Home Blog Page 2803

২১ জুলাই থেকে ইউএস-বাংলার ঢাকা-রাজশাহী ফ্লাইট শুরু

0

দীর্ঘ প্রায় চার মাস পর ২১ জুলাই থেকে ঢাকা-রাজশাহী রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
প্রতিদিন সকাল ১০টা ও দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে এবং ১০টা ৫০ মিনিট ও ৩টা ২০ মিনিটে পর্যায়ক্রমে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করবে।
পুনরায় বেলা ১১টা ২০ মিনিট ও ৩টা ৫০ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পর্যায়ক্রমে দুপুর ১২টা ৫ মিনিট ও বিকাল ৪টা ৩৫ মিনিটে অবতরণ করবে।
রাজশাহী রুটে ফ্লাইট পুনরায় শুরু হওয়ায় বৃহত্তর রাজশাহী জেলার নাগরিকদের জন্য সহজে আকাশপথে রাজধানীসহ সারা দেশের সাথে যোগাযোগ স্থাপন সহজতর হবে।
সব প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ের জন্য নূন্যতম ২৫০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহার করে টিকেট করলে গ্রাহকরা ভাড়ার ওপর ১২ শতাংশ মূল্যছাড়ের সুবিধা ভোগ করতে পারবেন। এছাড়া ইউএস-বাংলার স্কাইস্টার গ্রাহকরা ১২ শতাংশ মূল্যছাড়ে এয়ারলাইন্সের নিজস্ব সেলস অফিস থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন।
৭২ আসনের ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে ৬টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০সহ মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে।
বর্তমানে কোভিড-১৯ মহামারিকালে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুট রাজশাহী ছাড়াও ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর ও বরিশাল রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।

ডা. সাবরিনাকে কারাগারে পাঠানোর নির্দেশ, জামিন নামঞ্জুর

0

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট দেয়ার অভিযোগে গ্রেপ্তার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

আজ সোমবার সকালে রিমান্ড শেষে ঢাকা মহানগর হাকিম আদালতে সাবরিনাকে পাঠানো হয়। শুনানি শেষে আটকাদেশ মঞ্জুর করেন আদালত।

এর আগে সাবরিনা চৌধুরীকে রিমান্ড শেষে আজ আদালতে পাঠানো হয়। তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অন্যদিকে ডা. সাবরিনার আইনজীবী তার জামিন আবেদন করেন।

শুক্রবার তেজগাঁও থানার প্রতারণা মামলায় দ্বিতীয় দফায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান তার দুই দিনের রিমান্ড মঞ্জুর) করেন। এরপর ১৩ জুলাই সাবরিনাকে আদালতে হাজির করে চারদিনের রিমান্ডে চেয়েছিল পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুদকে রিজেন্টের নথিপত্র জমা দিল স্বাস্থ্য অধিদপ্তর

0

করোনাভাইরাস নিয়ে চিকিৎসায় কেলেঙ্কারির অভিযোগে রিজেন্ট হাসপাতালের সঙ্গে সরকারের চুক্তিনামাসহ অন্যান্য নথিপত্র তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর৷

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা দিদারুল ইসলাম দুদকের উপপরিচালক ও রিজেন্ট দুর্নীতির অনুসন্ধান কর্মকর্তা আবু বকর সিদ্দিকীর কাছে নথিপত্র জমা দেন৷

এর আগে গত ১৩ জুলাই রিজেন্ট হাসপাতাল ও এর চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের অবৈধ সম্পদের অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয় দুদক। এজন্য তিন সদস্যের একটি দলও গঠন করা হয়৷

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

0

রাজধানীর খিলগাঁওয়ে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি রাজীব ওরফে কসাই রাজীব (৩২) বলে জানিয়েছে ডিবি।

রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধের পর খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মানিক গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির মরদেহ ঢামেক হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা আছে।

কেন্দ্রীয় ঔষধাগারের উপ-পরিচালক ও সিনিয়র স্টোর কিপারকে জিজ্ঞাসাবাদ দুদকের

0

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে করোনাভাইরাস থেকে সুরক্ষায় এন৯৫ মাস্ক ও পিপিইসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী কেনায় দুর্নীতির অভিযোগ সম্পর্কে কেন্দ্রীয় ঔষধাগারের উপ-পরিচালক ও পিঅ্যান্ডসি ডা. মো. জাকির হোসেন এবং সিনিয়র স্টোর কিপার মো. ইউসুফ ফকিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আজ সোমবার সকালে তারা রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এলে জিজ্ঞাসাবাদ শুরু হয়৷

