Home Blog Page 2795

দক্ষিণ আফ্রিকায় করোনায় রেকর্ড মৃত্যু

0

ধারণার চেয়েও ক্রমেই করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিচ্ছে দক্ষিণ আফ্রিকায়। প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও প্রাণহানি। গত এক দিনেই আফ্রিকার দেশটিতে সর্বোচ্চ প্রায় ৬০০ জনের মৃত্যু হয়েছে। এমন অবস্থায় সংক্রমণ ৪ লাখ হতে চলেছে সেখানে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, এখন পর্যন্ত ৩ লাখ ৯৪ হাজার ৯৪৮ জন মানুষ করোনার ভুক্তভোগী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৫০ জন। একই সময়ে প্রাণ গেছে ৫৭২ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৫ হাজার ৯৪০ জনে দাঁড়িয়েছে।
প্রতিনিয়ত রেকর্ড শনাক্তে বিশ্বে সর্বোচ্চ সংক্রমণে দেশগুলোর তালিকায় পাঁচে রয়েছে দেশটি। শীর্ষে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও রাশিয়া। তবে প্রাণহানির তালিকায় অনেকটা পিছিয়ে।
তবে, কার্যকর কোনো ভ্যাকসিন কিংবা টিকা না থাকায় দেশীয় চিকিৎসায় আক্রান্তদের মধ্যে ২ লাখ ২৯ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। বর্তমানে একটিভ রোগীর সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৮৩৩ জন।
দেশটিতে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে বেশি বেশি নমুনা পরীক্ষায় জোর দেয়া হচ্ছে। কোন ফি ছাড়াই বিনামূল্যে দেয়া হচ্ছে চিকিৎসা। এমন অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছেন কমিউনিটি নেতারা।

পুরান ঢাকায় গ্যাসলাইনে বিস্ফোরণে শিশুর মৃত্যু, দগ্ধ ৩

0

রাজধানী পুরান ঢাকার বংশালের এক বাড়িতে গ্যাসলাইনের বিস্ফোরণে দেয়াল চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন পরিবারের তিন সদস্য।
দেয়াল চাপায় মৃত শিশুটির নাম ময়নুল, বয়স ১ বছর। তার বাবা জাবেদ (৩৫), মা শিউলি (২৫) ও বোন জান্নাতকে (৪) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খনম জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে বংশালের শামছাবাদ জুম্মন কমিউনিটি সেন্টারের পাশে একটি দোতলা বাড়ির নিচ তলায় বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণের ধাক্কায় ভবনের নিচতলার দেয়াল ধসে পড়ে। তাতে চাপা পড়ে মারা যায় ময়নুল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, জাবেদের শরীরের ৩০ শতাংশ, শিউলির ৭০ শতাংশ এবং জান্নাতের ৬০ শতাংশ পুড়ে গেছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।

দেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না : প্রধানমন্ত্রী

0

দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, জাতির পিতার স্বপ্ন ছিল বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত বাংলাদেশ। আমরা জাতির পিতার সেই স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছি। জতির পিতার জন্মশতবার্ষিকীতে আমাদের লক্ষ্য বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। প্রত্যেকটি মানুষকে যেভাবে পারি ঘর করে দেব। দেশের প্রত্যেকটি এলাকা থেকে গৃহহীন মানুষকে খুঁজে খুঁজে ঘর করে দেয়া হচ্ছে।
আজ বৃহস্পতিবার কক্সবাজারে আশ্রয়ণ প্রকল্পে ৬০০ পরিবারকে ফ্লাট হস্তান্তরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
ভার্চুয়াল প্ল্যাটফর্মে গণভবন থেকে ফ্ল্যাট হস্তান্তর কাজের উদ্বোধন শেষে উপকারভোগীদের কাছে ফ্ল্যাটের চাবি তুলে দেয়া হচ্ছে।
অনুষ্ঠানে এসময় জলবায়ু উদ্বাস্তু পরিবারগুলোর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, খুরুশকুলে আলাদা একটি সুন্দর শহর গড়ে উঠবে। আপনারা এতদিন যেভাবে ছিলেন কষ্টের মধ্যে, আমি নিজে গিয়েছি, আমি দেখেছি সেই জায়গা, কাজেই আপনারা এখানে সুন্দরভাবে বসবাস করতে পারবেন। আপনাদের ছেলেমেয়েরাও ভালোভাবে বড় হবে, মানুষের মত মানুষ হবে, সেটাই আমরা চাই।
কেবল কক্সবাজার নয়, সারা দেশে যেখানেই ভূমিহীন ও গৃহহীন মানুষ আছে, সরকার তাদের পুনর্বাসনের ব্যবস্থা নিচ্ছে বলে জানান শেখ হাসিনা।
তিনি বলেন, আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে যেমন ঘর করে দিচ্ছি, পাশাপাশি যাদের জমি আছে, তাদের ঘর করে দেওয়ার জন্য গৃহায়ন তহবিল নামে বাংলাদেশ ব্যাংকের একটা তহবিল করা আছে, সেখান থেকে যে কোনো প্রতিষ্ঠান টাকা নিয়ে ঘর করতে পারে। আমরা নিজেরাও আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে যাদের ভিটা আছে, কিন্তু ঘর নাই, তাদের ঘর করে দিচ্ছি। অর্থাৎ আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। আমরা জাতির পিতার সেই স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছিলাম। আর সেই লক্ষ্য আমাদের অর্জন করতে হবে। এভাবে আমরা কিন্তু সমস্ত পরিকল্পনা হাতে নিয়ে কাজ করে যাচ্ছি। জাতির পিতার জন্মশতবর্ষে আমাদের লক্ষ্য, বাংলাদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না। প্রত্যেকটা মানুষকে আমি যেভাবে পারি, গরিবানা হালে হলেও মাথা গোজার ঠাঁই আমরা করে দেব।
খুরুশকুলের আশ্রয়ণ প্রকল্পে ফ্ল্যাট পাওয়া পরিবারগুলোর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আজকে যাদের ঘরবাড়িগুলো করে দেওযা হল, মনে রাখবেন, এগুলো আপনাদের নিজের। সেভাবে যত্ন নিয়ে ব্যবহার করবেন, সুন্দরভাবে যাতে থাকে সেটা দেখবেন।
করোনাভাইরাসের মহামারীতে দেশের অগ্রগতিতে বাধার সৃষ্টি করেছে মন্তব্য করে সবাইকে স্বাস্থ্য বিষয়ক নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান জানান সরকারপ্রধান।

শোষিত বঞ্চিত মানুষের অধিকার আদায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সংগ্রামের কথা তুলে ধরে তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার ঘটনাও স্মরণ করেন তার মেয়ে শেখ হাসিনা।
অনুষ্ঠানের গণভবন প্রান্তে প্রধানমন্ত্রীর সঙ্গে তার মুখ্য সচিব আহমদ কায়কাউস, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আর কক্সবাজার প্রান্তে ছিলেন স্থানীয় সংসদ সদস্য, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনসহ মাঠ প্রশাসনের কর্মকর্তারা।

