Home Blog Page 2770

লেবাননে বিস্ফোরণ : দায়ীদের বিরুদ্ধে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

0

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৭৮ জন নিহত ও ৪ হাজার জন আহত হয়েছেন। এদিকে এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব।
প্রধানমন্ত্রী দিয়াব বলেছেন, বৈরুত বন্দরে বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্ট প্রত্যেককে জবাবদিহি করতে হবে এবং দায়ী ব্যক্তিদের মাশুল গুণতে হবে। বিস্ফোরণ ঘটিয়ে যারা মানুষকে হত্যা করেছে এবং কয়েক হাজার মানুষকে আহত করেছে তাদের সবার বিচার করা হবে।
এ ঘটনার তদন্তে দেখা হবে ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত বিপজ্জনক গুদামগুলো কতটা ভয়ঙ্কর।
এদিকে এ বিস্ফোরণকে ‘বিপর্যয়’ আখ্যা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী। টেলিভিশনে দেওয়া বক্তব্যে হাসান দিয়াব বলেছেন, এই বিস্ফোরণে ঘটনায় মৃতদের উদ্ধার করা এবং আহতদের সুস্থ করে তোলাকে এখন অগ্রাধিকার দিচ্ছেন তারা।
বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে সহায়তা করতে বন্ধুপ্রতিম দেশগুলোকে আহ্বান জানিয়েন তিনি।
খবর আলজাজিরা

সিনহার হত্যাকারীরা পার পাবে না : ওবায়দুল কাদের

0

সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর সিনহা ইবনে রশীদের হত্যাকারীরা পার পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার (৫ আগস্ট) সকালে শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রথমে আবাহনী ক্লাব ও পরে বনানী কবরস্থানে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তার বাসভবন থেকে ব্রিফিংকালে তিনি এ হুঁশিয়ার উচ্চারণ করেন।
ওবায়দুল কাদের এ সময় শহীদ শেখ কামালের কর্মময় জীবন সম্পর্কে আলোকপাত করেন।
সেনাবাহিনীর অবসবপ্রাপ্ত মেজর ও এসএসএফের সাবেক কর্মকর্তা সিনহা ইবনে রশীদের মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করে সড়ক পরিবহন মন্ত্রী কাদের বলেন, ‘এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা হবে। কেউ পার পাবে না।’
পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় মামলা করেছেন সিনহার বোন শারমিন শাহরিয়া। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে মামলাটি দাখিল করেন তিনি।
অ্যাডভোকেট মো. মোস্তফার নেতৃত্বে এ মামলা দাখিল করা হয়।

২৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট থেকে বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ

0

লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবারের ভয়াবহ বিস্ফোরণের কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। পাঁচ দিনের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে প্রাথমিকভাবে জানা গেছে বন্দরের কাছে অরক্ষিত অবস্থায় সংরক্ষিত থাকা অ্যামোনিয়াম নাইট্রেট থেকে বিস্ফোরণের সূত্রপাত।
বিস্ফোরক দ্রব্যগুলো কেন সেখানে রাখা হয়েছিল তা লেবানিজ কাস্টমস কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হয়েছে। কাস্টমস বিভাগের পরিচালকের উদ্ধৃত দিয়ে লেবাননের সংবাদমাধ্যম মায়াদিন বলেছে, প্রায় তিন হাজার টন নাইট্রেট বিস্ফোরিত হয়েছে।
জাতীয় নিরাপত্তা প্রধান আব্বাস ইব্রাহিম বলেছেন, আফ্রিকায় চালান দেওয়ার জন্য বৈরুত বন্দরে রাখা হয়েছিল ২ হাজার সাতশ টন অ্যামোনিয়াম নাইট্রেট। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। লেবাননের উচ্চ প্রতিরক্ষা পরিষদের সভা শেষে এই মন্তব্য করেন ইব্রাহিম।
এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউন। ছয় বছর ধরে একটি গুদামে কোনও নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট সংরক্ষিত করা ‘অগ্রহণযোগ্য’ বলেছেন তিনি। দায়ীদের ‘কঠোর শাস্তির’ মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন রাষ্ট্র প্রধান এবং দুই সপ্তাহের জন্য জরুরি অবস্থা ঘোষণার দাবি জানান তিনি।
রাষ্ট্রপতির বাসভবনে আয়োজিত জরুরি সভা শেষে প্রধানমন্ত্রী হাসান দিয়াব জানান, এই বিস্ফোরণের জন্য দায়ীদের চিহ্নিত করতে পাঁচ দিন সময় দেওয়া হয়েছে তদন্ত দলকে। হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দেন তিনি।

