Home Blog Page 2754

২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাচ্ছে জাতীয় ক্রিকেট দল

0

জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের আনুষ্ঠানিক সময়সূচি জানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি’র পক্ষ থেকে। সূচি অনুযায়ী ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা।
জাতীয় দলের পাশাপাশি একই সময়ে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ হাইপারফরম্যান্স দল।
আজ বুধবার সংবাদমাধ্যমে সফরের সময়সূচি নিশ্চিত করেন বিসিবি’র গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।
এই সফরে তিন ম্যাচের একটি টেস্ট ও তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজটি শুরু হবে আগামী ২৪ অক্টোবর থেকে।
টেস্ট সিরিজ শুরু হতে দেরি হলেও এক মাস আগেই লঙ্কায় পাড়ি জমাবে বাংলাদেশ দল। করোনা ঝুঁকি এড়াতে সেখানে গিয়ে কোয়ারেন্টাইন পালন করবে লাল-সবুজের প্রতিনিধিরা।
এদিকে, শ্রীলঙ্কা সফরের জন্য শিগগিরই ২৪ সদস্যের এইচপি দল ঘোষণা করবে বিসিবি। শ্রীলঙ্কান এইচপি ইউনিটের সঙ্গে সিরিজ রয়েছে তাদের।
তার আগে জাতীয় দলের অনুশীলনে সহায়তা করাই হবে বাংলাদেশ এইচপি খেলোয়াড়দের মূল কাজ। তারা দেশেও ফিরবে জাতীয় দলের সঙ্গে।

পিইসিতে ৫০ নম্বরের এমসিকিউ পরীক্ষার চিন্তাভাবনা : প্রতিমন্ত্রী

0

করোনাভাইরাস মহামারি শেষে সেপ্টেম্বরে স্কুল খুললে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) কেন্দ্রীয়ভাবে সীমিত পরিসরে, এর পরে খুললে স্কুলে স্কুলে ৫০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেয়ার চিন্তাভাবনা করছে সরকার। তবে এক্ষেত্রে অটো পাসের কোনো চিন্তা আপাতত সরকারের নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
আজ বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।
এসময় তিনি বলেন, ‘আমাদের তো পরীক্ষা নেয়ার চিন্তা-ভাবনা আছে। পিইসি পরীক্ষা নিতে হলে পাঠদানের যে সময় আছে, সেই সময় তো আর পাচ্ছি না। আমরা যদি সেপ্টেম্বরের দিকে স্কুল খুলে দিতে পারতাম তাহলে শর্ট সিলেবাসে একটা পরীক্ষা নেয়ার চিন্তা-ভাবনা ছিল। এখন যেহেতু সেপ্টেম্বরে স্কুল খুলতে পারব কিনা আমরা তো বলতে পারছি না।’
অক্টোবর-নভেম্বরের দিকে স্কুল খুললে তখন প্রাথমিক সমাপনী পরীক্ষার বিষয়ে কী সিদ্ধান্ত নেয়া হবে- জানতে চাইলে জাকির হোসেন বলেন, ‘আমরা মূল্যায়নের ভিত্তিতে স্কুলে স্কুলে পরীক্ষা নেয়ার চিন্তা-ভাবনা করছি। তখন হয়তো ৫০ নম্বরের পরীক্ষা হবে। যদি সম্ভব হয় এমসিকিউ আমরা করতে পারি।’
নভেম্বরের মধ্যে যদি স্কুল খোলা না যায় তখন কী হবে- এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘তখন বিকল্প ব্যবস্থা নেয়া হবে। আমাদের অটো পাসের কোনো চিন্তা নেই। তবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মহোদয়ের ওখানে মাধ্যমিকের সচিব ও আমাদের সিনিয়র সচিব কথা বলেছেন। আলোচনা করেছেন যে, এই রকম (অটো পাস) কিছু করা যায় কিনা!’
তিনি বলেন, ‘আমরা আগামী সপ্তাহে আমাদের পরিকল্পনাগুলো, তিনটি পরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে পাঠাব। তিনি যেটা মূল্যায়ন করবেন, আমাদের সিদ্ধান্ত দেবেন- সেটাই আমরা বাস্তবায়ন করব। পরীক্ষা নেয়া হবে না বা হবে, এমন কোনো সিদ্ধান্ত নেই।’
প্রতিমন্ত্রী বলেন, ‘পরীক্ষা আমরা রাখব, পরীক্ষার কোনো বিকল্প নেই।’
অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষা হবে বলেও এসময় জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

