Home Blog Page 2802

করোনা নিয়ে প্রতারণা : সাহাবউদ্দিনের তিনজনের বিরুদ্ধে মামলা

0

করোনা নিয়ে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে রাজধানীর সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনার সঙ্গে জড়িত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার রাতে রাজধানীর গুলশান থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন র‌্যাব।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস) মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় হাসপাতালের আটক দুজন ও পলাতক একজনসহ অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।

জানা যায়, মামলায় সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে ম্যানেজিং ডিরেক্টর ফয়সাল আল ইসলাম (৩৪), সহকারী পরিচালক ডা. মো. আবুল হাসনাত (৫২) এবং ইনভেন্টরি কর্মকর্তা শাহরিজ কবির সাদির (৩৩) নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাত আরো ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।

অনুমোদিত হাসপাতাল ছাড়া করোনা টেস্ট না করার পরামর্শ

0

সরকারি হাসপাতাল ও সরকারের অনুমোদিত বেসরকারি হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার ছাড়া কভিড-১৯ টেস্ট বা চিকিৎসা না নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের মেডিক্যাল অফিসার ও কভিড-১৯ সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা, গণযোগাযোগ ও কমিউনিটি মবিলাইজেশন কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. মোস্তফা মঈন উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত অনেক বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার সরকারের অনুমোদন, উপযুক্ত কিটস, যন্ত্রপাতি এবং দক্ষ জনবল ছাড়াই কভিড-১৯ শনাক্তকরণ ও চিকিৎসায প্রতারণা করছে বলে শোনা যাচ্ছে।

মানুষ এসব বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসার নামে প্রতারিত হচ্ছে এবং জীবনকে হুমকি মুখে ফেলছে। এমতাবস্থয় জনসাধারণকে কেবলমাত্র সরকারি হাসপাতাল ও সরকার অনুমোদিত বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার থেকে কভিড-১৯ পরীক্ষা ও চিকিৎসা গ্রহণের জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ প্রতারণা করছে জানতে পারলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

একাদশে ভর্তি : প্রথম পর্যায়ে আবেদন ৯ থেকে ২০ আগস্ট

0

আগামী ৯ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ শুরু হবে। প্রথম পর্যায়ে ২০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।

http://www.xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীদের আবেদন করতে হবে। আগের বছরের মতো এবার এসএমএসের মাধ্যমে আবেদনের সুযোগ নেই।

অনলাইনে আবেদনে একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ করতে পারবে। তবে এবারও আগের বছরের মতোই আবেদন ফি ১৫০ টাকাই থাকছে। পরিশোধ করা যাবে নগদ, সোনালী সেবা, টেলিটক, বিকাশ, সিওর ক্যাশ ও রকেটের মাধ্যমে।

আজ সোমবার একাদশ শ্রেণিতে ভর্তি বিষয়ক বিস্তারিত তথ্য প্রকাশ করে শিক্ষা বোর্ডগুলো।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানায়, ৯ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হলেও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে অনলাইন সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ২৫ আগস্ট রাত ৮টায়। শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন করতে হবে ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় পর্যায় ও প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ ৪ সেপ্টেম্বর রাত ৮টায়। এই পর্যায়ের নিশ্চায়ন করা যাবে ৫ ও ৬ সেপ্টেম্বর।

তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে ৭ ও ৮ সেপ্টেম্বর। এই পর্যায়ের ফল ও দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর রাত ৮টায়। এই পর্যায়ের নিশ্চায়ন ১১ ও ১২ সেপ্টেম্বর। কলেজ ভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ ১৩ সেপ্টেম্বর রাত ৮.টায়। আর কলেজে ভর্তি হতে হবে ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে।

নতুন এমপিওভুক্ত হলেন ১১৭০ শিক্ষক-কর্মচারী

0

স্কুল-কলেজের আরো ১ হাজার ১৭০ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর। এরমধ্যে স্কুলের ৭৭১ জন এবং কলেজের ৩৯৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

আজ সোমবার এমপিও কমিটির ভার্চুয়াল সভায় এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মাউশি অধিদপ্তর সূত্র জানায়, ৭৭১ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ২৬ জন, চট্টগ্রামের ১১৫ জন, কুমিল্লার ২৬ জন, ঢাকার ১৩৫ জন, খুলনার ৯৫ জন, ময়মনসিংহের ১৩৫ জন, রাজশাহীর ৬৩ জন, রংপুরের ১১৮ জন, সিলেট অঞ্চলের ২১ জন এবং হাতে হাতে আবেদন করা ১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

