Home Blog Page 2764

ফ্লাইট মিস করে টুর্নামেন্ট থেকেই বাদ ক্যারিবীয় তারকা!

0

করোনা পরিস্থিতির মাঝেই আগামী ১৮ অগাস্ট থেকে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে শুরু হতে যাচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। কিন্তু অদ্ভুত এক কারণে পুরো টুর্নামেন্টে খেলা হচ্ছে না ক্যারিবিয়ান অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেনের। কোনো চোট সমস্যা কিংবা করোনার উপসর্গও নয়, সময়মতো বিমানে উঠতে না পারার জন্যই তিনি পুরো টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন!

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলার কথা ছিল বাঁহাতি অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেনের। টুর্নামেন্ট শুরুর বেশ কিছুদিন আগে থেকেই ম্যাচ অফিশিয়াল, ক্রিকেটার, টিম ম্যানেজমেন্টের ১৬২ জনকে নিয়ে ত্রিনিদাদ ও টোবাগোতে উড়িয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন আয়োজকরা। সেখানে করোনা নেগেটিভ নিশ্চিত হওয়ার পর ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে সবাইকে। কিন্তু জ্যামাইকা থেকে বার্বাডোজে যাওয়ার বিমান ধরতে পারেননি ফ্যাবিয়ান। যে কারণে শুরু হয় গণ্ডগোল।

বার্বাডোজে থেকে চাটার্ড ফ্লাইটে ক্রিকেটারদের ত্রিনিদাদ ও টোবাগোতে পৌঁছানোর পরিকল্পনা ছিল। কিন্তু জ্যামাইকা বিমানবন্দরে পৌঁছতে দেরি করায় ফ্যাবিয়ান বার্বাডোজের চাটার্ড ফ্লাইট মিস করেন। স্বাভাবিক বিমান যাতায়াত নিয়ন্ত্রিত হওয়ায় স্বাভাবিকভাবেই আর এই টুর্নামেন্টে খেলা হচ্ছে না ফ্যাবিয়ানের। তার এজেন্ট জানিয়েছেন, বিস্তারিত সূচি বুঝতে সমস্যা হওয়ায় তারা সময়মতো বার্বাডোজে পৌঁছাতে পারেননি। এটাকে তিনি দুর্ভাগ্যজনক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

করোনায় আক্রান্ত রামেন্দু মজুমদার-ফেরদৌসী মজুমদার দম্পতি

0

করোনায় আক্রান্ত হয়েছেন রামেন্দু মজুমদার ও তার স্ত্রী অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। বর্তমানে তারা নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন। রামেন্দু মজুমদার নিজেই গণমাধ্যমকে স্ত্রীসহ করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৪ জুলাই ফেরদৌসী মজুমদার জ্বরে আক্রান্ত হন। তার মধ্যে করোনা উপসর্গ দেখা দিলে ১৮ জুলাই টেস্ট করা হয়৷ সেখানে রেজাল্ট কভিড ১৯ পজিটিভ আসে। তখন থেকেই তিনি আইসোলেশনে ছিলেন।

রামেন্দু বলেন, ফেরদৌসীর করোনা ধরা পড়ার এক সপ্তাহ পর আমারও জ্বর অনুভব হয়। তখন আমিও টেস্ট করাই। আমারও পজিটিভ রেজাল্ট আসে। তবে সবার প্রার্থনা ও চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত আমরা দুজনই সুস্থ আছি৷ সবাই দুশ্চিন্তা করবে বলে কাউকে তখন জানাইনি।

তবে করোনার উপসর্গ এখনো পুরোপুরি দূর হয়নি। দুতিন দিনের মধ্যে আবারও টেস্ট করাবেন এ দম্পতি। কয়েক দশক ধরে এদেশের অভিনয়ে জনপ্রিয় নাম রামেন্দু ও ফেরদৌসী মজুমদার। মঞ্চের পাশাপাশি টেলিভিশন ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই দম্পতি।

শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার রামেন্দুকে ২০০৯ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। ফেরদৌসী মজুমদারও পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক।

‘দিশাকে ধর্ষণ করে হত্যা ও সুশান্তকে খুন করা হয়েছে’

0

বলিউডে সুশান্ত এবং তার প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু নিয়ে আসছে একের পর এক নতুন মোড়। এবার ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির নেতা এবং মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী নারায়েন রানে অভিযোগ করেছেন, সুশান্তের প্রাক্তন ম্যানেজারের মৃত্যুর কারণ আত্মহত্যা নয়, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।