দুদক পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

উপ-পরিচালক ও সিনিয়র স্টোর কিপার ছাড়াও আজ সোমবার জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক মেডিকেল অফিসার (চিফ কো-অর্ডিনেটর) ডা. জিয়াউল হককে৷ তিনি এখনো দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হননি৷

গত ১২ জুলাই দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর স্বাক্ষরে এক তলবি নোটিশের মাধ্যমে এসব কর্মকর্তাকে তলব করা হয়।

আজ থেকে বিদেশগামীদের করোনা পরীক্ষা

0

সরকার নির্ধারিত ১৬টি কেন্দ্রের পাশাপাশি আজ থেকে বিদেশগামীদের করোনার নমুনা পরীক্ষার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ঢাকা মহানগরীর ভেতরে বসবাসকারীদের মধ্যে নমুনা দিতে আগ্রহীদের মহাখালী ডিএনসিসি (ঢাকা উত্তর সিটি করপোরেশন) মার্কেটে অস্থায়ী কভিড-১৯ আইসোলেশন কেন্দ্রে নমুনা সংগ্রহ করা হবে।

আজ সোমবার (২০ জুলাই) থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে।

গতকাল রবিবার (১৯ জুলাই) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের এ সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা, গণসংযোগ ও কমিউনিটি মবিলাইজেশন কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. মোস্তফা মঈন উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ঢাকার বাইরে ১৩ জেলায় সংশ্লিষ্ট সিভিল সার্জনের তত্ত্বাবধানে সোমবার থেকেই নমুনা সংগ্রহ করা হবে। স্থান ও সময়সূচি সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিস থেকে জানা যাবে।

এতে আরো বলা হয়, যেসব জেলায় নমুনা সংগ্রহ করা হবে সেগুলো হলো বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নারায়ণগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর ও সিলেট।

বিদেশগামীদের করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করেছে সরকার। নির্দিষ্ট কেন্দ্র থেকে করোনা নেগেটিভ সনদ নিয়েই কেবল বিদেশে যাওয়া যাবে।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রার ৭২ ঘণ্টা আগে নমুনা দিতে হবে। নমুনা দেওয়ার সময় পাসপোর্ট ও টিকেটের ফটোকপি জমা দিতে হবে। একইসঙ্গে মূল পাসপোর্ট ও টিকেট প্রদর্শন করতে হবে।

নমুনা সংগ্রহ কেন্দ্রে এসে নমুনা পরীক্ষার ফি হিসেবে প্রত্যেক যাত্রীকে সরকার নির্ধারিত ৩ হাজার ৫০০ টাকা জমা দিতে হবে। সংগৃহীত নমুনা সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে এবং যাত্রার ২৪ ঘণ্টা আগে রিপোর্ট দেওয়া হবে।

যেভাবে আজ মাঠে প্রবেশ করতে হলো মুশফিকদের

0

করোনাভাইরাসের কারণে চার মাস স্থগিত থাকার পর আজ থেকে বাংলাদেশের ক্রিকেট কার্যক্রম শুরু হলো। করোনার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৈরি করা নতুনত্বের মধ্যে অনেক নতুন কিছুই খুঁজে পেয়েছে খেলোয়াড়রা। মোট নয়জন খেলোয়াড় আজ দেশের চারটি ভেন্যুতে ব্যক্তিগত অনুশীলন করেন। প্রথম দিন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঘাম ঝড়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম, মিডল-অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন ও পেসার শফিউল ইসলাম।

এর আগে খেলোয়াড়দের জন্য অনুশীলন সূচি পাঠিয়েছিলে বিসিবি এবং খেলোয়াড়দের এটি মেনে চলতে বলা হয়েছে। মিরপুরের দুই নম্বর গেট দিয়ে মাঠে প্রবেশ করেন খেলোয়াড়রা। স্টেডিয়ামে গিয়ে মোহাম্মদ মিথুন দেখতে পান গেটটি বন্ধ। সেখান থাকা নিরপত্তাকর্মী তাকে পাঁচ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে বলেন। যেখানে তার শরীরের তাপমাত্রা পরীক্ষা করা এবং তার হাতে স্যানিটাইজ করা হয়। শুধুমাত্র মিথুন নয়, মুশফিকুর ও শফিউলকেও এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে।

