Home Blog Page 2784

জঙ্গি হামলার আশঙ্কা সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঈদুল আজহার আগে জঙ্গি হামলার আশঙ্কা সামনে রেখে পুলিশ, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আজ মঙ্গলবার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কূটনৈতিক এলাকা ও ধর্মীয় উৎসব স্থলসহ সব জায়গায় নিরাপত্তা বাহিনী কাজ করছে ও সতর্ক অবস্থায় রয়েছে। আমি মনে করি তাদের সেই সক্ষমতা, সেই দক্ষতা নেই। বাংলাদেশের মানুষ জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেয় না, তাদের সম্পর্কে সব সময় আমাদের অবহিত করছেন, যে যেখানে নিউজ পাচ্ছেন। এজন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গি দমনে সফল হয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ জঙ্গি বলুন, সন্ত্রাস বলুন- এগুলো থেকে আমাদের দেশ রেহাই পেয়েছে। কিন্তু আমি সব সময়ই বলেছি জঙ্গি আমরা কন্ট্রোলে এনেছি কিন্তু আমরা এদের একদম সমূলে উৎপাটন করতে পারিনি। ছোট ছোট স্লিপিং সেল এখনও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অবস্থানে আছে। মাঝে মধ্যে তাদের উপস্থিতি বোঝাবার জন্য কিছু কিছু ঘটনা ঘটাবার চেষ্টা করে। সেগুলো আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের র‌্যাব যথার্থভাবেই দমন করছে।

ভাটারা-সাইদনগর পশুর হাট পরিদর্শন করলেন ডিএনসিসি মেয়র

0

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ভাটারা-সাইদ নগরে স্থাপিত অস্থায়ী কোরবানি পশুর হাট পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার দেড়টায় পরিদর্শনকালে তিনি পশুর হাট ঘুরে দেখেন এবং পশু ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। পশু ব্যবসায়ী ও ক্রেতা উভয়কে করোনা থেকে সুরক্ষিত থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

পরিদর্শন শেষে মেয়র বলেন, আপনারা জানেন ডিএনসিসিতে প্রতি বছর দশ-এগারোটা হাট বসে থাকে। এবার কভিড মোকাবেলার জন্য আমরা চেষ্টা করেছি ঢাকা শহরের বাইরে কিছু জায়গায় হাট বসানোর জন্য। বর্তমানে একটি স্থায়ী হাট গাবতলীতে এবং পাঁচটি অস্থায়ী হাট শহরের বাইরের দিকে খোলামেলা জায়গায় বসানো হয়েছে। এছাড়া হাটে না গিয়ে অনলাইন থেকে কোরবানি পশু কেনা, কোরবানি দেওয়া, মাংস প্রস্তুত করা এমনকি বাসায় মাংস পৌঁছে দেয়ার জন্য ডিজিটাল হাটও বসানো হয়েছে।

তিনি বলেন, এ বছর মহামারীর মধ্যে কোরবানি। প্রতি বছর কোরবানি পশু কিনতে আমরা হাটে আসি। হাটে আসাটাই উৎসবের একটা অংশ। কিন্তু এবার বিশ্বব্যাপী মহামারি এসেছে। আমরা চেষ্টা করছি এটি মোকাবেলা করার।

তিনি আরো বলেন, হাট ইজারা দিয়ে ডিএনসিসি গতবার ২১ কোটি টাকা পেয়েছিল, হাট কমানোর কারণে এবার অনেক কম টাকা পেয়েছি।

মেয়র বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলছে কি না তা নিশ্চিত করতে আমরা প্রতিটি হাটে একটি করে মোবাইল কোর্ট দিয়েছি। আমরা চেষ্টা করছি স্বাস্থ্য সুরক্ষা সবাই যেন মেনে চলে। মহামারির মধ্যেই এবার ঈদ হচ্ছে। বেঁচে থাকলে আরো অনেক কোরবানির ঈদ করতে পারব। কিন্তু এবারে যারা আসবেন মেহেরবানি করে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আপনার সুরক্ষা আপনার হাতে। আমরা কেবল সর্বাত্মক চেষ্টা করে যাবো। স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে বিধিগুলো দেওয়া হয়েছে, সেগুলো মেনে চলতে সর্বোচ্চ চেষ্টা করছি।

