Home Blog Page 2790

ওআইসি ইয়ুথ ক্যাপিটাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

0

আগামী ২৭ জুলাই (সোমবার) বিকাল ৪টায় গণভবন থেকে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২০ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৫ জুলাই) ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ এর ইন্টারন্যাশনাল প্রোগ্রাম উদযাপন উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তরা এ কথা জানান।

এসময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, করোনা সংকট এক কাতারে সকলকে নিয়ে এসেছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষে এ স্বীকৃতি জাতি হিসেবে আমাদের গর্বিত করেছে। বাংলাদেশের ৬০ শতাংশই যুবক। তারাই বাংলাদেশ নির্মাণে অগ্রদূত।

তিনি বলেন, বছরব্যাপী বিস্তৃত ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ এ বিশ্বের ৭৫টি দেশের প্রায় ১২ শতাধিক তরুণ অংশগ্রহণ করতে অনলাইনে আবেদন করেছেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল অনুষ্ঠানটি এবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি দুই দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন ঘোষণা করবেন। প্রধানমন্ত্রীর সার্বিক পৃষ্ঠপোষকতায় ঢাকা এ বছর ওআইসি যুব রাজধানী হিসেবে স্বীকৃতি পেয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর আদর্শ ও আপোসহীন সংগ্রামের গৌরবময় ইতিহাস বিশ্বের যুব সম্প্রদায়কে জানানোর তাগিদে ঢাকার এই ইন্টারন্যাশনাল সম্মেলনে ‘বঙ্গবন্ধু গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে। এই সম্মেলনে রোহিঙ্গাদের বাংলাদেশ সরকার আশ্রয় দিয়ে যে মানবিক সহায়তা করছে সেটিও বিশ্ববাসীর কাছে উপস্থাপন করা হবে।

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ভার্চুয়াল পদ্ধতিতে কোনো আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুসলিম বিশ্বের তরুণদের দৃঢ় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার প্রয়াসে তাদের নানামুখী কৃতিত্বে উৎসাহ প্রদানের লক্ষ্যে ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম (আইসিওয়াইএফা) ২০১৫ সাল থেকে প্রতিবছর ওআইসি সদস্যভুক্ত দেশসমূহকে ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল’ এর স্বীকৃতি প্রদান করে আসছে।

২০১৯ সাল থেকে শুরু হওয়া তীব্র প্রতিযোগিতামূলক নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ সফলতার সাথে সম্পন্ন করে ২০১৯ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশ গৌরবজনক এই স্বীকৃতি অর্জন করে।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের ভার্চুয়াল পরিদর্শন এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞদের উপস্থিতিতে প্যানেল আলোচনার মাধ্যমে যুব সম্প্রদায়কে রোহিঙ্গা সংকট বিষয়ে ব্যাপকভাবে সচেতন করা হবে।

সুশান্তের মৃত্যু : অবশেষে কঙ্গনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকল পুলিশ

0

অবশেষে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে কঙ্গনা রানাওয়াতকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালো মুম্বাই পুলিশ। শুক্রবারই পুলিশের তরফে ডাকযোগে কঙ্গনার মানালির বাড়িতে সমন পাঠানো হয়েছে বলে খবর।
এবিষয়ে মুম্বাই পুলিশের তরফে জানানো হয়েছেন, ”সুশান্ত সিং রাজপুতের মানসিক অবসাদের কারণ জানতেই আমরা কঙ্গনাকে জিজ্ঞাসাবাদ করতে চাই। আর শুক্রবারই কঙ্গনা রানাওয়াতকে ডেকে পাঠিয়ে আমাদের তরফে তাঁর মানালির বাড়িতে সমন পাঠানো হয়েছে।”
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সম্প্রতি এক সাক্ষাৎকারে বেশকিছু বলিউড ব্যক্তিত্বকে একহাত নেন কঙ্গনা। কঙ্গনার তোপের মুখে পড়েন মহেশ ভাট, করণ জোহর, আদিত্য চোপড়া, রাজীব মাসন্দের মতো প্রভাবশালী ব্যক্তিত্বরা। এমনকি মুম্বাই পুলিশ কেন এই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকছে না তা নিয়েও প্রশ্ন তোলেন অভিনেত্রী। তোপ দাগেন অকারণ, সঞ্জয়লীলা বনশালি ও শেখর কাপুরের মতো ভালো মানুষকে পুলিশ হেনস্থ করছে বলেও।
পাশাপাশি মুম্বাই পুলিশের তরফে তার সঙ্গে প্রথম দিকে যোগাযোগ করা হলেও, পরে তারা আর যোগোযোগ করেননি বলে জানিয়েছিলেন অভিনেত্রী। তার কথায়, ”মুম্বাই পুলিশের তরফে আমায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। আমি বলেছি, আমি মানালিতে আছি, যদি আপনারা আমার বয়ান রেকর্ড করার জন্য কাউকে পাঠান, তাহলে আমি বয়ান দিতে পারি। তবে এরপর আমাকে আর কিছুই জানানো হয়নি।”

করোনায় আক্রান্ত বার্সা কিংবদন্তি জাভি

0

এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার জাভি হার্নান্দেজ ।
আজ শনিবার বার্সার এই সাবেক মিডফিল্ডারের করোনা পজিটিভের রিপোর্ট আসে।
বার্সার সাবেক এই মিডফিল্ডার বর্তমানে কাতারের আল সাদ ক্লাবের কোচিংয়ের দায়িত্বে আছেন। করোনায় আক্রান্ত হওয়ার কারণে আল সাদের পরবর্তী ম্যাচের ডাগআউটে থাকতে পারবেন না জাভি। যে ম্যাচে তার দল আল খোরের মোকাবিলা করবে। আল সাদের হয়ে কোচ হিসেবে ইতিমধ্যে কাতারি লিগ কাপের শিরোপা জিতেছেন জাভি।
তবে আসছে গ্রীষ্ম মৌসুমে আবার বার্সেলোনায় ফেরার কথা রয়েছে জাভির। কোচ হিসেবে না ফিরলেও অন্য কোনো ভূমিকায় কাতালানদের হয়ে অবদান রাখার সম্ভাবনা রয়েছে জাভির। ফুটবল ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে ১৭ বছরে পাঁচ শতাধিকের উপর লা লিগা ম্যাচ খেলেছেন জাভি। জিতেছেন সম্ভব সব শিরোপা।
এমনকি জাতীয় দল স্পেনের হয়েও দারুণ সফল ছিলেন জাভি। দলকে ২০১০ সালে বিশ্বকাপের শিরোপা জিতেয়েছেন। ২০০৮ সালে জিতিয়েছেন ইউরোর শিরোপা। বিশ্বের সেরা প্লেমেকার হিসেবে দীর্ঘ সময় ধরে রাজত্ব করে গেছেন তিনি।
করোনা বিপর্যয়ের শুরুর দিকে জাভি বার্সেলোনার হাসপাতালে ১ মিলিয়ন ডলারের মতো অর্থ সহায়তা দিয়েছিলেন। যে কাজে তার সঙ্গী ছিলেন স্ত্রী নুরিয়া কানিলেরা।

ফ্রেঞ্চ কাপ চ্যাম্পিয়ন পিএসজি

0

করোনাভাইরাসের কারণে লিগের সিংহভাগ ম্যাচ বাকি থাকতেই প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) এবারের চ্যাম্পিয়ন ঘোষণা দিয়েছিল ফ্রান্স ফুটবল ফেডারেশন। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার সুবাদে টানা তৃতীয়বার শিরোপা ঘরে তুলেছিল ফ্রান্সের অন্যতম সফল ক্লাবটি।
তবে ঘরোয়া ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন ফ্রেঞ্চ কাপের শিরোপাটা মাঠে খেলেই জিততে হয়েছে পিএসজিকে। করোনা লকডাউনের পর প্রথমবারের মতো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নেমে ফের চ্যাম্পিয়ন হয়েছে নেইমার জুনিয়র-কাইলিয়ান এমবাপেরা।
শুক্রবার রাতে ফ্রান্স স্টেডিয়ামে ফ্রেঞ্চ কাপের ফাইনালে সাঁত এতিয়েনকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উল্লাসে মেতেছে প্যারিস সেইন্ট জার্মেই। দলকে শিরোপা জেতানো মহামূল্যবান গোলটি করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র।
ফ্রেঞ্চ কাপের সবশেষ ছয় আসরে এটি পিএসজির ৫ম শিরোপা। টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার পর গত আসরে ফাইনাল ম্যাচে পরাজিত হয়েছিল তারা। আর সবমিলিয়ে টুর্নামেন্টের ইতিহাসের সফলতম ক্লাবটির ১৩তম শিরোপা এটি।
এবারের ফাইনালের বেশিরভাগ সময়ই ১০ জন নিয়ে খেলতে হয়েছে এতিয়েনকে। কেননা ম্যাচের ৩১ মিনিটের সময় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার লইক পেরিন। এমবাপেকে গুরুতর এক ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখানো হয় তাকে।
ফাউলের এ ঘটনায় মারামারিতে জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়রা। ফলে পিএসজির তিন খেলোয়াড়কেও দেখানো হয় হলুদ কার্ড। ভিডিও এসিস্ট্যান্ড রেফারির সাহায্য নিয়ে সরাসরি লাল কার্ড দেখানো হয় পেরিনকে। এ ছাড়া হলুদ কার্ড দেখেন এতিয়েনের অন্য আরেকজন খেলোয়াড়।
তবে এর আগেই অবশ্য পিএসজির হয়ে শিরোপা নিশ্চিত করা গোলটি করে ফেলেন নেইমার। ম্যাচের মাত্র ১৪ মিনিটের মাথায় কাইলিয়ান এমবাপের জোরালো শট ফিরিয়ে দিয়েছিলেন এতিয়েন গোলরক্ষক। কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল থেকে খুব সহজেই গোল করেন নেইমার।
এই এক গোলই হয়ে থাকে ফাইনালের ফল নির্ধারণী গোল। ম্যাচের বাকি সময়ে বেশ কিছু সুযোগ পেয়েছিল পিএসজি। কিন্তু ফিনিশিংয়ের অভাবে স্কোরলাইন ১-০ থেকে আর বাড়েনি। যদিও শিরোপা জেতার জন্য নেইমারের ওই এক গোলই যথেষ্ট প্রমাণিত হয়েছে।

ঈদে পশু পরিবহনে ৪টি ক্যাটেল স্পেশাল ট্রেন

0

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ে স্বল্প ভাড়ায় পশ্চিমাঞ্চল তথা দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় কোরবানির পশু পরিবহনের জন্য ৪টি ক্যাটেল স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। পশু ব্যবসায়ীদের কাছ থেকে চাহিদা পাওয়া গেলে ট্রেনগুলো চলাচল শুরু করবে।
আজ শনিবার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রেলওয় সূত্র জানায়, এ লক্ষ্যে পশু ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী কোরবানি পশু পরিবহনে রেলের এই স্পেশাল ট্রেন চলাচল শুরু করবে। ট্রেনগুলো চালানোর জন্য দুটি রেক প্রস্তুত রাখা হয়েছে। খামারি তথা পশু ব্যবসায়ীদের কাছ থেকে চাহিদা পাওয়া গেলে ট্রেন দুটি চলাচল শুরু করবে। রেলপথে পশু পরিবহনের জন্য সংশ্লিষ্ট স্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করে চাহিদা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরবানির পশু পরিবহনের লক্ষ্যে খুলনা-ঢাকা-খুলনা রুটে একজোড়া এবং চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে একজোড়া করে মোট দুই জোড়া ক্যাটেল স্পেশাল ট্রেন চালানোর বিষয়ে পশ্চিমাঞ্চলের রেলওয়ের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ট্রেন ছাড়ার সময়সূচি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা-ঢাকা-খুলনা রুটে চলাচল করা ট্রেনটি দুপুর ১টা নাগাদ খুলনা থেকে যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, ঈশ্বরদী, জয়দেবপুর, ধীরাশ্রম, টঙ্গী, তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি দিয়ে রাত ৩টা নাগাদ ঢাকা পৌঁছাবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচল করা ট্রেন বিকেল ৪টা ৩০ মিনিট নাগাদ চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আমনুরা বাইপাস, কাকনহাট, রাজশাহী, হরিয়ান, উল্লাপাড়া, জয়দেবপুর, ধীরাশ্রম, টঙ্গী ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি দিবে রাত ৩টা ৪৫ মিনিট নাগাদ ঢাকা পৌঁছাবে।
প্রান্তিক খামারিদের উৎসাহ প্রদান ও কোরবানির পশু সহজে ভোক্তাদের কাছে পৌঁছে দেয়ার জন্য খুব স্বল্প মূল্যে পশু পরিবহনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
রেলে কোরবানির পশু পরিবহনে কিলোমিটার প্রতি মাত্র ২০ টাকা খরচ হবে। এ ছাড়া ব্রডগেজের একটি ওয়াগনে ২০টি গরু পরিবহন করা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্বের ৮০ ভাগ ইলিশ মাছ বাংলাদেশে উৎপাদিত হয়: প্রাণিসম্পদ মন্ত্রী

0

সরকার জাটকা সংরক্ষণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করায় বর্তমানে দেশের নদ নদীতে ইলিশের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শনিবার (২৫ জুলাই) সকালে পিরোজপুরের কঁচ নদীতে মাছের পোনা অবমুক্তকরণ শেষে হুলারহাট দারুশ শরিয়াত দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, সরকার সফলভাবে জাটকা সংরক্ষণ করায় গত বছর ৩৮ হাজার কোটি জাটকা ইলিশের সাথে যুক্ত হয়েছে। ঐতিহ্যবাহী ইলিশ মাছ হারিয়ে যাওয়ার মানুষের মধ্যে যে আশঙ্কা তৈরি হয়েছিল, বর্তমান সরকারের কঠোর পদক্ষেপের কারণে এখন বিশ্বের ৮০ ভাগ ইলিশ মাছ বাংলাদেশে উৎপাদিত হয় বলে জানান তিনি।

এছাড়া জাটকা রক্ষার জন্য দলীয় লোকদের বাড়ি থেকেও অবৈধ জাল বের করে সেগুলো পুড়িয়ে দেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধিতে সরকার সব সময় কঠোর অবস্থান গ্রহণ করবে।

বর্তমান সরকারের আমলে মৎস সম্পদের ব্যাপক উন্নতি হয়েছে দাবি করে পিরোজপুর-১ আসনের এ সাংসদ আরও বলেন, হারিয়ে যাওয়া দেশি প্রজাতির মাছগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য সরকার কৃত্রিমভাবে সেগুলো উৎপাদন করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে।
বর্তমানে বিদেশে মৎস্য সম্পদ রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে এবং ভবিষ্যতে মৎস্য সম্পদই হবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম মাধ্যম বলেও জানান মন্ত্রী।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট এর সভাপতি ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহ নেওয়াজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার এবং প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম প্রমুখ।

মাছের পোনা অবমুক্তকরণ শেষে মন্ত্রী পিরোজপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ করেন এবং আধুনিক হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য কমিটির সভায় যোগ দেন। বিকেলে তিনি পিরোজপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবন পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন।

সাগরে জোয়ার থাকলে বন্যা দীর্ঘায়িত হতে পারে : ত্রাণমন্ত্রী

0

সমুদ্রে যদি জোয়ার থাকে, তাহলে দেশের মধ্যাঞ্চলের পানি কমতে কিছুটা দেরি হতে পারে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ‘বন্যা দীর্ঘায়িত হলেও সরকারের ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার সক্ষমতা রয়েছে। ’
তিনি জানান, এ পর্যন্ত ৩১টি জেলা বন্যা কবলিত হয়েছে এবং পানিবন্দি পরিবারের সংখ্যা আট লাখ ৬৫ হাজার ৮০০টি এবং ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৩৯ লাখ ৭৫ হাজার ৯৩৭ জন।
শনিবার (২৫ জুলাই) সচিবালয় থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ত্রাণ প্রতিমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, ‘এক মাস হয়ে গেল বন্যার। গত ২৬ জুন থেকে বন্যা শুরু হয়, ১১ জুলাই থেকে দ্বিতীয় দফায় পানি বাড়ে এবং ২১ জুলাই থেকে তৃতীয় দফায় পানি বাড়ছে।’
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে, সে অনুযায়ী ব্রহ্মপুত্র-যমুনার পানি বৃদ্ধি আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে এবং আগামী ৪৮ ঘণ্টা তা অব্যাহত থাকবে। ঢাকা জেলার আশেপাশের নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকবে। আমরা দেখছি যে ২৭ তারিখ পর্যন্ত পানি বৃদ্ধি পাবে, তারপর আস্তে আস্তে কমতে শুরু করবে। ’
আগামী ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে এবং বাহ্মণবাড়িয়া জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলেও জানান তিনি।
তিনি আরো জানান, এ সময়ে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, ঢাকা, কুড়িগ্রাম, গাইবান্ধা, নাটোর, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও নওগাঁ জেলার বন্যা পরিস্থিতির অবনতি হবে। আরো দু’দিন অবনতি হবে এবং তারপর পানি কমতে থাকবে।
পূর্বাভাসে বলা হয়েছে, সমুদ্রে যদি জোয়ার থাকে, তাহলে হয়তো মধ্যাঞ্চলের পানি কমতে কিছুটা দেরি হতে পারে। আর যদি জোয়ার না থাকে, তাহলে হয়তো আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে দেশের সব জায়গার পানি নেমে যাবে।
বন্যায় ত্রাণ বিতরণ মনিটরিংয়ের জন্য ছয়টি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘যারা আমাদের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টার থেকে সারাদেশে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে ত্রাণ কার্যক্রম মনিটরিং করা হবে। আগামী ২১ দিন তারা এ দায়িত্ব পালন ও মনিটিরং করবে। মাঠ পর্যায় থেকে যে কোনো সমস্যা সমাধান করবে এবং চাহিদা অনুযায়ী জানাবে, আমরা বরাদ্দ দেব। ’
গত ২৮ জুন থেকে ত্রাণ বিতরণ ও বরাদ্দ অব্যাহত রাখা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আজও আটটি জেলায় নতুন করে বরাদ্দ দিয়েছি। এ পর্যন্ত ৩১টি জেলা বন্যা কবলিত হয়েছে এবং বন্যা উপদ্রুত উপজেলার সংখ্যা ১৪৭টি। পানিবন্দি পরিবারের সংখ্যা আট লাখ ৬৫ হাজার ৮০০ এবং ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৩৯ লাখ ৭৫ হাজার ৯৩৭। ’
আর এ পর্যন্ত ৩৯টি আশ্রয় কেন্দ্রে ৮৮ হাজার ৬২ জন আশ্রয় নিয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী।
ত্রাণ সহায়তা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এ পর্যন্ত তিন কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, ১২ হাজার ১০ মেট্রিকটন চাল, এক লাখ ২১ হাজার শুকনো খাবারের প্যাকেট এবং গবাদি পশুর খাদ্য কেনার জন্য এক কোটি ৪৮ লাখ টাকা ও শিশুখাদ্যের জন্য ৭০ লাখ টাকা দিয়েছি। আর ঘর বানানোর জন্য ৩০০ বান্ডল টিন ও ৯০ লাখ টাকা দেওয়া হয়েছে। ’
‘আমি দেশবাসীকে জানাতে চাই, আপনাদের পাশে সব সময় আছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সব সময় আমাদের কার্যক্রম তদারকি করছেন, নির্দেশনা দিচ্ছেন। আমরাও তার নেতৃত্ব এবং নির্দেশনায় ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি,’ যোগ করেন তিনি।
ক্ষয়ক্ষতি প্রসঙ্গে এক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘ক্ষয়ক্ষতি নিরূপণ প্রক্রিয়াধীন রয়েছে। বন্যা শেষ হওয়ার পর সেটা জানাব। বন্যা শেষে আন্তঃমন্ত্রণালয় সভায় ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করে ক্ষতিপূরণ কাটানোর ব্যবস্থা করা হয়। ’
বন্যা দীর্ঘায়িত হলে তা মোকাবিলায় কী প্রস্তুতি রয়েছে, সে বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ২১ দিনের জন্য প্রস্তুতি আছে। আগস্ট মাস পুরোটা থাকলে যে ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছি, সেটা আমরা অব্যাহত রাখতে পারব, সে পরিমাণ সক্ষমতা আমাদের রয়েছে। কোথাও ত্রাণের কোনো সংকট নাই। আমাদের কাছে যেমন পর্যাপ্ত মজুত আছে, তেমনি জেলা-উপজেলা-ইউনিয়ন পর্যায়েও পর্যাপ্ত মজুত আছে। আজ ব্রিফিংয়ের আগে বন্যা কবলিত সব জেলা প্রশাসকের সঙ্গে ফোনে কথা বলে নিশ্চিত করেছি। ’

করোনা সংক্রমণ রোধে সর্বোচ্চ প্রয়াস চালাচ্ছে সরকার : কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ‘সরকার করোনার সংক্রমণ রোধ ও চিকিৎসায় সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাচ্ছে। দুর্যোগ ও সংকট মোকাবেলায় সাহসী নেত্রী আমাদের আস্থার বাতিঘর দেশরত্ন শেখ হাসিনা প্রতিটি বিষয় নিবিড়ভাবে মনিটর করছেন, যার হাত দিয়ে দেশে স্থাপিত হয়েছে হাজার হাজার কমিউনিটি ক্লিনিক।’
ওবায়দুল কাদের আজ শনিবার বিআরটিসি’র প্রধান কার্যালয়ে ঈদ সার্ভিস উপলক্ষে গৃহীত পদক্ষেপ ও দিক-নির্দেশনামূলক আলোচনা সভায় এসব কথা বলেন। সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি অনুষ্ঠানে যুক্ত হন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘চিকিৎসা সেবা জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন জেলায় স্থাপন করা হয়েছে মেডিকেল কলেজ। চিকিৎসা সুযোগ সম্প্রসারণের পাশাপাশি গবেষণায় দেওয়া হয়েছে মনোযোগ। বিভাগীয় পর্যায়ে স্থাপন করা হচ্ছে মেডিকেল বিশ^বিদ্যালয়। প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ কমপ্লেক্স ও সেন্টাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম স্থাপনের উদ্যোগসহ চিকিৎসা খাতে দেয়া হয়েছে পর্যাপ্ত বরাদ্দ।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার এ উন্নয়ন ও অগ্রগতি এবং জনমানুষের প্রতি তাঁর যে প্রগাঢ় ভালবাসা-তার প্রতি আপনারা আস্থা রাখুন। নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশ ও দেশের জনগণকে ভালবাসা। যিনি এদেশের মানুষের মুখে হাসি ফোটাতে দিনরাত পরিশ্রম করছেন। দেশের সাথে মিলিয়েছেন নিজের জীবনের আশা-আকাঙ্খা, সংকটে যিনি আস্থার প্রতীক, তিনিই হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আপনারা আস্থার সাথে মনোবল দৃঢ় রেখে এবং স্বাস্থ্য বিধি মেনে নিজেদের সুরক্ষিত রাখুন। শীঘ্রই এই করোনার অমানিশা কেটে আবার আমরা ফিরবো চিরচেনা সতেজ পৃথিবীতে, পরিচিত কোলাহলে।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘গত কয়েক বছরের অভিজ্ঞতায় দেখা গেছে, ঈদের সময় সড়ক দুর্ঘটনা বেড়ে যায়। তবে ঈদের আগে থেকে পরে কর্মস্থলে ফিরে আসার সময় অধিক সংখ্যক দুর্ঘটনা ঘটে থাকে। ঘটে মূল্যবান প্রাণহানি। আমি ঈদ পূর্ববর্তী এবং পরবর্তী যাত্রায় সতর্কতার সাথে গাড়ি চালনা করার জন্য পরিবহন মালিক এবং শ্রমিকদের অনুরোধ জানাচ্ছি। এর পাশাপাশি ফিরতি যাত্রায় বা ঈদের পর কোনরূপ শৈথিল্য না দেখিয়ে কড়া নজরদারির জন্য জেলা পুলিশ, হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানাচ্ছি।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিআরটিসি’র সমস্যা শ্রমিক কর্মচারীতে নয়। ডিপোকেন্দ্রিক যে অনিয়ম রয়েছে তা শক্তভাবে নিয়ন্ত্রণ করা জরুরি। সদরদপ্তরের কিছু সমস্যা আছে বলে আমার জানা আছে। বিআরটিসি’র পরিবহন মেরামত, ক্রয়, ভূমি ইজারা প্রদান, ইজারা আদায়, দৈনিক ট্রিপ ব্যবস্থাপনা, সেবা থেকে আদায়, বাস লিজ প্রদান করার ক্ষেত্রে অনিয়মের ভুতের আছর আছে বলে আমার কাছে অভিযোগ আছে।
অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। বিআরটিসিকে অনিয়মের ধারা থেকে বেরিয়ে আসতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে।

পম্পেও চীনা জনগণ ও সার্বভৌমত্বকে অপমান করেছেন: রাশিয়া

0

চীনের বিরুদ্ধে গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এক বক্তব্য উদ্ধৃত করে বলেন, এ ধরনের উত্তেজনা সৃষ্টিকারী বক্তব্য শুধু ওয়াশিংটন-বেইজিং সম্পর্ককে নয় বরং গোটা বিশ্ব ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে।

পম্পেও বৃহস্পতিবার এক বক্তব্যে ইউরোপের পাশাপাশি তার ভাষায় বিশ্বের সব স্বাধীনচেতা দেশকে চীনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বিতর্কিত বক্তব্যে বিস্ময় প্রকাশ করে জাখারোভা আরো বলেন, পম্পেও প্রকৃতপক্ষে চীনের জনগণ, দেশটির সার্বভৌমত্ব ও সামাজিক-রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে অবমাননাকর ও ধৃষ্টতামূলক বক্তব্য দিয়েছেন।

চীনের প্রতি রাশিয়ার অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন সরকার আসলে বেইজিং-এর সঙ্গে মস্কোর সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করছে। কিন্তু ওয়াশিংটনের এ প্রচেষ্টার বিপরীতে রাশিয়া চীনের সঙ্গে সম্পর্কে আগের চেয়ে বেশি শক্তিশালী করবে বলে তিনি প্রত্যয় ব্যক্তি করেন।

সুশান্তের ‘দিল বেচারা’ দেখতে দর্শকদের ভিড়, ক্রাশ করে ‘হটস্টার’!

0

২৪ জুলাই, শুক্রবার মুক্তি পেয়েছে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’। আর শুক্রবার সন্ধে সাড়ে ৭টায় এই ছবিটি দেখতে বসেননি, এমন সিনেমাপ্রেমী দর্শক খুব কমই রয়েছেন। আর তাতেই নাকি ক্রাশ করে যায় ‘হটস্টার’।
হটস্টার ক্রাশ করে যাওয়ায় ছবিটি দেখতে বেশকিছু দর্শককে সমস্যায় পড়তে হয়েছে। খোদ পরিচালক হনসল মেহেতাও ‘হটস্টার ক্রাশ’-এর সমস্যায় ভুক্তভোগী। যেকথা নিজেই টুইট করে জানান হনসল মেহেতা।

তবে শুধু হনসল মেহেতাই নন, এই সমস্যার কথা টুইটারে জানান অনেকেই। এক ব্যক্তি লেখেন, ”আমার মনে হচ্ছে ডিজনি হটস্টার ওয়েবসাইট ক্রাশ করেছে বা অন্য কিছু সমস্যা হচ্ছে। এখন ভগবানই এই দুঃখ দূর করতে পারে। ছবির গানগুলিতে ওই হাসিটা দেখতেও কষ্ট লাগছে।” এভাবে আরও অনেকেই সমস্যার কথা জানিয়েছেন।

এদিকে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবিতে আইএমডিবি (ইন্টারন্যাশনাল মুভি ডাটাবেজ) রেটিংয়ে বেজায় খুশি তার অনুরাগীরা। ‘দিল বেচারা’ ছবিটিকে আইএমডিবি রেটিংয়ে ৯.৮\১০ দেওয়া হয়েছে!