Home Blog Page 2789

হটস্টারকে সবচেয়ে বড় ওপেনিং দিল সুশান্তের শেষ ছবি দিল বেচারা

0

মুক্তির পর থেকে একের পর এক রেকর্ড গড়েই চলেছে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারা। শুক্রবার সন্ধ্যায় মুক্তি পায় দিল বেচারা। এরপর নজিরবিহীনভাবে IMDb-তে ১০ এ ১০ রেটিং লাভ করেছিল এই ছবি। এবার স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারের তরফে ঘোষণা করা হল এই ওটিটি প্ল্যাটফর্মের সবচেয়ে বড় ওপেনিং দিয়েছে এই ছবি। অনুরাগীদের ভালোবাসায় আপ্লুত তাঁরা। টুইট করে ধন্যবাদ জানানো হয় এই স্ট্রিমিং প্ল্যাটফর্মের তরফে।
শনিবার সন্ধ্যায় টুইট বার্তায় ডিজনি প্লাস হটস্টারের তরফে জানানো হয়, ‘একটা ছবি যা আজীবন বলিউড ফ্যানেদের মনের খুব কাছে থাকবে। আপনাদের ভালোবাসায় দিল বেচারার সবচেয়ে বড় ওপেনিং…ঐতিহাসিক’।
সূত্রের খবর, মুক্তির চব্বিশ ঘন্টার মধ্যে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে ৭৫ মিলিয়ান বার স্ট্রিম হয়েছে দিল বেচারা। ডিজনি প্লাস হটস্টারের তরফে আগেই ঘোষণা করা হয়েছে সুশান্তের প্রতি শ্রদ্ধার্ঘ জানাতে এই ছবি উপলব্ধ করা হয়েছে সাবস্ক্রাইবারদের পাশাপাশি নন সাবস্ক্রাইবারদের জন্যও। অর্থাত্ একদম বিনা পয়সাতেই দেখা যাচ্ছে দিল বেচারা। ভারতের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র,ব্রিটিশ যুক্তরাজ্য এবং কানাডার দর্শকও বিনা পয়সায় দেখতে পাচ্ছেন দিল বেচারা।

জন গ্রিনের লেখা উপন্যাস ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার’ অবলম্বনে তৈরি দিল বেচারা। দিল বেচারায় বলবে দুই ক্যানসার আক্রান্ত কিজি (সঞ্জনা সাংঘি) ও ম্যানির (সুশান্ত) ভালোবাসার গল্প। অল্প বয়সেই মারণরোগ ক্যানসারে আক্রান্ত হয়েছে দুজনেই, তবুও প্রতি মুহূর্তে লড়াই করে বাঁচতে জানে ম্যানি। কিজিকে সে শেখাবে বেঁচে থাকার আসল মানে,ভালোবাসার অর্থ। সুশান্তের জীবনের মতোও এই ছবির গল্পেও হ্যাপি এন্ডিং নেই, তবুও এক অদ্ভূত ভালোলাগা আছে।
এখন পর্যন্ত IMDb-তে ৯.৬ রেটিংয়ের সঙ্গে ভারতীয় ছবির তালিকায় সবার উপরে রয়েছে সুশান্ত সিং রাজপুতের দিল বেচারা। ৬২ হাজারেরও বেশি মানুষ রেটিং দিয়েছে এই ছবিকে। ছবিতে ম্যানি তথা ইমানুয়েল রাজকুমার জুনিয়রের চরিত্রে সুশান্তের অভিনয় মন জয় করে নিয়েছে সকলের। সুশান্ত-সঞ্জনা ছাড়াও এই ছবিতে দেখা মিলেছে স্বস্তিকা মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, সাহিল বেদ এবং সইফ আলি খানের