কলেজের ৩৯৯ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ১৭ জন, চট্টগ্রামের ১৫ জন, কুমিল্লার ৯ জন, ঢাকার ১০ জন, খুলনার ৬৯ জন, ময়মনসিংহের ১৮ জন, রাজশাহীর ৬৯ জন, রংপুরের ৮২ জন, সিলেট অঞ্চলের ৩ জন এবং হাতে হাতে আবেদন করা ১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

আওয়ামী লীগের বিশেষ ওয়েবিনার কাল

0

আগামীকাল মঙ্গলবার রাত সাড়ে আটটায় করোনাকালীন সংকট নিয়ে বিশেষ ওয়েবিনার ‘বিয়ন্ড দ্যা প্যানডেমিক’ এর দ্বাদশ পর্ব অনুষ্ঠিত হবে।

বরাবরের মতোই পর্বটি সরাসরি প্রচারিত হবে বাংলাদেশ আওয়ামী লীগ-এর অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/awamileague.1949 এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে https://www.youtube. com/user/myalbd.

একই সঙ্গে দেখা যাবে বিজয় টিভির পর্দায় এবং সমকাল, ইত্তেফাক, ভোরের কাগজ, বাংলানিউজ, যুগান্তর, জাগো নিউজ ২৪, বার্তা ২৪, সারা বাংলা ও বিডি নিউজের ফেসবুক পেইজে।

এবারের পর্বের আলোচনার বিষয় ‘করোনা সংকটকালে কৃষি ও খাদ্য নিরাপত্তা’। অনুষ্ঠানে দর্শকরা সরাসরি প্রশ্ন করতে পারবেন। এছাড়াও অনুষ্ঠানের আগে আওয়ামী লীগের ফেসবুক পেজের পোস্টেও প্রশ্ন করতে পারবেন। দর্শকদের কাছ থেকে প্রাপ্ত প্রশ্নের ভিত্তিতেই এই অনুষ্ঠান সাজানো হয়।

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের সঞ্চালনায় আলোচক হিসেবে যুক্ত থাকবেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও এমিরেটাস অধ্যাপক ড. এম এ সাত্তার মন্ডল, বাংলাদেশ কৃষি বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুত্ফুল হাসান, বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান এবং বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।

করোনা ভ্যাকসিন বিনামূল্যেই পাবে বাংলাদেশ

0

বিশ্বে করোনা ভ্যাকসিন আবিস্কার হলে সবার আগে তা বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ আব্দুল মান্নান।

তিনি বলেন, যুক্তরাজ্য, চীনসহ অনেক দেশই ভ্যাকসিন আবিস্কারের দ্বারপ্রান্তে রয়েছে।

তথ্য মতে, বিশ্বের যেসব দেশের মাথাপিছু আয় ৪ হাজার ডলারের নীচে সেসব দেশ এই ভ্যাকসিন বিনামূল্যে পাবে। যেহেতু বাংলাদেশের মাথাপিছু আয় ২ হাজার মার্কিন ডলারের কাছাকাছি সুতরাং বাংলাদেশে এই ভ্যাকসিন বিনামূল্যেই পেয়ে যাবে।

আজ সোমবার সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন ভিত্তিক মিটিং প্লাটফর্ম ‘জুম’ এর মাধ্যমে ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি’র এক বিশেষ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনলাইন সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) শেখ মুজিবর রহমানসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভার কার্যক্রম সঞ্চালনের দায়িত্বে ছিলেন জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ।

আব্দুল মান্নান বলেন, ভ্যাকসিন দেশে এলে দেশের অন্তত ৮০ শতাংশ মানুষকে ক্রমান্বয়ে বিতরণের পরিকল্পনা সরকারের রয়েছে। একই সাথে ভ্যাকসিন আনার প্রক্রিয়া ও বিতরণের জন্যও সরকার যথার্থ পদক্ষেপ গ্রহণ করবে।

