Home Blog Page 2752

ফেঁসে যাচ্ছেন মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট

0

শাস্তি এড়াতে স্পেনে পালিয়ে গিয়েছিলেন মেক্সিকোর তেল কেম্পানি পেমেক্স-এর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এমিলি লসোভা ৷ তবে গত জুলাই মাসে সে দেশ থেকে তাকে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হয়।

গত মঙ্গলবার মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে জানানো হয়, সাবেক প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতোর বিরুদ্ধে তদন্ত করতে হচ্ছে তাদের৷

কারণ হিসেবে বলা বলা হয়, এমিলি লসোভো স্বীকারোক্তি দিয়েছেন- ২০১২ সালের নির্বাচনী প্রচার-ব্যয়ের বড় অংশ ব্রাজিলের নির্মাণ প্রতিষ্ঠান ওডেব্রেশটের কাছ থেকে ঘুষ হিসেবে পেয়েছিলেন এনরিকে পেনা নিয়েতো৷

এক ভিডিও বার্তায় মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল আলেসান্দ্রো গার্ৎস মানেরো জানান, পেমেক্স-এর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তার দাবি, সাবেক প্রেসিডেন্ট নিয়েতো এবং তার অর্থসচিবের নির্দেশেই ওডেব্রেশটের কাছ থেকে ৪০ লাখ ডলারেরও বেশি অর্থ নিয়েছিলেন তিনি৷ পুরো টাকা নিয়তোর নির্বাচনী প্রচারে ব্যয় করা হয়েছিল।

অ্যাটর্নি জেনারেল আরো বলেন, কয়েক দফায় এক কোটি পেসোর চেয়েও বেশি অর্থের ঘুষ লেনদেন হয়েছে তখন৷ সেই টাকা রিপাবলিক দলের প্রেসিডেন্ট প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ব্যয় করা হয়েছে৷

এনরিকে পেনা নিয়েতো এবং তার সচিবের বিরুদ্ধে এখনো অভিযোগ গঠন করা হয়নি৷ এদিকে ২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মেক্সিকোর প্রেসিডেন্ট ছিলেন এনরিকে পেনা নিয়েতো৷

সূত্র : এপি, রয়টার্স

বাইডেন-কামালার যৌথ আক্রমণ, প্রতিক্রিয়া জানালেন ট্রাম্প

0

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কামালা হ্যারিস বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন অযোগ্য নেতা হিসেবে উল্লেখ করে বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রকে বিভক্ত করে রেখেছেন।

নির্বাচনী প্রচারণার প্রথম অনুষ্ঠানটি যৌথভাবে করেছেন জো বাইডেন ও কামালা হ্যারিস। এর আগে বাইডেন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালা হ্যারিসের নাম প্রকাশ করেন।

ডোনাল্ড ট্রাম্প তাদের বক্তব্যের জবাবে বলেন, হ্যারিস তার নিজের নির্বাচনী লড়াইয়ে নুড়ি পাথরের মতো নীচে গড়িয়ে পড়বে।

এদিকে চলতি বছরের নভেম্বরে নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের মুখোমুখি হবেন ডেমোক্রেটিক জো বাইডেন।

উইলমিংটনে বুধবারের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানটি জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল না। করোনাভাইরাস প্রতিরোধের প্রয়োজনীয়তা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ৭৭ বছর বয়সী বাইডেন।

জো বাইডেন ও কামালা হ্যারিস মুখে মাস্ক পরে মঞ্চে উপস্থিত হন। সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরা একদল সাংবাদিকদের মুখোমুখি হন তারা।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দু’জন প্রার্থীকে এক ঝলক দেখতে প্রচারণা অনুষ্ঠান শুরুর আগে হালকা বৃষ্টিতে প্রায় ৭৫ জন লোক বাইরে জমায়েত হয়েছিল, যদিও এই ভিড়ে থাকা কয়েকজন বাইডেনের সমালোচক ছিলেন।

বক্তব্যের সময় জো বাইডেন বলেন, ক্যালিফোর্নিয়ার সিনেটর হ্যারিস হলেন প্রথম কোনো কালো বর্ণের নারী, যিনি যুক্তরাষ্ট্রের প্রধান একটি দলের হয়ে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