“কান্না থামাতে পারছি না! কতটা বেদনাদায়ক”, দিল বেচারা দেখে ভূমি

0

প্রতীক্ষার অবসান ঘটিয়ে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি+হটস্টারে মুক্তি পেয়েছে দিল বেচারা। যেন সুশান্ত সিং রাজপুতের জীবনেরই প্রতিচ্ছবি। এমনটাই অনুরাগীদের রিভিউ। ফিল্ম সমালোচক তরণ আদর্শ আবার পাঁচের মধ্যে চার স্টার দিয়েছে এই ছবিকে। পিছিয়ে নেই বলিউডও।
সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি দেখে কান্না চেপে রাখতে পারেননি তাঁর একদা সহকর্মী ভূমি পেডনেকর।
শোনচিড়িয়া ছবিতে একসঙ্গে কাজ করেছেন সুশান্ত-ভূমি।
সেই অভিনেত্রী এই ছবি দেখে লিখলেন, “বেদনাদায়ক ও সুন্দর।”
ইনস্টাগ্রামে ছবির বিষয়ে লিখতে গিয়ে তিনি বলেছেন, “আবেগপ্রবণ, কান্না থামাতে পারিনি। অসাধারণ অভিনয়। এত সামনে থেকে বেদনাদায়ক অথচ কত সুন্দর করে বলা কথা কোনওদিন দেখিনি। অনুরাগীদের দেওয়া সুশান্তের সেরা উপহার।”
পাশাপাশি ছবির পরিচালক মুকেশ ছাবড়া এবং অভিনেত্রী সঞ্জনা সঙ্ঘীর প্রশংসায় পঞ্চমুখ ভূমি। তিনি লিখেছেন, “মুকেশ ছাবড়া খুব ভালো কাজ। সঞ্জনা সঙ্ঘী, বড়পর্দায় তোমাকে স্বাগত।”
দেখুন ভূমির সেই ইনস্টাগ্রাম স্টোরি:

এর আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর শোনচিড়িয়ার সহকর্মীর স্মরণে ভূমি লিখেছিলেন, “প্রতিদিন সকালে উঠে আমি তোমার কথা ভাবি। আমাদের আলোচনা, স্বভাব, আবেগকে মনে করি। কিন্তু তখনই মনে পড়ে তোমার অনুপস্থিতি। আর বেদনায় মন ভারাক্রান্ত হয়ে ওঠে।”

বলিউডের একটা গ্যাং আমার বিরুদ্ধেও গুজব রটাচ্ছে : এ আর রহমান

0

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘গ্যাং’ অর্থাৎ দলবাজি নিয়ে এবার সরব খোদ অস্কার বিজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান। বলিউডে যে ‘গ্যাং’-এর আধিপত্য চলে তা একপ্রকার স্বীকার করে নিয়েছেন খ্যতনামা এই সঙ্গীতশিল্পী। তাঁর কথায়, ”ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা গ্যাং রয়েছে, যাঁরা আমার সম্পর্কেও গুজব ছড়িয়ে বেড়াচ্ছে।”
সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’য় সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান। এই ছবি নিয়েই সম্প্রতি রেডিও মির্চি-কে একটি সাক্ষাৎকার দেন অস্কার বিজেতা এই শিল্পী।
তিনি বলেন, ”কোনও ভালো ছবি হলে, আমি কখনওই সেটায় না বলি না। তবে আমি মনে করি, এখানে একটা গ্যাং রয়েছে, যাঁরা এই ভুলবোঝাবুঝির কারণ, তারাই আমার সম্পর্কে গুজব ছড়াচ্ছে।”
এ আর রহমানের কথায়, ”যখন মুকেশ ছাবরা আমার কাছে এসেছিল, আমি ওনাকে দুদিনের মধ্যে গান তৈরি করে দিয়েছিলাম।” মুকেশ আমায় বলেছিলেন, ”স্যার আমাকে অনেকেই বলছেন ওনার কাছে যাবেন না, আদপে কিছুই পাবেন না। অনেক আপনার সম্পর্কে অনেক গল্পও শুনিয়েছিল।”
এ আর রহমানের কথায়, ”আমি মুকেশ ছাবরার মুখে এই কথা শুনে আসল বিষয়টা বুঝতে পারলাম, বুঝলাম যে কেন আমি এখন কম কাজ পাই। কেন ভালো ছবিতে সঙ্গীত পরিচালনার প্রস্তাব আর আমার কাছে আসে না। গ্যাংয়ের চক্রান্তে কিছু ডার্ক ছবির কাজ আমায় বেছে নিতে হয়েছে। তবে আমি কখনও ওদের বুঝতে দিই নি, যে ওরা আমার ক্ষতি করছে।”
খ্যতনামা এই সঙ্গীতশিল্পী আরও বলেন, ”মানুষজন আমার কাছে অনেককিছু প্রত্যাশা করে। তবে গ্যাং আমায় সেই সব কাজ করতেই দেয় না। তবে ঠিক আছে, আমি ভাগ্য বিশ্বাস করি। আমি বিশ্বাস করি সবকিছুই ঈশ্বরের কাছ থেকে আসে। তবে আমি এখন বিভিন্ন ছবির কাজ করছি। তবে আমি সকলকে বলছি ভালো ভালো ছবি বানান। কেউ যদি ভালো কিছু বানান, তাহলে সবসময় আমার কাছে স্বাগত।”

