Home Blog Page 2796

হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

0

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে চীনা কনস্যুলেট হঠাৎ করে বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। আগামী শুক্রবারের মধ্যে সব কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস মার্কিন সরকারের এ পদক্ষেপকে ‘বেপরোয়া’ ও ‘বিপজ্জনক’ হিসেবে উল্লেখ করেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আমেরিকান মেধাস্বত্ব সুরক্ষায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে অল্প সময়ের নোটিসে কনস্যুলেট বন্ধের নির্দেশের এ ঘটনায় ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে বেইজিং।
বিশ্লেষকরা বলছেন, কনস্যুলেট বন্ধে মার্কিন সরকারের হঠাৎ নেয়া এ সিদ্ধান্ত বিশ্বের বৃহৎ দুই অর্থনীতির চলমান টানাপড়েনে নতুন উত্তেজনা তৈরি করবে।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস বলেছে, হিউস্টনে চীনা কনস্যুলেট ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। অফিস গুটিয়ে নেয়ার আগে চীনা কর্মকর্তারা নথিপত্র পুড়িয়ে ফেলছেন বলে ধারণা করা হচ্ছে।
হিউস্টনে বিপুলসংখ্যক এশীয় বসবাস করেন। তাদের পাশাপাশি মার্কিন নাগরিকদের ভিসা দেয়ার সুবিধার্থে সেখানে দূতাবাস খুলেছিল চীন সরকার। তবে নভেল করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে ভিসা দেয়ার কাজ বন্ধ রয়েছে।
বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, যুক্তরাষ্ট্র হঠাৎ করে হিউস্টনে চীনা কনস্যুলেট জেনারেল বন্ধের নির্দেশ দিয়েছে। এটি চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একতরফা রাজনৈতিক উসকানি, আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মনীতির গুরুতর লঙ্ঘন।
কনস্যুলেট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন ওয়েনবিন।
চীন-মার্কিন সম্পর্ক ইচ্ছাকৃতভাবে দুর্বল করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র কনস্যুলেট বন্ধের নির্দেশনা দিয়েছে বলে মন্তব্য করেছেন চীনা ওই কর্মকর্তা। তিনি বলেন, চীন এ ধরনের অবমাননাকর ও অযৌক্তিক পদক্ষেপের তীব্র নিন্দা জানায়। যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে মারাত্মক ক্ষতি করবে এ সিদ্ধান্ত।
ওয়াশিংটনে দূতাবাসের বাইরেও যুক্তরাষ্ট্রে চীনের পাঁচটি কনস্যুলেট রয়েছে। এগুলোর মধ্যে হিউস্টনকে কেন বাছাই করা হলো এটা স্পষ্ট নয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মর্গান ওর্টাগাস বলেন, আমেরিকার মেধাস্বত্ব ও গোপনীয় তথ্য রক্ষার স্বার্থে কনস্যুলেট বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে হিউস্টনের পুলিশ জানায়, কনস্যুলেট ভবনে আগুনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, কনস্যুলেট ভবনের ভেতরে চীনা কর্মকর্তারা তাদের নথিপত্র পুড়িয়ে ফেলছেন।
নভেল করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার পর থেকে চিরবৈরী দুই বিশ্বশক্তি চীন-মার্কিন সম্পর্কে মারাত্মক অবনতি ঘটে। চীন এ ভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থ এবং তথ্য গোপন করে বিশ্বজুড়ে ভাইরাসটির বিস্তারের জন্য দায়ী বলে অভিযোগ করে আসছে মার্কিন প্রশাসন। এ নিয়ে দুই দেশের শীর্ষ কর্মকর্তারা প্রায়ই বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন। হংকংয়ে বিতর্কিত নিরাপত্তা আইন নিয়েও বেইজিংয়ের সমালোচনা করে আসছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। এর মাঝে কনস্যুলেট বন্ধে ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্ত চীন-মার্কিন সম্পর্ককে খাদের কিনারে নিয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় থেকে চীনের প্রতি অভিযোগের তীর নিক্ষেপ করা হয় যে কভিড-১৯-এর টিকা নিয়ে গবেষণাকারী ল্যাবগুলোকে টার্গেটকারী হ্যাকারদের স্পন্সর করে আসছে বেইজিং। যুক্তরাষ্ট্রের গবেষণা কোম্পানির ওপর গুপ্তচরবৃত্তিতে সরকারি এজেন্টদের সহায়তা গ্রহণে দুই চীনা নাগরিকের ওপর অভিযোগ আনা হয়েছে।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২ লাখ ৭৮ হাজারের বেশি করোনা শনাক্ত

