Home Blog Page 2797

হাতিরপুলে হ্যান্ড স্যানিটাইজার বিস্ফোরণে চিকিৎসক দম্পতি দগ্ধ

0

রাজধানীর হাতিরপুলের নিজ বাসায় হ্যান্ড স্যানিটাইজার বিস্ফোরণে এক চিকিৎসক দম্পতি দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) দিনগত রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন চিকিৎসক দম্পতির স্বজনরা।

অগ্নিদগ্ধ ডা. রাজিব ভট্টাচার্য (৩৬) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক এবং তার স্ত্রী ডা. অনূসূয়া ভট্টাচার্য (৩২) শ্যামলী সেন্ট্রাল মেডিকেল চক্ষু বিভাগের রেজিস্ট্রার।

স্বজনরা জানান, রাজিবের বাড়ি কুমিল্লা দেবীদ্বার উপজেলার ইস্টগ্রামে। একমাত্র মেয়ে রাজশ্রী ভট্টাচার্যকে (৫) নিয়ে হাতিরপুল ইস্টার্ন প্লাজার পিছনের একটি বাড়ির ৩য় তলায় ভাড়া থাকেন। তার বাবার নাম লক্ষ্মণ ভট্টাচার্য। এক ভাই ও দুই বোনের মধ্যে রাজিব সবার ছোট। আর অনূসূয়ার বাড়ি সিলেট।

বুধবার (২২ জুলাই) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, রাজিবের শ্বাসনালীসহ শরীরের ৮৭ শতাংশ ও আর তার স্ত্রীর ২০ শতাংশ দগ্ধ হয়েছে। রাজিবকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। তার অবস্থা শঙ্কটাপন্ন। স্ত্রীর অবস্থাও গুরুতর। যতটুকু শুনেছি বাসার ভেতর হ্যান্ড সেনিটাইজার আগুনের সংস্পর্শে এলে এ অগ্নিদগ্ধের ঘটনা ঘটে।

হাসপাতালে দগ্ধ রাজিবের বন্ধু ডা. সুদীপ দে বলেন, মঙ্গলবার (২১ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে বাসায় রাজিব একটি বড় বোতল থেকে হ্যান্ড স্যানিটাইজার ছোট বোতলে ঢালছিলেন। তখন বোতল থেকে স্যানিটাইজার পড়ে গেলে মুখে সিগারেট অথবা মশার কয়েলের আগুনের সংস্পর্শে তার শরীরে আগুন ধরে যায়। তা দেখে তার স্ত্রী সম্ভবত তাঁকে বাঁচাতে গিয়ে তিনিও দগ্ধ হন। পরে তাদের চিৎকারে আশপাশের ভাড়াটিয়ারা তাদের উদ্ধার করে রাতেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে ভর্তি করেন।

দগ্ধ ডা. রাজিবের কাকাতো বোন তপু ভট্টচার্য বলেন, ওই বাসায় তারা স্বামী-স্ত্রী ও মেয়ে, এবং রাজিবের বাবা থাকেন। তাদের মেয়ে রাজশ্রী ভট্টাচার্যকে ৩ সপ্তাহ আগে কুমিল্লায় দাদীর কাছে পাঠিয়ে দিয়েছিলেন।

তিনি আরও জানান, ৬ বছর আগে প্রেমের সম্পর্কে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে ছিল। এটি শুধু একটি দুর্ঘটনা বলে আমাদের মনে হচ্ছে না। অন্য কোনো কারণও থাকতে পারে বলে আমাদের ধারণা।

করোনার কারণে ৪ কোটি শিশু শিক্ষা থেকে বঞ্চিত: ইউনিসেফ

0

কোভিড-১৯ এর কারণে শিশুসেবা ও প্রারম্ভিক শিক্ষা ব্যবস্থা ব্যাহত হওয়ায় বিশ্বব্যাপী অন্তত ৪ কোটি শিশু স্কুল শুরুর আগে প্রারম্ভবিক শৈশবকালীন শিক্ষা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) ঢাকায় প্রাপ্ত নিউইয়র্ক থেকে ইউনিসেফ প্রকাশিত নতুন এক গবেষণায় এ তথ্য জানানো হয়।

