Home Blog Page 2781

এফডিসিতে এবার ৫ গরু কোরবানি দিচ্ছেন পরীমণি

0

২০১৬ সাল থেকে ঈদুল আজহায় এফডিসিতে কোরবানি দিয়ে আসছেন পরীমণি। প্রথম বছর একটি গরু কোরবানি দিলেও পরের বছর দুটি এবং তার পরের বছর তিনটি গরু কোরবানি দেন পরীমণি। আর এবারের ঈদে এফডিসিতে পাঁচটি গরু কোরবানি দিচ্ছেন তিনি। তুলনামূলক অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের জন্যই তাঁর এ উদ্যোগ। স্বাস্থ্যবিধি মেনে সব আয়োজন সম্পন্ন করবেন তিনি।

পরীমণি বলেন, কয়েক বছর ধরে এফডিসিতে কোরবানি দিচ্ছি। করোনার কারণে কোরবানি নিয়ে এবার একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনেই এ বছর পাঁচটি গরু কোরবানি দেব। সবার কাছে দোয়া চাই।

পরীমণি অভিনীত সর্বশেষ সাড়া জাগানো ছবি গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’। মুক্তির প্রতীক্ষায় আছে চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘বিশ্বসুন্দরী’। যে ছবিতে প্রথমবার তাঁর বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক সিয়াম আহমেদকে।

কৃষির পুনর্বাসনে কর্মকর্তাদের কঠোর নির্দেশনা কৃষিমন্ত্রীর

0

চলমান বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকের কৃষি পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় সকল কর্মকর্তাদের তৎপর থাকতে কঠোর নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, এমপি।

আজ বুধবার তার সরকারি বাসভবন থেকে কৃষি মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থার মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে অনলাইনে বক্তৃতাকালে এই নির্দেশনা দেন।

কৃষিমন্ত্রী বলেন, দিন দিন বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। কৃষিতে ক্ষয়ক্ষতির পরিমাণও বাড়ছে। বন্যার পানি নেমে গেলে জরুরি ভিত্তিতে কৃষি পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি কমাতে কাজ করতে হবে। আমনের জন্য অতি দ্রুত বিকল্প বীজতলা তৈরি করতে হবে। বীজ, সারসহ কৃষি উপকরণের পর্যাপ্ত মজুদ রয়েছে। এসব বীজ ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিতরণ করে দ্রুত নতুন বীজতলা তৈরি করতে হবে। এ ছাড়া রবি মৌসুমের জন্যও ব্যাপক আগাম প্রস্তুতি নিতে হবে। সেজন্য কর্মকর্তাদের অত্যন্ত তৎপর, সজাগ ও সক্রিয় থাকতে হবে।

মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতি কমাতে ইতোমধ্যে কৃষির সকল কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮টি জেলার চাষিদের ক্ষতি পুষিয়ে নিতে বীজ, সারসহ বিভিন্ন প্রণোদনা কার্যক্রম বেগবান, তদারকি ও সমন্বয়ের জন্য ১২টি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যবৃন্দকে ঈদের পরদিন থেকেই বন্যা প্লাবিত এলাকার কৃষি কর্মকর্তাদের সাথে নিয়মিতভাবে অনলাইন মিটিং ও সরেজমিন পরিদর্শনের মাধ্যমে মাঠের সকল কার্যক্রম নিবিড়ভাবে তদারকি ও মনিটরিং করার নির্দেশ দেয়া হয়েছে।

সচিব মো. নাসিরুজ্জামান বলেন, কৃষির সকল কর্মকর্তা-কর্মচারি মহামারী করোনার প্রকোপের শুরু থেকেই খাদ্য উৎপাদনের বর্তমান ধারা অব্যাহত রাখা এবং তা আরও বাড়াতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। ঘূর্ণিঝড় আম্পান ও চলমান বন্যার কারণে কৃষিতে ক্ষয়ক্ষতি মোকাবিলায়ও তাঁরা কৃষকের পাশে থেকে কার্যক্রম অব্যাহত রেখেছে।

তিনি বলেন, আমনের বীজতলা তৈরি করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হলেই বীজতলা তৈরি করা হবে।

সভায় কৃষি মন্ত্রণালয় ও এর অধীনস্থ ১৭ টি সংস্থা বা দপ্তরের মধ্যে ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিসচিব মো. নাসিরুজ্জামান। সঞ্চালনা করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. আরিফুর রহমান অপু। বিশেষজ্ঞ পুলের সদস্য কৃষি মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব ড. এস.এম. নাজমুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আব্দুস সাত্তার মন্ডল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. হামিদুর রহমান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংস্থাপ্রধানগণ উপস্থিত ছিলেন।

সিলেটের লাক্কাতুরা চা বাগানে অস্থায়ী পশুর হাট বন্ধের নির্দেশ

0

সিলেটের লাক্কাতুরা চা বাগানে সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অস্থায়ী পশুর হাট বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে পশুর হাটের সকল সরঞ্জাম ও স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই বিদ্যালয় মাঠে পশুর হাট ইজারা দেওয়ার বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক নোটিশের কার্যকারিতা স্থগিত করা হয়েছে।

বিচারপতি তারিক উল হাকিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

করোনাভাইরাসের সংক্রমণ ও প্রতিষ্ঠানের ক্ষতির আশংকা থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাক আহমদ চৌধুরীর করা রিট আবেদনে এ আদেশ দেন আদালত। আদালতে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সায়েম মুরাদ।

পল্লবী থানায় বিস্ফোরণ ঘটানোর দাবি আইএসের

0

রাজধানী ঢাকার মিরপুরের পল্লবী থানায় বিস্ফোরণ ঘটানোর দাবি করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামি স্টেট-আইএস। বুধবার (২৯ জুলাই) সকালের দিকে ঘটা এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।

বিশ্বব্যাপী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রম প্রচারকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স বুধবার রাতে এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছে।

জঙ্গি হুমকি ও হামলার পর্যবেক্ষণকারী ওয়েসসাইটটির পরিচালক রিটা কাটজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টেও এক পোস্টে বিষয়টি দাবি করা হয়।

এদিন রাত পৌনে ৯টার দিকে এক টুইটে রিটা কাটজ জানান, আইএস বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি পুলিশ সদর দপ্তরে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। ২০১৯ সালের আগস্টের পর বাংলাদেশে আইএসের প্রথম হামলা বলে সাইট ইন্টিলিজেন্স গ্রুপ শনাক্ত করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন।

আহতরা হলেন- পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) ইমরান (৪৮), উপ-পরিদর্শক (এসআই) সজীব (৩০) পিএসআই অঙ্কুশ (২৮) ও রুমি (২৮) এবং রিয়াজ নামে একজন সাধারণ ব্যক্তি (সিভিলিয়ান)।

আহতদের দুজন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ও আরেকজনকে চক্ষু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ডিএমপির ডিসি (মিডিয়া) ওয়ালিদ হোসেন বলেন, মঙ্গলবার দিবাগত রাতে তিনজন সন্ত্রাসী আটক করার সময় দুইটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি ও একটি ডিজিটাল ওয়েট মেশিনসহ কিছু মালামাল উদ্ধার করা হয়।

আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদের সময় আজ সকালে ডিউটি অফিসারের রুমে থাকা মালামালগুলোর মধ্যে থেকে বিকট শব্দে ওয়েট মেশিনের বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে থাকা চার পুলিশ কর্মকর্তা ও একজন থানায় আসা সাধারণ মানুষ আহত হন।

পুলিশের এক কর্মকর্তা জানান, বিস্ফোরণে থানার ডিউটি অফিসারের রুমের জানালা ও বিভিন্ন আসবাবপত্র তছনছ হয়েছে। বিস্ফোরণের পরপরই থানায় দায়িত্বরত পুলিশ সদস্য ও কর্মকর্কাতের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, র‍্যাব ও জঙ্গি কর্মকাণ্ড অনুসরণ এবং তদন্ত সংশ্লিষ্ট ঊধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গেছেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডির ক্রাইমসিন আলামত সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন।

আরেক কর্মকর্তা বলেন, ভাড়ায় খাটা সন্ত্রাসীরা কাউকে মারার জন্য ওয়েট মেশিনে বিস্ফোরক লুকিয়ে রেখেছিল বলে প্রাথমিক তথ্যে জানতে পেরেছেন।

ঢাকা মহারগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) উপ-কমিশনার সাইফুল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর তদন্ত সংশ্লিষ্ট বিভিন্ন টিমের পাশাপাশি সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিমও ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করছেন।

তবে পুলিশের দাবি, এ ঘটনার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার কোনো তথ্য পাওয়া যায়নি।

ঈদের ছুটিতে বাড়ি ফেরাদের প্রতি ডিএমপির ১৬ পরামর্শ

0

আগামী ১ আগস্ট পবিত্র ঈদ-উল-আযহা। যারা ঈদের ছুটিতে গ্রামের বাড়ি বা ঢাকার বাইরে আত্মীয়ের বাড়িতে যাবেন তাদের জন্য ১৬ দফা নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বুধবার এক প্রেস বার্তায় ডিএমপি ১৬ দফা নির্দেশনার কথা জানায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ নির্দেশিত পরামর্শগুলো হলো :

