Home Blog Page 2760

‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন প্রয়োজন’

0

কমিশন গঠনের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীদেরও মুখোশ উন্মোচিত হওয়া প্রয়োজন বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

‘আজ থেকে শত শত বছর পরের বাঙালি প্রজন্মের ইতিহাস জানার স্বার্থে, সত্য জানার স্বার্থে এখনই প্রয়োজন একটি কমিশন গঠন করে এই হত্যাকাণ্ডের পটভূমি যারা রচনা করেছিল, ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল, তাদের মুখোশ উন্মোচন করা, তাহলেই ইতিহাস সঠিকভাবে রচিত হবে, অন্যথায় ইতিহাসের এই সত্যগুলো ভবিষ্যৎ প্রজন্ম জানবে না’, বলেন ড. হাছান।

আজ রবিবার (৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে ক্লিনিক ভবন প্রাঙ্গণে জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর ভিত্তি করে তথ্য অধিদপ্তর আয়োজিত ‘আলোকচিত্র, ডিজিটাল ডিসপ্লে এবং সংবাদপত্রে বঙ্গবন্ধু’ শীর্ষক সপ্তাহব্যাপী প্রদর্শনী উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকারের সভাপতিত্বে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, তথ্যসচিব কামরুন নাহার এবং প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। তথ্যমন্ত্রী বলেন, মুজিব শতবর্ষে আমাদের প্রত্যয় হচ্ছে, বঙ্গবন্ধুর যেসব পলাতক খুনি এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় পালিয়ে আছে, তাদের বাংলাদেশে ফেরত এনে বিচারের রায় কার্যকর করা। একই সঙ্গে আমি মনে করি, যারা সম্মুখে থেকে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড সংঘটিত করেছিল, শুধু তারাই অপরাধী তা নয়। সত্য এবং ন্যায়ের স্বার্থে ষড়যন্ত্রকারীদেরও মুখোশ উন্মোচিত হওয়া প্রয়োজন। জিয়াউর রহমানসহ যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, ষড়যন্ত্রকারী ছিল, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচিত হওয়া প্রয়োজন।

মন্ত্রী বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে, মুজিব শতবর্ষে এই কাজটি করা আমাদের অত্যন্ত প্রয়োজন। কারণ ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে অন্যায়ের প্রতিকার করতে হবে। সে জন্যই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে, বিচারের রায় কার্যকর হয়েছে।

বঙ্গবন্ধু যখন একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন করে সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকে যে বছর হত্যা করা হয়, সে বছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৭.৪ শতাংশ। যেটি আমরা ৪ দশকেরও বেশি সময় পর ২০১৬-১৭ অর্থবছরে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে অতিক্রম করতে সক্ষম হয়েছি। সে বছর বাংলাদেশে ১০ হাজার মেট্রিক টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন হয়েছিল। আজ বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে অদ্যম গতিতে এগিয়ে চলেছে। খাদ্য ঘাটতির বাংলাদেশ এখন খাদ্যে উদ্বৃত্তের দেশ। স্বল্পোন্নত দেশের তালিকাভুক্ত বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। বাংলাদেশে সাড়ে ১১ বছর আগে মাথাপিছু আয় ছিল ৬০০ ডলার, সেটি এখন দুই হাজার ডলারের বেশি।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান তাঁর বক্তৃতায় বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবি জানান। তথ্যসচিব কামরুন নাহার জাতির পিতার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে সবাইকে নিবেদিতপ্রাণ হয়ে দেশের জন্য কাজে ব্রতী হওয়ার আহ্বান জানান।

তথ্যমন্ত্রী এ সময় ধারাবাহিকভাবে এ হৃদয়গ্রাহী আয়োজনের জন্য তথ্য অধিদপ্তরকে ধন্যবাদ জানান এবং অতিথিদের সঙ্গে নিয়ে প্রদর্শনীটি ঘুরে দেখেন। জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহানারা পারভীন, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, অতিরিক্ত প্রধান তথ্য অফিসার বিধান চন্দ্র কর্মকার, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া এবং তথ্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

প্রয়োজনে সীমিত পরিমাণে চাল আমদানির ঘোষণা কৃষিমন্ত্রীর

0

আপাতত দেশে খাদ্য ঘাটতির কোন আশঙ্কা নেই উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, এমপি বলেছেন, আউশ আমনে চলমান বন্যার ক্ষয়ক্ষতি ও আমনের উৎপাদনসহ সার্বিক পরিস্থিতি প্রতিদিন নিবিড়ভাবে পর্যালোচনা করে প্রয়োজন হলে সীমিত পরিমাণে চাল আমদানির সিদ্ধান্ত নেয়া হবে।

