Home Blog Page 2772

বিএনপি দিনের আলোতে দেখতে পায় রাতের অন্ধকার

0

দুর্যোগে প্রবাসী আয় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ আমাদের ঘুরে দাঁড়ানোর শক্তি জোগাচ্ছে। দেশরত্ন শেখ হাসিনা তৈরি পোশাক শিল্পের ক্রয় আদেশ বাতিলের প্রেক্ষাপটে নিজেই বিভিন্ন দেশের সরকার প্রধানদের সাথে কথা বলেছেন। এরই মাঝে ক্রয় আদেশ আসতে শুরু করেছে। অর্থনীতি আকস্মিক স্থবিরতা কাটিয়ে পুরনো ছন্দে ফিরতে শুরু করেছে। সম্প্রতি ইতালি বিএনপির এক নেতার এক বক্তব্যে ইতালি প্রবাসীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। বিএনপি-নামক দলটি সরকারের কোনো ইতিবাচক প্রয়াস দেখতে পায় না। তারা সমালোচনা আর মিথ্যাচারের বৃত্তে আবর্তিত হচ্ছে। দিনের আলোতে-দেখতে পায় রাতের অন্ধকার। প্রেস ব্রিফিং আর নেতিবাচকতার কাঁদামাটিতে আটকে আছে তাদের রাজনীতি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের উদ্যোগে ‘বাংলাদেশ এই সময়ে’ শীর্ষক অনলাইন আলোচনায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন। ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ আলোচনায় অংশ নেন। ওবায়দুল কাদের সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবন থেকে এতে যুক্ত হন। অনলাইন আলোচনা সভায় অশ নেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি এন. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

ওবায়দুল কাদের আরও বলেন, আমাদের শক্তি—আমাদের মনোবল। আমরা এ মনোবল অর্জন করেছি বার বার মৃত্যুর মঞ্চ থেকে ফিরে আসা মৃতুঞ্জয়ী এক সাহসী ও মানবিক নেতৃত্ব থেকে। যিনি ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সৃষ্টির পতাকা ওড়ান। হৃদয় যার বাংলাদেশের মতো উদার। তার দক্ষতা, দূরদর্শিতা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে করোনার সংক্রমণ রোধে কাজ করছে সরকার।

তিনি আরো বলেন, জনবহুল, ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে আমরা পার্শ্ববর্তী অনেক দেশ থেকে স্রষ্টার অপার রহমতে ভালো অবস্থানে থাকলেও এ নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই। শেখ হাসিনা সরকার সংক্রমণ নিয়ন্ত্রণ ও মানুষের সুরক্ষায় দিনরাত কাজ করছে অবিরাম। এ অবিরাম প্রচেষ্টা সবার সম্মিলিত ও সমন্বিত প্রয়াস জরুরি।

সম্প্রতি স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়মসহ অন্যান্য খাতের অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনার দৃঢ় অবস্থান জনমনে নতুন করে প্রত্যাশার আলো জ্বালিয়েছে। দলীয় পরিচয় থাকলেও অনিয়ম করে কেউ ছাড় পাবে না, এ কথা আজ স্পষ্ট। সমৃদ্ধ দেশ বিনির্মাণ ও সুশাসন নিশ্চিত করতে দেশরত্ন শেখ হাসিনার চলমান শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে, বলেন ওবায়দুল কাদের।

মৃত্যু আবার ৫০-এর ঘরে, শনাক্ত ১৯১৮

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ৫০ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন এক হাজার ৯১৮ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন হাজার ২৩৪ জন। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন দুই লাখ ৪৪ হাজার ২০ জন।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো ৫০ জনের মৃত্যু হয়েছে। এঁরা ৪৪ জন পুরুষ এবং ছয়জন নারী। এঁদের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৮ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন হাজার ২৩৪ জনের।

