Home Blog Page 2782

দক্ষিণ কোরিয়া থেকে ১৫০টি মিটারগেজ কোচ কিনছে রেলওয়ে

0

দক্ষিণ কোরিয়া থেকে ১৫০টি যাত্রীবাহী মিটারগেজ কোচ আনতে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রেলওয়ে। চুক্তিমূল্য বাংলাদেশি টাকায় ৬৫৮ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকা। ১৮ থেকে ৩০ মাসের মধ্যে কোচগুলো সরবরাহ পাওয়া যাবে।

আজ বুধবার (২৯ জুলাই) এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় বলে রেলপথ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রেলভবনের সম্মেলন কক্ষে রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের উপস্থিতিতে ‘বাংলাদেশ রেলওয়ের জন্য ২০টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ, ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ প্রকল্প’র আওতায় ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বাংলাদেশ রেলওয়ের পক্ষে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক মো. হাসান মনসুর ও দক্ষিণ কোরিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান সুংশিন আরএসটি-পসকো ইন্টারন্যাশনালের কান্ট্রি ম্যানেজার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজের চুক্তি মূল্য ৬৫৮ কোটি ৮১ লাখ ৩০ হাজার ০৬৩.৯০ টাকা। প্রকল্পটি দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। চুক্তি স্বাক্ষরের দিন থেকে ১৮ থেকে ৩০ মাসের মধ্যে কোচগুলোর সরবরাহ পাওয়া যাবে।

কোচ সংগ্রহ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে অতি পুরাতন ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ প্রতিস্থাপন এবং মিটারগেজ ও ডুয়েলগেজ সেকশনে যাত্রীবাহী ক্যারেজ এর স্বল্পতা দূরীভূত করা, আধুনিক, নিরাপদ ও উন্নত যাত্রীবাহী ক্যারেজের মাধ্যমে যাত্রী সেবা নিশ্চিতকরা, বর্ধিত যাত্রী চাহিদা মিটানোর জন্য নতুন ট্রেন চালু করা, বাংলাদেশ রেলওয়েতে মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজের প্রাপ্যতা বৃদ্ধিকরা, বাংলাদেশ রেলওয়ের মিটারগেজ ও ডুয়েলগেজ সেকশনে নিরাপদ ও উন্নত ট্রেন পরিসেবা নিশ্চিতকরা,বাংলাদেশ রেলওয়ের রাজস্ব আয় বৃদ্ধি করা এবং ক্রমবর্ধমান যাত্রী ও মালামাল পরিববহণের ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের পরিসেবা বৃদ্ধিকরা।

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন, ঈদ মোবারক!

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

আজ বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অডিও বার্তায় দেশবাসীকে ঈদুল-আজহার শুভেচ্ছা জানিয়েছেন এবং এটি মোবাইল ব্যবহারকারীদের কাছে তাদের মোবাইল ফোনের মাধ্যমে পাঠানো হচ্ছে।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আসসালামু আলাইকুম, আমি শেখ হাসিনা, বছর ঘুরে আবার পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে এসেছে। আমি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি আশা প্রকাশ করেন যে, করোনাভাইরাস মহামারির সব অন্ধকার কাটিয়ে ঈদুল আজহা সবার মাঝে আনন্দ বয়ে আনবে।

প্রধানমন্ত্রী ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

বার্তাটির শেষে, তিনি করোনাভাইরাসের বিস্তার বন্ধে স্বাস্থ্য নির্দেশিকাগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য সকলকে অনুরোধ জানিয়ে সবার উদ্দেশে বলেন, ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন, ঈদ মোবারক!

