Home Blog Page 2774

আরো ৩০ মৃত্যু, শনাক্ত ১,৩৫৬

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন এক হাজার ৩৫৬ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন হাজার ১৮৪ জন। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন দুই লাখ ৪২ হাজার ১০২ জন।

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আজ সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এঁরা ২৫ জন পুরুষ এবং পাঁচজন নারী। এঁদের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন হাজার ১৮৪ জনের।

এ পর্যন্ত যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁদের মধ্যে পুরুষ দুই হাজার ৫০৪ জন এবং নারী ৬৮০ জন। আর বয়স বিবেচনায় এ পর্যন্ত যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁরা এঁদের বয়স ০ (শূন্য) থেকে ১০ বছরের মধ্যে ১৮ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ৩২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৮৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২০৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪৪২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯১৩ জন এবং ষাটোর্ধ এক হাজার ৪৮৩ জন।

জানানো হয়, গত ২৪ ঘণ্টায় যে ৩০ জনের মৃত্যু হয়েছে তাঁরা ঢাকা বিভাগের ১৫ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, খুলনা বিভাগের চারজন, রাজশাহী বিভাগের তিনজন, ময়মনসিংহ বিভাগের একজন, রংপুর বিভাগের একজন এবং সিলেট বিভাগের একজন। হাসপাতালে মারা গেছেন ২৭ জন এবং বাসায় তিনজন।

বিভাগ অনুযায়ী এ পর্যন্ত যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁরা ঢাকা বিভাগের এক হাজার ৫২০ জন, চট্টগ্রাম বিভাগের ৭৭০ জন, রাজশাহী বিভাগের ১৯৩ জন, খুলনা বিভাগের ২৩৩ জন, বরিশাল বিভাগের ১২৬ জন, সিলেট বিভাগের ১৫৩ জন, রংপুর বিভাগের ১২০ জন এবং ময়মনসিংহ বিভাগের ৬৯ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬৬ জন। এ নিয়ে দেশের করোনা সংক্রমণ থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৩৭ হাজার ৯০৫ জন।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে চার হাজার ২৩৮টি। একই সময় পূর্বের নমুনাসহ পরীক্ষা হয়েছে চার হাজার ২৪৯টি। এর মধ্যে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে এক হাজার ৩৫৬ জনকে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন দুই লাখ ৪২ হাজার ১০২ জন। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ৯৩ হাজার ৫৪৪টি।

আইসোলেশন প্রসঙ্গে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ৪৬৮ জনকে। একইসময় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৬৩ জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন ৫২ হাজার ২৭৩ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৩ হাজার ৪৪৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৮২৫ জন।

কোয়ারেন্টিন প্রসঙ্গেও তথ্য দেওয়া হয় বুলেটিনে। বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে গেছেন ৯৯৯ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন মোট চার লাখ ৪০ হাজার ১৩২ জন। ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন এক হাজার ৫১৪ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন তিন লাখ ৮৫ হাজার ২৭৮ জন। ছাড়ের পর বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫৪ হাজার ৮৫৪ জন।

সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত ৬২৯টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ৩১ হাজার ৯৯১ জনকে সেবা প্রদান যায় বলে জানানো হয় বুলেটিনে।

বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়ন এবং আইইডিসিআর’র হটলাইনে কল এসেছে ৬৮ হাজার ৭৩৯টি। এ নিয়ে এ পর্যন্ত মোট ফোনকল এসেছে এক কোটি ৮১ লাখ ১০ হাজার ৯৩০টি। এসব কলে সবাইকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে।

টেলিমেডিসিন সেবায় প্রতিদিন ৩৫ জন চিকিৎসক এবং ১০ জন স্বাস্থ্যতথ্য কর্মকর্তা দুই শিফটে মোট ৯০ জন টেলিমেডিসিনে করোনা সংক্রান্ত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় তাঁদের স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন দুই হাজার ৩১ জন। এ পর্যন্ত এক লাখ ৫৬ হাজার ২৩০ জন এই সেবা গ্রহণ করেছেন বলে জানানো হয় বুলেটিনে।

‘আগস্ট মানে হারানোর বেদনা হায়েনাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ’