এ পর্যন্ত যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁদের মধ্যে পুরুষ দুই হাজার ৫৪৯ জন এবং নারী ৬৮৫ জন। আর বয়স বিবেচনায় এ পর্যন্ত যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁরা এঁদের বয়স ০ (শূন্য) থেকে ১০ বছরের মধ্যে ১৮ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ৩২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৮৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪৪৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯৩০ জন এবং ষাটোর্ধ এক হাজার ৫০৭ জন।

জানানো হয়, গত ২৪ ঘণ্টায় যে ৫০ জনের মৃত্যু হয়েছে তাঁরা ঢাকা বিভাগের ২৯ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, খুলনা বিভাগের চারজন, রাজশাহী বিভাগের পাঁচজন, ময়মনসিংহ বিভাগের একজন, রংপুর বিভাগের চারজন, সিলেট বিভাগের একজন এবং বরিশাল বিভাগের একজন। হাসপাতালে মারা গেছেন ৪৫ জন এবং বাসায় পাঁচজন।

বিভাগ অনুযায়ী এ পর্যন্ত যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁরা ঢাকা বিভাগের এক হাজার ৫৪৯ জন, চট্টগ্রাম বিভাগের ৭৭৫ জন, রাজশাহী বিভাগের ১৯৮ জন, খুলনা বিভাগের ২৩৭ জন, বরিশাল বিভাগের ১২৭ জন, সিলেট বিভাগের ১৫৪ জন, রংপুর বিভাগের ১২৪ জন এবং ময়মনসিংহ বিভাগের ৭০ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯৫৫ জন। এ নিয়ে দেশের করোনা সংক্রমণ থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৩৯ হাজার ৮৬০ জন।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে আট হাজার ১২৩টি। একই সময় পূর্বের নমুনাসহ পরীক্ষা হয়েছে সাত হাজার ৭১২টি। এর মধ্যে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে এক হাজার ৯১৮ জনকে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন দুই লাখ ৪৪ হাজার ২০ জন। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ এক হাজার ২৫৬টি।

ব্রিফিংয়ের শুরুতেই জানানো হয়, করোনা সন্দেহে নমুনা পরীক্ষায় দেশে আরো একটি বেসরকারি পরীক্ষাগার সংযোজিত হয়েছে। এটি হচ্ছে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল। এ নিয়ে করোনা পরীক্ষায় দেশে মোট পরীক্ষাগারের সংখ্যা দাঁড়াল ৮৩টিতে।

আইসোলেশন প্রসঙ্গে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ৩৭৪ জনকে। একইসময় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭০৮ জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন ৫২ হাজার ৬৪৭ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৪ হাজার ১৫৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৪৯১ জন।

কোয়ারেন্টিন প্রসঙ্গেও তথ্য দেওয়া হয় বুলেটিনে। বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে গেছেন এক হাজার ৭০০ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন মোট চার লাখ ৪১ হাজার ৮৩২ জন। ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন দুই হাজার ৪৩৮ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন তিন লাখ ৮৭ হাজার ৭১৬ জন। ছাড়ের পর বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫৪ হাজার ১১৬ জন।

বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়ন এবং আইইডিসিআর’র হটলাইনে কল এসেছে ৭১ হাজার ৭৩টি। এ নিয়ে এ পর্যন্ত মোট ফোনকল এসেছে এক কোটি ৮১ লাখ ৮২ হাজার তিনটি। এসব কলে সবাইকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে।

টেলিমেডিসিন সেবায় প্রতিদিন ৩৫ জন চিকিৎসক এবং ১০ জন স্বাস্থ্যতথ্য কর্মকর্তা দুই শিফটে মোট ৯০ জন টেলিমেডিসিনে করোনা সংক্রান্ত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় তাঁদের স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন চার হাজার ৩৯৭ জন। এ পর্যন্ত এক লাখ ৬০ হাজার ৬২৭ জন এই সেবা গ্রহণ করেছেন বলে জানানো হয় বুলেটিনে।

