Home Blog Page 2788

আবুধাবীতে করোনার টিকা নিলেন বাংলাদেশি তরুণ

0

আমার কোন ভয় লাগেনি। মানুষ তো মরণশীল, আজ হোক কাল হোক মারা যেতে হবে। এর মধ্যে মানুষের কল্যাণের জন্য যদি কিছু করতে পারি, সেটাই আমার সার্থকতা।’

বলছিলেন নিজের শরীরে করোনাভাইরাসের তৃতীয় ধাপের টিকা নেওয়া প্রসঙ্গে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে থাকা বাংলাদেশি তরুণ রাহাত আহমেদ রাফি।

তৃতীয় ধাপের পরীক্ষায় কয়েক হাজার মানুষের ওপর টিকা প্রয়োগ করে এটির কার্যকারিতা ও কতটুকু নিরাপদ, সেটা যাচাই করা হয়।

চীনা কোম্পানি সিনোফার্মের সঙ্গে যৌথভাবে আবুধাবির স্বাস্থ্য অধিদপ্তর-সেহা এবং গ্রুপ-৪২ নামের একটি কোম্পানি এই পরীক্ষা শুরু করেছে। এর আগে চীনে এই টিকার প্রথম আর দ্বিতীয় দফার পরীক্ষা হয়। দুইশর বেশি দেশের নাগরিক থাকায় তৃতীয় দফার পরীক্ষার জন্য আবুধাবিকে বেছে নিয়েছেন গবেষকরা। তৃতীয় দফায় সফল হলে সেই টিকার অনুমোদন দেয়া হয়ে থাকে।

আবুধাবি এবং আল আইন শহরে পরীক্ষায় অংশ নিতে সাত হাজারের বেশি স্বেচ্ছাসেবী নাম তালিকাভুক্ত করেছেন বলে জানিয়েছে সেদেশের স্থানীয় সংবাদমাধ্যম। সবমিলিয়ে ১৫ হাজার মানুষের ওপর পরীক্ষা করানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। দেশটিতে প্রথম টিকা নিয়েছেন দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান।

তাদেরই একজন বাংলাদেশি ২৬ বছর বয়সী তরুণ রাহাত আহমেদ রাফি। তিনি বলছেন, আমি রেডক্রিসেন্টের ভলান্টিয়ার হিসাবে এখানকার করোনা টেস্টিং সেন্টারে গত দুই মাস ধরে কাজ করছি। আমার দায়িত্ব যারা টেস্ট করাতে আসবেন, তার নাম-ঠিকানা কম্পিউটারে তালিকাভুক্ত করা।

যখন জানতে পারলাম যে, করোনাভাইরাসের টিকার জন্য স্বেচ্ছাসেবী চাওয়া হচ্ছে, তখন আমিও ইন্টারনেটে নাম তালিকাভুক্ত করি। এরপর কয়েকদিন পরে আমার স্বাস্থ্য পরীক্ষা, করোনাভাইরাস পরীক্ষা করা হয়। গত ২৪শে জুলাই তারিখে আমাকে টিকার প্রথম ডোজ দিয়েছে। ২১ দিন পরে আবার দ্বিতীয় ডোজ দেবে।

তিনি জানান, আবুধাবিতে বিনামূল্যে টিকার পরীক্ষায় অংশ নিতে স্বেচ্ছাসেবী চাওয়ার পর হাজার হাজার মানুষ অংশ নিতে অনলাইনে আবেদন করেছে। স্বাস্থ্য পরীক্ষার পর যাদের শরীরে গুরুতর কোন রোগ পাওয়া যাচ্ছে না, তাদেরকেই টিকা দেয়ার জন্য বাছাই করা হচ্ছে। এদের মধ্যে স্থানীয় মানুষজনই বেশি।

টিকা দেয়ার পর তার হালকা মাথা ঘোরানো ছাড়া অন্য কোন সমস্যা হচ্ছে না বলে তিনি জানান।

টিকা দেয়ার পর থেকেই প্রতিদিন আমাদের সঙ্গে তারা যোগাযোগ করছে। কোন অসুবিধা হচ্ছে কি না, বর্তমানে কেমন লাগছে, সেটা জানতে চাইছে। তারা সবসময় আমাদের ফলোআপে রাখছে। তিনদিন পরপর তাদের অফিসে গিয়ে আমাদের স্বাস্থ্য পরীক্ষা করাতে বলেছে, বলছেন রাহাত আহমেদ।