বৈরুত বিস্ফোরণ: লেবাননে ২ সপ্তাহব্যাপী জরুরি অবস্থা জারির পরিকল্পনা

0

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ৭৮ জন নিহত এবং ৪ হাজার জন আহত হওয়ার পর মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন এবং দু’সপ্তাহব্যাপী জরুরি অবস্থা জারির ঘোষণা দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।
বুধবার (৫ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
মঙ্গলবার (৪ আগস্ট) মারাত্মক এ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বৈরুত। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। অন্যদিকে আহতদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।
এ বিস্ফোরণের কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বন্দরের একটি গুদামে গত ছয় বছর ধরে মজুদ করে রাখা ২ হাজার ৭শ’ টন অ্যামোনিয়াম নাইট্রেট থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে।

একাদশে ভর্তির আবেদন শুরু রবিবার

0

আগামী রবিবার (৯ আগস্ট) থেকে শুরু হচ্ছে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম। ভর্তিচ্ছুদের জন্য সাধারণ নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।
মঙ্গলবার (৪ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৯-২০ আগস্টের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ইন্টারনেটের মাধ্যমে আবেদন করা যাবে; তবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে অনলাইন সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে।
নগদ/সোনালী ব্যাংক/টেলিটক/বিকাশ/শিওর ক্যাশ/রকেট এর মাধ্যমে সার্ভিস চার্জসহ আবেদন ফি ১৫০ টাকা প্রদান করতে হবে। একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি কলেজে এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবে। তবে একই প্রতিষ্ঠানের একাধিক শিফট/ভার্সন/গ্রুপে আবেদন করা যাবে।
আবেদন ফি পরিশোধের সময় এবং প্রথমবার আবেদনের সময় শিক্ষার্থীকে একটি মোবাইল নম্বর (নিজের/অভিভাবকের) দিতে হবে, যেটি শিক্ষার্থীর যোগাযোগ নম্বর হিসেবে বিবেচিত হবে। যোগাযোগ নম্বরটি শিক্ষার্থীর জন্য অতীব গুরুত্বপূর্ণ কেননা পরে শিক্ষার্থীর সব যোগাযোগ ও আবেদনের জন্য এটির প্রয়োজন হবে। আবেদনের সময় কলেজের পছন্দক্রম বিশেষ বিবেচনা-পূর্বক সাবধানে পূরণ করতে হবে।
এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপির ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাক্রম নির্ধারণ করা হবে। সমান জিপিএপ্রাপ্তদের ক্ষেত্রে ধারাবাহিক মূল্যায়ন ব্যতীত মোটপ্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে।
ভর্তির ফলাফল তিনটি পর্যায়ে প্রক্রিয়াকরণ করা হবে। একজন শিক্ষার্থীকে তার মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রম অনুযায়ী একটি মাত্র কলেজের জন্য নির্বাচন করা হবে। নির্বাচিত শিক্ষার্থী নিজেই অনলাইনে বোর্ডের রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ ২০০ টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করবে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ দুবার স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশনের জন্য বিবেচিত হবে। এক্ষেত্রে মাইগ্রেশন সর্বদাই শিক্ষার্থীর পছন্দ ক্রমানুসারে উপরের দিকে যাবে।