0

‘আগস্ট মানে হারানোর বেদনা হায়েনাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ,’ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘উন্নয়ন-অগ্রযাত্রা বিরোধী এই অপশক্তি সম্পর্কে সকলকে সতর্ক থাকতে হবে।’

রবিবার রাতে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণ সভায় এ কথা বলেন তিনি। সাম্প্রতিক সময়ে দলীয় নেতাদের মৃত্যুতে এ স্মরণ সভার আয়োজন করা হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সরকারি বাসভবন থেকে এতে যুক্ত হন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আগস্ট মানে হারানোর বেদনা হায়েনাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ।’

তিনি বলেন, ‘১৫ ও ২১শে আগস্টের ষড়যন্ত্রকারীদের অব্যাহত অপচেষ্টা আজও চলমান’

ভিডিও কনফারেন্সে স্মরণসভায় যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার সহযোদ্ধা হিসেবে তারা আজীবন নিরলস কাজ করে গেছেন দল ও জাতির জন্য।’

প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম, অ্যাডভোকেট সাহারা খাতুন, শেখ মোহাম্মদ আবদুল্লাহ, বদরুদ্দীন আহমেদ কামরানসহ অন্যান্য নেতাদের আত্মার শান্তি কামনা করে তিনি বলেন, ‘তাদের অবদান দেশ ও জাতি শ্রদ্ধাবনত চিত্তে আজীবন স্মরণ করবেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি সার্বভৌম মানচিত্রের চিত্রকর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই আগস্টে হারিয়েছে জাতি।’

করোনায় ভারতে একদিনে মারা গেলেন ৭৭১ জন

0

ভারতে গত ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৯৭২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৩ হাজার ৬৯৫।

আজ সোমবার (৩ আগস্ট) ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণে মারা গেছেন ৭৭১ জন। এ নিয়ে দেশটিতে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৩৮ হাজার ১৩৫ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৮৬ হাজার ২০৩ জন।

ভারতে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, কর্ণাটক, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা ও গুজরাট।

দেশটিতে গত দেড় সপ্তাহ ধরে দৈনিক ৪৫ হাজারেরও বেশি রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে শনিবার (১ আগস্ট) রেকর্ড সর্বোচ্চ ৫৭ হাজার ১১৮ জন শনাক্ত হয়েছে। আর গতকাল রবিবার (২ আগস্ট) শনাক্ত হয়েছে ৫৪ হাজার ৭৩৫ জন।

চালু হলো ইউএই’র পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম চুল্লি, তীব্র আপত্তি কাতারের

0

মঙ্গলগ্রহে একটি অনুসন্ধানী রকেট পাঠানোর দু’সপ্তাহের মধ্যে শনিবার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম চুল্লিটি চালু করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বারাক, বাংলায় যার অর্থ আশীর্বাদ, মধ্যপ্রাচ্যের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

ইউএই বলছে, দক্ষিণ কোরীয় প্রযুক্তিতে তৈরি এই বিদ্যুৎকেন্দ্রটির চারটি চুল্লিই চালু হওয়ার পর এখান থেকে ৫.৬ গিগা-ওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে যা দিয়ে দেশের ২৫ শতাংশ চাহিদা মিটবে।

কিন্তু ২০১২ সালে ২০ বিলিয়ন (দুই হাজার কোটি) ডলারের এই প্রকল্প হাতে নেওয়ার পর থেকেই এর যৌক্তিকতা, ঝুঁকি এবং উদ্দেশ্য নিয়ে উপসাগরীয় প্রতিবেশীদের মধ্যে তো বটেই, আন্তর্জাতিক মহলেও সন্দেহ-বিতর্ক চলছে। বিশেষ করে কাতার এবং ইরানের গভীর সন্দেহ যে আমিরাতের মূল লক্ষ্য পারমাণবিক অস্ত্র তৈরি। কারণ উপসাগরীয় এই দেশটি দিনকে দিন মধ্যপ্রাচ্যের সামরিক সংঘাতে যুক্ত হচ্ছে যার প্রমাণ লিবিয়া এবং ইয়েমেন।

চালু করার মুহূর্তে বারাকার নিয়ন্ত্রণ কক্ষের এই ছবিটি টুইট করে আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ

তীব্র আপত্তি কাতারের
গত বছর কাতার জাতিসংঘ আণবিক সংস্থার (আইএইএ) কাছে লিখিত এক আপত্তিপত্রে বারাকা পারমাণবিক স্থাপনাকে ‘আঞ্চলিক শান্তি এবং পরিবেশের জন্য মারাত্মক হুমকি’ বলে বর্ণনা করে। কাতার বলে যেকোনো ধরনের দুর্ঘটনা হলে তেজস্ক্রিয় উপাদান ১৩ ঘণ্টার মধ্যে তাদের রাজধানী দোহায় চলে আসবে। শনিবার বিদ্যুৎকেন্দ্রটি চালু হওয়ার পর এখনও কাতার বা ইরানের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া শোনা যায়নি, কিন্তু তারা যে ক্ষোভে ফুটছে তা নিয়ে কারোরই সন্দেহ নেই।

বারাকা পারমাণবিক প্রকল্পের ওপর শুরু থেকেই গভীর নজর রাখছেন পারমাণবিক শক্তি বিষয়ে বিশ্বের শীর্ষ একজন বিশেষজ্ঞ পল ডর্ফম্যান। মার্চে প্রকাশিত একটি বিশ্লেষণে তিনি লেখেন যে, মধ্যপ্রাচ্যের বর্তমান বাস্তবতায় এই প্রকল্প নিয়ে উদ্বেগ তৈরি হবেই কারণ ‘পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ করে দেয়।‘

ড. ডর্ফম্যান ইউনিভার্সিটি অব লন্ডনের একজন গবেষক এবং নিউক্লিয়ার কনসালটিং গ্রুপের (এনসিজি) প্রধান। তিনি বলেন, ইউএই’র এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ইতিমধ্যেই অস্থিতিশীল একটি এলাকাকে আরো অস্থিতিশীল করে তুলবে।

পরিবেশের জন্য যেমন ঝুঁকি, তেমনি এই অঞ্চলে পারমাণবিক অস্ত্র তৈরির প্রতিযোগিতা নতুন করে উস্কে দিতে পারে এটি।

‘সামরিক অভিলাষ নেই’ ইউএই-র
ইউএই অবশ্য জোর দিয়ে বলে যাচ্ছে, উদ্বেগ উৎকণ্ঠার কোনো কারণ নেই। তারা শুধুই তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ওপর নির্ভরশীলতা কমাতে চাইছে।

উপসাগরীয় এই দেশটি যুক্তি দিয়ে চলেছে যে, আইএইএ’র সাথে বিস্তর বোঝাপড়ার ভেতর দিয়ে এই প্রকল্প নেয়া হয়েছে এবং এখানে তারা নিজেরা ইউরেনিয়াম শোধন করবে না বলে মুচলেকা দিয়েছে। শোধন করা জ্বালানি আসবে যুক্তরাষ্ট্র থেকে। আইএইএ-তে আমিরাতের প্রতিনিধি হামাদ আল কারবি জাপানের দৈনিক নিকেইকে শনিবার বলেন, ইউরেনিয়াম শোধনের কোনো পরিকল্পনা আমাদের নেই। ইউএই’র কোনো সামরিক অভিলাষও নেই।

কিন্তু মধ্যপ্রাচ্যে মেরুকরণের রাজনীতি দিন দিন প্রবল হচ্ছে। বের একদিকে সৌদি আরব ও ইউএই এবং অন্যদিকে ইরান ও কাতার। এতে করে আমিরাতের এই প্রতিশ্রুতিতে ভরসা করতে পারছে না অনেকেই।

বাতাস (উইন্ড এনার্জি) এবং সূর্যকে কাজে লাগিয়ে (সোলার এনার্জি) লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের অসামান্য সুযোগ যেখানে ইউএই‘র রয়েছে, সেখানে এত পয়সা বিনিয়োগ করে, চরম ঝুঁকিপূর্ণ এক ভূ-রাজনৈতিক আবহের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে কেন দেশটি যাচ্ছে তা নিয়ে অনেক বিশেষজ্ঞও মাথা চুলকাচ্ছেন।

