Home Blog Page 2768

মারা গেলেন আরো ৩৯ জন, শনাক্ত ২,৯৭৭

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন দুই হাজার ৯৭৭ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন হাজার ৩০৬ জন। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন দুই লাখ ৪৯ হাজার ৬৫১ জন।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-এর পরিচালক অধ্যাপক ডা. বায়েজিদ খুরশীদ রিয়াজ।

ডা. বায়েজিদ বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এঁরা ৩২ জন পুরুষ এবং সাতজন নারী। এঁদের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন এবং অন্যান্য বিভিন্ন বয়সের ১০ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন হাজার ৩০৬ জনের।

এ পর্যন্ত যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁদের মধ্যে পুরুষ দুই হাজার ৬০৬ জন এবং নারী ৭০০ জন। আর বয়স বিবেচনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছেন ষাটোর্ধ এক হাজার ৫৪৯ জন। সর্বোচ্চ মৃত্যু সংখ্যা অনুযায়ী এর পর রয়েছেন ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯৪৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪৫৮ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২১৪ জন। বাকিরা অন্যান্য বয়সের।

জানানো হয়, গত ২৪ ঘণ্টায় যে ৩৯ জনের মৃত্যু হয়েছে তাঁরা ঢাকা বিভাগের ১৭ জন, চট্টগ্রাম বিভাগের সাতজন, খুলনা বিভাগের চারজন, রাজশাহী বিভাগের তিনজন, রংপুর বিভাগের তিনজন, বরিশাল বিভাগের দুইজন, সিলেট বিভাগের দুইজন এবং ময়মনসিংহ বিভাগের একজন। হাসপাতালে মারা গেছেন ৩০ জন এবং বাসায় ৯ জন।

বিভাগ অনুযায়ী এ পর্যন্ত যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁরা ঢাকা বিভাগের এক হাজার ৫৮৪ জন, চট্টগ্রাম বিভাগের ৭৯১ জন, রাজশাহী বিভাগের ২০২ জন, খুলনা বিভাগের ২৪২ জন, বরিশাল বিভাগের ১৩০ জন, সিলেট বিভাগের ১৫৬ জন, রংপুর বিভাগের ১৩০ জন এবং ময়মনসিংহ বিভাগের ৭১ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৭৪ জন। এ নিয়ে দেশের করোনা সংক্রমণ থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪৩ হাজার ৮২৪ জন।

ডা. বায়েজিদ জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ১৮৯টি। একই সময় পূর্বের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১২ হাজার ৭০৮টি। এর মধ্যে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে দুই হাজার ৯৭৭ জনকে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন দুই লাখ ৪৯ হাজার ৬৫১ জন। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ২৫ হাজার ১২৪টি।

আইসোলেশন প্রসঙ্গে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ৯৫৫ জনকে। একইসময় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭৩৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন ৫৪ হাজার ৩৬০ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৫ হাজার ৬৮৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৬৭৪ জন।

কোয়ারেন্টিন প্রসঙ্গেও তথ্য দেওয়া হয় বুলেটিনে। বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে গেছেন দুই হাজার ৩৯৯ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন মোট চার লাখ ৪৬ হাজার ৭৮ জন। ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন দুই হাজার ৯১৯ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন তিন লাখ ৯৩ হাজার ২৪৮ জন। ছাড়ের পর বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫২ হাজার ৮৩০ জন।

বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়ন এবং আইইডিসিআর’র হটলাইনে কল এসেছে ৭১ হাজার ৯৫১টি। এ নিয়ে এ পর্যন্ত মোট ফোনকল এসেছে এক কোটি ৮৩ লাখ ২৫ হাজার ৪৬৮টি। এসব কলে সবাইকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে।

টেলিমেডিসিন সেবায় প্রতিদিন ৩৫ জন চিকিৎসক এবং ১০ জন স্বাস্থ্যতথ্য কর্মকর্তা দুই শিফটে মোট ৯০ জন টেলিমেডিসিনে করোনা সংক্রান্ত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় তাঁদের স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন চার হাজার ৩২৯ জন। এ পর্যন্ত এক লাখ ৬৯ হাজার ২৫০ জন এই সেবা গ্রহণ করেছেন বলে জানানো হয় বুলেটিনে।

লেবাননে জরুরি খাদ্য ও মেডিকেল টিম পাঠাচ্ছে বাংলাদেশ

0

ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত লেবাননে খাদ্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসা সামগ্রী এবং মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রয়োজনে জরুরি ভিত্তিতে লেবাননকে যেকোন সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ।