হায়দার আলীর প্রশংসা করল জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম

0

মানবপাচার প্রতিরোধে সংবাদমাধ্যমে লেখনির মাধ্যমে অবদান রাখায় সাংবাদিক হায়দার আলীর প্রশংসা করেছে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম।

আজ বুধবার সংস্থাটির ফেসবুক পেইজে প্রশংসা জানিয়ে লিখেছে, ‘সাংবাদিক হায়দার আলী অনেক বছর ধরে অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে মানব পাচার প্রতিরোধে অবদান রাখছেন। তার প্রতিবেদনের মাধ্যমে আমরা জানতে পেরেছি মানব পাচারের ভয়াবহ চিত্র, যা বিভিন্ন পক্ষকে মানব পাচার প্রতিরোধে কাজ করতে সহায়তা করেছে।’

জাতিসংঘের এই সংস্থাটি আরো লিখেছে, ‘বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবসে দৈনিক কালের কণ্ঠের এই সাংবাদিকের কাজের স্বীকৃতি জানাই আমরা। আসুন আমরা সবাই মিলে রুখে দাঁড়াই মানব পাচারের বিরুদ্ধে।’

সংস্থাটি প্রশংসা বাক্য সম্বলিত পোস্টের সাথে হায়দার আলীর একটি বক্তব্যের ভিডিও যুক্ত করেছে।

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে গত বছরের ২৩ জুলাই থেকে ২৮ জুলাই ছয় পর্বের অনুসন্ধানী প্রতিবেদন কালের কণ্ঠ পত্রিকায় বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছিল। কালের কণ্ঠের পাশাপাশি মালয়েশিয়ার জনপ্রিয় মালয়েশিয়াকিনি পত্রিকায় ৪ পর্বের ধারাবাহিক প্রতিবেদন হায়দার আলীর নামেই প্রকাশিত হয়। এছাড়াও হায়দার আলীর মানবপাচার নিয়ে বিভিন্ন সময় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয় কালের কণ্ঠে।

স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি দেওয়া শ্রমিকদের স্বপ্নভঙ্গের ঘটনা নিয়ে কালের কণ্ঠে আন্তর্জাতিক অনুসন্ধানমূলক প্রতিবেদনের জন্যে সাংবাদিক হায়দার আলীকে পুরস্কৃত করে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

মারা গেলেন আরো ৩৫ জন, শনাক্ত ৩,০০৯

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন তিন হাজার ৯ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন হাজার ৩৫ জন। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন দুই লাখ ৩২ হাজার ১৯৪ জন।

আজ বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এঁরা ৩০ জন পুরুষ এবং পাঁচজন নারী। এঁদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন হাজার ৩৫ জনের।

এ পর্যন্ত যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁদের মধ্যে পুরুষ দুই হাজার ৩৮৮ জন এবং নারী ৬৪৭ জন। আর বয়স বিবেচনায় এ পর্যন্ত যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁরা এঁদের বয়স ০ (শূন্য) থেকে ১০ বছরের মধ্যে ১৮ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ৩০ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৮৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২০১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪৩১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮৭৬ জন এবং ষাটোর্ধ এক হাজার ৩৯৪ জন।

জানানো হয়, গত ২৪ ঘণ্টায় যে ৩৫ জনের মৃত্যু হয়েছে তাঁরা ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের আটজন, খুলনা বিভাগের দুইজন, সিলেট বিভাগের দুইজন, রাজশাহী বিভাগের দুইজন, ময়মনসিংহ বিভাগের দুইজন, বরিশাল বিভাগের চারজন। হাসপাতালে মারা গেছেন ২৯ জন এবং বাসায় ছয়জন।

বিভাগ অনুযায়ী এ পর্যন্ত যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁরা ঢাকা বিভাগের এক হাজার ৪৫৮ জন, চট্টগ্রাম বিভাগের ৭৩৯ জন, রাজশাহী বিভাগের ১৭৯ জন, খুলনা বিভাগের ২১৪ জন, বরিশাল বিভাগের ১১৯ জন, সিলেট বিভাগের ১৪৬ জন, রংপুর বিভাগের ১১৫ জন এবং ময়মনসিংহ বিভাগের ৬৫ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৮৭৮ জন। এ নিয়ে দেশের করোনা সংক্রমণ থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৩০ হাজার ২৯২ জন।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ২৫৩টি। একই সময় পূর্বের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১২৭টি। এর মধ্যে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে তিন হাজার ৯ জনকে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন দুই লাখ ৩২ হাজার ১৯৪ জন। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ৫১ হাজার ২৫৮টি।