জো বাইডেন বলেন, আমরা এই নভেম্বরে যাকে বেছে নেব, সেই নির্ধারণ করবে আমেরিকার অনেক দীর্ঘ সময়ের ভবিষ্যৎ। ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে এসব বক্তব্যের জবাব দিতে শুরু করেছেন। কামালাকে জঘন্য বলে সম্বোধন করেছেন এবং কামালা তার নিয়োগকারীর দৃষ্টিতে কেমন, সেটা নিয়ে বাজে মন্তব্য করেছেন।

তিনি আরো বলেন, এটি অবাক হওয়ার কিছু নয়। কারণ যুক্তরাষ্ট্রের ইতিহাসে যে কোনো প্রেসিডেন্টের চেয়ে ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে ভালো ঘ্যানঘ্যান করেন।

তিনি আরো বলেন, একজন নারী অথবা কোনো একটি বোর্ড জুড়ে থাকা শক্তিশালী নারীদের নিয়ে যে ডোনাল্ড ট্রাম্পের সমস্যা আছে, এতে কি কেউ অবাক হয়েছেন?

কামালা হ্যারিস মঞ্চে গিয়ে বলেন, আমি কাজ করতে প্রস্তুত আছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে কী হবে, সেটা নির্ধারণ হতে যাচ্ছে। আমাদের অর্থনীতি, আমাদের স্বাস্থ্য, আমাদের শিশুরা, আমরা যে ধরনের দেশে বাস করছি তার সবকিছুই এর সঙ্গে যুক্ত।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র সুযোগ্য নেতৃত্বের জন্য হাহাকার করছে, অথচ আমাদের এমন একজন প্রেসিডেন্ট ক্ষমতায় আছেন তিনি শুধু নিজের চিন্তায় আছেন। যারা তাকে নির্বাচিত করেছে তাদের দিকে খেয়াল নেই। বারাক ওবামা এবং জো বাইডেনের কাছ থেকে ইতিহাসের দীর্ঘতম অর্থনৈতিক প্রসার উত্তরাধিকার সূত্রে পেয়েছেন ট্রাম্প। এরপর তিনি (ট্রাম্প) উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্ত কিছু সরাসরি মাটিতে ছুঁড়ে নষ্ট করেছেন।

হ্যারিস আরো বলেন, এমনটাই হয়, আমরা যখন এমন একজন ব্যক্তিকে বেছে নিই, যিনি এই কাজের জন্য উপযুক্ত নন- আমাদের দেশকে বিভক্ত করে রাখা হয়েছে। বিশ্বজুড়ে আমাদের খ্যাতিও বিনষ্ট হয়েছে।

ট্রাম্পের প্রতিক্রিয়া

বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, কামালা হ্যারিস যখন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট মনোনয়ন লাভ করতে ব্যর্থ হন তখন বাইডেনকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন।

তিনি আরো বলেন, আমি দেখেছি তার জরিপের সংখ্যাগুলো বুম, বুম, বুম, করে নামতে নামতে প্রায় শূন্যে পৌঁছে যায় এবং তিনি রাগে পাগল হয়ে যান। তিনি (কামালা) বাইডেনের সম্পর্কে ভয়ঙ্কর সব কথা বলেছেন। এমনকি একজন নারী যখন বাইডেনের বিরুদ্ধে অভিযোগ তোলেন তখন তার কথাও হ্যারিস বিশ্বাস করেছিলেন বলে আমার ধারণা।

তিনি আরো বলেন, এখন সেই তিনিই বাইডেনের রানিং মেট হয়ে গেলেন। আবার বাইডেন সম্পর্কে ভালো ভালো কথাও বলছেন।

প্রসঙ্গত, জো বাইডেনের বিরুদ্ধে এর আগে কয়েকজন নারী অযাচিত ব্যবহার, স্পর্শ এবং চুম্বন করার অভিযোগ তুলেছেন।

হ্যারিস এসব অভিযোগের বিষয়ে ২০১২ সালের এপ্রিলে সাংবাদিকদের বলেছিলেন, আমি ওই নারীদের বিশ্বাস করি। বাইডেন সেই সময়ে স্বীকার করেছিলেন যে, তাকে অবশ্যই ব্যক্তিগত বিষয়ের প্রতি সম্মান জানাতে হবে।