সকাল ১১টায় স্টেডিয়ামে প্রবেশ করেন শফিউল। আপতত তাকে বোলিং করার অনুমতি দেয়নি বিসিবি। তারা যে গাড়িগুলো নিয়ে এসেছিল, সেগুলোও ভালোভাবে স্যানিটাইজ করা হয়। মিরপুরে মুশফিক অ্যান্ড কোংকে যে প্রক্রিয়ায় মাঠে প্রবেশ করতে হয়েছিল, অন্য ভেন্যুতেও অন্য সব খেলোয়াড়দের সেভাবে প্রবেশ করতে হয়েছে। খেলোয়াড়দের সাথে স্টেডিয়ামে কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। এমনকি, খেলোয়াড়দের অনুশীলন কভার করতে এসে অন্য জায়গায় অবস্থান করেছেন সাংবাদিকরা।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ, মেহেদি হাসান ও উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেন পেসার সৈয়দ খালেদ আহমেদ ও স্পিনার নাসুম আহমেদ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সূচি ছিল অফ-স্পিনার নাইম হাসানের। কিন্তু বৃষ্টির কারণে অনুশীলনে নামতে পারেননি নাসুম।

মিরপুরে তিন খেলোয়াড়ের অনুশীলন দেখভাল করেছেন বিসিবির প্রশিক্ষক তুষার কান্তি হাওলাদার। ব্যাটিং অনুশীলনের জন্য বোলিং মেশিনে বল দেয়ার জন্য সেখানে অল্প সংখ্যক মানুষ ছিল এবং সকলেই সামাজিক দূরত্ব বজায় রাখেন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি বলেন, ‘আমরা সকল স্বাস্থ্য বিধি মেনে চলার চেষ্টা করছি এবং খেলোয়াড়দের সুরক্ষার জন্য সামাজিক দূরত্ব মানা হয়েছে। খেলোয়াড়সহ অন্যান্যরাও নিয়মগুলো অনুসরণ করেছেন। আশা করছি, আমরা এই পরিকল্পনা অব্যাহত রাখব। কারণ খেলোয়াড়দের সুরক্ষা ও স্বাস্থ্য বিধি নিয়ন্ত্রন করাই আমাদের প্রথম লক্ষ্য।’

‘করোনা পরবর্তী ক্রিকেটে মানিয়ে নিতে সময় লাগবে’

0

চার মাস পর মাঠে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ফিটনেস ঠিক রাখতে জাতীয় দলের ৯ জন ক্রিকেটার আজ থেকে দেশের চারটি ভেন্যুতে অনুশীলন শুরু করেন। করোনার কারণে মিরপুরসহ অন্য তিনটি ভেন্যুকে ‘জৈব সুরক্ষিত’ করা হয়েছে। তাই মিরপুরের পরিবেশ নতুনই লাগছে মোহাম্মদ মিঠুনের। আর দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় অনুশীলন শুরুর পর মানিয়ে নিতে সমস্যা হচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে স্টেডিয়াম খুলতে রাজি ছিল না বিসিবি। কিন্তু ক্রিকেটারদের আগ্রহেই শেষ পর্যন্ত এই ব্যবস্থা। স্টেডিয়ামের ভেতর সকল স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখেন ক্রিকেটাররা। অন্যদের মতো মিঠুনও ব্যক্তিগত অনুশীলন করেন। যা তার কাছে একেবারেই নতুন বিষয়। গত চার মাসে এই প্রথম আউটডোরে অনুশীলন করার সুযোগ পাওয়াকে বড় ব্যাপার বলে মনে করেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

বিসিবির পাঠানো ভিডিও ম্যাসেজে তিনি বলেন, ‘চার মাস পর আকাশের নীচে অনুশীলন করার সুযোগ পেলাম। বিসিবির দেওয়া গাইডলাইনে আমরা বাসায় অনুশীলন করেছি। তবে বাড়িতে ও আকাশের নীচে অনুশীলনের মধ্যে ব্যাপক তফাত রয়েছে। দীর্ঘদিন পর ব্যাটিং ও দৌড়াতে কঠিন লাগছে।’

মাঠে ফিরতে পেরে খুশি মিঠুন। তবে সবকিছুর সাথে মানিয়ে নিতে তার আরও সময় প্রয়োজন। মিঠুন বলেন, ‘দীর্ঘদিন পর দৌড়ানো আর ইনডোরে ব্যাটিং করাটা ভালো ছিল। তবে সবকিছুর সাথে মানিয়ে নিতে সময় লাগবে। তবে আশা করছি, মানিয়ে নিতে বেশি সময় লাগবে না।’

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বেলজিয়াম

0

আগামী অক্টোবরে বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা বেলজিয়ামের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নিবে নিউজিল্যান্ড ফুটবল দল। এই ম্যাচকে সামনে রেখে নিউজিল্যান্ডের কোচ ড্যানি হে বলেছেন, তার দল বিশ্বের সেরা কিছু খেলোয়াড়ের বিপক্ষে কঠিন এক পরীক্ষায় অবতীর্ণ হতে যাচ্ছে। আগামী ৮ অক্টোবর ব্রাসেলসে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। যদিও ম্যাচটি এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে ।