সাথে তিনি আরও বলেন, ‘সুশান্তকেও হত্যা করা হয়েছে। মহারাষ্ট্র পুলিশ কাউকে বাঁচাতে এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছেন।’ সম্প্রতি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তুলেন।

তিনি বলেন, ‘মুম্বাই ও মহারাষ্ট্র পুলিশ চাইলেই এই বিষয়ের সুরাহা করতে পারেন, কিন্তু ক্ষমতাবান কাউকে বাঁচাতে তারা সেটি করছেন না।’ তিনি আরও বলেন, ‘ জুন মাসের ৮ তারিখ এবং ১৩ তারিখে হওয়া দুটি অনুষ্ঠানে যারা উপস্থিত ছিল তাদের জিজ্ঞাসাবাদ করলেই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। ঐ অনুষ্ঠানে মহারাষ্ট্রের একজন বড় রাজনৈতিক নেতাও উপস্থিত ছিলেন।’

দিশার পোস্টমর্টাম রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘পোস্টমর্টাম রিপোর্টে দিশার শরীরের গোপন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, এ থেকে বোঝা যায় এটি আত্মহত্যা নয়।’

দুটি বিষয় একে অন্যের সাথে জড়িত উল্লেখ করে এই নেতা বলেন, ‘দিশার মৃত্যুর কারণ সুশান্তের জানা ছিল, তাই তাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে হুমকি দেয়া হতো। কে সুশান্তকে হুমকি দিচ্ছিলেন, তা বের করা বড় কোনো বিষয় নয়।’ শেষে এই দুটি হত্যা মামলা কে সিবিআই’র হাতে তুলে দেয়ার আবেদন করেন নারায়েন রানে

মুম্বাইয়ে অভিনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

0

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই আবারও অপমৃত্যুর ঘটনা ঘটলো ভারতের বিনোদন শিল্পে। মুম্বাইয়ে নিজ বাড়ি থেকে টিভি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা সমীর শর্মাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার মরদেহ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমাণ অভিনেতা সমীর আত্মহত্যাই করেছেন। তবে পুলিশ গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ফ্ল্যাটের ওয়াচম্যানই প্রথম অভিনেতার মরদেহটি দেখতে পান। তারপর তিনি পুলিশকে খবর দেন। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, অভিনেতা ২ দিন আগেই আত্মহত্যা করেন। কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ফ্ল্যাটের ওয়াচম্যানই প্রথম অভিনেতার মরদেহটি দেখতে পান। তারপর তিনি পুলিশকে খবর দেন। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, অভিনেতা ২ দিন আগেই আত্মহত্যা করেন। কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। মালাদের ওই ফ্লাটটি তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে ভাড়া নিয়েছিলেন।

জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ইয়ে রিশতে হ্যায় পিয়ার কে’র জন্য তিনি সর্বাধিক পরিচিত ছিলেন। তিনি বেশ কিছু জনপ্রিয় টিভি সিরিয়ালে অভিনয় করেছেন। এছাড়া ‘হাসি তো ফাসি’ ও ‘ইত্তেফাক’ সিনেমাতেও তিনি অভিনয় করেছেন।

২০২০ সালে বেশ কিছু আত্মহত্যার ঘটনা ঘটেছে ভারতের বিনোদন জগতে। টেলিভিশন ও সিনেমা উভয় শিল্পের লোকই। এর মধ্যে রয়েছেন মনমীত গ্রেওয়াল, প্রেক্ষা মেহতা এবং সবচেয়ে আলোচিত সুশান্ত সিং রাজপুত।

উল্লেখ্য, ‘ইয়ে রিশতে হ্যায় পিয়ার কে’ সিরিয়ালের মূল অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বিহারের পাটনা থানায় সুশান্ত সিং রাজপুতের বাবা মামলা করার পর থেকেই নিখোঁজ অভিনেত্রী। এখন রিয়ার কর্মকাণ্ডের সঙ্গে তার সহ-অভিনেতা সমীর শর্মার কোনো যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

ফজিলাতুন্নেছা মুজিব নারী সমাজের প্রেরণার উৎস : রাষ্ট্রপতি

0

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বাঙালির অহংকার, নারী সমাজের প্রেরণার উৎস।

৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, শৈশব থেকেই তিনি ছিলেন সাহসী ও দৃঢ়চেতা। যে-কোনো পরিস্থিতি তিনি বুদ্ধিমত্তা, বিচক্ষণতা দিয়ে মোকাবিলা করতেন। তিনি কেবল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনীই ছিলেন না, বাঙালির মুক্তিসংগ্রামেও তিনি ছিলেন অন্যতম অগ্রদূত।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনি এই মহীয়সী নারীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এ বছর বঙ্গমাতার জন্মবার্ষিকীতে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক’ যা মহীয়সী এ নারীর জীবন ও কর্মের সাথে গভীরভাবে সম্পৃক্ত এবং যথার্থ হয়েছে বলে আমি মনে করি।

মো. আবদুল হামিদ বলেন, দেশের স্বার্থে বঙ্গবন্ধুকে অসংখ্যবার কারাবরণ করতে হয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সেই কঠিন দিনগুলো স্বামীর পাশে থেকে দৃঢ়তার সাথে পরিস্থিতি মোকাবিলা করেছেন। পরিবারের দেখাশোনার পাশাপাশি স্বামীর মুক্তির জন্য মামলা পরিচালনা, দলের সাংগঠনিক কাজে পরামর্শ ও সহযোগিতা দান সবই তাঁকে করতে হয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের নেপথ্যেও ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। তাঁরই অনুপ্রেরণায় বঙ্গবন্ধু হৃদয় থেকে উৎসারিত যে অলিখিত ভাষণ প্রদান করেছিলেন তা ছিল স্বাধীনতার ডাক। দেশ ও জাতির জন্য অপরিসীম ত্যাগ, সহমর্মিতা, সহযোগিতা ও বিচক্ষণতা তাকে বঙ্গমাতায় অভিষিক্ত করেছে।

রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালে পাকিস্তানে কারাবন্দি স্বামীর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গভীর অনিশ্চয়তা ও শঙ্কার মাঝেও তিনি অসীম ধৈর্য, সাহস ও বিচক্ষণতার সাথে পরিস্থিতি মোকাবিলা করেছেন। আমাদের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, বঙ্গমাতা ছিলেন নির্লোভ, নিরহংকার ও পরোপকারী। পার্থিব বিত্ত-বৈভব বা ক্ষমতার জৌলুস কখনো তাঁকে আকৃষ্ট করতে পারেনি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পত্নী হয়েও তিনি সবসময় সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। তিনি সকলের সাথে ভালো ব্যবহার করতেন, গরিব-দুঃখীদের সাহায্য করতেন। তিনি ছিলেন আদর্শ বাঙালি নারীর প্রতিকৃতি।

রাষ্ট্রপতি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে স্বামী-পুত্র-পুত্রবধূসহ নিকট আত্মীয়ের সঙ্গে তিনি ধানমন্ডির নিজ বাসভবনে স্বাধীনতাবিরোধী ঘাতকচক্রের হাতে নির্মমভাবে শহিদ হন। জাতির ইতিহাসে সে এক কলঙ্কজনক অধ্যায়। বঙ্গমাতা আমাদের মাঝে না থাকলেও তার রেখে যাওয়া আদর্শ সবসময় আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

তদন্তে কক্সবাজারের এসপির নাম এলে তার বিরুদ্ধেও ব্যবস্থা

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, মেজর সিনহা নিহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটির রিপোর্টে কক্সবজারের এসপির বিরুদ্ধে কোনো বিষয় থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আজ শুক্রবার সকালে ধানমন্ডিতে তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিনহা রাশেদ নিহতের ঘটনা খুবই দুঃখজনক। এ ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পরই এ মামলা জট খুলে যাবে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই তারা তদন্ত রিপোর্ট আমাদের কাছে জমা দেবেন। মেজর (অব.) সিনহা রাশেদ নিহতের ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না।

সিনহা রাশেদ নিহতের ঘটনায় এরইমধ্যে পুলিশ মহাপরিদর্শক এবং সেনাপ্রধান কক্সবাজার পরিদর্শন করেছেন বলেও জানান তিনি। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তদন্তে কক্সবাজারের এসপির বিষয়ে কিছু পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

হাসপাতালে অভিযান পরিচালনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েই সব অভিযান পরিচালনা করতে হবে।’

দেশে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : কৃষিমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, অর্থনীতির সব ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। যেটি সারা পৃথিবীতে প্রশংসিত হচ্ছে, নন্দিত হচ্ছে। সারা পৃথিবীর বিভিন্ন অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক মিডিয়া বিভিন্নভাবে বাংলাদেশকে প্রশংসা করছে। বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ ছিল, এটি আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