চসিকের প্রশাসক হলেন খোরশেদ আলম সুজন

0

মোহাম্মদ খোরশেদ আলম সুজনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি।

করোনাভাইরাসের মহামারির মধ্যে নির্ধারিত সময়ে ভোট করতে না পারায় চট্টগ্রাম সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

আজ মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম একথা জানান।

মন্ত্রী তাজুল ইসলাম বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ার পর সেখানে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু এই করোনাভাইরাসের সংক্রমণের কারণে নির্বাচন কমিশন বাধ্য হয়েছে নির্বাচন স্থগিত করতে। তাই আইন অনুযায়ী সেখানে প্রশাসক নিয়োগ করা হচ্ছে।

বর্তমান নির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়াদ আগামীকাল বুধবার শেষ হচ্ছে।

করোনায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে মন্ত্রীর হুঁশিয়ারি

0

করোনা ক্রান্তিকালীন মৎস্য ও প্রাণিসম্পদ খাতে যাতে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম না হয়, সে ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। আজ মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের সাথে ঈদুল আজহা পরবর্তী মতবিনিময়কালে অনিয়ম রুখতে কঠোর হওয়ার কথা বলেন মন্ত্রী।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সুবোল বোস মনি ও শ্যামল চন্দ্র কর্মকারসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

এসময় মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম কাঙ্ক্ষিত নয়। কোনভাবেই তা বরদাশত করা হবে না। আইন অনুযায়ী প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে হবে। কর্তব্য পালনে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা মাঠ পরিদর্শনে কোন অনিয়ম পেলে সম্পূর্ণ প্রতিবেদন তৈরি করে সামগ্রিক চিত্র তুলে আনতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালীন গোটা জাতিকে উজ্জীবিত করেছেন উল্লেখ করে কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, করোনাকালীন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাজের গতি দৃশ্যমান ছিলো। করোনার মধ্যে আপনারা ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেছেন। কন্ট্রোল রুমে দায়িত্ব পালন করেছেন। মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিরা আন্তরিকতার সাথে কাজ করেছেন। এটা আমাকে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।

তিনি আরো বলেন, করোনা এবং সাম্প্রতিক ঘূর্ণিঝড় ও বন্যায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতের খামারি, উৎপাদক ও বিপণনকারীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ক্ষতি যেকোনো মূল্যে পুষিয়ে নিতে কাজের গতি বাড়াতে হবে। সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেয়ায় কোনো ঘাটতি নেই।

কোরবানির সময় ঢাকাসহ সারাদেশের জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় প্রাণিসম্পদ কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান মন্ত্রী। শোকের মাস আগস্টে শক্তি সঞ্চয় করে পরিস্থিতি মোকাবেলার জন্য সকলকে কাজ করার আহ্বানও জানান তিনি।

কৃষকের ক্ষতি পোষাতে বন্যাপ্লাবিত এলাকা পর্যবেক্ষণের নির্দেশ কৃষিমন্ত্রীর

0

বন্যায় কৃষকের ক্ষতি পোষাতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অতি দ্রুত বন্যাপ্লাবিত এলাকায় সরেজমিন পরিদর্শনের মাধ্যমে মাঠ পরিস্থিতি পর্যবেক্ষণ, কার্যক্রম নিবিড়ভাবে তদারকি ও মনিটরিং করার নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, এমপি।

তিনি বলেন, চলমান বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকেরা চরম অনিশ্চয়তায় আছে। বন্যার পানি নেমে গেলে জরুরি ভিত্তিতে কৃষি পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি কমাতে কাজ করতে হবে। সেজন্য বীজ, সারসহ বিভিন্ন প্রণোদনা কার্যক্রম বেগবান, তদারকি ও সমন্বয়ের জন্য ইতোমধ্যে ১৪টি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির পাশাপাশি মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাদেরও নিয়মিত কাজের সাথে মন্ত্রণালয়ের প্রত্যেকটি সংস্থার সাথে সমন্বয় করে মাঠ পর্যায়ের কাজের তদারকি করতে হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা সরেজমিনে মাঠ পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রণোদনা কার্যক্রম মনিটরিং করলে এসব কাজে আরও গতি আসবে। বন্যার ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যাবে।