মন্ত্রী বলেন, চলমান বন্যায় আউশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমন ধানও অনেকক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। খরার কারণে অনেক সময় উৎপাদন আশানুরূপ হয় না। আউশ আমনে চলমান বন্যার ক্ষয়ক্ষতি ও আমনের উৎপাদন পর্যালোচনা করে প্রয়োজন হলে সীমিত আকারে চাল আমদানির সিদ্ধান্ত নেয়া হবে। পূর্বপ্রস্তুতি নিয়ে রাখা হয়েছে যদি আমনের ফলন ভাল না হয়, বন্যা প্রলম্বিত হয়, বন্যার ক্ষয়ক্ষতি ঠিকমতো কাটিয়ে ওঠা না যায়, তবে চাল আমদানির সিদ্ধান্ত নেয়া হবে।

মন্ত্রী রবিবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আয়োজিত ‘কভিড-১৯ পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা: বাংলাদেশ কী চাল ঘাটতির মুখোমুখি হতে যাচ্ছে?’ শীর্ষক অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, এমপি। সেমিনারে সভাপতিত্ব করেন কৃষিসচিব মো: নাসিরুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো: শাহাজাহান কবীর। মুখ্য আলোচক ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম।

কৃষিমন্ত্রী বলেন, কৃষিতে চলমান বন্যার ক্ষয়ক্ষতি মোকাবেলায় সব ধরনের কার্যক্রম চলছে। আমন মৌসুমে উৎপাদন বাড়াতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়া, আগামী রবি মৌসুমের সব ফসলে উৎপাদন বাড়াতে পূর্বপ্রস্তুতি নেয়া হচ্ছে। যাতে করে করোনা, আম্পান, ও চলমান বন্যার বিরূপ প্রভাব মোকাবেলা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, এমপি বলেন, কোভিড-১৯ সময়েও মানবতার সেবায় এগিয়ে আসার মনমানসিকতা সবার নেই। একটা গ্রুপ রয়েছে যারা সুযোগ পেলেই চালের দাম বাড়িয়ে দেয়,কৃত্রিম সংকট তৈরি করার চেষ্ঠা করে। আমাদেরকে কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থকেই গুরুত্ব দিতে হবে। এই দুয়ের মাঝে সমন্বয় করেই সিদ্ধান্ত নিতে হবে। তবে জাতীয় নিরাপত্তা ও প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে সরকারি মজুদ সঠিক পরিমাণ রাখতে হবে।

এ অনলাইন সভায় খাদ্যসচিব মোছাম্মৎ নাজমানারা খানুম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আব্দুস সাত্তার মন্ডল, কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. এস এম নাজমুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. হামিদুর রহমান, বাকৃবির উপাচার্য ‎প্রফেসর ড. লুৎফুল হাসান, কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের বাংলাদেশ প্রতিনিধি ড. হোমনাথ ভান্ডারি, এফএও বাংলাদেশ প্রতিনিধি, প্রমুখ বক্তব্য রাখেন।

প্রযুক্তি ও প্রকৌশল গবেষণার উন্নয়নে উত্থাপিত বিল পাসের সুপারিশ

0

প্রযুক্তি ও প্রকৌশল গবেষণার ক্ষেত্রে যথাযথ প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতার উন্নয়নে জাতীয় সংসদে উত্থাপিত ‘বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল-২০২০’ পাসের সুপারিশ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে ‘বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্ বিল-২০২০’ পাসের সুপারিশ করে সংসদে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আ ফ ম রুহুল হক। বৈঠকে বিশেষ আমন্ত্রণে যোগদান করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