করোনা পরবর্তী সময়ে ফুটবল লিগগুলো সম্প্রতি চালু হলেও গত মার্চের পর থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল বন্ধ রয়েছে। উয়েফা নেশন্স লিগের মাধ্যমে সেপ্টেম্বর থেকে আবারো তা মাঠে গড়াবে। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচটির আগে বেলজিয়াম ১১ অক্টোবর ইংল্যান্ড ও ১৪ অক্টোবর আইসল্যন্ডের বিপক্ষে প্রীতি অ্যাওয়ে ম্যাচে অংশ নিবে।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১২২ নম্বরে থাকা ওশেনিয়া কনফেডারেশনের আওতাধীন নিউজিল্যান্ড দেশের থেকে এত দুরে কোনো প্রীতি ম্যাচে খেলার সুযোগ খুব কমই পায়। ২০১৮ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করা দলটির বিপক্ষে খেলতে তাই মুখিয়ে আছে কিউইরা। অল হোয়াটইস কোচ হে বলেছেন, ‘বিশ্বের এক নম্বর দলটির বিপক্ষে খেলা সত্যিই বিশেষ কিছু। এটা আমাদের সকলের জন্য সত্যিকারের একটি পরীক্ষা।’

৫ লাখ টাকার চেক প্রতারণার অভিযোগ, অপু বিশ্বাসের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

0

চেক জালিয়াতির অভিযোগে বাদশাহ বুলবুলের আইনজীবী চিত্রনায়িকা অপু বিশ্বাসকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

এবি ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী বাদশাহ বুলবুলের আইনজীবী অপু বিশ্বাসকে ৫ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। আজ রবিবার রাজধানীর জজ কোর্টের অ্যাডভোকেট মো. মুনজুর আলমের মাধ্যমে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ওই ব্যবসায়ীর সঙ্গে অপু বিশ্বাসের সুসম্পর্ক ছিল। সেই সুবাধে প্লট ক্রয়ের কিস্তি পরিশোধ, ব্যক্তিগত গাড়ি ও ফ্ল্যাট ক্রয়ের জন্য অপু ওই ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা ঋণ নেন। গত ৭ জুলাই সে ঋণ পরিশোধের অংশ হিসেবে ৫ লাখ টাকার একটি চেক দিলেও অ্যাকাউন্টে প্রয়োজনীয় অর্থ না থাকায় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ সেটি ফেরত দিয়েছে। বিষয়টি অপুকে জানানো হলে তিনি কালক্ষেপণ করতে থাকেন এবং এক পর্যায়ে ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

লিগ্যাল নোটিশে অপুকে ৩০ দিনের মধ্যে সব অর্থ পরিশোধের জন্য বলা হয়েছে। তা না করা হলে অপু বিশ্বাসের বিরুদ্ধে মামলা করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে এসব অভিযোগ প্রত্যাখান করে অপু বিশ্বাস বলেন, ঘটনা আসলে এরকম নয়। শাকিবের (অপুর সাবেক স্বামী চিত্রনায়ক শাকিব খান) সঙ্গে বিচ্ছেদের পর কিছুটা অর্থকষ্টের মুখে পড়েছিলাম। তখন সিদ্ধান্ত নিয়েছিলাম নতুন কিছু করার। তাই বগুড়ায় আমাদের পারিবারিক কিছু সম্পদ বিক্রি করে এ বাদশাহ বুলবুলের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা শুরু করি। কিন্তু কিছুদিনের মধ্যে তার আচার-আচরণে আমার সন্দেহ হয়। এমনকি তিনি অশালীন আচরণও শুরু করেন। তাই সিদ্ধান্ত নিই তার সঙ্গে ব্যবসা গুটিয়ে ফেলব। সেখান থেকেই এ ঝামেলার সূত্রপাত।

অপু বিশ্বাস বলেন, ওই সময় ব্যবসায় আমি ঠিকমতো সময় দিতে পারতাম না। তাই বুলবুল সাহেব আমাকে অনুরোধ করে আমি যেন ২/৩টি চেকবইয়ে স্বাক্ষর করে রাখি ভবিষ্যতে ব্যবসায়িক যে কোনো কাজের জন্য। সে চেকগুলো দিয়ে এ ঘটনাটি সাজানো হয়েছে। এছাড়া এ চেক ইস্যু নিয়ে ওই সময় আমি গুলশান থানায় জিডি করেও রেখেছিলাম।