বাইডেনের বিরুদ্ধে এ বছর আরো গুরুতর অভিযোগ তুলেছেন সাবেক এক সেনেটের সহযোগী। ১৯৯৩ সালে কংগ্রেসের হলে বাইডেন তাকে যৌন নির্যাতন করেছিলেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগ অস্বীকার করেন বাইডেন।

ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদ থেকে বাদ পড়ে যাওয়া হ্যারিস বলেছেন, রিডের ‘নিজের গল্প বলার অধিকার আছে’।

এদিকে ট্রাম্পের বিরুদ্ধেও বেশ কয়েকজন নারীকে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। যার সবগুলেঅ তিনি অস্বীকার করেছেন।বাইডেন-হ্যারিসের এই প্রচারণা অনুষ্ঠানের কিছুক্ষণ আগেই, ট্রাম্প এই লকডাউনের মধ্যে বাইডেনকে বাড়িতে থাকতে বলেছেন।

হোয়াইট হাউসের ইভেন্টে প্রেসিডেন্ট একদল শিক্ষককে জিজ্ঞাসা করেন, ঘরে বসে বিচ্ছিন্নভাবে শিক্ষার্থীরা পড়াশোনা করা স্বাস্থ্যকর কি না।

এ ব্যাপারে ট্রাম্প বলেন, তাহলে আপনি যদি প্রেসিডেন্ট প্রার্থী হন এবং আপনি একটি বেসমেন্টে বসে থাকেন এবং আপনি একটি কম্পিউটারের দিকে তাকিয়ে থাকেন, এটি কি ভালো বিষয় নয়?

তারপরে তিনি বাইডেন হ্যারিসের প্রচারণাতে কটাক্ষ করে টুইট করেন, তারা কোরি বুকার, যিনি কিনা একজন কৃষ্ণাঙ্গ, তাকে শহরতলিতে স্বল্প আয়ের আবাসনের দায়িত্বে রাখবেন। এই টুইটকে বর্ণবাদী বলে আখ্যা দিয়েছেন সমালোচকরা।

সূত্র : বিবিসি বাংলা

‘বেলুন সন্ত্রাসের’ অভিযোগে গাজায় হামলা চালাল ইসরায়েল

0

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় হামাসের অবস্থান লক্ষ করে বুধবার রাতে হামলা চালানো হয়েছে। গাজা থেকে ইসরায়েলের দিকে বেলুনে করে বিস্ফোরক পাঠানোর জেরে এ হামলা চালানো হয়েছে বলেও দাবি করা হয়।

ইসরায়েলের দাবি, বুধবার বিস্ফোরক ভর্তি বেলুন গাজা থেকে ইসরায়েলের উদ্দেশে ওড়ানো হয়। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বহু জমির ফসল পুড়ে গেছে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

ইসরায়েলের দাবি, বেলুন দিয়ে ক্ষতি করার জবাবে বুধবার রাতে গাজায় হামাসের ঘাঁটি লক্ষ করে হামলা চালায় ইসরায়েলের সেনাবাহিনী। হামাসের ঘাঁটি, মাটির নিচের গুপ্ত দপ্তর এবং অবজারভেটরি টাওয়ার ধ্বংস করা হয়েছে। ইসরায়েল যে আক্রমণ করেছে, তা স্বীকার করে নিয়েছে হামাস।

ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, বেলুন সন্ত্রাস শুরু করেছে হামাস। এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে তারা। এর জবাবে বুধবার রাতে হামলা চালানো হয়েছে গাজায়। তবে সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়নি।

সূত্র : আল-জাজিরা

স্বাস্থ্যের সাবেক ডিজিকে আজও জিজ্ঞাসাবাদ চলছে দুদকে

0

করোনাভাইরাস সংক্রমণের সময় মাস্ক-পিপিইসহ নানা অনিয়ম-দুর্নীতির ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদকে আজও জিজ্ঞাসাবাদ করছে দুদক।

দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্লাহর নেতৃত্বে অনুসন্ধানকারী দলের সদস্যরা আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন।

নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতির অভিযোগ ছাড়াও প্রতারক সাহেদের রিজেন্ট হাসপাতালের সঙ্গে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ ও চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির প্রসঙ্গেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

এর আগে গতকাল বুধবার (১২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদক পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল সকাল ১০টা থেকে প্রায় ছয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ডা. আবুল কালাম আজাদকে।