কৃষিমন্ত্রী মঙ্গলবার সকালে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে ঈদুল আযহা পরবর্তী পুনর্মিলনী সভায় অনলাইনে এ কথা বলেন। সভাটি সঞ্চালনা করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো: নাসিরুজ্জামান।

এ সভায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মোঃ হাসানুজ্জামান কল্লোল, অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ আরিফুর রহমান অপু, অতিরিক্ত সচিব (গবেষণা) কমলারঞ্জন দাশ, অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা ও উপকরণ) মোঃ মাহবুবুল ইসলাম, অতিরিক্ত সচিব (পিপিসি) ড. মোঃ আবদুর রৌফ, অতিরিক্ত সচিব বলাই কৃষ্ণ হাজরাসহ সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে ও চলমান বন্যার কারণে ক্ষতিগ্রস্ত ৩৮টি জেলার সবজি ও আমন ধান চাষিদের ক্ষতি পুষিয়ে নিতে বীজ, সারসহ বিভিন্ন প্রণোদনা কার্যক্রম বেগবান, তদারকি ও সমন্বয়ের জন্য কৃষি মন্ত্রণালয়ের ১৪টি কমিটি কাজ শুরু করেছে। কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, এমপির নির্দেশে এসব তদারকি ও সমন্বয় কমিটি গঠিত হয়েছে। কৃষিসচিব মো. নাসিরুজ্জামান কমিটির সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করছেন। সমন্বয়ের দায়িত্বে আছেন অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. হাসানুজ্জামান কল্লোল।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ ও এর অধীনস্থ দপ্তর/সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এসব কমিটি গঠন করে বিভিন্ন জেলার দায়িত্ব প্রদান করা হয়েছে। কমিটি বন্যা প্লাবিত এলাকার কৃষি কর্মকর্তাদের সাথে নিয়মিতভাবে অনলাইন মিটিং ও সরেজমিন পরিদর্শনের মাধ্যমে মাঠের সকল কার্যক্রমের তদারকি ও মনিটরিং এর কাজ শুরু করেছে।

এছাড়া, তদারকির মাধ্যমে কৃষকের উঁচু স্থানে কমিউনিটি বীজতলা তৈরি, কৃষকের উঁচু স্থান না থাকলে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (এটিআই) কমিউনিটি বীজতলা তৈরী, উৎপাদিত বীজ/চারা সঠিক সময়ে কৃষকদেরকে সরবরাহ, যে এলাকায় বন্যা দীর্ঘস্থায়ী হবে সেখানে কৃষকের চাহিদা অনুযায়ী নাবীতে বপনযোগ্য বীজ সরবরাহ প্রভৃতি কার্যক্রম নিশ্চিতকরণে কাজ করছে।

‘ভ্যাকসিন ট্রায়াল নিয়ে চীনের প্রস্তাব পর্যালোচনা করে সিদ্ধান্ত’

0

চীনের বেসরকারি কম্পানি ‘সাইনোভ্যাট’ বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের ওপর করোনার ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের যে ট্রায়াল করার প্রস্তাব দিয়েছে তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে সরকার।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান এ কথা জানান। তিনি বলেন, তৃতীয় পর্যায়ে ট্রায়ালের জন্য অন্তত ৪২০০ লোকবলের প্রয়োজন। বাংলাদেশের করোনা স্বাস্থ্যকেন্দ্রে এই সংখ্যক কর্মী রয়েছে। এ জন্য তারা বেছে নিয়েছে বাংলাদেশকে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আরো বলেন, আইসিডিডিআর,বির মাধ্যমে চীনের কম্পানি এই প্রস্তাব দিয়েছে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের সময় চীনে রোগীর সংখ্যা কমে গেছে। এটি বাংলাদেশের জন্যও আশার কথা বলে উল্লেখ করেন তিনি।