গতকাল পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ছারবেল ওহেবিকে ফোন করে সেদেশে বিস্ফোরণে নিহতদের বিষয়ে সহানুভূতি প্রকাশ করার সময় এসব বিষয় অবহিত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ সময় ড. মোমেন বিস্ফোরণে আহত বাংলাদেশিদের চিকিৎসাসহ সার্বিক সহযোগিতার জন্য লেবানন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লেবাননে শক্তিশালী বিস্ফোরণে চার জন বাংলাদেশি নিহত হন। এতে বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ জন বাংলাদেশি আহত হয়েছেন। এছাড়া সেদেশে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘‘বিজয়’’ এর ক্ষতি হয়েছে।

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় আবার চলছে নৌযান

0

উত্তাল পদ্মার ঢেউ আর প্রচণ্ড ঘূর্ণাবর্তে মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটের ৪ নম্বর ভিআইপি ফেরিঘাট পদ্মার ভাঙনে বিলীন হওয়া এবং ২ নম্বর ফেরিঘাট হুমকির মুখে থাকায় আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে বন্ধ ছিল ফেরিসহ নৌযান চলাচল।

সকাল সোয়া ১০টার দিকে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়। আর অন্যান্য ঘাট দিয়ে সীমিত আকারে শুরু হয়েছে ফেরি চলাচল।

বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম মো. শফিকুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে শিমুলিয়া ঘাটে ভাঙন দেখা দিলে ৪ নম্বর ভিআইপি ফেরিঘাটটি নদীতে বিলীন হয়ে যায়। নদীর ভাঙন এখন ২ নম্বর ফেরিঘাটের কাছে রয়েছে। এ ঘাটটি দিয়েও ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। বাস্তবে এখন ১ নম্বর ফেরিঘাট চালু থাকলেও এটিও প্রায় অচল। ৫-৬ ঘণ্টা পরে এ ঘাট থেকে ১টি-২টি ফেরি ছেড়ে যাচ্ছিল। এরপর সকাল সোয়া ১০টার দিকে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করে। বর্তমানে এ নৌরুটে পাঁচটি ফেরি চলছে। কিছুসময় বন্ধ থাকায় কাঁঠালবাড়ীতে ঢাকাগামী যাত্রীদের চাপ বেড়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সকাল সোয়া ১০টার দিকে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করেছে।

বৈরুত বিস্ফোরণে আহত নৌসদস্য আশঙ্কামুক্ত, হাসপাতাল ছাড়লেন ১১ জন

0

লেবাননের রাজধানী বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত বাংলাদেশ নৌবাহিনীর সদস্য বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। বিস্ফোরণে আহত ২১ জনের মধ্যে কিছুটা সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১১ জন।

আজ বৃহস্পতিবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা উল-করিম শাম্মী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

লেবাননে বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত নৌসদস্য বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। আহত ২১ জনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১১ জন বলে আইএসপিআর থেকে জানানো হয়।

এছাড়া এ বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত চার বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন বলে জানা গেছে।

সাবেক আইন সচিবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

0

সাবেক আইন সচিব আবু সালেহ শেখ জহিরুল হক দুলালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেরিত এক শোক বার্তায় বিষয়টি জানা গেছে।

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তিনি গত ২৭ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এরপর সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

আবু সালেহ শেখ মো. জহিরুল হক আইন সচিব হিসেবে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি থেকে দায়িত্ব পালন শুরু করেন। এরপর ২০১৭ সালের ৭ আগস্ট অবসরে গেলে সরকার তাঁর অবসর উত্তর ছুটি বাতিল করে তাঁকে দুই বছরের জন্য আইন ও বিচার বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেন। এরপর দুই বছর চুক্তিভিত্তিক দায়িত্ব পালন শেষ করে ২০১৯ সালের ৭ আগস্ট তিনি পুরোপুরি অবসরে চলে যান।

আবু সালেহ শেখ মো. জহিরুল হক ১৯৫৮ সালের ৮ আগস্ট সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

করোনায় আক্রান্ত এমপি রমেশ চন্দ্র সেন

0

ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে (সাড়ে ১০টায়) এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার। এছাড়াও একই দিনে জেলায় নতুন করে আরও আটজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৩৭ জন ও সর্বমোট মৃত্যু হয়েছে আট জনের।

সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার জানান, গত ৩ আগস্ট করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে এমপি রমেশ চন্দ্র সেনের নমুনা সংগ্রহ করা হয়। এছাড়াও সেদিন জেলা থেকে আরও ৬৬ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। বুধবার রাতে দিনাজপুর থেকে প্রাপ্ত রিপোর্টে নয় জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়। এদের মধ্যে সদর উপজেলার দুই জন, পীরগঞ্জ উপজেলার এক জন ও রাণীশংকৈল উপজেলায় ছয় জন।

সিভিল সার্জন জানান, এমি রমেশ চন্দ্র সেন সুস্থ রয়েছেন, তার শরীরে এখন করোনার কোনো উপসর্গ নেই। তিনি নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তার পরিবারের অন্যান্য সদস্যরা সকলেই সুস্থ রয়েছেন।

পূর্বের রিপোর্টসহ এ নিয়ে ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাড়ালো ৪৩৭ জন, যাদের মধ্যে চিকিৎসা নিয়ে ২৭২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু হয়েছে আট জনের।

প্রথমে বিশ্ববিদ্যালয় সবার শেষে প্রাথমিক বিদ্যালয় খুলবে

0

সেপ্টেম্বর মাসে স্কুল খুলে দেওয়ার প্রস্তুতি নিয়ে এগোচ্ছিল শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সে লক্ষ্যে এরই মধ্যে নানা পরিকল্পনাও নেওয়া হয়েছে; কিন্তু করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে সেপ্টেম্বরেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। ওদিকে সংক্রমণের ঝুঁকির মধ্যেই সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। অবস্থাদৃষ্টে বলা যায়, সব খাতের প্রতিষ্ঠানের পরই খুলবে শিক্ষাপ্রতিষ্ঠানের দরজা।

দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হলে সবার আগে গত ১৭ মার্চ থেকে বন্ধ করা হয় সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। কয়েক দফা বাড়িয়ে সেই ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে। তবে এই সময়ের পরও শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, শিক্ষার ক্ষতি পোষাতে দুই ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হলে চলতি বছরের মধ্যেই সিলেবাস কমিয়ে শিক্ষাবর্ষ শেষ করা হবে। তা সম্ভব না হলে চলতি শিক্ষাবর্ষ আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত বাড়ানো হবে। তবে পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিকল্পনা করা হচ্ছে। সে ক্ষেত্রে প্রথমে বিশ্ববিদ্যালয় খোলা হতে পারে। এরপর উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং সবার শেষে প্রাথমিক বিদ্যালয় খোলা হবে। করোনার কারণে এবার এসএসসির ফল প্রকাশে দেরি হয়। এরপর একাদশ শ্রেণিতে ভর্তিও আটকে ছিল। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় আগামী ৯ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। তবে গত ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা এখনো স্থগিত রয়েছে। এতে চরম অনিশ্চয়তায় পড়েছে ১২ লাখের বেশি শিক্ষার্থী।

এ ছাড়া স্কুলের ষান্মাসিকসহ নানা ধরনের পরীক্ষা আটকে আছে। শহরাঞ্চলের শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করতে পারলেও গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। এতে শিক্ষায় বৈষম্য তৈরি হচ্ছে। সব মিলে করোনার প্রাদুর্ভাবে দেশের পাঁচ কোটি শিক্ষার্থীই নানাভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘বাচ্চাদের নিরাপত্তা আমাদের কাছে সবার আগে। তাই সবকিছু বিবেচনায় নিয়েই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি পোষাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য পাঁচ মিনিট টোল ফ্রি পরামর্শও চালু করা হচ্ছে।’

জানা যায়, করোনার মধ্যে দেশের প্রায় সবকিছু স্বাভাবিক হতে শুরু করলেও শিক্ষাপ্রতিষ্ঠানকে ভিন্নভাবে দেখা হচ্ছে। কারণ অভিভাবকরা সন্তানের স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তিত। করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কারা সন্তানকে স্কুলে পাঠাতে অনিচ্ছুক। তা ছাড়া বেশকিছু দেশ একবার স্কুল খুলে দিলেও পরে আবার বন্ধ করতে বাধ্য হয়েছে। ফলে সবকিছু বিবেচনায় নিয়ে একটু দেরিতেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে চায় মন্ত্রণালয়। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘করোনার মধ্যেই আমরা এসএসসির ফল প্রকাশ করেছি। একাদশে ভর্তি কার্যক্রমও শুরু করতে যাচ্ছি, তবে আটকে আছে এইচএসসি পরীক্ষা। এখন এইচএসসি পরীক্ষা নিতে হলে কমপক্ষে ১৫ দিন ২০ থেকে ২৫ লাখ লোকের চলাফেরা বাড়বে। এতে ভীতি থেকেই যাচ্ছে। কিন্তু দীর্ঘদিন করোনা থাকলে আমাদের বিকল্প ভাবতে হবে। আমরা সবকিছু নিয়েই কাজ করছি, পরিকল্পনা করছি। তবে আরো কিছুদিন সময় নিতে চাই।’

