Home Blog Page 2755

‘গোপন বোলিং অ্যাকশন’ রপ্ত করছেন তাইজুল

0

বাংলাদেশের সেরা স্পিনারদের একজন তিনি। তবে টেস্ট দলের নিয়মিত সদস্য তাইজুল অভিষেকের ছয় বছর পরও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে থিতু হতে পারেননি। করোনাপরবর্তী সময়ে বিসিবি যখন ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দিয়েছে, তখন তাইজুল ব্যস্ত তাঁর ‘গোপন বোলিং অ্যাকশন’ নিয়ে। সব কন্ডিশনে সুবিধা আদায়ের জন্য নিজেকে ভেঙেচুরে নতুন করে গড়ে তুলছেন বাঁহাতি এই স্পিনার।

তাইজুলকে বোলিংয়ে পরিবর্তন আনতে বলেছেন স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেট্টরি। মিরপুর-শের-ই বাংলা স্টেডিয়ামে একক অনুশীলন শেষে সাংবাদিকদের তাইজুল বলেন, ‘সব ফরম্যাট খেলতে চাই বলেই নিজেকে বদলে ফেলার চেষ্টা করছি। বোলিংয়ে কিছু পরিবর্তন এনেছি। বোলিং অ্যাকশনের পাশাপাশি আমি নির্দিষ্ট একটি ডেলিভারি রপ্ত করার চেষ্টা করছি। আশা করি, খুব বেশি সময় লাগবে না। তবে এই মুহূর্তে বিষয়টি গোপনই থাকুক। যখন পুরোপুরি রপ্ত করতে পারব, তখন জানাব ডেলিভারিটি আসলে কী।’

২৮ বছর বয়সী স্পিনার নিজেই অ্যাকশন নিয়ে কাজ শুরু করেছিলেন। এরপর ভেট্টরি তাকে উৎসাহ দেন। তাইজুলের ভাষায়, ‘নিজেই চেষ্টা করছিলাম, বোলিং অ্যাকশন পরিবর্তন এনে কিছু করা যায় কিনা। দেখলাম, বল ভালোই হচ্ছে। এরপর কোচের সঙ্গে বোলিং অ্যাকশনের ভিডিও নিয়ে আলাপ হলো। উনি ইতিবাচক মন্তব্য করার কারণেই এটি নিয়ে কাজ করছি। বোলিং অ্যাকশনে পরিবর্তনের জন্য বলে প্রচুর ভেরিয়েশন পাচ্ছি। আমার কাছে তাই অনেক অপশন তৈরি হচ্ছে।’

খরচ বাঁচাতে লিগ স্থগিত করল শ্রীলঙ্কান ক্রিকেট

0

করোনাভাইরাসে সবচেয়ে কম আক্রান্ত দেশগুলোর অন্যতম হলো এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। সরকারের কঠোর স্বাস্থ্যবিধি বাস্তবায়নের কারণে এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দুই হাজার ৮৭৫ জন। মৃত্যু মাত্র ১১। যে কারণে তারা আরো আগেই ক্রিকেটারদের অনুশীলন শুরু করে দিয়েছে। বিদেশ থেকে যেকোনো নাগরিক শ্রীলঙ্কায় গেলে তাদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হয়। কিন্তু এই নীতির কারণেই ঝামেলায় পড়ে পিছিয়ে গেল লঙ্কান প্রিমিয়ার লিগ ক্রিকেট।

আগস্টের শেষে শুরু হওয়ার কথা ছিল লঙ্কান প্রিমিয়ার লিগ। শ্রীলঙ্কার এই ঘরোয়া লিগে অনেক বিদেশি ক্রিকেটার খেলেন। এ ছাড়া ধারাভাষ্যকার এবং টিভি সম্প্রচারকারীরাও বিদেশ থেকেই আসতেন। তাঁদের প্রত্যেককেই ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হতো। কারণ লঙ্কান সরকারের স্বাস্থ্যবিধি খুবই কঠোর। আর এই কোয়ারেন্টিনের সব খরচ বহন করতে হতো শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি)। এই বিপুল পরিমাণ খরচ এড়াতেই টুর্নামেন্টটি পিছিয়ে দেওয়া হয়েছে।