প্রথম ধাপে উদ্বোধন হওয়া ভবনগুলোতে ফ্ল্যাট পেয়েছেন ৬০০টি পরিবার। ১০০১ টাকা নামমাত্র মূল্যে এসব ফ্ল্যাট হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারের নিজস্ব অর্থায়নে ১৮০০ কোটি টাকা ব্যয়ে প্রথম ধাপে নির্মিত ৫তলা ২০টি ভবনসহ প্রকল্পের মোট ১৩৯টি ভবন নির্মাণ করা হবে। প্রতিটি পাঁচতলা ভবনে থাকছে ৪৫৬ বর্গফুট আয়তনের ৩২টি করে ফ্ল্যাট। সবগুলো ভবন নির্মিত হলে উদ্বাস্তু জীবনের অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ ছেড়ে সাজানো পরিপাটি দালানে উঠবেন মোট প্রায় সাড়ে ৪ হাজার পরিবার।
প্রতিটি ফ্ল্যাটে পানি, বিদ্যুৎ, গ্যাস সিলিন্ডারের সুবিধা থাকবে। প্রতিটি ভবনে থাকবে সৌর বিদ্যুতের প্যানেল। খুরুশকুলে বাঁকখালী নদীর তীরে ২৫৩ একর জমির উপর গড়ে ওঠা এ বিশেষ আশ্রয়ণ প্রকল্পকে জলবায়ু উদ্বাস্তুদের জন্য বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়কেন্দ্র বলে দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেন জানান, প্রকল্প এলাকায় ১৪টি খেলার মাঠ, সবুজ জায়গা, মসজিদ, মন্দির, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, পুলিশ ও ফায়ার স্টেশন, তিনটি পুকুর, নদীতে দু’টি জেটি, দুটি বিদ্যুতের সাবস্টেশন থাকবে।
ভবনগুলোর নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই রেখেছেন। প্রথম ধাপে নির্মিত ভবনগুলোর নাম হলো- দোঁলনচাপা, কেওড়া, রজনীগন্ধা, গন্ধরাজ, হাসনাহেনা, কামিনী, গুলমোহর, গোলাপ, সোনালী, নীলাম্বরী, ঝিনুক, কোরাল, মুক্তা, প্রবাল, সোপান, মনখালী, শনখালী, বাঁকখালী, ইনানী ও সাম্পান।
প্রসঙ্গত, ১৯৯১ সালের প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ও জ্বলোচ্ছাসে কক্সবাজারের উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মহেশখালী কুতুবদিয়াসহ উপকূলের বিশাল এলাকা সমুদ্রে বিলীন হয়ে যায়। এতে গৃহহারা হয় হাজার হাজার মানুষ। এসব মানুষ জীবনের তাগিদে আশ্রয় নেয় কক্সবাজার শহরের বিমানবন্দরের পশ্চিমে বালিয়াড়ী ও ঝাউবাগান এলাকায়, যা পরবর্তীতে কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডে রূপান্তরিত হয়। যেখানে বর্তমানে প্রায় ৩০ হাজার মানুষ বসবাস করছে। জলবায়ু উদ্বাস্তু এসব মানুষ ঝুকিপূর্ণ এলাকায় বসবাস করে আসছিল। বিশ্বমানের পর্যটন শিল্প বিকাশ ও ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে।
বিমানবন্দর সম্প্রসারণের লক্ষ্যে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়া পাড়া, নাজিরাটেক এবং সমিতি পাড়া এলাকার বিপুল পরিমাণ ভূমি অধিগ্রহণ করে সরকার। অধিগ্রহণের আওতায় পড়া জমিতে ৪ হাজার ৪০৯টি পরিবার বাস করতো। ২০১১ সালে ৩ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে এক জনসভায় এসব জলবায়ু উদ্বাস্তু পরিবারের জন্য পুনর্বাসনের নির্দেশনা দেন। তারই প্রেক্ষিতে ২০১৪-১৫ অর্থবছরে গ্রহণ করা হয় খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প, যার নাম দেয়া হয়েছে ‘শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প’। সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রথমে ৫ তলাবিশিষ্ট ১৯টি ভবন নির্মাণ করা হয়েছে। এতে ৬০০ পরিবার নতুন ফ্ল্যাট পেল।

যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে ফেডারেল এজেন্ট পাঠাবেন ট্রাম্প

