Home Blog Page 2756

বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে ওরিক্স বায়োটেক

0

গাজীপুরের কালিয়াকৈরে ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি’-তে বায়োটেকনোলজি নিয়ে কাজ করবে ওরিক্স বায়োটেক লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটিকে ব্লক-২-এ ২৫ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু হাইটেক সিটিতে প্রতিষ্ঠানটি ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে।

আজ মঙ্গলবার আইসিটি টাওয়ারের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সম্মেলন কক্ষে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল অনলাইনের মাধ্যমে সংযুক্ত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

অনুষ্ঠানে প্রেজেন্টেশনের মাধ্যমে পুরো প্লান্টের বিষয়টি তুলে ধরে জানানো হয়, এই প্রকল্প বাস্তবায়ন হলে ৩০০ মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগে নির্মিতব্য এই প্লান্টের মাধ্যমে বাংলাদেশের বাজারে বায়োটেক পণ্য সহজলভ্য হবে। একই সঙ্গে এর মাধ্যমে এই প্লান্টে ২০০০ কর্মীর উচ্চ বেতনের চাকরির সংস্থান হবে। এটাই হবে ২০২১ সালের ডিজিটাল বাংলাদেশের জন্য একটি যোগ্য প্রকল্প। ওরিক্স বায়োটেক লিমিটেড শুরুতে ১০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

উন্নত বিশ্বে (বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন, জাপান) বর্তমানে বায়ো-টেকনোলজির ব্যাপক ব্যবহার হচ্ছে। মূলত হিউম্যান প্লাজমা থেকে বায়োটেক পণ্য উৎপাদিত হয়। এইচআইভি এইডস এবং ক্যানসার রোগের চিকিৎসায় এসব বায়োটেক ওষুধ এখন ব্যবহার হচ্ছে। ওরিক্স বায়োটেক লিমিটেড বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বছরে ১২০০ টন প্লাজমা বিশ্লেষণে সক্ষম প্লান্ট নির্মাণ করতে চায়, যার সঙ্গে ২০টি প্লাজমা সংগ্রহ স্টেশন সংযুক্ত থাকবে। প্রতিষ্ঠানটি এ ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ অন্যান্য উন্নত বিশ্বের মান বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের বাজারে বায়োটেক পণ্য সহজলভ্য হবে।

প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘আইসিটি বিভাগ করোনা মোকাবেলায় যে ভূমিকা রেখেছে, তা দেশের সর্বস্তরে প্রশংসিত হয়েছে। করোনার সংক্রমণ রোধে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করেছে আইসিটি বিভাগ। লাইভ করোনা টেস্ট, কভিড-১৯ ট্র্যাকার, টেলি মেডিসিন ও টেলিহেলথ, সহযোদ্ধা-প্লাজমা প্ল্যাটফর্ম ইত্যাদি বহু উদ্যোগের সুফল পেয়েছে দেশবাসী। এর থেকেই একটি দেশের আইসিটি খাতের অগ্রগতির চিত্র সুস্পষ্ট।’

সভাপতির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘কালিয়াকৈরে অবস্থিত ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি’ দেশের প্রথম ও বৃহত্তম হাইটেক পার্ক। ২০১৪ সালে আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ সরেজমিনে এই পার্কটি পরিদর্শন করে পার্কের উন্নয়নে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন। ৩৫৫ একর জমিতে স্থাপিত ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি’-তে বর্তমানে ৩৭টি কম্পানিকে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে সেখানে পাঁচটি কোম্পানি উৎপাদন শুরু করেছে। কম্পানিগুলো এই পার্কে মোবাইল ফোন এসেম্বলিং ও উৎপাদন, অপটিক্যাল কেবল, হার্ডওয়্যার, সফটওয়্যার, ডাটা সেন্টার প্রভৃতি উচ্চ প্রযুক্তি নিয়ে কাজ করবে। ইতিমধ্যে ৩২৭ কোটি টাকা বিনিয়োগ হয়েছে এবং প্রায় ১৩০০০ জনের কর্মসংস্থান হয়েছে। আগামী ২০২৫ সালের মধ্যে হাইটেক পার্কগুলোতে ২৪০০ কোটি টাকা বিনিয়োগ হবে বলে আমরা আশাবাদী।’

