Home Blog Page 2767

ভার্চুয়াল ও নিয়মিত আদালত পাশাপাশি চলবে

0

নিম্ন আদালতের পর এবার শারীরিক উপস্থিতিতে হাইকোর্টে নিয়মিত বিচার কার্য পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভার্চুয়াল কোর্টের পাশাপাশি চলবে এই নিয়মিত আদালত।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সভায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) বিচারপতিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের মতামত তুলে ধরেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে শারীরিক উপস্থিতিতে নিয়মিত আদালত খুলে দিতে প্রধান বিচারপতিকে দু’দফা চিঠি দেওয়ায় এই সভা ডাকা হয়।

করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৬ মার্চ থেকে সারা দেশের সকল নিয়মিত আদালত কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ অবস্থায় জরুরি মামলার বিচারকার্য পরিচালনার জন্য গত ১১ মে থেকে ভার্চুয়াল আদালত কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। এই ভার্চুয়াল আদালত কার্যক্রম পরিচালনার জন্য ইতিমধ্যে আইন প্রণয়ন করা হয়েছে। কিন্তু নিয়মিত আদালত খুলে দেওয়ার জন্য আইনজীবীরা দাবি জানিয়ে আসছিলেন। এজন্য আইনজীবীরা আন্দোলনে নামেন। এ পরিস্থিতিতে ৫ আগস্ট থেকে সারা দেশে নিয়মিতভাবে নিম্ন আদালত খুলে দেওয়াা হয়েছে।

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের তৈরি বিপুল পরিমাণ অস্ত্র জব্দের দাবি সিরিয়ার

0

সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিপুল পরিমাণ বিধ্বংসী অস্ত্র-গোলাবারুদ জব্দ করেছে দেশটির সেনাবাহিনী। এ ছাড়া রাজধানী দামেস্কের পাশ থেকে উদ্ধার হওয়া শক্তিশালী মাইন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তৈরি বলে জানিয়েছে সিরীয় সরকার।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, বুধবার দেশটির সরকারি বাহিনী অভিযানে নামে। এ সময় এক লাখ ৮০ হাজার পিস বুলেট উদ্ধার করা হয়। এগুলোর মধ্য আধিকাংশই ১৪.৫ ও ১২.৫ হেভি মেশিনগানের গুলি।

খবরে আরো বলা হয়েছে, জব্দ করা অস্ত্রের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তৈরি ভারী মেশিনগান, বিমানবিধ্বংসী কামান ও মাইন রয়েছে।

চলতি বছরের জুনে বিদ্রোহী নিয়ন্ত্রিত দক্ষিণাঞ্চল থেকে বহু অবৈধ গোলাবারুদ, প্রচুর পরিমাণ অস্ত্র, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ আটক করেছিল সিরীয় সরকারি বাহিনী।

সূত্র : তাসনিম নিউজ।

করোনা নিয়ে ভয় না পাওয়ার অনুরোধ মমতার

0

ভারতের পশ্চিমবঙ্গে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা এবং চলছে মৃত্যুর মিছিল। গত কয়েক দিন ধরে আড়াই হাজারেরও বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এমন অবস্থায় বেশি মাত্রায় টেস্ট করা হচ্ছে, তাই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে বলেই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা বলেন, ‘করোনা নিয়ে ভয় পাবেন না। টেস্ট বাড়ানোর ফলেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। দ্রুত সংক্রমিতকে খুঁজে বের করে তাঁর চিকিৎসার ব্যবস্থা করাই রাজ্য সরকারের লক্ষ্য।’ মমতার এই বক্তব্য গুরুত্বপূর্ণ; কারণ রাজ্যে বিরোধীরা অভিযোগ করছেন যে, পশ্চিমবঙ্গ সরকার করোনা মোকাবেলা করতে ব্যর্থ।

এদিকে, বুধবার রাজ্যে ২,৮১৬ জন নতুন করোনা রোগীর সন্ধান মিলেছে এবং গত ২৪ ঘণ্টায় ৬১ জন কভিড আক্রান্তের মৃত্যু হয়েছে। পরিসংখ্যানের দিক থেকে সংক্রমণ এবং মৃতের সংখ্যা দুটোই রেকর্ড এবং অবশ্যই মমতার কাছে তা চিন্তার কারণ।