স্কুল খুলতে তিন পরিকল্পনা মন্ত্রণালয়ের

0

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন বলেছেন, আগামী সেপ্টেম্বরে স্কুল খুললে সংক্ষিপ্ত সিলেবাসে পিইসি পরীক্ষা হবে। আর যদি অক্টোবর-নভেম্বরে খুলে তবে নিজ নিজ স্কুলে বার্ষিক পরীক্ষা এমসিকিউ ৫০ নম্বরের ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। আর যদি ডিসেম্বরে স্কুল খুল তবে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় অটোপাসের পরিকল্পনা করেছে।

আজ বুধবার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এসব বিষয়ে প্রস্তাব আগামী রবিবার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। এ অবস্থায় সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট শিক্ষা মন্ত্রণালয়ে ৩৯ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দিয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, শিক্ষাবর্ষ প্রায় শেষের দিকে। এ অবস্থায় খুব দ্রুত নিতে হবে সিদ্ধান্ত। সুপারিশগুলোকে শেষ মুহূর্তের যাচাই বাছাই করে শিগগিরই সিদ্ধান্ত জানাবে সরকার।

জেএসসি এবং জেডিসি পরীক্ষার্থীদের ক্ষেত্রেও নিয়ম প্রযোজ্য হবে। আর শিক্ষা প্রতিষ্ঠান খুললেও এইচএসসি পরীক্ষার প্রস্তুতিতে কমপক্ষে ১ মাস সময় নেবে শিক্ষা মন্ত্রণালয়।

সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহতের আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর

0

যে কোনো মূল্যে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের উদ্যোগে ও পিরোজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় আজ বুধবার (১২ আগস্ট) রাজধানীর সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দপ্তর কক্ষ থেকে পিরোজপুরে আয়োজিত আলোচনাসভায় অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান মন্ত্রী।

রেজাউল করিম বলেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদয়িক রাষ্ট্র। ১৯৭১ সালে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকল ধর্মের মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মদানের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যার মধ্য দিয়ে দেশকে আবার সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। ১৯৯৬ সালে রাষ্ট্র ক্ষমতায় এসে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নতুন করে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করেন।’

মন্ত্রী বলেন, ‘স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক শক্তি বিভিন্ন সময়ে মাথাচাড়া দিয়ে উঠে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলেও শেখ হাসিনা সরকার তাদেরকে কঠোর হাতে দমন করেছেন।’ তিনি বলেন, ‘বাংলাদেশে সকল ধর্মাবলম্বীরা সাংবিধানিকভাবে সমঅধিকার ভোগ করছে। সকল সম্প্রদায়ের মানুষকে এ অধিকার ভোগ করতে হবে। সকলে মিলে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্ট্রি সুরঞ্জিত দত্ত লিটুর সভাপতিত্বে আলোচনাসভায় ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের পরিচালক ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রণজিৎ কুমার দাস, উপ-প্রকল্প পরিচালক ডা. সৌরেন্দ্র নাথ সাহা ও কাকলী রাণী মজুমদার, সহকারী প্রকল্প পরিচালক প্রিয়াংকা শিকদার, পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অ্যাডভোকেট চন্ডী চরণ পাল, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক গৌতম নারায়ণ রায় চৌধুরী, পিরোজপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র মণ্ডল, সাধারণ সম্পাদক গোপাল বসু প্রমুখ বক্তব্য দেন।

বুলেটিন সপ্তাহে অন্তত দুদিন প্রচারের জন্য দৃষ্টি আকর্ষণ করছি

0

করোনাভাইরাসের নিয়মিত বুলেটিন সপ্তাহে অন্তত দুদিন প্রচার করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার সকালে সিলেট জোন, বিআরটিএ ও বিআরটিসি’র কর্মকর্তাদের সঙ্গে অনলাইনে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, আমি বুলেটিন সপ্তাহে অন্তত দুদিন প্রচারের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। না হলে সংক্রমণ বিস্তারে জনমানুষের মাঝে শৈথিল্য দেখা দেওয়ার পাশাপাশি গুজবের ডালপালা বিস্তারের আশঙ্কাও থাকে।

এ সময় তিনি আরও বলেন, করোনার সময়ে সরকার জনসমাবেশ বা কোনো ধরনের সমাগম সংক্রমণ রোধের স্বার্থে বন্ধ ঘোষণা করেছে।