আগামী সেপ্টেম্বরের শেষদিকে আবার শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। যে কারণে আগস্টের জায়গায় আগামী নভেম্বরে লঙ্কান প্রিমিয়ার লিগ আয়োজনের ইচ্ছা শ্রীলঙ্কার। তাদের হাতে ২০ নভেম্বর তারিখ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ফাঁকা সময় আছে। কিন্তু বাংলাদেশ দলকেও তো ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এ ব্যাপারে এসএলসির সহসভাপতি রাভিন বিক্রমারত্ন বলেন, ‘যদি বাংলাদেশকে ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হয়, তাহলে সেই খরচটা তাদের বোর্ডকে বহন করতে হবে। এমন হলে তাদের জন্য কঠিন হবে।’

অসৌজন্যমূলক আচরণ : স্টুয়ার্ট ব্রডকে শাস্তি দিলেন বাবা ক্রিস ব্রড

0

ইংল্যান্ডে ক্রিকেট ফেরার সঙ্গে সঙ্গে দারুণ একটা ঘটনা ঘটে চলেছে। মাঠে বল হাতে গতির ঝড় তুলছেন স্টুয়ার্ট ব্রড, আর ম্যাচ রেফারি হিসেবে সব কিছু খেয়াল রাখছেন তাঁর বাবা ক্রিস ব্রড। মাঠে অসৌজন্যমূলক আচরণ করলে ক্রিকেটারদের শাস্তি পেতেই হবে। আর এই শাস্তিটা ঘোষণা করেন ম্যাচ রেফারি। আইনের চোখে সবাই সমান। তাই বাবা ম্যাচ রেফারি হলেও পার পেলেন না ইংলিশ গতি তারকা।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংস চলার সময় ইয়াসির শাহকে আউট করে আগ্রাসন প্রকাশ করতে গিয়ে বাজে মন্তব্য করে বসেন স্টুয়ার্ট ব্রড। এতে আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৫ অনুচ্ছেদের লঙ্ঘন হয়েছে। যে কারণে ব্রডকে শাস্তি পেতেই হতো। এবার সেই শাস্তি ঘোষণা করেছেন তাঁর বাবা। স্টুয়ার্টের ম্যাচ ফির ১৫ ভাগ জরিমানা করা হয়েছে। জুটেছে ১টি ডিমেরিট পয়েন্ট। স্টুয়ার্ট ব্রড তাঁর ওপর আনীত অভিযোগ মেনে নিয়েছেন, ফলে নতুন করে শুনানির প্রয়োজন পড়েনি।

উল্লেখ্য, ইংল্যান্ড-উইন্ডিজ সিরিজ দিয়েই প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে বাবা-ছেলের এক ম্যাচে উপস্থিতির ঘটনা ঘটে। এরপর ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যকার টেস্টেও ম্যাচ রেফারি ছিলেন ক্রিস ব্রড। করোনাভাইরাসের কারণে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্থানীয় আম্পায়ারদের নিয়েই ম্যাচ পরিচালনার আইন করেছিল। ফলে ইংল্যান্ডে অনুষ্ঠিত সিরিজগুলোতে স্বাগতিক আম্পয়াররাই দায়িত্ব পালন করছেন।

সুশান্তের বাবা ফরিদাবাদের বাড়িতে কড়া নিরাপত্তায়

0

সুশান্ত সিং রাজপুত মামলায় তদন্ত শুরু করল সিবিআই। সোমবার বয়ান রেকর্ড করা হয় প্রয়াত অভিনেতার বাবা কে কে সিংয়ের। ফরিদাবাদে গিয়ে সুশান্তের বাবার বয়ান রেকর্ড করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। সুশান্তের বাবার বয়ান রেকর্ডের পরই তাঁর বোনের স্বামীর বাড়ির চারপাশে জারি করা হয় কড়া নিরাপত্তা।

সুশান্তের ভগ্নিপতি ও পি সিং ফরিদাবাদের পুলিশ কমিশনার। সেই অনুযায়ী, সুশান্তের মৃত্যুর পরপরই তাঁর বাবাকে নিয়ে যাওয়া হয় ফরিদাবাদের বাড়িতে। আপাতত বড় মেয়ে এবং জামাইয়ের কাছেই রয়েছেন সুশান্তের বাবা। সেখানে গিয়েই সিবিআই কর্মকর্তারা তাঁর বয়ান রেকর্ড করেন।

