Home Blog Page 2765

করোনায় আক্রান্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি

0

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. ফসিউল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় ডিজির পিএস শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

হাবিবুর রহমান বলেন, স্যার গত পরশু টেস্ট করিয়েছিলেন, আজ রিপোর্ট পজিটিভ এসেছে। ঈদের আগে তাঁর সামান্য জ্বর ছিল, জ্বর থেকে তিনি সেরেও উঠেছিলেন। তবে সন্দেহ থাকায় টেস্ট করাতে দিয়েছিলেন।

তিনি আরো বলেন, কভিড-১৯ পজিটিভ হওয়ায় বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার আপাতত অন্য কোনো জটিলতা নেই।

গুজব রটিয়ে কোনো লাভ হবে না : ওবায়দুল কাদের

0

একটি অশুভ চক্র নানা ইস্যুতে গুজব রটনা এবং অপপ্রচারে লিপ্ত বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনমন্ত্রী ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
নানা ঘটনাকে ইস্যু করে এই চক্র সরকার উৎখাতের দিবাস্বপ্ন দেখছে মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের শিকড় এ দেশের মাটির অনেক গভীরে। গুজব রটিয়ে, অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না।
আজ শুক্রবার (৭ জুলাই) সড়ক ও জনপথ অধিদফতরের খুলনা জোনের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
তিনি অধিদফতরের বিভিন্ন জোনের সঙ্গে ধারাবাহিক ভিডিও কনফারেন্সের অংশ হিসেবে সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে খুলনার সঙ্গে যুক্ত হন।
কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খানের মৃত্যুর ঘটনার প্রসঙ্গ টেনে সড়ক ওবায়দুল কাদের বলেন, সাবেক সেনা সদস্য মেজর রাশেদের মর্মান্তিক ঘটনাকে ঘিরে কেউ কেউ দুই বাহিনীর মধ্যে উসকানি দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। জনগণ সব বিষয়ে সচেতন রয়েছে। এ বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক। ইতোমধ্যে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত কমিটি কাজ করছে। অনেককে গ্রেফতার করা হয়েছে। আমি গুজব রটনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে দেশে-বিদেশে সংশ্লিষ্টদের সতর্ক থাকার অনুরোধ করছি। তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সমস্যার সুরাহা করা হবে।
দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে সেতুমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ নতুন করে দেখা দিয়েছে। বাংলাদেশ এখন সংক্রমণে ইতালিকে ছাড়িয়ে ১৫ তম অবস্থানে। দেশে কয়েক সপ্তাহ একটি নির্দিষ্ট ট্রেন্ডে অবস্থান করলেও এ সপ্তাহে নমুনা পরীক্ষা বাড়ার সঙ্গে সঙ্গেই সংক্রমণের হার বেশি দেখা যাচ্ছে। অপরদিকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে শৈথিল্য দেখা যাচ্ছে। আবার অনেকে লক্ষণ দেখা দিলে পরীক্ষা করাচ্ছে না। পরীক্ষার প্রতি অবহেলা, স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা আমাদের চলমান পরিস্থিতিকে যেকোনও সময় ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। আমি মানুষের মাঝে মাস্ক পরার গুরুত্ব তুলে ধরে অব্যাহত সচেতনতা আরও বাড়াতে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি এবং সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। ঈদের সময়ও টার্মিনাল এবং পরিবহনে কেউ কেউ মানলেও অনেকেই স্বাস্থ্যবিধি তোয়াক্কা করেনি।
আদালত খুলে দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনস্বার্থ ও বিচারপ্রার্থীদের বিষয় বিবেচনায় নিয়ে নিম্ন আদালতে বিচার কাজ শুরু হয়েছে। বিচারালয়ে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানাচ্ছি।
এবারের ঈদযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, ঈদযাত্রায় ফেরিঘাটের সমস্যা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ছাড়া অন্যান্য মহাসড়ককে ভ্রমণ স্বস্তিদায়ক ছিল। আইন প্রয়োগকারী সংস্থা, জেলা প্রশাসন, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সড়ক প্রকৌশলীদের ধন্যবাদ জানাচ্ছি। সড়ক দুর্ঘটনা রোধে ফিরতি যাত্রা ট্রাফিক আইন মেনে সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধ করছি। পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থা, বিশেষ করে হাইওয়ে পুলিশের নজরদারি অব্যাহত রাখার জন্য আহ্বান জানাচ্ছি।
মন্ত্রণালয়ের অধীনস্থ সব দফতরের সংস্থার কর্মকর্তাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, পদোন্নতি, পদায়নের ক্ষেত্রে যোগ্যতার পাশাপাশি আমরা পারফরম্যান্সকেও মূল্যায়ন করবো। সরকারি দায়িত্ব পালনে সেবার মানসিকতা, সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার এবং কর্মনিষ্ঠা মূল্যায়ন করা হবে। ভালো কাজ করলে পুরস্কৃত হবেন, মন্দ কাজ করলে তিরস্কারসহ চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই আমি সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু

0

দীর্ঘ ১০ ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাঁঠালবাড়ী পর্যন্ত নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে পদ্মার তীব্র স্রোতের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।
এর আগে পদ্মায় তীব্র স্রোতের কারণে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল।
আজ শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে পদ্মায় তীব্র স্রোতের কারণে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল।
এছাড়া এ রুটে সকাল থেকে লঞ্চ চলাচল করছে। যাত্রীদের উপস্তিতিও বেশি।

এ বিষয়ে শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসি’র ব্যবস্থাপক সাফায়েত আহমেদ গণমাধ্যমকে জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টায় চারটি ছোট ফেরি চালুর মাধ্যমে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
তিনি জানান, পদ্মার তীব্র স্রোতের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ফেরিতে করে অনেকে নদী পার হচ্ছেন।
শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় তেমন গাড়ি নেই। তবে কাঁঠালবাড়ী ঘাটে যাত্রীদের ভিড় রয়েছে।
বর্তমানে এক নম্বর ফেরিঘাট দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করছে ফেরিগুলো। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় ৩০টির মতো গাড়ি রয়েছে।

করোনায় আরও ২৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৮৫১

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৩ হাজার ৩৩৩ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৮৫১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৫২ হাজার ৫০২ জন।
আজ শুক্রবার (৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২৫৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১২ হাজার ৬৯৯টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১২ লাখ ৩৭ হাজার ৮২৩টি। নতুন পরীক্ষায় করোনা মিলেছে দুই হাজার ৮৫১ জনের মধ্যে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৫২ হাজার ৫৯২ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২৭ জন। ফলে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো তিন হাজার ৩৩৩ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৪৫ হাজার ৫৮৪ জনে।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। এতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯২ লাখ ৭২ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা সাত লাখ ১৭ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা এক কোটি ২৩ লাখ ৭৩ হাজার প্রায়।

প্রধানমন্ত্রীর দুরদর্শী নেতৃত্বের কারনে করোনা মোকাবেলা করা সম্বভ, বিভাগীয় কমিশনার

0

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, প্রধানমন্ত্রীর দুরদর্শী নেতৃত্বের কারনে আমরা করোনা মোকাবেলা করতে পারছি। লকডাউনে ক্ষতির পরিমান যাহা ভাবা হয়েছিল সে তুলনায় অনেক কম হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মৃত্যুর হারের তুলনায় আমাদের দেশে মৃত্যু হারও অনেক কম। বিভাগীয় কমিশনার বলেন, করোনাকে মোকাবেলা করতে হলে আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনার মধ্যেও আমাদের সকল উন্নয়ন ও অগ্রগতিকে অব্যাহত রাখতে হবে।
করোনার কারনে সমাজে যাতে মাদকের ব্যবহার না বাড়ে সেদিকেও লক্ষ রাখতে হবে। স্কুল-কলেজের ছেলে মেয়েরা যাতে ঝরে না পড়ে এজন্য তাদেরকে অনলাইনে লেখাপড়ার ব্যবস্থা করতে হবে। রোধ করতে হবে বাল্যবিবাহ। করোনার বিরুপ প্রভাব গ্রামীণ অর্থনীতির উপর না পড়ে এজন্য কৃষি উৎপাদন বাড়াতে হবে। খাদ্য নিরাপত্তার জন্য প্রয়োজনীয় কৃষি জমি সংরক্ষন করতে হবে। গাছ লাগানোর পর তা সংরক্ষন করতে হবে।
সরকারি খাল অবমুক্ত রাখার জন্য নেট-পাটা অপসারণ করতে হবে। বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন করোনাকালে সরকারি সেবা যাতে ব্যাহত না হয় এবং সকল উন্নয়ন কাজ যাতে অব্যাহত থাকে এজন্য তিনি মাঠ প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের প্রতি আহবান জানান এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী এর সভাপতিত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে কোভিড-১৯ ব্যবস্থাপনা, দূর্ণীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সন্ত্রাস ও জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও মাদক নির্মূল বিষয় নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার এসব কথা বলেন।
সহকারি কমিশনার (ভুমি) মুহাম্মদ আরফাতুল আলম এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক শাহিন বিন জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, ওসি মোঃ এজাজ শফী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এ.এইচ.এম, জাহাঙ্গীর আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণু পদ মন্ডল, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী ফরিদ উদ্দিন, সহকারি শিক্ষা অফিসার আসাদুজ্জামান ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বিভাগীয় কমিশনার হিতামপুর জামে মসজিদের নির্মাণ কাজ ও পুরাইকাটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।