মন্ত্রী শুক্রবার তাঁর সরকারি বাসভবন থেকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্ধি রেজিয়া কলেজে এসএসসিতে জিপিএ ফাইভপ্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, বিশ্বের সাথে প্রতিযোগিতা করে দেশকে আরো উন্নত সমৃদ্ধ করতে হলে তরুণ মেধাবীদের জ্ঞানবিজ্ঞানে আরো বেশি দক্ষ হতে হবে, প্রযুক্তিতে আরো বেশি সক্ষমতা অর্জন করতে হবে। মঙ্গলগ্রহে যাওয়ার চিন্তা করছে মানুষ এখন, এই সময়ে প্রযুক্তিতে পিছিয়ে থাকলে কোনোদিনই এ দেশ উন্নত দেশে পরিণত হবে না। সেজন্য মেধাবীদের জন্য উন্নত প্রশিক্ষণ ও উচ্চতর শিক্ষার ব্যবস্থা করতে হবে। যার মাধ্যমে তারা নতুন ও সময়োপযোগী প্রযুক্তি নিয়ে আসতে সক্ষম হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, এ দেশটিকে তোমাদের ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। সূর্যের মতো তোমাদের আলোয় সবাইকে আলোকিত করবে। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে ধারণ করে নিজেদের জীবনকে গড়বে। তোমাদের মেধা, কাজ ও যোগ্যতার মাধ্যমে দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করবে।

এ অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, মুশুদ্ধি রেজিয়া কলেজের অধ্যক্ষ কেশব চন্দ্র, উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, মুশুদ্ধি রেজিয়া কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

চতুর্থ শিল্প বিপ্লবের ফলে অনেক চাকরি বিলুপ্ত হয়ে যাবে : শিক্ষামন্ত্রী

0

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লব হবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের বিপ্লব। যেখানে মানুষের স্বাভাবিক জীবন যাপনের সাথে একান্ত সঙ্গী হয়ে যাবে প্রযুক্তি। চতুর্থ শিল্প বিপ্লব আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এই শিল্প বিপ্লবের ফলে গতানুগতিক অনেক চাকরি বিলুপ্ত হয়ে যাবে। আবার চাকরি ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এই চ্যালেঞ্জকে আমরা একটি সম্ভাবনায় পরিণত করতে চাই। এজন্য আমাদেরকে প্রযুক্তি নির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। আর এ লক্ষ্যে ২০৫০ সালের মধ্যে কারিগরি শিক্ষায় ভর্তির হার ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

তিনি আজ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আয়োজনে চতুর্থ শিল্প বিপ্লবের সফল অংশীদার হতে কারিগরি শিক্ষার গুরুত্ব শীর্ষক এক অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো: আমিনুল ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বিজয় কুমার ঘোষ।

মন্ত্রী বলেন, আমাদেরকে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার দক্ষতা অর্জন করতে হবে। জীবনব্যাপী শিখতে শেখাই হবে আমাদের প্রধানতম দক্ষতা।

মহিবুল হাসান চৌধুরী বলেন, চতুর্থ শিল্প বিপ্লব আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আর এ চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের জনশক্তিকে প্রয়োজনে রিস্কিলিং ও আপস্কিলিং করার প্রয়োজন হতে পারে। এজন্য আমরা বিভিন্ন রকম শর্ট কোর্স চালু করতে যাচ্ছি।

তিনি আরো বলেন, সবার জন্য কারিগরি শিক্ষার সুযোগ তৈরি করতে কাজ করছে সরকার।

মো. আমিনুল ইসলাম খান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের ফলে ইনকাম বৈষম্য তৈরি হবে। কিছু লোক অল্প সময়ে প্রযুক্তিগত দক্ষতার কারণে অনেক বেশী আয় করবে আর অন্যদিকে কিছু লোক দীর্ঘসময় পরিশ্রম করে ও কোনো রকমে জীবিকা নির্বাহ করবে। তাই শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কারিকুলাম পরিবর্তন করতে হবে।

মহামারির রোগ গোপন করা অপরাধ : স্বাস্থ্য অধিদপ্তর

0

করোনাভাইরাস মহামারিকালে কারও জ্বর-কাশি বা এ ধরনের লক্ষণ-উপসর্গ দেখা দিলে গোপন না করে অবশ্যই নমুনা পরীক্ষা করাতে হবে। মহামারির রোগ গোপন করা একটি অপরাধ বলে উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ শুক্রবার করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে নিয়মিত বুলেটিনে একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, আমরা কয়েক দিন আগেই কোরবানির ঈদ উদযাপন করেছি। পশুর হাটে অনেক লোক সমাগম হয়েছে। ঈদ উৎসব পালন করতেও আমরা অনেকে সমবেত হয়েছি। এই মুহূর্তে যে কারও লক্ষণ-উপসর্গ থাকলে অবশ্যই নমুনা পরীক্ষা করতে দেব। কোনো রকম জ্বর-কাশি হলে গোপন করব না। যেহেতু এই মহামারি রোগ গোপন করাও একটি অপরাধ। কাজেই মহামারির কোনো লক্ষণ, উপসর্গ দেখা দিলে অবশ্যই আপনারা নমুনা পরীক্ষা করবেন এবং এই রোগ প্রতিরোধে সহায়তা করবেন।