মুজিববর্ষে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু কর্নার তৈরির আহবান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

0

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানার সুযোগ করে দিতে চলতি মুজিববর্ষে দেশের উপজেলা অফিসগুলোতে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপনের আহবান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ বুধবার কালের কণ্ঠকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ আহবান জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তিনি বলেন, মুজিববর্ষের পরিকল্পনা অনুযায়ী আমাদের জনপ্রশাসন এবং মাঠ প্রশাসন কাজ করে আসছে। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরা, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতিকে স্বাধীনতার চেতনায় সমৃদ্ধ করা এবং বঙ্গন্ধুর আদর্শকে ধারণ করে বাংলাদেশকে যেন সোনার বাংলায় রূপান্তর করতে ব্যাপক কর্মযজ্ঞের মধ্য দিয়ে জনপ্রশাসন তার অবদান রেখে চলেছে।

সেক্ষেত্রে আমি বলবো, আমাদের উপজেলা অফিসগুলোতে বঙ্গবন্ধু কর্নার তৈরি করতে হবে। যেখান থেকে প্রতিনিয়ত জাতির জনক সম্পর্কে জানবে সবাই। জাতির জনকের আদর্শগুলোকে হৃদয়ে ধারণ করতে উদ্বুদ্ধ করতে হবে। সেখানে বিভিন্ন ঘটনাকে নিয়ে বই, ইতিহাস নিয়ে লেখা বই, বঙ্গবন্ধুর বক্তব্য-ভাষণ, বঙ্গবন্ধুর যে দর্শন ছিল এবং বঙ্গবন্ধুর যেসব ঘটনাবলী ছিল সেগুলোকে তুলে ধরতে বঙ্গবন্ধু কর্নার দরকার।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আপনারা জানেন যে ২০২০ সালকে আমরা মুজিববর্ষ হিসেবে ঘোষণা করি এবং সেই অনুযায়ী আমাদের ব্যাপক পরিকল্পনা ছিল। কিন্তু কভিড-১৯ পরিস্থিতির কারণে আমাদের যেভাবে জাঁকজমকপূর্ণভাবে এই মুজিববর্ষ উদযাপন করার কথা ছিল, সেইভাবে আমরা করতে পারিনি। কারণ এ পরিস্থিতিতে সারা পৃথিবীতেই সরকারগুলোকে ভিন্নভাবে কাজ করতে হয়েছে এবং মানুষের জীবনযাত্রার ধরনেও অনেক পরিবর্তন এসেছে।

তারপরও জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে মুজিববর্ষকে ঘিরে নানা ধরনের পরিকল্পনা ছিল, যে বিষয়টি ছিল ‘জনমুখী জনপ্রশাসন’। আমাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামী লীগের যে রূপকল্প ছিল সেটিই এখন আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের রূপকল্পে পরিণত হয়েছে। এক্ষেত্রে জনমুখী জনপ্রশাসন অর্থাৎ জনপ্রশাসনের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় যাতে আমরা পৌঁছে দিতে পারি তাই আমাদের অঙ্গীকার। মুজিববর্ষে আমাদের জনপ্রশাসনের যে অঙ্গীকার আছে, সরকারের যে রূপকল্পটি আছে সে অনুযায়ী আমরা সমস্ত কর্মগুলো বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষকে যাতে তার প্রত্যাশিত সেবাটি দিতে পারি সেই কাজ করে যাচ্ছি।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, যখন করোনা হানা দিল তখন আমাদের মাঠ প্রশাসন ব্যাপক আন্তরিকতার সঙ্গে ও ঝুঁকি নিয়ে কাজের নেতৃত্ব দিয়েছে। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা মানুষকে সচেতন করেছেন, সাধারণ ছুটির সময় মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্য পৌঁছে দিয়েছেন, জনপ্রতিনিধিদের পাশাপাশি সমন্বিতভাবে এই কাজগুলো করে গেছেন। এর মধ্যে আমরা দুটি ঈদ উদযাপন করেছি। এই ঈদে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল কীভাবে মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় না যেতে উৎসাহিত করা যায় এবং কীভাবে জনসমাগম এড়িয়ে মানুষকে করোনা থেকে মুক্ত রাখা যায়। ডিজিটাল হাট স্থাপনসহ বিভিন্নভাবে জনপ্রশাসনের অধীনস্থ সংস্থাগুলোর মাঠ পর্যায়ের কর্মীরা সফলভাবে তাদের দায়িত্ব পালন করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা শেখ হাসিনা সরকারের নেতৃত্বে বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই এগোচ্ছি। আজকে আমাদের যে জীবনমান, আজকে বাংলাদেশ যে সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, সারা বিশ্বে বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে। এ সরকারের সব সেবাগুলো, সুফলগুলো জনগণ ভোগ করছে। বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। আজকে ডিজিটাল বাংলাদেশ, বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ একটি বাংলাদেশ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি বাংলাদেশ, কৃষিতে সমৃদ্ধ একটি বাংলাদেশ, অবকাঠামোয় উন্নয়ন, নদী খনন, গ্রামীণ রাস্তা অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক যে কার্যক্রম চলছে তারই মধ্য দিয়ে এই দেশটি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশে পরিণত হতে চলেছে।