ইউনিসেফের গবেষণা বিষয়ক কার্যালয় ‘ইনোসেন্টির তৈরি করা এই গবেষণার সার সংক্ষেপ বৈশ্বিকভাবে শিশুসেবা এবং প্রারম্ভিক শৈশবকালীন শিক্ষা পরিস্থিতির দিকে নজর দেয় এবং ব্যাপকভাবে ছড়িয়ে পড়া কোভিড-১৯ এর কারণে এসব গুরুত্বপূর্ণ পারিবারিক সেবা বন্ধ হয়ে যাওয়ার প্রভাব সর্ম্পকিত একটি বিশ্লেষণ অর্ন্তভুক্ত করে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর বলেন, “কোভিড-১৯ মহামারি কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় তা সম্ভাব্য সবচেয়ে ভালো উপায়ে শিশুদের পড়াশোনা শুরু করায় বাধা হয়ে দাঁড়াচ্ছে।”

তিনি বলেন, ‘শিশুসেবা এবং প্রারম্ভিক শৈশবকালীন শিক্ষা এমন একটি ভিত তৈরি করে, যার ওপর শিশুদের বিকাশের প্রতিটি বিষয় র্নিভর করে। বৈশ্বিক মহামারি সেই ভিতকে মারাত্মক হুমকিতে ফেলেছে।’

বৈশ্বিক সংকটে শিশুসেবা: র্কমক্ষেত্র ও পারিবারিক জীবনের ওপর কোভিড-১৯ এর প্রভাব র্শীষক গবেষণা প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, লকডাউনের কারণে অনেক বাবা-মাকে শিশুসেবা ও কর্মসংস্থানের মধ্যে ভারসাম্য বজায় রাখতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে। এ কারণে বৈষম্যমূলকভাবে নারীদের ওপর চাপ অনেক বেড়েছে।

সেবাসমূহ বন্ধ হয়ে যাওয়ায় তা বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ছোট শিশুদের পরিবারগুলোর জন্য সংকটকে আরও গভীর করে তুলেছে। এসব শিশুর অনেকে আগে থেকেই সামাজিক সুরক্ষামূলক সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত ছিল।

শিশুদের সমন্বিত পরিষেবা, মমতা, সুরক্ষা, উদ্দীপনা ও পুষ্টি সেবা প্রদানে এবং একই সঙ্গে তাদের সামাজিক, অনুভূতি ও মানসিক দক্ষতার বিকাশে সক্ষম করে তুলতে শিশুসেবা অপরিহার্য বলে গবেষণায় উল্লেখ করা হয়।

এ থেকে উত্তোরণে ফোর বলেন, “এই র্দুযোগের সঙ্গে মানিয়ে নিতে এবং শিশুদের শিক্ষা ও বিকাশকে সুরক্ষিত রাখার জন্য পরিবাগুলোর তাদের সরকারের ও চাকরিদাতাদের সহায়তা প্রয়োজন।”

গবেষণায় বলা হয়, ১৬৬টি দেশের মধ্যে অর্ধেকেরও কম দেশে অন্তত এক বছরের জন্য বিনামূল্যের প্রাক-প্রাথমিক কর্মসূচি রয়েছে। এটি আবার নিম্ন-আয়ের দেশগুলোর ক্ষেত্রে মাত্র ১৫ শতাংশে নেমে এসেছে।

অনেক ছোট শিশু যারা বাড়িতেই ছিল, তারা তাদের সুস্থ বিকাশের জন্য প্রয়োজনীয় খেলা এবং প্রাথমিক শিক্ষা সহায়তার সুযোগ পায় না। প্রতিবেদনে বলা হয়, শিশুসেবা ও প্রারম্ভিক শিক্ষাজনিত বিকল্পের অভাবও অনেক বাবা-মাকে, বিশেষ করে অনানুষ্ঠানিক খাতে কাজ করা মায়েদের অনেকেই তাদের ছোট শিশুটিকে নিজ কর্মক্ষেত্রে নিয়ে আসা ছাড়া কোনো বিকল্প থাকে না। আফ্রিকায় প্রতি ১০ জন নারীর মধ্যে ৯ জনেরও বেশি এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১০ জনের মধ্যে প্রায় ৭ জন নারী অনানুষ্ঠানিক খাতে কাজ করে এবং কোনো ধরণের সামাজিক সুরক্ষা সেবা পায় না বা অত্যন্ত সীমিত আকারে পায়।