বৈঠকে কমিটির সদস্য ইকবালুর রহিম, মো. শফিকুল আজম খাঁন, মো. মোজাফ্ফর হোসেন, মো. আক্তারুজ্জামান বাবু, শিরীন আহমেদ, সেলিমা আহমাদ ও হাবিবা রহমান খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, জাতীয় প্রয়োজনে প্রকৌশল বিজ্ঞানের প্রায়োগিক ক্ষেত্রসহ সব ধরণের অবকাঠামো, যন্ত্রপাতি, মালামালের নকশা প্রণয়ন, উৎপাদন-রক্ষণাবেক্ষণ ও গুণগত মান নির্ধারণে গত ১৫ জানুয়ারি সংসদে ‘বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল-২০২০’ উত্থাপন করা হয়। পরে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটির বৈঠকে যাচাই-বাছাই শেষে বিলটি পাসের সুপারিশ করে সংসদে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, ‘বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল আইন হিসেবে প্রবর্তন করা হলে টেকসই জাতীয় উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে পরিবেশবান্ধব ও জলবায়ু পরিবর্তন সহিষ্ণু প্রযুক্তি ও প্রকৌশল বিদ্যার কার্যকর প্রয়োগ নিশ্চিত করবে।’

বিলে বলা হয়েছে, প্রস্তাবিত আইনের আওতায় বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল থাকবে। এ কাউন্সিলের আওতায় পূর্ত, যান্ত্রিক ও বৈদ্যুতিকসহ সব প্রকার অবকাঠামো, যন্ত্রপাতি, মালামালের নকশা প্রণয়ন, উৎপাদন, রক্ষণাবেক্ষণ ও গুণগত মান নির্ধারণ করা হবে। এ ছাড়া বিলে গবেষণা কাউন্সিল পরিচালনায় একটি গভর্নিং বডির প্রস্তাব করা হয়েছে। যার চেয়ারম্যান সরকার নিয়োগ করবে। চেয়াম্যান হবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী।

বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্য ও অন্যান্য শহীদদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়।

সিনহা হত্যার ঘটনায় সরকার বিব্রত : হানিফ

0

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ নিহতের ঘটনায় সরকার বিব্রত। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা হচ্ছে।

আজ রবিবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া সরকারি কলেজের সামনে নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরালের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সরকার যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্যই বিব্রত। এ ঘটনায় সরকার বিব্রত, কষ্ট পেয়েছে। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত করা হচ্ছে। মেজর সিনহা হত্যায় দোষী প্রত্যেককে আইনের আওতায় আনা হবে এবং কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

তিনি বলেন, করোনাভাইরাস ছড়াতে সরকার সহযোগিতা করছে- এ ধরনের বক্তব্য একেবারেই হাস্যকর। যাঁরা এ ধরনের কথা বলছেন, তাঁরা সুস্থ আছেন কি না সন্দেহ আছে।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য (কুষ্টিয়া-১) আ ক ম সরোয়ার জাহান বাদশা, (কুষ্টিয়া-৪) সেলিম আলতাফ জজ, কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভির আরাফাত ও জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

প্রবাসীদের জন্য সঞ্চয় স্কিম চালুর নির্দেশ

0

এবার প্রবাসী বাংলাদেশিদের জন্য সঞ্চয় স্কিম চালুর সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক। মাসিক কিংবা ত্রৈমাসিক কিস্তি ভিত্তিক এ সঞ্চয় স্কিম খুলতে পারবেন প্রবাসীরা। সঞ্চয় স্কিমের মেয়াদ এক বছর কিংবা এর অধিক হতে পারবে। সঞ্চয় স্কিমের স্থিতি জামানত রেখে ঋণ নেওয়ারও সুযোগ পাবেন তারা।

আজ রবিবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

বর্তমানে প্রবাসীদের জন্য তিন ধরনের সঞ্চয় বন্ড চালু রয়েছে। এগুলোতে কেবল বৈদেশিক মুদ্রায় বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। এখন স্থানীয় মুদ্রা টাকায়ও বিনিয়োগের সুযোগ দেওয়া হলো।

সংশ্লিষ্টরা জানান, প্রবাসী বাংলাদেশিদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগে আনতে এবং তাদের ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে প্রবাসে কর্মরতরা বিশেষ করে স্বল্প আয়ের প্রবাসীরা এ সঞ্চয় স্কিমের দ্বারা উপকৃত হবেন।

সার্কুলারে বলা হয়েছে, বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলে কিংবা এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে প্রেরিত রেমিটেন্স নগদায়নের মাধ্যমে, বাংলাদেশে বেড়াতে আসার সময় প্রবাসীর সংগে আনীত বৈদেশিক মুদ্রা দ্বারা এবং প্রবাসীদের নামে পরিচালিত বৈদেশিক মুদ্রা হিসাবের স্থিতি নগদায়নের মাধ্যমে সঞ্চয় স্কিমে অর্থ জমা করা যাবে। বিদেশ গমনের পূর্বেই কোনো জমা প্রদান ছাড়াই এ জাতীয় হিসাব খোলা যাবে।