কোরবানি পশুর চামড়ার দাম নির্ধারণ

0

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানি পশুর চমড়ার দাম নির্ধারণ করা হয়েছে। এ বছর ঢাকায় গরুর চামড়া প্রতি বর্গ ফুট ৩৫-৪০ টাকা এবং ঢাকার বাইরে ২৮-৩২ টাকা দাম নির্ধারণ হয়েছে। এ ছাড়া প্রায় ২৭ শতাংশ দাম কমিয়ে প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১৩-১৫ টাকা।
আজ সকালে বাণিজ্যমন্ত্রী ডিজিটাল প্ল্যাটফর্মে আসন্ন ঈদে কোরবানির পশুর চামড়ার এ দাম নির্ধারণ কর দেন।
জুম অ্যাপে এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন। গত বছর প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছিল ৪৫-৫০ টাকা। এছাড়া ছাগলের চামড়ার দাম ছিল প্রতি বর্গফুট ১৮-২০ টাকা।
বাণিজ্যমন্ত্রী বলেন, করোনা সংকটের কারণে এ বছর কাঁচা চামড়ার দাম কমিয়ে নির্ধারণ হয়েছে। তবে নির্ধারিত দামে কাঁচা চামড়া বিক্রি না হলে রফতানি করা হবে বলে মন্ত্রী জানান।
এদিকে পশুর কাঁচা চামড়া নির্ধারিত মূল্যে ক্রয়-বিক্রয়, সংগ্রহ, সংরক্ষণ, মজুত এবং চামড়ায় প্রয়োজনীয় লবণ লাগানো তদারকিতে একটি কমপ্রেহেন্সিভ মনিটরিং প্ল্যান গ্রহণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এ প্ল্যান বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয় কেন্দ্রীয় যৌথ সমন্বয় কমিটি, কেন্দ্রীয় সমন্বয় ও মনিটরিং কমিটি, কন্ট্রোল রুম, ঢাকা ও নাটোর জেলার জন্য বিশেষ মনিটরিং টিম, বিভাগীয় ও জেলার জন্য বাণিজ্য মন্ত্রণালয়াধীন দফতর/সংস্থার সমন্বয়ে মনিটরিং টিম এবং সব জেলা পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তাদের সমন্বয়ে এ টিম কাজ করবে।
বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে শনিবার (২৫ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুবিভাগ প্রধান, বিভিন্ন দফতর/সংস্থার প্রধান এবং রফতানি অনুবিভাগের সব কর্মকর্তার উপস্থিতিতে ওয়ার্কশপে এসব সিদ্ধান্ত হয়েছে।