ব্রিফিংয়ের শুরুতেই জানানো হয়, করোনা সন্দেহে নমুনা পরীক্ষায় দেশে আরো একটি পরীক্ষাগার সংযোজিত হয়েছে। চাঁদপুর মেডিক্যাল কলেজে ভাষাবীর এম এ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির তত্ত্বাবধানে চালু হওয়া এ পরীক্ষাগারটি নিয়ে করোনা পরীক্ষায় দেশে মোট পরীক্ষাগারের সংখ্যা দাঁড়াল ৮২টিতে।

আইসোলেশন প্রসঙ্গে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ৮২৭ জনকে। একইসময় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন এক হাজার ১৪৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন ৪৯ হাজার ৩১৬ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩০ হাজার ৬৪৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৬৬৯ জন।

কোয়ারেন্টিন প্রসঙ্গেও তথ্য দেওয়া হয় বুলেটিনে। বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে গেছেন এক হাজার ৯৫৫ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন মোট চার লাখ ৩১ হাজার ৯৪৪ জন। ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন দুই হাজার ৫৭০ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন তিন লাখ ৭৪ হাজার ৭০০ জন। ছাড়ের পর বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫৭ হাজার ২৪৪ জন।

সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত ৬২৯টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ৩১ হাজার ৯৯১ জনকে সেবা প্রদান যায় বলে জানানো হয় বুলেটিনে।

বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়ন এবং আইইডিসিআর’র হটলাইনে কল এসেছে ৭৫ হাজার ৮৯৯টি। এসব কলে সবাইকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে।

টেলিমেডিসিন সেবায় প্রতিদিন ৩৫ জন চিকিৎসক এবং ১০ জন স্বাস্থ্যতথ্য কর্মকর্তা দুই শিফটে মোট ৯০ জন টেলিমেডিসিনে করোনা সংক্রান্ত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন।

বিআরটিসির অনিয়ম বন্ধ করতে হবে : সেতুমন্ত্রী

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিআরটিসি দেশের পতাকাবাহী গণপরিবহন। শেখ হাসিনার সরকার এ প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করেছে। দুর্নীতি থেকে বেরিয়ে না এলে এ প্রতিষ্ঠান টেকানো কঠিন হবে। অনিয়ম বন্ধ করতে হবে, সতর্ক বা সংশোধন না হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

আজ বুধবার চট্টগ্রামে সড়ক ও জনপথ অধিদপ্তরে চট্টগ্রাম সড়ক জোন, বিআরটিসি, বিআরটিএ, টানেল প্রকল্পের অগ্রগতি ও ঈদ প্রস্তুতি নিয়ে সভায় তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

সেতুমন্ত্রী বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নতিকল্পে ইতোমধ্যে জাইকার অর্থায়নের নীতিগত অনুমোদন পাওয়া গেছে। চট্টগ্রামের মেট্রোরেল স্থাপনের লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। সম্ভাব্যতা যাচাইয়ের পাশাপাশি অর্থায়নের বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ইআরডি’র মাধ্যমে চেষ্টা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, দেশে অবকাঠামো উন্নয়ন অনেক হয়েছে তবুও এখনও সড়কে শৃঙ্খলা ফিরে আসেনি। এ নিয়ে বিআরটিএ’কে নিয়েও অনেক অভিযোগ রয়েছে, সর্ষের মধ্যে ভূত অবশ্যই তাড়াতে হবে।

এ সময় মন্ত্রী সড়ক ও সেতু উন্নয়নে প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দিলেও সড়কে শৃঙ্খলা না ফেরায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি সড়ক নির্মাণ কাজের গুনগত মান নিয়েও প্রশ্ন তোলেন।

