Home Blog Page 2786

স্বাস্থ্যখাতে বাইরের হস্তক্ষেপ বেশি : স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্যখাতে বাইরের পদক্ষেপ ও হস্তক্ষেপ বেশি বলে অভিযোগ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যখাতে বাইরের প্রভাব ও হস্তক্ষেপ বেশি। এটা কমানো গেলে আমরা আরও স্বাধীনভাবে কাজ করতে পারব।
আজ সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সঙ্গে অধীনস্থ দফতর ও সংস্থার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) শেষে বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ অভিযোগ করেন।
এসময় তিনি বলেন, আমাদের স্বাস্থ্যখাতে বাইরের ইন্টারফেয়ারেন্স (হস্তক্ষেপ), বাইরের ইনফ্লুয়েন্সটা (প্রভাব) অনেক বেশি। এটা কমাতে হবে। এটা কমানো হলে আমরা আরও ভালোভাবে, স্বাধীনভাবে কাজ করতে পারব।
মন্ত্রী বলেন, যেখানে আমরা অন্যায় দেখছি, সেখানে আমরা ছাড় দিচ্ছি না। এটা আপনারাও দেখছেন। দুটি প্রতিষ্ঠান অন্যায় করেছে, তাদের আইনের আওতায় আনা হয়েছে। যেখানে এটা দেখা দেবে, সেখানেই আইনের আওতায় আনা হবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আমাদের নজরে এসেছিল। আমরা সেখানেও পদক্ষেপ গ্রহণ করার জন্য বলেছি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেখানে যে অন্যায় দেখা যাবে, আমরা চেষ্টা করব। এটা একবারে ফেরানো যায় না, গোটা সমাজের দায়িত্ব আছে। সমস্যা এক জায়গায় না, সমস্যা সব জায়গায় রয়েছে। সব জায়গায় শুদ্ধ হওয়া দরকার।
যে সাপ্লাইয়ার তারও অনেস্ট (সৎ) হওয়া উচিত। যে ‘বায়ার’ তারও অনেস্ট (সৎ) হওয়া উচিত। আমরা যারা বিভিন্ন পর্যায়ে কাজ করি, তাদেরও আমি বলবো ইন্টারফেয়ারেন্সটা (হস্তক্ষেপ) কম করা, যোগ করেন জাহিদ মালেক।

নতুন ডিজি আসার পরদিনই স্বাস্থ্যে ২৮ কর্মকর্তা বদলি

0

গতকাল রবিবার (২৬ জুলাই) যোগদান করেন স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম। এর পরদিনই আজ সোমবার বদলি করা হয়েছে অধিদপ্তরের বিভিন্ন পদে থাকা ২৮ জন কর্মকর্তাকে।

জানা গেছে, ওই ২৮ কর্মকর্তাদের বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। তবে তাঁদের মধ্যে গুরুত্বপূর্ণ পদের কোনো কর্মকর্তা নেই। সবাই জুনিয়র পর্যায়ের চিকিৎসক। করোনা রোগীদের চিকিৎসা কার্যক্রমকে আরো জোরালো করার জন্য তাঁদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন এক চিকিৎসাপ্রতিষ্ঠান থেকে অন্য চিকিৎসাপ্রতিষ্ঠানে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নতুন মুদ্রানীতি আসছে ২৯ জুলাই

0

চলতি অর্থবছরের নতুন মুদ্রানীতি আগামী বুধবার (২৯ জুলাই) ঘোষণা করার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে বাংলাদেশ ব্যাংকের।

চলমান করোনা পরিস্থিতিতে বেসরকারি ঋণ বাড়ানোর চ্যালেঞ্জ রয়েছে এবারের মুদ্রানীতিতে। এ কারণে এই মুদ্রানীতিকে বলা হচ্ছে প্রবৃদ্ধি ও অর্থনীতি সহায়ক। মহামারির কারণে এবার ভার্চুয়ালি মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের মুদ্রানীতির মাধ্যমে অভ্যন্তরীণ ঋণ, মুদ্রা সরবরাহ, অভ্যন্তরীণ সম্পদ, বৈদেশিক সম্পদ কতটুকু বাড়বে বা কমবে এর একটি পরিকল্পনা তুলে ধরা হয়।

সূত্র জানায়, করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে। বিশেষ করে প্রণোদনার মাধ্যমে ক্ষুদ্র, মাঝারি শিল্প, বড় শিল্প ও সেবা খাত, রপ্তানি ও কৃষিসহ সব পর্যায়ে উৎপাদন ঠিক রাখতে ঋণ জোগান বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য সরকারের সুদ ভর্তুকির আওতায় কম সুদে ঋণের জন্য কয়েকটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। এসব তহবিল থেকে ঋণ বিতরণের মাধ্যমে উৎপাদন বাড়ানো এবং কর্মসংস্থান ঠিক রাখা অন্যতম লক্ষ্য।

এসব লক্ষ্য সামনে রেখে সরকার নির্ধারিত ৮ দশমিক ২০ শতাংশের কাছাকাছি জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন এবং মূল্যম্ফীতি ৫ দশমিক ৪০ শতাংশে সীমিত রাখার লক্ষ্যকে সামনে রেখে মুদ্রা সরবরাহ বাড়ানোর প্রাক্কলন করা হবে নতুন মুদ্রানীতিতে।

সদ্য সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করা হয়েছিল ১৪ দশমিক ৮০ শতাংশ। কিন্ত তা অর্জন হয়েছে মাত্র ৮ দশমিক ৬১ শতাংশ। যা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম।

২০১৮-১৯ অর্থবছরে বেসরকারি খাতে ঋণ বাড়ানোর লক্ষ্যমাত্রা ছিল ১৬ দশমিক ৫০ শতাংশ। তবে শেষ পর্যন্ত প্রবৃদ্ধি হয় ১১ দশমিক ২৯ শতাংশ। এর আগের অর্থবছর শেষে প্রবৃদ্ধি হয়েছিল ১৬ দশমিক ৯৫ শতাংশ।

বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হবেন স্বাস্থ্যের নবনিযুক্ত মহাপরিচালক

0

স্বাস্থ্য অধিদফতরের নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) ডা. আবুল বাশার মোহাম্মদ (এবিএম) খুরশীদ আলম আজ অনলাইন প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণের মাধ্যমে গণমাধ্যমের মুখোমুখি হবেন।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় তিনি প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখবেন এবং গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।

গতকাল রবিবার রাতে স্বাস্থ্য অধিদফতরের জনসংযোগ কর্মকর্তা মো. আক্কাছ আলী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘ঈদের আগে জঙ্গি হামলার আশঙ্কা, সতর্ক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী’

0

আসন্ন ঈদকে সামনে রেখে দেশে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা- এমন তথ্যের ওপর ভিত্তি করে পুলিশের সকল ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দিয়েছে সদর দপ্তর।

বিষয়টি নিশ্চিত করে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, দেশে জঙ্গিদের নেটওয়ার্ক আগের যে কোনো সময়ের চেয়ে দুর্বল। ঈদের আগে তারা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করতে পারে। তবে বড় ধরনের হামলার সক্ষমতা তাদের নেই। তবে আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

জানা গেছে, দুইদিন আগে এ সংক্রান্ত একটি চিঠি পুলিশের সকল ইউনিটে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, করোনার সুযোগ কাজে লাগিয়ে নতুন করে সংগঠিত হচ্ছে জঙ্গিরা। আসন্ন ঈদের আগে কিংবা পড়ে তারা বড় ধরনের হামলা চালাতে পারে।

আজ স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৯৪ সালের ২৭ জুলাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়।

প্রতিবছর নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন করা হয়। তবে এবার ভিন্ন আঙ্গিকে পালন করা হচ্ছে দিনটি। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ও চলমান বন্যা পরিস্থিতির কারণে এবার মানবিক ও সামাজিক নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করবেন সংগঠনটির নেতাকর্মীরা।

গত বছরের ১৬ নভেম্বরে অনুষ্ঠিত হয় সংগঠনটির জাতীয় সম্মেলন। সম্মেলনের পরে প্রায় সাত মাস পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। ফলে এবার পূর্ণাঙ্গ কমিটি ছাড়াই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে হচ্ছে সংগঠনটিকে।

