Home Blog Page 2773

দ্য কনসার্ট ফর বাংলাদেশের ৪৯ বছর পূর্তি উদযাপন

0

মুক্তিযুদ্ধে বিভিন্ন দেশের বন্ধুরা নানাভাবে সহায়তা করেছেন। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা অবদান রেখেছেন বাংলাদেশের মানুষের মুক্তির জন্যে। তাদের অবদানের স্মারক সংগ্রহ ও ভবিষ্যত প্রজন্মের কাছে তা তুলে দেয়ার আহবান জানিয়েছেন বক্তারা। ঐতিহাসিক ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’-এর ৪৯ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তারা এই আহবান জানান।

মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের নিয়ে কাজ করা নিউ ইয়র্কে গড়ে ওঠা সংগঠন ‘ফ্রেন্ডস অব ফ্রিডম’ এই অনুষ্ঠানের আয়োজন করে। করোনা মহামারির কারণে এবার ব্যতিক্রমী উদ্যোগ নেয় সংগঠনটি।

গত বছর কনসার্ট ফর বাংলাদেশের বর্ষপূর্তিতে নিউ ইয়র্কে জমজমাট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এবারো তেমনটি পরিকল্পনা করা হলেও, শেষ পর্যন্ত প্রযুক্তির সহায়তা নেওয়া হয়। নিউ ইয়র্কের স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) রাত ১০টায় অনুষ্ঠানটি ফ্রেন্ডস অব ফ্রেডম, এফবি টিভিসহ কয়েকটি ফেসবুক পেজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়।

ফ্রেন্ডস অব ফ্রিডম-এর প্রধান সমন্বয়কারী শামীম আল আমিনের সঞ্চালনায় এবারের আয়োজনে অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, ইউনিভার্সিটি অব ডেনভারের অধ্যাপক হায়দার এ খান, ঘাতক দালাল নির্মূল কমিটি নিউ ইয়র্ক চ্যাপ্টারের সভাপতি ফাহিম রেজা নূর, বিশিষ্ট অভিনেত্রী লুৎফুন নাহার লতা এবং কনসার্ট ফর বাংলাদেশে সরোদ বাজানো ওস্তাদ আলী আকবর খানের নাতি মোর্শেদ খান অপু।

মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষকে সহায়তা দেওয়ার জন্যে নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে যে কনসার্টের আয়োজন করা হয়েছিল, তা ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ১৯৭১ সালের ১ আগস্ট রবিবার জগৎসেরা বিটলস ব্যান্ড খ্যাত সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসন ও সেতারবাদক পন্ডিত রবি শংকরের উদ্যোগে সেই কনসার্টটি অনুষ্ঠিত হয়েছিল। তাতে বব ডিলনসহ পৃথিবী সেরা শিল্পীরা অংশ নিয়েছিলেন। দুটি বেনিফিট কনসার্টে দর্শক হয়েছিল ৪০ হাজারেরও বেশি। সেখান থেকে পাওয়া অর্থ ইউনিসেফের মাধ্যমে খরচ করা হয়েছিল বাংলাদেশের উদ্বাস্তু মানুষের জন্যে।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন ছাড়াও বক্তব্য রাখেন রথীন্দ্রনাথ রায়। তিনি এসময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রতিবেশী ভারতও সেই সময় যে সহায়তা দিয়েছিল, তার তুলনা হয় না। একাত্তরের কণ্ঠযোদ্ধাদের ভূমিকার কথা স্মরণ করে রথীন্দ্রনাথ রায় বলেন, ‘আমি মনে করি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রও আসলে মুক্তিযুদ্ধের একটি সেক্টর। আনুষ্ঠানিকভাবে যদি সেই স্বীকৃতি আসে খুব ভালো লাগবে আমার’।

কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনের সময়টায় একজন সক্রিয় অংশগগ্রহণকারী ছিলেন অধ্যাপক হায়দার এ খান। তিনি তার বক্তব্যে সেই সময়কার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বর্ণনা করেন, তখনকার প্রেক্ষাপট। হায়দার এ খান বলেন, তখন পৃথিবীর তাবৎ শ্রেষ্ঠ সঙ্গীত তারকারা এক ছাদের নিচে দাঁড়িয়েছিলেন। বাংলাদেশের ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্যে এই কনসার্টটি একটা ভূমিকা রেখেছিল। বিশেষ করে বিশ্বব্যপী মানুষ বাংলাদেশের নামটি আরো ভালো করে জানল। তাই মুক্তিযুদ্ধের ইতিহাসে এই কনসার্টের ভূমিকা বলে শেষ করা যাবে না।