ডা. সাবরীনা-আরিফসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র

0

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরীনা ও সিইও আরিফ চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।

আজ বুধবার দুপুরের পর ঢাকা মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক লিয়াকত আলী।

সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) ফরিদ উদ্দিন এনটিভি অনলাইনকে আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অপর ছয়জন আসামি হলেন শফিকুল ইসলাম রোমিও, জেবুন্নেসা, আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী ও বিপ্লব দাস।

অভিযোগপত্রে ডা. সাবরীনা ও আরিফুল হককে এই অসাধুচক্রের মূলহোতা বলে উল্লেখ করা হয়েছে। বাকিরা প্রতারণা ও জালিয়াতি করতে তাদের সহযোগিতা করেন বলেও বলা হয়েছে।

গত ২৩ জুন সাবরীনার স্বামী আরিফ চৌধুরীসহ ছয়জনকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। ২৪ জুন আরিফ চৌধুরী ও সহযোগী সাঈদ চৌধুরীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ১৫ জুলাই আরিফুলের আবার চারদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এ ছাড়া গত ১২ জুলাই দুপুরে সাবরীনাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে তেজগাঁও থানায় করা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। ১৩ জুলাই তাকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়। ১৭ জুলাই আরো দুদিনের রিমান্ডে নেয় ডিবি। ২০ জুলাই দুই দফা রিমান্ড শেষে আদালত সাবরীনাকে কারাগারে পাঠান।