0

বিশ্বে গেলো ২৪ ঘণ্টায় রেকর্ড ২ লাখ ৭৮ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রাণ গেছে আরও ৭ হাজার মানুষের। এনিয়ে বিশ্বে করোনা মহামারিতে মোট মৃতের সংখ্যা ছাড়ালো ৬ লাখ ২৯ হাজার। মোট শনাক্ত ১ কোটি ৫৩ লাখ ৬৩ হাজারের বেশি।

২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৩শ’ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে, নতুন করে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৬৫ হাজারের বেশি মানুষের শরীরে।

যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে প্রায় ১২শ’ মানুষের। দেশটিতে মোট প্রাণহানি প্রায় দেড় লাখ। বুধবার একদিনে সর্বোচ্চ ১১’শর বেশি প্রাণহানি হয়েছে ভারতে। ১৩০ কোটি জনসংখ্যার দেশটিতে এদিন করোনা সংক্রমণ ধরা পড়েছে ৪৫ হাজারের বেশি মানুষের শরীরে।

এদিকে, মেক্সিকোতে আরও প্রায় এক হাজার মানুষের মৃত্যুতে ৪০ হাজার ছাড়িয়েছে মোট প্রাণহানি।

শেখ হাসিনাকে ইমরান খানের ফোনবাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক চায় পাকিস্তান

0

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ টেলিফোন করে কিছু বিষয়ে আলোচনা করেছেন বলে দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা খবর দিয়েছে।

বার্তা সংস্থা বাসস জানিয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে ইমরান খান বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতির খবর জানতে চান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিমকে উদ্ধৃত করে বাসস জানায়, দুপুর একটা নাগাদ পাকিস্তানের প্রধানমন্ত্রী ফোন করেন এবং জানতে চান যে ঠিক কীভাবে তাঁর সরকার করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলা করছে।

দুই প্রধানমন্ত্রীর পনেরো মিনিট ধরে চলা টেলিফোন আলোচনার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী কোভিড-১৯ রোগীদের চিকিৎসা এবং করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, সে সম্পর্কে ইমরান খানকে বিস্তারিতভাবে জানান।

বাংলাদেশে বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে শেখ হাসিনা সে সম্পর্কেও পাকিস্তানি প্রধানমন্ত্রীকে অবহিত করেন বলে জানান মি. করিম।

অন্যদিকে, পাকিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান বা এপিপি দুই প্রধানমন্ত্রীর টেলিফোন আলোচনা সম্পর্কে আরেকটু বিস্তারিতভাবে জানিয়ে একটি খবর প্রকাশ করেছে।

ওই খবরে বলা হয়েছে, আলোচনার সময় ইমরান খান উল্লেখ করেন যে পারস্পরিক বিশ্বাস, পারস্পরিক সম্মান এবং সার্বভৌম সমতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বমূলক সম্পর্ক গভীর করতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে তাঁর দেশের গুরুত্ব দেয়ার বিষয়টি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানান।

এপিপি’র খবরে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরান খান এ সময় নিয়মিত দ্বিপাক্ষিক যোগাযোগ এবং দুই দেশের মানুষের মধ্যে সংযোগের স্থাপনের গুরুত্বের বিষয়টিও তুলে ধরেন।

বার্তা সংস্থাটি বলছে, সার্কের প্রতি পাকিস্তানের সমর্থনের কথা জানিয়ে প্রধানমন্ত্রী ইমরান খান গুরুত্বারোপ করেছেন যে দুই দেশ (পাকিস্তান ও বাংলাদেশ) যৌথভাবে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে টেকসই শান্তি ও উন্নয়ন অর্জনের জন্য কাজ করতে পারে।

ইসলামাবাদ থেকে পাঠানো এপিপি’র খবরে আরও বলা হয়, কোভিড-১৯ রোগে বাংলাদেশের মানুষের প্রাণহানীতে ইমরান খান দুঃখ প্রকাশ করেন এবং করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে শেখ হাসিনার সরকারের নেয়া পদক্ষেপের প্রশংসা করেন।