সমগ্র কাশ্মীরকে অন্তর্ভুক্ত করে পাকিস্তানের মানচিত্র প্রকাশ

0

সমগ্র কাশ্মীরকে অন্তর্ভুক্ত করে দেশের নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেছে পাকিস্তান। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত দেশটির সংবিধানের ৩৭০ ধারা বাতিলের বর্ষপূর্তির প্রাক্কালে ইমরান খান সরকারের এমন সিদ্ধান্তকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ডন অনলাইন এই সংবাদটি প্রকাশ করেছেন।
শুধু সমগ্র কাশ্মীর নয়, গুজরাটের জুনাগড়কেও নতুন মানচিত্রে অন্তর্ভূক্ত করেছে পাকিস্তান। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে নতুন মানচিত্রের অনুমোদন শেষে ইমরান খান বলেন, ‘আজ পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ঐতিহাসিক দিন। এই প্রথমবার ভারত অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
তিনি আরও বলেন, পাকিস্তানের সব রাজনৈতিক দলের এতে সমর্থন রয়েছে। গত বছরের ৫ আগস্ট নেওয়া ভারত সরকারের অবৈধ দখলদারি সিদ্ধান্তের বিরুদ্ধে এই মানচিত্র একটি প্রতিবাদ। রাজনৈতিক ম্যাপ প্রকাশনা উপলক্ষে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির পাশে রেখে প্রধানমন্ত্রী ইমরান খান এসব কথা বলেন।
ইমরান খান এ সময় জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার অধীনেই কেবল কাশ্মীর নিয়ে বিরোধের অবসান হতে পারে। জাতিসংঘ প্রস্তাবনায় কাশ্মীরি জনতাকে তারা কোন রাষ্ট্রে যোগ দিতে চায় সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল। তিনি কাশ্মীর নিয়ে জাতিসংঘের প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন।
ইমরান খান বলেন, ‘কাশ্মীরের জনতাকে দেওয়া বিশ্ব সম্প্রদায়ের প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি। আমরা স্পষ্ট করে বিশ্ব সম্প্রদায়কে বলতে চাই যে এটিই (কাশ্মীরি জনতা কোন রাষ্ট্রে যোগ দিতে চায় সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা) একমাত্র সমাধান। সরকার এই বিষয়ে প্রচেষ্টা চালিয়ে যাবে।’
নতুন মানচিত্র উন্মোচন করার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী আর বলেন, ‘আমরা রাজনৈতিকভাবে আমাদের এই লড়াই করব। কেননা আমরা সামরিক সমাধানে বিশ্বাস করি না। আমরা জাতিসংঘকে বারবার মনে করিয়ে দেব যে আপনারা (কাশ্মীরের জনগণের কাছে) যে প্রতিশ্রুতি করেছিলেন তা এখনও পূরণ করেননি।’
পররাষ্ট্রমন্ত্রী কুরেশি এ সময় জানান, ‘কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন লাভের পর অচিরেই নতুন মানচিত্রটি পাকিস্তানের আনুষ্ঠানিক মানচিত্রে পরিণত হবে। এরপর সেটি অন্তর্ভুক্ত করা হবে স্কুল-কলেজের পাঠ্য বইয়ে। নতুন মানচিত্র প্রকাশের উদ্যোগ নেওয়ায় কুরেশি প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসা করেন।
সমগ্র কাশ্মীর ও গুজরাটের অংশবিশেষ নিজেদের এলাকা হিসেবে অন্তর্ভূক্ত করে পাকিস্তানের নয়া মানচিত্র প্রকাশ নিয়ে ভারত এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের এ পদক্ষেপকে মানচিত্রের মাধ্যমে আকাশকুসুম স্বপ্ন দেখা হিসেবে বর্ণনা করেছে বলে জানা গেছে।

আবার সোলাইমানি হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিল আইআরজিসি

0

ইরানের ইসলামি পিব্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি আবারো দেশের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে।
আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, বায়তুল মুকাদ্দাস মুক্ত করা এবং মুসলিম ভূখণ্ড থেকে ইসলামের শত্রুদের নিশ্চিহ্ন করা পর্যন্ত শহীদ সোলাইমানির পথ ধরে এগিয়ে যাবে তার বাহিনী।
গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানিকে বহনকারী গাড়ির ওপর ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন সন্ত্রাসী সেনারা। হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির উপ প্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ দুই দেশের আরো ৮ কমান্ডার শহীদ হন।
জেনারেল সালামি তেহরানে এক অনুষ্ঠানের অবকাশে সাংবাদিকদের বলেন, শত্রু ভুল করে একথা ভাবে যে, মহান ব্যক্তিদের হত্যা করারমাধ্যমে ইসলামি বিপ্লবী চেতনা মুছে ফেলা যাবে। কিন্তু গত ৪০ বছরে এ ধরনের অসংখ্য হত্যাকাণ্ড প্রমাণ করেছে, শহীদদের রক্ত বিপ্লবের গতিপথকে আরো সচল করে দেয়

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৭ লাখ ছাড়াল

0

বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতিমধ্যে ৭ লাখের বেশি মানুষ মারা গেছেন। আজ মঙ্গলবার করোনার সংক্রমণ নিয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটার এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ সময় রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত করোনায় ৭ লাখ ১৬১ জনের মৃত্যু হয়েছে।

ওয়ার্ল্ড মিটারে দেওয়া তথ্য অনুযায়ী, ২২ জানুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত প্রায় দুই মাসে করোনায় মারা যায় ১০ হাজার মানুষ। এর পর থেকেই বাড়তে শুরু করে সংক্রমণ ও মৃতের হার। ৯ এপ্রিল বিশ্বে করোনায় মৃতের সংখ্যা এক লাখ ছাড়ায়। অর্থাৎ সংক্রমণ শুরু হওয়ার প্রায় সাড়ে তিন মাসে মারা যায় ১ লাখ মানুষ। অথচ এর পরের প্রায় সাড়ে তিন মাসে মারা যায় আরো পাঁচ লাখ করোনা আক্রান্ত।