আগামী একবছর এভাবে তাদের ফলোআপে রাখা হবে বলে আবুধাবির স্বাস্থ্য অধিদপ্তর থেকে ধারণা দেয়া হয়েছে। আপাতত তাকে অন্যদের থেকে আলাদা থাকার জন্য বলা হয়েছে।

তিনি ছাড়া আর কোন বাংলাদেশি এই পরীক্ষায় অংশ নিয়েছেন বলে তার জানা নেই বলে জানান রাহাত আহমেদ।

সিলেট থেকে স্নাতকোত্তর উত্তীর্ণ হওয়ার পর গত বছরের ডিসেম্বর মাসে তিনি আবুধাবিতে যান। সেখানে ভাইয়ের সঙ্গে মিলে ব্যবসা করতে শুরু করেন। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতি শুরু হওয়ার পর ব্যবসাবাণিজ্য বন্ধ হয়ে রয়েছে।

বাংলাদেশে থাকার সময়েও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন রাহাত আহমেদ রাফি। তাই আবুধাবিতে গিয়েও রেডক্রিসেন্টের সঙ্গে যুক্ত হন।

এই পরীক্ষায় অংশ নেয়ার জন্য আর্থিক কোন সুবিধা পাওয়া যাবে না।

আবুধাবির পত্রিকা দ্যা ন্যাশনালের তথ্য অনুযায়ী, দেশটিতে ১৫ হাজার স্বেচ্ছাসেবীর ওপর এই পরীক্ষা চালানো হবে। টিকার দুইটি ডোজ দেয়ার পর কোন পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কিনা, সেটা বোঝার জন্য তাদের কয়েক মাস ধরে পর্যবেক্ষণে রাখা হবে।

ইনজেকশনের মাধ্যমে স্বেচ্ছাসেবীদের মধ্যে করোনাভাইরাসের একটি নিষ্ক্রিয় সংস্করণ ঢুকিয়ে দেয়া হবে। শরীরের ভেতর প্রবেশ করে সেটি অ্যান্টিবডি বা ভাইরাসের সাথে লড়াই করার ক্ষমতা তৈরি করবে।

জাতিসংঘের সর্বশেষ ২০শে জুলাইয়ের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে টিকা বানাতে ১৭৩টি উদ্যোগ চলছে। এর মধ্যে কয়েকটি টিকার মানবদেহে পরীক্ষা চলছে।

যদিও বিশেষজ্ঞদের অধিকাংশের ধারণা, মানবদেহে ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত হতে এই বছর পার হয়ে যাবে।

চীনের সিনোভেক বায়োটেক কোম্পানির একটি ভ্যাকসিনের পরীক্ষার জন্য বাংলাদেশে নৈতিক অনুমোদন দিয়েছেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল। এই ভ্যাকসিনের পরীক্ষা করবে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি)। তবে এখনো বাংলাদেশে তৃতীয় দফার হিউম্যান ট্রায়ালের অনুমোদন পাওয়া যায়নি, যদিও ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায় তারা পরীক্ষা শুরু করেছে। – বিবিসি বাংলা

কারোনা চিকিৎসা তদারকিতে টাস্কফোর্স গঠন

0

করোনা প্রতিরোধ ও এ সংক্রান্ত চিকিৎসা কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি তদারকি করার জন্য একটি টাস্কফোর্স কমিটি গঠন করেছে সরকার। আজ রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এই টাস্কফোর্স গঠন করে আদেশ জারি করা হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিবকে (জনস্বাস্থ্য) ৯ সদস্যের টাস্কফোর্সের আহ্বায়ক করা হয়েছে। এই টাস্কফোর্স গঠনের কথা আগেই জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আদেশে বলা হয়, কভিড-১৯ প্রতিরোধ ও আক্রান্ত রোগীদের সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিতকরণে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ পর্যন্ত জারি করা পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশনা ও যেসব কমিটি গঠন করা হয়েছে তাদের কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি তদারকি করার জন্য একটি টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা), জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন), স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (প্রশাসন), অর্থ বিভাগের যুগ্মসচিব (প্রশাসন), জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব (প্রশাসন), স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ শাখা) ও আইডিসিআরের পরিচালক।

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (জনস্বাস্থ্য-১) টাক্সফোর্স কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বলে আদেশে বলা হয়েছে। আদেশে বলা হয়, টাস্কফোর্স কমিটিকে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশনা ও যেসব কমিটি গঠন করা হয়েছে তাদের কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি তদারকি করবে।