0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অপরাধ দমাতে বেশ কয়েকটি মার্কিন শহরে বিপুল পরিমাণ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য পাঠানো হবে। সহিংসতা মাথাচাড়া দিয়ে ওঠায় শিকাগোসহ আরো দুটি ডেমোক্রেট অধ্যুষিত শহরে এই সদস্যদের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট।
কিন্তু এর আগে পোর্টল্যান্ড ও অরেগন শহরে নিরাপত্তা বাহিনী মোতায়েন নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন যে এর কারণে চলমান বিক্ষোভের সময়টাতে আরও বেশি উদ্বেগ তৈরি করেছে।
নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের পুর্র্নিবাচনের একটি বড় বিষয় হতে পারে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন।
গত ২৫ মে মিনেসোটার মিনেয়াপোলিসে পুলিশি হেফাজতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার পর থেকে বিক্ষোভ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। বেশ কিছু শহরে এ বিক্ষোভ থেকে নৈরাজ্যও তৈরি হয়েছে।
এমন পরিস্থিতির মধ্যেই নিউইয়র্ক, ফিলাডেলফিয়া, লস-অ্যাঞ্জেলেস, শিকাগো এবং মিলওয়াকির মতো মেট্রোপলিটন শহরগুলোতে বন্দুক নিয়ে সহিংসতা বেড়েছে।
অপারেশন লিজেন্ড কী?
লিজেন্ড ট্যালিফেরো নামে চার বছর বয়সী এক ছেলে শিশুর নামানুসারে এই কর্মসূচীর নামকরণ করা হয়েছে। ওই শিশুটি গত জুন মাসে কানসাসে বাড়িতে ঘুমিয়ে থাকার সময় মুখে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বুধবার প্রেসিডেন্টের এ ঘোষণার সময় ওই শিশুটির মা উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, এ অভিযানে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই, মার্শালস সার্ভিস এবং অন্যান্য কেন্দ্রীয় সংস্থার সদস্যরা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মিলে কাজ করবে।
ট্রাম্প বলেন, সহিংসতার এই তাণ্ডব জাতির বিবেককে হতবাক করেছে।
অপরাধ নিয়ন্ত্রণে ডেমোক্রেটরা দুর্বল বলে অভিযোগ তুলে প্রেসিডেন্ট বলেন, ‘সম্প্রতি কয়েক সপ্তাহে পুলিশ বিভাগের ওপর আক্রমণ, এবং এতে ভেঙ্গে গুড়িয়ে দেয়ার উদ্দেশ্যে কট্টর আন্দোলন চলেছে।’
এর জন্য তিনি ‘গুলির ঘটনা, হত্যা, খুন এবং ঘৃণ্য সহিংসতার ঘটনা ব্যাপক হারে বেড়ে’ যাওয়াকে দায়ী করেছেন।
‘রক্তপাত অবশ্যই বন্ধ হতে হবে,’ তিনি বলেন। ‘এই রক্তপাত অবশ্যই বন্ধ হবে।’
তিনি বলেন, ‘এর পর কোন মাকে আর তার মৃত শিশুকে কোলে নিয়ে ঘুরতে হবে না। এর আগে রাজনীতিবিদরা তাদের প্রতিবেশীদের নিরাপত্তা দিতে এবং শহরকে সুরক্ষিত করতে কোন ব্যবস্থা নেয়নি।’
কৃষ্ণাজ্ঞ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ শুরু হয়।
কৃষ্ণাজ্ঞ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ শুরু হয়।
মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার যিনি, ট্রাম্পের সাথে উপস্থিত ছিলেন, তিনি জানান, তারা প্রায় দুইশ ফেডারেল এজেন্টকে কানসাস সিটি ও মিসৌরিতে পাঠিয়েছেন। এমন সংখ্যক আরও এজেন্টকে শিকাগোতে এবং প্রায় ৩৫ জনকে নিউ মেক্সিকোর আলবুকারকি-তে পাঠানো হবে।
৬০ মিলিয়ন ডলারের চেয়ে বেশি পরিমাণ অর্থ বরাদ্দ করা হবে যাতে সহিংসতা আক্রান্ত শহরগুলোতে আরও বেশি সংখ্যক পুলিশ সদস্য নিয়োগ করা যায়।
উইলিয়াম বার বলেন, ‘অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে’ কেন্দ্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর বর্ধিত শাখা যুক্ত হবে। পোর্টল্যান্ডে ‘দাঙ্গা এবং সহিংসতা নিয়ন্ত্রণে’ যেভাবে হোমল্যান্ড সিকিউরিটির এজেন্টদের নিয়োগ করা হয়েছিল ঠিক সেভাবেই এটি করা হবে।
গত ডিসেম্বরে সাতটি শহরে অপরাধমূলক ঘটনা বেড়ে যাওয়ার পর তা নিয়ন্ত্রণে আনতে একই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল।
ওই শহরগুলোতে কী হচ্ছে?
মঙ্গলবার রাতে, ফেডারেল এজেন্টরা পোর্টল্যান্ডে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, মরিচের বল এবং বিকট শব্দ তৈরি করে এমন গ্রেনেড ছোড়ে। পোর্টল্যান্ডে টানা ৫৪ দিনের মতো বিক্ষোভ চলছে।
এজেন্টদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা অরেগনের বড় শহরগুলোতে সামরিক পোশাক পরে সাধারণ গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে এবং বেআইনিভাবে অনেক বিক্ষোভকারীকে গ্রেফতার করছে।
শিকাগোর মেয়র লরি লাইটফুট নিশ্চিত করে বলেছেন যে, তার শহরে স্থানীয় পুলিশ বাহিনীকে জোরদার করতে ফেডারেল এজেন্টরা কাজ করবেন।
‘আমরা অংশীদারিত্বকে স্বাগত জানাই, কিন্তু আমরা একচেটিয়া নিয়ন্ত্রণ চাই না,’ এক সংবাদ সম্মেলনে লাইটফুট এ কথা বলেন। তিনি সতর্ক করেন যে পোর্টল্যান্ডে ফেডারেল কর্মকর্তারা যে ধরনের পদক্ষেপ নিয়েছে তা যেন তাদের ওপরও প্রয়োগ করা না হয়।
সর্বশেষ এক ঘটনায় একটি শেষকৃত্যানুষ্ঠানের জন্য নির্ধারিত ভবনের বাইরে এক গুলির ঘটনায় ১৪ জন নিহত হয়। এটি গ্যাং সম্পর্কিত ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
শিকাগো সান টাইমসের হিসাব অনুযায়ী, শহরটিতে গত বছরের তুলনায় হত্যাকাণ্ড ৩৪% বেড়েছে।
২০১৮ সালে এফবিআইয়ের করা এক জরিপ বলছে, আলবুকারকি শহরে সহিংস অপরাধ জাতীয় গড়ের চেয়ে ৩.৭ গুণ বেশি। সে বছর হত্যা এবং ধর্ষণের ঘটনা জাতীয় গড়ের দ্বিগুণ ছিল।
কানসাস সিটি স্টারের মতে, শহরটিতে ২০২০ সালে সবচেয়ে বেশি হত্যার ঘটনা ঘটেছে। শুধু কানসাস শহরেই এ পর্যন্ত ১১০টি হত্যার ঘটনা ঘটেছে। আর পুরো মেট্রো এলাকাতে আরও ৫০টির মতো হত্যার ঘটনার খবর পাওয়া গেছে।