একাত্তর টিভির কর্মী ইউসুফ জামিলের মৃতদেহ উদ্ধার

0

বাড্ডা থানার বেরাইদ এলাকায় বন্ধুদের সাথে বালু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ একাত্তর টিভির সম্প্রচার বিভাগের কর্মী ইউসুফ জামিলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার ভোরে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
গতকাল বালু নদীতে সাঁতার কাটতে গিয়ে ইউসুফ ডুবে যান। এরপর স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান না পাওয়ায় উদ্ধারকারীদের সংবাদ দেওয়া হয়।
জানা গেছে, বালু নদীর বেরাইদ ঘাটে তিন যুবক একসঙ্গে সাঁতার দিয়েছিলেন ওপারে যাওয়ার জন্য। সাঁতরে দুইজন অপর প্রান্তে যেতে পারলেও ইউসুফ তীরে উঠতে পারেননি। ওপারে ইউসুফকে দেখতে না পেয়ে স্থানীয়দের জানালে খোঁজাখুঁজি শুরু হয়।

করোনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মৃত্যু

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফিউল আলম তরফদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার রাত পৌনে ১০ টার দিকে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গণিতের অধ্যাপক শফিউলের বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি নগরীর চন্দনপুরা এলাকায় বসবাস করতেন।
তার সহকর্মী গণিত বিভাগের অধ্যাপক ড. আমান উল্লাহ জানান, কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৩ জুলাই অধ্যাপক শফিউল হাসপাতালে ভর্তি হন। গত কিছু দিন ধরে উনি কিছুটা সুস্থ ছিলেন। কিন্তু আজ রাতে জানতে পারি যে, তিনি মারা গেছেন।
অধ্যাপক শফিউল আলমের তিন মেয়ে রয়েছে। শুক্রবার বাদ জুমা মিসকিন শাহ মাজারে তার জানাজা হবে বলে অধ্যাপক আমান উল্লাহ জানিয়েছেন।