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকার সব করছে: প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, করোনা সংকটে দেশে যেন খাদ্য ঘাটতি না হয় সে জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার সূচনা বক্তব্যে একথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, এটা ঠিক করোনাভাইরাস আমাদের অনেকটা পিছিয়ে দিচ্ছে। তারপরও আমাদের কৃষির যে অগ্রগতি এটা ধরে রাখতে হবে। আমাদের মানুষের আর যাই হোক তাদের খাদ্যের অভাবটা যেন না হয় সেটা আমাদের দেখতে হবে। খাবারের ব্যবস্থাটা যদি আমরা ঘরে রাখতে পারি তাহলে অন্য কোনোদিকে খুব একটা সমস্যা হবে না। আমরা কাটিয়ে ওঠতে পারবো।

কৃষকদের সার, উন্নতমানের বীজসহ অন্যান্য কৃষি উপকরণ দেওয়া হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি। এভাবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব করে যাচ্ছে।

মিথ্যাচার বিএনপির চিরায়ত ঐতিহ্য: কাদের

0

প্রতিটি বিষয়ে সরকারের সমালোচনা আর মিথ্যাচার করা বিএনপির চিরায়ত ঐতিহ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে তার নিজ দপ্তরে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

মির্জা ফখরুলকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, গুলশানে বসে বসে প্রেস ব্রিফিংয়ে মিথ্যাচার করলে সরকারের নেওয়া পদক্ষেপ দেখার কথা নয়। কারণ বন্যা গুলশানে নয়। দেশের ৩১টি জেলাকে প্লাবিত করেছে। বিএনপিকে উদ্দেশ্যে করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, হাতের তালু দিয়ে আকাশ ঢাকা যায় না। বিএনপি না দেখলেও দেশের মানুষ সরকারের মানবিক সহায়তার কার্যক্রম দেখছে এবং উপকৃত হচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের পাশাপাশি আওয়ামী লীগও দুর্গত মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে।

এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রীভা গাঙ্গুলি দাস বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন অধিকতর উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাংলাদেশে অবস্থানকালে এবং সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পসমূহ এগিয়ে নিতে ভারতের হাইকমিশনারকে ধন্যবাদ জানান।

‘শেখ হাসিনা-রীভা গাঙ্গুলির সাক্ষাৎ না হওয়ার অন্য কারণ খোঁজা নিরর্থক’

0

করোনা মহামারির সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকায় ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের সাক্ষাৎ না হওয়ার অন্য কোনো কারণ খোঁজা নিরর্থক—সরকারি সূত্রের বরাত দিয়ে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকায় মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে।

সেখানে বলা হয়, ‘সাম্প্রতিক অতীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হয়নি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের। কূটনৈতিক শিবিরের অনেকে একে ভারত-বিমুখতার বার্তা হিসেবে দেখছেন। সংবাদমাধ্যমেও বিভিন্ন রিপোর্ট দেখা যাচ্ছে। সরকারি সূত্রে অবশ্য এই রিপোর্টকে ভিত্তিহীন বলেই উড়িয়ে দেওয়া হয়েছে।’ সূত্রের বক্তব্য, ‘প্রটোকল অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন মনে করেন, হাইকমিশনারকে ডাকেন। কভিডের কারণে দেখাসাক্ষাৎ মুলতুবি রয়েছে। এর অন্য কারণ খোঁজা নিরর্থক।’

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক নৈকট্য এবং কাশ্মীর পরিস্থিতি নিয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপের দাবি নিয়ে কূটনৈতিক শিবিরে বিতর্ক ঘনিয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কের এমন টানটান পরিস্থিতিতে সোমবার ভারত এবং বাংলাদেশের মধ্যে মৈত্রীর নতুন একটি বার্তা আদানপ্রদান হল। পণ্য ও যাত্রিবাহী ট্রেনে ব্যবহারের জন্য ১০টি ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ ইঞ্জিন বাংলাদেশের হাতে তুলে দিল ভারত। ভিডিও পর্দায় উপস্থিত ছিলেন দু’দেশের রেল ও পররাষ্ট্রমন্ত্রীরা। ছিলেন অন্যান্য কর্তারাও।

আনন্দবাজারের প্রতিবেদনে আরো বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্কে গতি আনতে গত কয়েক মাস ধরেই সক্রিয়তা দেখা যাচ্ছে সাউথ ব্লকের। গতকালের অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাত্পর্যপূর্ণভাবে বলেন, ‘সমৃদ্ধি এবং আর্থিক বৃদ্ধির অংশীদার হিসেবে বাংলাদেশ এবং ভারতকে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে। আমি অবশ্যই দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের অংশীদারি শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গঠণ করতে প্রধান ভূমিকা নেবে। শেখ মুজিবুর রহমানের শতবর্ষে তাঁর দর্শনের প্রতি সেটাই হবে সেরা শ্রদ্ধার্ঘ্য।’