অনেক বাবা-মা এই অনির্ভরযোগ্য, স্বল্প বেতনের চাকরিতে আটকা পড়ে যায়, যা কয়েক প্রজন্মের মধ্যে দারিদ্র্যের একটি চক্র গড়ে তুলতে অবদান রাখে বলে গবেষণায় বলা হয়।

গবেষণায় আরো বলা হয়, এ অবস্থায় সব বাবা-মায়ের জন্য সবেতন মাতৃত্ব বা পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করা, যাতে মাতৃত্ব বা পিতৃত্বকালীন ছুটি শেষ হওয়া ও সাশ্রয়ী শিশুসেবা শুরু হওয়ার মাঝে কোনো ফাঁক না থাকে।

পাশাপাশি কর্মজীবী বাবা-মায়েদের জন্য প্রয়োজন অনুসারে নমনীয় বা সুবিধাজনক কাজের ব্যবস্থা করতে হবে। প্রশিক্ষণসহ অ-পারিবারিক শিশুসেবায় নিয়োজিত কর্মীদের পেছনে বিনিয়োগ এবং নগদ অর্থ প্রদানসহ সামাজিক সুরক্ষা ব্যবস্থাসমূহ অনানুষ্ঠানিক খাতে কর্মরত পরিবারগুলোর কাছে পৌঁছাতে হবে।

বায়তুল মোকাররমে ঈদের জামাত হবে ছয়টি

0

আগামী ১ আগস্ট সারা দেশে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ছয়টি জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এরপর এখানে পর্যায়ক্রমে আরো পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। সর্বশেষ জামাত বেলা ১১টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে। আজ বুধবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

জাতীয় মসজিদে ঈদের নামাজেরর সময়সূচি, ইমাম ও মুকাব্বিরদের দায়িত্ব পালনের তালিকা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এরমধ্যেই প্রকাশ করা হয়েছে। এসব জামাতের ইমাম ও মুকাব্বিরের দায়িত্ব পালনকারীদের তালিকা নিচে তুলে ধরা হলো-

প্রথম জামাত : সকাল ৭টায়, ইমাম : হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান, সিনিয়র পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির : হাফেয ক্বারী কাজী মাসুদুর রহমান, মুয়াজ্জিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

দ্বিতীয় জামাত : সকাল ৭টা ৫০ মিনিটে, ইমাম : হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির : হাফেজ ক্বারী হাবিবুর রহমান মেশকাত, মুয়াজ্জিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

তৃতীয় জামাত : সকাল ৮টা ৪৫ মিনিটে, ইমাম : হাফেজ মাওলানা এহসানুল হক, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির : মাওলানা ইসহাক, মুয়াজ্জিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

চতুর্থ জামাত : সকাল ৯টা ৩৫ মিনিটে, ইমাম : মাওলানা মহিউদ্দিন কাসেম, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির : মো. শহীদুল্লাহ, চিফ খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

পঞ্চম জামাত : সকাল ১০টা ৩০ মিনিটে, ইমাম : হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির : হাফেজ মো. আব্দুল মান্নান, খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

ষষ্ঠ ও সর্বশেষ জামাত : সকাল ১১টা ১০ মিনিটে, ইমাম : মাওলানা মুহাম্মদ আব্দুর রব মিয়া, সাবেক উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির : হাফেজ মো. আব্দুর রাজ্জাক, খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

স্বাস্থ্য অধিদফতরের ডিজির পর এবার পরিচালককে অব্যাহতি

0

স্বাস্থ্য অধিদফতরের মহা পরিচালকের পদত্যাগের পর এবার হাসপাতাল বিভাগের পরিচালক ডা. আমিনুল হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আমিনুল হাসান লাইসেন্সবিহীন রিজেন্ট হাসপাতালকে কোভিড-১৯ চিকিৎসার অনুমোদন দিয়েছিলেন।