আজ তিন বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ

0

করোনাভাইরাস ওলটপালট করে দিয়েছে পুরো বিশ্বকে। বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। কমবেশি সব খেলায়ই এর প্রভাব পড়েছে মারাত্মকভাবে। এরই মধ্যে ক্রিকেটের তিনটি বিশ্বকাপের সূচিতে বদল আনতে বাধ্য হয়েছে খেলাটির সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবু নিতে পারেনি চূড়ান্ত সিদ্ধান্ত।
আজ আইসিসি বোর্ডের সভায় আলোচনা হবে সেই তিন বিশ্বকাপের দুইটি এবং নারী ওয়ানডে বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ নিয়ে। সূচিতে পরিবর্তন আনা হয়েছে ২০২০ ও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের। সবগুলো আসরই ছয় মাস থেকে এক বছর করে পিছিয়ে দেয়া হয়েছে।
তবে শুক্রবারের বোর্ড সভায় আলোচনা হবে ২০২১ সালের নারী ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে বিস্তারিত এবং ২০২০ ও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নির্ধারণ করা নিয়ে। তিন সপ্তাহের মধ্যে আইসিসি বোর্ডের এটি দ্বিতীয় সভা হবে।
প্রাথমিকভাবে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়াতে হওয়ার কথা ছিল ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। পিছিয়ে দেয়া হয়েছে ২০২১ সালের অক্টোবর-নভেম্বরে। একইভাবে ২০২১ সালে ভারতের মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ নেয়া হয়েছে ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে। সবশেষ ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ মার্চ-এপ্রিল থেকে সরিয়ে দেয়া হয়েছে একই বছরের অক্টোবর-নভেম্বরে।
এই তিন আসরের মধ্যে ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু নিয়ে কোনো আলোচনাও প্রয়োজন নেই। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপগুলো আয়োজন করবে কারা, তা ঠিক করাই এখন বড় চ্যালেঞ্জ। ২০২১ সালে যেহেতু ভারতে হওয়ার কথা ছিল, তারা ২০২১ সালেই করবে নাকি ২০২১ সালের আসর ২০২২ সালে চলে যাওয়ায় তারা পারবে ২০২২ এর আয়োজক স্বত্বা- তা নিয়েই হবে আলোচনা। তবে এটা নিশ্চিত যে এ দুই বিশ্বকাপ হবে ভারত এবং অস্ট্রেলিয়ার মাটিতেই।
এদিকে অনিশ্চয়তার ঘেরাটোপে ঢাকা ২০২১ সালের নারী ওয়ানডে বিশ্বকাপ। যা কি না বর্তমান সূচিতে রয়েছে ৬ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত, আয়োজক দেশ নিউজিল্যান্ড। এরই মধ্যে দেশটিকে করোনামুক্ত ঘোষণা দেয়া হয়েছে। মাঠেও ফিরেছে সব খেলাধুলা। তবু নিশ্চিত করে বোলার উপায় নেই, যথাসময়েই হবে কি না নারী বিশ্বকাপটি। কেননা অংশগ্রহণকারী সব দেশ তো আর করোনামুক্ত নয়।

যুক্তরাষ্ট্রে টিকটক-উইচ্যাট নিষিদ্ধে ট্রাম্পের নির্বাহী আদেশ

0

যুক্তরাষ্ট্রে টিকটক-উইচ্যাট নিষিদ্ধে নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার তিনি এই আদেশে সই করেন। নির্বাহী আদেশ জারির ৪৫ দিনের মাথায় এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
দুটি আদেশে টিকটকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান বাইটড্যান্স ও উইচ্যাটের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ট্যানসেন্টের সঙ্গে লেনদেন বন্ধের আদেশ দেয়া হয়।
চীনভিত্তিক দুইটি টেক জায়ান্টের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অভিযোগ, তারা চীনের কাছে যুক্তরাষ্ট্রের তথ্য পাচার করছে।
নির্বাহী আদেশে ট্রাম্প লেখেন, টিকটকের সংগৃহিত ব্যবহারকারীদের তথ্য মার্কিন সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারি চালাতে চীনকে সুযোগ করে দিবে। সেইসঙ্গে মানুষকে প্রতারণা ও কর্পোরেট কেলেঙ্কারি জন্য তথ্য হাতিয়ে নেবে।

ভারতে একদিনে সর্বোচ্চ শনাক্ত ৬২ হাজার করোনা রোগী

0

করোনাভাইরাসের নতুন সংক্রমণের রেকর্ড হলো ভারতে। একদিনে দেশটিতে সংক্রমণ শনাক্ত হয়েছে ৬২ হাজার মানুষের। প্রতিবেশী দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে।
২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে আরও ৯শ’ জনের। করোনায় দেশটিতে প্রাণহানি দাঁড়িয়েছে ৪১ হাজার ৬শ’র ওপর।
টানা এক সপ্তাহ ধরেই ভারতে দৈনিক সংক্রমণ শনাক্তের সংখ্যা ৫০ হাজারের ওপর। মাত্র ৯ দিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫ লাখ।
সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে সংক্রমিতের সংখ্যা ৪ লাখ ৮০ হাজারের কাছাকাছি। মৃতের সংখ্যা ১৮ হাজার ছুঁইছুঁই। পরের অবস্থানেই তামিলনাড়ু। ২ লাখ ৭৯ হাজারের বেশি সংক্রমণ আর সাড়ে ৪ হাজারের বেশি প্রাণহানি হয়েছে রাজ্যটিতে। অন্ধ্রপ্রদেশে সংক্রমণ ১ লাখ ৯৭ হাজারের কাছাকাছি।
এদিকে গত কয়েক দিনে স্বরাষ্ট্রমন্ত্রী, কর্ণাটক ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীসহ বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব আক্রান্ত হয়েছেন করোনায়।