০১. আপনার বাসা/বাড়িতে ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবহার করুন।

০২. বাসা/ফ্ল্যাটের মেইন গেটে অটোলক ব্যবহার করুন।

০৩.বাসা/বাড়ি ত্যাগের পূর্বে রুমের দরজা-জানালা সঠিকভাবে তালাবদ্ধ করুন। যে সমস্ত দরজা-জানালা দুর্বল অবস্থায় আছে তা এখনই মেরামত করে নিন এবং যথাসম্ভব সুরক্ষিত করে নিন। প্রয়োজনে একাধিক তালা ব্যবহার করুন।

০৪. বাসা/বাড়ির নীচতলায় বসবাসকারীগণ ভেন্টিলেশনের জানালা বন্ধ নিশ্চিত করুন।

০৫. রাতে আপনার বাসার চারপাশ আলোকিত করে রাখুন।

০৬. আপনার বাসা বা ফ্ল্যাটে সিসিটিভি স্থাপন করুন। সিসিটিভিসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় থাকার বিষয়টি নিয়মিত নিশ্চিত করুন।

০৭. দরজায় নিরাপত্তা এলার্মযুক্ত তালা ব্যবহার করুন।

০৮. মূল্যবান সামগ্রী ও দলিল নিরাপদ হেফাজতে রাখুন এবং তালাবদ্ধ করুন। প্রয়োজনে ব্যাংক লকারের সহায়তা নিতে পারেন।

০৯. বাসা/বাড়ি ত্যাগের পূর্বে যে সমস্ত প্রতিবেশী/পাশের ফ্ল্যাটের অধিবাসী ঢাকায় অবস্থান করবেন তাদেরকে আপনার বাসার প্রতি লক্ষ্য রাখতে অনুরোধ করুন এবং ফোনে তাদের সাথে যোগাযোগ রাখুন।

১০. আপনার অনুমতি না নিয়ে কেউ যেন বাসায় প্রবেশ করতে না পারে এ বিষয়ে বাড়ির নিরাপত্তাকর্মীকে সতর্ক করুন। নিরাপত্তাকর্মী না থাকলে আগন্তুক এর পরিচয় নিশ্চিত না হয়ে দরজা খুলবেন না।

১১. ভাড়াটিয়াগণ পূর্বেই বাসার মালিককে ঈদ উপলক্ষে বাসা ত্যাগের বিষয়টি অবহিত করুন।

১২. বাসা/বাড়ি ত্যাগের পূর্বে আপনার রুমের লাইট, ফ্যানসহ অন্যান্য ইলেকট্রিক লাইনের সুইচ বন্ধ করেছেন কিনা তা নিশ্চিত হোন এবং পানির ট্যাপ ও গ্যাসের চুলা বন্ধ করুন।

১৩. মহল্লা ও বাড়ির সামনে সন্দেহজনক কাউকে/দুস্কৃতিকারীকে ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানাকে অবহিত করুন।

১৪. ঈদে আপনার মহল্লা/বাসায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকলে বা ঘটার সম্ভাবনা থাকলে তা স্থানীয় কমিউনিটি পুলিশ/থানা/ফাঁড়িকে অবহিত করুন।

১৫. বাসার গাড়ির গ্যারেজ সুরক্ষিত করুন।

১৬. বাসার জানালা/দরজার পাশে কোনো গাছ থাকলে শাখা-প্রশাখা কেটে ফেলুন যাতে অপরাধীরা শাখা-প্রশাখা ব্যবহার করে বাসায় প্রবেশ করতে না পারে।

এ ছাড়া প্রয়োজনে ৯৯৯ এ যোগাযোগ করতে বলা হয়েছে। পুলিশ কন্ট্রোল রুম : ০১৭১৩-৩৯৮৩১১, ৯৫৫৯৯৩৩, ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০। ট্রাফিক কন্ট্রোল রুম : ০১৭১১-০০০৯৯০, ০১৭০৭-৮০৬১১১, ০১৭০৭-৮০৬২২২, ০১৭০৭-৮০৬৮৮৮। ডিবি কন্ট্রোল রুম : ০২-৯৩৬২৬৪০, ২২৬৭০(ডিএমপি)।

