Home Blog Page 2762

‘দুটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম’

0

চোখে কাজল পরে বিশ্ববিখ্যাত হয়ে গেছেন বাংলাদেশের ক্রিকেট তারকা জাহানারা আলম। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তার কাজল চোখের প্রশংসা শুরু হয়। বিশ্বের বড় বড় মিডিয়া জাহানারার কাজল চোখ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এর আগ পর্যন্ত তিনি ক্রিকেটার হিসেবেই জনপ্রিয় ছিলেন। এখনও তিনি ক্রিকেট নিয়ে আলোচনাই বেশি পছন্দ করেন। এছাড়া অভিনয় করার বেশ কিছু প্রস্তাব পেলেও তিনি শুধু মাত্র ক্রিকেট নিয়েই থাকতে চান।

ভারতীয় এক শীর্ষ দৈনিককে দেওয়া সাক্ষাতকারে জাহানারা বলেন, ‘সত্যি বলতে কী, টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের পর আমার কাজল পরা চোখ নিয়ে যে এত আলোচনা হবে, বুঝতেই পারিনি। আমি কিন্তু ক্রিকেট খেলার (২০০৮) শুরু থেকেই কাজল পরি। কিন্তু আইসিসি বিশ্বকাপে খেলার সময় সেটা বেশি করে সবার নজরে আসে। ভালো তো অবশ্যই লেগেছে। তবে যেটা আরও ভালো লেগেছে, তা হলো নারী ক্রিকেটের প্রতি সবার ফোকাস বেড়েছে। এটাই তো পজিটিভ দিক। তবে আমার পারফরম্যান্স নিয়ে যখন আলোচনা হয়, তখন আরও বেশি ভালো লাগে।’

ক্রিকেটের পাশাপাশি নাটকেও অভিনয় করেছেন জাহানারা। যার রূপের এত প্রশংসা, তিনি কি ভবিষ্যতে নায়িকা হতে চান? জাহানারা জবাবে বলেন, ‘সে রকম ইচ্ছা নেই। ক্রিকেটকে আমি এতটাই ভালবাসি যে, ক্রিকেট ছেড়ে অন্য পেশার কথা ভাবতেই পারি না। অনেক অনুরোধ করায় নাটকটা করেছিলাম। বলতে পারেন স্বাদ বদলের জন্য। তারপর অনেকে নাটক করার প্রস্তাব দেন। দুটি সিনেমায় অভিনয়ের প্রস্তাবও এসেছিল। কিন্তু আমি ফিরিয়ে দিয়েছি। অন্য কিছুতে আমি ফোকাস করতে চাই না। তাহলে ক্রিকেট থেকে ফোকাস নড়ে যাবে। আর সেটা আমি কোনও ভাবেই চাই না।’

দুষ্টুমি করতে করতেই মালাবদলের পথে চাহাল

0

করোনার লকডাউনের মাঝে সোশ্যাল সাইটে নানারকম দুষ্টুমি করতে দেখা যেত ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালকে। সবার পেছনে লাগতেন তিনি। এতে অনেকে মজা পেলেও ক্রিস গেইলের মতো কেউ কেউ আবার বেজায় বিরক্তও হয়েছেন। অনলাইনে ছেলেমানুষি দুষ্টুমি করা সেই চাহাল এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আজ শনিবার সোশ্যাল সাইটে কনের সঙ্গে ছবি দিয়ে তিনি নিজেই বিষয়টা জানান। চাহালের হবু স্ত্রীর নাম ধনশ্রী ভার্মা।

চাহালের এমন ছবি পোস্ট করার পরই ভারতীয় ক্রিকেট সমর্থকরদের শুভেচ্ছা বার্তা উপচে পড়ছে। সামনেই আইপিএল। দুবাইতে আইপিএল খেলতে যাওয়ার আগে ক্রিকেটারদের বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেই কোয়ারেন্টাইন পর্ব শুরু হয়ে গেছে। তবে আইপিএল খেলতে যাওয়ার আগে চাহাল জীবনের অন্যতম বড় কাজ সেরে ফেলেছেন।