যদিও গত কয়েকদিন মমতা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে আজ তিনি মন্ত্রিপরিষদের এক বৈঠকের পরে সাংবাদিকদের সাথে আলাপ করেন এবং সাধারণ মানুষকে অভয় দেন। পশ্চিমবঙ্গে এখন প্রতিদিন ২৫ হাজারেরও বেশি করোনা টেস্ট হচ্ছে। ২২ জুলাই থেকে রাজ্যে রেপিড টেস্ট শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, অনেক রাজ্যে টেস্ট কমানো হয়েছে। তবে আমরা চাইছি আরও বেশি টেস্ট করতে। টেস্ট বেশি হলে পজিটিভ কেস বাড়বে। পজিটিভ কেস বাড়লে আক্রান্তের সংখ্যা বাড়বে। ভয় পাবেন না।

রাজ্যে এই মুহূর্তে সংকটজনক অবস্থায় ১১৪৪ জন করোনা রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। করোনা মোকাবেলায় তৈরি হয়েছে প্লাজমা ব্যাংক। রাজ্যে করোনা আক্রান্তদের জন্য বেড বেড়ে হয়েছে ১১,৫৬০। কর্ড ব্লাড ব্যাংকগুলোকেও করোনা মোকাবেলায় কাজে লাগানো যায় কি না দেখা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

অ্যারিজোনা কারাগারের ৫১৭ বন্দি করোনায় আক্রান্ত

0

যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। অ্যারিজোনা অঙ্গরাজ্যের একটি কারাগারে প্রায় অর্ধেক বন্দী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। রাজ্যটির কারা কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে সিবিএস নিউজ।

এদিকে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন কারাগারে করোনায় ৫১ জন মারা গেছে। এর মধ্যে কুখ্যাত সান কোয়েন্টিন কারাগারে মারা গেছে ২২ জন।

দ্য অ্যারিজোনা ডিপার্টমেন্ট অব কারেকশানস এক বিবৃতিতে বলেছে, এএসপিসি-টাকসন হোয়েটসন কারাগারে ৫১৭ জন বন্দী করোনায় আক্রান্ত হয়েছে। তাদেরকে পৃথক রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সুস্থ হওয়ার পরে পুনরায় তাদের কারাগারে পাঠানো হবে।

অ্যারিজোনার সর্বমোট জনসংখ্যা ৭৩ লাখ। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৮০ হাজারেরও বেশি লোক। আক্রান্তদের মধ্যে ১ হাজার ৪২৯ বন্দী রয়েছে।

অপরদিকে ক্যালিফোর্নিয়ায় ৪ কোটি জনসংখ্যার মধ্যে ৫ লাখ ২৪ হাজার করোনায় আক্রান্ত। মারা গেছে ৯ হাজার ৭শ’ লোক।

সূত্র : সিবিএস নিউজ।

সিনহা হত্যা: ৭ আসামির ৭ দিনের রিমান্ড

0

অবসরপ্রাপ্ত মেজর রাশেদ সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপসহ তিন আসামিকে সাতদিন করে রিমান্ডের আদেশ পরিবর্তন করে সাত আসামিকে সাতদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে সাবেক মেজর সিনহা হত্যা মামলার সাবেক ওসি প্রদীপসহ ৩ আসামিকে ৭ দিন করে রিমান্ডের আদেশ পরিবর্তন করে সাত আসামিকে সাতদিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া আত্মসমর্পন করেনি এমন ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাত ৮টার দিকে কক্সবাজার আদালতে সিনহা হত্যা মামলায় র‌্যাবের করা রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। প্রত্যেক আসামির ১০ দিন করে রিমান্ড চেয়েছিল র‌্যাব। আদালত তিনজনের ৭ দিন করে মঞ্জুর করেছেন। তবে, র‌্যাবের আবেদনের প্রেক্ষিতে আদেশ পরিবর্তন করে আত্মসমর্পণ করা আসামিদের সাতদিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করে। এর আগে, র‌্যাব ৭ আসামির বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করে।

এদিকে, রাতে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, সম্পূর্ণ প্রভাবমুক্ত হয়ে সিনহা হত্যা মামলার তদন্ত করবে র‌্যাব।

বৃহস্পতিবার বিকেলে, আত্মসমর্পণ করা আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বিকেলে কক্সবাজারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন আসামিরা। এ সময় জামিন আবেদন করা হলে, বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলায় ৯ আসামির মধ্যে দুইজন আদালতে আত্মসমর্পণ করেননি।