ভারতে একদিনে আক্রান্ত ৪৫ হাজারের বেশি, মৃত্যু ১১২৯

0

ভারতে করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটল। স্বাস্থ্য মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার সকালে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৭২০ জনের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে এবং মারা গেছেন ১ হাজার ১২৯ জন।
আক্রান্তের হিসাবে বিশ্বে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে থাকা ভারতে কোভিড-১৯ রোগীর সংখ্যা ১২ লাখ পেরিয়ে গেছে, মোট ১২ লাখ ৩৮ হাজার ৬৩৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৮৬১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৮২ হাজার ৬০৭ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩.১৮ শতাংশ ও পজিটিভের হার ১৩.০৩ শতাংশ।
মহামারি শুরুর পর বুধবার সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে, ৩ লাখ ৫০ হাজার ৮২৩টি। এখন পর্যন্ত পরীক্ষিত নমুনার সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র রাজ্য, তারপরে রয়েছে তামিলনাড়ু ও দিল্লি।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমিত পাঁচ রাজ্য হলো মহারাষ্ট্র (১০,৫৭৬), অন্ধ্র প্রদেশ (৬,০৪৫), তামিলনাড়ু (৫,৮৪৯), কর্ণাটক (৪,৭৬৪) ও উত্তর প্রদেশ (২,৩০০)। একই সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে তামিলনাড়ু (৫১৮), মহারাষ্ট্র (২৮০), অন্ধ্র প্রদেশ (৬৫), কর্ণাটক (৫৫) ও পশ্চিমবঙ্গে (৩৯)।
করোনার সংক্রমণ বাড়তে থাকায় বেশ কয়েকটি রাজ্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গে দুই সপ্তাহের লকডাউনের প্রথম ২৪ ঘণ্টায় রেকর্ড ২ হাজার ২৯১ জন রোগী শনাক্ত হয়েছে এবং ৩৯ জন মারা গেছেন।