সরকারের কাছে বর্তমানে প্রায় ৩ লাখ কিট মজুদ রয়েছে জানিযে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব বলেন, এরপরও আরো কিট আমদানি কার্যক্রমও অব্যাহত রয়েছে। প্রতিদিন ১০ হাজার করে পরীক্ষা করতে থাকলে মজুদকৃত কিট দিয়েই আরো অন্তত একমাস চালানো যাবে। এরমধ্যে নিশ্চয়ই আরো কিছু কিট আমরা আমদানি করতে সক্ষম হবো। সুতরাং দেশে করোনা পরীক্ষায় কোনো সংকট নেই। নিশ্চয়ই করোনা পরীক্ষা বৃদ্ধিতে আরো উদ্যোগ নেয়া হবে।

বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, দেশে বর্তমানে করোনা টেস্টের পরিমান কমে গেছে। করোনা মোকাবেলা করতে পরীক্ষা সংখ্যা আরো বৃদ্ধি করতে হবে।

করোনায় আরও ৫০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯২৮

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৬৬৮ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৯২৮ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৭ হাজার ৪৫৩ জন।
আজ সোমবার (২০ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৩২৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৩৬২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৪১ হাজার ৬৬১টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৯২৮ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ সাত হাজার ৪৫৩ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৫০ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৬৬৮ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯১৪ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ১৩ হাজার ৫৫৬ জনে।
বরাবরের মতো বুলেটিনে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন এক কোটি সাড়ে ৪৬ লাখের মতো। মৃতের সংখ্যা ছয় লাখ নয় হাজারের বেশি। তবে ৮৭ লাখ লাখ ৩৮ হাজারের মতো রোগী সুস্থ হয়েছেন।

সাবরিনা-সাহেদকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ

0

করোনার নমুনা পরীক্ষা নিয়ে ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম এবং করোনা টেস্ট জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার জেকেজি চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, দু’জনের অপরাধ অভিন্ন বলে তাদের মুখোমুখি করা হয়। তবে জিজ্ঞাসাবাদে তারা একে অপরকে চেনেন না বলে দাবি করেন। যদিও ডিবি বলছে, তারা যে পূর্ব পরিচিত সেই তথ্য ডিবির হাতে রয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) আবদুল বাতেন জানিয়েছেন, গত শনিবার সাবরিনা ও সাহেদকে কিছুক্ষণের জন্য মুখোমুখি করা হয়েছিল। তখন দু’জন দু’জনকে চেনেন না বলে দাবি করেছেন। তবে তদন্ত সংস্থার কাছে তথ্য আছে- তারা পূর্ব পরিচিত।
করোনার ভুয়া সনদ বিক্রির মামলায় পুলিশ গত ২৩ জুন জেকেজির প্রধান নির্বাহী আরিফসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। ১২ জুলাই গ্রেপ্তার করা হয় ডা. সাবরিনাকে। বর্তমানে মামলাটি ডিবির তেজগাঁও বিভাগ তদন্ত করছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের ডিসি গোলাম মোস্তফা রাসেল বলেন, চার দিনের রিমান্ডের মেয়াদ শেষ হওয়ায় রোববার আরিফকে কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযানের পর গা-ঢাকা দেওয়া সাহেদকে গত বুধবার সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে একটি অস্ত্রসহ গ্রেপ্তার করে র‌্যাব। র‌্যাব কর্মকর্তারা জানান, ধরা পড়ার মুহূর্তে সাহেদ নিজেকে একজন গণমান্য ব্যক্তি বলে দাবি করেছিলেন। গ্রেপ্তারের পরদিন মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ সাহেদকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানায়। অন্যদিকে সাহেদের আইনজীবী তার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে সাহেদকে ডিবি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনেরই রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে ডিবি হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