ওইদিন একই অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. মো. আমিনুল হাসান, উপপরিচালক মো. ইউনুস আলী, ডা. মো. শফিউর রহমান ও গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলামকে।

গত ২১ জুলাই বিতর্ক আর সমালোচনার মুখে পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে জনপ্রশাসন সচিবের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি।

অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক অবসরে যাওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর তাঁর মেয়াদ শেষ হয়ে গেলে তাঁকে আরো দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিজে উদ্যোগী হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ নিয়োগ দেন। কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার পরই তাঁর বিরুদ্ধে চরম দায়িত্ব ও কর্তব্যে অবহেলা শৈথিল্য, পক্ষপাত এবং নানা রকম দুর্নীতির অভিযোগ ওঠে। এসব অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য গত ৬ আগস্ট দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো একটি চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদকে তলব করা হয়।

সাবরিনা-আরিফুলসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২০ আগস্ট

0

করোনার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে প্রতারণার মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও সিইও আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২০ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়।

এ মামলায় অভিযুক্ত অন্য আসামিরা হলেন আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।

এর আগে বুধবার (৫ আগস্ট) দুপুরের পর ঢাকা মহানগর হাকিম আদালতে চার্জশিটটি দাখিল করা হয়। এতে সাবরিনা ও আরিফকে মূল হোতা বলে উল্লেখ করা হয়। বাকিরা প্রতারণা ও জালিয়াতি করতে তাদের সহযোগিতা করেছেন।

গত ২৩ জুন সাবরিনার স্বামী আরিফ চৌধুরীসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরেরদিন ২৪ জুন আরিফ চৌধুরী ও সহযোগী সাঈদ চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আদালত। তাদের জিজ্ঞাসাবাদেও বেরিয়ে আসে অনেক চাঞ্চল্যকর তথ্য। এর পর ১৫ জুলাই আরিফুলের ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ১৬ জুলাই রিমান্ডে মুখোমুখি হন আরিফ-সাবরিনা।

এর আগে গত ১২ জুলাই দুপুরে সাবরিনাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয় সাবরিনাকে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে করোনা সন্দেহে নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে তেজগাঁও থানায় করা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। ১৩ জুলাই তাকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়। ১৭ জুলাই আরো দুদিনের রিমান্ডে নেয় ডিবি। রিমান্ড শেষে ২০ জুলাই আদালত তাকে কারাগারে পাঠান।

বাংলাদেশকে ৩২০ কোটি মার্কিন ডলারের সর্ববৃহৎ ঋণ সহায়তা দিচ্ছে জাপান

0

বাংলাদেশকে এ যাবতকালের সবচেয়ে বড় উন্নয়ন সহায়তা দিচ্ছে জাপান। বাংলাদেশ ও জাপানের মধ্যে ৩২০ কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১৯৭৪ সালের পর ৪৬ বছরের মধ্যে এটাই সর্ববৃহৎ উন্নয়ন সহায়তা।

গতকাল বুধবার (১২ আগস্ট) ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন জাপানের সাথে বাংলাদেশের ৪১তম অফিশিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্স (ওডিএ) চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশেকে মধ্যম আয়ের দেশে পরিণত করা ও করোনাভাইরাস মহামারি মোকবেলায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে এই ঋণ সহায়তা দিচ্ছে জাপান। এই ঋণ সহায়তায় সুদ হবে ০.৬৫%। ঋণ পরিশোধের সময়সীমা ২০ বছর ও রেয়াতকাল (গ্রেস পিরিয়ড) থাকছে ১০ বছর।