২৮ দিনের রিমান্ডে সাহেদ

0

রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদের ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রবিবার (২৬ জুলাই) ঢাকা মহানগর হাকিম আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকাল ১০টার দিকে ১০ দিনের রিমান্ড শেষে রাজধানীর উত্তরা পশ্চিমে তিন ও উত্তরা পূর্ব থানায় প্রতারণার এক মামলায় গ্রেফতার দেখানোর পর ১০ দিন করে মোট ৪০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে তাদের হাজির করা হয়। এ সময় তাদের রাখা হয় আদালতের হাজত খানায়। শুনানি শেষে ৪ মামলায় সাহেদকে ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে প্রতারণা মামলায় গত ১৬ জুলাই সাহেদকে ১০ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। ওই রিমান্ড আজ রবিবার (২৬ জুলাই) শেষ হয়েছে।
গত ১৫ জুলাই ভোর ৫টা ২০ মিনিটে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। এর কিছুক্ষণের মধ্যেই সাহেদকে গ্রেফতারের বেশকিছু ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরমধ্যে একটি ছবিতে দেখা যায়, সাহেদের কোমরে একটি পিস্তল বাঁধা।
কোমরপুর সীমান্ত দিয়ে নৌকায় করে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় তিনি জিন্সের প্যান্ট ও নীল রঙের শার্টের ওপর কালো রঙের বোরকা পরে ছিলেন। সাহেদ গ্রেফতার এড়াতে গোঁফ কেটে ফেলেছিলেন, সাদা চুল কালো করেছিলেন। গ্রেফতারের পর সেখান থেকে হেলিকপ্টারে করে সাহেদকে ঢাকায় আনা হয়। এরপর উত্তরায় তাকে নিয়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে রিজেন্ট সাহেদের গ্রেফতার বিষয়ে সংবাদ সম্মেলন করে র‌্যাব। এ সময় সাহেদের বিরুদ্ধে প্রতারণার কিছু অভিযোগ তুলে ধরেন এবং কীভাবে তাকে ধরা সম্ভব হল সেই বিস্তারিত তথ্য দেন র‌্যাবের ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
প্রসঙ্গত, সরকারের সঙ্গে চুক্তির শর্ত ভঙ্গ করে টাকার বিনিময়ে করোনাভাইরাস শনাক্তের নমুনা সংগ্রহ করা এবং ভুয়া সনদ দেয়ার অভিযোগ ৬ জুলাই র‌্যাব রিজেন্ট হাসপাতালে অভিযান চালায়।
অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। পরে রোগীদের সরিয়ে রিজেন্টের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়।
পরদিন উত্তরা পশ্চিম থানায় র‌্যাব বাদী হয়ে মো. সাহেদকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করে। সে মামলায় ৯ দিন পলাতক থাকার পর গ্রেফতার হন মো. সাহেদ।

করোনায় কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক পরিচালক শহীদুল্লাহর মৃত্যু

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) সদ্য সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শনিবার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিগ্রেডিয়ার জেনারেল শহীদুল্লাহ বেশ কয়েক দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। গতকাল শুক্রবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়।

দেশে করোনাভাইরাস সংক্রমণের পর থেকেই ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পরে তাকে বদলি করা হয়।

বদলির আগে তিনি তৎকালীন স্বাস্থ্য সচিবকে লেখা এক চিঠিতে স্বাস্থ্যখাতের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সংঘবদ্ধ ঠিকাদার চক্রের অপতৎপরতা সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন লিখেছিলেন।

শহরকে সুন্দর রাখতে নির্ধারিত স্থানে পশু কোরবানি করুন: মেয়র আতিক

0

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, কভিড-১৯ পরিস্থিতিতে কোরবানি পশুর হাটে স্বাস্থ্যবিধি বাস্তবায়নের জন্য মনিটরিং জোরদার করা হবে। ইতোমধ্যে ১০ জন ওয়ার্ড কাউন্সিলরের সমন্বয়ে একটি মনিটরিং কমিটি করা হয়েছে। কোরবানি পশুর বর্জ্য অতি দ্রুত পরিষ্কার করে একটি দুর্গন্ধহীন সুন্দর শহর উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। এজন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা চাই একটি সুন্দর কোরবানি পশুর হাট ও একটি সুন্দর শহর।

আজ শনিবার সকালে কোরবানি পশুর বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ডিএনসিসি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত এক অনলাইন সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় মেয়র বলেন, নির্ধারিত স্থানে কোরবানি দেওয়া এবং যত্রতত্র কোরবানির পশুর বর্জ্য না ফেলতে জুমার নামাজের খুতবার সময় জনসচেতনতামূলক বার্তা শোনানোর জন্য প্রত্যেক মসজিদের ইমামকে চিঠি পাঠানো হয়েছে। তাছাড়া মাইকিং, লিফলেট, সামাজিক যোগাযোগ মাধ্যমে যত্রতত্র পশু জবাই করা থেকে বিরত থাকা এবং পরিবেশ সম্মতভাবে নির্ধারিত স্থানে পশু কোরবানি দিয়ে নির্ধারিত ব্যাগে বর্জ্য সংরক্ষণ করার জন্য জনসাধারণকে অনুরোধ জানান তিনি।

সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, প্রধান প্রকৌশলী আমিরুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, মহাব্যবস্থাপক (পরিবহন) আব্দুল লতিফ খান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশকে ১০টি রেল ইঞ্জিন ‘ঈদ উপহার’ দিচ্ছে ভারত

0

আসন্ন ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়েকে ‘ঈদ উপহার’ হিসেবে আগামী সোমবার ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন (লোকোমোটিভ) দিচ্ছে ভারতীয় রেলওয়ে।

জানা গেছে, ভারতের রেলের এ ইঞ্জিনগুলো আগামী সোমবার বাংলাদেশে আসছে। ঈদুল আজহার আগে এ রেল ইঞ্জিনগুলোকে ‘ঈদ উপহার’ হিসেবেই দেখছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ভারতীয় রেলওয়ে আগামী ২৭ জুলাই আমাদের ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন উপহার হিসেবে দেবে। এ বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে।

রেলমন্ত্রী আরো বলেন, ওই দিন দুপুর আড়াইটার মধ্যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ও আমি নিজে এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ও রেলমন্ত্রী ভিডিও কনরফারেন্সের মাধ্যমে এ ইঞ্জিন উপহার অনুষ্ঠানে অংশ নেব।

তিনি আরো জানান, ইঞ্জিনগুলো হস্তান্তরে ভারতীয় রেলের পক্ষ থেকে দর্শনা সীমান্তে (ওপারে গেদে সীমান্ত) আনুষ্ঠানিকতা পালন করা হবে।

কাল থেকে শুরু সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি

0

আগামীকাল রোববার (২৬ জুলাই) থেকে শুরু হচ্ছে সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি। পবিত্র ঈদুল আজহার ছুটি মিলিয়ে এই ছুটি ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, আগামী ৮ আগস্ট পর্যন্ত অবকাশকালীন ছুটি থাকবে সুপ্রিম কোর্টে। এরই মধ্যে অবকাশকালীন ছুটির মধ্যে বিচারকার্য পরিচালনার জন্য হাইকোর্ট বিভাগে ১২টি একক ভার্চুয়াল বেঞ্চ গঠন করা হয়েছে।

এ বিষয়ে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়ার স্বাক্ষরে বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনা সংক্রমণ রোধে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে আগামী ২৬ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অবকাশকালীন সময় ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং অত্র কোর্ট কর্তৃক জারিকৃত প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য প্রধান বিচারপতি উল্লেখিত বেঞ্চসমূহ গঠন করেছেন।

নৌবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন এম শাহীন ইকবাল

0

ভাইস অ্যাডমিরাল এম শাহীন ইকবাল আজ শনিবার নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি পূর্বতন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী, এনবিপি, ওএসপি, বিসিজিএম, বিসিজিএমএস, এনডিসি, পিএসসির স্থলাভিষিক্ত হয়েছেন। এ উপলক্ষে দুপুরে নৌ সদর দপ্তরে দায়িত্বভার হস্তান্তর/গ্রহণ অনুষ্ঠিত হয়।

এ সময় নৌপ্রধানের কার্যালয়ে নবনিযুক্ত নৌপ্রধান ভাইস অ্যাডমিরাল এম শাহীন ইকবাল কমান্ড হস্তান্তর/গ্রহণ বইতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ড গ্রহণ করেন। অনুষ্ঠানে নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, সব আঞ্চলিক কমান্ডারগণ, ডকইয়ার্ড/শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং ঊর্ধ্বতন নৌ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

গত ১৮ জুলাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল আলীম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে এম শাহীন ইকবালকে নিয়োগ দেওয়া হয়। পরে একই তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি দেয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সেদিন আইএসপিআর জানায়, ২৫ জুলাই (আজ ) অপরাহ্ন থেকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পূর্বক বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন এম শাহীন ইকবাল। আগামী ২৪ জুলাই ২০২৩ পর্যন্ত তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।