সড়ক বিভাগের সংশ্লিষ্ট সবাইকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং মানুষকে স্বস্তি দিতে অবিরাম বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত সড়ক সাথে সাথে মেরামত করার আহ্বান জানান সেতুমন্ত্রী।

টিউশন ফি-এর জন্য কোনো শিক্ষার্থীকে অনলাইন ক্লাসের বাইরে রাখা যাবে না- আদেশ বহাল

0

রাজধানী উত্তরার ইংলিশ মিডিয়াম ডিপিএস-এসটিএস (দিল্লি পাবলিক) স্কুলে টিউশন ফি না দেওয়ার কারণে কোনো শিক্ষার্থীকে অনলাইন ক্লাসের বাইরে রাখা যাবে না বলে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রয়েছে।

একইসঙ্গে এবিষয়ে স্কুল কর্তৃপক্ষের করা আবেদনের ওপর আগামী ১৬ আগস্ট আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান আজ বুধবার এ আদেশ দেন।

ওই শিক্ষাপ্রতিষ্ঠানটির একজন অভিবাবক মো. কামরুজ্জামানের করা এক রিট আবেদনে গত ১৫ জুলাই হাইকোর্ট টিউশন ফি না দেওয়ার কারণে কোনো শিক্ষার্থীকে অনলাইন ক্লাসের বাইরে রাখা যাবে না বলে আদেশ দেন। একইসঙ্গে ওই শিক্ষাপ্রতিষ্ঠানটির টিউশন ফি ৫০ শতাংশ কমানো এবং ক্লাসের পরীক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজির) কাছে করা আবেদন সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।

ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ওই স্কুল কর্তৃপক্ষ। তাদেরপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মাহবুবে আলম (অ্যাটর্নি জেনারেল)।

রিট আবেদনকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ এম আমিনউদ্দিন, ব্যারিস্টার মো. আশরাফুজ্জামান ও মোহাম্মদ ওমর ফারুক।

ব্যারিস্টার মোহাম্মদ ওমর ফারুক জানান, ডিপিএস-এসটিএস স্কুলের টিউশন ফি ৫০ শতাংশ কমানোর দাবিতে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজির) কাছে আবেদন করেন ওই স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক মো. কামরুজ্জামান। কিন্তু ওই আবেদন এখনও নিষ্পত্তি করেনি শিক্ষা অধিদপ্তর। এইমধ্যে ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের বিভিন্ন সময়ে বিভিন্ন নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত ফি না দেওয়ায় প্লে গ্রুপের এক শিক্ষার্থীকে নার্সারিতে উঠানো নিয়ে নোটিশ দেয় শিক্ষাপ্রতিষ্ঠানটি। আবার টিউশন ফি না দেওয়ায় কোনো কোনো শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে অংশ নিতে দেওয়া হচ্ছে না। এসব বিষয়ে স্কুল কর্তৃপক্ষের একাধিক দেওয়া নোটিশ সংযুক্ত করে গত ১২ জুলাই রিট আবেদন করা হয়।

রিট আবেদনে শিক্ষা সচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ও ডিপিএস-এসটিএস স্কুল কর্তৃপক্ষকে বিবাদী করা হয়।

করোনা পরিস্থিতিতে টিউশন ফি কমানোর দাবিতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীর অভিভাবকরা আন্দোলন করে আসছেন। তাঁদের বক্তব্য, করোনাকালে সারা দেশের অভিভাবকরা আর্থিক টানাপড়েনে পড়েছেন। তাঁরা বলছেন, টিউশন ফি ওয়েভারের এই সুবিধা সব সময়ের জন্য চাওয়া হচ্ছে না। কেবল করোনাকালের জন্য চাওয়া হচ্ছে।