১৬ আগস্ট কুয়ালালামপুর ফ্লাইট শুরু করছে ইউএস-বাংলা

0

পাঁচ মাস পর আগামী ১৬ আগস্ট কুয়ালালামপুরে নিয়মিত ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আজ বুধবার (১২ আগস্ট) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি আপাতত সপ্তাহে দুই দিন এই রুটে ফ্লাইট পরিচালনা করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বলা হয়েছে, করোনা পরিস্থিতি কিছুটা কাটিয়ে ওঠায় বিভিন্ন দেশে ধীরে ধীরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ঢাকা থেকে কুয়ালালামপুর রুটে ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের সব ধরনের স্বাস্থ্যবিধি ও ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা পালন করে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন ঢাকা থেকে কুয়ালালামপুরে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। প্রতি বৃহস্পতি ও রবিবার সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশে ছেড়ে যাবে।

কুয়ালালামপুর থেকে একইদিন স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।

এ ব্যাপারে যেকোনো তথ্যের জন্য নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস কাউন্টারে যোগাযোগের জন্য অনুরোধ করেছে সংস্থাটি।

সিনহা হত্যায় চার পুলিশ ও তিন সাক্ষী ৭ দিনের রিমান্ডে

0

সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি চার পুলিশসহ সাতজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় কক্সবাজারের টেকনাফ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালত-৩ এ তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

রিমান্ড পাওয়া অপর তিনজন হলেন সিনহা হত্যা মামলায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষী টেকনাফের বাহারছড়ার মারিশবুনিয়ার নুরুল আমিন, নিজাম উদ্দীন ও মোহাম্মদ আইয়াস। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে র‌্যাব।

জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩১ জুলাই রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান।

পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ নিহতের ঘটনায় ৯ পুলিশ সদস্যকে আসামি করে বুধবার মামলা করেন তার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। টেকনাফ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে মামলাটি করা হয়।

পরে মামলাটি আদালত আমলে নিয়ে টেকনাফ থানার ওসিকে এজাহারের ধারা অনুযায়ী হত্যা মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন। পাশাপাশি মামলাটি রেকর্ড করে সাত দিনের মধ্যে আদালতকে অবগত করার আদেশও দেন আদালত।

সরকারি কর্মকর্তাদের ‘গরুর প্রজনন দেখতে বিদেশ সফর’ বাতিল হচ্ছে

0

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম জানিয়েছেন, গরুর কৃত্রিম প্রজনন সম্পর্কে জ্ঞান আহরণে বিদেশ সফরের যে প্রস্তাব গেছে সেটি একনেকের বৈঠকের আগেই তারা বাতিল করে দেবেন।

তিনি বলেন, প্রস্তাবটি আমার দায়িত্ব নেবার আগেই গিয়েছিল। আমি এর মধ্যেই বিষয়টি নিয়ে বৈঠক করেছি সংশ্লিষ্টদের সাথে এবং সিদ্ধান্ত নিয়েছি যে এ ধরনের বিদেশ ভ্রমণের প্রস্তাব আমরাই বাতিল করে দেবো।