এছাড়াও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এর আগে স্বাস্থ্য অধিদফতরের নানা অনিয়মের বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা হয়। সম্প্রতি রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারিতে স্বাস্থ্য অধিদফতরের সম্পৃক্ততার প্রমাণও মেলে।

রিজেন্ট হাসপাতালকে কোভিড চিকিৎসায় অনুমোদন দেয়ার জন্য মন্ত্রণালয়ের ইঙ্গিত ছিলো বলে জানায় স্বাস্থ্য ডিজি। মন্ত্রণালয় দায় না নিয়ে কারণ দর্শানোর নোটিশও দেয় স্বাস্থ্য ডিজিকে। এ অবস্থায় স্বাস্থ্য অধিদফতরকে ঢেলে সাজানোরও ইঙ্গিত মেলে।

ডিএনসিসির কোরবানি পশুর হাট পর্যবেক্ষণে ১০ সদস্যের কমিটি

0

কোরবানি পশুর হাটে স্বাস্থ্যবিধি এবং অন্যান্য শর্ত সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

নগরীর ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো, মফিজুর রহমান এ কমিটির আহবায়ক।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আফসার উদ্দিন খান, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ইসমাইল মোল্লা, ১৪ নম্বর ওয়ার্ডের মো. হুমায়ুন রশীদ, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ইসহাক মিয়া, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন, ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম, ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, ১০ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর হামিদা আক্তার মিতা এবং ১৭ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর জাকিয়া সুলতানা।

এছাড়া স্বাস্থ্যবিধি ও অন্যান্য শর্ত মেনে চলা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে প্রতি হাটে একটি করে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

এক লাখ চারা গাছ রোপণ করবে ডিএসসিসি: মেয়র তাপস

0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে এক লক্ষ চারা গাছ রোপণ করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার দুপুরে নগর ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।
মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী সারাদেশে যে এক কোটি গাছের চারা রোপণ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন, ডিএসসিসি সেই মহতী অভিযাত্রায় যোগ্য অংশীদার হতে চায়। সে লক্ষ্যে আজ থেকে ডিএসসিসি’র আওতাধীন এলাকায় এক লক্ষ গাছের চারা রোপণ করার কার্যক্রম শুরু করা হচ্ছে।’
এ সময় নগর ভবন প্রাঙ্গণে তিনটি কৃষ্ণচূড়া ও দুটি রাধাচূড়া গাছের চারা রোপণ করেন তিনি।
বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, সচিব আকরামুজ্জামান উপস্থিত ছিলেন।

করোনায় আরও ৪২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৪৪

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৭৫১ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৭৪৪ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ১৩ হাজার ২৫৪ জন।
আজ বুধবার (২২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