ঢাকার জাপান দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক দাতা হিসেবে ২০১২ সাল থেকে পাশে রয়েছে জাপান। তাদের দেওয়া মোট ২২ বিলিয়ন মার্কিন ডলার ঋণ (প্রতিশ্রুতির ভিত্তিতে) বাংলাদেশে এসেছে। একবিংশ শতাব্দীর এই দশকে এশিয়ার সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনের পথে এগিয়ে যাওয়া বাংলাদেশের উন্নয়ন ধারাবাহিক রাখতে তাদের সমর্থন অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, চলতি বছরেই বাংলাদেশের ৭টি মেগা প্রকল্পে ঋণ সহায়তা হিসেবে ৩২০ কোটি মার্কিন ডলার দিচ্ছে জাপান। এই ৭ মেগা প্রকল্পগুলো হলো- যমুনা রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্প-২ (ঋণের পরিমাণ ৮৯.০১৬ বিলিয়ন ইয়েন), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বর্ধিতকরণ প্রকল্প-২ (ঋণের পরিমাণ ৮০ বিলিয়ন ইয়েন), ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প-৪ (ঋণের পরিমাণ ৭২.১৯৪ বিলিয়ন ইয়েন), ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প (লাইন ৫) (ঋণের পরিমাণ ৫৫.৬৯৬ বিলিয়ন ইয়েন), চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে প্রকল্প (ঋণের পরিমাণ ১.৯০৬ বিলিয়ন ইয়েন), ফুড ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্প (ঋণের পরিমাণ ১১.২১৮ বিলিয়ন ইয়েন) এবং নগর উন্নয়ন ও শহর সুশাসন প্রকল্প (ঋণের পরিমান ২৮.২১৭ বিলিয়ন ইয়েন)।

আজ থেকে সোনা মিলছে ভরিতে ৩৫০০ টাকা কমে

0

ছয় দিনের ব্যবধানে সোনার দাম ভরিপ্রতি তিন হাজার ৫০০ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ৭৩ হাজার ৭১৫ টাকা হচ্ছে, যা গতকালও ছিল ৭৭ হাজার ২১৫ টাকা। সমপরিমাণ দাম কমানো হয়েছে ২১, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে।

গতকাল বাজুসের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যবসার গতি বাড়াতে আন্তর্জাতিক বাজারে দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জানিয়েছেন। এর আগে গত ৬ আগস্ট সব ধরনের সোনার দাম ভরিতে বাড়ানো হয়েছিল চার হাজার ৪৩২ টাকা।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে ৭০ হাজার ৫৬৬ টাকা, আগে ছিল ৭৪ হাজার ৬৬ টাকা; ১৮ ক্যারেটের ভরি নিতে লাগবে ৬১ হাজার ৩১৮ টাকা, যা আগে ছিল ৬৫ হাজার ৩১৮ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম কমে প্রতি গ্রাম চার হাজার ৪১৫ টাকা করা হয়েছে, যা আগে ছিল চার হাজার ৭১৫ টাকা। সে হিসাবে ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম দাঁড়ায় ৫১ হাজার ৪৯৫ টাকা, যা আগে ছিল ৫৪ হাজার ৯৯৫ টাকা। তবে রুপার দাম প্রতি ভরি ৯৩৩ টাকা অপরিবর্তিত থাকবে।

দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আন্তর্জাতিক স্বর্ণ বাজারে নজিরবিহীন উত্থান-পতন সত্ত্বেও ভোক্তাসাধারণের কথা চিন্তা করে বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে বাংলাদেশের বাজারে সোনা ও রুপার অলংকারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

রাশিয়ার করোনা টিকা ‘স্পুটনিক-৫’ নিতে আগ্রহী ভারত

0

বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনাভাইরাস ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রাশিয়া। দেশটি কভিড-১৯ রোগের এই টিকার নাম রেখেছে ‘স্পুটনিক-৫’। পূর্ণ মাত্রায় ভ্যাকসিনের উৎপাদন শুরু হবে সেপ্টেম্বরে৷ এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণে ভ্যাকসিনের চাহিদা পেয়েছে রাশিয়া। সেই তালিকায় নাম লিখিয়েছে ভারতও।

রাশিয়ায় তৈরি করোনা ভ্যাকসিন নিতে আগ্রহ দেখিয়েছে ভারত, এমনই দাবি রাশিয়ার৷ বিশ্বের মোট ২০টি দেশ তাদের থেকে করোনার টিকা নিতে আবেদন জানিয়েছে৷ যার মধ্যে ভারতও রয়েছে বলে জানিয়েছে রাশিয়া৷

রাশিয়ান ডাইরেক্ট ইনভেসমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান ক্যারিল দিমিত্রিভ জানিয়েছেন, এরই মধ্যেই বিশ্বের ২০টি দেশ রাশিয়ার কাছ থেকে মোট ১০০ কোটি ডোজ ভ্যাকসিনের আবেদন করেছে৷ ভারতও সেই তালিকায় রয়েছে৷’