করোনায় মৃতের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৫৯ হাজার ৪০৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে মহামারি শুরুর পর আক্রান্ত ও মৃতের দুটি তালিকাতেই অঙ্গরাজ্যগুলোর মধ্যে শীর্ষে ছিল নিউ ইয়র্ক। জুনে এখানে সংক্রমণ ও মৃতের হার একেবারে কমে আসে।

একই সময় সংক্রমণের হার বাড়তে শুরু করেছিল ফ্লোরিডায়। এই রাজ্যে এখন করোনায় মৃতের সংখ্যা সাত হাজার ৪০২ জন। তালিকায় এরপরেই রয়েছে অ্যারিজোনা। আগামী কয়েক মাস পর এই রাজ্যে বিশ্বের যে কোনো দেশের তুলনায় প্রতি হাজারে মৃত্যুর হার সবচেয়ে বেশি হতে যাচ্ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

করোনাভাইরাসে মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে কভিড-১৯ এ মৃত্যু হয়েছে ৯৪ হাজার ৭৮১ জন। এর পরের অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটিতে মৃতের মোট সংখ্যা ৪৮ হাজার ছাড়িয়েছে। অবশ্য গত সপ্তাহ থেকে দেশটিতে করোনা আক্রান্তদের দৈনন্দিন মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে।

বিশ্বে করোনায় শীর্ষ সংক্রমণের দেশগুলোর তালিকায় ভারত তৃতীয়। করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ছাড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ হাজারের বেশি মানুষ।

মধ্য এশিয়ায় শক্তি করিডোর স্থাপনে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু

0

চীনের আক্রমণাত্মক নীতিমালা মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র মধ্য এশিয়ায় গণতন্ত্রের নতুন জোট গঠনের আহ্বান জানিয়েছে। এদিকে বেইজিং মধ্য এশিয়াকে দক্ষিণ এশিয়া এবং মধ্য প্রাচ্যের সাথে সংযুক্ত করে আরো জোরালো সম্ভাব্য নতুন বাণিজ্য ও শক্তি করিডোর যুক্ত করতে শুরু করেছে।

ব্রিটেনে দায়িত্ব পালনরত পাকিস্তানের রাষ্ট্রদূত মালিহা লোধি মার্কিন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের বরাত দিয়ে সাউথ চায়না মনিটরিং পোস্টকে বলেছেন, ‘বিশ্ব শক্তির কেন্দ্র পশ্চিম থেকে সরে পূর্বের দিকে পরিবর্তিত হচ্ছে। বর্তমানে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়গুলো বেশ চ্যালেঞ্জিং। পরিবর্তনের এই সময়ে বিশ্বজুড়ে মৌলিক পুনরুদ্ধার সংঘটিত হচ্ছে। আমাদের অঞ্চলটিও এর ব্যতিক্রম নয় এবং সম্পর্কের পুনর্নির্বাচনেরও সময়ও এটি।

দক্ষিণ চীন সাগরে চীনের সম্প্রসারণবাদী নীতিমালা মোকাবেলার জন্য আমেরিকা জাপান, অস্ট্রেলিয়া এবং ভারতের সাথে চতুর্ভুজ জোটের মিশনে রয়েছে।

সম্প্রতি, আফগানিস্তানে নিযুক্ত মার্কিন বিশেষ প্রতিনিধি জালমি খলিলজাদ প্রথমবারের মতো মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন ফিনান্স কর্পোরেশনের প্রধান নির্বাহী অ্যাডাম বোহেলারের সঙ্গে কাতার, পাকিস্তান, আফগানিস্তান, নরওয়ে এবং বুলগেরিয়া সফর করেছেন।

সাউথ চায়না মনিটরিং পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান এবং পাঁচটি মধ্য এশীয় প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি কাতারে অবস্থানরত তালেবান আলোচকদের সঙ্গেও একাধিক বৈঠকে মিলিত হন খলিলজাদ এবং বোহেলার। সেখানে তারা বার্তাটিই আরো জোরদার করার চেষ্টা করেছিল যে, মার্কিন যুক্তরাষ্ট্র প্রধান অর্থদাতা হিসাবে অব্যাহত ভূমিকার ভিত্তিতে আফগানিস্তানের শীর্ষস্থানীয় ভূ-রাজনৈতিক খেলোয়াড় হিসাবে থাকতে চায়।

১ জুলাই তাশখন্দে মধ্য এশিয়ার মন্ত্রীদের সঙ্গে আলোচনার সময় আমেরিকা আফগানিস্তান হয়ে পাকিস্তান ও ভারতের সাথে উজবেকিস্তানকে সংযুক্ত করার জন্য একটি রেল প্রকল্পের তহবিল সাহায্যের প্রস্তাব করেছিল বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্র যেহেতু দেশগুলোকে চীনের অর্থায়নের বিকল্প হিসাবে সাহায্য অব্যাহত রেখেছে। সেহেতু বেইজিং দক্ষিণ এবং মধ্য এশিয়া এবং মধ্য প্রাচ্যের সমস্ত বেল্ট এবং সড়ক অংশীদার সরকারগুলোর সাথে আরো গভীর সহযোগিতার সম্পর্ক স্থাপনে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২৭ জুলাই নেপাল ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের উন্নয়ন মন্ত্রীর সঙ্গে একটি বিরল চতুর্পক্ষীয় ভিডিও কনফারেন্সের আয়োজন করে বেইজিং। সেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি তাদের মধ্যে একটি ‘গ্রিন করিডোর’ প্রতিষ্ঠার জন্য দেশগুলোকে করোনা মহামারি মোকাবেলায় সহযোগিতা বাড়ানোর প্রস্তাব করেছিলেন।

বৈঠকে ওয়াং একটি মাল্টিমোডাল ট্রান্স হিমালয়ান করিডোরের বিকাশের বিষয়েও আলোচনা করেছেন, যা নেপালকে তিব্বত, জিনজিয়াং এবং গওয়াদার হয়ে ‘বেল্ট অ্যান্ড রোড’ পরিকল্পনার সঙ্গে যুক্ত করবে। তিনি আফগানিস্তানে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিসি) বাড়ানোর বিষয়েও চাপ দিয়েছিলেন। ফলে চীন আফগানিস্তানে তার ‘বেল্ট অ্যান্ড রোড’ উচ্চাভিলাষকে এগিয়ে নিতে আগ্রহী বলে মনে হচ্ছে। কর্তৃত্ব ধরে রাখতে যুক্তরাষ্ট্রও চাইছে মধ্য এশিয়ার দেশগুলোকে কাছে টানতে। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত অনিবার্য হয়ে উঠেছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

ভারত সরকারের সঠিক পদক্ষেপে উন্নয়নের মহাসড়কে কাশ্মীর

0

ভূস্বর্গ ফিরে পেতে চলেছে তার প্রাচীন গরিমা। ভারত সরকারের সঠিক পদক্ষেপ আর কাশ্মীরি মানুষদের স্বতঃস্ফুর্ত ইচ্ছাশক্তি পাহাড়ের কোলে আবার ফিরিয়ে আনতে মরিয়া সেই চিরশান্তির ঠিকানা। প্রকৃতির অপরূপ শোভায় শোভিত কাশ্মীর ভারতের বর্তমান সরকারের সদিচ্ছা আর সঠিক নেতৃত্বের গুণে আত্মঘাতী সর্বনাশা হিংসার পথ ছেড়ে মাথা উঁচু করে দাঁড়াতে চায়।

বিভাজনের রাজনীতি ভুলে উপত্যকা এখন ফের ডানা মেলতে চায় নিজেদের চিরাচরিত সম্প্রীতির আবহাওয়ায়। প্ররোচণা ছিল, আছেও। কিন্তু পাকিস্তানের শত প্ররোচণাতেও আজ আর কাজ হচ্ছে না কাশ্মীরে। সেখানকার মানুষ বুঝতে পেরেছেন ভারত সরকার কতটা আন্তরিক তাদের সমস্যার সমাধান ঘটিয়ে প্রকৃত উন্নয়নে। বিভেদের বদলে তাই ফের বাজতে শুরু করেছে মিলনের সুর। গোটাদেশের সঙ্গে কাশ্মীরও এখন উন্নয়নের মহাসড়কে সওয়ার। উপত্যকার উন্নয়নে প্রশংসিত হচ্ছে কেন্দ্রীয় ভারত সরকারের একগুচ্ছ কর্মসূচি।

ছেলে ভোলানো কোনও প্রতিশ্রুতি দিয়ে নয়, কাশ্মীরের বাস্তবসম্মত উন্নয়নকেই গুরুত্ব দিচ্ছে ভারত সরকার। দেশের অন্যতম শ্রেষ্ঠ উপত্যকা কাশ্মীরে বঞ্চনার তো কোনও প্রশ্নই নেই। উল্টো সবচেয়ে বেশি গুরুত্বই পাচ্ছেন উপত্যকার মানুষ। সরকারের সবচেযে বেশি মনোযোগ থাকলেও বোধহয় কাশ্মীর নিয়ে ধোঁয়াশাও বেশি রয়েছে দেশ-বিদেশে। অনেক কিছু আজও অজানা রয়ে গিয়েছে কাশ্মীর সম্পর্কে। সন্ত্রাসবাদীদের কার্যকলাপে ঢাকা পড়ে যাচ্ছিল কাশ্মীরে গৌরবোজ্জ্বল ইতিহাস। সময় এসেছে সেই গৌরবময় অতীতের দিকে দৃষ্টি নিক্ষেপের। কাশ্মীরের মানুষ এখন সেই ইতিহাসকেই তুলে ধরতে চায় সাধারণ মানুষের কাছে। কিন্তু পাকিস্তানি কুচক্রে চাপা পড়ে যাচ্ছে কাশ্মীরিদের আকাঙ্ক্ষা।
আক্ষরিক অর্থেই বোধহয় কাশ্মীর ভূস্বর্গ। প্রকৃতির সৌন্দর্যই শুধু নয়, কাশ্মীরের ইতিহাসও বেশ গৌরবময়। ভারতীয় সংস্কৃতির অন্যতম পীঠস্থান কাশ্মীরে রয়েছে বিবিধের মাঝে মিলনের মহান ঐতিহ্য। অক্ষত সেই ঐতিহ্যের কথা চাপা পরে গিয়েছে আজ। বর্তমান সরকার তাই স্বায়ত্তশাসনের মোড়কে কাশ্মীরি জনগণকে নিয়ে মানুষের ধোঁয়াশা কাটাতে বদ্ধপরিকর।

খুব কম লোকই জানেন কাশ্মীরের সঙ্গে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহাসিক সম্পর্কের কথা। মহামতি অশোকের আমলে বৌদ্ধ ধর্মপ্রসারে গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে কাশ্মীর। বৌদ্ধ ধর্মের দুটি প্রধান সম্প্রদায় মহাযান ও হিনায়ণ (গ্রেট হুইল ও লেসার হুইল)। রাজা কনিস্কের সময় বৌদ্ধ ভিক্ষুরা এখান থেকেই মধ্য এশিয়ায় যাত্রা করেছিলেন। কাশ্মীর থেকেই চীন, তিব্বত হয়ে বিভিন্ন দেশে প্রসার ঘটানো হয় বৌদ্ধ ধর্মের। অহিংসার শ্বাশ্বত বাণীর সঙ্গে প্রচারিত হল ভারতের প্রাচীণ সংস্কৃতি। এখানকার ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি সবকিছুই বিস্তৃত হল গোটা বিশ্বে। আজ অনেকেই ভুলে গেছেন, এক সময় কাশ্মীর ছিল বৌদ্ধদের অন্যতম বিচরণ ভূমি। বৌদ্ধ সন্ন্যাসীরা সকলের সঙ্গে মিলেমিশে শান্তিতে বসবাস করতেন কাশ্মীরে। এখান থেকেই তারা চীন হয়ে দূর-দূরান্তে বিস্তার ঘটান বৌদ্ধ ধর্মের।

পঞ্চম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত কাশ্মীর ছিল হিন্দুদের অন্যতম বিচরণ ভূমি। হিন্দু ধর্মের শৈবদের কাছে ছিল শিবের উপাসনা স্থল। বৌদ্ধ ও শিবভক্ত হিন্দুরা মিলেমিশে কাশ্মীরে তৈরি করেছিলেন এক নৈস্বর্গিক পরিবেশ। দুই ধর্মের মানুষরাই একে অন্যের সঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকতেন। তাদের উপাসনার ধরন আলাদা হলেও কোথাও কোনও বিভেদ ছিল না। কাশ্মীরের মানুষ সম্প্রীতিতে বিশ্বাস করতেন। পরবর্তীতে সুফিদের হাত ধরে মহান ইসলাম ধর্ম কাশ্মীর উপত্যকায় প্রবেশ করে। সুফিরা মানবকল্যাণের কথা বলে সম্প্রীতির আবহাওয়ায় কাশ্মীরে অক্লান্ত পরিশ্রম করে প্রতিষ্ঠা করেছিলেন ইসলাম ধর্মকে। কোথাও কোনও বিরোধ ছিল না। ধর্ম ও চিন্তার বৈচিত্র্য থাকা সত্ত্বেও অশান্তিকে কেউই ঢুকতে দেননি উপত্যকায়। অসহিষ্ণুতা ও ধর্মান্ধ উগ্রবাদের বিপরীতে হিন্দু, মুসলিম ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ এখানে খুব শান্তিতেই বসবাস করতেন। একে অপরের বিপদে পাশে দাঁড়াতেন। হিন্দুদের শৈবসাধক লালদেদ ও মুসলিম ধর্মগুরু শেখ নূর-উদ-দ্বীনদের মধ্যে ছিল খুব ভাল সখ্যতা। এই যুগল একসাথে হিন্দু ধর্মের সাথে সাথে ইসলামেরও প্রচার করেন। কাশ্মীরিদের চেতনায় তারা ফুটিয়ে তোলেন নৈতিকতা ও সামাজিকতার নতুন অধ্যায়। বিকশিত হতে থাকে কাশ্মীরি সভ্যতা। লালিত হয় তাদের ঐতিহ্যপূর্ণ লোক সংস্কৃতি।

কাশ্মীরের পঞ্চদশ শতাব্দীর মহান রাজা সুলতান জয়ন-উল-আবিদীনের শাসনকালে সেই ঐতিহ্য আরও বিকশিত হয়। তিনি অবশ্য প্রজাদের কাছে ছিলেন বুদ শাহ বা মহান রাজা নামে পরিচিত। হিন্দু পন্ডিতরাও তাকে ভট্ট শাহ বা পন্ডিতদের রাজা বলে আখ্যায়িত করেছিলেন। ধর্ম নয়, কাশ্মীরের নিজস্ব ঘরানাকেই তারা বেশি গুরুত্ব দিয়েছিলেন। সেই সংস্কৃতিতে সবচেয়ে বেশি গুরুত্ব পায় ধর্মীয় সহনশীলতা। কাশ্মীরে ধর্মীয় সহনশীলতা ও সুশাসনের এক অভূতপূর্ব যুগের সূচনা করেছিলেন তিনি। ইসলামি রাজা হয়েও তিনি হিন্দু মন্দিরের পুনর্গঠন করেছিলেন। হিন্দু উত্সবেরও আয়োজন করা হয়েছিল তার আমলে। মুঘল সম্রাট আকবরের সময়েও সেই পরম্পরা বজায় ছিল। জিজিয়ার মতো বৈষম্যমূলক কর তুলে দিয়েছিলেন তিনি। ভারতীয় উপমহাদেশ থেকে ধর্মের ভিত্তিতে আলাদা কর ব্যবস্থা বাতিল করা হয় আকবরের আমলে। সমস্ত প্রজাদের কাছে ধর্মবিশ্বাসের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন আকবর। এই একই যুগ ছিল যখন ধর্মনিরপেক্ষতার ধারণাটি ইউরোপের কাছে ছিল, যেখানে তাদের বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলা হলে পুরুষ ও মহিলাদের হত্যা করা অস্বাভাবিক ছিল না, এটিকে আরও লক্ষণীয় করে তোলে। সেই সময়ে পাশ্চাত্যে ধর্মনিরপেক্ষতার কথা বললে নারী-পুরুষ নির্বিশেষে অনেককেই শিকার হতে হয়েছে বর্বরতার। মানুষের রক্তে হোলি খেলেছেন তথাকথিত সভ্য দেশের মানুষরা। কিন্তু মোঘল আমলেও কাশ্মীর ছিল ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসীদের বিচরণভূমি। মানুষের বিশ্বাসের ওপর কেউই আঘাত করতে চায়নি।

কাশ্মীরকে নিজেদের কবজায় আনার চেষ্টা করেছে অনেকেই। মোগল সম্রাট আওরঙ্গজেবের শাসনকাল থেকেই কাশ্মীরিদের ওপর নেমে আসতে শুরু করে অত্যাচার। শিখরাও দখল করতে চেয়েছে কাশ্মীরের শাসন ক্ষমতা। কিন্তু তখনও পরিস্থিতি ছিল শান্ত। ব্রিটিশ যুগের অবসান এবং ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্র গঠনের পরই শুরু হয় কাশ্মীরকে ধংশ করার প্রক্রিয়া। শুরু থেকেই কাশ্মীরকে অস্থির করে তোলার ষরযন্ত্রে লিপ্ত পাকিস্তান। কাশ্মীরিদের আবেগকে নিয়ে তারা শুরু করে ছিনমিনি খেলা। সম্প্রীতির বাতাবরণকে ধ্বংস করতে সব ধরনের চেষ্টা করে পাকিস্তান। নিজেদের অভ্যন্তরীণ সমস্যা থেকে নাগরিকদের দৃষ্টি এড়াতে কাশ্মীর নিয়ে অপপ্রচারকেই হাতিয়ার করে তারা। অসম্ভব জেনেও কাশ্মীরের যুবকদের বিভ্রান্ত করার চেষ্টা করে পাকিস্তান। কাশ্মীরকে স্বাধীন করার স্বপ্ন দেখিয়ে বহু যুবককে আত্মঘাতী পথে ঠেলে দেয় ইসলামাবাদ। অশান্তির আগুনে থমকে দাঁড়ায় ভূস্বর্গের উন্নয়ন। ভারতকে টুকরো টুকরো করার অবাস্তব চিন্তাধারা থেকে কাশ্মীরের মাটিতে ধ্বংসাত্মক রাজনীতিতে পাকিস্তানকে মদত দিতেও কার্পণ্য করেনি দু-একটি দেশ। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেখানকার উন্নয়ন। ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে মার খায় কাশ্মীরের চিরাচরিত শান্তির পরিবেশ। সফির সুর থমকে দাঁড়ায় বন্দুকের নলের সামনে। বহু মেধা হারিয়ে যায় কালের গর্ভে। সবই পাকিস্তানের ধ্বংসাত্মক রাজনীতির কুফল।

আশার কথা, পাকিস্তানের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও কাশ্মীরিদের বড়় অংশ এই আত্মহত্যার পথ বেছে নেননি। ভারতীয় জাতির জনক মহাত্মা গান্ধীও চেয়েছিলেন কাশ্মীর হয়ে উঠুক হিন্দু-মুসলিমদের মিলনভূমি। বিভাজন নয়, বৈচিত্রের মধ্যে মিলনই ভারতের সংস্কৃতি। কাশ্মীরও তার ব্যতিক্রম নয়। ধর্ম নয়, নিজস্ব ভাষা ও সংস্কৃতি দিয়েই তো প্রতিটি কাশ্মীরি এক সূত্রে বাঁধা। ধর্মাচরণ আলাদা হতেই পারে। কিন্তু নিজেদের মধ্যে বিভেদ কাশ্মীরের ঐতিহ্য বা পরম্পরা বিরোধী। বহুত্ববাদ উপত্যকার ঐতিহ্য। বহুকাল ধরেই তো সেটাই হয়ে এসেছে।

কাশ্মীরিরা সেটা ভালোই বুঝেছেন। ভাষা ও সংস্কৃতিকেই তারা আগলে ধরতে চান সম্প্রীতি পুনরুদ্ধারে। কাশ্মীরকে দূরে সরিয়ে রেখে নয়, কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দিয়ে ভারতীয় মূল ভূখণ্ডের সঙ্গে আরও শক্তপোক্তভাবে আগলে রাখতে চায় ভারত। ভারতের গর্ব কাশ্মীরে তাই নতুন করে শুরু হয়েছে হাজারো কর্মকাণ্ড। স্থানীয় স্তর থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে দেশের সবচেয়ে সুন্দর জনপদকে। কাশ্মীরিদের উন্নয়নে ভারত সরকার দৃঢ়প্রতিজ্ঞ। অতীতের মিশ্রসংস্কৃতি, বহুত্ববাদ, সৌভ্রাতৃত্ব কাশ্মীরিদের অহঙ্কার। তাই সেই কাশ্মীরকে আরও ভালো সাজিয়ে তুলতে বদ্ধপরিকর ভারত সরকার। সেখানকার মানুষদের কল্যাণকে দেওয়া হচ্ছে অগ্রাধিকার। বন্দুকের নল দিয়ে নয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড দিয়েই আবার সুফির সুরে ভাসতে চলেছে উপত্যকা। ভারত সরকার সেই চেষ্টাই চালাচ্ছে আন্তরিকতার সঙ্গে। বলিষ্ঠ নেতৃত্ব ও গঠনমূলক কর্মসূচির হাত ধরে কাশ্মীরে ফের ভূস্বর্গের মর্যাদা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর ভারত সরকার।

যেখানে একটি ভাষা এবং একটি সংস্কৃতি সমস্ত কাশ্মীরিদের এক করে দেয়। আজ স্থানীয় রাজনৈতিক কাণ্ড এবং শক্তিশালী ও প্রতিশ্রুতিবদ্ধ জাতীয় নেতৃত্বের সাথে, কাশ্মীরিদের কল্যাণ নিশ্চিত করতে যা কিছু করার জন্য প্রস্তুত, সেখানে প্রতিশ্রুতি রয়েছে যে বহুত্ববাদ, সহিষ্ণুতা ও কাশ্মীরিদের উত্তরাধিকার – কাশ্মীরের বৈশিষ্ট্য, তাই খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে, আরও একবার কাশ্মীরে প্রকাশ পাবে। চেনা ছন্দে ফিরবেই অতীতের কাশ্মীর। এটাই অঙ্গীকার ভারত সরকারের। সেই অঙ্গিকার পালনে চেষ্টা চলছে পুরোদমে। চলছে কর্মযজ্ঞও।