পল্লবী থানায় বিস্ফোরণ: কেটে ফেলতে হলো রিয়াজের হাতের কবজি

0

রাজধানীর মিরপুরের পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় আহত রিয়াজের বাম হাতের ক্ষতবিক্ষত কবজি কেটে ফেলেছেন চিকিৎসকরা।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) অস্ত্রোপচারের সময় কবজি কেটে ফেলতে হয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন এ তথ্য জানিয়েছেন।

ডা. আলাউদ্দিন জানান, পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় আহত পাঁচজন হাসপাতালে আনা হয়। তাঁদের দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। একজনকে চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তা রুমি ও সিভিল রিয়াজকে ভর্তি রাখা হয়েছে। রিয়াজের বাম হাতের কবজি কেটে ফেলা হয়েছে। এছাড়া তার ডান হাতের একটি আঙুল ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটিও রাখা যায়নি। তার পেটে বড় ধরনের ইনজুরি আছে। আর পুলিশ কর্মকর্তা রুমির পা ও হাতে জখম রয়েছে। তারা সবাই স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছেন বলে জানান তিনি।

আজ বুধবার (২৯ জুলাই) ভোরে রাজধানীর পল্লবী থানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চার পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন বলেন, গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) রাতে তিন সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তাদের কাছে ওজন মাপার একটি ওয়েট মেশিনও জব্দ করা হয়। সেটি ডিউটি অফিসারের কক্ষে টেবিলে রাখা ছিল। সকাল ৭টার একটু আগে ওই ওয়েট মেশিনটি বোমার মতো বিস্ফোরিত হয়। এতে পাঁচজন আহত হন। এদের মধ্যে জিহাদ নামে একজন সিভিল স্টাফের অবস্থা গুরুতর। ওয়েট মেশিনের ভেতরে বোমা ছিল কি-না তা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আহত রিয়াজ পল্লবী থানায় সিভিল হিসেবে কাজ করতেন বলে জানান তিনি।

ওয়ালিদ হোসেন আরো বলেন, আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং একজনকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।

প্রাথমিকের ৩ লাখ শিক্ষকের বেতন উচ্চধাপে নির্ধারণে চিঠি

0

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন উচ্চধাপে নির্ধারণ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের সচিব বরাবর এই চিঠি দেওয়া হয়েছে। এতে তিন লাখ শিক্ষক তাঁদের সমস্যা সমাধানে আশার আলো দেখছেন।

গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শামীম আরা নাজনীন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১৩তম ও প্রধান শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নীত করা হয়েছে। কিন্তু তাঁদের বেতন ১৩তম গ্রেডের নিম্নধাপে নির্ধারণ করলে অনেক শিক্ষকের বেতন কমে যাচ্ছে। এতে তাঁরা বৈষম্যের শিকার হবেন।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে কিছু তথ্য দিয়েছেন সাহেদ

0

করোনাভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট প্রস্তুতকারী রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে র‌্যাব-৬-এর খুলনা কার্যালয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অবৈধ অস্ত্র-গুলি ব্যবহারসহ বিভিন্ন অপরাধের সঙ্গে তাঁর সম্পৃক্ততা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এরই মধ্যে অবৈধ অস্ত্র দিয়ে সাহেদ পাওনাদারকে হুমকি দিতেন বলে তথ্য পাওয়া গেছে।

এদিকে ঢাকায় উত্তরা পশ্চিম থানায় দায়ের করা চিকিৎসা জালিয়াতির মামলার তদন্ত করছে র‌্যাব-১। অন্যদিকে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, র‌্যাবের ১০ দিনের রিমান্ড শেষ হলে সাহেদকে ২৮ দিনের রিমান্ডে নেওয়া হবে। এ সময় কারাবন্দি মাসুদ পারভেজসহ সাহেদের সহযোগীদেরও একসঙ্গে রিমান্ডে নেবে পুলিশ।