মাত্র দুই মাসেরও কম সময়ে মানব শরীরে পরীক্ষার পরেই করোনার প্রথম ভ্যাকসিনের ঘোষণা করেন পুতিন৷ তিনি জানান, স্পুটনিক-৫ ভ্যাকসিন সব প্রয়োজনীয় পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে৷ যদিও ভ্যাকসিনটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা৷

তবে মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়ে দিয়েছেন, রুশ স্বাস্থ্যমন্ত্রণালয় এই ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে। অনুমোদিত ভ্যাকসিনটি প্রথম প্রয়োগ করা হয়েছে প্রেসিডেন্ট পুতিনের মেয়ের শরীরেই। যদিও এর ক্লিনিক্যাল ট্রায়েলের তৃতীয় তথা শেষ ধাপ সম্পন্ন করা হয়নি। অনুমোদনের একদিন পর আজ শুরু হয়েছে শেষ ধাপের ট্রায়াল, যা কমপক্ষে ২ হাজার জনের ওপর পরীক্ষা হবে৷ পূর্ণ মাত্রায় ভ্যাকসিনের উৎপাদন সেপ্টেম্বর থেকে শুরু হবে৷

সূত্র : নিউজ ১৮।

কমলা দেবী হ্যারিস- ট্রাম্প বলেন ‘কুৎসিত’, অনেকের চোখে ‘ফিমেল ওবামা’

0

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভারতীয় বংশোদ্ভূত নারী সিনেটর কামালা হ্যারিসকে তার পছন্দ। এই ভারতীয় নারীর নাম আসলে কমলা দেবী হ্যারিস। মার্কিন উচ্চারণে ‘কামালা’ হয়ে গেছেন আর মাঝের দেবী অনুচ্চারিতই থেকে গেছে।

ক্যালিফোর্নিয়ার ইতিহাসে প্রথম কালো নারী হিসেবে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নির্বাচিত হতে চলেছেন। আবার তিনিই প্রথম ভারতীয় আমেরিকান সিনেটর এবং বর্তমানে প্রথম কালো চামড়া এবং এশিয়ান আমেরিকান নারী যিনি ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে একটি মুখ্য রাজনৈতিক দলের টিকিট পেয়েছেন। তার সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য জেনে নেয়া যাক।

কমলা দেবী হ্যারিসের জন্ম ১৯৬৪ সালের ২০ অক্টোবর ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডে। জ্যামাইকার অর্থনীতিবিদ ডোনাল্ড হ্যারিস এবং ভারতের ক্যান্সার গবেষক শ্যামলা গোপালানের দুই সন্তানের মধ্যে বড়জনই কমলা দেবী। তার বাবা-মায়ের দেখা হয় ইউসি বার্কেলে-তে গ্র্যাজুয়েট ডিগ্রি নেয়ার সময়। ক্যাম্পাসে অধিকার আদায়ের কর্মসূচিগুলোতে দুজনই সক্রিয় ছিলেন। মা তার নাম রেখেছিলেন। কমলা শব্দের অর্থ পদ্ম এবং হিন্দুদের দেবী লক্ষ্মীর নামে দ্বিতীয় অংশ রেখেছিলেন। মেয়ের নামের মাধ্যমে নারী অধিকার প্রতিষ্ঠান জানান দিয়েছিলেন মা শ্যামলা। বার্কেলের একটি হলুদ দ্বিতল বাড়িতে দুই মেয়েকে বড় করেন মা। তার ছোট বোনের নাম মায়া।

শিশুকালে কমলা দেবী ব্ল্যাক ব্যাপ্টিস্ট চার্চ এবং হিন্দুদের মন্দিরে যেতেন। তিনি একইসাথে মায়ের দক্ষিণ এশীয় এবং বাবার কালো পরিচয় ধারণ করতেন। পরবর্তিতে হ্যারিস তার অটোবায়োগ্রাফিতে লিখেছিলেন, আমার মা ভালোমতোই জানতেন যে তিনি দুটো কালো চামড়ার মেয়েকে বড় করছেন।

শিশুকালেই ভারতে বেড়াতে এসেছিলেন কমলা। দাদুর ব্যক্তিত্বে প্রভাবিত হয়েছিলেন। তার দাদু উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন যিনি ভারতের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন।

মা কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদানের পর তারা মন্ট্রিয়ালে চলে যান। পাশপাশি জিউইশ জেনারেল হসপিটালে ক্যান্সার গবেষক হিসেবেও কাজ শুরু করেন। সেখানেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেন কমলা। মাত্র ১৩ বছর বয়সে তিনি এবং তার বোন মায়া তার বাড়ির সামনে এক প্রতিবাদ সভায় যোগ দেন। বাড়ির সামনের আঙিনায় শিশুদের খেলাধুলা নিষিদ্ধ করা হলে অন্যদের সাথে এই প্রতিবাদ করেন তারা।

উচ্চমাধ্যমিকের পর হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়, সান ফ্রান্সিসকোর ল স্কুল এবং ১৯৯০ সালে বার পরীক্ষা শেষে অকল্যান্ডে যৌন অপরাধের ওপর কাজ শুরু করেন অ্যাসিস্টেন্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হিসেবে।

১৯৯৪ সাল থেকে কমলা ক্যালিফোর্নিয়ার রাজনীতিতে পাওয়ার হাউজ হিসেবে পরিচিত স্টেট অ্যাসেমব্লির স্পিকার উইলি ব্রাউনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। উইলি তখন বয়সে কমলার চেয়ে ৩০ বছরের বড়। উইলি ক্যালিফোর্নিয়া আনইমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স অ্যাপারেলস বোর্ড এবং মেডিক্যার অ্যাসিস্টেন্স কমিশনে নিয়োগ দেন কমলাকে। এই দুই প্রতিষ্ঠান থেকে বছরে তিনি ৮০ হাজার ডলার আয় করতে থাকেন।

১৯৯৫ সালে উইলি সান ফ্রান্সিসকোর মেয়র নির্বাচিত হন। ঠিক ওই বছরের ডিসেম্বরেই কমলা তার সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটান। কারণ হিসেবে তিনি জানান যে, এই সম্পর্কে আসলে কোনো স্থায়ীত্ব নেই। ২০০৩ সালে উইলি এক সাক্ষাৎকারে এসব কথা বলেন এবং জানান ‘এবং সে (কমলা) পুরোপুরি সঠিক ছিলেন’।

সাবেক এক সহকর্মীর মাধ্যমে তিনি সান ফ্রান্সিসকো ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসে নিয়োগপ্রাপ্ত হন। সেখানে তিনি শহরে কিশোরী পতিতাবৃত্তি ব্যবস্থাকে ভেঙে দেন। সেখানে পতিতাদের অপরাধী হিসেবে না দেখে তাদের যৌন বিক্রেতাদের শিকার হিসেবে বিবেচনায় আনেন।

২০০৪ সালে কমলার একটি সিদ্ধান্ত বেশ সমালোচিত হয়। সান ফ্রান্সিসকোর এক পুলিশ কর্মকর্তার খুনিকে দেয়া মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে অবস্থান নেন তিনি।

২০০৪ সাল থেকেই সিনেট নির্বাচনের দৌড়ঝাঁপের সময় থেকেই বারাক ওবামার সাথে বন্ধুত্ব গড়ে ওঠে তার। ২০১৩ সালে ওবামা তাকে ‘দেশের সবচেয়ে সুশ্রী অ্যাটর্নি জেনারেল’ বলে মন্তব্য করেন।

২০১৪ সালে লস অ্যাঞ্জেলসের এক কর্পোরেট লইয়ার ডোগ এমহফকে বিয়ে করেন ইনি। এমহফের আগের পক্ষের দুই বাচ্চা রয়েছে। বাচ্চাকা নতুন মাকে ‘মোমালা’ বলে ডাকে।

২০১৯ সালে দুটো টেলিভিশন সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসকে ‘কুৎসিত’ বলে মন্তব্য করেন। সিনেট জুডিসিয়ারি কমিটিতে মুয়েলার রিপোর্ট বিষয়ে অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার এর কর্মকাণ্ড নিয়ে কমলা হ্যারিসের প্রশ্নবাণের কারণেই এমন মন্তব্য করেছিলেন ট্রাম্প।

তিনি বেশ পরিশ্রমী রাঁধুনী। নিউ ইয়র্ক টাইমস থেকে রেসিপি দেখে রাঁধেন তিনি। এলিস ওয়াটার্সের দ্য আর্ট অব সিম্পল ফুডের প্রায় সব রেসিপিই তিনি রেঁধে ফেলেছেন। এখানে সেখানে ভ্রমণের জন্যে তিনি কনভার্স চাক টেইলর স্নিকার ব্যবহার করেন। তার প্রিয় বইয়ের মধ্যে রয়েছে রিচার্ড রাইটের ‘ন্যাটিভ সন’, খালেদ হোসেইনির ‘দ্য কাইট রানার’, অ্যামি টানের ‘দ্য জয় লাক ক্লাব’ টনি মোরিসনের ‘সং অব সোলোমন’ এবং সি. এস. লিউইসের ‘দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড ওয়ারড্রোব’।

সাধারণত প্রতিদিন ভোর ৬টায় ওঠেন। আধাঘণ্টা ব্যায়ামের পর কাজ শুরু করেন। রেইজিন বার্নের সাথে আলমন্ড দুধ এবং চায় দিয়ে নাস্তা সেরে কাজে বেরোনোর আগে লেবুর শরবত খেয়ে নেন।

নিজেকে একজন ‘শক্ত’ বস হিসেবে বয়ান করেন। তাকে অনেকেই ‘ফিমেল ওবামা’ বলে ডাকেন। এ বিষয়টা ভালো লাগে না তার।

নভেম্বরের নির্বাচনে তিনি যদি জেতেন তবে আমেরিকার ইতিহাসের প্রথম আফ্রিকান আমেরিকান এবং এশিয়ান আমেরিকান ভাইস প্রেসিডেন্ট হবেন কমলা দেবী হ্যারিস, আমেরিকানদের কাছে যিনি কামালা হ্যারিস নামে পরিচিত।

সূত্র: পলিটিকো

অবশেষে বৈঠকে বসছে ভারত-নেপাল

0

ভারতের দখলে থাকা তিন ভূখণ্ডকে নিজেদের দাবি করে নেপালের নতুন মানচিত্র প্রকাশ ও প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সাম্প্রতিক কিছু পদক্ষেপের কারণে ভারত-নেপাল সম্পর্ক এখন তলানিতে। অতিরিক্ত চীন প্রীতি দেখাতে গিয়ে, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করায় প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির নিজের গদিও টলমল। এমন পরিস্থিতিতে আগামী ১৭ আগস্ট উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছে ভারত-নেপাল।

প্রায় ৯ মাস পর নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে দু-দেশের প্রতিনিধিরা আলোচনার টেবিলে মুখোমুখি হতে চলেছেন। পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করবেন নেপালে ভারতের রাষ্ট্রদূত বিনয় কাবাত্রা। নেপালের পক্ষ থেকে আলোচনায় যোগ দেবেন পররাষ্ট্র সচিব শংকর দাস বৈরাগী।

নেপাল প্রশাসন সূত্রে খবর, নেপালের যে সমস্ত প্রকল্পে ভারত মূলধন বিনিয়োগ করেছে মূলত সেই সমস্ত বিষয়ে বৈঠকে পর্যালোচনা হবে। পাশাপাশি দু-দেশের সম্পর্কে যে চিড় ধরেছে, তার সমাধান সূত্র খোঁজারও চেষ্টা হবে।

দুই পক্ষের সম্মতিতেই আগামী ১৭ আগস্ট আলোচনার জন্য নির্ধারিত হয়। নয়াদিল্লির পক্ষ থেকে ১৭ আগস্টের বৈঠকের বিষয়ে নিশ্চিত করা হয়েছে। আলোচনায় উন্নয়নমূলক প্রকল্প পর্যালোচনার উপর জোর দেওয়া হলেও সীমান্ত প্রসঙ্গ যে উঠবে, তা নেপালের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি বিরোধপূর্ণ ভূখণ্ড কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধাউরাকে নিজেদের দাবি করে নতুন মানচিত্র তৈরি করেছে কেপি শর্মা অলির সরকার। নেপাল সংসদে তা পাসও হয়েছে। সেই বিতর্কিত মানচিত্রটিই জাতিসংঘ ও গুগলের কাছে পাঠানোর পরিকল্পনাও করেছেন নেপালের প্রধানমন্ত্রী। যাতে গুগল সার্চে ওই তিন ভূখণ্ড নেপালের অংশ হিসেবে চিহ্নিত হয়।

সূত্র : ইন্ডিয়া টাইমস।