কামাল বেঁচে থাকলে সমাজকে অনেক কিছু দিতে পারত : প্রধানমন্ত্রী

0

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শেখ কামাল যদি বেঁচে থাকত তা হলে সমাজকে অনেক কিছু দিতে পারত। বহুমুখী প্রতিভার অধিকারী ছিল শেখ কামাল। খেলাধুলা, সাংস্কৃতি চর্চা, রাজনীতি সব প্রতিভাই ছিল তার মধ্যে।
জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে শেখ কামালের বর্ণাঢ্য জীবনের ওপর ভার্চুয়াল এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যোগ দেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় তিনি বলেন, ‘শেখ কামালের যে বহুমুখী প্রতিভা ছিল তা বিকশিত হয়ে সব অঙ্গনে ভূমিকা রাখতে পারত। সে সেটা রেখেও গেছে। রাজনৈতিক ক্ষেত্রে তার সে ভূমিকা আছে। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে প্রতিটি আন্দোলনে সে বড় ভূমিকা রেখেছে।’
সরকারি বাসভবন গণভবন থেকে যোগ দিয়ে এ আয়োজনের শুরুতে তিনি শেখ কামালের আত্মার মাগফিরাত কামনা করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। কামাল আজ আমাদের মাঝে নেই। ’৭৫-এর ১৫ আগস্ট বাবা, মা, ভাই, আত্মীয়-পরিজনসহ ঘাতকের নির্মম আঘাতে সে শাহাদাত বরণ করেছে। এই আগস্ট শোকের মাস। এই মাসেই তার জন্মদিন।’
ছোট ভাই সম্পর্কে শেখ হাসিনা আরও বলেন, ‘আগস্ট আমাদের শোকের মাস। এই মাসে ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে পরিবারের সবাইকে হারাতে হয়েছে। অদ্ভুত বিষয় হলো আগস্টের ৫ তারিখে শেখ কামালের জন্মদিন। আর আমার মায়ের জন্মদিন ৮ আগস্ট। শেখ কামাল আমার থেকে দুই বছরের ছোট। কিন্তু তার সবকিছুতে পরিণত বোধ ছিল, তার মেধা বহুমুখী ছিল। একদিকে যেমন ক্রীড়া সংগঠক। সাংস্কৃতিক জগতেও তার প্রতিভা রয়েছে। স্পন্দন শিল্পী গোষ্ঠী সৃষ্টি করেছে। ঢাকা থিয়েটার যখন হয়, নিজেও অভিনয় করতো। গান গাইতো, সেতার বাজাতো। খেলাধুলাতে তার সবচেয়ে বড় অবদান। ধানমন্ডি এলাকায় তরুণ ছেলেমেয়েদের খেলাধুলার ব্যবস্থা ছিল না। সে-ই উদ্যোগ নেয়। আবাহনীকে আরও শক্তিশালী করে।’
পুরোটা সময়ই আবেগ আক্রান্ত ছিলেন প্রধানমন্ত্রী। তিনি সেই আবেগ আক্রান্ত কণ্ঠে আরও বলেছেন, ‘একজন মানুষের মধ্যে এই যে বহুমুখী প্রতিভা। সত্যি বেমানান ছিল। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে তার ভূমিকা ছিল অপরীসিম। শাহীন স্কুল থেকে মেট্রিক পাস করে। ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানে ভর্তি হয়। সেখান থেকে অনার্স পাস করে, মাস্টার্স পরীক্ষা দেয়। তারপর ১৫ আগস্ট ঘটে। তার স্ত্রী সুলতানা কামালও একই সঙ্গে পাস করে। একই সঙ্গে পরীক্ষা দিয়েছে। সুলতানা কামাল ভাইবা দিতে পারেনি। ভাইবা দেওয়ার আগে এই জগত ছেড়ে চলে যায়। আজকে কামাল বেঁচে থাকলে এই সমাজকে অনেক কিছু দিতে পারতো। সব কিছুতেই অবদান রাখতে পারত।’
রাজনীতিতে শেখ কামালের অবদান নিয়ে শেখ হাসিনার বক্তব্য, ‘রাজনীতির ক্ষেত্রে তার যে সাহসী ভূমিকা। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে প্রতিটি ক্ষেত্রে তার সক্রিয় ভূমিকা রয়েছে। ২৫ মার্চে রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিতে ব্যস্ত ছিল। মুক্তিযুদ্ধে অংশ নেয়, দেরাদুনে ট্রেনিং নেয়। সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশও নেয়। প্রতিটি ক্ষেত্রে তার অবদান ছিল।’
এ ছাড়া আবাহনীর প্রতিও ছিল তার দুর্নিবার আকর্ষণ। প্রধানমন্ত্রী সেইসব স্মৃতির কথা মনে করে আরও বলেছেন, ‘‘আবাহনীর প্রতি তার অন্যরকম আকর্ষণ ছিল। ১৯৭৫-এর ৩০ জুলাই জার্মানির উদ্দেশে রওনা হই আমি ও রেহানা। যাওয়ার আগে কামালকে বলি। তখন তার বিয়ে হয়েছে, নতুন বৌ। তোমার জন্য কী নিয়ে আসবো? ও ডায়েরি এগিয়ে দিয়ে বললো, ‘অ্যাডিডাস বুট নিয়ে আসবা খেলোয়াড়দের জন্য।’ নিজের জন্য কোনও দিন কিছু চাইতো না। লেখাপড়া খেলাধুলা নাট্যচর্চা উপস্থিত বক্তৃতা-প্রতিটি ক্ষেত্রে সুন্দর পরিবেশ সৃষ্টি করে রাখতো।’
শৈশবে বঙ্গবন্ধুর সান্নিধ্য কম পেয়েছেন শেখ কামাল। শেখ হাসিনা সেই প্রসঙ্গ তুলে বলেছেন, ‘‘আব্বা তো বেশিরভাগ সময় জেলে থাকতেন। শেখ কামালের জন্ম নেওয়ার পর থেকে বেশিরভাগ সময় জেলখানায় ছিলেন। আমরা তো আব্বাকে আব্বা বলে ডাকার সুযোগ পাইনি। আমরা একসঙ্গে যখন খেলতাম, আমি আব্বা বলে ডাকতাম। তখন ও আমাকে জিজ্ঞেস করতো, হাসু আপা তোমার আব্বাকে আব্বা বলে ডাকি।’
তিনি আরও যোগ করে বলেছেন, ‘দেশের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য বাঙালি জাতির জন্য আমার বাবা সারাজীবন উৎসর্গ করে গেছেন। আমরা ভাই-বোনরা পিতৃস্নেহ থেকে বঞ্চিত হয়েছি। আমাদের মা আগলে রাখতেন। ছোটবেলা থেকে কামাল শুধু খেলাধুলা নয়, সাংসারিক কাজেও মায়ের সঙ্গে সহযোগিতা করে গেছে। আজকে কামাল আমাদের মাঝে নেই। কিন্তু তার সৃষ্টি আবাহনী ক্লাব এখনও আছে। খুশি হয়েছি-স্পন্দন শিল্পী গোষ্ঠীকে নতুন রূপে দেখে।’
১৫ আগস্ট পরবর্তী ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি বিদেশে ছিলাম। দেশে ফিরতে পারিনি, ফিরতে বাধা দেওয়া হয়েছে। যখন ফিরলাম, মামলা করতে পারিনি। মামলা করার আইনগত অধিকার ছিল না। আইন করে বন্ধ করে দেওয়া হয়েছিল। ২১ বছর পর সরকারে এসে তারপর মামলা করে বিচার করি। কত বছর লেগে গিয়েছিল এই বিচার করতে। যখন আমি সরকার গঠন করেছি। তারপর আইন বাতিল করতে সক্ষম হয়েছি। তারপর বিচার হয়েছে।’
জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শেখ হাসিনা বলেছেন, ‘আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করছি। কৃতজ্ঞতা জনগণের কাছে, তারা দেশসেবা করার সুযোগ দিয়েছে। অন্যায় অবিচার তার প্রতিকার করার ও হত্যার বিচার করার সুযোগ পেয়েছি। দিনের পর দিন আমাদের কাঁদতে হয়েছে। একসঙ্গে খেলাধুলা, চলাফেরা, ঝগড়া। দুই ভাই বোন কাছাকাছি ছিলাম। ওদের ছেড়ে থাকতে হবে। তা ভাবতেই পারিনি।’
ভার্চুয়াল প্ল্যাটফর্মে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন–প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি ও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সভায় সভাপতিত্ব করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

সিনহার নিহতের ঘটনায় যা বললেন দুই বাহিনী প্রধান

0

পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের নিহত হওয়ার ঘটনাটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ। এ হত্যাকাণ্ড তদন্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে একটি যৌথ তদন্ত কমিটি (জয়েন্ট এনকোয়ারি টিম) গঠন করা হয়েছে। তারা এরই মধ্যে কাজ শুরু করেছে।

এ নিয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, সেনাবাহিনী ও পুলিশ সবসময় কাঁধে কাঁধ রেখে কাজ করেছে। সিনহা নিহতের ঘটনায় দায় ব্যক্তির, কোনো বাহিনীর নয়।

এ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, পুলিশ ও সেনাবাহনী কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করে। কোনো প্রকার উসকানিতে দুই বাহিনীর মধ্যে সম্পর্ক নষ্ট হবে না।

আজ বুধবার (০৫ জুলাই) দুপুরে কক্সবাজারে যৌথ ব্রিফিং এ কথা বলেন তারা।

জেনারেল আজিজ আহমেদ বলেন, যে ঘটনা ঘটেছে, অবশ্যই সেনাবাহিনী ও পুলিশ বাহিনী মর্মাহত। আমি আপনাদের মাধ্যমে যে মেসেজ দিতে চাই, তা হলো এটাকে আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চাই।

তিনি বলেন, এই ঘটনার আলোকে প্রধানমন্ত্রীর নির্দেশে একটি জয়েন্ট এনকোয়ারি টিম গঠন করে দেওয়া হয়েছে। এরই মধ্যে গতকাল (মঙ্গলবার) থেকে এই টিম কাজ শুরু করেছে। এই টিমের প্রতি আমাদের সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর পূর্ণ আস্থা আছে। আমরা আশা করব, তারা নিরপেক্ষেভাবে তদন্ত করে সত্য তুলে আনবেন।

আইজিপি ড. বেনজীর আহমেদ সেনাপ্রধানের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তারা সব ধরনের প্রভাবমুক্ত হয়ে নিজেদের দায়িত্ব পালন করবেন। দয়া করে আমাদের বাহিনীবিরোধী, দেশের স্বার্থবিরোধী উসকানিমূলক আচরণ কেউ করবেন না। এই সংকটকালে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন এই সংকটে আমরা কাটিয়ে উঠতে পারি।

উল্লেখ্য, গত শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে টেকনাফের বাহারছড়ায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে মারা যান অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান। এ ঘটনা তদন্ত করতে প্রথমে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলিকে আহ্বায়ক করে গত ১ আগস্ট তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পরে একই দিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে সদস্য রেখে যুগ্মসচিব পদমর্যাদার চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমানকে আহ্বায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়। সাত কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।