আইসিটি প্রতিমন্ত্রী আরো বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সুদক্ষ নেতৃত্বে দেশের তরুণরা সোনার মানুষে পরিণত হয়েছে। ইতিমধ্যেই দেশে তৈরি হয়েছে ১০ লাখ আইটি দক্ষ জনবল। সব ক্ষেত্রেই হচ্ছে প্রযুক্তির ব্যবহার। ফলে সব কাজই সম্পন্ন হচ্ছে সুষমভাবে। তারুণ্যের মেধা আর প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়েই উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।’

সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, ‘সামিট টেকনোপলিসের বরাদ্দকৃত ২০ একর জমি এবং ভবনে দেশের প্রথম এবং বৃহত্তম বায়োটেক শিল্প খাতে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের এই বিনিয়োগ কার্যকর করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের বর্ণিল বছরে এটি অত্যন্ত সন্তোষজনক ব্যাপার যে, এই প্লাজমা ফ্রাকশানেশন প্ল্যান্টটি বাংলাদেশের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, সামিট টেকনো পলিসের ব্যবস্থাপনা পরিচালক রেজা খান।

ওরিক্স বায়োটেকের চেয়ারম্যান কাজী শাকিল ও ওরিক্স বায়োটেকের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড বো অনলাইনে সংযুক্ত হয়ে চুক্তি অনুষ্ঠানে বক্তব্য দেন।

সিনহা হত্যাকাণ্ড: আরো তিনজন গ্রেপ্তার

0

সেনাবাহিনীর মেজর সিনহা (অব.) হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে টেকনাফ থেকে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তারা হলেন-মো. নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মো. আয়াছ।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ২টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিচবুনিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে তাদেরকে কক্সবাজার আদালতে হাজির করা হয়। গ্রেপ্তারকৃতদের ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফট্যানেন্ট কর্নেল আশিক বিল্লাহ গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি সিনহা হত্যার ঘটনায় তাদের সম্পৃক্ততা আছে। তাই গ্রেপ্তারের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য দশদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

এর আগে সিনহার পরিবারের করা হত্যা মামলায় ওসি প্রদীপ, এসআই লিয়াকতসহ ৩ জনকে ৭ দিন করে রিমান্ডে এবং চার পুলিশকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় আদালত। গত ৩১ জুলাই টেকনাফে ভ্রমণচিত্রের কাজ শেষে ফেরার পথে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান (অব.)।

আসছে এইচএসসি পরীক্ষার সময়সূচি

0

চলতি বছরের ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে এ পরীক্ষাসূচি স্থগিত করতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়। স্থগিত পরীক্ষার পরবর্তী সময় ঘোষণা না করায় অনিশ্চয়তায় দিন পার করছে প্রায় ১২ লাখ পরীক্ষার্থী। কবে অনুষ্ঠিত হবে কিংবা কিভাবে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে সেপ্টেম্বর মাসের শেষ দিকে অথবা অক্টোবরের শুরুতে শুরু হতে পারে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। সে লক্ষ্যে এরই মধ্যে একটি রোডম্যাপ তৈরি করে বিভিন্ন প্রস্তুতিও শুরু করেছে শিক্ষা বোর্ডগুলো।

পরীক্ষা কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করা হবে। পরীক্ষার হলে শিক্ষার্থী কমিয়ে একটি বেঞ্চে একজন করে বসানো হবে। ক্লাসরুমে যতগুলো বেঞ্চ থাকবে ততজন পরীক্ষার্থীর সিট নির্ধারণ করা হবে। কোনো কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলে পার্শ্ববর্তী ভালো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র হিসেবে নির্বাচন করা হবে। পরীক্ষা কেন্দ্রগুলোর গেটের সামনে হ্যান্ড স্যানিটাইজার রাখা হবে। পরিদর্শক ও পরীক্ষার্থীরা ভালোভাবে হাত পরিষ্কার করে ভেতরে প্রবেশ করবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বর্তমানে সবকিছু সচল হচ্ছে। আগামী সেপ্টেম্বরের শেষ দিকে অথবা অক্টোবরের শুরুতে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের লক্ষ্যমাত্রা নিয়ে নতুনভাবে প্রস্তুতি শুরু করা হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে। এজন্য শিক্ষা বোর্ডের নির্ধারিত কেন্দ্রের বাইরে পার্শ্ববর্তী ভালো শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাওয়া হয়েছে। নতুনভাবে কেন্দ্র বাড়িয়ে সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার আয়োজন করা হবে।

করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯৯৬

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৩ হাজার ৪৭১ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৯৯৬ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জন।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৩১৭টি এবং পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৮২০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯৮৮টি। ২৪ ঘণ্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে, তাতে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৯৯৬ জনের মধ্যে। ফলে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৬৩ হাজার ৫০৩ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩৩ জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন তিন হাজার ৪৭১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৩৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৫১ হাজার ৯৭২ জন।
বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ২২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই কোটি দুই লাখ ৬৪ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা সাত লাখ ৩৯ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা এক কোটি ৩২ লাখ প্রায়।

মাথাপিছু আয় বেড়ে এখন ২০৬৪ ডলার

0

বাংলাদেশের মানুষের মাথাপিছু গড় আয় ২ হাজার ডলার ছাড়িয়ে গেছে। বিদায়ী অর্থবছর (২০১৯-২০) শেষে দেশের মানুষের মাথাপিছু গড় আয় দাঁড়িয়েছে ২ হাজার ৬৪ ডলার। তার আগের অর্থবছরে মাথাপিছু গড় আয় ছিল ১ হাজার ৯০৯ ডলার। অর্থাৎ দেশের মানুষের মাথাপিছু গড় আয় এক বছরের ব্যবধানে ১৫৫ ডলার বেড়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করেছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে দেশের মাথাপিছু আয় ছিল এক হাজার ৬১০ ডলার, ২০১৭-১৮ অর্থবছরে এক হাজার ৭৫১ ডলার, ২০১৮-১৯ অর্থবছরে এক হাজার ৯০৯ ডলার এবং ২০১৯-২০ অর্থবছরে দুই হাজার ৬৪ ডলার।
এদিকে বিবিএস জানিয়েছে, মহামারি করোনার মধ্যেও বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৫ দশমিক ২৪ শতাংশ।
তাদের তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ২৮ শতাংশ, ২০১৭-১৮ অর্থবছরে ৭ দশমিক ৪৬ শতাংশ এবং ২০১৮-১৯ অর্থবছরে ৮ দশমিক ১৫ শতাংশ জিডিপির প্রবৃদ্ধি অর্জন করেছিল বাংলাদেশ।
করোনার কারণে সারাবিশ্বেই জিডিপির প্রবৃদ্ধি তলানিতে নেমেছে। বাংলাদেশেও এর প্রভাব তীব্রভাবে পড়েছে। ফলে প্রতিবছর জিডিপির আকার বাড়তে থাকলেও এ বছর কমেছে।
বিদায়ী অর্থবছরে তার আগের বছরের চেয়ে ২ দশমিক ৯১ শতাংশ কম প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তারপরও বাংলাদেশের এ অর্জন ইতিবাচক, যা বিশ্বের অনেক দেশের পক্ষেই অর্জন করা সম্ভব হবে না।

গণপরিবহনে বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি

0

মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে বাসের ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।
বিবৃতিতে তিনি দাবি করেন, এখন দেশের কোনো গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। যেসব শর্ত অনুসরণ করে বর্ধিত ভাড়া আদায়ের কথা বলা হয়েছিল তার কোনোটাই মানা হচ্ছে না। সেই পুরনো কায়দায় গাদাগাদি করে যাত্রী বহন করা হচ্ছে।
যাত্রী কল্যাণ সমিতি বলছে, করোনাকালীন ক্ষতি পুষিয়ে নিতে সরকারের বর্ধিত ৬০ শতাংশ ভাড়ার চেয়েও অধিকাংশ রুটে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এতে করোনা সংকটে কর্মহীন ও আয় কমে যাওয়া দেশের সাধারণ মানুষের যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে। সরকার যাত্রীপ্রতিনিধি বাদ দিয়ে মালিকদের পাতানো ফাঁদে পা দিয়ে করোনার এই মহাসংকটে থাকা দেশের অসহায় জনগণের ওপর একচেটিয়াভাবে বাসের ভাড়া ৬০ শতাংশ বর্ধিত করে অযৌক্তিকভাবে চাপিয়ে দেয়া হয়েছে। ফলে দেশব্যাপী চলাচলরত বাস-মিনিবাসের সঙ্গে লেগুনা, হিউম্যান হলার, টেম্পু, অটোরিকশা, প্যাডেলচালিত রিকশা, ইজিবাইক, নসিমন-করিমন, টেক্সিক্যাবসহ সব প্রকার যানবাহনের ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে যায়।
মোজাম্মেল হক চৌধুরী বলেন, এতে যাত্রীস্বার্থ চরমভাবে উপেক্ষিত হয়। ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানিকে আরেক দফা উসকে দেয়া হয়। ওই সময়ে যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে এই ভাড়া বৃদ্ধির তীব্র বিরোধিতা করা হলেও তা আমলে নেয়া হয়নি।
অনতিবিলম্বে স্বাস্থ্যবিধির নামে গণপরিবহণের বর্ধিত ভাড়া প্রত্যাহার করে দেশের প্রতি রুটে বর্ধিত ভাড়া আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সাম্প্রদায়িক অপশক্তির বিষয়ে সতর্ক থাকতে হবে : কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে সাম্প্রদায়িক শক্তি। আত্মতুষ্টিতে না ভুগে সবাইকে সতর্ক থাকাতে হবে।
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, অসম্প্রদায়িক চেতনা দিয়েই আমরা গড়তে চাই এ দেশের সমৃদ্ধ সোপান। মাঝেমধ্যে বিচ্ছিন্নভাবে একটি অশুভ চক্র, একটি সাম্প্রদায়িক গোষ্ঠী হাজার হাজার বছরের ঐতিহ্যে আঘাত হানার অপচেষ্টা করে। আমি আশ্বস্ত করতে চাই শেখ হাসিনার সরকার যতদিন আছে তারা সফল হবে না।
তিনি বলেন, আমাদের এগিয়ে যাওয়ার মূলমন্ত্র হচ্ছে সামাজিক সখ্য এবং ঐক্য, একতা ধরে রেখেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।
মন্ত্রী স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘২০০১ সালে সরকার পরিবর্তনের পর হিন্দু সম্প্রদায়ের ওপর কী অমানুষিক নির্যাতন নেমে এসেছিলো তা নিশ্চয়ই মনে আছে? যে নির্যাতন একাত্তরের পাক হানাদারদের নির্যাতনকেও মনে করিয়ে দেয়।
তিনি বলেন, এ দেশে যারা হত্যা-ষড়যন্ত্রের রাজনীতির সূচনা ও লালন করেছিল এবং সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে বড় করে তুলেছিলো তারাই হিন্দু সম্প্রদায়ের সদস্যদের জীবন ও সম্পদের ওপর বারবার আঘাত এনেছে।