সরকারের নানা পদক্ষেপে দেশ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার মৎস্য খাতের গুরুত্ব উপলব্ধি করে দেশের মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির জন্য নানাবিধ পদক্ষেপ গ্রহণ করায় দেশ আজ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। গত ১১ বছরে মাছের উৎপাদন ৫০ শতাংশের অধিক বৃদ্ধি পেয়েছে।
আজ বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন লেকে পোনামাছ অবমুক্ত করে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০’-এর উদ্বোধন ঘোষণা করতে গিয়ে এ কথা বলেন তিনি।
সরকারের নানা পদক্ষেপে দেশ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার মৎস্য খাতের গুরুত্ব উপলব্ধি করে দেশের মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির জন্য নানাবিধ পদক্ষেপ গ্রহণ করায় দেশ আজ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। গত ১১ বছরে মাছের উৎপাদন ৫০ শতাংশের অধিক বৃদ্ধি পেয়েছে।
আজ বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন লেকে পোনামাছ অবমুক্ত করে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০’-এর উদ্বোধন ঘোষণা করতে গিয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ২০২০ সালের প্রতিবেদন অনুযায়ী স্বাদু পানির মাছের উৎপাদন বৃদ্ধির হারে বাংলাদেশ এবার বিশ্বে দ্বিতীয় অবস্থানে উন্নীত হয়েছে। দেশ আজ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। বর্তমানে জনপ্রতি দৈনিক ৬০ গ্রাম চাহিদার বিপরীতে ৬২.৫৮ গ্রাম মাছ আমরা গ্রহণ করছি।
কোভিড-১৯ মহামারির মধ্যেও মৎস্য অধিদফতরসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার কর্মীরা যেভাবে ঝুঁকি নিয়ে মাছের উৎপাদন, বিপণন এবং রফতানি অব্যাহত রাখায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থে এ ধারা অব্যাহত রাখতে হবে। মাছের উৎপাদন বৃদ্ধি করে দেশের জনগোষ্ঠীর শুধু পুষ্টি চাহিদা পূরণ নয়, ব্যাপক কর্মসংস্থান, বিদেশে মাছ রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন আমাদের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, দেশে প্রায় পৌনে পাঁচশত প্রজাতির সামুদ্রিক মাছ এবং ২৫০ প্রজাতির বেশি স্বাদুপানির মাছ রয়েছে। এ ছাড়া চিংড়ি, কাঁকড়া, শামুকসহ অসংখ্য মৎস্যসম্পদের আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারে প্রচুর চাহিদা সৃষ্টি হয়েছে।
মৎস্যচাষে গতানুগতিক পদ্ধতি থেকে বেরিয়ে এসে উন্নত ও আধুনিক পদ্ধতি গ্রহণ করার মাধ্যমে দেশীয় প্রজাতির মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করারও আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, মৎস্য ক্ষেত্রে বিনিয়োগের ফলে একদিকে যেমন নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হয় তেমনি সমৃদ্ধ হয় জাতীয় অর্থনীতি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মৎস্য খাতের উন্নয়নে ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্ট সবার প্রশংসা করে জানান, চাষের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য দেশবাসীকে অনুপ্রাণিত করতে ১৯৭৩ সালে গণভবনের লেকে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
জাতির পিতা পাট, চামড়া, চা-এর সাথে মাছকেও বাংলাদেশের রফতানি পণ্য হিসেবে উল্লেখ করেছিলেন এবং মৎস্যসম্পদ বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় প্রধান খাত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন, বলেন শেখ হাসিনা।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ.ম রেজাউল করিম প্রধানমন্ত্রীকে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে সরকারের নেয়া নানামুখী পদক্ষেপ ও অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।
তিনি বলেন, মৎস্য সেক্টরে গত ১১ বছরে নারী-পুরুষ নির্বিশেষে বাড়তি প্রায় ৬৫ লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে এবং বৃদ্ধি পেয়েছে মৎস্য চাষি ও মৎস্যজীবীদের আয়। মা-ইলিশ রক্ষা ও জাটকা নিধন রোধে আমরা কার্যকর কর্মসূচি গ্রহণ করেছি; জাটকা আহরণে বিরত দরিদ্র জেলেদের খাদ্য সহায়তা দেয়া অব্যাহত রয়েছে। ফলে, ইলিশের উৎপাদন ২০০৯ এর পরিমাণ থেকে দ্বিগুনের বেশি বৃদ্ধি পেয়েছে।
এ ছাড়াও ওই সময় মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।