সংঘর্ষ এড়াতে চীন সীমান্তে স্থায়ী প্রোটোকল চায় নয়াদিল্লি

0

ভারত-চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা সমাবেশ কমানোর এবং লাদাখের গালওয়ান ভূখণ্ড থেকে লালফৌজকে পিছু হটানোর জন্য প্রক্রিয়া চলছে। সেনা সূত্র বলছে বিষয়টি সময়সাপেক্ষ। পাশাপাশি অদূর ভবিষ্যতে যেন দু’দেশের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি আর তৈরি হয় তার জন্য স্থায়ী প্রোটোকল তৈরি করার কথা ভাবা হচ্ছে কূটনৈতিক স্তরে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের দাবি, দু’দেশের পররাষ্ট্র বিষয়টি বিবেচনা করছে। সূত্রের খবর, ভারতের সঙ্গে চীনের সামরিক আলোচনা খতিয়ে দেখতে বৈঠকে বসবে কেন্দ্রের ‘চায়না স্টাডি গ্রুপ’। তার সদস্যদের মধ্যে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

সাউথ ব্লক সূত্রের মতে, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় লাদাখে ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলার দূরত্বে চীন ফাইবার অপটিক কেবল পেতেছে, রাস্তা তৈরি করেছে, লাগিয়েছে সোলার প্যানেল। তৈরি করেছে অনেক বাঙ্কার, পোস্ট। অনেক দিন এ ব্যাপারে পিছিয়ে থাকার পর গত কয়েক বছরে ভারতও একইভাবে নিজের দিকে পরিকাঠামো জোরদার করেছে। সব মিলিয়ে দুই দেশের সীমান্তে এখন টানটান আবহাওয়া যা অতীতে ছিল না। সীমান্তে বিপুল সেনা সমাবেশ এখন কিছু সময়ের অপেক্ষামাত্র। আর সামান্যতে সেনা টহলের সময়ে সীমান্তে সংঘর্ষ তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দিতে পারছে না নয়াদিল্লি।

ভারত সরকারের এক কর্মকর্তার মতে, নয়াদিল্লির কৌশলের প্রথম ধাপ হলো গালওয়ান ভূখণ্ড থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার। দ্বিতীয় ধাপ হলো ১৯৯৩ সালের ভারত-চীন চুক্তি অনুযায়ী সীমান্তে ন্যূনতম সেনা রাখার ব্যাপারে ঐকমত্য হওয়া। এরপর তৃতীয় ধাপ হলো সেনা টহলের ক্ষেত্রে একটি প্রোটোকল তৈরি করা যাতে উভয় পক্ষের সংঘর্ষ ভবিষ্যতে না হয়।

এই প্রোটোকলে কী কী থাকতে পারে তা এখনও স্পষ্ট করে জানায়নি সাউথ ব্লক। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। কোন দিকে কত সেনা রয়েছে, সেই সংখ্যা এবং এলাকা নির্দিষ্ট করে দু’পক্ষের মধ্যে নিয়মিত মানচিত্র বিনিময় করার মতো একটি পদক্ষেপের কথা ভাবা হচ্ছে বলে সূত্রের খবর। আগে এই মানচিত্র বিনিময়ের বিষয়টি দু’ পক্ষের সেনার মধ্যে চালু ছিল, কিন্তু ২০০২ সালের পরে তা বন্ধ হয়ে যায়।

ভারতীয় সেনা এবং দেশের নিরাপত্তা সংক্রান্ত সংস্থাগুলোর বক্তব্য, শেষ পর্যন্ত চীন কী করবে সে ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা যায় না। তাদের বিশ্বাসও করা যায় না। সীমান্ত পরিকাঠামোর প্রশ্নে চীন কিছুটা এগিয়ে থাকার কারণে তারা দ্রুত বেশি সংখ্যক সেনা জড়ো করতে পারবে এটাও ঠিক। কিন্তু যেহেতু এই পরিকাঠামো ভারত এবং চীন যে যার নিজের দিকে করছে, ফলে কেউ কারও ব্যাপারে আপত্তি জানাতে পারে না বা নাক গলাতে পারে না। ফলে যেটা সম্ভব সেটা হলো, প্রোটোকল তৈরি করে কড়াভাবে যাতে তা মানা হয় সে দিকে দৃষ্টি রাখা। নয়তো ১৫ জুনের গালওয়ানের মত ঘটনা খুব শিগগিরই ফের ঘটতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আনন্দবাজার

বাংলাদেশসহ চার দেশ থেকে জাপানে প্রবেশে কড়াকড়ি

0

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার থেকে বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন ও পেরুর বাসিন্দারা জাপানে প্রবেশের ক্ষেত্রে কড়া প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এই চার দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার।

গত শুক্রবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয়, করোনা পরীক্ষার পর নেগেটিভ ফল আসার পর এই চার দেশের নাগরিকদের মধ্যে জাপানের স্থায়ী বাসিন্দা এবং দীর্ঘ মেয়াদি ভিসা নেওয়া ব্যক্তি, তাদের স্ত্রী ও সন্তানরা অনুমতি সাপেক্ষে প্রবেশ করতে পারবে। তবে সেক্ষেত্রে করোনা পরীক্ষা করাতে হবে জাপানে প্রবেশের ঠিক আগ মুহূর্তে।

১ সেপ্টেম্বর থেকে সকল বিদেশি নাগরিকের ক্ষেত্রে এ নিয়ম চালু করবে জাপান। তবে সামনের শুক্রবার থেকে নির্দিষ্ট চারটি দেশের ক্ষেত্রে এ নিয়ম চালু হতে যাচ্ছে। এর আগে দেশগুলো থেকে যাওয়া যাত্রীদের বিমানবন্দরে পরীক্ষার পর উদ্বিগ্ন হওয়ার মতো করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার জেরে এ ধরনের পদক্ষেপ নিচ্ছে টোকিও।

জানা গেছে, জাপানে প্রবেশের অনুর্ধ্ব ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করে সেই সনদ জমা দিতে হবে। সেই সঙ্গে জাপানে প্রবেশের অনুমোদন সংক্রান্ত কাগজও জমা দিতে হবে। সেগুলো খতিয়ে দেখবে জাপানের দূতাবাস এবং কনস্যুলার অফিসগুলো।

গত ৩ এপ্রিল থেকে করোনা মহামারির কারণে কড়া লকডাউনের পর বিদেশিদের জন্য দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিতেই নতুন করে ভাবছে টোকিও। গত সপ্তাহে জাপান সরকার সিদ্ধান্ত নেয়, বিদেশিদের মধ্যে যারা ৩ এপ্রিলের আগে সে দেশ ছেড়ে গেছে, তারা বুধবার থেকে জাপানে ফিরতে পারবে।

যদিও, সবাইকে জাপানে প্রবেশের ব্যাপারে করোনা পরীক্ষার সনদ দেখাতে হবে এবং ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে। এই সময়ে তারা গণপরিবহন ব্যবহার করতে পারবে না।

জাপান সরকারের তথ্য অনুসারে, বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হওয়ার আগে দুই লাখের বেশি মানুষ সাময়িকভাবে জাপান ছেড়েছে। শর্ত সাপেক্ষে এখন তারা জাপানে প্রবেশ করতে পারবে।

সূত্র : জাপান টাইমস

সুপ্রিম কোর্ট খোলা নিয়ে বৃহস্পতিবার বসছে ফুলকোর্ট সভা

0

সুপ্রিম কোর্ট খোলা নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টায় ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।

গতকাল সোমবার (৩ আগস্ট) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে আগামী ৬ জুলাই বিকেল ৩টায় ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে। সভার আলোচ্যসূচি হিসেবে উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অনুরোধের পরিপ্রেক্ষিতে শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারকার্যক্রম পরিচালনা প্রসঙ্গে।