বিদেশমন্ত্রীর বক্তব্য, প্রতিবেশির সঙ্গে সুসম্পর্কের মডেল হিসাবে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক বিশ্বের কাছে একটি উদাহরণ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘মহামারির প্রভাবে ভারত এবং বাংলাদেশের মধ্যে স্থলবাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণে সামপ্রতিক অতীতে দ্বিপক্ষীয় রেল-সহযোগিতা বাড়ানো হয়েছে বেশ কয়েক ধাপ। জুন মাসে দু’দেশের মধ্যে রেকর্ড সংখ্যক পণ্যবাহী ট্রেন যাতায়াত করেছে। মোট ১০৩টি ট্রেনকে কাজে লাগানো হয়েছে অত্যাবশ্যকীয় পণ্য এবং কাঁচামাল আদানপ্রদানের জন্য।’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সোমবার তাঁর বক্তৃতায় ভারতকে ১০টি লোকোমোটিভ ইঞ্জিনের জন্য ধন্যবাদ দিয়ে জানিয়েছেন, ‘আমরা বিশ্বাস করি, যোগাযোগ ব্যবস্থার উন্নতি আমাদের আরও উত্পাদনের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করে যাচ্ছেন সড়ক, রেল ও নদীপথে প্রতিবেশিদের সঙ্গে যোগাযোগ বাড়াতে। শক্তিশালী রেল সংযোগ অর্থনৈতিক বৃদ্ধিতে সহায়ক ভূমিকা নিয়ে থাকে।’

৩৫ মৃত্যু, শনাক্ত ২,৯৬০

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন দুই হাজার ৯৬০ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন হাজার জন। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন দুই লাখ ২৯ হাজার ১৮৫ জন।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এঁরা ২৬ জন পুরুষ এবং ৯ জন নারী। এঁদের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিনজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে চারজন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন হাজার জনের।

এ পর্যন্ত যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁদের মধ্যে পুরুষ দুই হাজার ৩৫৮ জন এবং নারী ৬৪২ জন। আর বয়স বিবেচনায় এ পর্যন্ত যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁরা এঁদের বয়স ০ (শূন্য) থেকে ১০ বছরের মধ্যে ১৮ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ৩০ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৮৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২০০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪২৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮৬৯ জন এবং ষাটোর্ধ এক হাজার ৩৭৪ জন।

জানানো হয়, গত ২৪ ঘণ্টায় যে ৩৫ জনের মৃত্যু হয়েছে তাঁরা ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, খুলনা বিভাগের চারজন, সিলেট বিভাগের চারজন, রাজশাহী বিভাগের তিনজন, বরিশাল বিভাগের তিনজন, ময়মনসিংহ বিভাগের দুইজন এবং রংপুর বিভাগের দুইজন। হাসপাতালে মারা গেছেন ২৬ জন, বাসায় আটজন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় একজনকে।

বিভাগ অনুযায়ী এ পর্যন্ত যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁরা ঢাকা বিভাগের এক হাজার ৪৪৪ জন, চট্টগ্রাম বিভাগের ৭৩১ জন, রাজশাহী বিভাগের ১৭৭ জন, খুলনা বিভাগের ২১২ জন, বরিশাল বিভাগের ১১৫ জন, সিলেট বিভাগের ১৪৪ জন, রংপুর বিভাগের ১১৩ জন এবং ময়মনসিংহ বিভাগের ৬৪ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৩১ জন। এ নিয়ে দেশের করোনা সংক্রমণ থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ২৭ হাজার ৪১৪ জন।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৭০টি। একই সময় পূর্বের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১২ হাজার ৭১৪টি। এর মধ্যে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে দুই হাজার ৯৬০ জনকে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন দুই লাখ ২৯ হাজার ১৮৫ জন। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ৩৭ হাজার ১৩১টি।

ঢাকাসহ সারা দেশের ৮১টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষার পর এই ফল জানা গেছে বলে ব্রিফিংয়ের জানানো হয়।

আইসোলেশন প্রসঙ্গে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ৭১৩ জনকে। একইসময় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭৩২ জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন ৪৮ হাজার ৪৮৯ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৯ হাজার ৫০১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৯৮৮ জন।

কোয়ারেন্টিন প্রসঙ্গেও তথ্য দেওয়া হয় বুলেটিনে। বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে গেছেন এক হাজার ৯৯২ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন মোট চার লাখ ২৯ হাজার ৯৮৯ জন। ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন দুই হাজার ৫২৩ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন তিন লাখ ৭২ হাজার ১৩০ জন। ছাড়ের পর বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫৭ হাজার ৮৫৯ জন।

সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত ৬২৯টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ৩১ হাজার ৯৯১ জনকে সেবা প্রদান যায় বলে জানানো হয় বুলেটিনে।

বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়ন এবং আইইডিসিআর’র হটলাইনে কল এসেছে ৭৮ হাজার ৮৩৮টি। এ নিয়ে এ পর্যন্ত ফোনকল গ্রহণ করা হয়েছে এক কোটি ৭৭ লাখ ১০ হাজার ১৩৩টি। এসব কলে সবাইকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে।

টেলিমেডিসিন সেবায় প্রতিদিন ৩৫ জন চিকিৎসক এবং ১০ জন স্বাস্থ্যতথ্য কর্মকর্তা দুই শিফটে মোট ৯০ জন টেলিমেডিসিনে করোনা সংক্রান্ত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় তাঁদের স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন চার হাজার ৬৪২ জন। এ পর্যন্ত এক লাখ ৩৯ হাজার ৪২ জন এই সেবা গ্রহণ করেছেন বলে জানানো হয় বুলেটিনে।

অর্থ কেলেঙ্কারি: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দোষী সাব্যস্ত

0

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের (ওয়ানএমডিবি) অর্থ আত্মসাতের ঘটনায় প্রথম মামলার শুনানিতে সে দেশের সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক দোষী সাব্যস্ত হয়েছেন। নতুন সরকার ক্ষমতা গ্রহণের চার মাস পর আজ মঙ্গলবার এ রায় আসলো।

জানা গেছে, কুয়ালালামপুর হাইকোর্টের বিচারক মুহাম্মদ নাজলান মুহাম্মদ ঘাজালি রায় ঘোষণা করেছেন। বিচারক বলেন, মামলার ব্যাপারে সমস্ত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে দেখা যায়, রাষ্ট্রপক্ষের আইনজীবী অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে।

তিনি আরো বলেন, আমি অভিযুক্তকে দোষী মনে করি এবং সাতটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করছি। বিশ্বাসভঙ্গ, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহারসহ সাত ধরনের অভিযোগ আনা হয়েছিল নাজিব রাজাকের বিরুদ্ধে। সবগুলো ধারাতেই সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে দোষী সাব্যস্ত করা হয়েছে।

৬৭ বছর বয়সী নাজিব রাজাকের পক্ষ থেকে বলা হয়েছে, রায়ের বিরোধিতা করে আপিল করা হবে। তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে বলেও জানানো হয়।

সূত্র : টাইম

কাবা শরিফে উপস্থিত হচ্ছেন হজযাত্রীরা

0

করোনাভাইরাস মহামারির মধ্যেই বিধি মেনে এ বছর মুসলিম হজযাত্রীরা কাবা শরিফে উপস্থিত হতে শুরু করেছেন। অন্য বছরগুলোতে সারাবিশ্বের ২৫ লাখ মানুষ হজ পালনে গেলেও এ বছর তা হচ্ছে না।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রণালয় এ বছর মাত্র এক হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার হজযাত্রীকে ধর্মীয় রীতি পালনের অনুমতি দিয়েছে। তার মধ্যে দুই তৃতীয়াংশ সৌদি আরবে অবস্থিত বিদেশি নাগরিকরা। আর এক তৃতীয়াংশ হজযাত্রী সৌদি আরবের নাগরিক।

প্রসঙ্গত, সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই লাখ ৬৮ হাজার নয়শ ৩৪ জন এবং মারা গেছে দুই হাজার সাতশ ৬০ জন।

জানা গেছে, সৌদি সরকার এ বছর সকল হজযাত্রীদের ব্যয়, তাদের খাবার, হোটেল থাকার ব্যবস্থা, পরিবহন এবং স্বাস্থ্যসেবা দেবে। তবে এবার হজের খবর সম্প্রচারের ব্যাপারে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কাবা শরিফে যাওয়ার অনুমতি পায়নি। এর আগে গত ৯০ বছরের মধ্যে হজ বাতিলের ঘটনা সৌদিতে ঘটেনি।

সৌদি আরবের ইতিহাসে এ বছরই সারাবিশ্ব থেকে মুসলমানরা হজ পালনের জন্য যেতে পারছে না। যারা হজ পালনের অনুমতি পেয়েছেন, তাদের অবশ্যই মাস্ক পরে, কেবল জমজম কূপের পানি পান করা সাপেক্ষে কাবা শরিফে উপস্থিত হতে দেওয়া হচ্ছে।