তিনি সাম্প্রতিক বন্যায় বাংলাদেশে প্রাণহানীতে সহানুভূতি প্রকাশ করেন।

এপিপি বলছে, টেলিফোন আলাপের সময় ইমরান খান “ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের গুরুতর অবস্থা নিয়ে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন” এবং একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী অঞ্চল গড়ে তুলতে জম্মু ও কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তান ভ্রমণের জন্যও পুনরায় আমন্ত্রণ জানান ইমরান খান।

কুটনৈতিক পর্যবেক্ষকেরা মনে করেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ কয়েক বছর ধরেই অবনতিশীল রয়েছে।

বিশেষ করে বাংলাদেশে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের বিরুদ্ধে পাকিস্তানের প্রকাশ্য অবস্থান এবং বিচারের বিরোধীতা করায় দুই দেশের সম্পর্ক একবারে তলানীতে পৌঁছায় বলে তারা মনে করেন।

কাভার্ডভ্যানের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল লেগুনা, নিহত ৬

0

কক্সবাজারের চকরিয়া উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি লেগুনা দুমড়েমুচড়ে নারী-পুরুষসহ ছয়জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। নিহতদের মধ্যে লেগুনার চালকসহ চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

তারা হলেন- চকরিয়ার হারবাং ইউনিয়নের নতুন বাজার এলাকার আবদুল কাদেরের ছেলে বদিউল আলম (৫০), বান্দরবানের লামা উপজেলার সন্দ্বীপপাড়ার আবদুল আজাদের ছেলে আল আমিন (৪৮), লেগুনা চালক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার মিনার উদ্দিন (২৩) এবং চকরিয়ার কোনাখালী ইউনিয়নের আলী মিয়ার ছেলে ফিরোজ আহমদ (৩২)।

বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চকরিয়া মহাসড়কের হারবাঙ্গ ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় একটি লেগুনা দুমড়েমুচড়ে নারী-পুরুষসহ ছয়জন নিহত হয়েছেন। খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে এ পর্যন্ত ছয়জনকে মৃত ঘোষণা করা হয়েছে। গুরুতর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওয়াসার দায়িত্বহীনতায় জলাবদ্ধতা: তাপস

0

জলাবদ্ধতা নিরসনে খালগুলো পরিচ্ছন্নতার দায়িত্ব সিটি কর্পোরেশন নিতে চায় বলে জানিয়েছেন দক্ষিণ সিটির মেয়র।

ওয়াসার দায়িত্বহীনতায় রাজধানীতে জলাবদ্ধতার সৃষ্টি হয় মন্তব্য করে, খালগুলোর দায়িত্ব সিটি কর্পোরেশন নিতে চায় বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামকে সঙ্গে নিয়ে ঢাকা দক্ষিণ সিটির জলাবদ্ধ এলাকা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন মেয়র ফজলে নূর তাপস।

এ সময় মেয়র আরো বলেন, ‘আইনগতভাবে যে দায়িত্ব আমাদের ওপর ন্যাস্ত তা আমাদের বুঝিয়ে দেয়া হোক। তাহলে আমাদের যে মহাপরিকল্পনা নিয়ে কাজ করছি তা বাস্তবায়ন করব।’ আর জলাবদ্ধতা নিরসনে আমরা অবশ্যই পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও জানান মেয়র তাপস।

এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, মেয়ররা চাইলে রাজধানীর দুই সিটির খালের দায়িত্ব তাদের দেয়া হবে।

তাজুল ইসলাম আরো বলেন, ‘আগের মেয়ররা খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা করার দায়িত্ব নিতে রাজি না হওয়ার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়েছে। এখন বর্তমান মেয়ররা যদি দায়িত্ব নিয়ে জনগণের কল্যাণে কাজ করেন তাহলে সিটি কর্পোরেশনকে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব দেয়া হবে।’

এর আগে, বুধবার (২২ জুলাই) সচিবালয়ে জলাবদ্ধতা নিরসনে টেকনিক্যাল কমিটির সভা শেষে স্থানীয় সরকার মন্ত্রীকে সঙ্গে নিয়ে খাল পরিদর্শনে বের হন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।