ফ্ল্যাট-হাউজিংয়ে কোরবানির পশু জবাইয়ের নির্দেশনা চেয়ে রিট

0

রাজধানীর বিভিন্ন ফ্ল্যাট মালিক সমিতি ও হাউজিং সোসাইটিতে কোরবানির পশু সংরক্ষণ ও জবাই করার সুযোগ দিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সুনির্দিষ্ট কোনো নীতিমালা করে সেই গাইডলাইনের আলোকে কোরবানির পশু জবাইয়ের ব্যবস্থা করার আর্জি জানানো হয়।
রাজধানীর জাপান গার্ডেন সিটির অধিবাসী মো. আব্দুল্লাহ আল মামুনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ওমর শরীফ রবিবার রিটটি দায়ের করেন। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিবাদী করা হয়েছে।
হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী পক্ষ।
রিটে বলা হয়, পবিত্র ঈদুল আজহা মুসলমানদের একটি দ্বীনি উৎসব এবং পশু কোরবানি একটি ইবাদাত। পবিত্র ঈদুল আজহায় সাধ্যমতো পশু কোরবানি করা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের একটি ওয়াজিব (বাধ্যতামূলক) আমল। জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতিসহ দেশের সব হাউজিং সোসাইটি, ফ্ল্যাট মালিক সমিতি বাংলাদেশে প্রচলিত আইনের অধীনে নিবন্ধিত সোসাইটি। নিবন্ধনের শর্ত অনুযায়ী এ ধরনের সমিতি অবশ্যই বাংলাদেশে প্রচলিত আইন মেনে চলতে বাধ্য। কোনো হাউজিং সোসাইটি বা ফ্ল্যাট মালিক সমিতি যদি অনিবন্ধিতও হয়, সে ক্ষেত্রেও তারা বাংলাদেশে প্রচলিত আইন মেনে চলতে বাধ্য।
রিটে আরও বলা হয়, তথাকথিত করোনাভাইরাস সংক্রমণের সঙ্গে পশু কোরবানি করা কিংবা কোরবানির পশুর কোনও সম্পর্ক নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কিংবা ঢাকার দুই সিটি করপোরেশন আসন্ন ঈদুল আজহায় পশু কোরবানি করা কিংবা হাউজিং কমপ্লেক্সে পশু প্রবেশ করানোর ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা জারি করেনি। এমন অবস্থায় জাপান গার্ডেন সিটি মালিক ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটি কিংবা একই ধরনের অন্যান্য হাউজিং সোসাইটি বা ফ্ল্যাট মালিক সমিতির কোনও আইনগত এখতিয়ারই নেই যে, তারা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের অভ্যন্তরে কোরবানির পশু প্রবেশে নিষেধাজ্ঞা জারি করবে।
রিট পিটিশনে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৪১ অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যেক নাগরিকের নিজ নিজ দ্বীন পালনের অধিকার রয়েছে। পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানি করা বাংলাদেশের প্রত্যেক মুসলমানের সাংবিধানিক অধিকার। অথচ জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটি কিংবা একই ধরনের অন্যান্য হাউজিং সোসাইটি বা ফ্ল্যাট মালিক সমিতিগুলো এসব হাউজিং কমপ্লেক্সে বসবাসরত মুসলিমদের তাদের সাংবিধানিক অধিকার পালনে বাধা সৃষ্টি করেছেন। বিভিন্ন হাউজিং সোসাইটিতে সংঘটিত এই ধরনের কার্যক্রম বন্ধ করা এবং মুসলমানদের সুষ্ঠুভাবে পশু কোরবানির ব্যবস্থা করা আপনার (আদালত) এখতিয়ার ও দায়িত্ব বটে।

ফাহিম সালেহকে নিউইয়র্কে দাফন

0

অ্যাপভিত্তিক রাইড পাঠাও’র সহ-প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিম সালেহকে নিউইয়র্কে দাফন করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার জানাজা শেষে নিউইয়র্ক শহরের উপকণ্ঠে অরেঞ্জ কাউন্টির প্রাচীন কবরস্থান পোকেসপি রূরাল সেমেট্রিতে তাকে দাফন করা হয়।
জানাজা নামাজে ইামামতি করেন ওয়াপিংগার ফলসের আল নূর মসজিদের ইমাম ওসমানী।
জানাজায় অংশ নেয়া একজন বলেন, কঠোর নিরাপত্তার মধ্যে ফাহিম সালেহর জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে। এ সময় সেখানে পুলিশের উপস্থিতি ছিল।
পরিবারের সদস্য এবং কিছু আমন্ত্রিত প্রতিবেশী যোগ দিয়েছিলেন জানাজায়। সব মিলিয়ে ৮০-৯০ জন যোগ দেন ফাহিমের শেষ বিদায়ে। ভাইয়ের জানাজায় অংশ নিতে ফাহিমের বড় বোন তার স্বামীকে নিয়ে মধ্যপ্রাচ্য থেকে ছুটে আসেন।
জানাজায় সংবাদমাধ্যমের উপস্থিতি আগে থেকেই নিষেধ করা হয়েছিল। তবে একটি টেলিভিশনের বাংলাদেশি বংশোদ্ভূত এক নারী সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন পারিবারিক বন্ধু হিসেবে।