প্রসঙ্গত, সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের জন্য হাজির হন রিয়া চক্রবর্তী। অভিনেত্রীর বাবা এবং ভাইও হাজির হন সেখানে জিজ্ঞাসাবাদের জন্য।

রিয়ার প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদিকেও টানা কয়েক ঘণ্টা ধরে সোমবার জিজ্ঞাসাবাদ করেন ইডি অফিসাররা। তবে কী কী বিষয় নিয়ে রিয়া এবং বাবা, ভাই ও প্রাক্তন ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা হয়, সে বিষয়ে জানা যায়নি কিছু।

সুশান্তকে খুন করা হয়েছে, সিবিআইকে বললেন কে কে সিং

0

আজ মঙ্গলবার সুশান্ত সিং রাজপুতের বোন মিতু সিংয়ের জবানবন্দি নেবে সিবিআই। সোমবার সুশান্তের বাবার জবানবন্দি নেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

এদিকে, সুশান্ত আত্মহত্যা করেননি। তাঁকে খুন করা হয়েছে বলে দাবি করেন প্রয়াত অভিনেতার বাবা এবং বোন। সেই অনুযায়ীই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এবার তদন্ত করুন- এমনই আবেদন জানানো হয়েছে রাজপুত পরিবারের পক্ষ থেকে।

এদিকে সুশান্ত সিং রাজপুত মামলায় মিডিয়া তাঁকে দোষী সাব্যস্ত করার চেষ্টা চালাচ্ছে। এই অভিযোগে সোমবার শীর্ষ আদালতে কাছে নতুন করে আবেদন করেন রিয়া চক্রবর্তী। এমনকী, তাঁকে ইচ্ছে করে ফাঁসানোর চেষ্টা চালানো হচ্ছে বলেও দাবি করেন রিয়া।

সংবাদমাধ্যমের পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধেও অভিযোগ তোলেন রিয়া। সামনেই বিহারের নির্বাচন। ভোটের ফল নিজের ঘরে তুলতে বিহারের মুখ্যমন্ত্রী তাঁর বিরুদ্ধে এফআইআরে মদদ দিয়েছেন বলে অভিযোগ করেন রিয়া চক্রবর্তী।

অন্যদিকে সোমবার প্রায় ১০ ঘণ্টা ধরে রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেন ইডি কর্মকর্তারা। রিয়ার পাশাপাশি তাঁর প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদীকেও একটানা জিজ্ঞাসাবাদ করা হয়। জিনিউজ

অনেকদিন পর অঙ্কিতার হাসিমুখ

0

সুশান্তের মৃত্যুর পর থেকে নতুন করে বাঁচার উপাদান খুঁজছেন অঙ্কিতা লোখন্ডে। সুশান্তের মৃত্যুর দেড় মাস পর এই প্রথম হাসি মুখে দেখা গেল অঙ্কিতাকে। যেখানে দুই সদ্যোজাতকে কোলে নিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে মনিকর্ণিকা অভিনেত্রীকে। যদিও অঙ্কিতার কোলে থাকা ২ সদ্যোজাত কারা, সে বিষয় কিছু জানাননি সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী।

তবে এই দুই সদ্যোজাতের হাজিরায় তাঁদের পরিবারে নতুন করে যেন প্রাণের সঞ্চার হল বলে মন্তব্য করতে দেখা যায় অঙ্কিতাকে। শুধু তাই নয়, অভিনেত্রীর কোলে ওই দুই জনকে দেখে তাঁকে ভালোবাসা জানাতে শুরু করেন অভিনেতা, অভিনেত্রীরা।

গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর ভেঙে পড়েন অঙ্কিতা লোখন্ডে। সুশান্তের মৃত্যুর পর তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে ব্যান্দ্রার চার্টার রোডের ফ্ল্যাটে ছুটে যান অঙ্কিতা। এমনকী, সুশান্তের পরিবারের সঙ্গে দেখা করে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। সংবাদমাধ্যমের সামনে সেই ছবি উঠে আসে।