কিন্তু কিসের ভিত্তিতে গরুর প্রজনন দেখতে জার্মানি, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড ও কানাডা সফরের জন্য এতো কর্মকর্তার নাম প্রস্তাব হলো, বা এ ধরনের প্রস্তাবনা তৈরির ক্ষেত্রে আসলে কোন বিষয়গুলো বিবেচনা করা হয় জানতে চাইলে তিনি বলেন, যারা প্রজেক্ট তৈরি করেন তারা অনেক সময় প্রজেক্টের সাথে জড়িতদের প্রশিক্ষণের জন্য এ ধরনের প্রস্তাব করেন। তিনি বলেন, যদিও অনেক সময়ই তা অনুমোদন পায় না। আর করোনার এই সময়ে এগুলোকে কোনো ভাবেই আমরা অনুমোদন দিতে পারি না।

যদিও বাংলাদেশে সরকারি কর্মকর্তাদের এ ধরনের বিদেশ সফরের প্রস্তাবনা বা বিদেশ সফরের ঘটনা প্রায়শই আলোচনায় আসে ও তীব্র সমালোচনার জন্ম দিয়ে থাকে।

গরুর প্রজনন জ্ঞান অর্জনে এসব কর্মকর্তারা শেষ পর্যন্ত ওই চারটি দেশে যেতে পারলে তাদের জন্য সরকারের প্রায় দুই কোটি টাকা ব্যয় হতো।

এর আগে গত বছর ডিসেম্বরে প্রায় এক কোটি টাকা ব্যয়ে ১৬ জন কর্মকর্তার পুকুর খনন দেখার জন্য বিদেশে যাওয়ার প্রস্তাব একনেকে পাস হলে তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল।

তখন সরকারি অর্থে এ ধরনের বিদেশ ভ্রমণের প্রস্তাব নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান। ঢাকায় এক অনুষ্ঠানে তিনি প্রশ্ন তুলেছিলেন, পুকুর খনন শিখতে আমরা উগান্ডায় যাচ্ছি কেন?

পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান বলেন, এবারের গরুর প্রজনন বিষয় বিদেশ ভ্রমণের প্রস্তাব তার কাছে যায়নি। তবে মহিষ নিয়ে একটি প্রস্তাব তিনি দেখেছেন। আমরা বৃহস্পতিবার সচিবদের নিয়ে বসবো। করোনার এই সময়ে কৃচ্ছতা সাধনের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। অপ্রয়োজনীয় সব ব্যয় বন্ধ করা হবে।

তিনি বলেন, নানা ছুতোয় বিদেশ যাওয়ার প্রবণতা আছে এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে আমরা বৃহস্পতিবার এগুলো নিয়ে আলোচনা করবো। অনেক সময় প্রশিক্ষণের জন্য যাওয়ার দরকার পড়ে কিন্তু কোনটা কোন ধরনের কাজ এবং সেটার প্রয়োজন কতটা সেটাও তো দেখতে হবে। সব বিষয় আমাদের নজরে আছে এটা আমি নিশ্চিত করতে পারি।

কর্মকর্তারা বলছেন, এসব বিদেশ সফর আগেও হতো কিন্তু এখন ফাঁস হয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

গত বছর ডিসেম্বরে বোয়িংয়ের একটি বিমান ডেলিভারি আনতে বাংলাদেশের ৪৫ জন কর্মকর্তা যুক্তরাষ্ট্রে যাওয়ার ঘটনা নিয়ে তুমুল হাস্যরসের জন্ম দিলেও শেষ পর্যন্ত ওই সফর আর বাতিল হয়নি। এর আগেও একটি ক্যামেরা কিনতে তিনজনের বিদেশ যাওয়া, নলকূপ খনন শিখতে একাধিক কর্মকর্তার বিদেশে সফর নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনা তৈরি হয়েছে।

কিভাবে এসব বিদেশ সফর ঠিক হয়
পরিকল্পনা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলছেন, বিভিন্ন মন্ত্রণালয়ের আওতায় নানা ধরণের প্রকল্প হয়। এসব প্রকল্পে বিশেষ করে বিদেশি অর্থায়ন থাকলে কর্মকর্তারা তাতে প্রশিক্ষণ খাতে বরাদ্দ রাখার চেষ্টা করেন। অনেক সময় অনেক প্রকল্পে বেসরকারি কোম্পানির অর্থ সহায়তা নেয়ার উদাহরণও আছে।

জার্মানি থেকে একটি ক্যামেরা কিনতে তিনজন কর্মকর্তার বিদেশে যাওয়ার ঘটনায় জানা গেছে যে সংশ্লিষ্ট কম্পানিই তাদের অর্থে ওই কর্মকর্তাদের ওই সফরের আয়োজন করেছিল।