র‌্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার বজলুর রশিদ বলেন, সাহেদকে গ্রেপ্তারের সময় জব্দ অস্ত্র-গুলিসহ বিভিন্ন বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিমান্ড শেষে তাঁকে সাতক্ষীরা আদালতে হাজির করা হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত সোমবার সন্ধ্যায় সাহেদকে ঢাকা থেকে খুলনা র‌্যাব-৬ কার্যালয়ে আনা হয়। এর আগে গত ২৩ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা মো. রেজাউল করিম সাতক্ষীরার ভার্চুয়াল আদালতে সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ২৬ জুলাই আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায় শুনানি শেষে সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

করোনার ভুয়া পরীক্ষার খবর প্রকাশের পর সাহেদ করিম আত্মগোপন করেছিলেন। গত ১৫ জুলাই ভোরে সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী দেবহাটা উপজেলার কমলপুর গ্রামের ইছামতী খাল পেরিয়ে নৌকায় করে ভারতে পালানোর সময় র‌্যাবের হাতে গ্রেপ্তার হন। ওই সময় তাঁর কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার ঘটনায় সাতক্ষীরায় অস্ত্র আইনে মামলা করে র‌্যাব।

ঢাকায় র‌্যাবের কর্মকর্তারা বলছেন, সাহেদ ও তাঁর সহযোগীরা অবৈধ অস্ত্র রাখতেন। পাওনাদাররা টাকা চাইলে এসব অস্ত্র দিয়ে হুমকি দিতেন। সাহেদের বিরুদ্ধে ৪৮টি মামলার কাগজপত্র পাওয়া গেছে। ভুক্তভোগীদের মধ্যে অনেকেই নতুন করে মামলা দায়েরে আগ্রহী নন। তাঁদের পুরনো মামলায় আইনগত সহায়তা দেওয়ার ব্যাপারে পরামর্শ দেওয়া হচ্ছে। ১৬০ জন সাহেদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা বলেন, র‌্যাবের হেফাজতে ১০ দিনের রিমান্ড শেষ হলে তাঁদের থানায় তিন মামলায় ২১ দিন এবং উত্তরা পূর্ব থানায় এক মামলায় আরো সাত দিনের রিমান্ডে আনা হবে সাহেদকে। সাহেদের প্রধান সহযোগী এবং রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজের ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাহেদের সঙ্গে মুখোমুখি জিজ্ঞাসাবাদের জন্য তাঁকেও রিমান্ডে আনা হবে। মাসুদ বর্তমানে কেন্দ্রীয় কারাগারে আছেন। বর্তমানে রিজেন্ট হাসপাতালের এমডি মিজানুর রহমান একটি মামলায় সাত দিনের রিমান্ডে আছেন উত্তরা পশ্চিম থানায়। মেট্রো রেলে কর্মরত ৭৬ কর্মীর ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে একজন ঠিকাদার সাহেদ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলাটি করেছিলেন।

জাপানে ভেসে আসে উত্তর কোরিয়ার মরদেহ ভর্তি ভূতুড়ে জাহাজ, নেপথ্যে চীন

0

কয়েক বছর ধরে জাপানের উত্তর উপকূল এক ভয়াবহ স্থান বলে পরিচিত। সেখানে মাছ ধরা নৌকাগুলি উপকূল থেকে উত্তর কোরিয়ানদের মৃতদেহ বহন করছে, যা তাদের জন্মভূমি থেকে এক হাজার কিলোমিটার দূরে। এর মধ্যে ২০১৭ সালের ঘটনা ছিলো নজরবিহীন। মূলত চীনের মাছ ধরার জাহাজগুলোর কারণে মরদহে ভর্তি জাহাজগুলো জাপানে যেয়ে ভিড়ছে। আন্তজার্তিক সংবাদ সংস্থা সিএনএনের বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