দিবসটি উপলক্ষে আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনাসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিকনফারেন্সে বক্তব্য রাখবেন। এছাড়া বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে খাবার বিতরণ, সারা দেশে দুস্থদের মাঝে খাবার ও গাছের চারা বিতরণ করা হবে বলে জানা গেছে।

খেটে খাওয়া মানুষের কথা বলতেন ইসরাফিল : রাষ্ট্রপতি

0

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
আজ সোমবার (২৭ জুলাই) শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘শ্রমিক রাজনীতি দিয়েই তার রাজনীতিতে পদার্পণ। তিনি সংসদে সব সময় খেটে খাওয়া সাধারণ মানুষের কথা তুলে ধরতেন। তার মৃত্যুতে দেশ একজন প্রতিশ্রুতিশীল ও নিবেদিত প্রাণ রাজনৈতিক নেতাকে হারাল।’
রাষ্ট্রপতি তার মরহুমের রুহের মাগফেরাত করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা ইসরাফিল আলম সোমবার সকালে মারা যান। তার বয়স হয়েছিল ৫৪ বছর।
রাজনৈতিক জীবনে ইসরাফিল আলম নওগাঁ-৬ আসন থেকে পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

ইসরাফিল দেশ ও জাতির কল্যাণে কাজ করেছেন : প্রধানমন্ত্রী

0

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (২৭ জুলাই) শোক বার্তায় শেখ হাসিনা বলেন, ইসরাফিল আলম আজীবন দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা ইসরাফিল আলম সোমবার সকালে মারা যান। তার বয়স হয়েছিল ৫৪ বছর।
রাজনৈতিক জীবনে ইসরাফিল আলম নওগাঁ-৬ আসন থেকে পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন আজ

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন আজ। ১৯৭১ সালে ২৭ জুলাই ঢাকায় পরমাণু বিজ্ঞানী এমএ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা দম্পতির ঘরে জন্ম নেন তিনি। দেশ স্বাধীন হওয়ার পর ‘জয়’ নাম রাখেন তার নানা শেখ মুজিবুর রহমান।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার সময় মা ও বাবার সঙ্গে জার্মানিতে ছিলেন জয়। পরে মায়ের সঙ্গে রাজনৈতিক আশ্রয়ে ভারতে চলে যান তিনি।
সেখানকার নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে লেখাপড়ার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেন। পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
২০০২ সালের ২৬ অক্টোবর ক্রিস্টিন ওভারমায়ারকে বিয়ে করেন সজীব ওয়াজেদ জয়। তাদের একটি কন্যাসন্তান রয়েছে।
২০০৭ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক গ্লোবাল লিডার অব দ্য ওয়ার্ল্ড হিসেবে নির্বাচিত হন সজীব ওয়াজেদ জয়।
২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্লোগানটি যুক্ত হয় তার নেপথ্যে ছিলেন জয়। পরবর্তী সময়ে পর্দার অন্তরালে থেকে গোটা দেশে তথ্য-প্রযুক্তির বিপ্লব ঘটান এই তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ। ২০১৪ সালের ১৭ নভেম্বর সজীব ওয়াজেদ জয়কে অবৈতনিকভাবে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দেয়া হয়।
বর্তমানে দলীয় ঘরানা ছাড়াও তথ্যপ্রযুক্তি, রাজনীতি, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাবিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তথ্যপ্রযুক্তির বিকাশ, তরুণ উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। বিশেষ করে দেশের তরুণদের দেশপ্রেমে উজ্জীবিত করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে আত্মনিয়োগ করার ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ নিচ্ছেন তিনি।
দেশ গঠনে তরুণদের মতামত, পরামর্শ শুনতে জয়ের ‘লেটস টক’ ও ‘পলিসি ক্যাফে’ দুটি প্রোগ্রাম ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে। এছাড়া তিনি তরুণ উদ্যোক্তা ও তরুণ নেতৃত্বকে একসঙ্গে যুক্ত করার পাশাপাশি প্রশিক্ষিত করতে তরুণদের বৃহত্তম প্ল্যাটফরম ‘ইয়াং বাংলার’ সূচনা করেন।
লেখাপড়া করা অবস্থায় রাজনীতির প্রতি অনুরক্ত থাকলেও জয় সক্রিয় রাজনীতিতে নাম লেখান ২০১০ সালে। ওই বছরের ২৫ ফেব্রুয়ারি পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ দেয়া হয় তাকে, যার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসেন তিনি। ইতিমধ্যেই ডিজিটাল বাংলাদেশের স্থপতি হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে তার পরিচিতি ছড়িয়ে পড়েছে।