এসবের পাশাপাশি সুশান্তের হয়ে ক্রমাগত সুর চড়াতে দেখা যাচ্ছে অঙ্কিতাকে। এমনকী, সুশান্তকে মানসিক রোগী তকমা দিতেও নারাজ অঙ্কিতা। সুশান্তের মতো প্রাণোচ্ছ্বল একজন মানুষকে কীভাবে মানসিক রোগী হিসেবে তকমা দেওয়া যায়, তা নিয়ে পালটা প্রশ্ন তোলেন অভিনেত্রী। এমনকী, প্রতিদিনের জীবনে ছোট ছোট বিষয়ে আনন্দ খুঁজতেন সুশান্ত। কখনও খাবার দেখে কখনও চকোলেট দেখে সুশান্ত খুশি হয়ে যেতেন বলেও মন্তব্য করতে শোনা যায় অঙ্কিতা লোখন্ডেকে। জিনিউজ

বুধবার থেকে বন্ধ হচ্ছে করোনা বুলেটিন

0

করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিন আগামীকাল বুধবার থেকে সাময়িকভাবে বন্ধ হচ্ছে।

আজ মঙ্গলবার দুপুরে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

ডা. নাসিমা সুলতানা জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিন আর হচ্ছে না। এখন থেকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দেওয়া হবে। সেই প্রেস বিজ্ঞপ্তিতে সবগুলো তথ্যই থাকবে। তথ্য প্রবাহে কোনো ঘাটতি থাকবে না।

স্বাস্থ্য বুলেটিনের তথ্য থেকে জানা যায়, ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৪৭১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৯৯৬ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৬৩ হাজার ৫০৩ জনে। এছাড়া ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৩৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৫১ হাজার ৯৭২ জন।

‘বঙ্গবন্ধু হত্যা বাংলাদেশ রাষ্ট্র হত্যার ষড়যন্ত্রের অংশ’

0

বঙ্গবন্ধু হত্যা ছিল সদ্য স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রকে হত্যার ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলে জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

এসময় তিনি আরো বলেন, যে সকল দেশি-বিদেশি চক্র বাংলাদেশের স্বাধীনতা চায়নি; তারা ভেবেছিল, বাংলাদেশ কখনো স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারবে না। কিন্তু স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরের মাথায় যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি যুদ্ধবিধ্বস্ত দেশ তিন কোটি গৃহহারা মানুষকে পুনর্বাসন করে পোড়ামাটির ধ্বংসস্তুপ থেকে উঠে দাঁড়িয়ে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে ৭.৪ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে সমৃদ্ধির পথে এগুতে শুরু করলো, তখন সেই সদ্যস্বাধীন রাষ্ট্রকে হত্যার ষড়যন্ত্রের অংশ হিসেবে নির্মমভাবে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়।

মন্ত্রী ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্য, শহীদ জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মার শান্তিকামনা করেন।

এদিন জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মের সকলকে শুভেচ্ছা জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, আমাদের জাতীয় পতাকা, জাতীয় সংগীত পরিবর্তন করার, পাকিস্তানের সাথে কনফেডারেশন গঠনের প্রস্তাব করা হয়েছিল। এসবই ছিল একটি সদ্যস্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রকে হত্যার ষড়যন্ত্র।

করোনা আক্রান্ত সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক

0

মারণভাইরাস করোনায় আক্রান্ত হয়েছেন সাবেক পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। তিনি এখন রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, ঢাকার ইমপালস হাসপাতালে গত ৫ আগস্ট থেকে চিকিৎসাধীন তিনি। শহীদুল হক সচিব থেকে অবসর নেওয়ার পর নর্থ-সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) সিনিয়র ফেলো হিসেবে দায়িত্ব পালন করছেন।

নব্য জেএমবির ৫ সদস্য আটক

0

ঢাকার পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির পাঁচ সদস্যকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। মঙ্গলবার (১১ আগস্ট) সিলেট থেকে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসি উপ-কমিশনার (ডিসি) সাইফুল ইসলাম। তিনি বলেন, সিটিটিসি উপ-কমিশনার (ডিসি) সাইফুল ইসলাম বলেন, সিলেট থেকে নব্য জেএমবির পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। আমাদের একটি টিম তাদের ঢাকায় নিয়ে আসছে।

গত ২৪ জুলাই রাত পৌনে ১০টার দিকে পল্টনে পুলিশ চেকপোস্টের ২০০ গজ দূরে সড়কের পাশে রহস্যজনকভাবে একটি বোমার বিস্ফোরণ ঘটে। তবে যেখানে বিস্ফোরণ ঘটেছে, তা ছিল জনশূন্য। এর ফলে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত শুরু করে পুলিশ।