Home Blog Page 2778

অনলাইনে এবার পশু বিক্রি বেড়েছে

0

কয়েক বছর আগেও অনলাইনে কোরবানির পশুর ভার্চুয়াল হাট-বাজার নিয়ে ব্যঙ্গ-বিদ্রপ হতো, হাসিঠাট্টা করতো লোকে। কিন্তু অনলাইন নির্ভরতার এই সময়ে হাসিঠাট্টা করাদের চুপ করিয়ে দিয়েছে অনলাইন বাজারে কোরবানি পশুর ব্যাপক উপস্থিতি এবং বিপুল বেচা-বিক্রি। এই বছর ব্যাপক সাড়া জাগিয়ে অনলাইনে রেকর্ডসংখ্যক কোরবানির পশু বিক্রি হয়েছে। বিভিন্ন মাধ্যম মিলে প্রায় ২৭ হাজার গরু ছাগল ও অন্যান্য কোরবানির পশু অনলাইনে বিক্রি হয়েছে।

আজ শুক্রবার (৩১ জুলাই) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর এক যৌথ অনলাইন সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

ঢাকা উত্তর কর্পোরেশন এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর আয়োজনে কোরবানি পশু বিক্রির অনলাইন প্লাটফর্ম ‘ডিজিটাল হাট’ ও সারা দেশে অনলাইনে গরু ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমকে অবহিত করতে এই অনলাইন সংবাদ সম্মেলন এর আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সারা দেশে শুক্রবার (৩১ জুলাই) পর্যন্ত ২৭ হাজার কোরবানির পশু অনলাইনে বিক্রি হয়েছে। ডিজিটাল হাট, ডিজিটাল হাটের সাথে সম্পৃক্ত মার্চেন্ট ও ই-ক্যাব মেম্বারদের অনলাইনে বিক্রিত গরু, ছাগল ও ভেড়ার সংখ্যা ৬হাজার ৮শ। জেলাভিত্তিক সরকারি প্লাটফরম কমপক্ষে ৫ হাজার ৫শ গরু-ছাগল বিক্রির কথা জানা গিয়েছে। এর মধ্যে নরসিংদী জেলা এগিয়ে রয়েছে। এই জেলায় সরকারি অনলাইন প্লাটফর্মে পশু বিক্রি হয়েছে ৫১৭টি। বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন এর সদস্যভূক্ত কম্পানির অনলাইন ফ্লাটফর্ম থেকে বিক্রিত পশু ৯ হাজার ৫শর কাছাকাছি। বিচ্ছিন্ন অন্যান্য প্লাটফর্ম থেকে ৫ শতাধিক গরু বিক্রির ধারণা পাওয়া গিয়েছে। সরকারি প্লাটফরম ফুড ফর ন্যাশন ৪০০০ গরু বিক্রি ট্র্যাক করতে পেরেছে। এভাবে পুরো অনলাইন বাজারে প্রত্যক্ষ বিক্রিত পশুর সংখ্যা বের হয়ে আসছে। ধারণা করা হয় আরো লাখখানেক কোরবানির পরোক্ষভাবে এবারের বিভিন্নভাবে অনলাইন শপ থেকে বিক্রি করা হয়েছে। এবং অন্তত পাঁচলাখ গরু ফেসবুকসহ বিভিন্ন প্লাটফর্মে প্রদর্শিত হয়েছে।

মাংস বিক্রির চেইনশপ বেঙ্গল মিট জানিয়েছে গতবারের ঈদ-উল-আজহার চেয়ে এবার অনলাইনে গরু বিক্রিতে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। পাবনায় নিজেদের ফার্মে লালন-পালন করা কোরবানির গরু অনলাইনে বিক্রি করে বেঙ্গল মিট। কোরবানির জন্য জীবন্ত গরু বিক্রির পাশাপাশি জবাই করা গরুর মাংস কোরবানিদাতার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও চালু আছে এই প্রতিষ্ঠানে।