সবাইকে জায়নামাজ নিয়ে যেতে হচ্ছে। এর আগে কাঁধে কাঁধ মিলিয়ে সারিবদ্ধভাবে নামাজ আদায় করা হলেও এ বছর একজন হজযাত্রী থেকে আরেকজনকে সবসময় দূরত্ব বজায় রাখতে হচ্ছে।

সূত্র : ভয়েস অব অ্যামেরিকা

জাকার্তার ৬৪ মসজিদে ঈদের নামাজের অনুমতি

0

করোনাভাইরাসের কারণে সারাবিশ্বের মানুষকে শারীরিক দূরত্ব বজায় রাখার কথা বলছেন বিশেষজ্ঞরা। করোনা সংক্রমণের ভয়ে গত ঈদুল ফিতরের নামাজ সেভাবে ঈদগাহে পড়া হয়নি।

তবে পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার ফলে জাকার্তার মেয়র হারইয়াদি সুয়ুটি জানিয়েছেন, জাকার্তায় অন্তত ৬৪টি মসজিদে ঈদের নামাজ আদায় করা যাবে।

তিনি আরো বলেছেন, জাকার্তা শহরের ডিপোনেগোরো মসজিদেও ঈদের নামাজ আদায় করা যাবে। তবে সেক্ষেত্রে স্বল্প সংখ্যক মুসল্লী বিধি মেনে উপস্থিত হতে হবে।

সরকারিভাবে জানানো হয়েছে, প্রতি মসজিদে সর্বোচ্চ ২০০ মুুসল্লী ঈদের নামাজ আদায় করতে পারবেন।

সূত্র : টেম্পো

ভ্যাকসিনে বিনিয়োগ দ্বিগুণ করল যুক্তরাষ্ট্র

0

যুক্তরাষ্ট্র ভ্যাকসিন তৈরি দ্রুততর করার লক্ষ্যে বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ করে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার করেছে। মার্কিন বায়োটেক কোম্পানি মর্ডানার কভিড-১৯ এর ভ্যাকসিন গবেষণা দ্রুততর করার লক্ষ্যে দেশটি এ উদ্যোগ নিয়েছে। মর্ডানা সোমবার থেকে তাদের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত ধাপ শুরু করেছে।

মর্ডানা রবিবার এক ঘোষণায় বলেছে, সরকার এখন ৪৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার পর্যন্ত ব্যয়ের পরিকল্পনা করছে। এর আগে ৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের ঘোষণা দেওয়া হয়েছিল।

মর্ডানা সরকারের এই অতিরিক্ত বিনিয়োগের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে বলেছে, ফলে চূড়ান্ত ধাপের পরীক্ষা ৩০ হাজার অংশগ্রহণকারীকে অন্তর্ভুক্ত করে ব্যাপক পরিসরে করা সম্ভব হবে।

সোমবার থেকে ব্যাপকভাবে শুরু হওয়া পরীক্ষায় ৩০ হাজারের অর্ধেককে ভ্যাকসিনের ১০০ মাইক্রোগ্রাম করে ডোজ দেওয়া হবে। বাকি অর্ধেককে সান্তনামূলক বা মিছেমিছি ডোজ (প্লাসেবো) দেওয়া হবে।

বিশ্বে যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ৪৬ হাজারেরও বেশি লোক। এ ছাড়া যুক্তরাষ্ট্রে দিনদিনই নতুন সংক্রমণের সংখ্যা বাড়ছে।

এ প্রেক্ষাপটে আমেরিকা ভ্যাকসিন তৈরিতে ব্যাপক বিনিয়োগের ঘোষণা দিয়েছে। দেশটি চাচ্ছে আগামী বছরের প্রথমেই যেন লাখ লাখ আমেরিকান ভ্যাকসিন পায়।

এদিকে আমেরিকান-জার্মান বায়োএনটেক ও ফাইজার কম্পানি ঘোষণা দিয়েছে ১০ কোটি ডোজ ভ্যাকসিন তৈরির জন্যে মার্কিন সরকার তাদের ১৯৫ কোটি ডলার দেওয়ার অঙ্গীকার করেছে।

মর্ডানা মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। কম্পানিটি বলছে, তারা ২০২১ সাল থেকে বছরে ৫০ কোটি ডোজ ভ্যাকসিন তৈরিতে সক্ষম হবে যা ১০০ কোটিতে দাঁড়াতে পারে।

উল্লেখ্য, বিশ্বে প্রায় ২০০টি ভ্যাকসিন নিয়ে কাজ চলছে। এর মধ্যে ২৩টির ক্লিনিক্যাল পরীক্ষা চলছে।