ফাহিম রেজা নূর বলেন, মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের স্বীকৃতি দিয়ে সম্মাননা জানিয়েছে আওয়ামী লীগ সরকার। এ নিয়ে আরো কাজ করতে হবে। যেন ভবিষ্যত প্রজন্ম ইতিহাসের এই অধ্যায়টি ভালো করে জানতে পারে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর লেখা প্রখ্যাত আমেরিকান কবি অ্যালেন গিন্সবার্গের ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটির বাংলা অনুবাদ পাঠ করে শোনান লুৎফুন নাহার লতা। বাংলা ধুনের আদলে সেতার বাজান মোর্শেদ খান অপু।

এছাড়া কনসার্টে জর্জ হ্যারিসনের গাওয়া ‘বাংলাদেশ’ গানটির ভাবানুবাদ করেছেন ধীমান নাথ। সেটি পাঠ করেছেন বাচিক শিল্পী অভ্র ভট্টাচার্য। ধারণকৃত সেই পাঠ দেখানো হয় অনুষ্ঠানে। জোয়ান বায়েজের ‘বাংলাদেশ’ গানটি গেয়েছে ১২ বছরের শিল্পী অপর্ণা আমিন। পরিবেশন করা হয় সেই গানটিও।

ঐতিহাসিক সেই কনসার্টের ওপর একটি প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ করছেন লেখক ও সাংবাদিক শামীম আল আমিন। ‘একটি দেশের গান’ বা ‘সঙস ফর এ কান্ট্রি’ শিরোনামের সেই প্রামাণ্যচিত্রটি ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সবার জন্যে উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন নির্মাতা।

যন্ত্রণাহীন মৃত্যুর উপায় খুঁজেছিলেন সুশান্ত, বলছে মুম্বাই পুলিশ

0

মৃত্যুর আগে বারবার নিজের নাম গুগল করেন সুশান্ত সিংহ রাজপুত। যন্ত্রণা সহ্য না করে কিভাবে নিজেকে শেষ করে দেওয়া যায়, ইন্টারনেটে সেই প্রশ্নেরও উত্তর খুঁজেছিলেন তিনি। অভিনেতার মৃত্যু নিয়ে দেড় মাস ধরে তদন্ত চালিয়ে সোমবার এমনটাই জানাল মুম্বাই পুলিশ। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মুম্বাই পুলিশের দাবি, সুশান্ত বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিলেন। তাঁর জন্য চিকিৎসা চলছিল তাঁর। তিনি ওষুধও খাচ্ছিলেন। সুশান্ত বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিলেন বলে এর আগে সংবাদমাধ্যমে জানিয়েছিলেন এ অভিনেতার চিকিৎসক। কিন্তু তাঁর পরিবার এবং তাঁর প্রাক্তন বান্ধবী অঙ্কিতা তা মানতে রাজি হননি। বরং প্রকাশ্যে এ ধরনের মন্তব্য করে ওই চিকিৎসক রোগীর গোপনীয়তা ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেন তাঁরা। কিন্তু সুশান্তের চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করে এবং সব দিক খতিয়ে দেখে তিনি বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিলেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।

সাংবাদ সম্মেলনে মুম্বাইয়ের পুলিশ কমিশনার পরম বীর সিংহ বলেন, এখন পর্যন্ত ৫৬ জনের বয়ান রেকর্ড করেছি আমরা। কাজের জায়গায় রেষারেষি, টাকা-পয়সার লেনদেন, স্বাস্থ্য- সব দিকই খতিয়ে দেখছি। এ যাবৎ তদন্তে যা উঠে এসেছে, তাতে জানা গেছে, বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিলেন সুশান্ত সিংহ রাজপুত। তার চিকিৎসা চলছিল তাঁর। ওষুধও খাচ্ছিলেন। তবে কোন পরিস্থিতিতে আত্মহত্যার পথ বেছে নিতে হলো তাঁকে, তা তদন্ত করে দেখছি আমরা।

ভ্যাকসিন আগে পাওয়ার ব্যাপারে সরকার তৎপর : স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের মতো একটি ঘনবসতিপূর্ণ দেশেও আক্রান্ত বিবেচনায় কভিড মৃত্যুহার উল্লেখযোগ্য হারে হ্রাস করতে সক্ষম হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে প্রশংসিত হচ্ছেন।