সাবেক ৭ প্রধান বিচারপতি ও ৭ সভাপতির সম্মানে কোরবানি দিচ্ছে সুপ্রিম কোর্ট বার

0

প্রয়াত সাবেক সাত প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাত সভাপতির সম্মানে দুটি গরু কোরবানি দিচ্ছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার)। কোরবানির গোশত বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অসচ্ছল কর্মচারীদের মধ্যে বণ্টন করা হবে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সমিতির পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেওয়া হলো। সমিতির ২০২০-২১ সালের কার্যনির্বাহী কমিটির ১৪ জন সদস্য ব্যক্তিগতভাবে এই কোরবানির খরচ বহন করছেন।

আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেন সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

যে প্রয়াত সাত প্রধান বিচারপতির সম্মানে এই কোরবানি দেওয়া হচ্ছে তাঁরা হলেন- বিচারপতি বদরুল হায়দার চৌধুরী (৫ম), বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান (৭ম), বিচারপতি মোস্তফা কামাল (৯ম), বিচারপতি লতিফুর রহমান (১০ম), বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী (১১তম), বিচারপতি মাইনুর রেজা চৌধুরী (১২তম) এবং বিচারপতি এম এম রুহুল আমিন (১৬তম)।

যে প্রয়াত সাত সভাপতির সম্মানে এই কোরবানি দেওয়া হচ্ছে তারা হলেন- খন্দকার মাহ্বুবউদ্দিন আহমেদ (১৯৭৯-৮০ ও ১৯৯২-৯৩), সিরাজুল হক (১৯৮২-৮৩), শামসুল হক চৌধুরী (১৯৮৩-৮৯), সৈয়দ ইশতিয়াক আহম্মেদ (১৯৮৯-৯০), কাজী গোলাম মাহ্বুব (১৯৯৩-৯৪), শওকত আলী খান (১৯৯৬-৯৭) এবং মোহাম্মদ ওজায়ের ফারুক (২০০২-০৩)।

ছায়ানটকে স্কুল বাস দিয়েছে ভারতীয় হাইকমিশন

0

নালন্দা উচ্চ বিদ্যালয়কে দুটি স্কুল বাস দিয়েছে ভারতীয় হাইকমিশন। আজ ২৯ জুলাই ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে নালন্দা উচ্চ বিদ্যালয়কে দুটি স্কুল বাস হস্তান্তর করেন। নালন্দা উচ্চ বিদ্যালয় ছায়ানট কর্তৃক পরিচালিত একটি স্কুল। ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী, সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল, সাধারণ সম্পাদক মিস লাইসা আহমেদ লিসা এবং নালন্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিস সুমনা বিশ্বাস এই অনলাইন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

স্কুল বাস দুটি স্কুলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং ছায়ানটকে ছাত্রছাত্রীদের প্রতিদিনের স্কুলে যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে সাহায্য করবে। অনুষ্ঠানে কথা বলতে গিয়ে রীভা গাঙ্গুলি দাশ বলেন, কঠোর পরিশ্রম ও আত্মনিয়োগের মধ্য দিয়ে ছায়ানট গত কয়েক দশক ধরে বাংলাদেশের বাঙালি ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে শিল্পীদের অনুশীলন, উন্নয়ন ও প্রশিক্ষণ দিয়ে ছায়ানট বাংলাদেশী সমাজ এবং এর মূল্যবোধকে গভীরভাবে প্রভাবিত করে চলেছে। ছায়ানটের সাথে এই বন্ধুত্বকে আমরা সম্মান করি এবং তাদের সহযোগিতায় আসতে পেরে নিজেদের সৌভাগ্যবান বলে মনে করি।

নালন্দা উচ্চ বিদ্যালয় এবং ছায়ানট কর্তৃপক্ষ এই উপহারের জন্য ভারতীয় হাই কমিশনকে ধন্যবাদ জানান এবং বলেন, হাই কমিশনের এই অবদান তাঁদের কার্যক্রম পরিচালনায় অনেকখানি সহায়ক হবে।

‘স্থানান্তর নয়, স্বজনদের সাথে ভার্চুয়ালি যোগাযোগ করুন’

0

খুব বেশি প্রয়োজন না হলে যাত্রীদের স্থানান্তর না হতে আবারও অনুরোধ জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। তিনি ভার্চুয়াল পদ্ধতি ব্যবহার করে বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগের আহবান জানান।

প্রতিমন্ত্রী আজ বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিপত্র (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, করোনা ও বন্যা পরিস্থিতিতেও নৌপথ নিরাপদ এবং স্বস্তিদায়ক করতে সকল প্রচেষ্টা অব্যাহত আছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সদরঘাটে জীবানুনাশক টানেল স্থাপন ও যাত্রীদের তাপমাত্রা মাপার ব্যবস্থা করা হয়েছে। লঞ্চের ডেকে যাত্রীদের অবস্থান করার জন্য ‘মার্কিং’ এর ব্যবস্থা করা হয়েছে। তিনি যাত্রীদেরকে লঞ্চের মার্কিং অনুসরণ করার আহবান জানান।

