক শরীফ জামিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনা বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্সের সভাপতি ড. আকতার মাহমুদ উপস্থিত ছিলেন।

শুধু আইন প্রয়োগ করে ভেজাল প্রতিরোধ সম্ভব নয় : খাদ্যমন্ত্রী

0

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, জনগণের পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিতে হবে। শুধু আইন প্রয়োগ করে ভেজাল প্রতিরোধ করা সম্ভব নয়। এজন্য জনসচেতনতা তৈরি করা প্রয়োজন। এ লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেবার মানসিকতা নিয়ে সকলকে এগিয়ে আসতে হবে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত ‘Monitoring report 2020 of the Bangladesh Second Country Investment plan Nutrition-Sensitive food System’ শীর্ষক সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী।

মন্ত্রী তার মিন্টু রোডস্থ সরকারি বাসভবন থেকে অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম।

ফাও, ইউএসএআইডি এবং খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন এফপিএমইউ’র যৌথ উদ্যোগে আয়োজিত সভায় মন্ত্রী বলেন, আমাদের শাকসবজিসহ দেশজ ফলের উৎপাদন বাড়াতে হবে এবং উৎপাদনের পর বাজারজাত ব্যবস্থা নির্বিঘ্ন করতে হবে। শাক সবজি এবং ফলের ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীরা বেশিরভাগ মুনাফা নিয়ে যায়, ফলে দিন দিন কৃষকেরা এই সেক্টরে আগ্রহ হারিয়ে ফেলছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইউএসএআইডির প্রাইভেট সেক্টর এডভাইজার অনিরুদ্ধ রায়, এমইউসিএইচ’র চিফ টেকনিকাল অ্যাডভাইজার নাওকি মিনামিগুচী, এমইউসিএইচ’র সিনিয়র নিউট্রিশন এডভাইজার লতিফা ভট্টাচার্য, পলিসি স্পেশালিস্ট সুশিল পান্ডে সহ খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

‘রাজনৈতিক উদ্দেশ্যেই বঙ্গবন্ধুকে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়’

0

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, রাষ্ট্রক্ষমতা থেকে সরানোর জন্য নয়, বরং মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ধ্বংস করার জন্য রাজনৈতিক উদ্দেশ্যে ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর রমনাস্থ মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত ‘বঙ্গবন্ধুর স্বপ্ন : আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার জন্য বারবার ষড়যন্ত্র করা হয়। ১৯৬৯ সালের ২০ ডিসেম্বর বঙ্গবন্ধু জানতে পারেন, তাঁকে হত্যার জন্য পাকিস্তান থেকে আততায়ী পাঠানো হয়েছে। ১৯৬৯ সালে আগরতলা ষড়যন্ত্র মামলার মাধ্যমে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাঁকে হত্যার পরিকল্পনা হয়েছিল। ১৯৭০ সালের নির্বাচনী ক্যাম্পে তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছিল। ১৯৭২ সালের ১৩ জুলাই মেজর ফারুক ও ১৯৭৩ সালের ১১ জুলাই কর্নেল রশিদ বঙ্গবন্ধুকে হত্যার উদ্দেশ্যে মার্কিন দূতাবাসের মাধ্যমে অস্ত্র কিনতে চেয়েছিল। ১৯৭৪ সালের ১৩ মে উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তাদের নির্দেশে কর্নেল ফারুক শেখ মুজিব সরকারকে উৎখাতের জন্য আমেরিকার সাহায্য চেয়েছিল। ১৯৭৫ সালের ২০ মার্চ আর্মড রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড ফারুক রহমান জিয়াউর রহমানকে অভ্যুত্থানে নেতৃত্ব দিতে বলেছিল। জিয়াউর রহমান তাতে রাজি না হলেও ষড়যন্ত্র প্রতিহত করেননি। এরই ধারাবাহিকতায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াবহ অভ্যুত্থান ঘটিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়।

তিনি বলেন, জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধু হত্যাকে বৈধতা দিতে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পার্লামেন্টে আইন পাস করেছিলেন। পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর খুনিদের খালেদা জিয়া সরকার ১২টি রাষ্ট্রের হাইকমিশনে প্রতিষ্ঠিত করেছিলেন।

তিনি আরো বলেন, ইতিহাসের স্বপ্নভঙ্গ হতো যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে না আসতেন। ১৯৮১ সালে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে না এলে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ আর প্রতিষ্ঠিত হতো না। ইতিহাসের স্বপ্নভঙ্গের আশঙ্কা থেকে রক্ষা করেছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

শ ম রেজাউল করিম আরো বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু অবিচ্ছেদ্য। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সুখী, সমৃদ্ধ, আধুনিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ। তিনি সূচনা করে দিয়েছিলেন। আর সেটা বাস্তবায়ন করছেন তার রক্তের এবং আদর্শের উত্তরসূরি শেখ হাসিনা। তিনি গোটা জাতিকে বুকে ধারণ করেন। বর্তমানে বিশ্ব নেতৃত্ব বলছেন আধুনিক বাংলাদেশ আর শেখ হাসিনা অবিচ্ছেদ্য অধ্যায়। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য, ত্রিশ লাখ শহীদের স্বপ্ন বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধুকন্যা আমাদের মাঝে আছেন।

মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদের সভাপতিত্বে আলোচনাসভায় স্বাগত বক্তব্য প্রদান করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুবোল বোস মনি। আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান কাজী হাসান আহমেদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস্ আফরোজ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাথু রাম সরকার, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক মো. শেফাউল করিম, মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম-এর অধ্যক্ষ মাসুক হাসান আহমেদ, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রার ডা. মো. ইমরান হোসেন খান প্রমুখ।

আলোচনা সভার পূর্বে মৎস্য অধিদপ্তরে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ সচিবসহ অন্যান্যরা। আলোচনার সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয় এবং সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রবীণ আইনজীবী আনিসুর রহমানের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

0

প্রবীণ আইনজীবী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট আনিসুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।

আইনমন্ত্রী আজ বৃহস্পতিবার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অ্যাডভোকেট আনিসুর রহমান গতকাল বুধবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহে ইন্তেকাল করেন।

আজ বাদ জোহর ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাঁকে নগরীর গুলকিবাড়ি কবরস্থানে দাফন করা হয়। এর আগে সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহ পুরাতন জজ কোর্ট প্রাঙ্গণে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

মরহুম আনিসুর রহমান ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির দুবারের সাধারণ সম্পাদক ও তিনবারের সভাপতি ছিলেন। বাংলাদেশ বার কাউন্সিল এর সদস্যও নির্বাচিত হয়েছিলেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৫ পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

করোনায় আরো ৪৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬১৭

0

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৫৫৭ জনের। এ ছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৬১৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৬৯ হাজার ১১৫ জনে।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞতিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৯২টি নমুনা সংগ্রহ করা হয় এবং আগের কিছু মিলিয়ে ১৩ হাজার ১৬২টি নমুনা পরীক্ষা করা হয়। ফলে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ১৫ হাজার ৯০১ জনে। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরো দুই হাজার ৬১৭ জনের মধ্যে। এতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল দুই লাখ ৬৯ হাজার ১১৫ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৪৪ জন। তাদের মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী ১৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৫৫৭ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরো এক হাজার ৭৮২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৪ হাজার ৮৭১ জনে।

মৃত্যুহার কমে আসায় করোনা ব্রিফিং বন্ধ হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা সংক্রমণ ও মৃত্যুহার কমে আসায় সরাসরি ব্রিফিং না করে, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ সংক্রান্ত এক সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী মাসেই বেশ কয়েকটি সরকারি হাসপাতাল করোনার জন্য চিহ্নিত করে বাকী হাসপাতাল অন্যান্য রোগের চিকিৎসার জন্য নির্ধারণ করা হবে। ক্যান্সারের চিকিৎসায় প্রতিটি বিভাগে ৩শ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। সেখানে ক্যান্সার কিডনি ও হৃদরোগেরও চিকিৎসা হবে।

জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী কিছুদিন আগে একনেকে আড়াই হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন। এসব হাসপাতালে ক্যানসার, কিডনি ও কার্ডিয়াক রোগীর চিকিৎসা দেওয়া হবে।

তিনি বলেন, দেশে প্রতিবছর দেড় লাখ লোক ক্যানসারে আক্রান্ত হন। মারা যান প্রায় এক লাখ লোক। আমাদের ক্যানসার চিকিৎসায় কেবল ক্যানসার ইনস্টিটিউট রয়েছে ৫০০ বেডের। ক্যানসারের আর হাসপাতাল নেই। দেশে কিডনি রোগীও অনেক, প্রতি বছর ৫০ হাজার মানুষ কিডনি রোগে মারা যায়। কিডনি রোগীদের ডায়ালাইসিস লাগে। কিডনি রোগের কারণে বেশি মানুষ মারা যায়। এই হাসপাতাল বিদেশে যাওয়া আর লাগবে না। এ ছাড়া আমাদের দেশে কার্ডিয়াক রোগী অনেক বেশি।

সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চিকিৎসার জন্য আর বিদেশমুখী হতে হবে না : স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ২০২২ সালের মধ্যেই দেশের ৮ বিভাগে ৮টি ১৫ তলা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হবে। এসব হাসপাতালে ক্যান্সার রোগের পাশাপাশি কিডনি ও হার্টের চিকিৎসারও পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। ক্যান্সার, কিডনি ও হার্টের চিকিৎসার জন্য প্রতিটি বিভাগে অন্তত ৩০০টি করে শয্যা সংখ্যা রাখা হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ৮টি বিভাগীয় পর্যায়ে ক্যান্সার হাসপাতাল স্থাপন শীর্ষক প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার জন্য অনুষ্ঠিতব্য সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, হাসপাতালের শয্যাগুলোতে আধুনিকায়ন করার পাশাপাশি ওয়েটিং রুম, চিকিৎসকদের বিশ্রামাগার, অ্যাটেন্ডেন্টসদের জন্য আধুনিক ও উন্নত ব্যবস্থা রাখা হবে। হাসপাতালগুলো নির্মাণের পর দেশের মানুষকে চিকিৎসার জন্য আর বিদেশমুখী হতে হবে না।

স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন/হাসপাতাল), স্বাস্থ্যসেবা বিভাগের পরিকল্পনা অনুবিভাগের বিভাগীয় প্রধান, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ভারতের সঙ্গে সম্পর্ক কখনও দুর্বল হবে না : নৌ প্রতিমন্ত্রী

0

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ভারতের সঙ্গে আমাদের যে সংস্কৃতির বন্ধন, এটা পৃথিবীর অন্যকোনো দেশের সঙ্গে নেই। কাজেই এই সম্পর্ক কখনো দুর্বল হওয়ার নয়। এ নিয়ে নতুন করে কথা বলার কিছু নেই।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাসের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

খালিদ মাহমুদ বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সুস্থ ও সবল আছে। কারণ আমরা সবসময় যেটা বলি-আমাদের মুক্তিযুদ্ধে যে সম্পর্কটা তৈরি হয়েছিল সেটা রক্তের সম্পর্ক। ভারতীয়রা আমাদের মুক্তিযুদ্ধে জয়লাভের জন্য রক্ত ও অস্ত্র দিয়েছে। তাদের সঙ্গে আমাদের যে সংস্কৃতির বন্ধন, এটা পৃথিবীর অন্য কোনো দেশের সঙ্গে নেই। কাজেই এই সম্পর্ক কখনো দুর্বল হওয়ার নয়।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের নৌ মন্ত্রণালয়ের সঙ্গে ভারতের কিছু এনগেইজমেন্ট আছে, এগুলো নিয়ে আমরা কাজ করছি। এর অনেকগুলো চূড়ান্ত পর্যায়ে, সমাপ্ত পর্যায়ে আছে। আমরা চাই, আমাদের যে কানেকটিভিটি সেটা বাড়াতে। নৌপথ এর অন্যতম মাধ্যম হতে পারে। সে ব্যাপারে আমরা কথা বলেছি বলে জানান তিনি।

করোনায় আক্রান্ত রাম মন্দির ট্রাস্ট প্রধান, ভূমিপূজায় এক মঞ্চে ছিলেন মোদি

0

করোনায় আক্রান্ত ভারতের রাম মন্দির ট্রাস্টের প্রধান নিত্যগোপাল দাশ। আগস্টের ৫ তারিখ রাম মন্দিরের ভূমিপূজায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক মঞ্চে ছিলেন তিনি। কাজেই, মোদি করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকার আশঙ্কা প্রকাশ করছেন অনেকে।

সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানায়, মহন্ত নিত্যগোপাল দাশের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে তার স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মথুরার জেলা শাসক ও মেদান্ত হাসপাতালের চিকিৎসক ত্রেহানের সঙ্গে কথা বলে রাম মন্দির ট্রাস্টের প্রধানের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন যোগী।

উল্লেখ্য, ভূমিপূজার আগেই করোনায় আক্রান্ত হয়ে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে ছিলেন তিনি। এবার নিত্যগোপাল দাশের সঙ্গে অযোধ্যায় এক মঞ্চে বসার পর প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি প্রধানমন্ত্রীর দপ্তর।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির জন্য বহু মানুষকেই আমন্ত্রণ জানানো যায়নি রাম জন্মভূমি ট্রাস্টের তরফ থেকে। বরং বাড়িতে বসে টিভিতেই দেখেছেন। সেদিনের লাইভ অনুষ্ঠান কত মানুষ দেখেছেন তার পরিসংখ্যান দিয়েছে প্রসার ভারতী। এর সিইও শশীশেখর ভেমপতি জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বাড়তে থাকে লাইভ দর্শকের সংখ্যা। পৌনে ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত ভূমিপূজা লাইভ সম্প্রচারিত হয় দেশের ২০০টিরও বেশি টিভি চ্যানেলে। অনুমান করা হচ্ছে, ১৬ কোটিরও বেশি দর্শক সেদিন অযোধ্যার রাম মন্দিরের ভূমিপূজার অনুষ্ঠান লাইভ দেখেছেন।

সূত্র: সংবাদ প্রতিদিন