এ ছাড়াও বিভিন্ন কমিটির গৃহীত সিদ্ধান্তের সমন্বয় করা, যেসব হাসপাতাল ও ল্যাবে কভিড-১৯ পরীক্ষা করা হয় তাদের লাইসেন্সের যথার্থতা পরীক্ষা করা, কভিড-১৯ এর পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ফি যথাযথভাবে আদায় করা হচ্ছে কিনা তা মনিটর করা, যেসব হাসপাতালে কভিড-১৯ পরীক্ষা করা হয় সেখানে পর্যাপ্ত জনবল ও পরীক্ষার যথাযথ ফ্যাসিলিটিজ আছে কিনা তা যাচাই করবে টাস্কফোর্স। টাস্কফোর্স কমিটি ৫০ শয্যার উপরের হাসপাতালগুলোতে কাজ করবে বলে উল্লেখ করা হয়।

নিজ কর্মীদের থেকেও বিএনপি নেতারা বিচ্ছিন্ন : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জনগণ এমনকি কর্মীদের থেকেও বিচ্ছিন্ন বিএনপি নেতারা অস্তিত্ব প্রমাণের জন্যই শুধু টিভির পর্দায় কথা বলেন।

আজ রবিবার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন, কার্যনির্বাহী সদস্য আওলাদ হোসেন প্রমুখ আলোচনায় অংশ নেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের ‘সরকার দুর্নীতিতে বেসামাল’ মন্তব্যের প্রতি তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে ড. হাছান বলেন, ‘সীমাহীন দুর্নীতি- দুঃশাসনের কারণে যারা দেশকে পরপর পাঁচবার যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল, একবার অবশ্য আফ্রিকার একটি দেশের সাথে যুগ্ম চ্যাম্পিয়ন -সেই বিএনপির মুখপাত্র হচ্ছেন রিজভী আহমেদ। তারা যখন দুর্নীতির কথা বলে, তখন লোকে হাসে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, পেট্রল বোমার রাজনীতি করার কারণে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শুধু জনগণ থেকেই নয়, বিএনপি নেতারা তাদের কর্মীদের কাছ থেকেও বিচ্ছিন্ন হয়ে গেছে। টেলিভিশনে উপস্থিতির মাধ্যমে তারা তাদের অস্তিত্বটা প্রমাণ করার চেষ্টা করে এবং সেই লক্ষ্যেই বিভিন্ন কথা বলে, এছাড়া অন্য কিছু নয়।

বন্যা মোকাবিলায় সরকারের তৎপরতা সম্পর্কে ড. হাছান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা-দুর্যোগ মোকাবিলায় অতীতেও সক্ষমতা দেখিয়েছেন, এখনো সফলভাবে বন্যা মোকাবিলা করছেন। ১৯৯৮ সালে যে ভয়াবহ বন্যায় দেশের ৭৫ ভাগ স্থল তিন মাস পানির নিচে ছিল, তখনও অনাহারে মানুষ মৃত্যুবরণ করেনি। এবং সেই বন্যাকে সফলভাবে মোকাবিলা করে তিনি বিশ্ববাসীকে তার সক্ষমতা দেখিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে গত সাড়ে ১১ বছরে যত প্রাকৃতিক দুর্যোগ-বন্যা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী সেগুলো সফলভাবে মোকাবিলা করে দুর্যোগের হাত থেকে মানুষকে রক্ষা করেছেন। এখনও বন্যা মোকাবিলায় তার নেতৃত্বে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়সহ পুরো সরকার কাজ করছে, বন্যার্তদের কাছে সাহায্য পাঠানো থেকে শুরু করে সবকিছু করা হচ্ছে।

আর যারা এ নিয়ে টেলিভিশনে বসে বসে কথা বলছেন, তারা কিন্তু বন্যার্তদের পাশে দাঁড়াননি, মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, আমাদের দলের নেতাকর্মীরা স্ব স্ব জায়গায় যেখানে বন্যা হয়েছে, সেখানে জনগণের পাশে দাঁড়িয়েছে। আমি আবারও আমাদের দলের নেতাকর্মীদের কাছে অনুরোধ জানাবো যতদিন বন্যা থাকবে, ততদিন তারা যেন মানুষের পাশে থাকে।

চলচ্চিত্র শিল্প প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, জাতির পিতার হাত ধরে ১৯৫৭ সালে যে শিল্পের যাত্রা শুরু সেই শিল্পের স্বর্ণালী যুগ ফিরে আনতে আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সাথে এই শিল্পকে কিভাবে বাঁচানো যায়, কিভাবে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায়, কিভাবে আমাদের দেশের বাংলা ছবি আন্তর্জাতিক বাজারেও স্থান করে নিতে পারে, সে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় চিন্তা করেন, আমাকেও নানা নির্দেশনা দিয়েছেন, আমি তার সাথে আলোচনাও করেছি জানান হাছান মাহমুদ।

বর্তমান পরিস্থিতিতে সিনেমা হল খোলার প্রসঙ্গে মন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতি এবং করোনার কারণে শারীরিক দূরত্ব বজায় রাখার বাধ্যবাধকতার ফলে এ বিষয়ে আরেকটু ধীরে সুস্থে এগুনো ভালো হবে বলে মনে হয়। করোনার প্রকোপ যখন একেবারে কমে যাবে, তখন আমরা সিনেমা হল পুণরায় চালু করার বিষয়টি আবার আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। বিপুল দর্শক থাকা সত্ত্বেও এখনও ভারতে সিনেমা হল খুলে দেওয়া হয়নি, পাকিস্তানেও তাই।

এ সময় চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাসের প্রস্তাবনার প্রেক্ষিতে তথ্যমন্ত্রী জানান, সিনেমা হলগুলোর বিদ্যুৎ বিল বাণিজ্যিক হারের পরিবর্তে শিল্প হারে নির্ধারণের জন্য ইতোমধ্যেই বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। আর বিদেশি চলচ্চিত্র আমদানির বিষয়ে সবার সাথে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হবে। সিনেমা হল আধুনিকায়ন ও নতুন করে চালু করার জন্য স্বল্পসুদে ব্যাংক ঋণের বিষয়ে অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সাথেও আলোচনা চলছে।

‘বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’

0

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ রবিবার জাতীয় সংসদ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ-২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক কোটি বৃক্ষের চারা রোপণের অংশ হিসেবে জাতীয় সংসদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি একটি আম, একটি অশোক ও একটি নাগেশ্বর চারা রোপণের মাধ্যমে জাতীয় সংসদের বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের পক্ষ থেকে বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যার মধ্যে বৃক্ষরোপণ অন্যতম। এ সময় তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ায় সকলকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং গৃহায়ণও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ গাছের চারা রোপণ করেন।
স্পিকার বলেন, পর্যায়ক্রমে সকল সংসদ সদস্যবৃন্দ সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। মুজিববর্ষ উপলক্ষে ৩৫০ থেকে ৫শটি বৃক্ষের চারা রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। হুইপ ইকবালুর রহিম এবং পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এবি তাজুল ইসলাম বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য, পিডব্লিউডির কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সজীব ওয়াজেদ জয় দেশে আইসিটি বিপ্লবের স্থপতি : কাদের

0

করোনা মহামারিতে দেশের চলমান উন্নয়নে কিছুটা বাধার সৃষ্টি হলেও শেখ হাসিনা নেতৃত্বের আসনে থাকলে বাংলাদেশ সমৃদ্ধির বর্ণিল দিগন্তে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, প্রযুক্তির অব্যাহত উন্নতির কল্যাণে বদলে যাওয়া বাংলাদেশের আইসিটি বিপ্লবের স্থপতি সজীব ওয়াজেদ জয়।
আজ রবিবার (২৬ জুলাই) সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে ‘সজীব ওয়াজেদ জয় : সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী এবং বইটির প্রকাশক জুনায়েদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব ও গ্রন্থটির সম্পাদক আশরাফুল আলম খোকন এবং জয়ীতা প্রকাশনীর স্বত্বাধিকারী ইয়াসিন কবির জয়।
অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের নেপথ্য কারিগর সজীব ওয়াজেদ জয় প্রযুক্তির সহায়তায় দেখিয়েছেন বিস্ময়কর সাফল্য। বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীন সার্বভৌম পতাকা, তিনি বাংলাদেশের স্বাধীনতার রোল মডেল এবং তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা দিয়েছেন উন্নয়ন ও অর্জনের বিশ্বব্যাপী স্বীকৃতি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রযুক্তির অব্যাহত উন্নতির কল্যাণে এটিই বদলে যাওয়া বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বের কারিশমা আর আইসিটির সক্ষমতার রূপকার সজীব ওয়াজেদ জয়।
সোমবার (২৭ জুলাই) সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক নিঃশব্দে ঘটে যাওয়া আইসিটি বিপ্লবের স্থপতি, কোটি তরুণের স্বপ্নসারথি সজীব ওয়াজেদ জয়।
আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে সজীব ওয়াজেদ জয়ের ভিশন, মিশন ও তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরাই হচ্ছে এই বইটি প্রকাশের মূল উদ্দেশ্য।