করোনা পরিস্থিতিতে গত ২৬ মার্চের পর দফায় দফায় সাধারণ ছুটিরও মেয়াদ বাড়ানো হয়। সবশেষ গত ১৬ মে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সাধারণ ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়। তবে সরকার ৩০ মে মাসের পর সাধারণ ছুটি আর না বাড়ালেও আদালত অঙ্গনে নিয়মিত কার্যক্রমের পরিবর্তে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভার্চ্যুয়াল বিচার কাজ অব্যাহত থাকবে জানিয়ে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

এরআগে গত ১০ মে সর্বশেষ ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সুপ্রিম কোর্টসহ সারাদেশে ভার্চুয়াল আদালত চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ওইদিনই ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ এবং অধন্তন আদালতের জন্য আলাদা আলাদা ‘প্র্যাকটিস নির্দেশনা’ এবং আইনজীবীদের জন্য ‘ভার্চুয়াল কোর্টরুম ম্যানুয়াল’ প্রকাশ করা হয়।

এরপর ওই নির্দেশনা মেনেই ১১ মে থেকে আইনজীবীরা আবেদন করছেন এবং আদালতে বিচার কার্যক্রম চলছে।

হাজিদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে এ্যাপ ও ব্রেসলেট ব্যবহার

0

সদ্য হজ সমাপ্তকারীদের বাড়ি ফেরার পর কোয়ারেন্টিন নিশ্চিত করতে বেশ তৎপর সৌদি আরবের হজ ও ওমরা বিভাগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়। হাজিদের হাতে থাকা ব্রেসলেট ও এ্যাপের সাহায্যে তা নিশ্চিত করা হবে জানা যায়।

সৌদি গণমাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়, হজের শেষ দিন পর্যন্ত হাজিদের কেউ করোনা ভাইরাইসে আক্রান্ত হননি।

এবারের সীমিত হজে অংশগ্রহণকারীদের জন্য হজের শুরু হওয়ার আগে ও সমাপ্ত হওয়ার পর কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়। হজের আগে মোট ১৪ দিন ও শেষ হওয়ার বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিন নিশ্চিত করা হবে বলে জানায় সৌদি সংবাদ মাধ্যম।

সৌদি সরকারের হজ ও ওমরা কর্তৃপক্ষ হাজিদের হাতে থাকা ব্রেসলেটের সাহায্যে হাজিদের কোয়ারেন্টিন নিশ্চিত করবে। এছাড়া ‘তাতাম্মান’ (tatamman – সুস্থ থাকুন) এ্যাপের সাহায্যে সব সময় নিরীক্ষণ করা হবে হাজিদের স্বাস্থ্যের অবস্থা। করোনা ভাইরাসরোধে কর্তৃপক্ষের নির্দেশনা মতে হজের শুরুতে ব্রেসলেটের সাহায্যে সব হাজির কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে।

সৌদি আরবে ইতিমধ্যে কোভিড-১৯ এ আক্রান্তের হার কমতে শুরু করেছে। গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, নতুনকরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ শ ৫৮ জন। এখন পর্যন্ত সৌদি আরবে মোট আক্রান্ত হয়েছেন, দুই লক্ষ ৮০ হাজার ৯৩ জন। ইতিমধ্যে সুস্থ হয়েছেন দুই লক্ষ ৪২ হাজার ৫৩ জন।

উল্লেখ্য, সৌদি আরবে করোনা আক্রান্তের হার আগের চেয়ে কমে আসছে। ইতিমধ্যে শতকরা ৮৫ ভাগ রোগী সুস্থ হয়ে ফিরেছে। করোনারোধে সৌদি আরব অনুসরণ করছে কঠোর স্বাস্থ্যবিধি। সবার মধ্যে সামাজিক দূরত্ব, হাত ধৌত করা, গণসমাগম পরিহার ও মাস্ক পরাকে বাধ্যতামূলক করেছে।

সূত্র : আরব নিউজ