পরিকল্পনা মন্ত্রী বলেন, টেকনিক্যাল বা বিশেষ দক্ষতার জন্য অনেক সময় প্রশিক্ষণকে উৎসাহিত করা হয় বা এর দরকারও আছে। কিন্তু সবসময় সে ধরনের বিবেচনা থেকে এসব প্রস্তাব যে আসেনা সেটা তো বোঝাই যাচ্ছে।

মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেন, প্রকল্প তৈরির সময় এসব প্রস্তাবগুলো আসলেও তারা এসব প্রস্তাবকে অনুমোদন করবেন না।

শুধুই সরকারি কর্মকর্তারাই যান ?
গত বছর ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষক ও কর্মকর্তার লিফট কেনার জন্য স্পেন ও সুইজারল্যান্ড সফরের ঘটনায় তুমুল শোরগোল হয়েছে। পরে সমালোচনার মুখে উপাচার্য নিজে তার নাম প্রত্যাহার করে নেন। আবার সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বিদেশ ভ্রমণের আরেকটি ঘটনা বেশি আলোচনার জন্ম দেয় গত বছরের জুলাইয়ে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল যুক্তরাষ্ট্রের বিমান ও মহাকাশ বিষয়ক সংস্থা নাসা’র আয়োজিত এক প্রতিযোগিতায় বিজয়ী হয়। তাদের পুরস্কৃত করতে নাসার পক্ষ থেকে ফ্লোরিডায় আমন্ত্রণ জানানো হয় দলটিকে।

কিন্তু ভিসা জটিলতায় বিজয়ী দলের সদস্যরা যেতে না পারলেও তাদের সহযোগী হিসেবে যাদের যাওয়ার কথা ছিল, সেই সরকারি কর্মকর্তারা শেষপর্যন্ত যুক্তরাষ্ট্র ভ্রমণ করে আসেন সরকারি খরচে।

সূত্র: বিবিসি

শারীরিক উপস্থিতিতে আজ থেকে বসছে হাইকোর্ট বেঞ্চ

0

করোনাভাইরাসের সংক্রমণ ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে দীর্ঘ সাড়ে চার মাস পর আজ বুধবার (১২ আগস্ট) থেকে শারীরিক উপস্থিতির মাধ্যমে নিয়মিত হাইকোর্ট বেঞ্চ বসছেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই বেঞ্চ গঠন করেছেন। তবে ভার্চুয়ালিও চলবে হাইকোর্টের বিচার কার্যক্রম। শারীরিক উপস্থিতি ও ভার্চুয়ালি বেঞ্চ বসার বিষয়ে গত সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে পৃথক দুটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আকতারুজ্জামানের স্বাক্ষরে মোট ৫৩টি বেঞ্চ গঠন করে পৃথক দুটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী এদিন শারীরিক উপস্থিতিতে ১৮টি বেঞ্চ বসবেন। এর মধ্যে পাঁচটি একক এবং ১৩টি দ্বৈত বেঞ্চ। আর ভার্চুয়ালি বসবেন ৩৫টি বেঞ্চ, যার মধ্যে ১১টি একক ও ২৪টি দ্বৈত।

করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৬ মার্চ থেকে সারা দেশে সব নিয়মিত আদালত কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এই অবস্থায় জরুরি মামলার বিচারকাজ পরিচালনার জন্য গত ১১ মে থেকে ভার্চুয়াল আদালত কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এই ভার্চুয়াল আদালত কার্যক্রম পরিচালনার জন্য এরই মধ্যে আইন প্রণয়ন করা হয়েছে। কিন্তু নিয়মিত আদালত খুলে দিতে আইনজীবীরা দাবি জানিয়ে আসছিলেন। এই দাবিতে আইনজীবীরা আন্দোলনে নামেন।

এমন পরিস্থিতিতে গত ৫ আগস্ট থেকে শারীরিক উপস্থিতিতে সারা দেশে অধস্তন আদালত খুলে দেওয়া হয়। এরপর ৬ আগস্ট প্রধান বিচারপতির সভাপতিত্বে অনুষ্ঠিত সুপ্রিম কোর্টে ফুলকোর্ট সভায় শারীরিক উপস্থিতি এবং ভার্চুয়ালি হাইকোর্টে বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের আলোকে প্রধান বিচারপতি হাইকোর্টে ৫৩টি বেঞ্চ গঠন করেছেন।