দেশের নাগরিক হিসেবে সকলের সমান সুযোগ এবং অধিকার রয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, আপনারা নিজেদের মাইনরিটি ভাববেন না, তা না হলে আপনারা মানসিক ভাবে পিছিয়ে থাকবেন।
তিনি বলেন, নাগরিক হিসেবে একজন মুসলমানের রাষ্ট্রের প্রতি যে অধিকার আছে, আপনাদেরও সমান অধিকার আছে।
দেশের উন্নয়নে যেমনি প্রয়োজন অভ্যন্তরীণ স্থিতিশীলতা, তেমনি প্রয়োজন প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আন্তর্জাতিক রাজনীতিতে কোনো দেশই প্রতিবেশী দেশের সঙ্গে খারাপ সম্পর্ক রেখে এগুতে পারে না। শেখ হাসিনা সরকার ও ভারতের নরেন্দ্র মোদি সরকারের সম্পর্ক সময়ের পরীক্ষিত উত্তীর্ণ।’
সেতুমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিনের সীমান্ত সমস্যা, শান্তিপূর্ণ ভাবে ছিটমহল বিনিময় সমাধান, দুদেশের পারস্পরিক আস্থাকে আরও বাড়িয়ে তুলেছে।’
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের সমুদ্র জয়ের মামলায় ভারত আপীল না করে বন্ধুসুলভ যে আচরণ করেছে তা সম্পর্কের সূত্রকে করেছে আরও সুদৃঢ়।
ওবায়দুল কাদের দুদেশের মধ্যে আস্থা ও বিশ্বাসের যে সেতুবন্ধন তৈরি হয়েছে তার মাধ্যমে তিস্তা সমস্যা ও অন্যান্য নদীর পানি বন্টনের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও জানান।

বাংলাদেশ বেতারে কাল থেকে প্রাথমিক শিক্ষার্থীদের ক্লাস শুরু

0

আগামীকাল বুধবার (১২ আগস্ট) থেকে বাংলাদেশ বেতার এবং ১৬টি কমিউনিটি রেডিওর মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ‘ঘরে বসে শিখি’ শিক্ষা পাঠ সম্প্রচার শুরু হবে।
করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার ধারাবাহিকতা রক্ষায় সংসদ টেলিভিশনের পাশাপাশি বেতারের মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য এই শিক্ষা পাঠ কার্যক্রম সারাদেশে একযোগে সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আগামীকাল বুধবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বেতারের মাধ্যমে প্রাথমিক শিক্ষা পাঠদান সম্প্রচারের এই কার্যক্রম উদ্বোধন করবেন।
প্রতি সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার বিকাল ৪টা পাঁচ মিনিট থেকে ৪টা ৫৫ মিনিট পর্যন্ত প্রাথমিক শিক্ষা পাঠদান সম্প্রচার করা হবে।
এ ছাড়া বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল ফোনের রেডিও অপশনের মাধ্যমেও এ পাঠ সম্প্রচারের অনুষ্ঠান শোনা যাবে।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। আগামী ৩১ অগাস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে এ ঘোষণা কার্যকর রয়েছে।

বাবরি মসজিদ নির্মাণে জমি দান করতে চান কবি, প্রধানমন্ত্রীর কাছে চিঠি

0

ভারতের অযোধ্যায় যেখানে ৫০০ বছরের পুরানো বাবরি মসজিদ ছিল সেখানে তৈরি হচ্ছে রাম মন্দির। এরই মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর জের ধরেই দ্বন্দ তৈরি হয়েছে মুসলিম ও হিন্দু ধর্মালম্বী মানুষের মধ্যে। এরই মধ্যে বাবরি মসজিদের জন্য জায়গা দান করার কথা জানিয়েছেন উর্দু কবি মুনাওয়ার রানা। মোদির কাছে এক চিঠির মাধ্যমে এ আবেদন জানান তিনি।

রাই বারেলিতে সাই নদীর পাশে সাড়ে পাঁচ একর জমি মসজিদের জন্য দান করতে চেয়েছেন কবি। তার ছেলে তাবরেজ রানার নামে রয়েছে জমিটি। তিনি বলেন, বাবরি মসজিদের জন্য যে ধানিপুর গ্রামের পাঁচ একর জমি জায়গা সরকার অনুমোদিত আছে সেখানে রামের পিতা রাজা দশরথের নামে একটি হাসপাতাল নির্মাণের জন্য ব্যবহার করা উচিত। এ নিয়ে প্রধানমন্ত্রীকে দুই পাতার চিঠি পাঠিয়েছেন কবি। এছাড়া সম্পত্তি রক্ষার্থে মুসলিমদের জন্য আলাদা ওয়াকফা বোর্ড তৈরির কথা বলেছেন।

