Home Blog Page 2799

বন্যা-দুর্যোগ মোকাবেলায় নিজেদের চেহারাটা আয়নায় দেখুন : বিএনপিকে তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপিকে বন্যা-দুর্যোগ মোকাবেলায় নিজেদের চেহারাটা আয়নায় দেখতে বলেছেন।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, “’বন্যা-দুর্যোগ মোকাবেলায় নিজেরা কি করেছেন, সেই চেহারাটা ভালোভাবে আয়নায় দেখুন। শুধু সিদ্ধান্তের অভাবে তাদের আমলে ১৯৯১ সালের ঘুর্ণিঝড়ে লাখ লাখ প্রাণ ও বিপুল সম্পদহানিসহ বিমান বাহিনীর এক ডজনেরও বেশি বিমান চট্টগ্রাম বিমানবন্দর থেকে না সরানোর কারণে ধ্বংস হয়েছে।”

আজ সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকরা সরকারের বন্যা মোকাবেলার বিষয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বিরূপ মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী একথা বলেন।

ড. হাছান বলেন, ‘১৯৯১’র ঘুর্ণিঝড়ে প্রায় আড়াই থেকে তিন লাখ মানুষের মৃত্যুর পরও সংসদে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া নির্লজ্জের মতো বলেছিলেন- ‘যত মানুষ মারা যাওয়ার কথা, তত মারা যায়নি’। পরিবার ও নেত্রী গুরুজনদের শ্রদ্ধা করতে শিখিয়েছেন, সেকারণে লজ্জায় বলতে না চাইলেও এটা সত্যি যে, লাশের গন্ধ বাতাসে ভাসা সেই সময়ে একজন বিদেশি অতিথির আগমণে একদিনে বেগম জিয়ার সাতবার শাড়ি বদলের ঘটনা জনগণ ভোলে নি।’

অপরদিকে ১৯৯৮ সালের বন্যা প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘৯৮ এর বন্যায় দেশের প্রায় শতকরা পঁচাত্তর ভাগ এলাকা প্লাবিত হয়েছিল। বিবিসি ও অন্যান্য দেশি-বিদেশি গণমাধ্যম লাখ লাখ মানুষের অনাহারে মৃত্যুর আশংকা প্রকাশ করেছিল। জননেত্রী শেখ হাসিনা তখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছিলেন। সব শংকা-আশংকা ভুল প্রমাণ করে তিনি অত্যন্ত সফলভাবে সেই বন্যা মোকাবেলা করেছেন এবং অনাহারে কেউ মারা যায়নি।

গত ক’দিনের টানা বৃষ্টিতে রাজধানীর অবস্থা নিয়ে তথ্যমন্ত্রী বলেন, বেশি বৃষ্টিতে ঢাকা শহরের জলাবদ্ধতা আগের চেয়ে কমে এসেছে এবং এর পূর্ণ নিরসনে ওয়াসা গত বছর থেকে ১০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে যার সমাপ্তিতে এই সমস্যা থাকবে না।

দেশে বন্যায় ২৫ জনের মৃত্যু: ত্রাণ প্রতিমন্ত্রী

0

অতিবৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন নদ-নদীতে পানিবৃদ্ধি অব্যাহত আছে। এখন পর্যন্ত দেশের ২৫টি জেলা বন্যা কবলিত। পর্যন্ত বন্যায় মারা গেছেন ২৫ জন।

মঙ্গলবার (২১ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ৩ কোটি ২১ লাখ টাকা নগদ ও ৯ হাজার মেট্রিক টন চাল দেয়া হয়েছে।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ৭২টি পয়েন্টে নদ-নদীর পানি বেড়েছে। অন্যদিকে কমেছে মাত্র ২৫টি পয়েন্টে। ২৮টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গতকাল ছিল ২১টি পয়েন্টে।

মঙ্গলবার (২১ জুলাই) বন্যা পূর্বভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এ মুহূর্তে বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১৬টি।

শীতলক্ষ্য নদীর পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঢাকা জেলার নদ-নদীর পানি আগামী ৪৮ ঘণ্টায় আরও বাড়বে। ঢাকার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

এছাড়াও ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ও গাইবান্দা, বগুড়া জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, নাটোর, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর রাজবাড়ি, শরিয়তপুরে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। অপরদিকে সিলেট এবং সুনামগঞ্জ জেলার বন্যার পরিস্থিতি অবনতি থাকবে।

মহাখালীতে বিদেশগামীদের করোনা পরীক্ষা শুরু

0

সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে এবং স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় রাজধানীর মহাখালী ডিএনসিসি মার্কেটে প্রস্তাবিত অস্থায়ী করোনা আইসোলেশন হাসপাতালে বিদেশগামী যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে।

আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং বিদেশ যাত্রার ৭২ ঘণ্টা আগে নমুনা সংগ্রহ এবং ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট প্রদান করা হবে। বিদেশগামী যাত্রীরা নমুনা প্রদানের পরবর্তী দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাঁদের রিপোর্ট সংগ্রহ করতে পারবেন। আসন্ন ঈদের ছুটিতেও নমুনা সংগ্রহ বুথ খোলা থাকবে।

মোট ২০টি বুথ স্থাপনের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বয়োজ্যেষ্ঠ নাগরিক, নারী ও বিদেশি নাগরিকদের জন্য পৃথক নমুনা সংগ্রহ বুথ নির্ধারণ করা হয়েছে।

সংগৃহীত নমুনাসমূহ আইপিএইচ (ইনস্টিটিউট অব পাবলিক হেলথ), নিপসম (ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড স্যোসাল মেডিসিন) ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার থেকে পরীক্ষা করা হবে।

এতে সরকার কর্তৃক নমুনা পরীক্ষা ফি বাবদ তিন হাজার ৫৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া স্থাপিত বুথ থেকে প্রতিদিন এক হাজার জন বিদেশগামী যাত্রীর নমুনা সংগ্রহ করা হবে।

৩০ জুলাই পবিত্র হজ

0

সৌদি আরবের আকাশে সোমবার কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সে হিসেবে ৩১ জুলাই ঈদুল আজহা পালিত হবে দেশটিতে। সোমবার সন্ধ্যায় সৌদি আরবের সুপ্রিম কোর্ট চাঁদ না দেখতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে এ ঘোষণা দেন।

চাঁদ দেখা সাপেক্ষেই মুসলিম বিশ্বে বাৎসরিক ও মাসের হিসাব করা হয়। মুসলিমদের সবচেয়ে বড় দুই ধর্মীয় উৎসবও তাই চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

এদিকে চলতি বছরে করোনাভাইরাস মহামারির কারণে সীমিতাকারে হজ অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তবে করোনার সংক্রমণ কম রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে প্রত্যেক হাজির জন্য সাধারণ সময়ের তুলনায় চারগুণ স্থান বরাদ্দ করা হয়েছে।

অন্যদিকে সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে, আজ সোমবার থেকে আগামী ২ আগস্ট পর্যন্ত বিনা অনুমতিতে কেউ মক্কা ও হজের কার্যক্রম হয় এমন এলাকায় প্রবেশ করতে পারবে না। এছাড়া হজের জন্য অন্যান্য যেসব নির্দেশনা দেয়া হয়েছে, তা কেউ অমান্য করলে ১৫ দিনের কারাবাস ও ১০ হাজার রিয়াল জরিমানা দিতে হবে।

শুধু রাষ্ট্রীয় অনুষ্ঠানে পদমর্যাদাক্রম প্রয়োগ হবে

0

শুধু রাষ্ট্রীয় অনুষ্ঠানের ক্ষেত্রে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম) প্রয়োগ হবে। এজন্য ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (২০০৩ সালের ডিসেম্বর পর্যন্ত পরিমার্জিত)’-এ আনা হয়েছে পরিবর্তন।

সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, এটি অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমের নোটের ১ নম্বরটি পরিবর্তন করে সেখানে নতুন নোট প্রতিস্থাপন করা হয়েছে। আগে ১ নম্বর নোটে ছিল- এই পদমর্যাদাক্রম রাষ্ট্রীয় ও অনুষ্ঠানাদির, পাশাপাশি সরকারের অন্যান্য সব ক্ষেত্রেও প্রতিপালিত হবে।

সেখানে ‘এই রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম রাষ্ট্রীয় ও অনুষ্ঠানের ক্ষেত্রে প্রয়োগ হবে’ প্রতিস্থাপিত হবে। এ আদেশের কারণে এখন থেকে রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম অন্য কোনো ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না।

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স হলো একটি প্রটোকল তালিকা বা রাষ্ট্রের নির্বাহী, আইন ও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পদগুলোর ক্রমবিন্যাস। এতে ২৫টি ধাপ রয়েছে, ধাপগুলোতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবস্থান নির্ধারণ করে দেয়া আছে।

নন-এমপিও কারিগরি-মাদরাসার শিক্ষক-কর্মচারীরাও পাচ্ছেন আর্থিক অনুদান

0

দেশের নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের ৫১ হাজার ২৬৬ জন শিক্ষক ও ১০ হাজার ২০৪ জন কর্মচারীকে আর্থিক অনুদান দেওয়া হবে। শিক্ষকরা জনপ্রতি পাবেন পাঁচ হাজার টাকা আর কর্মচারীরা পাবেন আড়াই হাজার টাকা।

করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকায় নন-এমপিও প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীগণ আর্থিক সংকটে পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের আর্থিক সংকটের কথা চিন্তা করে কারিগরি, মাদরাসা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসাসমূহের নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এককালীন আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

নন-এমপিও কারিগরি, মাদরাসা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের ৫১ হাজার ২৬৬ জন শিক্ষক জনপ্রতি পাঁচ হাজার টাকা হারে এবং ১০ হাজার ২০৪ জন কর্মচারী জনপ্রতি আড়াই হাজার টাকা হারে সর্বোমোট ২৮ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক অনুদান পাবেন।

এর আগে প্রধানমন্ত্রী ১৩ হাজার ৯২৯টি কওমি মাদ্রাসার এতিম ও দুঃস্থদের জন্য ১৬ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন নন-এমপিও ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষক এবং ২৫ হাজার ৩৮ জন কর্মচারীর অনুকূলে ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন।

হকার, রিক্শা ও ভ্যানচালকসহ সকল পথচারীকে মাস্ক পরতে হবে

0

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে হকার, রিক্শা ও ভ্যানচালকসহ সকল পথচারীর মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। একই সঙ্গে সকল অফিস, মসজিদ, গণপরিবহন, গার্মেন্টস, হোটেল, শপিংমল ও বাজারে আগতদেরও আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে।

আজ মঙ্গলবার এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। এতে সংশ্লিষ্ট অফিস কর্তৃপক্ষকে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

পরিপত্রে যা বলা হয়েছে

১। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট অফিসে আগত সেবা গ্রহীতাগণ বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করবেন। সংশ্লিষ্ট অফিস কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করবেন।

২। সরকারি ও বেসরকারি হাসপাতালসহ সকল স্বাস্থ্য সেবা কেন্দ্রে আগত সেবা গ্রহীতাগণ আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করবেন। সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করবেন।

৩। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও গীর্জাসহ সকল ধর্মীয় উপাসনালয়ে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট পরিচালনা কমিটি বিষয়টি নিশ্চিত করবেন।

৪। শপিংমল, বিপণীবিতান ও দোকানের ক্রেতা-বিক্রেতাগণ আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করবেন। স্থানীয় কর্তৃপক্ষ ও মার্কেট ব্যবস্থাপনা কমিটি বিষয়টি নিশ্চিত করবেন।

৫। হাট-বাজারে ক্রেতা-বিক্রেতাগণ মাস্ক ব্যবহার করবেন। মাস্ক পরিধান ব্যতীত ক্রেতা-বিক্রেতাগণ কোন পণ্য ক্রয়-বিক্রয় করবে না। স্থানীয় প্রশাসন ও হাট-বাজার কমিটি বিষয়টি নিশ্চিত করবেন।

৬। গণপরিবহনের (সড়ক, নৌ, রেল ও আকাশপথ) চালক, চালকের সহকারী, ও যাত্রীদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। গণপরিবহনে আরোহনের পূর্বে যাত্রীদের মাস্ক ব্যবহার করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মালিক সমিতি বিষয়টি নিশ্চিত করবেন।

৭। গার্মেন্টস ফ্যাক্টরিসহ সকল শিল্প কারখানায় কর্মরত শ্রমিকদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃকপক্ষ ও মালিকগণ বিষয়টি নিশ্চিত করবেন।

৮। হকার, রিক্শা ও ভ্যানচালকসহ সকল পথচারীর মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করবেন।

৯। হোটেল ও রেস্টুরেন্টে কর্মরত ব্যক্তি এবং জনসমাবেশ চলাকালীন আবশ্যিকভাবে মাস্ক পরিধান করবেন। বিষয়টি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মালিক সমিতি নিশ্চিত করতে হবে।

১০। সকল প্রকার সামাজিক অনুষ্ঠানে আগত ব্যক্তিদের মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান নিশ্চিত করবেন।

১১। বাড়িতে করোনা উপসর্গসহ কোন রোগী থাকলে পরিবারের সুস্থ সদস্যগণ মাস্ক ব্যবহার করবেন।

১২। এ পরিপত্র বাংলাদেশে বসবাসরত সকলের জন্য প্রযোজ্য।

সাহেদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের

0

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমসহ চারজনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এনআরবি ব্যাংক থেকে ১ কোটি ৫১ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

আজ মঙ্গলবার দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিগগিরই দুদকের সহকারী পরিচালক মো. সিরাজুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করবেন।

সাহেদ বাদে অন্য আসামিরা হলেন- রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইব্রাহিম খলিল, এনআরবি ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার (এসই ব্যাংকিং) সোহানুর রহমান এবং এনআরবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (এসই ব্যাংকিং) ওয়াহিদ বিন আহমেদ।

অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে এনআরবি ব্যাংক থেকে ২০১৪ সালের ৯ নভেম্বর থেকে ২০১৮ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত সুদসহ ১ কোটি ৫১ লাখ ৮১ হাজার ৩৬৫ টাকা আত্মসাৎ করেন।

পোশাক শিল্পের নতুন বাজার অনুসন্ধানের নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর

0

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন করোনা মহামারিতে সৃষ্ট বিশ্বপরিস্থিতিতে রপ্তানি আয়ের ধারা অব্যাহত রাখতে তৈরি পোশাক শিল্পের বর্তমান বাজার সংরক্ষণ করে আরও নতুন বাজার অনুসন্ধানের জন্য ইউরোপে বাংলাদেশের রাষ্ট্রদূতদের প্রতি আহবান জানিয়েছেন।

ইউরোপে বাংলাদেশের রাষ্ট্রদূতদের সাথে এক ভার্চুয়াল সভায় পররাষ্ট্রমন্ত্রী সোমবার এ আহবান জানান।

এসময় ড. মোমেন নতুন নতুন শ্রম বাজার খোঁজার জন্য রাষ্ট্রদূতদের প্রতি অনুরোধ করেন। তিনি করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রনোদনা প্যাকেজসহ বিভিন্ন পদক্ষেপ স্বস্ব দেশের সরকার ও প্রবাসীদের অবহিত করার জন্য বাংলাদেশের রাষ্ট্রদূতদের প্রতি নির্দেশনা প্রদান করেন।

সভায় বহিঃবিশ্বে বাংলাদেশের বিপক্ষে নেতিবাচক প্রচারণার বিষয়েও রাষ্ট্রদূতদের সতর্ক থাকার অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সরকার করোনা আক্রান্তদের চিকিৎসা প্রদানের পাশাপাশি দেশের অর্থনীতি ও উন্নয়নের চাকা সচল রাখতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, দেশের অর্থনীতিতে সাময়িকভাবে যে চাপের সৃষ্টি হয়েছে তা মোকাবিলায় ১২.১১ বিলিয়ন মার্কিন ডলারের প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্রায় ৫ কোটি মানুষের হাতে নগদ সহায়তা তুলে দেওয়া হয়েছে।

ড. মোমেন বলেন, দেশের তৈরি পোশাক কারখানাগুলো বিশ্বস্বাস্থ্য সংস্থা ও আইএলও’র নির্দেশনা মেনে উৎপাদন অব্যাহত রেখেছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে প্রায় ৬৫ লাখ পিস পিপিই রপ্তানি করা হয়েছে। দেশের ঔষধ শিল্পের অভাবনীয় উন্নতির ফলে করোনা চিকিৎসায় বিভিন্ন ঔষধ উৎপাদন ও রপ্তানি অব্যাহত রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম এবং পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সভায় অংশগ্রহণ করেন। এছাড়া বিজিএমই’র সভাপতি ড. রুবানা হক সংযুক্ত ছিলেন।

ড. রুবানা হক তৈরি পোশাক শিল্পের বিভিন্ন সমস্যার বিষয়ে রাষ্ট্রদূতদের অবহিত করেন এবং তাদের সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রদূতগণ সব ধরনের সহযোগিতা প্রদানের বিষয়ে বিজিএমই’র সভাপতিকে আশ্বস্ত করেন।

এ ভার্চুয়াল সভায় যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, সুইডেন, বেলজিয়াম, গ্রিস, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ডস, জার্মান, সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ায় নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূতগণ অংশগ্রহণ করেন।

সাহাবউদ্দিন মেডিক্যালের এমডি ফয়সালসহ তিনজন পাঁচ দিনের রিমান্ডে

0

অনুমোদন ছাড়া করোনা পরীক্ষা ও ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সাল আল ইসলাম, সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শাহজির কবির সাদিকে পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালত এই আদেশ দেন।

এর আগে তাদেরকে পুলিশ আদালতে হাজির করে। পরে মামলার মূল রহস্য উদঘাটনের জন্য তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিন করে এই রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে গত রবিবার সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালায় র‍্যাব। অভিযানে নানা অনিয়ম পাওয়া গেলে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আবুল হাসনাত ও হাসপাতালটির ইনভেন্টরি কর্মকর্তা শাহরিজ কবির সাদিকে গ্রেপ্তার করা হয়। পরে গত সোমবার রাতে বনানীর একটি হোটেল থেকে এমডি ফয়সালকে গ্রেপ্তার করে র‍্যাব।

এ ঘটনায় গত সোমবার রাজধানীর গুলশান থানায় র‍্যাব বাদী হয়ে এই মামলাটি করেন। জালিয়াতির এই মামলায় সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সাল আল ইসলাম (৩৪), সহকারী পরিচালক ডা. মো. আবুল হাসনাত (৫২) এবং ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির সাদির (৩৩) নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।