২০১৭ সালে ১০০ টিরও বেশি ভূতুড়ে জাহাজ মরদেহ নিয়ে জাপান উপকূলে ভিড়ে। বছরখানেক আগে এ সংখ্যা ছিলো ৬৬ টি। জাপানের একজন কোস্টগার্ড বলেছেন যে এটি আবহাওয়ার মতো সহজ হতে পারে। অন্যরা অনুমান করেছিলেন যে উত্তর কোরিয়ার মাছ ধরার বহরে জটিলতার কারণে এমন পদক্ষেপ। এই নৌকাগুলির বেশিরভাগ অংশ তীরবর্তী অঞ্চলে ভেসে গেছে । আন্তর্জাতিক গ্লোবাল ফিশিং ওয়াচের বুধবার প্রকাশিত একটি গবেষণা একটি নতুন তত্ত্ব সরবরাহ করে যা চীনের মাছ ধরার বিষয় নিয়ে প্রশ্ন তোলে।

প্রতিবেদনের বিশ্লেষকরা ২০১৭ এবং ২০১৮ সালে উত্তর-পূর্ব এশিয়ার সামুদ্রিক ট্র্যাফিক বিশ্লেষণ করতে স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করেছিলেন এবং দেখতে পেয়েছিলেন যে কয়েকশো চীনা মাছ ধরার জাহাজ উত্তর কোরিয়ার সীমার দিকে যাত্রা করছিল। উত্তর কোরিয়ার উপকূল থেকে আরও দূরে এবং রাশিয়া ও জাপানের পানিতে চীনা জাহাজগুলোকে অবৈধভাবে মাছ ধরতে দেখা গেছে।

উত্তর কোরিয়ার পানিতে মাছ ধরা বা মাছ কেনা বেচা আন্তর্জাতিক আইন লঙ্ঘন। পিয়ংইয়ংয়ের মাছের বাণিজ্য, যা এক বছরে আনুমানিক ৩০০ মিলিয়ন ডলার মূল্যের ছিল। । এই চীনা জাহাজগুলি সম্ভবত ২০১৭ এবং ২০১৮ সালে এই অঞ্চলের অন্যতম মূল্যবান সামুদ্রিক খাবারের মধ্যে ১লাখ ৬০ হাজার মেট্রিক টন উড়ন্ত স্কুইডকে ধরেছিল – একই সময়ে দক্ষিণ কোরিয়া এবং জাপান অংশগ্রহণ করেছিল। গ্লোবাল ফিশিং ওয়াচের সিনিয়র ডেটা সায়েন্টিস্ট এবং গবেষণার সহ-প্রধান লেখক জায়েউন পার্ক বলেছিলেন যে, জাহাজগুলিতে মাছ ধরার পরিমাণ প্রায় এক-তৃতীয়াংশ ছিল।

গবেষণার সহকারী জঙ্গসাম লি জানিয়েছেন উত্তর কোরিয়ার উপকূলের কাছে দেশের নিজস্ব মাছ ধরার বহরটি ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল, তাদের উপকূল থেকে আরও দূরে যাত্রা করতে বাধ্য করা হয়েছিল যার পরিণতি মারাত্মক ছিল। লি বলেন, চীনা ট্রলারদের মতো একই পানিতে কাজ করা তাদের পক্ষে খুব বিপজ্জনক। এ কারণেই তারা রাশিয়ান এবং জাপানের পানিতে কাজ করতে বাধ্য হচ্ছে এবং উত্তর কোরিয়ার কিছু ক্ষতিগ্রস্থ জাহাজ জাপানের সৈকতে কেন প্রদর্শিত হয়েছিল তা ব্যাখ্যা করা হয়েছে।

পার্ক এবং অন্যান্য বিশেষজ্ঞরা বলেছেন যে তারা আগের বছরগুলিতে উপলভ্য নয় এমন নতুন উপগ্রহ এবং রাডার প্রযুক্তি ব্যবহার করে এই জাহাজগুলি ট্র্যাক করতে সক্ষম হয়েছে। গ্লোবাল ফিশিং ওয়াচ এক বিবৃতিতে বলেছে যে উত্তর কোরিয়ার পানিতে অবৈধভাবে মাছ ধরা জাহাজগুলি চীনা স্বার্থ দ্বারা পরিচালিত হয়।