২০১৪ সালে সাহিত্য একাডেমি পুরষ্কার অর্জন করেন মুনাওয়ার রানা। যদিও ২০১৫ সালে জটিলতার জন্য তা আবার ফিরিয়ে দেওয়া হয়।

কবি বলেন মসজিদের জন্য যে জায়গা সরকার দিয়েছে তা ধনিয়াপুর থেকে দূরে এক প্রত্যন্ত অঞ্চলে। হিন্দু আর মুসলিমদের মধ্যে দ্বন্দ তৈরি না করে অই জমিতে রাজা দশরথ হাসপাতাল তৈরি করা উচিত। তিনি আরো বলেন, কোনও অবস্থাতেই মসজিদ সরকারী জমিতে বা জোর করে দখলকৃত মসজিদে নির্মিত হবে না।

সেই সাথে কবি মুনাওয়ার রানা দাবি করেন,রায় বেরেলি ঐতিহাসিক,সাংস্কৃতিক এবং ধর্মীয় গুরুত্বের শহর।

দেশে চারটি কম্পানি ভ্যাকসিন উৎপাদনে প্রস্তুত

0

দেশে তিন থেকে চারটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ভ্যাকসিন উৎপাদনে প্রস্তুত রয়েছে। বিষয়টি বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব শফিউজ্জামান।

শফিউজ্জামান বলেন, ‘এই মুহূর্তে দেশে তিন-চারটি কম্পানি করোনার ভ্যাকসিন উৎপাদনে প্রস্তুত। এর মধ্যে দুটি কম্পানি নিজেদের ল্যাবে করোনার ভ্যাকসিন আবিষ্কারেও প্রচেষ্টা অব্যাহত রেখেছে।’

গতকাল মন্ত্রণালয়ে ভ্যাকসিন বিষয়ে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘বিশ্বের ২০০টিরও বেশি কম্পানি করোনা ভ্যাকসিন আবিষ্কারে কাজ করছে। এর মধ্যে ১৪১টি কম্পানি প্রাথমিক পর্যায়ে কাজ করছে, ২৫টি কম্পানি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষারত পর্যায়ে রয়েছে। এসব কম্পানির ভ্যাকসিনের গুণাগুণ বিচার-বিশ্লেষণ করে বাজারজাতের প্রথম পর্যায়ে এবং সবার আগে যেন বাংলাদেশ পায় সেটি নিশ্চিত করাই হচ্ছে সরকারের মূল লক্ষ্য।’

ভ্যাকসিন নিয়ে কাজ করা একাধিক বিশেষজ্ঞ বলেন, ভ্যাকসিন ইস্যুতে নড়েচড়ে বসেছে সরকার। দেশের বড় কয়েকটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এ ক্ষেত্রে ভূমিকা রাখছে। গ্লোব ফার্মাসিউটিক্যালস ছাড়াও আরো একটি কম্পানি ভেতরে ভেতরে ট্রায়ালের কাজ অনেকটা এগিয়ে নিয়েছে। এখন তারা সরকারের অনুমতি নিয়ে ট্রায়ালের বাকি পর্ব এবং ভ্যাকসিন উৎপাদন শুরুর কারিগরি প্রস্তুতি নিচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভ্যাকসিন বিশেষজ্ঞ বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুসারে অনুমোদন নিয়ে একাধারে ট্রায়াল ও ভ্যাকসিন উৎপাদনে কোনো বাধা নেই, যা বিশ্বের বেশ কয়েকটি দেশ এরই মধ্যে শুরু করেছে। আমাদের দেশেও হতে যাচ্ছে। এই প্রক্রিয়া দেশের ওষুধশিল্পের জন্য নতুন মাইলফলক সৃষ্টি করবে।’

এদিকে আর মাত্র এক দিন পর রাশিয়ার ভ্যাকসিন আলোর মুখ দেখতে যাচ্ছে, যা নিয়ে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রয়েছে ব্যাপক আগ্রহ। অবশ্য যুক্তরাষ্ট্র ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই টিকার কার্যকারিতা নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে আসছে।