এদিকে, গ্রেপ্তারের পর চট্টগ্রাম থেকে পুলিশ হেফাজতে কক্সবাজারে নেয়া হয় টেকনাফ থানার প্রত্যাহারকৃত ওসি প্রদীপকে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পাঁচটার দিকে কক্সবাজার পৌঁছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন প্রদীপ কুমার দাশ।

বুধবার (৫ আগস্ট) সকালে টেকনাফ থানার ওসি প্রদীপ ও বাহারছড়া চেকপোস্টের আইসি লিয়াকতসহ ৯ পুলিশ সদস্যকে আসামি করে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন নিহতের বোন।

এই মামলায় বাহারছড়া চেকপোস্টের ইনচার্জ এস আই লিয়াকত হোসনকে ১ নম্বর ও প্রত্যাহারকৃত টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকে ২ নম্বর আসামি করে আরো ৭ পুলিশ সদস্যকে আসামি করা হয়। অন্য আসামিরা হলেন: উপপরিদর্শক (এস আই) নন্দলাল রক্ষিত, কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন, এ এস আই লিটন মিয়া, এস আই টুটুল, কনস্টেবল মো. মোস্তফা।

আদালতের নির্দেশে গতরাতে টেকনাফ থানায় নথিভুক্ত করা হয় মামলাটি। এর পরপরই এজাহারভুক্ত ৯ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে র‌্যাবকে।

প্রসঙ্গত, গত শুক্রবার কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ। একে সরাসরি হত্যাকাণ্ড বলে দাবি করছেন সিনহার স্বজনরা। সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেয়ার পর বিশ্ব ভ্রমণের পরিকল্পনা করছিলেন মেজর সিনহা রাশেদ। ভ্রমণ বিষয়ক একটি ইউটিউব চ্যানেল বানানোর কাজও চলছিলো তার। এরই অংশ হিসেবে সিনহা কক্সবাজারে ভিডিও তৈরির কাজে গিয়েছিলেন বলে জানায় তার পরিবার। পরে পুলিশ দাবি করে, আত্মরক্ষার্থেই গুলি করা হয় রাশেদকে।

বাসা থেকে আর অফিস করতে পারবেন না সরকারি কর্মকর্তারা

0

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বাসা থেকে আর অফিস করতে পারবেন না। এ ছাড়া সকল কর্মকর্তা-কর্মচারীকে আগের মতো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস করতে হবে বলে মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। করোনাভাইরাসের কারণে মন্ত্রণালয়গুলো যে রোস্টার সিস্টেমে কাজ করছিল, সেটিও বাতিল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

সচিব বলেন, এখন থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক নিয়মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করতে হবে। বাসায় থেকে কিংবা রোস্টারে কাজ করার আর কোনো সুযোগ নেই। তবে অসুস্থ, বয়স্ক ও সন্তানসম্ভবা কর্মকর্তারা অফিসে আসতে পারবেন না, সেটাও বলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয়কে এ নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে।

জানা গেছে, গত সোমবার (৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের মৌখিকভাবে এ নির্দেশনা দেওয়া হয়। তাদের আগের মতো অফিসে এসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ করার কথা বলা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের এ নির্দেশনা কার্যকর করতে ইতোমধ্যে অনেক মন্ত্রণালয় নিজেদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিস আদেশ জারি করেছে। বাকিরাও অফিস আদেশ জারি করার প্রক্রিয়ায় রয়েছে।

তবে সব কর্মকর্তা-কর্মচারীকে অফিস করতে বলা হলেও বয়স্ক, অসুস্থ ও সন্তান সম্ভবাদের আগের মতোই অফিসে যেতে নিষেধ করা হয়েছে।

চাল আমদানির অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী

0

দেশের বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে বিদেশ থেকে চাল আমদানির অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী প্রয়োজনীয় পরিমাণ চাল আমদানির অনুমতি দিয়েছেন।

চলতি বছর সাড়ে ১৯ লাখ মেট্রিক টন বোরো ধান-চাল কেনার লক্ষ্যমাত্রা ঠিক করে সরকার। সে অনুযায়ী ৩৬ টাকা কেজি দরে মিলারদের কাছ থেকে ১০ লাখ মেট্রিকটন সিদ্ধ চাল, ৩৫ টাকা কেজিতে দেড় লাখ মেট্রিক টন আতপ চাল এবং সরাসরি কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজিতে আট লাখ মেট্রিক টন বোরো ধান কেনার কথা ছিল।

কভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে কিছু মিল মালিক ৩৬ টাকা কেজি দরে চাল সরবরাহ করতে গরিমসি করে সরকারের কাছে চালের দাম বাড়ানোর দাবি তোলেন।

সিনহা হত্যা : ওসি প্রদীপসহ ৯ পুলিশ আদালতে

0

কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় টেকনাফ থানার সদ্য প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসকে গ্রেপ্তারের পর আদালতে তোলা হয়েছে। এ ছাড়া পুলিশের আরো ৮ সদস্যকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় কক্সবাজার আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো। মেজর সিনহা হত্যার আসামিদের আদালতে আনার খবরে অসংখ্য মানুষ ভিড় করেছেন আদালত চত্বরে।

এর আগে মেজর সিনহা হত্যা মামলার আসামি টেকনাফ থানার প্রত্যাহারকৃত ওসি প্রদীপ কুমার দাস আদালতে আত্মসমর্পণ করতে পুলিশি হেফাজতে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন।

নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আজ সকালে চট্টগ্রামের পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসি প্রদীপকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। তবে আজ দুপুর পর্যন্ত পুলিশের দায়িত্বশীল কোনো কর্মকর্তা তাঁকে গ্রেপ্তারের বিষয়ে বক্তব্য দেননি।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমারসহ নয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে রাতে টেকনাফ থানায় মামলাটি নথিভুক্ত হয়। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটির তদন্তভার র‌্যাবকে দেন আদালত।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে তিনি নিহত হন।

রেলকে জনবান্ধব করার শুরুতেই ‘ওএসডি’ হলেন মাহবুব মিলন

0

রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলনকে ওএসডি করা হয়েছে। আজ ৬ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এই তথ্য জানানো হয়। মাহবুব কবির মিলন নিজেও সোশ্যাল সাইটে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ের যাত্রীসাধারণের কাছে মাহবুব কবির মিলন বেশ জনপ্রিয় একটি নাম। রেলকে জনবান্ধব করতে তিনি বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছিলেন। এর মাঝে আছে, টিকিট কাটতে এনআইডি বাধ্যতামূলক করা, অনলাইনে টিকিটের টাকা রিফান্ড করা, রেলসেবা অ্যাপের মাধ্যমে ফটো/ভিডিও যুক্ত করে তাৎক্ষণিত অভিযোগ প্রদানের ব্যবস্থা ইত্যাদি।

এছাড়া মাহবুব কবির মিলনের প্রচেষ্টার কারণে মোবাইল ব্যাংকিং সেবাদাতা বিকাশ তাদের নিরাপত্তায় ব্যাপক পরবর্তন এনেছে। এর ফলে প্রতারকেরা আর অ্যাকাউন্ট থেকে টাকা চুরির সুযোগ পাবে না। এছাড়া তিনি চলতি বছর কোনোরকম দুর্নীতি ছাড়া রেলে বিপুল পরিমাণ নিয়োগের ঘোষণা দিয়েছিলেন। আগামী বছরও নিয়োগ হওয়ার কথা ছিল। এসব পরিবর্তনসহ অনেক অনিয়মের বিরুদ্ধে তিনি সোশ্যাল সাইট এবং বাস্তবে সবসময় সরব থাকতেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি আজাদকে দুদকে তলব

0

করোনাভাইরাস সংক্রমণের সময় মাস্ক-পিপিইসহ নানা অনিয়ম-দুর্নীতির ঘটনায় আলোচিত-সমালোচিত স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য সাবেক মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদকে তলব করেছে দুর্নীত দমন কমিশন (দুদক)। ১২ ও ১৩ আগস্ট দুদিন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো একটি চিঠিতে তাকে তলব করা হয় বলে নিশ্চিত করেছেন সংস্থাটির পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।

চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও সিএমএসডি’র সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কভিড-১৯ চিকিৎসার নিমিত্তে নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয়সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে অন্যান্যদের যোগসাজশে কোটি কোটি টাকা আত্মসাৎপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বর্ণিত অভিযোগ বিষয়ে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন।

এমতাবস্থায় উল্লিখিত অভিযোগ সংক্রান্ত বিষয়ে রেকর্ডপত্রসহ (যদি থাকে) বক্তব্য প্রদানের জন্য আগামী ১২-০৮-২০২০ তারিখে ১০ ঘটিকায় নিম্ন স্বাক্ষরকরারীর কার্যালয়ে হাজির হওয়ার জন্য বিনীত অনুরোধ করা হলো। নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগ সংক্রান্ত বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে।