Home Blog Page 2794

শপথ নিলেন নব-নির্বাচিত দুই এমপি

0

একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে বগুড়া-১ আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য বেগম সাহাদারা মান্নান এবং যশোর-৬ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শাহীন চাকলাদার শপথ নিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) জাতীয় সংসদ ভবনে শপথ নেন তারা।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, মো. নাসির উদ্দিন এমপি এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ জুলাই এই দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বগুড়া-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী সাহাদারা মান্নান এক লাখ ৪৫ হাজার ২৯৫ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ ট্রাক প্রতীকে পান এক হাজার ৫৬৩ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মোকছেদুল আলম লাঙল প্রতীকে ৯৬৯ ভোট পান।
এ আসনে টানা তিনবার নির্বাচিত এমপি আব্দুল মান্নান গত ১৮ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ফলে আসনটি শূন্য হয়। সাহাদারা মান্নান তার স্ত্রী।
অন্যদিকে যশোর-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার এক লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ দুই হাজার ১২ ও জাতীয় পার্টির হাবিবুর রহমান পান এক হাজার ৬৭৮ ভোট। এ আসনের এমপি সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক গত ২১ জানুয়ারি মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়।

করোনা পরবর্তী বিশ্ববাণিজ্যে সুযোগ কাজে লাগানোর সময় এসেছে: বাণিজ্যমন্ত্রী

0

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, করোনা পরবর্তী বিশ্ববাণিজ্যে সুযোগ কাজে লাগানোর সময় এসছে। এজন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার জুম প্লাটফর্মে আয়োজিত ‘কোভিড-১৯ এন্ড বাংলাদেশ ইকোনমি’শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ইকোনমিক রিপোর্টার্স ফোরাম এবং রিসার্স এন্ড পলিসি ইনটিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ এর কারনে বিশ্বের ব্যবসা-বাণিজ্য বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। বাংলাদেশও তা থেকে বিচ্ছিন্ন নয়। কোভিড-১৯ শেষ হবার পর আমরা আবার ঘুড়ে দাঁড়াবো, আমরা সেটা পারবো।’

তিনি আরও বলেন, ‘পরিবর্তিত এবং প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্যে অনেক কিছু হবে। চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যযুদ্ধ চলছে। জাপান চীন থেকে বিনিয়োগ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।’

‘নিজেরে সক্ষমতা ও যোগ্যতা দিয়ে বিশ্ববাণিজ্যে জায়গা করে নেয়ার সময় এসেছে। সময় নষ্ট না করে দ্রুত এগিয়ে আসতে হবে সবাইকে,’ যোগ কনে বাণিজ্যমন্ত্রী।

কোভিড-১৯ পরিস্থিতিতে এবং পরবর্তী সময়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্ব একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

টিপু মুনশি বলেন, ‘সর্বাধিক গুরুত্ব দিয়ে টাস্ক ফোর্স কাজ করে যাচ্ছে। আগামী এক মাসের মধ্যে বাংলাদেশ প্রথম এফটিএ স্বাক্ষর করবে ভূটানের সাথে। এর পর পর্যায়ক্রমে বেশ কিছু দেশের সাথে এফটিএ স্বাক্ষর করবে। ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি দেশের সাথে আলোচনা অনেক এগিয়ে গেছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরী পোশাক খাত ঘুড়ে দাঁড়াচ্ছে। রপ্তানি বাজারে শুধু তৈরি পোশাকের উপর নির্ভর করে থাকলে আমাদের চলবে না।

তিনি আরও বলেন, দেশের আইটি, ঔষধ, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, লাইট ইঞ্জনিয়ারিং, সিরামিক, বৈদ্যুতিক সামগ্রী রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে। এজন্য সরকার আন্তরিকতার সাথে অগ্রধিকার দিয়ে কাজ করছে, সহযোগিতা দিয়ে যাচ্ছে।

টিপু মুনশি জানান, বাণিজ্য মন্ত্রণালয অতিসম্প্রতি এক্সপোর্ট কম্পেটেটিভনেস ফর জবস ইসিফোরজে প্রকল্পের আওতায় চট্রগ্রামের মিরসরাই ইকোনমিক জোনে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে বেজার ১০ একর জমির উপর এবং গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাই-টেক পার্ক-এ ৫ একর জমির উপর দু’টি টেকনোলজি সেন্টার গড়ে তোলার জন্য চুক্তি স্বাক্ষর করেছে। এ টেকনোলজি সেন্টারে আধুনিক ডিজাইন ও প্রযুক্তি প্রশিক্ষণ দিয়ে দেশে দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব হবে। অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

‘আশা করা যায় এ বছরের শেষে কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি হবে। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে দেশিয় ও আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ আসতে পারে। এ সুযোগকে কাজে লাগাতে হবে। বাংলাদেশ সরকার সে লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে,’ যোগ করেন তিনি।

ইকোনমিক রিপোর্টার্স ফোরাম এর প্রেসিডেন্ট সাইফ ইসলাম দিলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন র‌্যাপিডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

বক্তব্য রাখেন অনুষ্ঠানের গেষ্ট অফ অনার বিল্ড-এর চেয়ারম্যান আবুল কাশের খান এবং ডিসিসিআই এর প্রেসিডেন্ট সামস মাহমুদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দি এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও র‌্যাপিডের নির্বাহী পরিচালক ড. মো. আবু ইউসুফ।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার নতুন পরিচালক ডা. ফরিদ

0

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার নতুন পরিচালক হিসেবে ডা. ফরিদ হোসেন মিয়াকে নিয়োগ দেয়া হয়েছে। একইসঙ্গে, হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আমিনুল হাসানকে ওএসডি করা হয়েছে।

মাইক্রো ব্যাকটেরিয়াল ডিজিজ কন্ট্রোলের(এমবিডিসি) উপপরিচালক ছিলেন ডা. ফরিদ। তার আগে, মাদারীপুরে সিভিল সার্জনও ছিলেন তিনি।

রিজেন্ট হাসপাতালের লাইসেন্স নেই জানার পরও করোনা চিকিৎসার জন্য অনুমোদন দেয়া, হাসপাতালের জনবল ও অবকাঠামো ঠিকঠাক আছে জানিয়ে প্রতিবেদন দেয়ার অভিযোগে বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আমিনুল হাসানকে সরিয়ে দেয়া হয়।

এরই মধ্যে মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিবসহ কয়েকজনকে বদলি করা হয়েছে। পদত্যাগ করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল কালাম আজাদ।

এ বিষয়ে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘ডিজি (আবুল কালাম আজাদ) পদত্যাগ করেছেন। নিয়ম অনুযায়ী এটা জনপ্রশাসনে গেছে। জনপ্রশাসন সিদ্ধান্ত নেবে পরবর্তী পদক্ষেপ তারা কী নেবে।’

বুধবার স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান জানান, ‘স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগের প্রক্রিয়া চলছে। আবুল কালাম আজাদের পদত্যাগপত্র জনপ্রশাসনে গৃহীত হলে জনপ্রশাসন প্রজ্ঞাপন দেবে।

স্বাস্থ্য ডিজি’র নিয়োগ বাতিল

0

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। যা ২১ জুলাই থেকে বাতিল করা হয়েছে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ (পরিচিতি নম্বর-৩৫৮৯৭) এর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাথে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ ২১ জুলাই ২০২০ তারিখ থেকে বাতিল করা হলো।

এর আগে, করোনাভাইরাস পরিস্থিতিতে নানা অসঙ্গতির কারণে সমালোচনার মুখে মঙ্গলবার (২১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান ডা. আজাদ।

জনরোষের ভয়ে বিএনপি বেপরোয়া আচরণ করছে: কাদের

0

বিএনপি বেপরোয়া চালকের মতো রাজনীতিতেও বেপরোয়া আচরণ করছে, জাতীয় স্বার্থে বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনা করবে এবং ভুল শোধরে দিবে- এমনটাই প্রত্যাশা সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। বৃহস্পতিবার সকালে, সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মানুষের দুর্যোগ ও কষ্টে পাশে না থেকে গণমাধ্যমে কথামালার ধারা বর্ষণ করে যাচ্ছে। বিএনপি এখন মানসিকভাবে বিপন্ন, তারা নিজেরাই জনরোষের ভয়ে আতঙ্কে আছে। বিএনপি জনরোষের আতঙ্কেই বেপরোয়া আচরণ করছে বলেও মন্তব্য করেন তিনি।

জাইকা প্রকল্পের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এ প্রকল্পের আওতায় ইতিমধ্যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ২৫টি সেতুর নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলে চলমান ৩৫টি সেতুর নির্মাণ কাজের অগ্রগতি প্রায় ৮০ ভাগ। মন্ত্রী জাইকাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের ঋণ সহায়তায় দেশের পূর্বাঞ্চলে মোট ১১৮টি নতুন সেতুসহ কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতুর নির্মাণ কাজ এরই মধ্যেই সমাপ্ত হয়েছে। মেট্রোরেল প্রকল্প রুট ৬ এর নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতি ৪৭ শতাংশ, স্বাস্থ্যবিধি প্রতিপালন করে মেট্রোরেল প্রকল্পের কাজ এগিয়ে চলছে৷

প্রকল্পের কেনাকাটায় অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী

0

উন্নয়ন প্রকল্পের কেনাকাটায় অনিয়ম-দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার অনলাইন সভায় এ কথা বলেন তিনি।
প্রকল্প পরিচালকদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, ‘প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে কোনো রকম অনিয়ম বা দুর্নীতি করলে বা অনিয়মের উদ্দেশ্যে অসামঞ্জস্যপূর্ণ দাম ধরলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে চাকরিচ্যুত করা হবে। ’
তিনি বলেন, কৃষি যন্ত্রপাতি, সার, বীজ ও অন্যান্য জিনিসসহ প্রকল্পের প্রত্যেকটা জিনিস কেনার সময় ই-জিপির মাধ্যমে উন্মুক্ত দরপত্রে কেনা হবে। ঠিকাদারদের মধ্যে প্রতিযোগিতা হবে। বাজারদরের চেয়ে বেশি দামে কেনার সুযোগ নেই। তাই কেউ যদি মনে করে থাকেন বেশি দাম লেখা আছে বা সে রকম সুযোগ আছে সেটাকে ব্যবহার করে কোনো দুর্নীতি- অনিয়ম করবেন, সেটি কোনোক্রমেই সম্ভব নয়। কোনোরকম অনিয়ম বা দুর্নীতি হলে কঠোর শাস্তির ব্যবস্থা করবো। প্রয়োজনে চাকরিচ্যুত করা হবে। আমি আবারও হুঁশিয়ার করছি, কেউ যদি কেনাকাটায় অনিয়ম করতে চান, দুর্নীতি করতে চান, তাহলে চরম মূল্য দিতে হবে। তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে ও জবাবদিহিতার মাধ্যমে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় অনলাইন সভায় সঞ্চালনা করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংস্থাপ্রধানসহ প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ২০১৯-২০ অর্থ বছরের সংশোধিত এডিপিতে কৃষি মন্ত্রণালয়ের আওতায় মোট ৭৮টি প্রকল্প বাস্তবায়নাধীন ছিল। এসব প্রকল্পের অনুকূলে মোট বরাদ্দ ছিল এক হাজার ৭৬৪ কোটি টাকা, ব্যয় হয়েছে এক হাজার ৬৪৬ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৯৪ শতাংশ। করোনা উদ্ভুত পরিস্থিতির কারণে শতভাগ অগ্রগতি অর্জন করা সম্ভব না হলেও জাতীয় গড় অগ্রগতির (৮০.২৮ শতাংশ) চেয়ে কৃষি মন্ত্রণালয়ের অগ্রগতি বেশি হয়েছে।

করোনায় আরও ৫০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৮৫৬

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৮০১ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৮৫৬ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ১৬ হাজার ১১০ জন।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১২ হাজার ৯২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১২ হাজার ৩৯৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৭৯ হাজার ৭টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৮৫৬ জনের দেহে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ১৬ হাজার ১১০ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও অর্ধশত জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৮০১ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৬ জন। এতে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৯ হাজার ২১০ জনে।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের পুরুষ ৪১ জন এবং নারী ৯ জন। তাদের মধ্যে ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ১২ জন, ষাটোর্ধ্ব ১৬ জন, সত্তরোর্ধ্ব আটজন এবং ৮০ বছরের বেশি বয়সী চারজন ছিলেন।
বৃহস্পতিবারের বুলেটিনে বলা হয়, করোনার নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ২৩ দশমিক ০৪ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ০৩ শতাংশ। শনাক্ত রোগী বিবেচনায় এ পর্যন্ত সুস্থতার হার ৫৫ দশমিক ১৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ।
বরাবরের মতো বুলেটিনে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে করোনাভাইরাসে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১ কোটি ৫৩ লাখ ৮২ হাজারের বেশি। মৃতের সংখ্যা ৬ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। তবে সুস্থ হয়েছেন সাড়ে ৯৩ লাখ রোগী।

খুরুশকুল যাব, শুঁটকি ভর্তা দিয়ে ভাত খাব : প্রধানমন্ত্রী

0

কক্সবাজার জেলায় জলবায়ু উদ্বাস্তুদের জন্য বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়কেন্দ্র খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প সরাসরি দেখতে যাওয়ার ইচ্ছের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুরুশকুল দেখতে যাব। শুঁটকি মাছের ভর্তা দিয়ে ভাত খাব।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) করোনা মহামারি পরিস্থিতির মধ্যে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার জেলায় জলবায়ু উদ্বাস্তুদের জন্য বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়কেন্দ্র খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের প্রথম ধাপে নির্মিত ২০টি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন অনুভূতি প্রকাশ করেন।
এর আগে প্রধানমন্ত্রী তার উদ্বোধনী বক্তব্যে বলেন, এই প্রকল্পের মাধ্যমে খুরুশকুলের চেহারা বদলে যাবে। এখানে স্কুল, মসজিদ, মাদরাসা, গির্জা ও প্যাগোডা গড়ে উঠবে।
তিনি বলেন, দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, মুজিব বর্ষে এটা হলো আমাদের প্রতিশ্রুতি। আজ ৬০০ উদ্বাস্তু পরিবারকে ফ্ল্যাটের চাবি হস্তান্তর করা হলো। বাকি যারা আছেন তারাও পর্যায়ক্রমে ফ্ল্যাট পাবেন।
শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের প্রথম পর্যায়ে ২০টি পাঁচতলা ভবনের কাজ সম্পন্ন হয়েছে। সেখানে বিমানবন্দর সম্প্রসারণের কারণে ক্ষতিগ্রস্ত জলবায়ু উদ্বাস্তু ৬০০ পরিবার নতুন ফ্ল্যাট পেল। কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের বাঁকখালী নদীর তীর ঘেঁষা বৃহৎ এ প্রকল্পে পর্যায়ক্রমে ৪ হাজার ৪৪৮টি পরিবার ফ্ল্যাট পাবে।

ঈদের পর অনুশীলনে ফিরতে ইচ্ছুক মাশরাফি

0

সবেমাত্র করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন। কিন্তু প্রাণঘাতী এই ভাইরাসের রেশ এখনও রয়ে গেছে মাশরাফি বিন মুর্তজার শরীরে। অন্তত মাঠে ফেরার মতো সুস্থ এখনও হতে পারেননি তিনি। সে কারণে এই মুহূর্তে অনুশীলন করা সম্ভব হচ্ছে না অভিজ্ঞ এই ক্রিকেটারের। তবে ঈদুল আজহার পর অনুশীলনে ফিরতে ইচ্ছুক বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক।
করোনা ভাইরাস থেকে সেরে ওঠা ব্যক্তিদের স্বাভাবিকভাবেই প্রথমদিকে কিছুটা দুর্বলতা থাকে। একই সঙ্গে তাদের পুনরায় আক্রান্ত হওয়ারও শঙ্কা থাকে। সে কারণেই আরও কয়েকদিন বিশ্রামে থাকতে চান মাশরাফি।
তিনি বলেন, ‘আমি এখনও পুরোপুরি সুস্থ হইনি। আশা করি আমি আবারো অনুশীলন শুরু করতে পারবো ঈদের পরে।’
গত ২০ জুন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর বাসাতেই প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করেন মাশরাফি। এর ১০ দিন পর আবারো নমুনা পরীক্ষা করলে ফলাফল পজিটিভ আসে তার। পরবর্তীতে ১৪ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে করোনামুক্ত হওয়ার ঘোষণা দেন তিনি। তবে মাশরাফি অনুশীলনে না ফিরলেও করোনা থেকে মুক্ত হওয়া বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু অনুশীলন শুরু করেছেন এরই মধ্যে। গত ২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন অপু। এরপর ১ জুলাই পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে তাঁর। এবার মাঠেও ফিরেছেন তিনি।
এই ব্যাপারে তিনি বলেন, ‘আমি অনুশীলন শুরু করেছি, তবে কিছু সমস্যা বোধ করছি। যেমন কম সময়ের জন্য শ্বাস ধরে রাখতে পারছি, দুর্বলতাও আছে। নারায়ণগঞ্জে আমি, রনি তালুকদার এবং আরো কয়েকজন ক্রিকেটার যারা প্রথম ডিভিশনে খেলে তারা একজন ট্রেইনারের অধীনে অনুশীলন শুরু করেছি।’

ব্রাজিলে ফের করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড

0

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৯৩ জনের প্রাণ গেছে করোনায়, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এই নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৮২ হাজার ৮৯০ জনে ঠেকেছে। শনাক্ত হয়েছে আরও ৬৫ হাজারের বেশি। আক্রান্তের নিরিখে এটিও সর্বোচ্চ। ফলে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৩১ হাজার ৮৭১ জনে দাঁড়িয়েছে। তবে সুস্থ হয়েছেন অর্ধেকের বেশি রোগী।
বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।
শুধু ব্রাজিলই নয়, গোটা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোও করোনার ভয়াবহতা দেখছে। তবে, পূর্বে তুলনায় দাপট কিছুটা কমতে শুরু করেছে। করোনাকে বাগে আনতে দেশগুলোর সরকার মানুষকে ঘরে রাখতে চেষ্টা করছেন। কিন্তু অর্থনীতির চাকা সচল থাকা নিয়ে রয়েছে যত দুশ্চিন্তা। ফলে, এমন অবস্থার মধ্যদিয়ে ব্রাজিল, পেরু, চিলি, ইকুয়েডর ও আর্জেন্টিার মতো দেশগুলোতে অনেক কিছুই চালু রয়েছে।
এর মধ্যে ব্রাজিলে সবচেয়ে ভয়াবহ অবস্থা। যা মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটিতে আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে বেশ বিপাকে পড়তে হচ্ছে চিকিৎসা কেন্দ্রগুলোকে। অপরদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বিতীয় দফায় করোনা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে ধ্বংসযজ্ঞ চালানোর পর ভাইরাসটির এখন প্রধানকেন্দ্র ব্রাজিল। যা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও ব্যাপক প্রভাব ফেলেছে। যার ভয়াবহতার শিকার পেরু, চিলি ও কলম্বিয়ার মতো দেশগুলো। যার প্রত্যেকটিতে আক্রান্ত দুই লাখ ছাড়িয়েছে।