তিনি বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের জন্য গর্বের বিষয় পদ্মা সেতু দৃশ্যমান। পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ পর্যায়ে। সেতু কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করে শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি ও লঞ্চ চলাচল করতে হয়। পদ্মা সেতু নির্মাণের বৃহত্তর স্বার্থে দক্ষিণাঞ্চলবাসিকে উক্ত পথে চলাচলের ক্ষেত্রে সাময়িক অসুবিধা সহ্য করার আহবান জানান।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, কভিড-১৯ পরিস্থিতির উত্তরণ ঘটাতে না পারলে অর্থনৈতিক ধাক্কা লাগবে। এ পরিস্থিতির উত্তরণ ঘটাতে জনসচেতনতা প্রয়োজন। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করতে হবে। দায়িত্ব নিয়ে কাজ করতে কর্মকর্তাদের আহবান জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, কাজের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হবে। কাজের মাধ্যমে নৌপরিবহন মন্ত্রণালয় প্রথম কাতারে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, নৌপরিবহন মন্ত্রণালয়ের সাথে এর অধিনস্থ ১১টি দপ্তর/সংস্থাসমূহের ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিপত্র (এপিএ) আজ স্বাক্ষরিত হয়। নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এবং দপ্তর/সংস্থা প্রধানগণ এপিএ-তে স্বাক্ষর করেন।

মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকায় অবস্থিত দপ্তর/সংস্থাসমূহের প্রধানগণ সরাসরি এবং ঢাকার বাইরের দপ্তর/সংস্থাসমূহের প্রধানগণ এপিএ টিম লিডারদের জুম অ্যাপের মাধ্যমে অংশ নেন।

পাসপোর্ট ও আনসারে নতুন ডিজি, চা বোর্ডে চেয়ারম্যান

0

বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক (ডিজি) এবং বাংলাদেশ চা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

আজ বুধবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

আদেশে মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরীকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন পাসপোর্টের ডিজিকে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করেছে। একই আদেশে মেজর জেনারেল সাকিল আহমেদকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করতে বলা হয়েছে।

এ ছাড়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। আর বাংলাদেশে চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল মো. জহিরুল ইসলামকে দায়িত্ব দিয়েছে সরকার।

ছুটিতে শিক্ষার্থীদের নিজ বাসস্থানে অবস্থান নিশ্চিতের নির্দেশ

0

করোনাভাইরাসের কারণে আগামী ৬ আগস্ট শেষ হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। এই ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে বর্ধিত ছুটির মধ্যে শিক্ষার্থীদের নিজ বাসস্থানে অবস্থান নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট শিক্ষক-অভিভাবক ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে সরকার। করোনাভাইরাস সংক্রমণ রোধে কঠোরভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা এলো।

আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পারস্পরিক আলোচনার মাধ্যমে ছুটির এই নতুন তারিখ নির্ধারণ করে। সভা শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনলাইনে মিটিং করে আগামী ৩১ আগস্ট পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান।

পরে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, করোনা সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে আগের বন্ধের ধারাবাহিকতায় আগামী ৩১ আগস্ট পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে। এ সময়ে নিজেদের এবং অন্যদের করোনার সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবেন। শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীক্ষণ করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগ থেকে সময়ে সময়ে জারি করা নির্দেশনা ও অনুশাসন মেনে চলতে হবে বলে মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফায় সেই ছুটি বাড়িয়ে আগস্ট মাসের পুরোটাই ছুটি ঘোষণা করা হলো। করোনার কারণে ১ এপ্রিল থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

জানা যায়, শিক্ষার ক্ষতি পোষাতে একাধিক পরিকল্পনা রয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের। আগামী সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারলে ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করতে চায় মন্ত্রণালয়। তবে নভেম্বরের পিইসি-ইবতেদায়ী এবং জেএসসি-জেডিসি পরীক্ষা আয়োজন হওয়ার কথা থাকলেও এসব পরীক্ষা পিছিয়ে নিয়ে ডিসেম্বরে আয়োজন করা হতে পারে।

তবে সেপ্টেম্বরে স্কুল খুলতে না পারলে শিক্ষাবর্ষ দুই মাস অর্থাৎ আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাবর্ষ বাড়ানোর বিকল্প চিন্তাও আছে জানা গেছে। সব ধরনের পরিকল্পনার জন্যই সিলেবাস সংক্ষিপ্ত করার কাজ করছে মন্ত্রণালয়।