মালয়েশিয়ায় রোহিঙ্গা বোঝাই নৌকাডুবি : ২৪ জনের মৃত্যুর আশঙ্কা

0

থাইল্যান্ডের কাছে মালয়েশিয়ার উত্তরাঞ্চলের উপকূলে রোহিঙ্গা শরণার্থী বোঝাই একটি নৌকা ডুবে অন্তত ২৪ জন মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
ওই নৌকার যাত্রীদের মধ্যে বেঁচে যাওয়া একজনকে গ্রেফতার করা হয়েছে বলে মালয়েশিয়ার উত্তরাঞ্চলের কেদাহ এবং পেরলিস কোস্টগার্ডের প্রধান মোহাম্মদ জাওয়াউই আবদুল্লাহর বরাত দিয়ে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান, কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরাসহ মালয়েশিয়া ও থাইল্যান্ডের বেশ কয়েকটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।
মোহাম্মদ জাওয়াউই আবদুল্লাহ সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, যে অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে তিনি আরও ২৪ জনসহ একটি নৌকায় ছিলেন। নৌকা থেকে নেমে সাঁতরে তীরে পৌঁছান তিনি।
কোস্টগার্ড প্রধানের বরাত দিয়ে জানানো হয়, আটক করা ব্যক্তির নাম নুর হোসেন। তার বয়স ২৭।
কোস্টগার্ডের পক্ষ থেকে দুটি নৌকা ও একটি বিমানের মাধ্যমে উদ্ধার অভিযান চালানো হচ্ছে, তবে আরেকজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন এখন পর্যন্ত কোনো মরদেহ বা নৌকাডুবি থেকে বেঁচে যাওয়া কাউকে পাওয়া যায়নি।

মালয়েশিয়ার কোস্টগার্ডের বরাত দিয়ে ব্রিটিশ দ্য গার্ডিয়ান পত্রিকা জানিয়েছে, শনিবার ভোর রাতের দিকে ২৫ জন সাঁতরে দ্বীপের দিকে যাওয়ার চেষ্টা করে যাদের মধ্যে শুধুমাত্র একজন তীরে পৌঁছাতে পারে।
রোহিঙ্গা শরণার্থী বহনকারী নৌকাটি কেন ডুবে গিয়েছিল বা সেটি উদ্ধার করা গেছে কিনা, সে সম্পর্কে কিছু জানায়নি কর্তৃপক্ষ।
আর এই রোহিঙ্গা শরণার্থীরা কোথা থেকে মালয়েশিয়ার উপকূল পর্যন্ত গিয়েছিলেন, সেটিও জানানো হয়নি।
বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে প্রবাসী রোহিঙ্গাদের অনেকে অবৈধভাবে, ঝুঁকি নিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছেন – এমন খবর এর আগেও পাওয়া গেছে।
ফেব্রুয়ারি মাসে সেন্ট মার্টিন্স দ্বীপে রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার ডুবে যায়, যে ট্রলারে থাকা অনেকেই কক্সবাজারের রোহিঙ্গা শিবির থেকে দালালের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন বলে কর্তৃপক্ষ সে সময় জানিয়েছিল।
এর পর এপ্রিল মাসে কক্সবাজারে রোহিঙ্গা বোঝাই আরেকটি ট্রলার উদ্ধার হয়, যেই নৌকাটি প্রায় দুই মাস সমুদ্রে ভেসে ছিল বলে খবর প্রকাশিত হয়েছিল। ঐ নৌকায় থাকা রোহিঙ্গারাও মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিল বলে বলা হয়েছিল।
এপ্রিলের শুরুতে দুশো’রও বেশি মানুষ নিয়ে মালয়েশিয়ার উপকূল থেকে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা আটক করার কথা জানিয়েছিল দেশটির কোস্টগার্ড।
খবর বিবিসি