তিনি বলেন, ইউরোপ, আমেরিকা নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা হচ্ছে। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতও কভিড সামলাতে হিমশিম খাচ্ছে। ভারতে দিনে প্রায় ৫০ হাজার মানুষ আক্রান্তের পাশাপাশি মৃত্যুও হচ্ছে প্রচুর। কিন্তু আমাদের দেশে সনাক্ত বিবেচনায় মৃত্যুহার এখন ১.৩১ শতাংশ। অন্যদিকে, দিনে দিনে আক্রান্ত হারও কমে যাচ্ছে। এই কোরবানি ইদে আক্রান্ত সামান্য বৃদ্ধি পেলেও তা সামলিয়ে নেওয়ার সক্ষমতা এখন স্বাস্থ্যখাতের হাতে রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আজ সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ে ইদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে মিডিয়া ব্রিফিংকালে এসব কথা বলেন।

করোনার ভ্যাকসিন পাওয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশই করোনার ভ্যাকসিন আবিষ্কারের পথেই রয়েছে। কোনো কোনো দেশ তৃতীয় পর্যায়ের পরীক্ষার মধ্যেই আছেন। ভ্যাকসিন আবিষ্কার হলে বাংলাদেশ যেন আগে পায় সে ব্যাপারে সরকার তৎপর রয়েছে।

এ সময়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর-এর মহাপরিচালক সিদ্দিকা আক্তার, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন-সহ অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নরেন দাসকে আমরা হারিয়ে যেতে দেব না : আইনমন্ত্রী

0

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রয়াত সচিব নরেন দাসকে আমরা হারিয়ে যেতে দেব না। নরেন ছিলেন কাজে অত্যন্ত নিষ্ঠাবান ও আন্তরিক, নিরহংকারী। সবদিক থেকে সৎ এবং বঙ্গবন্ধুর একনিষ্ঠ সৈনিক।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রয়াত সচিব নরেন দাস স্মরণে আজ সোমবার বিকেলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী।

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এ স্মরণ সভার আয়োজন করে। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব (চলতি দায়িত্ব) মো. মইনুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, প্রয়াত সচিব নরেন দাসের স্ত্রী মিতালি রানী দাস, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব উম্ম কুলসুম, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব হাফিজ আহমেদ চৌধুরী ও মোহাম্মদ জাকির হোসেন অংশ নেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব ড. মো. জাকেরুল আবেদীন।

আইনমন্ত্রী বলেন, নরেন দাস আজ আমাদের মাঝে না থাকলেও তাঁর যে স্পিরিট সেটা আমাদের জীবিত রাখতে হবে। কারণ নরেন দাসের স্পিরিটগুলো কাজে লাগালে দেশের উপকারের পাশাপাশি তাঁর যথার্থ মর্যাদাও প্রদান করা হবে।

তিনি বলেন, নরেন দাসের ব্যবহারের মধ্যে যে অমায়িকভাব ছিল তা সত্যিই অনুকরণীয়। তাঁর মধ্যে কোনো গরিমা ছিল না। নরেন দাস সবসময় মানুষের সাথে আন্তরিক ব্যবহার করতেন। তিনি না থাকার যে শূন্যতা তা আমাদেরকে ব্যথিত করা ছাড়াও কাজে শূন্যতা অনুভব করাবে।

উল্লেখ্য, নরেন দাস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ জুলাই মৃত্যুবরণ করেন।

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিব হলেন মইনুল কবির

0

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবের চলতি দায়িত্ব পেলেন একই বিভাগের অতিরিক্ত সচিব (ড্রাফটিং) মো. মইনুল কবির।

আজ সোমবার লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৫ ফেব্রুয়ারি ১৯৯২ সম (বিধি-১)/এস-১১/৯২-৩০ (১৫০) নম্বর স্মারকের বিধান অনুযায়ী লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব (ড্রাফটিং) মো. মইনুল কবিরকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব পদে চলতি দায়িত্ব প্রদান করলো।

মইনুল কবির নবম বিসিএস এর মাধ্যমে ১৯৯১ সালের ২৬ জানুয়ারি জুডিসিয়াল ক্যাডারে যোগদান করেন। শুরুতে তিনি ময়মনসিংহ, ফরিদপুর ও চাঁদপুর জেলা জজ আদালতে সহকারী জজ/ সিনিয়র সহকারী জজ পদে চাকরি করেন। এরপর ১৯৯৮ সালের ৫ জুলাই আইন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব (ড্রাফটিং) পদে যোগদান করেন এবং সর্বশেষ ২০১৯ সালের ২৮ মে তারিখে তিনি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব (ড্রাফটিং) পদে পদোন্নতি পান।

রাত ১০টার পর বাসার বাইরে বের হওয়া যাবে না

0

রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যাওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। এ ছাড়া দোকানপাট, শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার (৪ আগস্ট) থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই নির্দেশনা জারি থাকবে।

আজ সোমবার (০৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

এতে বলা হয়, রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাওয়া যাবে না। তবে ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, জরুরি পরিষেবা, ওষুধ ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন ও সৎকার ইত্যাদি কাজে বাইরে বের হওয়া যাবে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়, বাসার বাইরে সব সময় মাস্ক পরে, পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। হাটবাজার, দোকানপাট, শপিং মলে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোভাবে প্রতিপালন করতে হবে।

এতে আরো বলা হয়, শপিং মলের প্রবেশ মুখে তাপমাত্রা পারিমাপক যন্ত্র এবং হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। শপিং মলের আগত যানবাহনগুলোকে অবশ্যই জীবাণুমুক্ত রাখতে হবে। হাটবাজার, দোকানপাট শপিং মল আবশ্যিকভাবে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।

এ ছাড়া নির্দেশনা বলা হয়েছে, খাদ্যপণ্য ক্রয়ে ঈ-কমার্স সাইট ব্যবহারে উৎসাহিত করতে হবে। সরকারি, স্বায়ত্ত্বশাসিত, বেসরকারি অফিস, ব্যাংক ও অর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য, শিল্প-কারখানা ও সেবা প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা স্বাস্থ্যবিধি প্রতিপালন করে খোলা থাকবে। ঝুঁকিপূর্ণ, অসুস্থ কর্মচারী এবং সন্তান সম্ভবা নারীরা কর্মস্থলে উপস্থিত হওয়া থেকে বিরত থাকবেন।

করোনায় মৃত্যুহার কমে যাওয়া আমাদের সফলতা : স্বাস্থ্যমন্ত্রী

0

করোনায় মৃত্যুহার কমে যাওয়া স্বস্তিদায়ক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, করোনায় ভ্যাকসিন যেখানেই বের হবে, দেশের মানুষের জন্য সেখানে থেকেই দ্রুত সংগ্রহ করা হবে।

আজ সোমবার (০৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউরোপ-আমেরিকা নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা হচ্ছে। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতও হিমশিম খাচ্ছে। ভারতে দিনে প্রায় ৫০ হাজার মানুষ আক্রান্তের পাশাপাশি মৃত্যুও হচ্ছে প্রচুর। কিন্তু আমাদের দেশে শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এখন ১.৩১ শতাংশ। দিনে দিনে আক্রান্তের হারও কমে যাচ্ছে। কোরবানি ঈদে আক্রান্ত সামান্য বৃদ্ধি পেলেও তা সামলে নেওয়ার সক্ষমতা এখন স্বাস্থ্যখাতের রয়েছে।

তিনি বলেন, ঈদে অনেক মানুষ গ্রামের বাড়িতে গেছে এজন্য সংক্রমণ কিছুটা বাড়তে পারে। গত কয়েকদিনে আমাদের সংক্রমণ ও মৃত্যুর হার কিছুটা কমে গেছে। মৃত্যুর হার কমে যাওয়াটা একটা সফলতা।

ব্রিফিংকালে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৭ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি

0

আগামী ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ১০১টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১৮টি, বৃদ্ধি ২৪টি এবং হ্রাস ৭২টির, বিপদসীমার উপরে নদ-নদীর সংখ্যা ১৭টি।

এতে বলা হয়েছে, রাজধানী ঢাকার আশপাশের নদীসমূহের পানি সমতলে স্থিতিশীল আছে যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ ছাড়া, নওগাঁ, নাটোর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, শরিয়তপুর, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকবে। আগামী ২৪ ঘণ্টায় ঢাকা সিটিকর্পোরেশন সংলগ্ন নিম্নাঞ্চলসমূহের পানি বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

অন্যদিকে, ব্রহ্মপুত্র নদের পানি হ্রাস পাচ্ছে যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। যমুনা নদীর পানি সমতলে স্থিতিশলি আছে যা আগামী ২৪ ঘণ্টায় হ্রাস পেতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি সমতলে স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

কুশিয়ারা ব্যাতীত উত্তর-পূর্বাঞ্চলে মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতলে হ্রাস পাচ্ছে যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ ৫৭ মিলিমিটার ও কক্সবাজার ৫১ মিলিমিটার।

মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তি আবেদন শুরু, চলবে ১২ আগস্ট পর্যন্ত

0

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত পাঠদানকারী কলেজসমূহে শিক্ষাবর্ষ অনুযায়ী মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে এ কার্যক্রম ১২ আগস্ট রাত ১২টা পর্যন্ত চলবে। কভিড-১৯ মহামারীর কারণে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস অনলাইনের মাধ্যমে আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

আজ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions থেকে জানা যাবে।

কোর্সে ভর্তি কার্যক্রম চলছে, অনলাইনে যেসব কোর্সে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে তা হলো- ২০২০-২১ বর্ষের এলএলবি ১ম পর্ব, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফটোগ্রাফি ও পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন থিয়েটার স্টাডিজ। এ ছাড়া ২০১৯-২০ বর্ষের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক, এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট এবং ২০১৮-১৯ বর্ষের এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)।

শিমুলিয়ায় আরেকটি ফেরিঘাট নির্মাণের উদ্যোগ

0

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যাত্রীদের দুর্ভোগ কমাতে ও যানজট নিরসনে শিমুলিয়ায় আরেকটি ফেরিঘাট নির্মাণের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার সচিবালয়ে নিজ দফতরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

খালিদ মাহমুদ বলেন, ঈদের দিন বিকেলে আমি শিমুলিয়া ঘাট এলাকা পরিদর্শন করি এবং সেদিন বিকেল থেকে পণ্যবাহী যান নিয়ে ফেরি চলাচলের নির্দেশ দেই। পরবর্তীতে যাত্রীবাহী বাসও ফেরিতে চলাচল করছে। তেমন সমস্যা হচ্ছে না। মোটরসাইকেলের চাপ অনেক বেশি। শিমুলিয়ায় অন্য তিনটি ঘাট দিয়ে ফেরি চলাচল করছে। এজন্য আরও একটি ফেরিঘাট নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, পদ্মা নদীর পানি বেড়ে তীব্র স্রোত ও ভাঙণের কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের ৩ নম্বর ফেরিঘাট ভেঙে যায়। ফলে ৩১ জুলাই রাত থেকে কিছু সময়ের জন্য শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। ঈদের দিন বিকেলে আমি শিমুলিয়া ঘাট পরিদর্শনে গিয়ে পণ্যবাহী যান নিয়ে ফেরি চলাচলের নির্দেশ দেই। পরবর্তীতে যাত্রীবাহি বাসও ফেরিতে চলাচল করছে। তেমন সমস্যা হচ্ছেনা মটর সাইকেলের চাপ অনেক বেশি। শিমুলিয়ায় অন্য তিনটি ঘাট দিয়ে ফেরি চলাচল করছে। শিমুলিয়ায় আরেকটি ফেরিঘাট নির্মাণের জন্য বিআইডব্লিউটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, করোনা ও বন্যা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের মানুষ ঈদ উদযাপন করেছে, কোরবানি দিয়েছে। মানুষের মাঝে ঈদের আনন্দের কমতি দেখিনি। মানুষ সবকিছুর মধ্যে আনন্দ ভাগ করে নিয়েছে। করোনা ও বন্যা মোকাবিলা করে আমরা যাতে এগিয়ে যেতে পারি তার জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে প্রার্থনা করেছি।

প্রতিমন্ত্রী বলেন, মানিকগঞ্জ থেকে পাটুরিয়াঘাটে যাওয়ার রাস্তাটি দুইলেন বিশিষ্ট। রাস্তাটি সরু থাকায় যানবাহনের অতিরিক্ত চাপের ফলে ঈদের আগে সেখানে কিউ (ভিড়) তৈরি হয়েছিল। শিমুলিয়া থেকে দু’টি রো-রো ফেরি পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে আনার ফলে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিরুটে জট তৈরি হয়নি। এখন কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। ফেরি দ্রুত চলাচল করতে পারলে রাস্তার চাপ বা জট অনেকটা কমে যাবে বলেও জানান তিনি।