প্রধানমন্ত্রীর সিনিয়র ফটোগ্রাফার হলেন এস এম গোর্কি

0

ফটোসাংবাদিক এস এম গোর্কিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিনিয়র ফটোগ্রাফার এবং আফরোজা বিনতে মনসুরকে (গাজী লিপি) অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে চুক্তিতে নিয়োগ দেয়া হয়েছে।
তাদের এ নিয়োগ দিয়ে বুধবার (২২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
আলোকচিত্রী এম এম গোর্কিকে বেতন স্কেলের গ্রেড-৫ এর সর্বোচ্চ ধাপে প্রধানমন্ত্রীর সিনিয়র ফটোগ্রাফার পদে চুক্তিতে নিয়োগ দেয়া হয়েছে।
অন্যদিকে আফরোজা বিনতে মনসুর গ্রেড-৯ এর সর্বোচ্চ ধাপে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার পদে চুক্তিতে নিয়োগ পেয়েছেন।
প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তাদের নিয়োগ কার্যকর থাকবে বলে আদেশে বলা হয়েছে।
উল্লেখ্য, এস এম গোর্কি দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান ফটোসাংবাদিক ছিলেন। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ভয়ঙ্কর গ্রেনেড হামলায় গুরুতর আহত হন তিনি। খুব কাছ থেকে দেখেছিলেন সেদিনের বীভৎসতা।

আবুল কালাম আজাদ ও নাসিমা সুলতানাকে ডিবির জিজ্ঞাসাবাদ

0

জেকেজি হেলথকেয়ারের জালিয়াতির সঙ্গে জড়িত সন্দেহে সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানাকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ।

বুধবার (২২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার গোলাম মোস্তফা রাসেলের নেতৃত্বে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার আরেকজন কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন।

ডিবি সূত্র বলছে, বিকেল ৩টার দিকে স্বাস্থ্য অধিদফতরে প্রবেশ করেন পুলিশ কর্মকর্তারা। প্রায় তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলছে। এই দুই কর্মকর্তা ছাড়াও ঊর্ধ্বতন আরও এক কর্মকর্তাসহ ২/১ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলা জানা গেছে।

তবে সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া মহাপরিচালক আবুল কালামকে সরাসরি অধিদফতরে পাননি গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা।

সূত্র আরও বলছে, মূলত এই দুজনের সঙ্গেই কথা বলতে স্বাস্থ্য অধিদফতরে যায় পুলিশ।

এর আগে দ্বিতীয় দফা রিমান্ডের সময় জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী ও সিইও আরিফুল হক চৌধুরী স্বীকার করেন- তাদের নমুনা সংগ্রহের চুক্তিভিত্তিক অনুমোদন ও জালিয়াতির সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ ইতিবাচক: তথ্যমন্ত্রী

0

মহাপরিচালকের পদত্যাগ স্বাস্থ্য অধিদপ্তরকে ঢেলে সাজাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার (২২ জুলাই) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে পদত্যাগ করায় ধন্যবাদ জানাই। কারণ স্বাস্থ্য অধিদপ্তর নিয়ে জনমনে অনেক অসন্তুষ্টি তৈরি হয়েছিল, বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তরের কর্তাব্যক্তিদের নিয়ে। সেই প্রেক্ষাপটে আমি মনে করি তার পদত্যাগ স্বাস্থ্য অধিদপ্তরকে ঢেলে সাজানোর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে।

বন্যা নিয়ে বিএনপি নেতাদের বিরূপ মন্তব্যের জবাবে ড. হাছান মাহমুদ পাল্টা প্রশ্ন করে বলেন, বন্যার পানি কি বাংলাদেশে এই প্রথম এলো! দেশে তো প্রতি বছরই বন্যা হয়, ঢাকা শহরেও প্রতিবছর পানি ওঠে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বুঝি বন্যা হয় নাই?’

মন্ত্রী এসময় ৯১ সালের ঘূর্ণিঝড় ও ২০০৪ সালের বন্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ২০০৪ সালের বন্যায় বিএনপির অর্থমন্ত্রী সাইফুর রহমানসহ বহু মন্ত্রী-নেতার বাড়ির চারপাশে নোংরা পানি ছিল। তারা গুলশান লেক সংস্কার করতে ব্যর্থ হয়েছিল বলেই তা ঘটেছিল।

অবান্তর কথা বলা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে, অবান্তর কথা না বলে তারা বন্যার্তদের পাশে দাঁড়ালে বরং জনগণ উপকৃত হবে, বলেন ড. হাছান।