নিয়মিত মাংস বিক্রি করা এই চেইন শপের অনলাইন কোরবানির হাটের মতো অনলাইন মার্কেট প্লেস বিক্রয় ডটকম-এর কোরবানির পশুর হাটও জমে উঠেছে। বিক্রয়ে বর্তমানে ৩ হাজারেরও বেশি গবাদি পশুর বিজ্ঞাপন রয়েছে এবং এ সংখ্যা বাড়ছে।

ডিজিটাল হাট সম্পর্কে ডিএনসিসির মেয়র জনাব আতিকুল ইসলাম বলেন, এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে গিয়ে ডিএনসিসি, আইসিটি ডিভিশন ই-ক্যাব, আইএসএসএল, ধানসিড়ি ও সাদিক এগ্রোর সম্মিলিত টিমকে রাতদিন পরিশ্রম করতে হয়েছে। নানা ধরনের জটিল ইস্যু ছিল এগুলো তারা আন্তরিকতার সাথে সমাধান করেছে।

মেয়র ডিজিটাল হাটের সাথে সম্পৃক্ত বাণিজ্য মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়, প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়, ই-ক্যাব, ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন, দারাজ, নগদ, মাস্টারকার্ডসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

পেশাদার অনলাইন বাজারগুলোর (ই-কমার্স সাইট) পাশাপাশি ঈদকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গড়ে উঠেছে বেশ কয়েকটি ‘কোরবানির হাট’। এসব ভার্চুয়াল আঙ্গিনায় কোরবানির পশুর পাশাপাশি কোরবানি পশু জবাইয়ের বিভিন্ন সরঞ্জামাদিও বিক্রি করা হচ্ছে।

ফাঁকা ঢাকা এখন আরো ফাঁকা

0

করোনার কারণে এমনিতেই ঢাকা আগের চেয়ে নীরব। নেই আগের মতো কোথাও ভিড়। ঈদের আগে নেই মার্কেটে কেনাকাটার ভিড়। নেই বাসস্ট্যান্ড, ট্রেন স্টেশন, লঞ্চঘাটে বাড়ি ফেরা মানুষের তাড়া। এবারের ঈদ তাই একেবারে অন্যরকম। ঢাকায় নেই যানজট, যান্ত্রিক শব্দ, রাস্তাঘাটে মানুষের উপচেপড়া ভিড়। যানবাহন কম চলাচল করায় কমে গেছে শব্দ ও বায়ু দূষণ।

কিন্তু এবার সেই ঢাকা আরো ফাঁকা। গত ২ মাস কর্ম ও শ্রমজীবী মানুষ ছাড়া সাধারণ মানুষের সংখ্যা সীমিত ছিল। এই কর্ম ও শ্রমজীবী মানুষও ঈদুল আজহায় পরিবারের সঙ্গে থাকতে রওনা দিয়েছেন বাড়ির মুখে। ফলে ফাঁকা রাজধানী আরো ফাঁকা হচ্ছে।

আগের বছরগুলোতে সপ্তাহব্যাপী ঘরমুখো মানুষের ভিড় থাকলেও এবার ছিল উল্টোচিত্র। তবে শেষদিনে মহাসড়কগুলোতে ঘরে ফেরা মানুষের ঢল নেমেছে। নগরী রাজধানী ঢাকা ছেড়ে নাড়ির টানে গ্রামে ফিরছে মানুষ।

ঢাকার বিভিন্ন বাসস্ট্যান্ড (মহাখালী, গাবতলী, গুলিস্তান ও সায়েদাবাদ), সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদ করতে ঘরে ফেরা মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। ফলে রাজধানীর ব্যস্ত সড়ক ক্রমেই ফাঁকা হচ্ছে।

আজ শুক্রবার সকালে ফার্মগেটে দেখা যায় চিরচেনা বাসে উঠার জন্য যাত্রীদের ভিড়ের চিরচেনা সেই দৃশ্যটি নেই। শত শত মানুষ দাঁড়িয়ে থাকা, একটি বাস আসতে দেখলেই যাত্রীদের হুড়োহুড়ি করে ছুটে বাসে উঠার চেষ্টা করা, বাস আগে থেকে যাত্রী পরিপূর্ণ থাকায় তা দ্রুত বেগে চলে যাওয়া এ সবই অনুপস্থিত।

শাহবাগ মোড়েও ফাঁকা অবস্থা দেখা যায়। এ সময় বেশ কয়েকটি বাসের হেল্পারকে ‘এই মিরপুর, আসাদগেট, সাইন্স ল্যাবরেটরি, কলাবাগান, কল্যাণপুর, গাবতলী’ বলে চিৎকার করে প্যাসেঞ্জার ডাকাডাকি করতে দেখা যায়।

এবার ঈদের আগে তিনদিন ছুটি পাওয়ায় বৃহস্পতিবার ছিল চাকরিজীবীদের শেষ কর্মদিবস। এছাড়া ঈদের পরেও কয়েকদিন ছুটি নিয়েছেন অনেক। তাই এবার অন্যবারের তুলনায় ঢাকা আরও বেশি ফাঁকা হয়ে গেছে।

মারা গেলেন আরো ২৮ জন, শনাক্ত ২,৭৭২

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৭২ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন হাজার ১১১ জন। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন দুই লাখ ৩৭ হাজার ৬৬১ জন।

আজ শুক্রবার (৩১ জুলাই) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। এঁরা ২২ জন পুরুষ এবং ছয়জন নারী। এঁদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন হাজার ১১১ জনের।

এ পর্যন্ত যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁদের মধ্যে পুরুষ দুই হাজার ৪৪৬ জন এবং নারী ৬৬৫ জন। আর বয়স বিবেচনায় এ পর্যন্ত যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁরা এঁদের বয়স ০ (শূন্য) থেকে ১০ বছরের মধ্যে ১৮ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ৩০ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৮৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২০৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪৩৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮৯৭ জন এবং ষাটোর্ধ এক হাজার ৪৩৭ জন।

জানানো হয়, গত ২৪ ঘণ্টায় যে ২৮ জনের মৃত্যু হয়েছে তাঁরা ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের আটজন, খুলনা বিভাগের দুইজন, রাজশাহী বিভাগের তিনজন, বরিশাল বিভাগের একজন এবং রংপুর বিভাগের একজন। এঁদের সবাই হাসপাতালে মারা গেছেন।

বিভাগ অনুযায়ী এ পর্যন্ত যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁরা ঢাকা বিভাগের এক হাজার ৪৮৮ জন, চট্টগ্রাম বিভাগের ৭৫৯ জন, রাজশাহী বিভাগের ১৮৫ জন, খুলনা বিভাগের ২২১ জন, বরিশাল বিভাগের ১২২ জন, সিলেট বিভাগের ১৫১ জন, রংপুর বিভাগের ১১৮ জন এবং ময়মনসিংহ বিভাগের ৬৭ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ১৭১ জন। এ নিয়ে দেশের করোনা সংক্রমণ থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৩৫ হাজার ১৩৬ জন।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ১৭০টি। একই সময় পূর্বের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১২ হাজার ৬১৪টি। এর মধ্যে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে দুই হাজার ৭৭২ জনকে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন দুই লাখ ৩৭ হাজার ৬৬১ জন। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ৭৬ হাজার ৮০৯টি।

আইসোলেশন প্রসঙ্গে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ৭৫৯ জনকে। একইসময় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন এক হাজার ১৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন ৫০ হাজার ৭১০ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩২ হাজার ৪০০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৩১০ জন।

কোয়ারেন্টিন প্রসঙ্গেও তথ্য দেওয়া হয় বুলেটিনে। বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে গেছেন দুই হাজার ৮৯ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন মোট চার লাখ ৩৬ হাজার ৪৮৬ জন। ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন দুই হাজার ৬৯০ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন তিন লাখ ৭৯ হাজার ৬৬২ জন। ছাড়ের পর বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫৬ হাজার ৮২৪ জন।

সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত ৬২৯টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ৩১ হাজার ৯৯১ জনকে সেবা প্রদান যায় বলে জানানো হয় বুলেটিনে।

বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়ন এবং আইইডিসিআর’র হটলাইনে কল এসেছে ৭০ হাজার ২৭৮টি। এ নিয়ে এ পর্যন্ত মোট ফোনকল এসেছে এক কোটি ৭৯ লাখ ৩০ হাজার ৬৩৯টি। এসব কলে সবাইকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে।

বুলেটিনে জানানো হয়, আজ ৩১ জুলাই থেকে আইইডিসিআর’র কেবল ১০৬৫৫ হটলাইন নম্বরটি ব্যবহৃত হচ্ছে এবং অন্য নম্বরগুলো বন্ধ রয়েছে।

টেলিমেডিসিন সেবায় প্রতিদিন ৩৫ জন চিকিৎসক এবং ১০ জন স্বাস্থ্যতথ্য কর্মকর্তা দুই শিফটে মোট ৯০ জন টেলিমেডিসিনে করোনা সংক্রান্ত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় তাঁদের স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন তিন হাজার ৮৩২ জন। এ পর্যন্ত এক লাখ ৫২ হাজার ১৩৯ জন এই সেবা গ্রহণ করেছেন বলে জানানো হয় বুলেটিনে।

শোকের মাসে চাঁদাবাজি বা অনিয়ম করলে ছাড় নয় : ওবায়দুল কাদের

0

শোকের মাস আগস্ট শুরু হচ্ছে। এ শোকের মাসে বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা যাবে না। কেউ চাঁদাবাজি বা অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার রংপুর সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ’র কর্মকর্তাদের সঙ্গে শেষ মুহূর্তের ঈদ প্রস্ততি বিষয়ক এক মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সেতুমন্ত্রী সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন।

এ সময় শোকের মাসে বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন সেতুমন্ত্রী।

ঈদে ঘরমুখো যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে ঈদে ঘরমুখো যাত্রীদের শতভাগ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানাসহ সর্বোচ্চ মাত্রায় সচেতনতা অবলম্বনের অনুরোধ জানাচ্ছি।

ঈদযাত্রায় ৪ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল আজ

0

ঈদুল আজহায় ঘরেফেরা মানুষের সুবিধার্থে চারটি আন্তনগর ট্রেনের চলাচল অব্যাহত রয়েছে আজ। ঈদের আগের দিন (৩১ জুলাই) শুক্রবার কালনী, কিশোরগঞ্জ, বনলতা ও লালমনি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক অফ ডে বাতিল করা হয়েছে। ফলে আজ এসব ট্রেন চলাচল করবে।

এ চারটি ট্রেন বাদে ঈদের আগে ও পরে সকল ট্রেনের ‘অফ ডে’ (সাপ্তাহিক ছুটি) যথারীতি বলবৎ থাকবে।

গত ২৩ জুলাই বাংলাদেশ রেলওয়ের উপপরিচালাক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) খায়রুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত নেয়া হয়।

আজ শুক্রবার সারাদিন ঢাকা থেকে মোট ১২টি আন্তনগর ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এর আগে করোনাকালীন সাধারণ ছুটি শেষে সরকারি নির্দেশে গত ৩১ মে থেকে বিভিন্ন রুটে ১৭টি আন্তনগর ট্রেন চলাচল করেছে।

‘ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ না পাওয়ার খবর বানোয়াট’

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলির সাক্ষাৎ না পাওয়ার খবরকে ‘বানোয়াট গল্প’ বলে অভিহিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বাংলাদেশি একটি দৈনিক পত্রিকা খবর সম্পর্কিত এক প্রশ্নের জবাবে হাইকমিশনারকে নিয়ে প্রতিবেদনকে বানোয়াট বলে অভিহিত করেন।

ওই দৈনিক পত্রিকার নাম উল্লেখ করে সেখানে প্রকাশিত একটি প্রতিবেদন প্রসঙ্গে একজন সাংবাদিক জানতে চান, পত্রিকাটিতে বাংলাদেশি সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে যে বাংলাদেশকে গত সপ্তাহে ভারতের দেওয়া ইঞ্জিনগুলো ‘সেকেন্ডহ্যান্ড’। সেগুলো অন্তত সাত থেকে পাঁচ বছরের পুরনো। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কি কিছু বলবে?

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘ওই একই উৎস (পত্রিকায়) আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের (ভারতের) সম্পর্ক নিয়ে বেশ কিছু ক্ষতিকর গল্প দেখেছি। আমরা আমাদের হাইকমিশনারকে নিয়েও সম্প্রতি বানোয়াট গল্প দেখেছি।’

ভারতের দেওয়া ইঞ্জিনগুলো প্রসঙ্গে অনুরাগ শ্রীবাস্তব বলেন, বাংলাদেশের জরুরি প্রয়োজন ও অনুরোধের প্রেক্ষিতে এবং সমঝোতার ভিত্তিতে ভারত ওই ইঞ্জিনগুলো দিয়েছে।

ওই ব্রিফিংয়েই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে উদ্ধৃত করে ভারতের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের এমন কিছু করতে উচিত নয় যা বাংলাদেশের সঙ্গে তার ঐতিহাসিক সম্পর্কে চিড় ধরাতে পারে। রাম মন্দির নির্মাণ ভারতের অভ্যন্তরীণ বিষয়—এমনটিও ড. মোমেনের বরাত দিয়ে বলা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক অত্যন্ত জোরালো। আপনারা দেখেছেন সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী (ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর) বলেছেন, প্রতিবেশিসুলভ সম্পর্কের ক্ষেক্রে বাংলাদেশ এই অঞ্চলের রোল মডেল। আমরা নিশ্চিত যে উভয় পক্ষই এ সম্পর্ক আরো এগিয়ে নিতে পারস্পরিক স্পর্শকাতরতার বিষয়ে সজাগ এবং শ্রদ্ধাশীল।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ না পাওয়া প্রসঙ্গে ঢাকায় সরকারি ও কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত চার মাস সাক্ষাত্ না পাওয়ার কথা বলা হচ্ছে। অথচ এ সময়ে ভারতের হাইকমিশন থেকে সাক্ষাতের জন্য সময়ই চাওয়া হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের সময় চেয়ে গত ২২ জুলাই একটি অনুরোধ জানানো হয়েছে। হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ নয়াদিল্লিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে আগামী সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুর দিকে ঢাকা ছাড়তে পারেন। এর আগে তিনি বিদায়ী সাক্ষাৎ চেয়েছেন।

ঈদের ছয় জামাত বায়তুল মোকাররমে, প্রথমটি সকাল ৭টায়

0

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবার পবিত্র ঈদুল আজহার ছয়টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রথম জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। সকাল ৭টা ৫০ মিনিটে দ্বিতীয় জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। সকাল পৌনে ৯টায় তৃতীয় জামাতে ইমাম থাকবেন পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক।

এ ছাড়া সকাল ৯টা ৩৫ মিনিটে চতুর্থ জামাতে পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম, সাড়ে ১০টায় পঞ্চম জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান এবং সকাল ১১টা ১০ মিনিটে ষষ্ঠ ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপপরিচালক মাওলানা আব্দুর রব মিয়া।

পল্লবীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ সন্ত্রাসী নিহত

0

রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায় র‍্যাব-৪ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মহসিন (৩৫)। তিনি শাহাদত বাহিনীর ‘কন্ট্রাক্ট কিলার’ হিসেবে পরিচিত।

আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল। রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে কালের কণ্ঠকে জানান তিনি।

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, দীর্ঘদিন ভারতে পলাতক মিরপুরের শাহাদাত বাহিনীর পেশাদার খুনী চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ৪-৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ পল্লবী থানাধীন ইস্টার্ন হাউজিং এলাকায় গোপন আস্তানায় বিশিষ্ট কোনো ব্যক্তিকে খুনের পরিকল্পনার প্রস্তুতি নিচ্ছিল। রাতে পল্লবী থানাধীন ইস্টার্ন হাউজিং এলাকায় উক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করার জন্য র‌্যাবের দলটি পৌঁছালে সড়কের ঢাল হতে জঙ্গল ও ঝোপের ভিতর থেকে সশস্ত্র সন্ত্রাসীরা আচমকা র‌্যাবের উদ্দেশ্যে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। দু’পক্ষে গুলি বিনিময়ের পর সন্ত্রাসী গ্রুপকে ধাওয়া করলে ৩-৪ জন রাতের অন্ধকারে গুলি করতে করতে পালিয়ে যায়। ঝোপের ভিতর তল্লাশীকালে একজনকে আহত অবস্থায় একটি বিদেশী পিস্তলসহ পড়ে থাকতে দেখা যায়। পরে তার দেহ তল্লাশী করে তার প্যান্টের ডান পকেটে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। র‌্যাবের আভিযানিক দল তাৎক্ষণিক আহত ব্যক্তিকে এ্যাম্বুলেন্সে করে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পরবর্তীতে স্থানীয় লোকজনকে মৃতের ছবি দেখানো হলে অনেকেই তাকে শাহাদাত বাহিনীর শীর্ষ দুর্ধর্ষ সন্ত্রাসী মিরপুর পল্লবী এলাকার ৭-৮টি খুনের মূল পরিকল্পনাকারী ও খুনী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী মহসিন ওরফে কিলার মহসিন হিসেবে চিহ্নিত করে।

মহসিন অসংখ্য হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে জানিয়েছে র‌্যাব।

সিলেটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

0

সিলেটের ওসমানীনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের তাজপুর এলাকার তানপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের লইয়াকুল গ্রামের স্বপন কুমার দাস, তার স্ত্রী লাভলী রানী দাস ও তাদের তিন সন্তান। দুর্ঘটনায় গুরুতর আহত তাদের আরেক সন্তানকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ঢাকা থেকে প্রাইভেট কারে স্বপরিবারে সিলেটে ফিরছিলেন স্বপন কুমার। ভোর ৫টার দিকে তাদের বহনকারী গাড়িটি তাজপুর এলাকার তানপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেটকারের সামনের অর্ধেক অংশই বাসের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাটার মেশিন দিয়ে প্রাইভেটকার ও বাসের সামনের অংশ কেটে মৃতদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, ঢাকা থেকে সিলেটগামী প্রাইভেট কারের সঙ্গে কুমিল্লা ট্রান্সপোর্ট বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহত সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন। তারা ঢাকা থেকে সিলেটে গ্রামের বাড়ি ফিরছিলেন। এছাড়া গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।

সড়কে ঈদযাত্রায় শেষ মুহূর্তে যাত্রীচাপ, বাড়তি ভাড়া

0

ঈদ যাত্রার একেবারে শেষ প্রান্তে এসে বাসে যাত্রীর চাপ বেশ বেড়েছে। ভেঙে পড়েছে স্বাস্থ্যবিধি। বেশি ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া গেছে।

স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি বাসে দুই আসনে একজন করে যাত্রী নেওয়ার কথা থাকলেও গতকাল বৃহস্পতিবার গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী টার্মিনালে গিয়ে দেখা গেছে সরকারের এ নির্দেশনা মানছে না কোনো পরিবহন।

বাসের প্রতি আসনেই যাত্রী নেওয়া হচ্ছে এবং সরকার নির্ধারিত ৬০ শতাংশ বর্ধিত ভাড়ার চেয়েও বেশি ভাড়া নেওয়া হচ্ছে।

এ ছাড়া যাত্রীরা বাসে ওঠার সময় গায়ে ও হাতে জীবণুনাশক স্প্রে ব্যবহার, যাত্রী নামানোর পর জীবাণুনাশক দিয়ে বাস জীবাণুমুক্ত করার কথা থাকলেও তা করা হচ্ছে না। যাত্রী নামিয়েই ফের দ্রুত যাত্রী তুলে গন্তব্যে ছুটছে সব বাস।

সরেজমিনে গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকা থেকে ফরিদপুরগামী আজমিরী পরিবহনের বাসে প্রতি আসনেই যাত্রী বহন করা হচ্ছে। কোনো স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না। ওই বাসের যাত্রী ফরিদুল হক বলেন, ‘করোনার আগে ভাড়া ছিল ৩৫০ টাকা। করোনার সময় বাড়িয়ে নেওয়া হয় ৫০০ টাকা। সে সময় এক আসনে একজন যাত্রী নেওয়া হতো। এখন প্রতি আসনে লোক নেওয়া হচ্ছে। আর ভাড়াও নেওয়া হচ্ছে ৬০০ টাকা।’

অতিরিক্ত ভাড়া আদায় করার বিষয়ে জানতে চাইলে পরিবহন কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি। ঢাকা থেকে যশোরগামী ঈগল পরিবহনের বাসযাত্রী আবু রায়হান অভিযোগ করেন, আগে ভাড়া ছিল ৫০০ টাকা, এখন নেওয়া হচ্ছে ৭৫০ টাকা। তবে ঈগল পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক সাহেব আলী কাছে বর্ধিত ভাড়ার চেয়েও বেশি নেওয়ার কথা অস্বীকার করেন।

সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের বাসে প্রতি আসনেই যাত্রী নেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মানারও কোনো বালাই নেই। বাসও জীবাণুমুক্ত করা হয়নি। তবে যাত্রীরা কেউ অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেনি।

ঢাকা থেকে ফেনী হয়ে নোয়াখালীর চৌমুহনীগামী কে কে ট্রাভেলস পরিবহনের বাস ছেড়ে যায় সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে। ওই বাসেও কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। বাসের যাত্রী আহমেদ ইমতিয়াজ অভিযোগ করেন, যাত্রীদের কাছ থেকে ইচ্ছামতো ভাড়া আদায় করা হচ্ছে।

সায়েদাবাদ থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একুশে পরিবহনের যাত্রী আহম্মদ হোসেন বলেন, ‘করোনার পর বর্ধিত ভাড়া ছিল ৩০০ টাকা। সে সময় দুই আসনে একজন যাত্রী নেওয়া হতো। এখন প্রতিটি আসনেই যাত্রী নেওয়া হচ্ছে। আবার ভাড়া নেওয়া হচ্ছে ৪০০ টাকা।’

রাজধানীর তিনটি বাস টার্মিনালেই দেখা গেছে, স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা করছে না বাস কর্তৃপক্ষ এবং যাত্রীরাও। যাত্রীরা গায়ে গা ঘেঁষে টিকিটের জন্য কাউন্টারে হুমড়ি খেয়ে পড়ছে। বাসে ওঠার ক্ষেত্রেও শারীরিক দূরত্ব মানা হচ্ছে না।

মহাখালী বাস টার্মিনাল থেকে কিশোরগঞ্জ, নেত্রকোনা, সিলেট ও সুনামগঞ্জগামী এনা পরিবহন, একতা পরিবহন, অনন্যা পরিবহন ও নেত্র পরিবহনের বিরুদ্ধে স্বাস্থ্যবিধি না মানা ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

নেত্র পরিবহনের বাসযাত্রী সৈয়দ রিয়াদ বলেন, তাঁর কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে ৫০০ টাকা। মহাখালী থেকে নেত্রকোনা পর্যন্ত করোনার আগে ভাড়া ছিল ২৪০ টাকা। করোনার সময় প্রতি আসনে একজন করে যাত্রী নেওয়ার নির্দেশনা জারি করা হয়। সে কারণে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছিল। এখন নেত্র পরিবহন স্বাস্থ্যবিধি উপেক্ষা করে প্রতি আসনেই যাত্রী বহন করছে। ভাড়া আদায় করছে দ্বিগুণ।

একই ধরনের অভিযোগ রয়েছে এনা পরিবহনের বিরুদ্ধে। এনা পরিবহনের মালিক ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতউল্লাহ বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ তিনি পাননি। স্বাস্থ্যবিধি উপেক্ষা করার কথাও তিনি অস্বীকার করে বলেন, ‘আমরা স্বাস্থ্যবিধি মেনেই বাস চালাচ্ছি।’