নাসিমা সুলতানা আরো বলেন, আমরা যেসব স্বাস্থ্যবিধি প্রতিনিয়তই বলি, সেগুলো অবশ্যই মেনে চলতে হবে। যেমন সঠিকভাবে মাস্ক পরা, বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, শারীরিক দূরত্ব বজায় রাখা বা জনসমাবেশ এড়িয়ে চলা। প্রত্যেকটি জিনিস একইসাথে করতে হবে, কোনো একটি আলাদাভাবে নয়। তাহলেই আমরা এই করোনাকে মোকাবিলা করতে পারবো।

তিনি বলেন, তাছাড়া যারা অসংক্রামক ব্যাধিতে ভুগছেন, তারা অনেক বেশি সতর্ক-সচেতন থাকবেন। কারণ করোনায় আক্রান্ত হলে তাদের জন্য ঝুঁকি অনেক বেড়ে যায়। কাজেই আপনার সুরক্ষা আপনার হাতে বলেও জানান তিনি।

স্বাস্থ্যবিধি মেনে চলায় শৈথিল্য দেখা যাচ্ছে : কাদের

0

দেশের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ নতুন করে দেখা দিয়েছে। বাংলাদেশে এখন সংক্রমণের ইতালিকে ছাড়িয়ে ১৫তম অবস্থানে। দেশে কয়েকসপ্তাহ একটি নির্দিষ্ট ট্রেন্ডে অবস্থান করলেও এ সপ্তাহের নমুনা পরীক্ষা বাড়ার সাথে সাথেই সংক্রমণের হার বেশি দেখা যাচ্ছে। অপরদিকে মাস্ক প্ররিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে শৈথিল্য দেখা যাচ্ছে। আবার অনেকে লক্ষণ দেখা দিলে অনুমতি করাচ্ছে না।

আজ শুক্রবার (৭ আগস্ট) সকালে সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, পরীক্ষার প্রতি অবহেলা স্বাস্থ্যবিধি প্রতি অবহেলা আমাদের চলমান পরিস্থিতিতে যেকোনো সময় ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। তিনি মানুষের মাঝে মাস্ক পরিধানের গুরুত্ব তুলে ধরে অব্যাহত সচেতনতা আরো বাড়াতে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান।

আদালত খুলে দেওয়া প্রসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, জনস্বার্থ এবং বিচারপ্রার্থীদের বিষয় বিবেচনায় নিয়ে নিম্ন আদালতে বিচার কাজ শুরু হয়েছে। বিচারালয় স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানান তিনি।

এবারের ঈদ যাত্রা প্রসঙ্গে ওবায়দুর কাদের বলেন, ঈদ যাত্রায় ফেরিঘাটের সমস্যা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ছাড়া অন্যান্য মহাসড়ককে ভ্রমণ স্বস্তিদায়ক ছিল। তিনি আইন প্রয়োগকারী সংস্থা, জেলা প্রশাসন, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সড়ক প্রকৌশলীদের ধন্যবাদ জানান। সড়ক দুর্ঘটনা রোধে ফিরতি যাত্রা ট্রাফিক আইন মেনে সতর্কতার সাথে গাড়ি চালানোর জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধ জানিয়ে আইন প্রয়োগকারী সংস্থা বিশেষ করে হাইওয়ে পুলিশের নজরদারি অব্যাহত রাখার জন্য আহ্বান জানান তিনি।

মন্ত্রণালয়ের অধীনস্থ সকল দপ্তরের সংস্থার কর্মকর্তাদের উদ্দেশ্যে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, পদোন্নতি, পদায়নের ক্ষেত্রে যোগ্যতার পাশাপাশি আমরা পারফরমেন্সকে ও মূল্যায়ন করব। সরকারি দায়িত্ব পালন সেবার মানসিকতা সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার এবং কর্মনিষ্ঠা মূল্যায়ন করা হবে।

তিনি বলেন, ভালো কাজ করলে পুরস্কৃত হবেন মন্দ কাজ করলে তিরস্কৃতসহ চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।