জাপার নতুন মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু

0

মশিউর রহমান রাঙ্গাকে সরিয়ে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
আজ রবিবার (২৬ জুলাই) জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এক সাংগঠনিক আদেশে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।
উল্লেখ্য যে, জিয়াউদ্দিন আহমেদ বাবলু মহাসচিব হিসেবে মশিউর রহমান রাঙ্গার স্থলাভিষিক্ত হলেন। পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারা এর প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ অদ্য ২৬ জুলাই ২০২০ থেকে কার্যকর বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

করোনায় আরও ৫৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২২৭৫

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৯২৮ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ২৭৫ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন।
আজ রবিবার (২৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৪৪১টি নমুনা সংগ্রহ ও ১০ হাজার ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ১১ হাজার ৫৫৮টি। নতুন পরীক্ষা করা নমুনায় করোনা মিলেছে ২ হাজার ২৭৫ জনের মধ্যে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৫৪ জনের। ফলে ভাইরাসটিতে মোট মারা গেলেন ২ হাজার ৯২৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৯৯ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ২৩ হাজার ৮৮২ জনে।
বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২২ দশমিক ৫৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ১০ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৪৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।
করোনাভাইরাস থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে বরাবরের মতো সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় বুলেটিনে।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িডে পড়া এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন ১ কোটি ৬২ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৬ লাখ ৪৮ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা ১ কোটি ছুঁই ছুঁই।

প্রয়োজনে কাঁচা চামড়া রফতানি করা হবে : বাণিজ্যমন্ত্রী

0

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এবারো যদি চামড়ার দামে সমস্যা দেখা যায়, তা হলে কাঁচা চামড়া ও ওয়েট-ব্লু লেদার বা আংশিক প্রক্রিয়াজাত চামড়া রফতানির অনুমোদন দেয়া হবে। এ জন্য একটি আন্তঃমন্ত্রণালয় কমিটিও গঠন করা হয়েছে। এ কমিটিই রফতানির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
আজ রবিবার (২৬ জুলাই) জুম প্ল্যাটফর্মের মাধ্যমে বাণিজ্যমন্ত্রীল সঙ্গে চামড়া ব্যবসায়ীদের বৈঠকে এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চমড়ার দাম ২৩ থেকে ২৯ শতাংশ কমিয়ে নির্ধারণ করা হয়েছে। ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৩৫ থেকে ৪০ টাকা এবং ঢাকার বাইরে ২৮-৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সারাদেশে খাসির চামড়া ১৩-১৫ টাকা আর বকরির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১২ টাকা।
তিনি বলেন, আমাদের বাজার দিন দিন ছোট হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে চাহিদাও কমে গেছে। কিন্তু চামড়াজাত পণ্যের দাম বেড়েছে। তাই সব কিছু বিবেচনায় গতবারের দামই নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে চামড়ার মান বাড়ানোরও তাগিদ দেন তিনি।
ভার্চুয়াল এ বৈঠকে বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চামড়া খাত শিল্পের উদ্যোক্তা, ব্যবসায়ী, রফতানিকারক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।

১৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৩৬ কোটি ডলার

0

কোরবানি ঈদ সামনে রেখে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। করোনা সংকটের মধ্যেও জুলাই মাসের প্রথম ১৬ দিনে ১৩৬ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, সামনে ঈদুল আজহা বা কোরবানির ঈদ। তাই বেশি পরিমাণ রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। রেমিট্যান্স প্রবাহের এ ধারা অব্যাহত থাকলে জুলাই মাস শেষে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় আসতে পারে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি মাসের প্রথম ১৬ দিনে ১৩৬ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা (প্রতি ডলারের বিনিময় হার ৮৫ টাকা ধরে)।
এ ধারা অব্যাহত থাকলে একক মাস হিসেবে চলতি মাসে রেমিট্যান্স আহরণ ২০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে, যা হতে পারে একক মাসে রেকর্ড পরিমাণ প্রবাসী আয়।
এর আগে চলতি বছরের জুনে একক মাস হিসেবে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ করে বাংলাদেশ। ওই সময় রেমিট্যান্স এসেছে ১৮৩ কোটি ২৫ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৪৬ কোটি ৮৩ লাখ ডলার বেশি।
এর আগে একক মাসে সর্বোচ্চ ১৭৪ কোটি ৮১ লাখ ডলার রেমিট্যান্সের রেকর্ড ছিল ২০১৯ সালের মে মাসে।
গত ২০১৯-২০ অর্থবছর শেষে প্রবাসী বাংলাদেশিরা ১ হাজার ৮২০ কোটি ডলার বা ১৮ দশমিক ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ।
এর আগে ২০১৮-১৯ অর্থবছরে দেশে রেমিট্যান্স আহরণে রেকর্ড হয়। ওই সময়ে প্রবাসীরা ১ হাজার ৬৪২ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন।
এই হিসেবে ২০১৮-১৯ অর্থবছরের তুলনায় সদ্য সমাপ্ত ২০১৯-২০ অর্থবছরে রেমিট্যান্স আহরণ বেড়েছে ১৭৮ কোটি ৫৩ লাখ ডলার বা ১৫ হাজার কোটি টাকা।
চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ঘোষণা দিয়েছিলেন, গত অর্থবছরের মতো চলতি অর্থবছরেও বৈধপথে রেমিট্যান্স বাড়াতে এ খাতে ২ শতাংশ হারে প্রণোদনা দেয়া হবে। এ কারণে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।

১৯ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর হবে আইপিএল : চেয়ারম্যান ব্রিজেশ

0

আইপিএলের এবছরের আসর হওয়ার দিন ঠিক হয়ে গেল। এই বছরই ১৯ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।
পিটিআই-এর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, এমনটাই নিশ্চিত করেছেন বিসিসিআই-এই সিনিয়র অফিশিয়াল। ভেন্যু হিসেবে প্রত্যাশিতভাবেই বেছে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীকে। টুর্নামেন্ট ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ফাইনাল ৮ নভেম্বর। বৃহস্পতিবার এমনটাই নিশ্চিত করেছে বিসিসিআই। আগামী সপ্তাহে আইপিএল-এর গভর্নিং কাউন্সিল সূচি নিয়ে আলোচনায় বসতে চলেছে। তার পরই ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিস্তারিত পাঠিয়ে দেওয়া হবে। বিসিসিআই-এর এক সিনিয়র অফিশিয়াল বলেন, ‘‘আইপিএল ১৯ সেপ্টেম্বর (শনিবার) থেকে শুরু হতে পারে এবং ফাইনাল হবে ৮ ‌নভেম্বর (রবিবার)। ৫১ দিনের এই উইন্ডোই সবার জন্য সুবিধের।”
অক্টোবর-নভেম্বরে এই বছর হওয়ার কথা ছিল টি২০ বিশ্বকাপ। বিসিসিআই প্রথম থেকেই এই সময়টিইকেই আইপিএল-এর পরবর্তী সময় হিসেবে চেয়েছিল। কিন্তু আইসিসি বিশ্বকাপ স্থগিত করার আগে একটু সময় নিচ্ছি‌ল পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য। গত সপ্তাহেই আইসিসি জানিয়ে দিয়েছে, এই বছর টি২০ বিশ্বকাপ হচ্ছে না। আর তার পরই সেই সময়টিকে কাজে লাগাতে মাঠে নেমে পড়ে বিসিসিআই।
কোভিড-১৯ অতিমারির কারণে নির্দিষ্ট সময়ে আইপিএল করা সম্ভব হয়নি। এখনও দেশে ক্রিকেট শুরু করতে পারেনি বিসিসিআই। ভারতের যা অবস্থা তাতে কবে তা শুরু করা যাবে সেটাও অনিশ্চিত। যে কারণে সংযুক্ত আরব আমিরশাহীতে নিয়ে যাওয়া হচ্ছে এই টুর্নামেন্ট।
প্রথমে মনে করা হচ্ছিল ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএল। তবে ভারতের অস্ট্রেলিয়া সফরকে মাথায় রেখে তা এক সপ্তাহ এগিয়ে আনা হয়।
এখনই সময় ঘোষণা হয়ে যাওয়ায় সব দল এক মাস করে সময় পাবে শিবির করার। ফ্র্যাঞ্চাইজিগুলোকে ২০ অগস্টের মধ্যে ভেন্যুতে পৌঁছতে হবে। যার ফলে ঠিক চার সপ্তাহ সময় পাবে সব দলগুলি।