নামসর্বস্ব পত্রিকা ও সাংবাদিক নামধারীদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না-এ প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এদেশের সাংবাদিকদের অত্যন্ত মেধাবী, প্রাজ্ঞ এবং সুলেখক হিসেবে বর্ণনা করেন এবং বলেন, তাদের রিপোর্টিং সমাজের তৃতীয় নয়ন খুলে দিতে পারে, ভাষাহীনকে ভাষা দিতে ও ক্ষমতাহীনকে ক্ষমতাবান করতে পারে, যা অনেক সাংবাদিক নিষ্ঠার সাথে করে আসছেন। একইসাথে তিনি দুঃখ করে বলেন, ‘কিছু সাংবাদিক পরিচয়ধারী, যারা আসলে সাংবাদিক নয়, তাদের কারণে পুরো সাংবাদিক সমাজের বদনাম হতে পারে না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নিয়ে আমরা কাজ শুরু করেছি, যেখানে সাংবাদিক ভাইদের, সাংবাদিক ইউনিয়নগুলোর এবং সাংবাদিকদের অন্যান্য সংগঠনগুলোসহ সবার সহযোগিতা প্রয়োজন। যেহেতু এই অব্যবস্থা একদিনে হয়নি, দশকের পর দশক হয়ে আসছে, এটি ঠিক করতেও কিছুটা সময় লাগবে।

এর আগে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ ( অ্যামচ্যাম) এর পক্ষ থেকে ‘অ্যামচ্যাম কোভিড-১৯ ফ্রন্টলাইন অ্যাওয়ার্ড’ প্রদানের ঘোষণা দান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন। মন্ত্রী তাদের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘করোনা মহামারির মধ্যেও যে সমস্ত সাংবাদিক, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, আইন-শৃঙ্খলা বাহিনী, মাঠ প্রশাসন সদস্যসহ যারা জীবনে হাতে নিয়ে কাজ করে চলেছেন, এবং যারা এই সেবা দিতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, তাদের পুরস্কৃত করার এই উদ্যোগকে আমি অভিনন্দন জানাই।

ড. হাছান মাহমুদ তার বক্তৃতায় ভবিষ্যতে মহামারি মোকাবিলায় যাতে মানুষ এবারের মতো অসহায় হয়ে না পড়ে সেজন্য প্রস্তুতির ওপর জোর দেন। তিনি বলেন, আমাদেরকে বৈশ্বিকভাবে ভাবতে হবে এবং সেই লক্ষ্যে কাজ করতে হবে যাতে আমাদের উদ্যোগ, গবেষণা ও মনোনিবেশের অভাবে আর কোনো মহামারি মোকাবিলায় আমরা অসহায় না হয়ে পড়ি।

রাষ্ট্রদূত হলেন মো. মোশাররফ ও সহিদুল ইসলাম

0

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এবং বিমসটেক মহাসচিব মো. সহিদুল ইসলামকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এই দুই কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়ে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এখন তাদের রাষ্ট্রদূত হিসেবে পদায়ন করবে।

সাবেক জ্যেষ্ঠ সচিব মোশাররফকে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য রাষ্ট্রদূত পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।

বিমসটেকের মহাসচিব পদে চুক্তিতে নিয়োজিত পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সহিদুলের অভোগকৃত অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য রাষ্ট্রদূত হিসেবে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।

গত ২০১৬ সালের ২৯ জুন মোশাররফের পিআরএল বাতিল করে তাকে এক বছরের চুক্তিতে শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নিয়োগ দেয় সরকার। এরপর দুই বছরের চুক্তিতে এনবিআর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি।

শিল্পী নমিতা ঘোষের চিকিৎসায় ২১ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

0

শিল্পীদের দুঃসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় তাদের পাশে দাঁড়িয়েছেন। এরই মধ্যে অনেক শিল্পীর চিকিৎসা ও আর্থিক সংকটে অর্থ সহায়তা করেছেন তিনি।
এবার সংগীতশিল্পী নমিতা ঘোষের চিকিৎসার জন্য ২১ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী।
আজ বুধবার (২২ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী নমিতা ঘোষ সশরীরে উপস্থিত হতে না পারায় এই অর্থ তার পরিবারে কাছে পৌঁছে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
দীর্ঘদিন ধরে ক্যানসার ও চোখের জটিলতায় ভুগছেন নমিতা ঘোষ।
মহান স্বাধীনতা যুদ্ধের সময় গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা ও সাহস ‍জোগান নমিতা ঘোষ। গান গেয়ে মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন তিনি। মাত্র ১৪ বছর বয়সে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দিয়ে পরোক্ষোভাবে স্বাধীনতা যুদ্ধে অংশ নেন এই শিল্পী।