নিউইয়র্ক টাইমস ড. ডর্ফম্যানকে উদ্ধৃত করে লিখেছে, এমিরেতিদের এই আগ্রহের পেছনে অন্য কোনো আকাঙ্ক্ষা হয়ত লুকিয়ে রয়েছে। আর তা হলো পারমাণবিক অস্ত্র।

কতটা নিরাপদ বারাকা
শুধু অস্ত্র তৈরির গোপন আকাঙ্ক্ষার সম্ভাবনা নিয়েই কথা হচ্ছে না, বিদ্যুৎ কেন্দ্রটির ওপর হামলার ঝুঁকি এবং তেমন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কেন্দ্রটিতে কতটা জোরালো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তা নিয়েও কথাবার্তা হচ্ছে।

আল জাজিরার একটি রিপোর্টে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে পারমাণবিক স্থাপনায় এ যাবতকাল কমপক্ষে ১৩টি হামলা হয়েছে যে সংখ্যা বিশ্বের অন্য যে কোনো অঞ্চলের তুলনায় বেশি। আবুধাবির রুয়াইস শহর থেকে ৫৩ কিমি বারাকা বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের সময়ে ২০১৭ সালে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা স্থাপনাটিতে হামলা চালানোর দাবি করেছিল।

তাছাড়া, মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর ঝুঁকি যে কতটা মারাত্মক তা গত বছর আরেকবার প্রমাণিত হয়েছে যখন সৌদি আরবের আবকাইক এবং খুরাইছ তেল স্থাপনায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা হয়। ওই হামলার পর সৌদি আরবের তেলের উৎপাদন কিছুদিনের জন্য ৫০ শতাংশ হ্রাস পেয়েছিল।

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি যেভাবে বিপজ্জনক হয়ে উঠছে তাতে বারাকা কি পুরোপুরি নিরাপদ? যদি তেমন কোনো হামলা হয়, তাহলে সম্ভাব্য পারমাণবিক দূষণ তা সামাল দেওয়ার ব্যবস্থা কতটা শক্ত তা নিয়ে খোলাখুলি প্রশ্ন তুলেছেন ড. পল ডর্ফম্যান।

গতবছর প্রকাশিত তার এক বিশ্লেষণে তিনি সন্দেহ প্রকাশ করেন – ‘কোর ক্রাচার‘ নামে পরিচিত যে প্রযুক্তি বড় কোনো দুর্ঘটনায় মূল চুল্লিটিকে রক্ষা করে, তা আদৌ বারাকা কেন্দ্রে রয়েছে কিনা। ছাড়া, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা বিমান হামলার বিরুদ্ধে নিরাপত্তা (জেনারেশন থ্রি ডিফেন্স ইনডেপ্থ) কতটা বারাকায় করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন ওই বিশেষজ্ঞ।

আইএইএ অবশ্য আশ্বস্ত করেছে, বারাকার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তারা পুরোপুরি ওয়াকিবহাল।

তবে সম্ভাব্য কোনো পারমাণবিক দুর্ঘটনায় প্রতিবেশী দেশগুলো দূষণের শিকার হলে তার দায় কে নেবে, এ সম্পর্কে উপসাগরীয় অঞ্চলে কোনো চুক্তি এখনও নেই। এটি কাতারকে উদ্বিগ্ন করেছে।

তবে শুধু ইউএই নয়, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য তোড়জোড় শুরু হয়েছে সৌদি আরব, মিশর এবং এমনকি জর্ডানেও। সৌদি আরব ইতোমধ্যেই কয়েকটি প্রস্তাব বিবেচনা করছে, আর মিশর চারটি স্থাপনা তৈরির জন্য রাশিয়ার সাথে চুক্তি করে ফেলেছে।

জাপানের দৈনিক নিকেই তাদের এক বিশ্লেষণমূলক রিপোর্টে বলছে, যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে মধ্যপ্রাচ্যে পারমাণবিক প্রযুক্তি বিস্তারে সায় দিচ্ছে। তার প্রধান কারণ, মার্কিন প্রতিরক্ষা এবং পারমাণবিক প্রযুক্তি শিল্প এখন মধ্যপ্রাচ্যকে একটি লোভনীয় বাজার হিসাবে বিবেচনা করছে, যার প্রধান ক্রেতা হতে চলেছে ইরানের চিরশত্রু সৌদি আরব।

সূত্র: বিবিসি বাংলা

করোনায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে দুর্যোগপূর্ণ রাজ্য ঘোষণা

0

করোনার কবলে পড়ে বিপর্যস্ত অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে দুর্যোগপূর্ণ রাজ্য ঘোষণা করা হয়েছে।

গতকাল রবিবার (২ আগস্ট) সংবাদ সম্মেলনে ভিক্টোরিয়ার স্টেট প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ এ ঘোষণা দেন। দুর্যোগপূর্ণ রাজ্য ঘোষণার পাশাপাশি সংক্রমণ ঠেকাতে রাজ্যে লকডাউন আরোপ করা হয়েছে বলে ঘোষণায় বলা হয়।

সংবাদ সম্মেলনে ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেন, করোনা সংক্রমণ মোকাবেলায় ‘দুর্যোগপূর্ণ রাজ্য’ ঘোষণা করা হয়েছে ভিক্টোরিয়াকে। এছাড়া রাজ্যের রাজধানী মেলবোর্নে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। এখানকার বাসিন্দাদের নতুন এ বিধিনিষেধ মেনে চলাচল করতে বলা হয়েছে। রবিবার স্থানীয় সময় বিকেল ৬টা থেকে নতুন বিধিনিষেধ কার্যকর হয়েছে।

ড্যানিয়েল অ্যান্ড্রুজ আরো বলেন, সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত থাকবে ছয় সপ্তাহের জন্য শুরু হওয়া এ বিধিনিষেধ। প্রতিদিন সন্ধ্যা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত মেলবোর্নের বাসিন্দারা এ কারফিউর আওতাভুক্ত থাকবে। বাড়ি ত্যাগের বিষয়েও রয়েছে কড়াকড়ি। করোনা মোকাবেলায় অস্ট্রেলিয়া অন্যান্য অনেক দেশের তুলনায় সফল। তবে ভিক্টোরিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই আমাদের আরো কঠোর হতে হবে।

গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। অস্ট্রেলিয়াতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯২৩ জন। মারা গেছেন ২০৮ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৪২০ জন।

নয়া সংকটে দিল্লি, লিপুলেখে সেনা জমায়েত করছে চীন

0

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় শান্তি ফেরানোর লক্ষ্যে চীনের সঙ্গে কমান্ডার পর্যায়ে পঞ্চম দফার বৈঠক করেছে ভারত। সূত্র জানায়, ১১ ঘণ্টার দীর্ঘ বৈঠকে প্যাংগং-সহ পূর্ব লাদাখের একাধিক এলাকা থেকে চীনা সেনার সম্পূর্ণ প্রত্যাহারের ব্যাপারে চাপ বাড়িয়েছে ভারত। চীনা এলাকায় মোলডোতে এই বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিংহ। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ৫ মে’র আগের স্থিতাবস্থা ফেরানোর দাবি ফের তুলেছে ভারত।

আলোচনার মধ্যেই চীনকে নিয়ে নতুন করে অস্বস্তিতে পড়েছে দিল্লি। সংশ্লিষ্ট সূত্রের খবর, পূর্ব লাদাখ নিয়ে টানাপড়েনের মধ্যেই উত্তরাখণ্ড সংলগ্ন লিপুলেখ পাসে সেনা জমায়েত করতে শুরু করেছে চীন। গত কয়েক সপ্তাহ ধরে ওই এলাকায় পিএলএ’র সক্রিয়তা দেখা যাচ্ছে বলে খবর। বিষয়টি নিয়ে কংগ্রেসও প্রশ্ন তুলেছে।

সামরিক সূত্রের বক্তব্য, উত্তরাখণ্ডের কাছে ভারত-নেপাল সীমান্তের লিপুলেখ পাসে চীনা সেনাদের গতিবিধি নজরে আসছে। তারা সেখানে সেনা সাজাচ্ছে। উত্তর সিকিম এবং অরুণাচল প্রদেশেও সীমান্ত বরাবর সেনা মোতায়েন করছে চীন। তাৎপর্যপূর্ণভাবে লিপুলেখ পাস সাম্প্রতিক অতীতে কূটনৈতিক বিতর্ক এবং আলোচনার কেন্দ্রে চলে এসেছে সম্পূর্ণ অন্য কারণে। মানস সরোবর যাত্রাপথে অবস্থিত এই এলাকায় ভারতের ৮০ কিলোমিটার রাস্তা তৈরি নিয়ে আপত্তি জানায় নেপালের কে পি ওলি’র সরকার। জুন থেকে অক্টোবর, প্রকৃত নিয়ন্ত্রণরেখার দু’পারে উপজাতিদের মধ্যে সীমান্ত বাণিজ্য করার জন্যও এই লিপুলেখ পাস ব্যবহার করা হয়ে থাকে। কিছু দিন আগে ভারতের এই এলাকাটিকে নিজেদের রাজনৈতিক মানচিত্রে অন্তর্ভুক্ত করে কাঠমান্ডু। ভারতের আপত্তিতে কর্ণপাত করেনি তারা।

কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, নেপালের এভাবে ভারতীয় ভূখণ্ডকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করার সঙ্গে সেখানে সাম্প্রতিক চীনা সেনার সমাবেশের সম্পর্ক থাকতে পারে। সূত্রের বক্তব্য, আজ সামরিক স্তরের আলোচনায় এই বিষয়টি টেবিলে নিয়ে এসেছে নয়াদিল্লি। বৈঠক শুরু হওয়ার আগেই কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা নাম না করে প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, লিপুলেখ পাসে আমাদের ভূখণ্ডে চীনা আগ্রাসন ঘটছে। দেশের রক্ষায় ভারতীয় সেনারা বুক চিতিয়ে দাঁড়িয়ে। কিন্তু চোখে চোখ রেখে যার কথা বলার ছিল, তিনি কোথায়? তিনি কবে চীনকে লাল চোখ দেখাবেন?

এ বৈঠকে আরো একটি বিষয় নিয়ে ভারত তার উদ্বেগ তুলে ধরেছে। ভারতীয় সেনা সূত্রের মতে, লাদাখ সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সামরিক পরিকাঠামো বাড়াতে বিশেষ উদ্যোগী হয়েছে বেইজিং। এক সেনা সূত্রের মতে, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি দোদুল্যমান। পিএলএ তাদের সেনা সমাবেশ বজায় রাখছেই, পাশাপাশি পরিকাঠামো বাড়াচ্ছে। চীনের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে, সীমান্ত সংক্রান্ত বিশেষ প্রতিনিধি স্তরে এবং সামরিক কমান্ডারদের মধ্যে ১৫ জুনের পর থেকে (গালওয়ানে রক্তপাতের পর) দফায় দফায় জট ছাড়ানোর চেষ্টা হয়েছে। বারবারই চীন বলেছে যে, তারা তাদের সেনা পিছিয়ে নিয়েছে এবং সীমান্ত থেকে সেনা সমাবেশ কমিয়ে ফেলেছে। সাউথ ব্লক চীনের এই বক্তব্যকে সরাসরি মিথ্যাচার না বললেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একাধিক সাংবাদিক সম্মেলনে বুঝিয়ে দিয়েছেন যে, এখনো এ ব্যাপারে বহু পথ হাঁটা বাকি। চীন এখনও কথা রাখেনি। এখন লিপুলেখ পাসে নতুন করে চীনের সেনা সমাবেশ ভারতের অস্বস্তিকে নিঃসন্দেহে অনেকটাই বাড়িয়ে দিল।

সরকারি সূত্রের খবর, ভারত ইতোমধ্যেই আমেরিকা, রাশিয়া এবং ইউরোপের কিছু দেশের দূতাবাসকে জানিয়েছে, অধিক উচ্চতায় শীতকালীন সময়ে ব্যবহার করার জন্য তাঁবু ও পোশাক উৎপাদনকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করে রাখতে, যাতে জরুরিভিত্তিতে অধিক সংখ্যায় কিনে নেওয়া যায়। কারণ কত দিন পর্যন্ত প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে শিবির গড়ে থাকতে হবে, তা এখনও স্পষ্ট নয়। তাই শীতের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দেওয়ার কথা ভাবা হচ্ছে। এক সেনা কর্তার মতে, গালওয়ানে যা ঘটল, তার পরে পিএলএ বা চীনা নেতৃত্বকে আর বিশ্বাস করা যায় না। যথেষ্ট আশঙ্কা রয়েছে, আগামী বছর প্যাংগং লেকের উত্তরপ্রান্তে আবার তারা ঢুকে আসতে পারে। আমাদের সব রকম প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

সূত্র: আনন্দবাজার

বিশ্বের সবচেয়ে উঁচু রেলসেতু তৈরি হচ্ছে কাশ্মীরে

0

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের চিনাব নদীর ওপর তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু রেলসেতু। নির্মাণাধীন সেতুটি আগামী বছরের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। রবিবার দেশটির কর্মকর্তারা বলেছেন, সেতুটি নির্মিত হলে ২০২২ সালের মধ্যে প্রথমবারের মতো ট্রেনযোগে ভারতের অন্যান্য অংশের সঙ্গে কাশ্মীর উপত্যকার যোগাযোগ স্থাপিত হবে।

সেতুটিতে কেন্দ্রীয় স্প্যান রয়েছে ৪৬৭ মিটারের, যা চিনাব নদীর তলদেশ থেকে ৩৫৯ মিটার উচ্চতায় নির্মিত হচ্ছে। দিল্লির বিখ্যাত কুতুব মিনারের উচ্চতা ৭২ মিটার এবং প্যারিসের আইফেল টাওয়ারের উচ্চতার (৩২৪ মিটার) চেয়েও ৩৫ মিটার বেশি উঁচু কাশ্মীরের এই সেতু।

ভারত সরকারের উচ্চপদস্থ একজন কর্মকর্তা বলেছেন, এটি বিশ্বের সবচেয়ে উঁচু সেতু এবং সেতুতে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৬৬ কিলোমিটার নকশা করা হয়েছে। তিনি বলেন, সেতুটির নির্মাণকাজ গত এক বছরে কেন্দ্রীয় সরকারের শীর্ষ পর্যায়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ত্বরান্বিত করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে কাশ্মীর উপত্যকার সঙ্গে ভারতের অনান্য অংশের ট্রেন যোগাযোগ স্থাপিত হবে। এ লক্ষ্যে উধমাপুর-কাটরা (২৫ কিলোমিটার), বানিহাল-কাজিগুন্দ (১৮ কিলোমিটার) এবং কাজিগুন্দ-বারামুল্লা (১১৮ কিলোমিটার) সেকশনকে সেতুর সঙ্গে সংযুক্ত করার কাজ এরইমধ্যে সম্পন্ন হয়েছে।

অবশিষ্ট ১১১ কিলোমিটারের কাটরা-বানিহাল সেকশনের কাজ সম্পন্ন করার প্রক্রিয়া চলমান রয়েছে। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেতুটির কাটরা-বানিহাল সেকশনের ১৭৪ কিলোমিটার টানেলের মধ্যে ১২৬ কিলোমিটারের নির্মাণ কাজও শেষ হয়েছে।

কাশ্মীরের এই সেতু স্টিল দিয়ে তৈরি করা হচ্ছে। মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রাতেও যাতে সেতুটি ঠিক থাকতে পারে সেজন্য স্টিল সেতু তৈরি হচ্ছে। ট্রেন ও যাত্রীদের ওপর নজর রাখতে অনলাইন মনিটরিংয়ে ব্যবস্থা থাকবে সেতুতে। এছাড়া সেতুর সঙ্গে থাকবে ফুটপাথ ও সাইকেল চালানোর রাস্তা।

২০১৫ সালের ৭ নভেম্বর নরেন্দ্র মোদির ঘোষিত ৮০ হাজার ৬৮ কোটি রুপির প্রধানমন্ত্রী উন্নয়ন প্যাকেজের অংশ হিসেবে কাশ্মীরের চিনাব নদীর ওপর বিশ্বের সবচেয়ে উঁচু সেতুটির নির্মাণযজ্ঞ চলছে।

সূত্র : জি নিউজ।

মহাসড়কে রাজধানীমুখী যানবাহনের চাপ

0

দেশের বিভিন্ন এলাকা থেকে ঈদ ফেরত যাত্রীবাহী পরিবহন ও প্রাইভেটকারের চাপ বাড়ছে দেশের বিভিন্ন মহাসড়কে।

আজ সোমবার সকাল থেকেই যানবাহনের চাপ দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-আরিচা, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে।

তবে ঢাকা ফেরত যানবাহনগুলো যেন মহাসড়কে যানজটের সৃষ্টি করতে না পারে সেজন্য বেশ কিছু স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায়, ঈদের ছুটি শেষে অনেকেই কর্মস্থলে যোগ দিয়েছেন। এতে রাস্তাঘাটে কিছুটা যানবাহন বেড়েছে। অনেকেই অবশ্য আরও কয়েকদিন থেকে রাজধানীতে ফিরবেন।

সরকারের নির্দেশনায় ঈদুল আজহার ছুটিকালীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলক কর্মস্থলে থাকতে হয়েছে। পোশাক শ্রমিকদেরও ঈদের ছুটিতে কর্মস্থল ছেড়ে বাড়ি যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা ছিল। ফলে গার্মেন্টস কর্মীরাও অনেকে এবার বাড়ি যেতে পারেননি।

সরকারি নিষেধাজ্ঞা না মেনে পরিবার-পরিজনের সঙ্গে কোরবানির ঈদ কাটিয়েছেন অনেকেই। তারা রাজধানীতে ফিরতে শুরু করেছেন। আগামী কয়েকদিনের মধ্যেই চিরচেনা রূপে ফিরবে রাজধানী।

এদিকে বেপরোয়া যানবাহনের কারণে কয়েকটি মহাসড়কে সড়ক দুর্ঘটনার সৃষ্টি হয়েছে।

আবাসিক হোটেলের বদলে ভাতা পাবেন চিকিৎসকরা

0

করোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতিতে জরুরি চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের বেশ কিছুদিন আবাসিক হোটেলে রাখার পর এবার সে অবস্থান থেকে সরেছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জানা গেছে, এখন থেকে যারা হোটেলে অবস্থান করবেন, তাদের নিজ খরচে অবস্থান করতে হবে। তবে চিকিৎসকদের আর্থিক নীতি অনুসরণ করে পরবর্তীতে তাদের নির্ধারিত ভাতা প্রদান করা হবে।

গত ২৯ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পরিপত্র জারি হয়। এরপর বিভিন্ন হাসপাতালের পরিচালক চিকিৎসকদেরকে হাসপাতাল অবস্থান না করার অনুরোধ জানিয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।

জানা গেছে, রাজধানী ঢাকার মধ্যে দায়িত্বপালনকারী চিকিৎসকরা দৈনিক ২ হাজার টাকা এবং ঢাকার বাইরে এক হাজার ৮০০ টাকা ভাতা পাবেন। একইভাবে নার্সরা ঢাকার মধ্যে এক হাজার ২০০ ঢাকা এবং ঢাকার বাইরে এক হাজার টাকা এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা ঢাকার মধ্যে ৮০০ টাকা এবং ঢাকার বাইরে ৬৫০ টাকা ভাতা পাবেন।

এমপি সালমা চৌধুরী করোনায় আক্রান্ত

0

সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন। করোনা পরীক্ষার জন্য ঈদের দু’দিন আগে তাঁর নমুনা দেয়া হয়। গতকাল রোববার পজিটিভ রিপোর্ট পেয়েছেন।

আজ সোমবার সকালে তাকে রাজবাড়ী সদরের করোনা হাসপাতাল থেকে ঢাকায় রেফার করা হয়েছে।

সালমা চৌধুরী রুমার ভাই গোলাম মোস্তফা চৌধুরী রন্টু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাঁর (সালমা চৌধুরীর) বার বার অক্সিজেন কমে যাচ্ছে। তাই সকালে সদরের করোনা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় নিয়ে যাচ্ছেন।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, মহিলা এমপি রুমার অক্সিজেন কমে যাচ্ছে। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।