চাহালের হবু স্ত্রী ধনশ্রী ভর্মা পেশায় একজন ডাক্তার। ইউটিউবে তার একটি চ্যানেলও আছে। সেখানে তিনি কোরিওগ্রাফার হিসাবে কাজ করেন। ছবি পোস্ট করে চাহাল লিখেন, আমার দুজন পরিবারের সম্মতিতে পরস্পরকে ‘হ্যাঁ’ বলেছি। চাহালের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই লেগে যায় ইংল্যান্ডের নারী ক্রিকেটার ড্যানিয়েল ওয়াটের। তবে এদিন ড্যানিয়েল তাকে রাগানোর মতো কিছুই লিখেননি। বরং জানিয়েছেন শুভেচ্ছা।

বিয়ের খবর পাকা হওয়ায় চাহালকে অভিনন্দন জানিয়েছেন রোহিত শর্মার স্ত্রী রীতিকা সাজদেহ। তিনিও সুযোগ পেলেই সোশ্যাল মিডিয়ায় চাহালের সঙ্গে মজা করেন। ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল শুরু হবে। ২০ অগাস্ট থেকে দুবাইয়ে পা রাখতে শুরু করবেন ক্রিকেটার-সাপোর্ট স্টাফেরা। সবার আগে যাবে ধোনির চেন্নাই। আইপিএল থেকে ফিরে এসেই পাকাপাকি সংসার শুরু করে দেবেন চাহাল। তবে কনের সঙ্গে তার পরিচয়ের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে পুলিসিচ

0

ডান হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন চেলসির উইঙ্গার ক্রিস্টিয়ান পুলিসিচ। এ কারণে আগামী মৌসুমের শুরুতে চেলসির হয়ে মাঠ নামতে পারবেন না এই মার্কিন তারকা। গত শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে এফএ কাপের ফাইনালে ২-১ গোলে পরাজয়ের ম্যাচটিতে তিনি ইনজুরিতে পড়েন।

প্রিমিয়ার লিগের নতুন মৌসুম আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। চেলসি ম্যানেজার ফ্রাংক ল্যাম্পার্ড পুলিসিচের ইনজুরির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ‘ধারণা করা হচ্ছে, ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে ছয় সপ্তাহ সময় লাগবে। সে কারণে এটা অন্তত নিশ্চিত যে নতুন মৌসুমের শুরুতে তার আর খেলা হচ্ছে না। তবে আমরা ইনজুরির সঠিক চিকিৎসা করতে চাই।’

চেলসির হয়ে প্রথম মৌসুমে দারুন ছন্দে থাকা পুলিসিচ ১১টি গোল করেছেন ও ৮টিতে অ্যাসিস্ট করেছেন। বরুসিয়া ডর্টমুন্ড থেকে তিনি গত মৌসুমে চেলসিতে যোগ দিয়েছিলেন। ল্যাম্পার্ড মনে করেন প্রথম বছরেই সে তার ক্যারিয়ারের সেরা সময়টা কাটিয়েছে। প্রিমিয়ার লিগের প্রথম বছরেই এই ধরনের পারফরমেন্স খুব কমই দেখা যায়। এ কারণেই যত দ্রুত সম্ভব এই উইঙ্গারের সুস্থতা কামনা করেছেন ল্যাম্পার্ড।

নিরব-ইমনের সঙ্গে মিথিলা

0

হালের আলোচিত অভিনেত্রী মিথিলাকে এবার পাওয়া যাবে একটি রেডিও শোতে। লাইভ টেকনোলজিসের লাইভ রেডিও অনুষ্ঠান ‘নিরব-ইমনের সাথে লাইভ রেডিওর এক ঘণ্টা’ অনুষ্ঠানে তিনি অতিথি হিসেবে আসবেন। আজ ৮ আগস্ট রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে মিথিলার সঙ্গে জমজমাট আড্ডার এই সেশনটি।

‘নিরব-ইমনের সাথে লাইভ রেডিওর এক ঘণ্টা’ অনুষ্ঠানটি ইতোমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। শাকিব খানকে দিয়ে শুরুর পর এখন পর্যন্ত অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে এসেছেন আসিফ আকবর, পূর্ণিমা, ফেরদৌস, মিশা সওদাগর, মেহজাবীন প্রমুখ। অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপন করেন দুই চিত্রনায়ক নিরব ও ইমন।