কাল খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

0

কক্সবাজার সদরের খুরুশকুলে জলবায়ু উদ্বাস্তুদের জন্য তৈরি করা হয়েছে দেশের বিশাল আশ্রয়ণ প্রকল্প। প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এ প্রকল্পে এরই মধ্যে ২০টি বহুতলভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়াল প্লাটফরমের মাধ্যমে গণভবন থেকে এ প্রকল্পের উদ্বোধন করবেন।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার খুরুশকুলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আশ্রয়ণ প্রকল্পের নির্মিত ভবনগুলোর বসতঘর উপকারভোগীদের মধ্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল প্লাটফরমের মাধ্যমে প্রধানমন্ত্রী গণভবন থেকে সরাসরি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
তিনি বলেন, ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নবনির্মিত ২০টি ভবন উদ্বোধন ঘোষণা করবেন এবং ১৯ উপকারভোগীর মধ্যে বসতঘরের চাবি হস্তান্তর করবেন। একই সময় খুরুশকুল প্রান্তে তিনজন উপকারভোগী কর্তৃক আশ্রয়ন প্রকল্পস্থলে রোপণ করা হবে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা।
কক্সবাজার শহর থেকে ৩ কিলোমিটার দূরে খুরুশকুলে বাঁকখালী নদীর তীরে ২৫৩ একর জমির ওপর গড়ে উঠেছে এই ‘বিশেষ আশ্রয়ণ প্রকল্প’। পুরো এলাকাকে চারটি জোনে ভাগ করে ১৩৯টি পাঁচতলা ভবন নির্মাণ করা হচ্ছে সেখানে।
সরকারের নিজস্ব অর্থায়নে ১৮০০ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের পুরো কাজ শেষ হলে এসব ভবনে বসবাসের সুযোগ পাবে ৪ হাজার ৪০৯টি জলবায়ু উদ্বাস্তু পরিবার, যারা কক্সবাজার বিমানবন্দরের পালে ফদনার ডেইল, কুতুবদিয়াপাড়া ও সমিতিপাড়ায় মানবেতর জীবন কাটাচ্ছেন বহু বছর ধরে।
‘একটি মানুষও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নে গৃহহীন মানুষের জন্য ঘর বানিয়ে দেওয়ার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার।
১৯৯৭ সালের ১৯ মে কক্সবাজার জেলাসহ পার্শ্ববর্তী এলাকা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হলে বহু পরিবার গৃহহীন হয়ে পড়ে। তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইসব এলাকা পরিদর্শন করে গৃহহীন ও ছিন্নমূল মানুষের পুনর্বাসনের তাৎক্ষণিক নির্দেশ দেন। সেই প্রেক্ষাপটে ১৯৯৭ সালে ‘আশ্রয়ণ’ নামে প্রথম প্রকল্প গ্রহণ করা হয়।
আশ্রয়ণ-২ প্রকল্প শুরু হয় ২০১০ সালে। এ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল ৩ লাখ ১৯ হাজার ১৪০টি পরিবার ঘর পেয়েছে। অন্যান্য আশ্রয়কেন্দ্রগুলো তৈরি করা হয়েছে পাকা ও আধা পাকা দালানের ব্যারাক আকারে। বহুতল ভবনে ফ্ল্যাট নির্মাণ খুরুশকুলের এই আশ্রয়ণ প্রকল্পেই প্রথম।
সশস্ত্র বাহিনী বিভাগের মাধ্যমে প্রথম পর্যায়ের ২০টি ভবনের মধ্যে ১৯টির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রতিটি পাঁচতলা ভবনে থাকছে ৪৫৬ বর্গফুট আয়তনের ৩২টি করে ফ্ল্যাট।
যা যা থাকছে নতুন ঠিকানায়
শহর থেকে খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পে যাওয়ার জন্য সুপ্রশস্ত রাস্তা নির্মাণ করা হয়েছে। প্রকল্পের ভেতরের রাস্তা নির্মাণের কাজও শেষ হয়েছে। কাটা হয়েছে পুকুর। জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য নদীর পাশে সাত মিটার উঁচু বাঁধ নির্মাণ করা হয়েছে।
নির্মাণ কাজ শেষ হওয়া ভবনগুলোর আলাদা আলাদা নামও দেওয়া হয়েছে। কোনোটির নাম দেওয়া হয়েছে ইনানী। কোনোটার নাম বাঁকখালী। সাম্পান, ঝিনুক, কোরাল- এ রকম নামও রয়েছে। প্রধানমন্ত্রীই এসব নাম ঠিক করে দিয়েছেন বলে জানান প্রকল্প পরিচালক।
২০২৩ সালে পুরো প্রকল্পের যখন শেষ হবে, তখন এখানে যে কেবল ৪ হাজার ৪০৯টি পরিবার আশ্রয় পাবে, তা নয়। প্রায় ১০০ একর জমির ওপর গড়ে তোলা হবে আধুনিক পর্যটন জোন। ১৪টি খেলার মাঠ, সবুজ জায়গা, মসজিদ, মন্দির, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, পুলিশ ও ফায়ার স্টেশন, তিনটি পুকুর, নদীতে দুটি জেটি, দুটি বিদ্যুতের সাবস্টেশন থাকবে এখানে।
প্রকল্পের আবাসিক ভবনগুলো সব ৫ তলা হলেও একটি ভবন হবে দশ তলা, যার নাম হবে শেখ হাসিনা টাওয়ার। এই ভবনের অবস্থান হবে পর্যটন জোনে।
২০ কিলোমিটার অভ্যন্তরীণ রাস্তা, ৩৬ কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য পরিশোধন ও নিষ্কাশন ব্যবস্থাপনা, তীর রক্ষা বাঁধ, ছোট সেতু, ঘাটলা ও খাল থাকবে পুরো প্রকল্প এলাকায়।