এসব সঞ্চয় স্কিমে প্রতিযোগিতামূলক হারে সুদ প্রদান করতে পারবে ব্যাংক। একই সাথে বৈদেশিক মুদ্রা নগদায়নের মাধ্যমে পরিচালিত হিসাব বিবেচনায় সুদে বিশেষ সহায়তা প্রদানের কথাও সার্কুলারে বলা হয়েছে। সঞ্চয় স্কিমের মেয়াদ পূর্তিতে হিসাবধারী অনিবাসীর মনোনীত ব্যক্তিকে ব্যাংক জমাকৃত অর্থ সুদসহ প্রদান করতে পারবে। তবে বিকল্প ব্যবস্থায় সঞ্চয় স্কিমের স্থিতি দ্বারা প্রবাসী ব্যক্তি নতুন করে তার নামে স্থায়ী আমানত হিসাব খুলতে পারবে। স্থায়ীভাবে দেশে চলে আসার পর উক্ত হিসাবের স্থিতি এককালীন কিংবা পেনশন পদ্ধতিতে মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে হিসাবধারী গ্রহণ করতে পারবে। সঞ্চয় স্কিম চলাকালীন সময়ে হিসাবধারী দেশে প্রত্যাবর্তন করলে ও স্থানীয় উৎসের আয় দ্বারা উক্ত স্কিম নিবাসী হিসাবের ন্যায় পরিচালনা করতে পারবে। এ ছাড়া বিদেশে অবস্থানকালে উপযুক্ত কারণে অর্থের প্রয়োজন হলে আবেদন দাখিল সাপেক্ষে প্রয়োজনীয় অর্থ বিদেশে প্রেরণের বিষয় বাংলাদেশ ব্যাংক বিবেচনা করবে বলেও সার্কুলারে সুবিধা রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, এ ধরনের উদ্যোগ প্রবাসীদেরকে স্থানীয়ভাবে আর্থিক সুরক্ষা ব্যবস্থা তৈরি করতে সহায়তা করবে। ফলে স্থায়ীভাবে দেশে আসার পর প্রবাসীদের আর্থিক সমস্যার সম্মূখীন হতে হবে না বলেও তিনি জানান।

‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে অদম্য গতিতে এগিয়ে চলেছেন প্রধানমন্ত্রী’

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন করে যখন সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন তাঁকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তর করতে পারেননি। তবে তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে অদম্য গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ ছিল, সে দেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশ। স্বল্পোন্নত দেশের তালিকাভুক্ত দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে।

আজ রবিবার সচিবালয়ে তথ্যমন্ত্রীর ক্লিনিক ভবনের সামনে শোক দিবস উপলক্ষে ‘আলোকচিত্র, ডিজিটাল ডিসপ্লে ও সংবাদপত্রে বঙ্গবন্ধু’ শীর্ষক সপ্তাহব্যাপী প্রদর্শনী উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মুজিব শতবর্ষে আমাদের প্রত্যয়-বঙ্গবন্ধুর যেসব পলাতক খুনি পৃথিবীর যেখানে পালিয়ে আছে, সেখান থেকে তাদের ফেরত এনে বিচারের রায় কার্যকর করা। একই সঙ্গে জিয়াউর রহমানসহ যারা এর সঙ্গে যুক্ত তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা প্রয়োজন।

তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করার জন্য কাজ শুরু করেছিলেন। বঙ্গবন্ধুকে যে বছর হত্যা করা হয়, সে বছর বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ৭.৪ শতাংশ। যেটি আমরা ২০১৬-১৭ অর্থবছরে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে অতিক্রম করতে সক্ষম হয়েছি। চার দশক পর সেটা সম্ভব হয়েছে। বঙ্গবন্ধুকে যে বছর হত্যা করা হয়, সে বছর ১০ হাজার মেট্রিক টন বেশি খাদ্য উৎপাদন হয়েছিল।

তিনি বলেন, আমি তথ্য অধিদপ্তরকে ধন্যবাদ জানাই এ ধরনের একটি আয়োজনের জন্য। প্রতিবছর তথ্য অধিদপ্তর এটি করে। এতে বঙ্গবন্ধুকে সংবাদপত্রে ও আলোকচিত্রের মাধ্যমে স্থাপন- এটি অনেক হৃদয়গ্রাহী। একই সঙ্গে এটি ইতিহাসকে সংরক্ষণ করেছে। এখন আমরা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ অতিক্রম করছি। পাশাপাশি বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাতবার্ষিকী।

তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, তথ্যসচিব কামরুন নাহার, সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরীসহ তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

করোনা নিয়ে মানুষের ভেতর কনফিডেন্স ডেভেলপ করেছে

0

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশে করোনাভাইরাসে মৃত্যুহার এবং শনাক্ত রোগীর সংখ্যা কমেছে। রোগীরা বাসায় বসে চিকিৎসা পাচ্ছেন।

আজ রবিবার (৯ আগস্ট) সচিবালয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে মৃত্যুহার ও রোগী কমেছে। বাসায় বসে রোগীরা চিকিৎসা পাচ্ছেন। করোনাভাইরাস টেস্ট কিটের অভাব নেই। বন্যার কারণে ও বাসায় বসে চিকিৎসায় সুস্থ হয়ে যাওয়ায় হাসপাতালে রোগী কমছে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের ভেতরে এখন একটা কনফিডেন্স ডেভেলপ করেছে। আপনারা লক্ষ্য করেছেন যে মৃত্যুর হারটা আস্তে আস্তে কমে এসেছে। মানুষ সেবা পাচ্ছে হাসপাতালে এবং টেলিমেডিসিনের মাধ্যমে। ৪/৫ হাজার ডাক্তার টেলিমেডিসিনের মাধ্যমে সেবা দিচ্ছেন। যারা রোগী তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন প্রায় ৯০ শতাংশ। প্রয়োজনে ওষুধ পর্যন্ত বাসায় পৌঁছে দেওয়ার সেবা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, যখন ক্রিটিক্যাল হয় তখন তারা হাসপাতালে যায়। হাসপাতালে আসার সংখ্যা কমে গেছে। হাসপাতালেও প্রায় ৬০ শতাংশ সিট খালি। রোগীর সংখ্যাও অনেক কমে গেছে।

তিনি আরো বলেন, যেহেতু অল্পতেই ঘরে থেকে ভালো হয়ে যায়, আমরা লক্ষ্য করেছি যে টেস্ট করতেও তাদের মধ্যে অনীহা। আমরা সব সময় আহ্বান করবো আপনারা আসেন, টেস্ট করান। টেস্টের ল্যাবেরও কোনো আভাব নেই, কিটেরও কোনো অভাব নেই।

এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূরসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ১০ সেপ্টেম্বর

0

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ রবিবার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ নতুন এ দিন ধার্য করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাস্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে বলে ধারণা করা হচ্ছে।

ওই ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধারায় একটি মামলা করেন। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে।

করোনায় আরও ৩৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৪৮৭

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৩ হাজার ৩৯৯ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৪৮৭ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৬০০ জন।
আজ রবিবার (৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

‌‘রাজনৈতিক পরিচয় কোনো অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না’

0

রাজনৈতিক পরিচয় কোনো অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ইতোমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা প্রমাণ করেছেন।
আজ রোববার (৯ আগস্ট) গোপালগঞ্জ সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন তিনি।
এসময় সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার জনগণের মনের ভাষা বোঝেন বলেই যেকোনো বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। যেকোনো অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান অত্যন্ত কঠোর এবং তা এরই মধ্যে প্রমাণিত হয়েছে।
তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ নানাভাবে কথা বলেন। ক্যাসিনোবিরোধী অভিযান, স্বাস্থ্যখাতে জেকেজি, রিজেন্ট গ্রুপের বিরুদ্ধে চলমান অভিযান চালানোর আগে সরকারকে কেউ বলে দেয়নি। শেখ হাসিনা সরকার নিজেই এ সকল অনিয়ম উদঘাটন করেছেন, কোনো ধরনের ধামাচাপা দেয়ার চেষ্টা করেনি।
বিএনপির দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যার সরকারের সমালোচনা করছেন তাদের আমলে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তারা কী ব্যবস্থা নিয়েছিলেন? দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন আর দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়াই তাদের সফলতা।
তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার প্রতিটি হত্যাকাণ্ডের বিচারে সোচ্চার থেকেছে। অপরাধীকে দলীয় পরিচয়ে বাঁচানোর চেষ্টা করেনি, অপরাধী যে দলেরই হোক বিচারের আওতায় আনা হয়েছে।