জলবায়ু উদ্বাস্তু আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0

কক্সবাজার জেলায় জলবায়ু উদ্বাস্তুদের জন্য বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়কেন্দ্র খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের প্রথম ধাপে নির্মিত ২০টি ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রথম ধাপে উদ্বোধন হওয়া ভবনগুলোতে ফ্ল্যাট পেয়েছেন ৬০০টি পরিবার। ১০০১ টাকা নামমাত্র মূল্যে এসব ফ্ল্যাট হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারের নিজস্ব অর্থায়নে ১৮০০ কোটি টাকা ব্যয়ে প্রথম ধাপে নির্মিত ৫তলা ২০টি ভবনসহ প্রকল্পের মোট ১৩৯টি ভবন নির্মাণ করা হবে। প্রতিটি পাঁচতলা ভবনে থাকছে ৪৫৬ বর্গফুট আয়তনের ৩২টি করে ফ্ল্যাট।
সব ভবন নির্মিত হলে উদ্বাস্তু জীবনের অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ ছেড়ে সাজানো পরিপাটি দালানে উঠবেন মোট প্রায় সাড়ে ৪ হাজার পরিবার।
প্রতিটি ফ্ল্যাটে পানি, বিদ্যুৎ, গ্যাস সিলিন্ডারের সুবিধা থাকবে। প্রতিটি ভবনে থাকবে সৌর বিদ্যুতের প্যানেল।
খুরুশকুলে বাঁকখালী নদীর তীরে ২৫৩ একর জমির ওপর গড়ে ওঠা এ বিশেষ আশ্রয়ণ প্রকল্পকে জলবায়ু উদ্বাস্তুদের জন্য বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়কেন্দ্র বলে দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেন জানান, প্রকল্প এলাকায় ১৪টি খেলার মাঠ, সবুজ জায়গা, মসজিদ, মন্দির, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, পুলিশ ও ফায়ার স্টেশন, তিনটি পুকুর, নদীতে দুটি জেটি, দুটি বিদ্যুতের সাবস্টেশন থাকবে। এ ছাড়া থাকবে ২০ কিলোমিটার অভ্যন্তরীণ রাস্তা, ৩৬ কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য পরিশোধন ও নিষ্কাশন ব্যবস্থাপনা, তীর রক্ষা বাঁধ, ছোট সেতু, পুকুর-খাল থাকবে পুরো প্রকল্প এলাকায়।
আশ্রয়ণ প্রকল্পে যারা ফ্ল্যাট পাবেন তাদের ঋণ ও প্রশিক্ষণ দিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা হবে। প্রকল্প এলাকায় একটি শুঁটকি মহালও থাকবে এবং এখানে পর্যায়ক্রমে বিক্রয় কেন্দ্র ও প্যাকেজিং শিল্পও গড়ে তুলবে সরকার।
ভবনগুলোর নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই রেখেছেন। প্রথম ধাপে নির্মিত ভবনগুলোর নাম হলো- দোঁলনচাপা, কেওড়া, রজনীগন্ধা, গন্ধরাজ, হাসনাহেনা, কামিনী, গুলমোহর, গোলাপ, সোনালী, নীলাম্বরী, ঝিনুক, কোরাল, মুক্তা, প্রবাল, সোপান, মনখালী, শনখালী, বাঁকখালী, ইনানী ও সাম্পান।
গৃহহীন ও ছিন্নমূল মানুষের পুনর্বাসনের জন্য ১৯৯৭ সালে ‘আশ্রয়ণ’ নামে প্রথম প্রকল্প গ্রহণ করেন তৎকালীন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। এরপর ২০১০ সালে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসলে আশ্রয়ণ-২ প্রকল্প শুরু হয়। এ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল ৩ লাখ ১৯ হাজার ১৪০টি পরিবার ঘর পেয়েছে।
অন্যান্য আশ্রয়কেন্দ্রগুলো পাকা ও আধাপাকা দালানের ব্যারাক আকারে তৈরি হলেও বহুতল ভবনের আশ্রয়ণ প্রকল্প এটিই প্রথম।