জামিন মেলেনি ডেসটিনির চেয়ারম্যান-এমডির

0

দুই মামলায় ডেসটিনি গ্রুপের কারাবন্দি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনকে জামিন দেননি হাইকোর্ট। তাঁদের জামিনের আবেদন নিয়মিত আদালত খোলা পর্যন্ত মুলতবি রাখার আদেশ দেওয়া হয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার (২২ জুলাই) এ আদেশ দেন। তাঁদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি ও মো. মাইনুল হোসেন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক।

এর আগে গত ১৫ জুন এই একই আদালত রফিকুল আমীনের জামিনের আবেদন নিয়মিত আদালত খোলা পর্যন্ত মুলতবি রাখার আদেশ দেন। এরপর ওই আদেশ প্রত্যাহার ও জামিন চেয়ে নতুন করে গতকাল মঙ্গলবার (২১ জুলাই) আবেদন করেন রফিকুল আমীন। আর মোহাম্মদ হোসেন এই আবেদন করেন আগের দিন ২০ জুলাই। এই দুইজনের আবেদনের ওপর আজ বুধবার শুনানি হয়।

মানি লন্ডারিং এর অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় দুটি মামলা করে দুদক। ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ (এমএলএম) ও ট্রি-প্লানটেশন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অর্থের মধ্যে তিন হাজার ২৮৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৫২৪ টাকা এবং এক হাজার ১৭৮ কোটি ৬১ লাখ ২৩ হাজার ২০৪ টাকা আত্মসাত করে পাচারের অভিযোগে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এই মামলা দুটি করা হয়। ২০১৪ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

ওই মামলায় ২০১৬ সালের ২০ জুলাই ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও এমডি রফিকুল আমীনকে জামিন দেন হাইকোর্ট। পরে দুদকের আবেদনে তা স্থগিত করে দেন আপিল বিভাগ। পরবর্তীতে এ বিষয়ে আপিল বিভাগে শুনানির একপর্যায়ে তাঁদের লাগানো ৩৫ লাখ গাছের মধ্যে প্রয়োজনীয় সংখ্যক গাছ বিক্রি করে দুই হাজার ৮০০ কোটি টাকা দেবেন- এমন শর্তে আপিল বিভাগ তাঁকে জামিন দেন আপিল বিভাগ। গাছ বিক্রি করতে না পারলে নগদ দুই হাজার ৫০০ কোটি টাকা দিতে বলা হয়। ওই শর্ত সংশোধন চেয়ে ২০১৭ সালে আপিল বিভাগে আবেদন করেন রফিকুল আমীন।

ওইসময় শুনানিতে ডেসটিনির আইনজীবী আদালতে বলেন, ‘গাছ ছাগলে খেয়ে ফেলেছে।’ এরপর ওই জামিন আবেদন ওই বছরের ৩০ নভেম্বর খারিজ হয়ে যায়। ফলে তাঁদের আর মুক্তি হয়নি। গতবছর আবারো জামিন চেয়ে আবেদন করা হয় আপিল বিভাগে। গতবছর ১৭ ডিসেম্বর আপিল বিভাগ তাঁদের জামিন আবেদন খারিজ করে দেন। একইসঙ্গে নিম্ন আদালতে বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। এ অবস্থায় হাইকোর্টে জামিন আবেদন করেন তাঁরা।