এবারের পর্বটি নিয়ে ইমন গণমাধ্যমকে বলেন, ‘চলতি ঈদে দর্শকদের জন্য এটি ছিল স্পেশাল আয়োজন। আমি আর ইমন উপস্থাপনা করছি। প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছি। যারা যারা অতিথি হিসেবে এসেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে আমাদের সঙ্গে থাকবেন প্রিয়মুখ মিথিলা। আশা করছি জমজমাট আড্ডা হবে। সবাইকে দেখার অনুরোধ জানাচ্ছি।’

দীর্ঘ লড়াই শেষে তমা মির্জার করোনা জয়

0

করোনাভাইরাসের সঙ্গে দীর্ঘ ২৬ দিন লড়াই করে অবশেষে বিজয়ী হয়েছেন চিত্রনা‌য়িকা তমা মির্জা। গতকাল বৃহস্প‌তিবার তার নমুনা পরীক্ষার ফল নে‌গে‌টিভ আসে। এর আগে তার বাবা, মা ও গা‌ড়ির ড্রাইভার ক‌রোনায় আক্রান্ত হন। একে একে সবাই ক‌রোনামুক্ত হ‌লেও তমা মির্জাকে কিছুতেই ছাড়ছিল না প্রাণঘাতী এই ভাইরাস। শেষ পর্যন্ত ভাইরাসকে হার মানতেই হলো।

গত জুলাই‌য়ের প্রথম সপ্তা‌হে অসুস্থ বোধ করেন তমা মির্জা। এরপর কোভিড পরীক্ষা করালে ১১ জুলাই তার ফলাফল পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে তিনি নিজের বাসাতে আইসোলেশনে চলে যান। বাড়িতে থেকেই তার চি‌কিৎসা চলে। এখন করোনা নেগেটিভ হলেও তার সামান্য কাশি এবং শ্বাসকষ্ট আছে। তবে চি‌কিৎসকেরা এটাকে গুরুতর কিছু ভাবছেন না। করোনা যুদ্ধে জয়ী হয়ে তমা এখন কা‌জে ফেরার প‌রিকল্পনা কর‌ছেন।

২০১০ সালে এম‌বি মা‌নিক প‌রিচা‌লিত ‘বলো না তুমি আমার’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে রূপালী পর্দায় অভিষেক ঘটে তমা মির্জার। ‘নদীজন’ ছবির পার্শ্ব-অভিনেত্রী হিসেবে জাতীয় চল‌চ্চিত্র পুরস্কার জিতে নেন। গত বছর কানাডা প্রবাসী হিশাম চিশতীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। গত বছর একটা লম্বা সময় কানাডায় কা‌টি‌য়ে দেশে ফিরেছেন তমা মির্জা। বর্তমা‌নে দেশ টি‌ভি‌তে ‘তমার প্রিয়তমা’ না‌মে এক‌টি অনুষ্ঠান উপস্থাপনা কর‌ছেন।

১৪ লাখ টাকা থেকে কিভাবে কোটি টাকার মালিক হলেন রিয়া?

0

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত যত আগাচ্ছে ততই উঠে আসছে নানা তথ্য। বেশির ভাগ তথ্যই সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে ঘিরে। রিয়া চক্রবর্তীর সম্পত্তি, টাকাপয়সা ও বিলাসবহুল জীবনযাপন নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

একটানা প্রায় ছ’ ঘণ্টার বেশি ইডি দফতরে রিয়ার জেরা চলছে। ঘুরেফিরে উঠছে রিয়ার সম্পত্তি আর টাকাপয়সা খরচের প্রশ্ন। ২০১৮-’১৯-এ রিয়া চক্রবর্তী যেখানে ১৪ লাখ টাকা রোজগার করেছেন, সেখানে কী ভাবে ৬৫ লাখ টাকা খরচ করলেন তিনি? সে টাকা কোথা থেকে কী ভাবে পেলেন রিয়া? প্রশ্ন ইডির।

ইডি সূত্রে জানা যাচ্ছে, রিয়ার নামে মুম্বাইয়ের অভিজাত এলাকায় দুটো ফ্ল্যাট আছে। এর মধ্যে একটি ৮৫ লাখ টাকায় আরকেটি ৬০ লাখ টাকায়। অভিজাত এলাকায় ফ্ল্যাট কেনার টাকা কোথায় পেলেন রিয়া? প্রশ্ন উঠছে সেখানেও। সুশান্তের বাবা আগেই অভিযোগ করেছিলেন, সুশান্তের টাকা আত্মসাৎ করেছেন রিয়া। সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা তিনি সরিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। অন্য দিকে, গতবছর রিয়ার অ্যাকাউন্টে ছিল ১০ লাখ টাকা। সেখান থেকে সেই নগদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখে।

ইডি সূত্রে জানা গিয়েছে, সুশান্তের মোট চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল। তার মধ্যে দু’টি থেকে বড় অঙ্কের টাকা গিয়েছিল রিয়ার অ্যাকাউন্টে। সুশান্তের বাড়ির পরিচারক, ম্যানেজার, ড্রাইভার, বন্ধুবান্ধব ও পরিবারের সকলেই জানাচ্ছেন, সুশান্তকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিলেন রিয়া। কেনাকাটা থেকে ভ্রমণ সবটাই হত সুশান্তের টাকায়। এর পাশাপাশি জোর করে সুশান্তকে বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাটে নিয়ে আসা, পরিবারের সমস্ত খরচ চালানো, বিলাসবহুল গাড়ি কেনা সবটাই সুশান্তের থেকে আদায় করেছিলেন রিয়া।সুশান্ত যে দুটো কোম্পানি খুলেছিলেন তার মধ্যে একটা ছিল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি, যার অংশীদার ছিলেন রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী।

সুশান্তের দ্বিতীয় কোম্পানি ভিভিড্রেজ রিয়ালিটিক্স চালু হয়েছিল ২০১৯-এর সেপ্টেম্বরে। এই কোম্পানি কাজ করে ভার্চুয়াল রিয়্যালিটি নিয়ে। কোম্পানিটির পার্টনার ছিলেন সুশান্ত নিজে, রিয়া এবং রিয়ার ভাই। তবে কোম্পানি খোলার সময় পুরোটাই বিনিয়োগ করেছিলেন সুশান্ত। আর তৃতীয় কোম্পানিটি ওয়ার্ল্ড ফাউন্ডেশনের হয়ে কাজ করে। নাম, ‘ফ্রন্ট ইন্ডিয়া’। এই কোম্পানিটি ভারতের মানুষের স্বাস্থ্য, দারিদ্র ও পুষ্টি নিয়ে কাজ করে। এই কোম্পানিতে অর্থের লেনদেন রিয়ার হাত দিয়েই করতেন সুশান্ত। যদিও সেই অর্থ যে কোম্পানির খাতেই খরচ হয়েছিল সে বিষয়ে নিশ্চিত নয় ইডি।

রিয়া চক্রবর্তী প্রসঙ্গে জানতে চাওয়া হলে মুম্বাইয়ের সংবাদমাধ্যমকে সুশান্ত সিংহ রাজপুতের সম্পর্কিত দাদা নীরজ কুমার সিংহ জানান, রিয়া চক্রবর্তী যদি নির্দোষ হন, তাহলে তিনি যেন পালিয়ে না বেড়ান। তিনি বলেন, রিয়া নির্দোষ হলে তদন্তে তাঁর সাহায্য করা উচিত।

সরকারের সমালোচনা না করে জনগণের পাশে দাঁড়ান

0

বিএনপিকে ঘরে বসে উঁকি দিয়ে সরকারের সমালোচনা না করে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ঘরে বসে উঁকি দিয়ে সরকারের সমালোচনা করবেন না। জনগণের পাশে দাঁড়ান।

আজ শনিবার দুপুরে বঙ্গবন্ধু ২৩ এভিনিউস্থ আওয়ামী লীগের দলীয় প্রধান কার্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে কৃষক লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আপনারা কৃষক লীগ থেকে শিখুন। ধান কাটার সময় কৃষক লীগ ধান কেটেছে। বিএনপিকে দেখা যায়নি। শুধু কেটেছে তা নয়, মাথায় করে সেই ধান বাড়ি বাড়ি দিয়ে এসেছে। এই কাজটি তো বিএনপি করে নাই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী একটি দিনও ঘরে বসে নাই। তিনি সরকারের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। দলের কার্যক্রম পরিচালনা করছেন। তার সঠিক নেতৃত্বে কারণে সরকার আল্লাহর রহমতে করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আমরা সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে ভবিষ্যতে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে পারবো।

তিনি আরো বলেন, করোনা পরিস্থিতি যখন শুরু হলো তখন বহু বিশেষজ্ঞ, বহু মত দিয়েছেন। বাংলাদেশে নানা ধরনের বিশেষজ্ঞ আছে। কিছু সত্যিকার বিশেষজ্ঞ, কিছু বিশেষ কারণে অজ্ঞ বিশেষজ্ঞ, আবার কিছু সব বিষয়ে বিশেষজ্ঞ। এই বিশেষজ্ঞরা শুরুতে বলেছিলেন, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অনাহারে মৃত্যুবরণ করবে। তাদের আকাঙ্ক্ষাকে ভুল প্রমাণিত করে, শেখ হাসিনার সঠিক নেতৃত্বে কারণে কেউ অনাহারে মৃত্যুবরণ করেনি।

বক্তব্যের শুরুতে ১৫ আগস্ট নিহত সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বাঙালি জাতি ছিল তার সংসার। আর সেই সংসারকে ধরে রেখেছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা। শুধু সংসার ধরে রেখেছিলেন তা নয়, বঙ্গমাতা শেখ ফজিল্লাতুন নেছা বঙ্গবন্ধু যখন জেলে থাকতেন তখন দলটাকে ধরে রেখেছেন। বঙ্গবন্ধুর জীবনে গুরুত্বপূর্ণ মুহুর্তে গুরুত্বপূর্ণ পরামর্শ এসেছে বঙ্গমাতা শেখ ফজিল্লাতুন নেসার কাছ থেকে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। আলোচনা সভায়টি পরিচালনা করেন কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলছুম স্মৃতি।

বাংলাদেশের উন্নয়ন মানেই ভারতের উন্নয়ন : পররাষ্ট্রমন্ত্রী

0

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, সরকারের প্রত্যাশা মুজিববর্ষেই বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত একজনকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা সম্ভব হবে।

আজ শনিবার মুজিবনগর স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।

এ সময় তিনি প্রতিবেশি দেশের সাথে সম্পর্কের বিষয়ে বলেন, বাংলাদেশের বিজয় মানে ভারতের বিজয়, বাংলাদেশের উন্নয়ন মানেই ভারতের উন্নয়ন।

তিনি বলেন, ভারতের সাথে মুক্তিযুদ্ধের সময় থেকেই মধুর সম্পর্ক, নাড়ির সম্পর্ক বাংলাদেশের। এই সম্পর্ক ছিন্ন হবার নয়। ভারতের সাথে ইতোমধ্যে পানি চুক্তিসহ বিভিন্ন চুক্তি সম্পন্ন হয়েছে। আমাদের আওয়ামী লীগ সরকারের প্রতি বিশ্বাস রাখুন অনেক উন্নয়ন দেখতে পাবেন।

শুক্রবার রাতে পররাষ্ট্রমন্ত্রী মেহেরপুর আসেন। আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে তিনি সড়ক পথে মুজিবনগর পৌঁছান। এরপরই তিনি আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় জেলা প্রশাসক ড. মোহম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. জয়নাল আবেদিন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিনসহ আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শন করেন। স্মৃতিসৌধ পরীদর্শনকালে পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী সেলিনা মোমেনও উপস্থিত ছিলেন।

আরো ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২,৬১১

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন দুই হাজার ৬১১ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন হাজার ৩৬৫ জন। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন দুই লাখ ৫৫ হাজার ১১৩ জন।

আজ শনিবার (৮ আগস্ট) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এঁদের ২৫ জন পুরুষ এবং ৭ জন নারী। এঁদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন হাজার ৩৬৫ জনের।

এ পর্যন্ত যাঁরা মৃত্যুবরণ করেছেন, তাঁদের মধ্যে পুরুষ দুই হাজার ৬৫৫ জন এবং নারী ৭১০ জন। আর বয়স বিবেচনায় এ পর্যন্ত যাঁরা মৃত্যুবরণ করেছেন- বয়স ০ (শূন্য) থেকে ১০ বছরের মধ্যে ১৮ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ৩৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৮৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২১৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪৬৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯৬৫ জন এবং ষাটোর্ধ্ব এক হাজার ৫৮১ জন।

জানানো হয়, গত ২৪ ঘণ্টায় যে ৩২ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৬ জন, চট্টগ্রাম বিভাগের ৪ জন, খুলনা বিভাগের ৫ জন, রাজশাহী বিভাগের ৪ জন, বরিশাল বিভাগের ১ জন এবং সিলেট বিভাগের ২ জন। হাসপাতালে মারা গেছেন ৩১ জন এবং বাসায় ১ জন।

বিভাগ অনুযায়ী এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছে তারা হলো- ঢাকা বিভাগে এক হাজার ৬১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯৮ জন, রাজশাহী বিভাগে ২০৯ জন, খুলনা বিভাগে ২৫২ জন, বরিশাল বিভাগে ১৩২ জন, সিলেট বিভাগে ১৫৮ জন, রংপুর বিভাগে ১৩২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭১ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ২০ জন। এ নিয়ে দেশের করোনা সংক্রমণ থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছে এক লাখ ৪৬ হাজার ৬০৪ জন।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ৫২৯টি। একই সময়ে আগের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১১ হাজার ৭৩৭টি। এর মধ্যে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে দুই হাজার ৬১১ জনকে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে দুই লাখ ৫৫ হাজার ১১৩ জন। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ৪৯ হাজার ৫০৭টি।

গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশের ৮৪টি পরীক্ষাগার থেকে পাওয়া তথ্য থেকে শনাক্তের এই সংখ্যা জানা গেছে।

আইসোলেশন প্রসঙ্গে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ৮৬৪ জনকে। একই সময়ে আইসোলেশন থেকে ছাড়া পেয়েছে ৪৯০ জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছে ৫৬ হাজার ৩৯ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড়া পেয়েছে ৩৭ হাজার ১৪ জন। বর্তমানে আইসোলেশনে আছে ১৯ হাজার ২৫ জন।

কোয়ারেন্টিন প্রসঙ্গেও তথ্য দেওয়া হয় বুলেটিনে। বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে গেছে দুই হাজার ১৮৪ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিনে গেছে মোট চার লাখ ৫০ হাজার ৩৩২ জন। ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছে এক হাজার ৮৫১ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছে তিন লাখ ৯৭ হাজার ৩৮০ জন। ছাড়ের পর বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছে ৫২ হাজার ৯৪২ জন।

বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়ন এবং আইইডিসিআরের হটলাইনে কল এসেছে ৬৫ হাজার ৯২০টি। এ নিয়ে এ পর্যন্ত মোট ফোনকল এসেছে এক কোটি ৪৪ লাখ ৬২ হাজার ১৪২টি। এসব কলে সবাইকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে।

টেলিমেডিসিন সেবায় প্রতিদিন ৩৫ জন চিকিৎসক এবং ১০ জন স্বাস্থ্য তথ্য কর্মকর্তা দুই শিফটে মোট ৯০ জন টেলিমেডিসিনে করোনাসংক্রান্ত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় তাঁদের স্বাস্থ্যসেবা গ্রহণ করেছে চার হাজার ১১ জন। এ পর্যন্ত এক লাখ ৭৮ হাজার ২৬ জন এই সেবা গ্রহণ করেছে বলে জানানো হয় বুলেটিনে।

দেশে ফিরলেন মাহবুব-উল আলম হানিফ

0

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ কানাডা থেকে দেশে ফিরেছেন। প্রায় পঞ্চাশ দিন পর শুক্রবার তিনি দেশে ফেরেন।

গতকাল শুক্রবার (৭ আগস্ট) ভোর ৫টায় একটি ফ্লাইটযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

মাহবুব-উল আলম হানিফের ব্যক্তিগত সহকারী তারিকুল ইসলাম টুটুল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত ১৯ জুন বিকেলে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছিলেন তিনি। কানাডায় স্থায়ীভাবে বসবাস করেন হানিফের স্ত্রী ও দুই ছেলে। সেখানে তার আরো আত্মীয়-স্বজন রয়েছেন।