আজ ৬০০ বস্তিবাসীকে ফ্ল্যাটের চাবি দেবেন প্রধানমন্ত্রী

0

কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ অগ্রাধিকার উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এর মধ্যে অন্যতম শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের প্রথম পর্যায়ে ১৯টি পাঁচতলা ভবনের কাজ সম্পন্ন হয়েছে। সেখানে বিমানবন্দর সম্প্রসারণের কারণে ক্ষতিগ্রস্ত জলবায়ু উদ্ধাস্তু ৬০০ পরিবার পাচ্ছে নতুন ফ্ল্যাট।
কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের বাঁকখালী নদীর তীর ঘেঁষা বৃহৎ এ প্রকল্পে পর্যায়ক্রমে ৪ হাজার ৪৪৮ পরিবার পাবে নির্মিত ফ্ল্যাট। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ভার্চুয়াল প্লাটফর্মে গণভবন থেকে প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হবে ফ্ল্যাটের চাবি।
১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জ্বলোচ্ছাসে কক্সবাজারের উপকূলীয় এলাকায় ব্যাপক ধ্বংসলীলা হয়। মহেশখালী কুতুবদিয়াসহ উপকূলের বিশাল এলাকা সমুদ্রে বিলিন হয়ে যায়। এতে গৃহ হারা হয় হাজার হাজার মানুষ। এসব মানুষ জীবনের তাগিদে আশ্রয় নেয় কক্সবাজার শহরের বিমানবন্দরের পশ্চিমে বালিয়াড়ী ও ঝাউবাগান এলাকায়। যা পরবর্তী সময় কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে রুপান্তরিত হয়। যেখানে বর্তমানে প্রায় ৩০ হাজার মানুষ বসবাস করছে। জলবায়ু উদ্ভাস্তু এসব মানুষ ঝুকিপূর্ণ এলাকায় বসবাস করে আসছিল। বিশ্বমানের পর্যটন শিল্প বিকাশ ও ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে।
বিমানবন্দর সম্প্রসারণের লক্ষ্যে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়াপাড়া, নাজিরাটেক এবং সমিতি পাড়া এলাকার বিপুল পরিমাণ ভূমি অধিগ্রহণ করে সরকার। অধিগ্রহণের আওতায় পড়া জমিতে ৪ হাজার ৪০৯টি পরিবার বাস করতো। ২০১১ সালে ৩ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে এক জনসভায় এসব জলবায়ু উদ্ভাস্তু পরিবারের জন্য পুনর্বাসনের নির্দেশনা দেন। তারই প্রেক্ষিতে ২০১৪-১৫ অর্থবছরে গ্রহন করা হয় খুরুশকুল আশ্রয়ন প্রকল্প। যার নাম দেয়া হয়েছে শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প। সেনা বাহিনীর তত্ত্বাবধানে প্রথম পেইজে ৫ তলা বিশিষ্ট ১৯টি ভবন নির্মাণ করা হয়েছে। এতে ৬০০ পরিবার পাচ্ছে নতুন ফ্ল্যাট।
কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারনের কারণে ক্ষতিগস্ত যেসব জলবায়ু উদ্ধাস্তু পরিবার আছে প্রধানমন্ত্রী তাদের জন্য বিশেষ আশ্রয়ণ প্রকল্প খুরুশকুল করেছেন। ৫ তলা বিশিষ্ট ১৯টি ভবন প্রস্তুত হয়ে গেছে। সেখানে ৬০০ পরিবারকে লটারির মাধ্যমে নির্ধারণ হয়েছে। আজ ২৩ জুলাই ভার্চুয়াল প্লাটফর্মে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। তালিকাভুক্ত ৪৪০৯ জন সকলে পর্যায়ক্রমে ফ্ল্যাট পাবে।
কক্সবাজারের বাঁকখালী নদীর পাশে নয়নাভিরাম জায়গায় এ প্রকল্পটি করা হয়েছে। নানা চ্যালেঞ্জের মুখে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। এ প্রকল্প থেকে যথেষ্ট জ্ঞান অর্জন সম্ভব হয়েছে বলে জানান রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাঈন উল্লাহ।
তিনি বলেন, নয়নাভিরাম এই এলাকায় গড়ে উঠা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের জন্য শুধু মাটি ভরাটের কাজ করতে হয়েছে এক বছর। ভবনগুলো কোন ডিজাইনের হবে, কোথায় কোন ভবন গড়ে উঠবে সব কিছু আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার বিভাগ দেখভাল করেছেন। বিশেষ করে এই আশ্রয় প্রকল্পের কাজটি করতে গিয়ে আমাদের প্রচুর জ্ঞান অর্জন হয়েছে। এতে করে দেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যদি আমাদের নির্দেশ দেন বিশ্বের বিভিন্ন জায়গায় এসব ভবন নির্মাণে আর কোন বেগ পেতে হবে না।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব মাহবুব হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী ২০১১ সালের ৩ এপ্রিল কক্সবাজারের এক জনসভায় কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন এলাকায় জলবায়ু উদ্ধাস্তু যেসব মানুষ অস্থায়ীভাবে বসবাস করতেন তাদের পূর্নবাসনের নির্দেশনা দেন। তারই প্রেক্ষিতে ২০১৪-১৫ অর্থ বছরে গ্রহন করা হয় খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প। এ প্রকল্পে ৪টি জোন রয়েছে, আবাসিক জোন, পর্যটন জোন, শুঁটকি মহাল ও বাপার জোন। আবাসিক জোনে ৫ তলা বিশিষ্ট ১৩৯টি ভবনে ৪হাজার ৪০৯ উদ্ভাস্তু পরিবারকে পুনর্বাসন করা হবে।’
উল্লেখ্য, দেশে এটিই প্রথম সর্ববৃহৎ এবং সর্বাধিক বাজেটের এ আশ্রয়ণ প্রকল্প। প্রকল্প বাস্তবায়ন করতে প্রায় ২৫৩ দশমিক ৩৫০ একর জমি অধিধহণ করা হয়। এ প্রকল্পে ১৩৯টি ৫ তলা ভবন নির্মাণ করা হবে। যার মধ্যে শেখ হাসিনা টাওয়ার নামে একটি ১০ তলা বিশিষ্ট সুউচ্ছ ভবনও থাকবে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধায়নে ২০১৭ সালে প্রকল্পটির কাজ শুরু হয়। প্রকল্পের বাকি ভবনগুলোর কাজও এগিয়ে চলছে। এ প্রকল্পে বসবাসকারি পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে স্কুল, মসজিদ, স্বাস্থ্য সেবার জন্য হাসপাতালসহ বিনোদনের পাশাপাশি প্রকল্প এলাকায় আশ্রয় পাওয়া মৎস্যজীবীদের কর্মসংস্থানের জন্য নানা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

আফগানিস্তানে বিমান হামলায় নিহত ৪৫

0

আফগানিস্তানে বিমান হামলায় বেসামরিক নাগরিক ও তালেবান সদস্যসহ অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সরকারি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশটির পূর্বাঞ্চলীয় হেরাত প্রদেশের আদ্রাস্কান জেলার গভর্নর আলী আহমাদ ফকির ইয়ার বলেছেন, নিহতদের মধ্যে অন্তত ৮ জন বেসামরিক নাগরিক রয়েছেন। খাম জিয়ারাত এলাকায় নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় এ পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তালেবান সদস্যও রয়েছেন।
তালেবান মুখপাত্র মোহাম্মদ ইউসুফ আহমাদি জানিয়েছেন, হেরাতে অন্তত দুই দফা বিমান হামলা চালানো হয়েছে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিমান হামলায় বেসামরিক নাগরিক হতাহতের বিষয়টি তদন্ত করছে।
আফগানিস্তানে মার্কিন বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, বুধবারের বিমান হামলায় তারা অংশ নেননি।
হেরাতের গভর্নরের মুখপাত্র জানিয়েছেন, ছয় তালেবান নেতাকে লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়। বেসামরিক নাগরিকেরা কাছাকাছি একটি ল্যান্ড মাইন বিস্ফোরণে হতাহত হয়েছেন।
আফগানিস্তান স্বাধীন মানবাধিকার কমিশনের তথ্যমতে, চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ৮৮০টি ঘটনায় ১ হাজার ২১৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং আহত হয়েছেন ১ হাজার ৭৪৪ জন।

আজ শপথ নেবেন দুই এমপি

0

যশোর-৫ ও বগুড়া-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)। তারা হলেন বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সাহাদারা মান্নান ও যশোর-৬ (কেশবপুর) এর শাহিন চাকলাদার।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিকাল সাড়ে ৩টায় তাদের শপথবাক্য পাঠ করবেন। জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা-১ এর পরিচালক মো. তারিক মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৪ জুলাই এই দুটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বগুড়া-১ আওয়ামী লীগ প্রার্থী সাহাদারা মান্নান ১ লাখ ৪৫ হাজার ২৯৫ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাাহ ইন্তাজ ট্রাক প্রতীকে পেয়েছেন এক হাজার ৫৬৩ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মোকছেদুল আলম লাঙল প্রতীকে ভোট পেয়েছেন ৯৬৯।
এ আসনে টানা তিনবার নির্বাচিত এমপি আব্দুল মান্নান গত ১৮ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ফলে আসনটি শূন্য হয়। সাহাদারা মান্নান তার স্ত্রী।
অন্যদিকে যশোর-৬ আসনেও আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার ১ লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ দুই হাজার ১২ ও জাতীয় পার্টির হাবিবুর রহমান পেয়েছেন এক হাজার ৬৭৮ ভোট।
এ আসনের এমপি সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক গত ২১ জানুয়ারি মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়।

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৬ লাখ ৩০ হাজার ছাড়াল

0

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার ৬১৬। এর মধ্যে ৬ লাখ ৩০ হাজার ১৯৩ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ৯৩ লাখ ৪৯ হাজার ২০১ জন।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ বিশ্বব্যাপী মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনও দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপকে লণ্ডভণ্ড করে দিয়ে করোনা কিছুটা স্তিমিত হলেও সেখানে আবারও নতুন করে রোগটির প্রাদুর্ভাব পরিলক্ষিত হচ্ছে। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৮৭৫। মৃত্যু হয়েছে ১ লাখ ৪৬ হাজার ১৮৩ জনের।
আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৩১ হাজার ৮৭১। এর মধ্যে ৮২ হাজার ৮৯০ জনের মৃত্যু হয়েছে।
ভারতে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৩৯ হাজার ৬৮৪। এর মধ্যে ২৯ হাজার ৮৯০ জনের মৃত্যু হয়েছে।
উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৭২৯। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে।